ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 30

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (৩০)
#সানা_শেখ

রুমে প্রবেশ করল ইভান। রোশনাইয়ের দিকে নজর পড়তেই দেখল সে এখনো জায়নামাজে বসে আছে। বিছানার ওপর ঘুমিয়ে আছে নিভান। বেশ কিছুক্ষণ মায়াময় দৃষ্টিতে নিভানের দিকে তাকিয়ে থাকার পর রোশনাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়াল। আঙুলের কর গুণে তাসবীহ পড়তে থাকা রোশনাই মুখ তুলে তাকাল স্বামীর মুখের দিকে। বিষণ্ন চেহারার দিকে তাকিয়েই যেন সব বুঝতে পেরে গেল সে।
ইভান স্ত্রীর গা ঘেঁষে বসল। রোশনাই মলিন কণ্ঠে বলল,

“হুজুর কী বললেন?”

সবকিছু খুলে বলতে ইভান একটু সময় নিল। সব শুনে রোশনাইয়ের চেহারা আরও কালো হয়ে গেল। টলটলে চোখে ইভানের মুখের দিকে তাকিয়ে বলল,

“আমি যেই অতীতকে কবর দেওয়ার জন্য আপনাকে বিয়ে করলাম সেই অতীত তো সেভাবেই রয়ে গেল! আমার ছেলের নামের সঙ্গে ওই হারামীর নামই জুড়ে থাকবে সারাজীবন। শুধু শুধু কেন বিয়ে করলাম তবে?”

রোশনাইয়ের চোখ দুটো থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে লাগল। সে তো ইভানকে বিয়েই করেছিল নিভানের নামের পাশ থেকে শামসের নাম সরানোর জন্য। সে কোনোদিন নিভানকে জানতেই দিতে চায়নি তার বাবা একজন বেঈমান স্বার্থপর মানুষ। অথচ এই বেঈমান চরিত্রহীন স্বার্থপর মানুষটার নাম তার ছেলের সঙ্গে জড়িয়ে থাকবে সারাজীবন। সে ভুলে যেতে চাইলেও আর ভুলতে পারবে না। ছেলের নামের পাশে যখন দেখবে ফাদার্স নেম শামস তখনই তার মনে পড়বে এই মানুষটা এক সময় তার ছিল, তার সমস্ত হৃদয়ে রাজত্ব করত। একটা রাত এলো আর কালবৈশাখীর ঝড়ের মতন সব ওলটপালট করে দিলো। তার চেনা মানুষটা হুট করে বদলে গেল। তাকে বুকে জড়িয়ে ধরে রেখে বলল সে অন্য কাউকে ভালোবাসে। একজন স্ত্রীর কাছে এর চেয়ে যন্ত্রণার কিছু আছে?

ইভান রোশনাইকে বুকে জড়িয়ে ধরল। চোখের পানি মুছে দিতে দিতে বলল,

“আমি নিভানকে নিজের ছেলে বলে দাবি করতে পারব না বলে কী নিজের ছেলের মতো ভালোবাসতেও পারব না? আমরা একে অপরের নসিবে ছিলাম তাই যেকোনোভাবে বিয়েটা হয়ে গেছে। এই ম্যারিড লাইফে আমরা তিনজনেই তো ভালো আছি, তাই না? তবে এমন কথা কেন বলছো?”

রোশনাই এক হাতে ইভানকে আঁকড়ে ধরে জড়ানো গলায় বলল,

“আমি যখনোই ভাবি আমার জীবনটা গুছিয়ে উঠেছে তখনই কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়।”

“জীবনে উত্থান পতন আসবেই, আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, তিনি একদিন সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ।”

রোশনাই কথা বলল না। হাঁ করে লম্বা শ্বাস টানল।
ইভান আবার বলল,

“নিভানের বার্থ সার্টিফিকেট বানাতে তো ওর বা— ইভান থেমে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বলল, “ওর বাবার বার্থ সার্টিফিকেট লাগবে। ওটা এখন কোথায় পাব?”

“আছে আমার কাছে।”

“কোথায়?”

“গেস্টরুমে, আমার কাপড়ের ব্যাগে।”

ইভান রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলে রোশনাই নাক টেনে বলল,

“নিভানের বাবাই প্রয়োজনীয় সকল কাগজপত্র দিয়েছিল আমাকে।”

ইভানের মনে কয়েকটা প্রশ্ন জাগলেও করল না সে। রোশনাইকে ছেড়ে বসা থেকে উঠে বলল,

“গেস্টরুম থেকে ব্যাগ নিয়ে আসি।”

ইভান বেরিয়ে গেল রুম থেকে। রোশনাই ঘাড় ঘুরিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা ছেলের দিকে তাকাল। যেই লোকটা অন্য একটা মেয়ের জন্য তাকে ত্যাগ করল, মাঝরাতে নয় মাসের গর্ভবতী তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলো, যেই মানুষটার জন্য হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে ছেলেকে সে জন্ম দিলো, সেই লোকটার নাম সারাজীবন তার ছেলের নামের সঙ্গে জুড়ে থাকবে। ওই চরিত্রহীন মানুষটার জন্য সে কতটা কষ্ট সহ্য করেছে সেটা শুধু সে আর আল্লাহ তায়ালা জানেন। রাতের পর রাত গেছে সে ঘুমোতে পারেনি। গর্ভাবস্থার পুরো সাতটা মাস নরক যন্ত্রণার মধ্য দিয়ে পার করেছে সে।

*****

সময় গড়ায় নিজ গতিতে, তাকে ধরে বেঁধে কোনোভাবেই থামিয়ে রাখা যায় না। আল্লাহর হুকুম আর প্রকৃতির নিয়মেই চলতে হয় তাকে।

দেখতে দেখতে নিভানের বয়স এখন দু বছর। গুটি গুটি পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়ায়, যেমন শান্ত তেমন দুষ্ট সে।
আধো আধো বুলিতে অনেক কথাই বলতে শিখে গেছে। আলিফ বা তা, অ আ, এ বি সি ডি, এক থেকে বিশ পর্যন্ত তার ঠোঁটোস্ত। ক খ সবগুলো মুখস্ত বলতে না পারলেও অনেকগুলো শিখে গেছে।

বাবা বলতে পাগল নিভান। ছেলের জন্য বাড়ি থেকে বেরও হতে পারে না ইভান, বের হলে ছেলেকে নিয়েই বের হতে হয়। যদি কখনো রেখে বেরিয়েও যায় তখন কেঁদেকেটে অস্থির হয়ে যায় বাচ্চাটা। ওয়াশরুমে গেলেও দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আর একটু পর পর ডাকবে, ‘আব্বুউউউ, বের হও।’
বেচারা ইভান ছেলের জন্য শান্তিতে হাগতে মুততেও পারে না। অবশ্য ছেলের এমন পাগলামিতে সে ভীষণ খুশি। সে সায় দেয় বলেই নিভান আরও বেশি পাগলামি করে বাবার জন্য।

ইভান রান্নার কোর্স শেষ করে রেস্টুরেন্ট দিয়েছে। প্রথম প্রথম সে নিজ হাতে রান্না করলেও এখন করে না। এখন সবকিছু স্টাফরাই সামলে নেয়। সে শুধু দিনে একবার গিয়ে সবকিছুর তদারকি করে আসে। তবে বাড়িতে মাঝেমধ্যেই রান্না করে। ইসলামিক সঙ্গীত জীবনেও প্রবেশ করেছে সে। তার নিজের লেখা এবং নিজের কণ্ঠে গাওয়া বেশ কয়েকটা নাশিদ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ‘তওবা’ নাশিদটা। এটা ইউটিউবে প্রকাশের পর মাত্র এক মাসে তিনশো মিলিয়ন ভিউ পার করেছিল।
এছাড়াও অসংখ্য নাশিদ কভারও করেছে সে। ‘সায়াক্ববিলু ইয়া খালিক্বি মিন জাদিদ’ নাশিদটাও তার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। গানের জগতে সে যতটা না জনপ্রিয় ছিল, ইসলামিক সঙ্গীতে তার চেয়েও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।

আগের ইভান আর এই ইভানের মধ্যে এখন আকাশ পাতাল ফারাক। তার খোঁচা খোঁচা দাড়িগুলো এখন লম্বা লম্বা দাড়িতে রূপ নিয়েছে। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখে চব্বিশ পারা পর্যন্ত মুখস্ত করেছে। গানের মাধ্যমে যত টাকা আয় করেছিল সেই সব টাকা গরীব অসহায় মানুষদের দান করে দিয়েছে সোয়াবের আশা না করে।
রোশনাইয়ের মনের আশা পূরণ করার জন্য গত বছর পরিবারের সবাইকে নিয়ে উমরাহ হজ্জ পালন করে এসেছে।
ইভানের সঙ্গে থাকতে থাকতে মেহেদী আর আশিকও দ্বীনের পথে চলে এসেছে।

আজ শুক্রবার। ছেলে আর করিম মিয়াকে সঙ্গে নিয়ে জোহরের নামাজ আদায় করে এলো ইভান। রুমে প্রবেশ করে দেখল রোশনাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল টকটকে সিল্কের শাড়ি। লম্বা লম্বা ঘন কালো চুলগুলো মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে আছে। দুহাতে থাকা স্টোনের চুড়ি লাইটের আলোয় ঝকমক করছে।

ইভানের দৃষ্টি শীতল হয়ে এলেও হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগল। স্ত্রীকে আলিঙ্গন করার জন্য অস্থির হয়ে ছটফট করতে লাগল তার অবাধ্য হৃদয়।

রোশনাই লিপস্টিক দেওয়া শেষ করে ইভানের দিকে ঘুরে দাঁড়াল। শাড়ির লম্বা আঁচল মেঝে ছুঁইছুঁই। আঁচল বাতাসে উড়িয়ে লাল টকটকে অধর যুগলে হাসি ফুটিয়ে বলল,

“কেমন লাগছে আমাকে?”

ইভান অস্থির হয়ে উঠলেও শান্ত কণ্ঠে বলল,

“মাশাআল্লাহ! তোমাকে এতটা সুন্দর লাগছে যে তোমার দিকে তাকিয়ে আমার চোখের পলকও ফেলতে ইচ্ছে করছে না!”

রোশনাই ঘুরে দাঁড়িয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখল। সে নিজেকে দেখে আজ নিজেই মুগ্ধ। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল লাল টকটকে শাড়ি পরে সাজবে। শাড়ির আঁচল আর খোলা চুল বাতাসে উড়বে। বিয়ের আগে লাল শাড়ির কথা মাকে মুখ ফুটে বলতে পারেনি সে। বলতে গেলেই তার বিবেকে বেধেছে বারবার। তার মা কত পরিশ্রম করতেন তাদের দুজনের থাকা খাওয়ার জন্য। তার পড়াশোনার পেছনেও অনেক টাকা খরচ হয়ে যেত। মায়ের এত কষ্ট দেখে নিজের শখ পূরণ করার ইচ্ছে ফিকে হয়ে যেত।

তার আর শামসের বিয়ের সময় তাকে লাল শাড়ি দেওয়া হয়নি, দিয়েছিল অফ হোয়াইট শাড়ি। ওয়ালিমার দিনও অফ হোয়াইট লেহেঙ্গা পড়তে হয়েছিল। বিয়ের পর আর কখনো শাড়ি পরা হয়নি। শাড়ি পরে সংসারের কাজ করা বেশ ঝামেলা। কাজ করার সময় শাড়ি সামলাতে পারত না। বিয়ের বেশ কয়েক মাস পর শামসকে বলেছিল তাকে একটা লাল রঙের শাড়ি এনে দিতে। তার কথা শুনে নাকমুখ কুঁচকে ফেলেছিল শামস। মাথা নেড়ে বলেছিল সে লাল রঙ একদম পছন্দ করে না। তার প্রিয় মানুষটা লাল রঙ পরুক এটাও সে চায় না। সেদিন রোশনাই বুঝতে পেরেছিল তাকে কেন বিয়ের সময় লাল রঙের কিছু দেওয়া হয়নি। সেদিন থেকে রোশনাইয়ের প্রিয় লাল রঙটা অপ্রিয় হয়ে গেল। সেদিনের পর সে আর লাল রঙের কিছু পরেনি। স্বামীর লাল রঙ অপছন্দ, তাই সেও অপছন্দ করতে শুরু করল।

এই লাল শাড়িটা ইভান তাকে এনে দিয়েছিল রেস্টুরেন্টের প্রথম আয় থেকে। শাড়িটা সে না পরে তুলে রেখে দিয়েছিল। আজ হঠাৎ মনে হলো শাড়িটা পরা যাক। পরার পর রোশনাই নিজেকে দেখে নিজেই ফিদা।

ইভানের কোল থেকে নেমে গেল নিভান। গোলগাল শরীর নিয়ে দৌড়ে এলো মায়ের কাছে। দুহাতে মায়ের দুপা জড়িয়ে ধরে ওপরের দিকে মুখ তুলে হাসি মুখে বলল,

“সুন্দর সুন্দর, বিউটিফুল লাগছে!”

রোশনাই মুচকি হাসল ছেলের কথা শুনে। কোলে তুলে আদর দিয়ে বলল,

“তোমাকেও অনেক সুন্দর লাগছে টুপি আর জুব্বা পরে।”

নিভান বাবার দিকে তাকিয়ে রইল,

“আব্বুও পরছে, আব্বুও সুন্দর।”

“হ্যাঁ। নামাজ পড়েছো?”

“হ্যাঁ। আল্লাহু আকবার বলেছি।”

“তুমি ভালো ছেলে।”

“হুজুর আদর করেছে। এখানে এখানে অনেক উম্মাহ দিয়েছে।”

হাত দিয়ে নিজের দু গাল আর কপাল দেখিয়ে থেমে থেমে কথাগুলো বলল নিভান।
ছেলের কথা শুনে আবারও হাসল
রোশনাই, তারপর বিছানার কাছে এগিয়ে এসে ছেলেকে দাঁড় করাল বিছানায়। পরনের জুব্বা আর পাজামা খুলে কটনের টি-শার্ট আর প্যান্ট পরিয়ে দিলো।

রুমের বাইরে থেকে করিম মিয়ার গলার আওয়াজ ভেসে আসছে। ইভান দরজার কাছে এগিয়ে আসতেই করিম মিয়া বললেন,

“তোমার মা এসেছে।”

করিম মিয়ার কথা শুনে ইভানের মুখের হাসি দপ করে নিভে গেল।

“নিচে চলো।”

ইভান বেশ কিছুক্ষণ পর থমথমে গলায় বলল,

“সঙ্গে কে এসেছে?”

“একাই।”

ঘুরে বিছানার দিকে তাকাল ইভান। বলল,

“নিভানের মা, আমি নিচ থেকে আসছি।”

রোশনাই ইভানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইভান বেরিয়ে গেল দরজা ভেজিয়ে দিয়ে। রোশনাই বুঝল না হুট করে ইভানের চেহারা আর গলার আওয়াজ কেন পরিবর্তন হলো। কী বললেন করিম মিয়া?

নিভান দরজার দিকে তাকিয়ে খাট থেকে নামার চেষ্টা করে গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকতে লাগল। রোশনাই ছেলেকে কোলে তুলে নিয়ে বলল,

“তোমার আব্বু নিচে গেছে, একটু পরই চলে আসবে।”

নিভান কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করে কাঁদতে কাঁদতে বলল,

“আমি আব্বু যাব, আব্বুউউউ!”

“শান্ত হও, বাজান। তোমার আব্বু বাইরে যায়নি তো, নিচে গেছে, চলে আসবে একটু পর।”

“আমি আব্বু যাব, আব্বু যাব, আব্বু যাব, আব্বুউউউ!”

কাঁদতে কাঁদতে মুহূর্তেই ঘেমে নেয়ে একাকার হয়ে গেল নিভান। রোশনাই ছেলেকে সামলাতে পারছে না কোনোভাবেই। একে তো তার ঘাড় ত্যাড়া ছেলে, তার ওপর পরেছে শাড়ি, ভালোভাবে কোলেও নিতে পারছে না, বারবার ফসকে যাচ্ছে।

ইভান ড্রয়িংরুমে আসতেই নিজের জন্মদাত্রীকে দেখতে পেল। বাইশ বছর, পুরো বাইশটা বছর পর নিজের মাকে সামনে থেকে দেখছে সে।

ছেলেকে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ালেন নিপা। এতগুলো বছর পর ছেলেকে সামনে থেকে দেখে তার হৃদয় হুহু করে কেঁদে উঠল। স্টিকে ভর করে সামনের দিকে এগিয়ে আসতেই ইভান দু কদম পিছিয়ে গেল। গুরুগম্ভীর গলায় বলল,

“ওখানেই দাঁড়ান, আসবেন না আমার কাছে।”

দাঁড়িয়ে গেলেন নিপা। বয়সের চেয়েও যেন বেশি বৃদ্ধা হয়ে গেছেন তিনি। চেহারা ফ্যাকাশে, চোখমুখ অস্বাভাবিক ফোলা, শরীরও বেশ ফুলে গেছে। হাঁটতে চলতে বেগ পোহাতে হয়।

ইভান আগের ভাব বজায় রেখে বলল,

“কেমন আছেন?”

“আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো, আব্বু?”

হুট করে হেসে ফেলল ইভান। তাচ্ছিল্যের হাসি। উপহাস করে বলল,

“আব্বু?”

নিপার চোখ দুটো ছলছল করছে। ইভান ফের বলল,

“আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার খুব ভালো আছি। হুট করে এত বছর পর এখানে কী মনে করে?”

নিপা আবার সামনের দিকে পা বাড়াতেই ইভান হাত উঁচু করল বাধা দেওয়ার ভঙ্গিতে। বলল,

“নিষেধ করেছি আমার কাছে আসতে।”

“তোমার ড্যাডকে একটু বাড়িতে আসতে বলো।”

“কেন?”

“ওর সঙ্গে কিছু কথা আছে আমার।”

“কী কথা?”

“আমি ওর সঙ্গে অন্যায় করেছিলাম, মাফ চাইতে এসেছি।”

“আমার ড্যাডের দয়ার শরীর, সে অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছে। আপনি আমার ড্যাডের সঙ্গে একদম দেখা করবেন না। আমি চাই না আপনার মতন একটা মহিলার জন্য আমার ড্যাডের পুরোনো ক্ষত আবার তাজা হোক। আপনি এখন আসুন এ বাড়ি থেকে। আর কোনোদিন যেন আপনাকে এই বাড়ির আশপাশে না দেখি।”

নিপা ইভানের দিকে এগিয়ে বললেন,

“ইভান আমার কথা শোনো।”

ইভান পিছিয়ে গেল আরও। কর্কশ গলায় বলল,

“নিষেধ করেছি আমার কাছে আসতে! আপনার ওই নোংরা হাত দিয়ে একদম ছোঁবেন না আমাকে। আমি আগের ইভান থাকলে এতক্ষণে আপনার ঘাড় ধরে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আমার এই পরিবর্তনের জন্য। নির্লজ্জতার চরম সীমা পার করে এই বাড়ি ছেড়েছিলেন। কোন মুখে আবার এই বাড়িতে এলেন?”

নিপা চোখের পানি মুছে জড়ানো গলায় বললেন,

“আমি অন্যায় করেছিলাম তোমাদের সঙ্গে, আমার ওপর তোমাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার কথা একটু শোনো, বাবা। আমি তো তোমার মা। বাবা-মায়ের সঙ্গে তো সন্তানের কখনো বিচ্ছেদ হয় না।”

“মা? মা আপনার মতো হয়? মাত্র পাঁচ বছর বয়স ছিল আমার, তখন আপনি আপনার প্রেমিকের হাত ধরে আমাকে আর আমার ড্যাডকে ছেড়ে দিয়েছিলেন। আমি আপনার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলাম ‘মম, আমাকে ছেড়ে যেও না।’ তখন কী করেছিলেন আপনি মনে আছে? আমাকে উষ্টা মে’রে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন প্রেমিকের হাত ধরে। আর এখন এসেছেন মা সাজতে?”

“ইভান, আমার ক্যান্সার হয়েছে।”

“তো ম’রুন না দূরে গিয়ে!”

রাগের মাথায় কথাগুলো বলে থ হয়ে গেল ইভান। তার মা কী বলল? তার ক্যান্সার হয়েছে?

চলবে………..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন