ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 28

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (২৮)
#সানা_শেখ

ইভান দৌড়ে এসে দরজা খুলে দেখল সিকিউরিটি তোফাজ্জল হোসেন দাঁড়িয়ে আছে। তার হাতে খাবারের পার্সেল।

“এটা করিম আঙ্কেলের পার্সেল?”

“হ্যাঁ।”

ইভান পার্সেলটা নিজের হাতে নিয়ে নিল। এত বড়ো আর এত ভারী কেন? কী এত অর্ডার করেছে?

করিম মিয়া ইভানের হাত থেকে পার্সেল নেওয়ার চেষ্টা করে বললেন,

“ইভান, পার্সেল দাও আমার হাতে।”

“পার্সেল আমি আগে হাতে নিয়েছি তাই এটা এখন আমার।”

ইভান ঘুরে ভেতরের দিকে এগোল। তোফাজ্জল চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই করিম মিয়া বললেন,

“গেট তালা দেওয়া না?”

“হ্যাঁ।”

“ভেতরে এসো, ডিনার করে যাও। ইভান নিজের হাতে রান্না করেছে সকলের জন্য। দারুণ হয়েছে রান্না।”

ইভান রান্না করেছে শুনে তোফাজ্জল বড়ো বড়ো চোখ বানাল। বিস্ময় মাখা কণ্ঠে বলল,

“ইভান স্যার রান্না করেছে?”

“হ্যাঁ। ভেতরে এসো।”

তোফাজ্জল ভেতরে প্রবেশ করল। করিম মিয়া তাকে সোফায় বসতে বলে বললেন,

“ডাইনিংরুমে রোশনাই আছে, ওখানে যাওয়া যাবে না, তুমি সোফায়ই বসো।”

তোফাজ্জল সোফায় বসল। করিম মিয়া ডাইনিংরুমের দিকে এগোলেন। তার ঠোঁটজোড়ায় ফুটে উঠল দুষ্ট হাসি।

ইভান খাবারের পার্সেল খুলে বাটিগুলো টেবিলের ওপর ছড়িয়ে রেখেছে। করিম মিয়া ভেতরে প্রবেশ করতেই তিনজন তার দিকে তাকাল।
করিম মিয়া বললেন,

“আমি জানতাম এই অখাদ্য কারো গলা দিয়েই নামবে না তাই সকলের জন্যই খাবার অর্ডার করেছি।”

ইভান চেয়ারে বসে বলল,

“আপনার জন্য শুধু শুধু দৌড়াতে হলো।”

“জিমে গিয়ে কসরত না করে বাড়িতেই তিন বেলা দৌড়াবে তাহলেই তো শরীর ফিট থাকে।”

“জঘন্য আইডিয়া।”

“অন্তত তোমার রান্নার চেয়ে অনেক ভালো।”

“আরেকবার আমার রান্নার নিন্দা করলে সব খাবার আপনাকে খাওয়াব!”

“না খেয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যাব, তবুও তোমার হাতের এই অখাদ্য দ্বিতীয়বার মুখে তুলব না।”

ইহসান চৌধুরী এক বাটি বিরিয়ানি প্লেটে ঢালতে ঢালতে বললেন,

“কাউকে খু’ন করতে চাইলে বিষের প্রয়োজন নেই, এই রান্না খাওয়ালে নিশ্চিত সে পটল তুলবে।”

ইভান কটমট করে তাকাল বাবার দিকে।

“তোমরা দুজনেই শুধু আমার রান্নার নিন্দা করছো। রোশনি তো ঠিকই খেলো।”

ইহসান চৌধুরী ও করিম মিয়া রোশনাইয়ের দিকে তাকালেন। রোশনাই তাদের দিকেই তাকিয়ে আছে। করিম মিয়া বললেন,

“ও বেচারি তো পতি প্রেমে খেয়ে নিয়েছে। নাহলে তোমার হাতের এই জঘন্য রান্না ও জীবনেও গিলত না।”

ইহসান চৌধুরী মাথা নেড়ে বললেন,

“একদম ঠিক।”

ইভান খ্যাপাটে চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। তার রান্না একটু খারাপ হয়েছে বলে এত কথা বলবে? প্রথমবার রান্না করেছে, একটু খারাপ হতেই পারে, এটাই স্বাভাবিক, তাই না? সে একদিন করিম মিয়ার চেয়েও ভালো রান্না করে দেখিয়ে দেবে। হুহ!

করিম মিয়া প্লেটে খাবার বাড়তে লাগলেন। রোশনাই বলল,

“এগুলো আবার বাড়ছেন কেন?”

“তোফাজ্জলকে খাওয়াব।”

“হ্যাঁ!”

করিম মিয়ার শান্ত কণ্ঠের বিপরীতে তিনজনের বিস্ময় মাখা গলার আওয়াজ।
করিম মিয়া এক নজর তিনজনের দিকে তাকিয়ে বললেন,

“এই খাবার আমরা চারজনই মুখে তুলেছি, তাহলে তোফাজ্জল বাদ থাকবে কেন? এই বাড়ির একজন সদস্য হওয়ার সুবাদে ওরো অধিকার আছে ইভানের হাতের রান্না খাওয়ার।”

রোশনাই অবাক হয়ে করিম মিয়ার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল এবাড়ির একমাত্র দুষ্ট বুদ্ধির সদস্য ইভান। এখন তো দেখছে করিম মিয়া ইভানের চেয়ে কোনো অংশে কম নয়, বরং কয়েক কাঠি ওপরেই আছেন তিনি।

করিম মিয়া খাবারের প্লেট সাজিয়ে ডাইনিংরুম থেকে বেরিয়ে গেলেন। ইভান প্লেটে বিরিয়ানি ঢেলে রোশনাইয়ের সামনে দিয়ে বলল,

“খাও।”

রোশনাই হাত ধুয়ে খাওয়া শুরু করল।
ইভান নিজেও খাওয়া শুরু করল। অখাদ্য মুখে তোলার পর এই কাচ্চি বিরিয়ানি এখন অমৃতের মতন লাগছে। আহ, কি মজা!

তোফাজ্জল হাত ধুয়ে বড়ো একটা লোকমা তুলে মুখে পুরল। বেচারা দুবার চিবিয়েই মুখের সব খাবার উগরে ফেলে দিলো মেঝেতে। ঢকঢক করে পানি গিলে বলল,

“এই কুখাদ্য কে রান্না করেছে? জঘন্য! এর চেয়ে তো আমিই ভালো রাধতে পারি।”

করিম মিয়া ডাইনিংরুমের দিকে তাকিয়ে গলা ছেড়ে বললেন,

“ইভান, তোমার হাতের অমৃতকে তোফাজ্জল কুখাদ্য বলেছে।”

তোফাজ্জল খাবার মুখে পুরেই ভুলে গিয়েছিল রান্না যে ইভান করেছে। এত জঘন্য রান্না কেউ কীভাবে করতে পারে?
আবারও ঢকঢক করে পানি খেয়ে বলল,

“এমন রান্না কীভাবে করল? কী কী দিয়েছে এর মধ্যে? একদম তেতো বিষের মতো বানিয়ে ফেলেছে!”

“রান্না যে করেছে সেই একমাত্র বলতে পারবে কী কী দিয়েছে রান্নায়।”

“নিজেরা অনলাইন থেকে খাবার এনে আমাকে জঘন্য অখাদ্য কুখাদ্য খাওয়ানো হচ্ছে?”

এতক্ষণে এসে হেসে ফেললেন করিম মিয়া। বললেন,

“আমরা চারজনই এই খাবার মুখে তুলেছিলাম, শুধু বাদ ছিলে তুমি। তাই তোমাকেও খাওয়ালাম। চিংড়ি মাছটা খাও, বাপের জন্মে চিংড়ি খাওয়ার শখ হবে না আর।”

তোফাজ্জল চিংড়ি মাছের দিকে তাকাল। ঝোলের রঙ এমন কালো খয়েরী কেন?
বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল,

“আমি আর কিচ্ছু খেতে চাই না। খাওয়ার শখ মিটে গেছে।”

“দাঁড়াও, বিরিয়ানি নিয়ে যাও।”

করিম মিয়া ডাইনিংরুম থেকে বিরিয়ানির একটা বাটি এনে তোফাজ্জলের হাতে দিলেন। তোফাজ্জল বাটি হাতে মেইন দরজার দিকে এগোল। সে জীবনেও আর ইভানের হাতের রান্না খাবে না।

রোশনাই নিজের খাবার শেষ করে নিভানকে কোলে নিয়ে রুমের দিকে এগোল করিম মিয়াকে খেতে বলে। নিভান ঘুমিয়ে গেছে। ডান হাতের দুটো আঙুল মুখের ভেতর পুরে একটু পর পর চুষছে ঘুমের মধ্যে।

ইভান খাওয়া শেষ করে সোফায় বসে বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করল। ইহসান চৌধুরী ঘন ঘন হাই তুলছেন। ইভান বাবাকে ঘুমোতে যেতে বলে নিজেও সিঁড়ির দিকে এগোল। বেডরুমে না গিয়ে ঢুকল স্টাডি রুমে। রুমের চারদিকে সাজানো রয়েছে তার মিউজিকের সরঞ্জাম। সেদিন গিটারটা রেখে যাওয়ার পর এই রুমে আর প্রবেশ করা হয়নি তার।
মায়া মায়া চোখে দেখতে লাগল নিজের অতি শখের বাদ্যযন্ত্রগুলো। ইভানের বুক ভার হয়ে আসতে লাগল। লম্বা শ্বাস টেনে একে একে সবগুলো বাদ্যযন্ত্র স্টোর রুমে এনে রাখল এক জায়গায়। তারপর একটা কাপড় দিয়ে সবগুলো ঢেকে রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিলো। পুনরায় স্টাডি রুমে ফিরে এসে দেওয়ালে ঝোলানো ছবিগুলো খুলে কেবিনেটের ভেতর ঢুকিয়ে রাখল। কয়েক মিনিটের ব্যবধানে রুমটা কেমন খালি খালি লাগছে।

বেডরুমে প্রবেশ করল ইভান। নিভানকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে রোশনাই।
ইভান ওয়াশরুমে প্রবেশ করল। ফ্রেশ হয়ে হাতমুখ ধুয়ে কাবার্ডের সামনে এসে দাঁড়াল। কাবার্ডের পাল্লা খুলে দেখতে লাগল কি পরা যায়। জুব্বা পরবে? নাকি পাঞ্জাবি?

বেশ কিছুক্ষণ পর একটা কালো পাঞ্জাবি বের করল ইভান। পাঞ্জাবিটা গায়ের ওপর ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। এটা পরলে মন্দ লাগবে না।

হুডি আর টিশার্ট খুলে পাঞ্জাবিটা পরল। তারপর চুলগুলো আঁচড়ে নিয়ে হাতমুখে ময়েশ্চারাইজার মাখল।

ইভান বিছানায় আসছে না বলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল রোশনাই। এই রাতের বেলা ইভানকে এভাবে রেডি হতে দেখে বলল,

“কোথায় যাবেন এখন?”

ইভান গায়ে শাল জড়াতে জড়াতে বিছানার দিকে তাকাল।

“কোথায় যাবেন?”

“কোথাও না।”

“তাহলে এভাবে রেডি হয়েছেন কেন?”

ইভান বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল,

“একটা নাশিদ কভার করব, সেজন্য রেডি হয়েছি।”

বিছানার ওপর থেকে ফোন হাতে নিতে নিতে স্ত্রীর কপালে ঠেসে একটা চুমু খেলো ইভান। চুলে হাত বুলিয়ে বলল,

“তুমি ঘুমাও, আমি ঘণ্টা খানেক পর আসছি।”

“কোথায় যাবেন?”

“স্টাডি রুমে।”

ইভান পা বাড়িয়েও থেমে গেল। স্ত্রীর কপালে ঠেসে চুমু খেলো আরও একটা। তারপর রুম থেকে বেরিয়ে এলো।

নাশিদ কভার করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড সেটআপ করে নিল ইভান। তারপর ক্যামেরা সেটআপ করল। সে আজ একটা বাংলা নাশিদ কভার করবে। কিছুটা নার্ভাস ফিল হচ্ছে ইভানের, আবার বেশ এক্সসাইটেডও সে। গত কয়েক দিন ধরেই সে বাংলা, আরবি, উর্দু ভাষা সহ বিভিন্ন ভাষার নাশিদ শোনে। নাশিদগুলো শুনতে তার ভীষণ ভালো লাগে। নাশিদ শুনলে হৃদয়ে যেমন অনুভূতি হয় গান শুনলে তা কখনোই হয় না।

ইভান ক্যামেরা অন করে হৃদয়ের গভীর থেকে গেয়ে উঠল।

“মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান…

আমি পাপি… গুনাহগার..
তুমি ছাড়া…কে আছে আর..
ক্ষমা করো…ওগো প্রভু
তওবা করি, বারে বার...
ইয়া রাহীমু... রহমান
ইয়া কারীমু... মেহেরবান

মেহেরবান তুমি মেহেরবান…
মেহেরবান তুমি মেহেরবান।

*****

পরদিন সকাল বেলা।
ফজরের নামাজ আদায় করে বেশ কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে ইভান। চেঞ্জ করে ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে আছে এখন। রোশনাই রুমে রয়েছে। রুম গোছাচ্ছে সে। ইহসান চৌধুরী নিচে নেমে এলেন। সোফার দিকে এগিয়ে আসতে আসতে মায়াভরা কণ্ঠে ডেকে উঠলেন,

“দাদু ভাই।”

ডাকটা কানে পৌঁছাতেই এদিক ওদিক তাকাতে লাগল নিভান। ইভান ছেলের গালে চুমু খেয়ে বাবার দিকে ঘুরিয়ে ধরল। দাদাকে দেখতেই বাবার কোলে লাফিয়ে উঠল ছোটো নিভান। উচ্ছ্বাস প্রকাশ করে আধো আধো বুলিতে বলল,

“আ বা বা বা উম…।”

ইহসান চৌধুরী নাতিকে কোলে নিয়ে চুমু খেতে খেতে সোফায় বসলেন। বললেন,

“আব্বা না, দাদা। বলো দাদা।”

“আম্মাম মাম।”

“আবার বলে আম্মা। আম্মা আব্বা না, বলো দাদা, দা…দা।”

“উউউ…।”

“দাদা বলবে না?”

“অঅঅ।”

“পাজি, আবার স্বীকারও করে দাদা বলবে না।”

নিভান দুহাতে দাদার চেহারা খামচে ধরার চেষ্টা করতে লাগল। হাঁ করে নাকে-গালে লালাও লাগিয়ে দিচ্ছে।
ইহসান চৌধুরী নাতির গালে আলতো করে কা’মড় দিয়ে বললেন,

“এখন কেমন লাগে?”

নিভান ঠোঁট উলটে বাবার দিকে তাকাল। মুহূর্তেই গলা ছেড়ে কেঁদে উঠল বাচ্চাটা। নাতির এমন কান্ডে আহাম্মক বনে গেলেন ইহসান চৌধুরী। ইভান শব্দ করে হেসে উঠল। হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বলল,

“দাদা মা’রে?”

নিভান হেঁচকি তুলতে লাগল বাবার বুকে মাথা ঠেকিয়ে। করিম মিয়া চায়ের কাপ হাতে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বললেন,

“এই ছেলে তো মেয়ে মানুষের চেয়েও বেশি আহ্লাদী হবে দেখা যাচ্ছে। হয়েছে পুরুষ মানুষ, বাঘের কামড় খেয়েও কাঁদবে না—সেখানে দাদার চুমা খেয়েই কাঁদে।”

ইভান আঙুল তুলে শাসানোর সুরে বলল,

“আমার ছেলেকে নিয়ে উলটাপালটা কথা বললে পেছনে পাগলা কু/ত্তা লাগিয়ে দেবো!”

ইহসান চৌধুরীর হাতে চায়ের কাপ তুলে দিয়ে করিম মিয়া বললেন,

“পাগলা কু/ত্তা পাগলের পেছনেই দৌড়াবে, আমার পেছনে না।”

“আপনি কী কোনোভাবে আমাকে পাগল বললেন?”

“কোনোভাবে না, সরাসরিই বলেছি। তুমি আর তোমার ছেলে—দুজনেই পাগল।”

ইহসান চৌধুরী মুচকি মুচকি হাসতে লাগলেন দুজনের ঝগড়া দেখে। ইভান কঠিন দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। করিম মিয়ার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তিনি একটা চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে পড়লেন।

করিম মিয়া প্রথম যখন এবাড়িতে এলেন তখন বেশ সরল-সোজা ছিলেন। আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তার এমন চলন বলন ইভানের ভালো লাগত না। বিশেষ করে তার বউ চলে যাওয়ার কারণ জানতে পেরে। ইভান সর্বপ্রথম করিম মিয়ার পোশাকে পরিবর্তন আনে। হেয়ার স্টাইল পরিবর্তন করে। তারপর শুদ্ধ ভাষায় কথা বলার অভ্যাস গড়ে তোলায়। নিজের যত্ন নেওয়া শেখায়। তিন বন্ধুর পাল্লায় পড়ে অনেক ইংরেজি শব্দও আয়ত্ত করেন তিনি।
করিম মিয়াকে দেখলে বা তার সঙ্গে কথা বললে প্রথমে কেউ বুঝতেই পারবে না সে এই বাড়ির কাজের লোক। তার চলন বলন আর চেহারায় স্পষ্ট আভিজাত্যের ছাপ। দীর্ঘ এই বছরগুলোতে তিনি এই বাড়ির একজন সদস্য হয়ে উঠেছেন। পরিবারের কোনো এক সদস্য অসুস্থ হয়ে পড়লে বাড়ির মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে পড়ে, করিম মিয়ার সামান্য অসুস্থতায় ইহসান চৌধুরী ও ইভানও তেমনই উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের অসুস্থতায় করিম মিয়াও একইভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা এখন একই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। রোশনাই আসার পর থেকে করিম মিয়ার বেশ অনেকটাই আয়েশ হয়েছে। তার অনেক কাজ এখন রোশনাই-ই করে দেয়। করিম মিয়া প্রথম প্রথম বাধা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু রোশনাই শুনত না।

ইভান বাবার দিকে তাকিয়ে বলল,

“নিভানের বার্থ সার্টিফিকেট বানাতে হবে।”

ইহসান চৌধুরী মাথা নেড়ে বললেন,

“ভালো কথা মনে করেছো। আমি রোশনাইয়ের সঙ্গে এই বিষয়ে বেশ কিছুদিন ধরে কথা বলতে চাইছি কিন্তু মনে থাকে না।”

“রোশনিই আমাকে বলল নিভানের বার্থ সার্টিফিকেট বানাতে দিতে।”

“সার্টিফিকেটে তো বাবার নাম দিতে হবে। রোশনাই কার নাম দিতে বলছে?”

বাবার কথা শুনে গম্ভীর হয়ে গেল ইভানের চেহারা। থমথমে গলায় বলল,

“কার নাম আবার কী? অবশ্যই আমার নামই থাকবে। ও এখন আমার ছেলে, আর আমার পরিচয়েই বড়ো হবে। এখানে অন্য কারও নাম আসবে কেন?”

রোশনাই নিচে নেমে এসেছে। ইভানের কথা শুনে এগিয়ে এলো সোফার কাছে। তিনজন তাকাল তার দিকে। রোশনাই গুরুগম্ভীর গলায় বলল,

“নিভানের বার্থ সার্টিফিকেটে ওর বাবার নামই থাকবে।”

রোশনাইয়ের কথা শুনে ইভানের গম্ভীর চেহারা কালো হয়ে গেল। ইহসান চৌধুরী বললেন,

“কার নাম দিতে বলছো তুমি?”

“নিভানের বাবা কজন?”

ড্রয়িংরুম জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। ছেলের দিকে তাকিয়ে রোশনাইয়ের হৃদয় ভার হয়ে উঠল। পাঁচ মাস বয়সী একটা বাচ্চার বাবার পরিচয় নিয়ে এত কনফিউশন! তার সন্তানের ভাগ্যটা কেন এমন হলো?

রোশনাই নিজেকে সামলে বলল,

“নিভানের বাবা তো ইভান, তাই না? তাহলে উনার নামই থাকবে।”

ইহসান চৌধুরী বললেন,

“নিভানের বায়োলজিকাল ফাদার তো অন্য একজন। কোনোদিন যদি সে নিভানকে নিয়ে যেতে চায় তখন?”

“সে চাইলেই আমি দিয়ে দেবো নাকি?”

“ব্যাপারটা এমন নয়। সে যদি কোনোদিন ছেলের অধিকার দাবি করে বা কাস্টডির জন্য মামলা করে তখন এই বার্থ সার্টি—

রোশনাই শ্বশুরকে থামিয়ে দিয়ে বলল,

“থাকলে তো করবে।”

“মানে?”

“তার কাছে এখানকার এড্রেস আছে নাকি? সে তো জানেই না আমি কোথায় আছি। যদি কখনো জানেও তাতেও তেমন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমার ডেলিভারির মাত্র কিছুদিন আগে মাঝরাতে সে নিজ হাতে আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন তার সন্তানের কথা মনে ছিল না? এখন সে এসে ছেলেকে চাইবে, মামলা করবে, আর ছেলেকে পেয়ে যাবে, এতই সোজা? আমি জীবিত থাকা অবস্থায় আমার ছেলেকে কখনোই দেবো না, এর জন্য আমাকে যতদূর যেতে হয় যাব।”

রোশনাই থেমে যেতেই ড্রয়িংরুম জুড়ে আবারও পিনপতন নীরবতা নেমে এলো। রোশনাইয়ের চোয়াল শক্ত হয়ে গেছে। চোখ দুটো থেকে রাগ ঠিকরে পড়ছে।

রোশনাই তপ্ত শ্বাস ফেলে আবার বলল,

“যত দ্রুত সম্ভব নিভানের বার্থ সার্টিফিকেট, আমার এনআইডি কার্ড ও পাসপোর্ট বানাতে দিন। আমি উমরাহ হজ্জ পালন করতে যেতে চাই।”

চলবে……….

৩৭ টাকা মূল্যের “এক ফালি সুখ” ই-বুকটি আগামী সাতদিন পেয়ে যাচ্ছেন মাত্র ১৫ টাকায়। তাই ডিসকাউন্ট থাকতে থাকতে দ্রুত কিনে ফেলুন। পড়া শেষে বইটই অ্যাপে রিভিউ এবং রেটিং দিতে ভুলবেন না। বইটই অ্যাপে আমাকে অনুসরণ করবেন।
বইটই অ্যাপে ঢুকে ই-বুকের নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন