ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 31

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (৩১)
#সানা_শেখ

নিপা কান্না জড়ানো গলায় বললেন,

“ম’র’বই বাবা, আমার হাতে বেশি সময় নেই।”

ইভান আর কোনো কথা বলতে পারল না। একদৃষ্টে মায়ের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল শুধু।
নিপা আবার বললেন,

“তোমার ড্যাডকে একটু আসতে বলো বাড়িতে, কিছু কথা বলেই চলে যাব।”

ইভান থমথমে গলায় বলল,

“না। ড্যাড আসবে না আপনার সামনে।”

“ইভান।”

করুণ শোনাল নিপার গলার আওয়াজ। ইভান বলল,

“ড্যাড আপনাকে মাফ করে দিয়েছে অনেক আগেই।”

“আর তুমি?”

“আমিও মাফ করে দিয়েছি।”

একটু থেমে আবার বলল,

“আপনি হাজারও কষ্ট সহ্য করে আমাকে জন্ম দিয়েছেন সেজন্য আমি আপনার কাছে চির কৃতজ্ঞ। বাজে আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে দেখে আর আপনার কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। আপনি প্লীজ আসুন এখন, ফিরে যান আপনার স্বামী-সন্তানদের কাছে। ভালোভাবে নিজের চিকিৎসা করান আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবেন।”

নিপার চোখ দুটো থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। তার ছোটো ছেলেটা আজ কত বড়ো হয়ে গেছে। এই ছেলেকে কতই না কষ্ট দিয়েছেন তিনি। তিনি তো জন্মও দিতে চাননি এই ছেলেটাকে। যেদিন প্রেমিকের হাত ধরে চলে গেলেন সেদিন মেজাজ হারিয়ে ছেলেটাকে লাথি মে’রে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। তখন না এই ছেলের প্রতি কোনো মায়া ছিল, আর না তো ইহসান চৌধুরী ও এই সংসারের প্রতি কোনো মায়া ছিল।
ইহসান চৌধুরী তাকে আটকানোর হাজার চেষ্টা করেছিলেন। বারবার বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু তিনি ইহসান চৌধুরীর কোনো কথা শুনতে চাইতেন না, ইহসান চৌধুরীকে সহ্যই করতে পারতেন না।

বেশি সুখে থাকার জন্য এক সংসার ভেঙে তিনি আরেক সংসার জুড়েছিলেন। কিন্তু সেই সুখের সংসার খুব বেশি দিন স্থায়ী হলো না। তাসের ঘরের মতো ধ্বসে পড়ল তার সাজানো সংসার। গত আট বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি। যেই সময়টায় স্বামীর সবচেয়ে বেশি সাপোর্ট তার প্রয়োজন ছিল সেই সময়টায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে এক বিদেশিনীকে বিয়ে করল। ছেলেমেয়ে দুটোও তাকে ছেড়ে বাবার কাছে চলে গেছে।

ছয়টা বছর ধরে একা একা লড়ছেন তিনি। সান্ত্বনা দেওয়ার জন্য একজন আপন মানুষ তার পাশে নেই। জীবনের সঙ্গে লড়াই করার শক্তিও এখন ফুরিয়ে এসেছে। বেঁচে থাকার সাধ মিটে গেছে। জীবন আর ভালো লাগে না। অস্ট্রেলিয়া থেকে এখানে ছুটে এসেছেন ইভান ও ইহসান চৌধুরীর কাছে মাফ চাইতে। জীবনে সবচেয়ে বেশি অন্যায় তো তিনি এই দুজন মানুষের সঙ্গেই করেছেন। বিয়ের পর থেকে ডিভোর্স পর্যন্ত—একটা দিনও তিনি ইহসান চৌধুরীকে ভালো রাখেননি, শান্তি দেননি। ছেলেকেও আদর যত্ন করতেন না। গত দু বছর ধরে উনার মনে হয় এই দুজন মানুষকে কষ্ট দেওয়ার কারণেই তিনি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত নিজের ইগোকে ঝেড়ে ফেলে সামনাসামনি দেখা করে মাফ চাইতে এসেছেন।

চোখের পানি মুছে আবেগ মিশ্রিত কণ্ঠে ডাকলেন,

“ইভান।”

“যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। আমার ড্যাডের জীবনটা ধ্বংস করেছেন আপনি। টাকা-পয়সা, বাড়ি, গাড়ি থাকলেই মানুষ সুখে থাকে না—সুখে থাকার জন্য ভালোবাসার মানুষটাকেও পাশে প্রয়োজন। আপনি আমার ড্যাডের সুখ, শান্তি, ভালোবাসা—সবই কেড়ে নিয়ে আরেকজনের হাত ধরেছেন।”

“না বুঝে ভুল করেছিলাম আমি।”

মায়ের কথা শুনে মুচকি হাসল ইভান। বলল,

“না বুঝে ভুল করেছিলেন? তখন অবুঝ ছিলেন আপনি? জেনে বুঝে সজ্ঞানে সব করেছিলেন। আমার ড্যাড আপনার জন্য কত কিছু করত অথচ আপনি আমার ড্যাডকে সামান্য সম্মান পর্যন্ত করতেন না। প্লীজ যান আপনি এই বাড়ি থেকে।”

নিপা কিছু বলার জন্য উদ্যত হয়েছিলেন, কিন্তু নিভানের কান্না কানে ভেসে আসতেই সিঁড়ির দিকে তাকালেন। রোশনাই কান্নারত নিভানকে কোলে নিয়ে এগিয়ে আসছে। তার পরনে লং খিমার। হাতপায়ে মোজা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। নিভান কান্নার কারণে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। কাঁদতে কাঁদতে ধনুকের মতো বেঁকেও গেছে। রোশনাই হাজার চেষ্টা করেও ছেলেকে সোজা করতে পারছে না।

ইভান দ্রুত পায়ে এগিয়ে এসে রোশনাইয়ের কাছ থেকে নিভানকে নিজের কোলে তুলে নিল। চুমু খেয়ে আদর করতে করতে বলল,

“এই যে বাবা, আমি এখানেই। কী হয়েছে আমার বাবাটার? শান্ত হও সোনা আমার।”

নিভান ইভানের গলা জড়িয়ে ধরে জোরে জোরে হেঁচকি তুলতে তুলতে মুখের দিকে তাকাল। অস্পষ্ট স্বরে ডাকল,

“আব্বু, আব্বু, আব্বু।”

ইভান ছেলেকে কাঁধে শুইয়ে পিঠে হাত বুলিয়ে আদর করতে করতে নানান কথা বলতে লাগল।
রোশনাই নিপার দিকে তাকিয়ে আছে। কে এই ভদ্রমহিলা?

নিপা তিনজনের দিকে তাকিয়ে আছেন।
নিভানের কান্না বন্ধ হয়ে গেলেও হেঁচকি তুলছে এখনো। নিপা বললেন,

“ওরা তোমার স্ত্রী-সন্তান?”

ইভান ঘুরে মায়ের দিকে তাকাল। বলল,

“হ্যাঁ।”

“এই এক ছেলেই তোমাদের?”

“হ্যাঁ।”

রোশনাই ইভানের দিকে তাকাল। নিচু গলায় বলল,

“কে উনি?”

“মম।”

রোশনাই বড়ো বড়ো চোখ করে নিপার দিকে তাকাল। ইনি ইভানের মা? এতগুলো বছর পর এখানে কেন এসেছে? চেহারা দেখে তো মনে হচ্ছে অসুস্থ।

নিপা রোশনাইয়ের কাছে এগিয়ে এলেন। মায়াভরা কণ্ঠে বললেন,

“নাম কী তোমার, মা?”

রোশনাই ইভানের মুখের দিকে তাকাল, তারপর বলল,

“রোশনাই।”

“তোমার বাবার নাম?”

“শিকদার রিজভী আহমেদ।”

নামটা নিপার কাছে পরিচিত লাগল। কিছুক্ষণ ভাবতেই স্মরণও হলো। বিস্মিত হয়ে বললেন,

“তুমি ইলমার মেয়ে?”

রোশনাই মাথা নাড়ল।

“ইলমা কোথায়?”

“মা’রা গেছে।”

“তোমার বাবা?”

“আব্বুও।”

রোশনাইয়ের কথা শুনে ভীষন অবাক হলেন ইলমা। বললেন,

“কী হয়েছিল ওদের?”

“আব্বু অ্যাকসিডেন্ট করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, আর আম্মু স্ট্রোক করে মা’রা গেছে।”

ভীষণ ব্যথিত হলেন নিপা।
রোশনাই বলল,

“আপনার তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, আপনি বসুন।”

ইভান গুরুগম্ভীর গলায় বলল,

“বসার প্রয়োজন নেই, আপনি এখন যান।”

“তুমি এখনো রেগে আছো আমার ওপর?”

“না।”

“আমার হাতে সত্যিই বেশি দিন সময় নেই। আট বছর আগে আমার ক্যান্সার সনাক্ত হয়েছে। মৃ’ত্যুর আগে ইহসানের সঙ্গে একটাবার কথা বলতে চাই। আমি তো তোমার মা, তুমি একটু তো দয়া করতেই পারো আমার ওপর।”

রোশনাই স্তব্ধ হয়ে গেল নিপার কথা শুনে। নিপার ক্যান্সার হয়েছে? অবশ্য এসব মহিলাদের এমন মরণ ব্যাধি হওয়াই উচিত। এদের প্রতি মায়া দেখিয়ে লাভ নেই। এরা মায়া বা করুণার যোগ্য না। তার শ্বশুরের সঙ্গে কী কথা বলতে চায়? এই কুমিরের কান্নায় সে আর প্রভাবিত হবে না।

.

ইহসান চৌধুরী বাড়ি ফিরলেন বিকেল পাঁচটায়। কলিংবেল টিপে দাঁড়িয়ে রইলেন। কয়েক মিনিট বাদেই দরজা খুলে দিলেন করিম মিয়া। তার গুরুগম্ভীর চেহারা দেখে ইহসান চৌধুরী কপালে গাঢ় ভাঁজ ফেলে বললেন,

“কী হয়েছে? চেহারার এই হাল কেন?”

করিম মিয়া থমথমে গলায় বললেন,

“আপনার এক্স ওয়াইফ এসেছে।”

“হ্যাঁ?”

প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই ইহসান চৌধুরীর চেহারা গম্ভীর হয়ে রাগ স্পষ্ট হয়ে উঠল। চোয়াল শক্ত করে বললেন,

“কেন এসেছে?”

“আপনার সঙ্গে কথা বলতে চায়।”

ইহসান চৌধুরী ভেতরে প্রবেশ করে বললেন,

“ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও।”

“উনার ক্যান্সার হয়েছে।”

ইহসান চৌধুরীর পা দুটো থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য, পরমুহূর্তেই আবার হাঁটতে হাঁটতে বললেন,

“আমি ক্যান্সার বিশেষজ্ঞ নই যে তার চিকিৎসা করব। যেখানে চিকিৎসা করায় সেখানে যেতে বলো।”

করিম মিয়া আর কিছু বললেন না। তিনি দুপুর থেকেই নিপার ওপর ক্ষেপে আছেন। পারছেন না ভদ্রমহিলার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেন। ইভান হাজারবার বলার পরও নিপা বাড়ি থেকে বের হননি, তিনি ইহসান চৌধুরীর সঙ্গে কথা বলে তবেই বাড়ি থেকে বের হবেন।
মা হয় বলে ইভান বেশি কিছু বলেনি।

ইহসান চৌধুরী সিঁড়ির কাছে আসতেই দেখলেন নিপা সিঁড়ি বেয়ে নামছেন। বয়স আর অসুস্থতার ভারে নুয়ে পড়েছেন তিনি। এক হাতে লাঠি, অন্য হাতে রেলিং ধরে নামছেন।

ইহসান চৌধুরী রাগে হাত মুষ্টিবদ্ধ করলেন। করিম মিয়ার দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন,

“একে এখনই বাড়ি থেকে বের করে দিয়ে এসো। তোমরা থাকতে এরা বাড়ির ভেতর প্রবেশ করে কীভাবে?”

করিম মিয়া কথা বললেন না। ইহসান চৌধুরীকে এমন রেগে যেতে আজকের আগে দেখেননি তিনি। রাগে ইহসান চৌধুরীর চেহারা লাল হয়ে উঠেছে মুহূর্তেই। চোয়ালের হাড় ভেসে উঠেছে। ঘাড় ও কপালের রগ ফুলে ফেঁপে উঠেছে।

নিপা সাবধানে নিচে নেমে এলেন। তার চোখ দুটো পানিতে টইটম্বুর। কম্পিত গলায় বললেন,

“ইহসান, আ—

ধমকে উঠলেন ইহসান চৌধুরী।

“একদম চুপ। আমার বাড়িতে কোন সাহসে এসেছো তুমি? লজ্জাশরম বলতে আদৌ কি কিছু আছে তোমার মধ্যে? ঘাড় ধরে বের করার আগে বের হও এখনই!”

“আমি অন্যায় করেছিলাম তোমাদের সঙ্গে। মাফ করে দাও আমাকে।”

“করব না। জীবনেও মাফ করব না আমি তোমাকে। এক্ষুনি বের হবে আমার বাড়ি থেকে! তোমার ছায়া দ্বিতীয়বার যেন আমার বাড়িতে না পড়ে।”

কথাগুলো বলেই ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন ইহসান চৌধুরী। নিপা পেছন থেকে বারবার ডাকলেও আর পিছু ফিরলেন না।

চলবে………..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 31 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন