#অনুভূতির_মায়াজাল (৩২)
#সানা_শেখ
করিম মিয়া নিপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন,
“আপনি যান এখন। নাহলে স্যার রাগারাগি করবেন।”
নিপা দুদিকে মাথা নাড়লেন। তিনি এখনই যাবেন না। ইহসান চৌধুরী যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি এই বাড়ির বাইরে পা রাখবেন না।
ইহসান চৌধুরী তার সঙ্গে এতটা কঠোর হবে তিনি ভাবেননি। এই মানুষটা কোনোদিন তার দিকে গরম চোখে তাকায়নি পর্যন্ত, আর আজ—
কঠোর হবেনই না বা কেন? কঠোর হওয়ার মতন কাজই তো তিনি করেছিলেন।
ইহসান চৌধুরী বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় বসে এসি চালু করলেন। চোখের সামনে একে একে ভেসে উঠছে পুরোনো স্মৃতি। নিপাকে তিনি সবকিছুর জন্য মাফ করলেও একটা কাজের জন্য আজও মাফ করতে পারেননি। ইভান, তার ছেলে, তার জানবাচ্চা—তার ছোটো ছেলেটাকে যেদিন নিপা লাথি মে’রে ফেলে চলে গেলেন সেদিনই ইহসান চৌধুরীর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গেছেন নিপা। ইহসান চৌধুরী একজন ক্ষমাশীল মানুষ হয়েও নিজের সন্তানের প্রতি হওয়া অন্যায় ভুলতে পারেননি এখনো। তাই তো সেদিনের পর অসংখ্যবার নিপাকে মাফ করে দেওয়ার কথা ভাবলেও মাফ করতে পারেননি তিনি। যখনই ভাবেন নিপাকে মাফ করে দেবেন তখনই চোখের সামনে ভেসে ওঠে সেদিনের সেই দৃশ্য—নিপার লাথি খাওয়ার পর নিচে পড়ে বালিতে গড়াগড়ি খেয়ে ‘মম মম’ ডেকে গলা ছেড়ে কাঁদছে ইভান। একজন বাবার কাছে এই দৃশ্যটা ভুলে যাওয়া কী এতই সহজ? যেই নারী তার ছেলে—তার আত্মার গায়ে লাথি মে’রেছে তাকে তিনি কীভাবে মাফ করবেন?
বেশ কিছুক্ষণ পর দরজায় নক হলো। মুখ তুলে দরজার দিকে তাকালেন ইহসান চৌধুরী। পরমুহূর্তেই দরজার বাইরে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ।
“ইহসান।”
ইহসান চৌধুরীর চোয়াল আরও শক্ত হয়ে উঠল। কিছু না বলে তাকিয়ে রইলেন দরজার দিকে।
বাইরে থেকে আবারও ভেসে এলো নিপার গলার আওয়াজ।
“ইহসান, প্লিজ একবার দরজাটা খোলো। আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। শুধু একবার আমার কথাগুলো শোনো।”
ইহসান চৌধুরী এবারও নীরব রইলেন।
নিপার দু চোখের পানি গড়িয়ে পড়ছে অবিরাম। গায়ে আর আগের মতো শক্তি নেই। বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না তিনি। ছয় বছর আগে তাইজুল মির্জা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সেদিন বুঝতে পেরেছিলেন কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। আরও বুঝতে পেরেছিলেন হীরা ছেড়ে কয়লা আঁকড়ে ধরেছিলেন তিনি। যেই সুখের আশায় প্রথম স্বামী-সন্তানকে ছেড়ে ছিলেন সেই সুখ তার কাছে ধরা দিয়ে তার সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে।
নিপা দীর্ঘশ্বাস টেনে ধরা গলায় আবার বললেন,
“ইহসান, আমি জানি তুমি আমাকে দেখতে চাও না। আমার মুখটাও হয়তো তোমার সহ্য হয় না। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই অনুতপ্ত। তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি। তোমাকে অসম্মান করেছি, অবহেলা করেছি, তোমার ভালোবাসার মূল্য দিইনি।”
দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন ইহসান চৌধুরী। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। এসির শীতল বাতাসে বসেও ঘামছেন তিনি।
নিপা আবার বললেন,
“আমাকে মাফ করে দাও, ইহসান। আমি আর বেশি দিন বাঁচব না। মৃ’ত্যুর আগে অন্তত এই অপরাধবোধটা নিয়ে যেতে চাই না। তোমার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও আমাকে। তুমি একবার শুধু বলো আমাকে মাফ করে দিয়েছো—আমি চলে যাব, কোনোদিনও আর আসব না তোমার সামনে।”
ইহসান চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের ঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে লাগলেন। নিপা তার পা ধরে সারা জীবন মাফ চাইলেও তিনি মাফ করবেন না।
ইহসান চৌধুরীর নীরবতায় হুহু করে কেঁদে উঠলেন নিপা। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লেন নিচে।
নিজের রুমে পাথরের মূর্তির মতো বসে আছে ইভান। দৃষ্টি মেঝেতে স্থির। মাথার ভেতর এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে অসংখ্য স্মৃতি।
নিপা কখনো তার সঙ্গে ভালো ব্যবহার করতেন না। একটুতেই বিরক্ত হতেন। খিটখিটে মেজাজ নিয়ে কথা বলতেন, আর অকারণে তার ড্যাডের ওপর চিৎকার চেঁচামেচির করতেন।
ইভানের মনে পড়ে না সে অসুস্থ হলে তার মম কখনো তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন কি-না, আদর করে বুকে টেনে নিয়েছেন কি-না।
সবসময় তাকে নিজের কাছ থেকে দূরে দূরে রাখতেন। তার ফুপু ইলমা চৌধুরী তার সব খেয়াল রাখতেন। তাকে আদর করে খাইয়ে দিতেন। অসুস্থ হলে সেবাযত্ন করতেন। জন্ম দিয়েও নিপা মা হতে পারেননি, আর জন্ম না দিয়েও ইলমা তার মায়ের ভূমিকা পালন করেছেন।
তার ড্যাডও নিজের ব্যস্ততার মধ্যেও তার প্রতিটা ছোটো ছোটো আবদার পূরণ করার চেষ্টা করতেন। অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরেও তাকে নিয়ে খেলতেন। তার মম তাকে ছেড়ে চলে যাওয়ার পর তার মনে হতো, পৃথিবীর সব বাবাই বুঝি তার বাবার মতো হয়, আর মায়েরা হয় তার মায়ের মতো।
প্রথমে হারাল ফুপু আর দাদাকে, তারপর হারিয়ে ফেলল নিজের মমকে। বাবাকে ঘিরেই তৈরি হয়েছিল তার পুরো পৃথিবী।
চোখের কোণে জমে থাকা পানি আঙুল দিয়ে মুছে নিল ইভান।
আজ এত বছর পর মায়ের জন্য তার মায়া হচ্ছে। মরণব্যাধি ক্যান্সার নিয়ে মানুষটা লড়ছেন। মৃ’ত্যুর আগে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছেন।
ইভান দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সে মুখে বলেছে তার মমকে সে ক্ষমা করে দিয়েছে, তার প্রতি আর কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু সত্যিই কি সব রাগ ক্ষোভ মুছে গেছে? ড্যাডের কথা মনে পড়লেই বুকের ভেতর জমে থাকা পুরোনো ক্ষতগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বারবার। সে দেখেছে নিজের ড্যাডকে, মানুষটা রাতের পর রাত ঘুমাতো না। বিষণ্ন হয়ে ওপরের দিকে তাকিয়ে থাকত বেশির ভাগ সময়। হসপিটালে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সে ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলতে চাইতেন না।
সবকিছু কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। তার ড্যাডের স্বাভাবিক জীবনে ফিরতে বেশ সময় লেগেছিল।
তার জন্য, শুধুমাত্র তার জন্য তার ড্যাড জীবনকে দ্বিতীয় সুযোগ দেননি। তাকে আঁকড়ে ধরেই কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘ বাইশটা বছর।
রোশনাই ছেলেকে পুরোপুরি ঘুম পাড়িয়ে শোয়া থেকে উঠে বসল। দুপুরে ড্রয়িংরুম থেকে রুমে আসার পর তারা দুজন আর রুম থেকে বের হয়নি। তখন থেকেই এভাবে মূর্তির মতন বসে আছে ইভান। শুধু মাঝে আসরের নামাজটা আদায় করে নিয়েছে তার সঙ্গে।
রোশনাই ইভানের পাশে বসল। হাতের ওপর হাত রাখতেই ইভান তার দিকে তাকাল চোখ তুলে। নীলাভ চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে।
রোশনাইয়ের ভীষণ মায়া হচ্ছে ইভানের চেহারা দেখে।
“নিজেকে সামলান।”
ইভান চোখ বন্ধ করে রোশনাইয়ের কাঁধে মাথা রাখল। মৃদুস্বরে বলল,
“কিছু ভালো লাগছে না আমার। যখনই একটু শান্তি আসে জীবনে, তখনই কোনো না কোনোভাবে একটা অশান্তি চলে আসে!”
“এভাবে বলবেন না। আল্লাহ তাআলা নানান পরীক্ষার মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা নেন।”
“আমি মমকে মাফ করে দিয়েছি। কিন্তু ড্যাডের কথা মনে পড়লেই সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। মমের জন্য আমার ড্যাড অনেক কষ্ট পেয়েছে। আমার মম ভালো মানুষ না। তার জন্য দুই পরিবারের মানুষই কষ্ট পেয়েছে।”
“মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কেউ কম ভুল করে, আবার কেউ বেশি করে। আপনার মম বেশি ভুল করেছে। জীবনের বেশির ভাগ সময়টা সে ভুল করেই কাটিয়েছে, কারণ ভুলটাই তার কাছে সঠিক মনে হয়েছে।”
“শুধু ভুল না, রোশনি। মম জীবনের বেশির ভাগ সময়টা অন্যায় করে কাটিয়েছে। তার অনুশোচনা এসেছে জীবনের অনেকটা সময় পার হয়ে যাওয়ার, জীবন মৃ’ত্যুর মাঝখানে দাঁড়িয়ে।”
“আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি আমি। আপনাকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আপনি আপনার বাবার কষ্টটাও বোঝেন, আবার মায়ের অসুস্থতাটাও দেখছেন। সময় নিন, আল্লাহর কাছে দোয়া করুন, তিনিই আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দেবেন।”
ইভান স্ত্রীর দিকে তাকাল। মৃদুস্বরে বলল,
“আমি চাই না আমার কোনো সিদ্ধান্তে ড্যাড আবার কষ্ট পাক।”
ইহসান চৌধুরী ফ্রেশ হয়ে রুমের দরজা খুললেন। আর সঙ্গে সঙ্গেই থমকে গেলেন। নিপা এখনো দরজার সামনে বসে আছেন দেয়ালে ঠেস দিয়ে। ইহসান চৌধুরীকে দেখতেই ছলছল চোখে তাকালেন মুখ তুলে। করুণ সুরে বললেন,
“ইহসান, মাফ করে দাও না আমাকে। তুমি মাফ না করলে আমি মরেও শান্তি পাব না। তুমি একটাবার শুধু বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমি এখনই চলে যাব এখান থেকে, জীবনেও আর আমার এই মুখ দেখাব না তোমাকে।”
ইহসান চৌধুরী কিছুক্ষণ পর গুরুগম্ভীর কণ্ঠে বললেন,
“ক্ষমা চাওয়ার জন্য তোমাকে এত বছর অপেক্ষা করতে হলো কেন, নিপা? আগে কেন চাইলে না? মৃত্যুর মুখে দাঁড়িয়ে তোমার মনে পড়েছে তুমি আমার আর আমার ছেলের সঙ্গে অন্যায় করেছো, আগে কেন এই কথা স্মরণ হলো না তোমার? তুমি এখনো আগের মতোই স্বার্থপর রয়ে গেছো!”
নিপা হাউমাউ করে কেঁদে উঠলেন।
“আমি জানি, আমি স্বার্থপর, আমি অন্যায় করেছি। অনেক বড় অন্যায় করেছি।”
“তুমি শুধু আমার সঙ্গে অন্যায় করোনি, নিপা। তুমি একটা নিষ্পাপ শিশুর শৈশব নষ্ট করেছো। ওর মনে এমন একটা ক্ষত তৈরি করেছো, যেটা কোনো ওষুধ দিয়ে সারানো যাবে না। যে কষ্ট তুমি আমাদের দিয়েছো, তার সামান্য অংশ তো তোমারও ভোগ করা উচিত।”
“করছি, ইহসান। ছয় বছর ধরে এই যন্ত্রণাই ভোগ করছি আমি।”
“আরও করো। এখন যাও, আমি মাফ করব না তোমাকে।”
“আমার ওপর দয়া করো, ইহসান। আমাকে মাফ করে দাও। আমি আর কিছু চাই না তোমার কাছে।”
“তুমি দয়া করেছিলে আমাদের ওপর? আর কী চাইবে তুমি? চাওয়ার মতো কিছু রেখে গিয়েছিলে এখানে?”
“মাফ করো আমাকে।”
“কেন করব?”
“মাফ করা একটা মহৎ গুণ।”
“জানি আমি, সেজন্যই বারবার তোমাকে মাফ করতাম। তোমার সব ভুল ভুলে বারবার তোমাকে আপন করে নেওয়ার চেষ্টা করতাম।”
“আর একবার মাফ করো।”
“তুমি কি সত্যিই অনুশোচনা থেকে মাফ চাইতে এসেছো? নাকি মৃ’ত্যুর ভয় তোমাকে অতীতের কাছে ফিরিয়ে এনেছে?”
নিপা আর কথা বলতে পারলেন না, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন ইহসান চৌধুরীর মুখের দিকে। সত্যিই তো সে কি অনুশোচনা থেকে মাফ চাইতে এসেছে? নাকি মৃ’ত্যু ভয়ই তাকে এখান অবধি টেনে এনেছে? মৃ’ত্যুকে সে ভয় পায়? তাহলে জীবনের প্রতি এত বিস্বাদ কেন?
চলবে……..