ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 33

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (৩৩)
#সানা_শেখ

সময় পেরিয়ে গেছে দু মাস। নিপা অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। ইহসান চৌধুরী তাকে মাফ দিয়েছেন, যদিও সেটা কিছুদিন আগে ফোনে জানিয়েছেন। সেদিন নিপা অনেক কান্নাকাটি করেছিলেন তবুও ইহসান চৌধুরী তখন নরম হননি। নিপা একদিন ছিলেন বাগানবিলাসে, ইভানই রেখে দিয়েছিল নিজের মমকে। এখনো রোজ মায়ের সঙ্গে যোগাযোগ হয় তার। নিপার অবস্থা এখন আগের চেয়েও আশঙ্কাজনক। হসপিটালে অ্যাডমিট রয়েছেন তিনি। বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসা উন্নত বলে নিপাকে সে বাংলাদেশে রেখে দেয়নি। ভিসাটা হয়ে গেলেই অস্ট্রেলিয়ায় যাবে মায়ের কাছে। নিপা তাকে সামনে থেকে দেখার জন্য পাগল হয়ে গেছেন। কল করলেই শুধু কান্নাকাটি করেন।

.

বাগানবিলাসের ড্রয়িংরুমে বসে আছে চারজন পুলিশ অফিসার, শামসের বাবা, কাকা ও বর্তমান স্ত্রী পিয়া। তারা এসেছে রোশনাইয়ের সঙ্গে কথা বলার জন্য। তাদের সামনে গুরুগম্ভীর মুখে বসে আছেন ইহসান চৌধুরী ও করিম মিয়া।

রোশনাই নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পাশে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রাখার জন্য নানানভাবে বোঝাচ্ছে ইভান। সে তো জানে তার স্ত্রীর কেমন মাথা গরম। যদিও আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়েছে এখন, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। শামসের পরিবার কী জন্যে এসেছে তারা এখনো জানে না। বারবার জিজ্ঞেস করার পরও তারা কিছু বলেনি। তারা জানিয়েছে যা বলার রোশনাইকেই বলবে। ইভানের মনে হচ্ছে নিভানকে নেওয়ার জন্য এসেছে তারা। কিন্তু শামস কেন আসেনি? নাকি রোশনাইয়ের মুখোমুখি সে হতে চায় না?

ইভান বিছানার দিকে তাকাল। নিভান হাতপা ছড়িয়ে ঘুমিয়ে আছে বিছানায়।
পুনরায় রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,

“রোশনি, উনারা যাই বলুক তুমি কিন্তু উত্তেজিত হবে না, মাথা ঠান্ডা রাখবে।”

রোশনাই হাত মোজা পরতে পরতে ইভানের মুখের দিকে তাকাল। শীতল গলায় বলল,

“এত ভয় পাচ্ছেন কেন আপনি?”

“তোমার যা মাথা গরম!”

রোশনাই কিছু বলল না। সে কী অকারণে মাথা গরম করে? মাথা গরম করার মতন কাজ করলে মাথা গরম হবে না?

দুজন বের হলো রুম থেকে। রোশনাই ভেতরে ভেতরে ভয়ংকর রকমের রেগে আছে।
সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই প্রথমে চোখ পড়ল পিয়ার ওপর। খ্যাপাটে দৃষ্টিতে তার দিকে তাকিয়েই সোফার কাছে এগিয়ে এলো ইভানের সঙ্গে। সোফায় বসে থাকা সকলে তাকাল দুজনের দিকে। ইভান রোশনাইকে নিয়ে বসল বাবার পাশে।

শামসের বাবা, কাকা, স্ত্রী কেউই চিনতে পারছে না রোশনাইকে। রোশনাইয়ের মধ্যে এতটা পরির্বতন এসেছে?

অফিসার মুস্তফা কামাল বললেন,

“আপনি রোশনাই শিকদার?”

“জি।”

শামসের পরিবারের দিকে দেখিয়ে বললেন,

“উনাদের চেনেন?”

“জি।”

“আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে।”

“করুন।”

“আপনি কী জানেন আপনার হাজব্যান্ড মিস্টার শাম—

“দুঃখিত, অফিসার। মিস্টার শামস বর্তমানে আমার হাজব্যান্ড নন, উনি আমার এক্স হাজব্যান্ড। প্রায় তিন বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে।”

“জি, আমার একটু মিস্টেক হয়ে গেছে সেজন্য দুঃখিত। আপনি কী জানেন আপনার এক্স হাজব্যান্ড মিস্টার শামস চৌধুরী খু’ন হয়েছেন?”

“জি না, মাত্রই জানলাম আপনার কাছ থেকে।”

শামস খু’ন হয়েছে শোনার পর ইভান, ইহসান চৌধুরী ও করিম মিয়া চমকে উঠলেন। রোশনাইয়ের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আসার পর থেকেই নিচু গলায় স্বাভাবিক ভঙ্গিতে অফিসারের সঙ্গে কথা বলছে।

শামসের বাবা শহিদুল চৌধুরী খেঁকিয়ে উঠলেন।

“একদম মিথ্যা বলবে না রোশনাই, তুমিই আমার ছেলেকে খু’ন করেছো!”

রোশনাই শান্ত চোখে তাকাল শহিদুল চৌধুরীর দিকে। মুস্তফা কামাল শহিদুল চৌধুরীর দিকে তাকিয়ে বললেন,

“আমরা কথা বলছি তো, আপনি শান্ত থাকুন।”

“এই মেয়ে আমার ছেলেকে খু’ন করে ফেলেছে আর আপনি আমাকে শান্ত থাকতে বলছেন? ওকে রিমান্ডে নিন, সব সত্য গড়গড় করে বলে দেবে।”

অফিসার তৌহিদ আলম বললেন,

“মিস্টার চৌধুরী, আপনি একটু চুপ থাকুন, আমাদের কথা শেষ করতে দিন।”

শহিদুল চৌধুরী রাগে সাপের মতো ফোস ফোস করতে লাগলেন। রোশনাই তার দিক থেকে চোখ সরিয়ে নিল। তৌহিদ আলম বললেন,

“মিস্টার শামসের সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল?”

“দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের পঁচিশ তারিখে।”

“তারিখটা তো বেশ ভালো মনে রেখেছেন দেখছি।”

“জি, মনে রাখার মতনই তারিখটা।”

“কেন?”

“পঁচিশ তারিখে রাত বারোটার পর মিস্টার শামস নিজে আমাকে ঘাড় ধরে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল সেজন্যই তারিখটা স্মরণে আছে।”

শহিদুল চৌধুরী খেঁকিয়ে উঠলেন আবার।

“এই মেয়ে, পঁচিশ তারিখ বিকেলেও তুমি শামসের সঙ্গে ছিলে সেটা বলছো না কেন? ভেবেছো আমরা কিছু জানি না? আমার ছেলেকে খু’ন করে এখানে এসে সুখে সংসার পেতেছো আবার!”

সকলের নজর শহিদুল চৌধুরীর ওপর নিবদ্ধ। মুস্তফা কামাল রোশনাইয়ের দিকে তাকিয়ে বললেন,

“আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি আপনি পঁচিশ তারিখ বিকেলে শামসের সঙ্গে ছিলেন।”

“জি ছিলাম।”

“তাহলে লুকালেন কেন কথাটা?”

“কোথায় লুকিয়েছি? আমি তো বলেছিই পঁচিশ তারিখ শেষবারের মতো শামসের সঙ্গে দেখা হয়েছিল আমার।”

“আপনি মিস্টার শামসের সঙ্গে বাসে চড়ে কোথায় গিয়েছিলেন?”

“শামস আমাকে বান্দরবান নিয়ে যেতে চেয়েছিল তার কোনো এক ফ্রেন্ডের বাড়িতে, কিন্তু আমাকে না নিয়ে মাঝরাস্তায় একা ফেলে কোথায় যেন চলে গিয়েছিল।”

“ঘাড় ধরে বের করে দেওয়ার পর মিস্টার শামস কেন আপনাকে তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন?”

“আমার থাকার ব্যবস্থা করার জন্য।”

“বাড়ি থেকে বের করে দেওয়ার পর আবার আপনার থাকার ব্যবস্থা কেন করে দিচ্ছিলেন?”

“কারণ তার সন্তান তখন আমার গর্ভে ছিল, আর ডেলিভারির সময়ও হয়ে গিয়েছিল। শামস খুব ভালো করেই জানত আমার কেউ নেই, যাওয়ার জায়গা নেই। রাতে শামস তার দ্বিতীয় স্ত্রীর কথায় আমাকে বাড়ি থেকে বের করে দিলেও পরদিন বিকেলে আবার আমার সঙ্গে দেখা করে, তখন আমি দিশেহারা হয়ে বাস টার্মিনালে বসে ছিলাম। শামস আমার কাছে গিয়ে জানায় সে আমার থাকার ব্যবস্থা করে দেবে। তখন ছেলের প্রতি তার দরদ উথলে উঠেছিল।”

শহিদুল চৌধুরী বললেন,

“সব মিথ্যা কথা। ও প্ল্যান করে আমার ছেলেকে ওর কাছে ডেকেছিল, তারপর খু’ন করেছে।”

রোশনাই শহিদুল চৌধুরীর দিকে তাকাল। শান্ত গলায় বলল,

“এতকিছুর পরও আপনার বেঈমান ঠকবাজ ছেলেকে আমি কেন ডাকব? সে নিজে হন্যে হয়ে আমাকে খুঁজে বের করেছিল। আমি তার কোনো কথাও তো শুনতে রাজি ছিলাম না। সে বারবার রিকুয়েস্ট করেছিল আমাকে। আমিও ভেবে দেখলাম তার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। নিজের অসহায়ত্বের দিকে তাকিয়ে বাধ্য হয়ে তার সঙ্গে গিয়েছিলাম। কিন্তু আপনার কাপুরুষ লোভী স্বার্থপর ছেলে আবারও আমাকে মাঝ রাস্তায় একা ফেলে উধাও হয়ে গিয়েছিল। আমি কত কষ্টে ওখান থেকে এখান অবধি এসেছি আপনাদের কোনো ধারণা আছে?”

তৌহিদ আলম বললেন,

“আপনি বললেন আপনার কেউ নেই, যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে মিস্টার শামসের সঙ্গে গিয়েছিলেন। তাহলে এখানে যে আপনার আত্মীয় আছে এটা কীভাবে জানলেন?”

“আগে থেকেই জানতাম।”

“যদি আগে থেকেই জানতেন তবে শামসের সঙ্গে কেন গিয়েছিলেন এখানে না এসে? আর পরেই বা কেন এলেন?”

“আমি ছোটবেলা থেকেই জানতাম আমার নানা বাড়ি ঢাকায়। কিন্তু নানা বাড়ির কারোর সঙ্গেই আমাদের কোনো রকম যোগাযোগ ছিল না। আম্মু নানাভাইয়ের অবাধ্য হয়ে আব্বুকে বিয়ে করায় এই বাড়ির মানুষদের সঙ্গে আম্মুর যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল। আম্মু একদিন আমাকে এই বাড়ির ঠিকানা বলেছিল। আরও বলেছিল আম্মুর অনুপস্থিতিতে আমি যদি কাউকে পাশে না পাই, দিক দিশা না পাই, জীবনের চরম দুর্ভোগ ও অসহায়ত্বে পড়ি তবেই যেন নানাভাইয়ের কাছে সাহায্যের জন্য আসি, নতুবা যেন না আসি কারণ—আম্মু তার পরিবারকে ভীষণ দুঃখ দিয়েছিল। শামস আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। নানার বাড়িতে গেলে সেখানে যদি আশ্রয় না পাই তবে কোথায় যাব? নানান চিন্তায় পাগল পাগল হয়ে দিক দিশা হারিয়ে বাস টার্মিনালে বসে ছিলাম।”

“মিস্টার শামস আপনাকে কোথায় একা ছেড়ে দিয়েছিলেন?”

“দোহাজারী।”

“ওখান থেকে ঢাকায় এসেছিলেন কবে?”

“দোহাজারী থেকে আবার চট্টগ্রামে ফিরেছিলাম শামসকে খুঁজে না পেয়ে। চট্টগ্রাম থেকে আটাশ তারিখে বাসে উঠি আর ঊনত্রিশ তারিখ সকালে ঢাকায় এসে পৌঁছাই।”

“ছাব্বিশ ও সাতাশ তারিখ কোথায় ছিলেন?”

“ছাব্বিশ ও সাতাশ তারিখ দোহাজারীতেই ছিলাম এক বৃদ্ধ দম্পতির বাড়িতে। বৃদ্ধার নাম মনজুরুল ইসলাম, উনার দোকান আছে দোহাজারী বাজারে। আটাশ তারিখ সকালে দোহাজারী থেকে চট্টগ্রামে ফিরি, আর ওখান থেকে ঢাকায়।”

“মিস্টার শামস আপনাকে যেই বন্ধুর বাসায় নিয়ে যেতে চেয়েছিলেন সেই বন্ধুর নাম কী?”

“আমি জানি না।”

“সেই বন্ধুর বাসা বান্দরবানের ঠিক কোথায়?”

“তাও জানি না।”

“সে কী করে তা জানেন?”

“জি না।”

“আপনার সঙ্গে থাকা অবস্থায় মিস্টার শামস কারও সঙ্গে ফোনে কথা বলেছিলেন?”

“উনার সঙ্গে ফোন ছিল না সম্ভবত, ফোন থাকলে তো পিসিও থেকে কথা বলত না।”

“পিসিও থেকে কথা বলেছে?”

“জি।”

“তখন আপনি তার পাশে ছিলেন?”

“জি না। আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে বলে সে কথা বলতে গিয়েছিল।”

“কতবার কথা বলেছিল?”

“একবার।”

“চট্টগ্রাম থাকতেই নাকি দোহাজারীতে গিয়ে?”

“চট্টগ্রামে থাকতেই।”

শহিদুল চৌধুরী পুলিশ অফিসারদের ওপর চরম বিরক্ত হয়ে বললেন,

“এভাবে কথা বললে অপরাধী অপরাধ স্বীকার করবে? রিমান্ডে নিন সব স্বীকার করবে।”

ইভান রাগী গলায় বলল,

“আপনাদের কারও কোনো অধিকার নেই আমার ওয়াইফের সঙ্গে বাজে বিহেভ করার। একজন প্রেগন্যান্ট নারীকে মাঝরাতে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে এখন এসেছেন তাকে খুনি সাব্যস্ত করতে, লজ্জা লাগে না আপনাদের? আপনাদের ছেলে খু’ন হয়েছে দু বছর পেরিয়ে গেছে, আর এখন এসেছেন খু’নিকে ধরতে?”

মুস্তফা কামাল বললেন,

“উত্তেজিত হবেন না, মিস্টার ইভান। মিস্টার শামস যে খু’ন হয়েছেন সেটা আমরা গত সপ্তাহেই জানতে পেরেছি। শেষবার উনাকে মিসেস রোশনাই শিকদারের সঙ্গে দেখা গিয়েছিল, তারপর থেকে উনি নিখোঁজ ছিলেন। দু সপ্তাহ আগে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পাহাড়ের খাদ থেকে মিস্টার শামসের কঙ্কাল উদ্ধার করেছি আমরা।”

“দু বছরের বেশি সময় পেরিয়ে গেছে কঙ্কাল খাদে পড়েছিল, আপনারা কিভাবে বুঝলেন শামস যে খু’ন হয়েছে?

“কঙ্কালের সঙ্গে ছু’রি পাওয়া গেছে। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার কারণে মাথার খুলি ভেঙে গিয়েছিল। পাঁজরের হাড়ে অসংখ্য ছু’রিকাঘাতের চিহ্ন রয়েছে।”

রোশনাই এতক্ষণ দুজনের কথা শুনছিল। অফিসারের কথা শুনে এবার বলল,

“ওই সময় আমি নয় মাসের প্রেগন্যান্ট ছিলাম। নয় মাসের একটা প্রেগন্যান্ট মেয়ের শারীরিক অবস্থা কেমন থাকে সেটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বোঝাতে হবে না। শামস ছিল ছয় ফুট লম্বা। নিয়মিত এক্সারসাইজ করত সে। আমার মতন একটা মেয়ে যে কিনা নয় মাসের প্রেগন্যান্ট, যার উঁচু ভারী পেট, নড়াচড়া করতেই বেগ পোহাতে হয়, তার ওপর শারীরিক ও মানসিকভাবে দুর্বল সে ওই সময় শামসের মতন লম্বা চওড়া সুস্থ সবল একজন পুরুষকে খু’ন করতে পারবে? সম্ভব? আপনাদের বিবেক কী বলে?”

অফিসাররা চুপ করে রইলেন। রোশনাইয়ের কোথায় যুক্তি আছে। শহিদুল চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন,

“কিলার ভাড়া করেও তো খু’ন করাতে পারো।”

“আমার কাছে এত টাকা কোথায় ছিল যে আমি কিলার ভাড়া করব কাউকে খুন করানোর জন্য? আর খু’ন করাবোই বা কেন?”

“রাগ, ক্ষোভ, আর হিংসা থেকে।”

“হাসালেন মিস্টার শহিদুল। আপনার ছেলের মধ্যে তেমন কিছু ছিল না যার জন্য তাকে হিংসা করব আমি। রাগ ক্ষোভ ছিল বৈকি—আমি তাকে এত ভালোবাসতাম অথচ সে আমাকে ঠকিয়ে এই মেয়েকে ভালোবেসে বিবাহ ছাড়াই এর সঙ্গে শুয়ে পড়েছিল। স্ত্রী হিসেবে আমার রাগ করারই কথা, তাই না?”

রোশনাইয়ের কথা শুনে সবাই পিয়ার দিকে তাকাল। পিয়া অস্বস্তিতে গাট হয়ে গেল। ইহসান চৌধুরী পিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বললেন,

“এমনও তো হতে পারে যে শামসের দ্বিতীয় স্ত্রীই শামসকে খু’ন করিয়েছে।”

ইহসান চৌধুরীর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল পিয়া। পরমুহূর্তেই ছ্যাঁত করে উঠে বলল,

“ফালতু কথা বলার জায়গা পান না? আমি কেন খু’ন করাতে যাব?”

“করাতেই পারো। শামস রোশনাইকে নিয়ে ভাবছে, তার থাকার ব্যবস্থা করে দিচ্ছে, এটাই হয়তো তোমার সহ্য হয়নি সেজন্য মানুষ লাগিয়ে শামসকে খু’ন করিয়েছো। তোমার মতন মানুষদের পক্ষে এটা অসম্ভব কিছু বলে মনে হয় না আমার। যেই মেয়ে জানে ছেলেটার স্ত্রী আছে, তারপরও সেই ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার স্ত্রীর জীবনটা জাহান্নাম বানিয়ে দেয়, তার পক্ষে কাউকে খু’ন করা অসম্ভব কিছু নয়। এইসব মেয়েরা হয় চরম লেভেলের লোভী ও স্বার্থপর। এরা নিজের বাবা-মাকেও খু’ন করতে পিছপা হয় না।”

“এবার কিন্তু আপনি বেশি বেশি বলছেন!”

“এত গায়ে লাগছে কেন? তার মানে খু’নটা তুমিই করিয়েছো।”

পিয়া অফিসারদের দিকে তাকিয়ে বলল,

“আপনাদের সামনে এভাবে আমাকে মিথ্যা ব্লেম দিচ্ছে আপনারা কিছু বলছেন না কেন?”

ইভান পিয়ার দিকে না তাকিয়েই বলল,

“এতক্ষণ আপনার শ্বশুরও আমার ওয়াইফের নামে মিথ্যা ব্লেম দিচ্ছিল।”

“ও খু’ন করেছে বলেই দিচ্ছিল।”

“খু’নটা তো আপনিও করতে পারেন।”

“আমি আমার হাজব্যান্ডকে কেন খু’ন করব?”

“কারণ সে তার এক্স ওয়াইফ ও অনাগত সন্তানের প্রতি দরদ দেখাচ্ছিল।”

“বারবার ফালতু কথা বলবেন না। শামস সেদিন কোথায় গিয়েছিল সেটা তো আমি জানতামই না। ও কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।”

“আপনি যে তার পেছনে আগে থেকেই লোক লাগিয়ে রাখেননি তার কী প্রমাণ আছে? সে বউ থাকতেও আপনার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আপনাকে রেখে অন্য কারও সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এই সন্দেহ থেকে আপনি তার পেছনে লোক লাগিয়ে রাখতেই পারেন, তাই নয় কী?”

“জীবনেও না।”

শহিদুল চৌধুরী বললেন,

“এত কথার কোনো প্রয়োজন নেই। রোশনাইকে গ্রেফতার করুন, অফিসার। পুলিশের ডান্ডার ঘা খেলেই গড়গড় করে সব সত্য উগরে দেবে।”

রোশনাই শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল শহিদুল চৌধুরীর দিকে। ইভান রাগী গলায় বলল,

“আপনাদের কাছে প্রমাণ আছে আমার ওয়াইফ যে মিস্টার শামসকে খু’ন করেছে? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? বেশি বাড়াবাড়ি করলে আপনার নামে মানহানির মামলা করব। কিছু বলছি না বলে কী পেয়েছেন?”

এতক্ষণ ধরে চুপ হয়ে থাকা ইন্সপেক্টর মাহফুজুর রহমান বললেন,

“আপনারা সবাই একটু মাথাটা ঠান্ডা রাখুন। রোশনাইয়ের সঙ্গে কথা বলতে দিন আমাদের।”

“এতক্ষণ ধরে তো বলছেনই, আর কী বলবেন?”

রোশনাই বলল,

“যা বলার দ্রুত বলুন, নামাজের সময় হয়ে আসছে।”

অফিসাররা আবারও প্রথম থেকে জেরা শুরু করলেন। রোশনাইয়ের সেই একই উত্তর। একটা কথারও গড়মিল হচ্ছে না। নানানভাবে নানান প্রশ্ন করেও তাকে ভরকানো গেল না।
ইন্সপেক্টর মাহফুজুর রহমান আগে থেকেই রোশনাইকে চেনেন, সেই টিউলিপের ঘটনা থেকে। এই মেয়ে যা বদ মেজাজি, আজকে এমন শান্ত আছে কীভাবে?
মানুষ পরিবর্তনশীল, রোশনাইও বোধহয় মেজাজ কমিয়ে ফেলেছে, নাহলে এমন শান্ত থাকার কথা নয়।

রোশনাই বলল,

“আপনাদের আরও কিছু জানার আছে? না থাকলে আমি উঠলাম এখন। আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে। রুমে একা রয়েছে ও।”

শহিদুল চৌধুরী রোশনাইয়ের সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালেন। বললেন,

“আমার নাতিকে আমি নিয়ে যাব, ও আর এখানে থাকবে না।”

“আমার ছেলের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে আপনার পেছনেই ভরে দেবো!”

ঠান্ডা গলায়ই কথাগুলো বলল রোশনাই। তার কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ। এমন শান্ত একটা মেয়ে এমন কথা কীভাবে বলছে? এতক্ষণ তো বিড়ালের মতো মিউ মিউ করে কথা বলছিল।

শহিদুল চৌধুরী নিজেকে সামলে বললেন,

“দেখলেন আপনারা? ওর কথা শুনলেন? ওকে দেখে ভাজা মাছ উলটে খেতে জানে না মনে হলেও ও নিজেই মাছ শিকার করে সেই মাছ ভেজে উলটেপালটে খায়!”

রোশনাই মুচকি হেসে বলল,

“মাঝরাতে যখন আমার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলো তখন মনে ছিল না নাতিটা আপনার? দিনের পর দিন যখন আমাকে মানসিক অত্যাচার করতেন তখন মনে ছিল না আমার গর্ভের বাচ্চাটা আপনার নাতি? সামান্য খাবার খাওয়া নিয়ে যখন হাজারটা খোটা দিতেন তখন মনে ছিল না আমার গর্ভের বাচ্চাটা আপনার নাতি? বাড়ি থেকে বের করে দেওয়ার পর একটাবার আমার খোঁজ নেওয়ার কথা মনে করেছিলেন? আপনার নাতি বেঁচে আছে নাকি ম’রে গেছে সেটা জানার চেষ্টা করেছেন একবারও? আমার ছেলেকে পেটে নিয়ে আমি একা লড়াই করেছি। ওকে পেটে নিয়ে অসুস্থতায় রাতের পর রাত আমি জেগেছি। দিনের পর দিন আমি কেঁদেছি। আপনাদের দেওয়া নরক যন্ত্রণা সহ্য করে ওকে আমি জন্ম দিয়েছি। আর এখন এসে আপনি চাইবেন আর আমি আমার ছেলেকে দিয়ে দেবো? এতই সহজ?”

রোশনাই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল ড্রয়িংরুম থেকে। ইভানও তার পেছন পেছন এগোল।
ইহসান চৌধুরী সকলের দিকে তাকিয়ে বললেন,

“আপনাদের আরও কিছু জানার আছে? না থাকলে অনুগ্রহ করে এখন আসুন আপনারা।”

অফিসাররা উঠে দাঁড়ালেন। মুস্তফা কামাল বললেন,

“তদন্তের জন্য আমাদের আবারও আসতে হবে হয়তো। ভালো থাকবেন, আসছি।”

শহিদুল চৌধুরী রাগী চোখে ইহসান চৌধুরীর দিকে তাকিয়ে দরজার দিকে এগোলেন ধুপধাপ পা ফেলে।

রোশনাই বোরকা হিজাব খুলে রাগে ফোস ফোস করছে। ইভান তার সামনে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। অনেকদিন পর আজ রোশনাইকে রাগে এমন করতে দেখছে সে।

আরও কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। ইভান শান্ত গলায় বলল,

“সত্যটা কি, রোশনি? শামসকে কে খু’ন করেছে?”

রোশনাই কিছুক্ষণ তাকিয়ে রইল ইভানের মুখের দিকে, তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বলল,

“কি মনে হচ্ছে আপনার? খু’নটা আমি করেছি?”

ইভান তাকিয়ে রইল রোশনাইয়ের শান্ত গভীর চোখ দুটোর দিকে। হুট করেই রোশনাই পুরো শান্ত হয়ে গেছে। আগের ভাব বজায় রেখে বলল,

“যদি বলি খু’নটা আমি করেছি তবে?”

কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল,

“আর যদি বলি খু’নটা আমি করিনি তাহলে?”

“তুমি একদিন বলেছিলে বেঈমানদের হয় ছেড়ে দাও, নয়তো শেষ করে দাও।”

“সেই কথা মনে রেখেছেন এখনো? সেজন্যই কী অমন অদ্ভুতভাবে তাকিয়েছিলেন?”

“আরেকদিন বলেছিলে থাকলে তো আসবে। তার মানে তুমি আগে থেকেই জানতে শামস নেই, তাই সে কোনোদিন আসবেও না। এসবের মানে কী?”

রোশনাইয়ের ঠোঁটে হাসি ফুটল। বলল,

“সব মনে রেখেছেন দেখা যাচ্ছে।”

“দয়া করে সত্যতা বলো।”

রোশনাই ইভানের মুখের দিকে তাকিয়ে অতীতে ডুব দিলো।
শামস তার সামনে দ্বিতীয় বউয়ের সঙ্গে রঙ ঢঙ করত এটা একদম সহ্য হতো না তার। তার ইচ্ছে করত দুটোকেই খু’ন করে মনের জ্বালা মেটাতে।

চলবে…………

দিন দিন আপনাদের রেসপন্স কমে যাচ্ছে। যারা যারা পড়বেন সবাই রেসপন্স করবেন। যেকোনো পোস্ট দিলে অন্তত একটা করে লাইক দিবেন। আপনাদের একজন লেখক হয়ে এটুকু তো আপনাদের কাছে আশা করতেই পারি, তাই না?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 33 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন