ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 29

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (২৯)
#সানা_শেখ

এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করা করিম মিয়া নিজের নীরবতা ভেঙে বললেন,

“আমার জানা মতে ইসলাম ধর্মে অন্যের সন্তানকে নিজের বংশপরিচয় বা ঔরসজাত সন্তান হিসেবে বড়ো করা বা পালক সন্তানের আসল বংশপরিচয় গোপন করা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ।”

করিম মিয়ার কথা শুনে তিনজনই তার দিকে তাকাল। সব শুনে ইভান গুরুগম্ভীর গলায় বলল,

“এই কথা কে বলেছে আপনাকে?”

“কোরআনের একটা সূরায় এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু কোন সূরায় বলা হয়েছে আমার ঠিক মনে নেই। আমি ওয়াজেও শুনেছিলাম। আমাদের গ্রামে এক বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে বেশ ঝামেলা হয়েছিল তখনই জানতে পেরেছিলাম। তুমি বড়ো কোনো আলেমের সঙ্গে এ বিষয়ে কথা বলে বিস্তারিত জেনে নিও।”

রোশনাইয়ের রাগী রাগী চেহারায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে করিম মিয়ার কথা শুনে। ইভানেরও ব্যতিক্রম নয়। দুজনের প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছে করিম মিয়ার কথাটা তাদের মনে কতটা গভীর প্রভাব ফেলেছে।

নিভান বাবার কোলে গাইগুই করতে লাগল।
ইভান ছেলের মুখের দিকে তাকাল। নিভান মুখের ভেতর থেকে আঙুল বের করে হেসে উঠল সঙ্গে সঙ্গেই। হাত বাড়িয়ে হাত রাখল বাবার মুখে। আধো বুলিতে আওরাল,

“বাব বাব বা…।”

ইভান ছেলের কপালে চুমু খেয়ে তাকে বুকে চেপে ধরল। ঘাড় ঘুরিয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে তার বুক মুচড়ে উঠল। রোশনাই ঘুরে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সে খাবার খাওয়ার জন্য নিচে এসেছিল, কিন্তু এখন আর মনে হচ্ছে না তার গলা দিয়ে খাবার নামবে। একজনের ঔরসজাত সন্তানকে আরেকজনের পরিচয়ে বড়ো করা যাবে না, ইসলামে এটা নিষিদ্ধ—এ বিষয়ে তার জানা ছিল না। যদি সত্যিই নিষিদ্ধ হয় তাহলে কী হবে? রোশনাইয়ের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। আর কিছু ভাবতে পারছে না সে।

বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করল ইভান। বিছানার দিকে তাকিয়ে দেখল রোশনাই মূর্তির মতো বসে আছে। দৃষ্টি মেঝেতে স্থির।
ইভান এগিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়াল।

“নিভানের মা।”

রোশনাই মুখ তুলল। তার চোখ দুটো পানিতে টইটম্বুর। ওষ্ঠদ্বয় তিরতির করে কাঁপছে।
ইভান স্বাভাবিক গলায় বলল,

“খেতে চলো।”

রোশনাই ঢোঁক গিলে হাত বাড়িয়ে বলল,

“নিভানকে আমার কাছে দিয়ে আপনি খেয়ে নিন।”

“তুমি আগে খেয়ে নাও। তুমি না খেলে নিভান খাবার পাবে কীভাবে? যাও খেয়ে এসো।”

রোশনাই হাত গুটিয়ে নিল। ইভান তার হাত ধরে টেনে বলল,

“ওঠো।”

“পরে খাব, এখন খেতে ইচ্ছে করছে না।”

“আল্লাহর ফয়সালার ওপর আমাদের ভরসা রাখতে হবে। উনার কোনো ফয়সালার বিরুদ্ধে যেতে পারব না আমরা। জোহরের নামাজ শেষে বড়ো হুজুরের সঙ্গে কথা বলে সবকিছু জেনে আসব।”

রোশনাই ইভানের মুখের দিকে তাকিয়ে রইল। নিভান ইভানের বুকে মাথা ঠেকিয়ে আঙুল চুষছে, আর ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে জন্মদাত্রীকে।

.

জোহরের নামাজ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। দুজন বড়ো বড়ো আলেমের সামনে দাঁড়িয়ে আছে ইভান। তার পরনে সাদা ধবধবে জুব্বা, পাজামা, আর টুপি। চেহারা স্নিগ্ধতার পাশাপাশি ছেয়ে আছে গাম্ভীর্যতায়।
ইভান লম্বা শ্বাস টেনে স্বাভাবিক গলায় বলল,

“হুজুর, আমি আসলে যা জানতে চাইছি তা হলো, অনেকেরই তো সন্তান হয় না, তাদের মধ্য থেকে অনেকেই সন্তান অ্যাডপ্ট করে এবং তাদেরকে নিজেদের পরিচয়ে বড়ো করে তোলে। এ বিষয়ে ইসলাম কী বলে?”

ইভানের কথাগুলো শুনে দুজন আলেমের মধ্য থেকে বয়স্ক আলেম বললেন,

“সূরা আল আহযাবের আয়াত নাম্বার ৫-এ আল্লাহ তায়ালা বলেছেন,
اُدۡعُوۡهُمۡ لِاٰبَآئِهِمۡ هُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰهِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَهُمۡ فَاِخۡوَانُكُمۡ فِی الدِّیۡنِ وَ مَوَالِیۡكُمۡ ؕ وَ لَیۡسَ عَلَیۡكُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِهٖ ۙ وَ لٰكِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُكُمۡ ؕ وَ كَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۵﴾
এই আয়াতের অর্থ—তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সংগত। অতঃপর যদি তোমরা তাদের পিতাদের পরিচয় জানতে না পারো, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু। এ ব্যাপারে তোমাদের কোনো অপরাধ নেই, যাতে তোমরা ভুল করেছ; কিন্তু অপরাধ হলো, যা তোমাদের অন্তর ইচ্ছাকৃতভাবে করেছে। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

এই আয়াত দ্বারা বোঝা যায় যে পালক সন্তানকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তার প্রকৃত পিতার পরিচয় জানা থাকলে সেই পরিচয়ই বজায় রাখতে হবে। প্রকৃত পিতার পরিচয় জানা না থাকলে তাকে নিজের সন্তান বলে মিথ্যা বংশপরিচয় না দিয়ে মুসলিম ভাই বা ঘনিষ্ঠজন হিসেবে বিবেচনা করতে হবে। পালন-পোষণ করা নিষিদ্ধ নয়, বরং এতিম ও অসহায় শিশুকে লালন পালন করা যত্ন নেওয়া অত্যন্ত মহৎ কাজ। নিষেধ হলো তার বংশপরিচয় ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা।

সহজভাবে বললে ইসলামে কোনো পালক বা দত্তক নেওয়া সন্তানকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে পরিচয় দেওয়া এবং তার প্রকৃত বংশপরিচয় গোপন করে পালনকর্তার নাম তার পিতা বা মাতার নাম হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ হারাম ও কঠোরভাবে নিষিদ্ধ।
ইসলামের বিধান অনুযায়ী, কোনো সন্তানকে ছোটবেলা থেকে লালন-পালন করলেই কেউ তার প্রকৃত বাবা-মা হয়ে যান না এবং ওই সন্তানের বংশপরিচয় পরিবর্তন করার কোনো অধিকার পালনকারীর নেই।

ইসলামের প্রাথমিক যুগে মানে জাহেলি যুগে পালক সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে এই প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই আয়াত প্রমাণ করে, একজন মানুষের প্রকৃত পিতার পরিচয় সংরক্ষণ করা ইসলামের নির্দেশ। তাছাড়া হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জেনে-শুনে নিজ পিতা ছাড়া অন্য কাউকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম।
আরেক হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজেকে তার পিতা ব্যতীত অন্য কারও সঙ্গে সম্পর্কযুক্ত করে, তার ওপর আল্লাহ, ফেরেশতা ও সমগ্র মানুষের লানত।
এ হাদিসগুলোর মূল উদ্দেশ্য হলো বংশপরিচয় বিকৃত করা কঠোরভাবে নিষিদ্ধ।”

ইভান এতক্ষণ মনোযোগসহকারে আলেমের কথাগুলো শুনছিল। তিনি থেমে যেতেই সে বলল,

“তাহলে কোনো শিশুকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো বড়ো করলেও তাকে নিজের ছেলে বা মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে না?”

আলেম মাথা নেড়ে বললেন,

“হ্যাঁ। অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বড়ো করলেও কোনোভাবেই তাকে নিজের জৈবিক সন্তান বলে দাবি বা পরিচয় দেওয়া যাবে না। এছাড়াও পালক সন্তান পালনকারী পিতা-মাতার সম্পত্তির কোনো উত্তরাধিকার বা অংশীদার হয় না। সে তার আসল পিতা-মাতার সম্পত্তি থেকেই মিরাস পাবে। তবে পালনকারী পিতা-মাতা চাইলে জীবদ্দশায় তাকে যেকোনো সম্পত্তি উপহার দিতে পারেন অথবা মৃ’ত্যুর পর পাওয়ার জন্য শরিয়ত মোতাবেক সর্বোচ্চ এক-তৃতীয়াংশ সম্পত্তি ওসিয়ত করে যেতে পারেন। সন্তানকে ভালোবেসে বা আদর করে ‘বাবা’ বা ‘মা’ ডাকা এবং সন্তানকে ‘বাবা’ বা ‘মা’ বলে সম্বোধন করতে দেওয়ার ক্ষেত্রে ইসলামে কোনো বাধা নেই। এটি কেবলই স্নেহ ও সম্মানের বহিঃপ্রকাশ। তবে মনের ভেতরে বা কাগজের পরিচয়ে কখনোই বংশপরিচয় পালটে ফেলা যাবে না। এবং পালক সন্তান বড় হয়ে গেলে, দুধপানের মাধ্যমে শরিয়তসম্মত মাহরাম সম্পর্ক প্রতিষ্ঠিত না হলে, পালক বাবা-মা ও পরিবারের বিপরীত লিঙ্গের সদস্যদের সঙ্গে পর্দার বিধান প্রযোজ্য হবে। তাই শিশুটি বড় হওয়ার পর তার সঙ্গে রক্ত সম্পর্কের আত্মীয়দের মতো পর্দা বজায় রাখতে হবে।”

সব শুনে বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল ইভান।
দ্বিতীয় আলেম বললেন,

“ইসলামে কোনো অনাথ, ইয়াতিম বা অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো লালন-পালন করা কোনো গুনাহের কাজ নয়, বরং অত্যন্ত সওয়াবের ও মহৎ কাজ। রাসূলুল্লাহ (সা.) এতিম ও লালন-পালনকারী ব্যক্তির জান্নাতে একসঙ্গে থাকার সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে সেই সন্তানের প্রকৃত বংশপরিচয় জানা সত্ত্বেও তা গোপন করা বা তাকে নিজের পরিচয়ে বড়ো করা সম্পূর্ণ অবৈধ। সন্তানকে অবশ্যই তার আসল বাবার পরিচয় জানাতে হবে এবং তাকে তার নিজের বংশের পরিচয়েই বড়ো করতে হবে।”

ইভান আবারও মাথা নাড়ল। বলল,

“জি বুঝতে পেরেছি, হুজুর।”

“আরও কিছু জানতে চান?”

ইভান দুদিকে মাথা নেড়ে বলল,

“আপাতত এতটুকুই জানার ছিল। আরও কিছু জানার থাকলে পরে অবশ্যই জিজ্ঞেস করব।”

“আচ্ছা। আল্লাহ তায়ালা আপনার হৃদয় হেদায়েতের নূরে আলোকিত করুক, আমিন।”

“আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, হুজুর।”

“ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য অন্য একজন মুসলিমকে দ্বীন ও শরিয়ত সম্পর্কে সঠিক তথ্য দিয়ে অবগত করা।”

“ভালো থাকবেন হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।”

“ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকবেন।”

ইভান আলেমদের বিদায় জানিয়ে বাড়ির পথে পা বাড়াল। দুজনের প্রতিটি কথা তার কানে বাজছে। সে জানে, নিভানের প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই। নিভানের কান্নায় তার বুক ভার হয়, হাসিতে মন ভরে ওঠে। অথচ আজ প্রথমবারের মতো উপলব্ধি করছে, কাউকে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসলেই তার অতীত বদলে দেওয়া যায় না, আর না তাকে পুরোপুরি নিজের বলে দাবি করা যায়। অথচ আজ সকাল পর্যন্ত সে নিভানকে নিজের ছেলে বলে জানত।

নিভান তার কাছে কে—এই প্রশ্নের উত্তর ইভানের হৃদয়ে পরিষ্কার। কিন্তু ধর্মীয় বিধান জানার পর প্রথমবারের মতো নিজের ভালোবাসা আর বাস্তবতার মধ্যকার পার্থক্যটা উপলব্ধি করতে হচ্ছে তাকে।

নিভানকে সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে, কোলে-পিঠে করে বড়ো করবে, কিন্তু সে তাকে নিজের সন্তান বলে দাবি করতে পারবে না। নিভান বড়ো হয়ে যখন বুঝতে শিখবে তখন সে জানতে পারবে সে ছোটবেলা থেকে যাকে বাবা বলে জেনে আসছে সেই মানুষটা আসলে তার জৈবিক পিতা নয়। নিভান বড়ো হওয়ার পর তার সামনে নিভানকে কেউ যখন জিজ্ঞেস করবে, ‘তোমার বাবার নাম কী?’ তখন নিভান হয়তো তার মুখের দিকে দু-একবার তাকাবে, মলিন মুখে বলবে, ‘শামস।’ হয়তো বা স্বাভাবিকভাবেই বলবে। সে তখন সহ্য করতে পারবে? নাকি আস্তে আস্তে এই ব্যাপারটা সহনীয় ও স্বাভাবিক হয়ে যাবে?
কি আশ্চর্য! তার হৃদয় এত পুড়ছে কেন?

ইভান দীর্ঘশ্বাস ফেলল। মুখ তুলে তাকাল আকাশের দিকে। বিড়বিড় করে বলল,

“হে আল্লাহ, কেন এমনটা হলো?”

চলবে……….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন