#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব_____০৩
বিনিতা এলো সাতসকালেই সাদিক মেনশনে। তার হাতে কতগুলো রজনীগন্ধা। শিল্পীর বড্ড পছন্দের শুভ্র মেঘের রঙে রাঙানো রজনীগন্ধার সুবাস। তিনি বসার ঘরেই ছিলেন। বহু কাল পর বোনের মেয়েকে দেখে মনটা পুলকিত হয়ে উঠল তার। পুতুলের মতো দেখতে সুন্দর মেয়েটাকে কতকাল দেখেন না! গুণে দেখলে হিসেবের খাতায় মাস দুয়েক লিখা হয়ে যাবে। কাছে গিয়ে বুকে টানলেন। অসহিষ্ণু গলায় বললেন," এতদিনে মনে পড়ল খালার কথা? তুই আসিস না কেন,মা?"
ফুলগুলো খালার হাতে তুলে দিল সে," ইউনিভার্সিটিতে ক্লাস অফ হওয়া ছাড়া আসতে পারি না। এত দূরে থেকে তোমাদের ভীষণ মিস করি। মন চায়,উড়ে চলে আসি রাজশাহী থেকে। তাছাড়া বাবা,মা পছন্দ করেন না তোমার এখানে আসা। মিথ্যা বলে বের হয়েছি যে, বান্ধবীর বাসায় যাব।"
বোন ঝিকে দেখে শিল্পীর সদ্য সৃষ্ট হওয়া আনন্দের অনুভূতির ওপর বোনের কথা মনে পড়ায় ধূলিকণার আস্তরণ জমে গেল। কত বছর ধরে কথা হয় না বড়ো বোনের সাথে! তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে মায়ের মতো আদরে আদরে তাকে বড়ো করে তোলা বোনটা। তরুণিমা তাদের জীবনে পদার্পণ না করলে বোধহয় আজ সব ঠিক থাকত। পরাণ জুড়ে থাকা ছেলেটা বাড়িতে থাকতে পারত,বোনের সাথে সম্পর্কটা নষ্ট হতো না। আর বিনিতাকে বড়ো ছেলের বউ হিসেবে প্রত্যেক মুহূর্তে দেখতে পেত চোখের সামনে। মাঝে মাঝে মেয়েটাকে ধাক্কা দিয়ে বের করে দিতে ইচ্ছে করে এই বাড়ি থেকে, কিন্তু পরমুহূর্তে দুঃখিনী মেয়েটার প্রতি এক অমোঘ, অদৃশ্য টান অনুভব করেন তিনি।
ছাবেতা ঘুম থেকে উঠে চায়ের খোঁজে বসার ঘরে এসেছিলেন। ভদ্র মহিলা ডাক্তার দেখাবেন বলে এসেছেন টাঙ্গাইল থেকে এখানে। সাদিক আহমেদরা তিন ভাই। বড়ো আর ছোট ভাই ছেলেমেয়ে নিয়ে গ্রামে থাকেন। মাছের আড়ত সামলান সেখানে। অর্থ,সম্পত্তি, প্রাচুর্য কম নয় উনাদের। পৈতৃক সূত্রে তিন ভাই অনেক টাকা-সম্পদ পেয়েছেন। অল্প বয়সে বুদ্ধি করেই ঢাকা শহরে পড়তে এসে,পড়ালেখা চলাকালীন কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি। ছোটোখাটো একটা দোকান নিয়েছিলেন নিউমার্কেটে। এখন নিউমার্কেট, যমুনা ফিউচার,বসুন্ধরা সব জায়গায় একটা করে তিনটে দোকান হয়েছে উনার। সবকিছু কর্মচারীরাই সামলান। ছেলেরা এসবে নেই। বড়ো ছেলে তানভীর কানাডাতে থাকে। পড়াশোনার জন্য গিয়ে জব পেয়ে ওই দেশে সেটেল হয়ে গেল। আগে দেশে আসত মাঝে মাঝে,কিন্তু বছর কয়েক ধরে আর আসে না সে। যার কারণটাও তরুণিমা। ছোট ছেলে তুষার থাকে চট্টগ্রাম। চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলী বিভাগের লাস্ট সেমিস্টারের ছাত্র সে। স্বভাবে প্রচণ্ড উদাসীন। ইচ্ছে হলে মায়ের আদর লুটতে চলে আসে হুটহাট। আর ইচ্ছে না হলে বছর গড়িয়ে যায় তবুও দেখা মিলে না।
বিনিতাকে দেখে ছাবেতা ওর থুতনিতে হাত রাখে। নৈঃশব্দদের ছুটি দিয়ে বলে," কি সুন্দর মাইয়্যাটা! ও তোমার বড়ো বোন শিফার মেয়ে না? ছোটেবেলায় দেখছিলাম। তুমি মজার ছলে বলতা,ওরে তানভীরের বউ করে আনবা। ওই কালা মাইয়াডার থেকে এই মেয়েটা তানভীরের বউ হলে কত যে ভালো হইতো! সাদিক ভাই ওই মাইয়্যার মধ্যে কী পাইল বুঝি না! নিজের পোলারে সহ পর করে রাখছে কালা মাইয়্যার জন্য। "
এতক্ষণ নীরব কন্যার রূপ ধারণ করে ছিল বিনিতা। কথা বলতে কাপর্ণ্য করে না সে কখনো। বন্ধুমহলে বাঁচাল বলেই বিবেচিত ও। শুধুমাত্র খালার মান রাখতে চুপচাপ হজম করছিল একেকটা বাক্য। কিন্তু কারো গায়ের রং নিয়ে কটাক্ষ করা বিষয়খানা তীক্ষ্ণ ফলার মতো বিঁধল তার বিবেকে। ছাবেতাকে উদ্দেশ্য করে কয়েকটা বাক্য ব্যয় করে ফেলল তৎক্ষনাৎ," আপনার গায়ের রং কিন্তু শ্যামবর্ণের আন্টি। আংকেল কীভাবে বিয়ে করল আপনাকে? আংকেলের একেবারে ধবধবে সাদা চামড়ার কাউকে বিয়ে করা উচিত ছিল। আপনি তো কালো!"
ছাবেতা ওকে ছেড়ে দিয়ে চোখ-মুখ কুঁচকে আওড়ালেন," কই দেখলা আমি কালা? আমার গায়ের রংডা কালা লাগল কোনদিক থাইকা? চোখে ছানি পড়ছে তোমার। "
পাল্টা প্রশ্ন করল বিনিতা," আপনি কোথায় দেখলেন তরু আপু কালো? সেও আপনার মতোই শ্যামবর্ণা। বরং আপনার থেকেও বেশি সুন্দর, স্মার্ট, শিক্ষিত একজন মেয়ে। নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীটাকে দেখছে, চাকরি করে খাচ্ছে। কারো গায়ের রং নিয়ে কখনোই পরিহাস করবেন না। গায়ের রং যোগ্যতা বিচার করে না, যোগ্যতার বিচার হয় তার কর্মে।"
ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকলেন কতক্ষণ ছাবেতা। মাঝে কাটল কয়েক সেকেন্ড। ধীরে ধীরে চেহারায় চাপা রাগের আভাস দেখা গেল। অকস্মাৎ পাগলা ষাঁড়ের মতো ক্ষেপে উঠলেন তিনি। শিল্পীকে মুখের ওপর বলে গেলেন," কালি বিয়া করাও আর বিদেশিদের লাহান দেখতে সুন্দর মাইয়্যা,দুইটাই বেয়া*দব। এক দণ্ডও শান্তি পাইবা না এরকম মাইয়াদের নিয়া সংসারে।"
কথাগুলো শুনে শিল্পী মুখ টিপে হাসলেন। তিনি জানেন বিনিতা ও তরুণিমা মেয়ে দুটোই ভালো মনের। শুধু তাদের জীবনটা একইসূত্রে চলছে দুর্ভাগ্যবশত। দুজনের মনের জমিনেই মধ্যে রাতের অমানিশা খেলে বেড়ায়। বিনিতার হাতটা টেনে ধরে বলল," কিছু মনে করিস না, আপা স্বভাবে এমনই। "
" সেটা বুঝতে পেরেছি। তরু আপু, চতুর্যা কোথায়? কাউকে দেখছি না। তুষার ভাই কি আসেন না বাড়িতে?"
বিনিতা ও তুষার এক মাসের ছোটোবড়ো বয়সের মাপে। তানভীর ওদের চেয়ে পাঁচটা বছরের বড়ো। চতুর্যা সবে ইন্টারে ভর্তি হয়েছে। শিল্পীর চেহারায় অন্ধকারের শামিয়ানা নেমে এলো। মন্থরভাবে জিজ্ঞেস করে,
" সবার কথা জানতে চাস,কখনো জানতে চাইলি না তানভীর কেমন আছে। "
" তোমার ছেলে কি কখনো জানতে চেয়েছে আমি কেমন আছি? আমার নামটা উচ্চারণ করেছে কভু? সে কি কখনো আমাকে চেয়েছে? তুমি আর মা মিলেই কেবল আমাকে তার বধূ বেশে দেখতে চাইলে,সে চায় নি। "
শিল্পী একজন কঠিন ও নাজুক এই দুইয়ে মিলিত মিশ্র স্বভাবের নারী। শাসনের বেলায় ছেলেমেয়েদের শাসন করেছে,আদরের বেলাতে আদর। কখনোই ছেলেমেয়েদের অন্যায় আবদারকে প্রশ্রয় দেন নি। আবার তাদের জন্য যা ভালো হবে সবসময় সেটাই আদেশ করেছেন মা হিসেবে। ছেলের জন্য যেই মেয়েটা ভালো হবে, ছেলেকে সামলে রাখতে পারবে সেই মেয়েটাকেই বেছে রেখেছিলেন মনের সংগোপনে তানভীর কলেজে পড়বার সময়। কিন্তু তার ভাবনার অনুরূপ হলো না কোনো কিছু।
চতুর্যার সাথে বিনিতার দেখা হলো ছাদে। গাছে পানি দিচ্ছে ও। প্রত্যুষের প্রথম রোদে ভেসে যাচ্ছে প্রকৃতি। হলুদ গোলাপ গাছটার কাছে দাঁড়িয়ে বলে," কেমন আছিস?"
বিনিতাকে পেয়ে চতুর্যা ভালো-মন্দের খবর না দিয়ে সর্বপ্রথম বলে ওঠে নিচু গলায়, " তানভীর ভাই দেশে আসছে,জানো?"
হৃদয় কেঁপে উঠল বিনিতার। অনিয়ন্ত্রণের বাইরে চলে গেল অবাধ্য হৃৎপিণ্ডটা। তিনটে বছর ধরে দেখে না ওই মানুষটাকে যার মুখ এক সময় দেখার জন্য ব্যাকুল হয়ে উঠত মনপ্রাণ। থম ধরা গলায় বলল," কবে আসবে?"
" এ মাসেই। মা আর আমি জানি শুধু। "
" খালু কি এ বাড়িতে ঢুকতে দিবে তাকে?"
চতুর্যা নিভন্ত গলায় মাথা দু দিকে নেড়ে জানায়," না। বাবা বলে দিয়েছে তরু আপুই একমাত্র ভাইয়ার এ বাড়িতে থাকার আশ্রয়। বাবা কতটা কঠিন মানুষ জানোই তো। তরু আপুকে মেনে নিলেই সব সমস্যা মিটে যায়। মেয়েটার জীবনে কষ্ট কি কম? ভাইয়া চাইলেই সুন্দর,সম্মানের একটা জীবন দিতে পারে তাকে। "
অশ্রুর নোনা জল জমল বিনিতার চোখের অতল দীঘিতে। বাষ্পাচ্ছন্ন শোনাল তার কণ্ঠস্বর,
" আমাদের মনটা অনেক বড়ো বেহায়া,অবাধ্য। মাঝে মাঝে ভয়ং-কর কিছু চেয়ে বসে যা আমাদের কষ্টের সাগরে ভাসিয়ে দেয়, ভালো থাকা কেড়ে নিয়ে করে দেয় সর্বস্বান্ত।
অথচ এটা সঠিক পথে চললে আমাদের জীবনে কষ্ট, অসুখ, যন্ত্রণার আশ্রয় হতো না। জীবনটা তো আর রেললাইনের মতো সোজা নয় যে মানুষ শুধু সুখ আর সুখ উপভোগ করবে। এ জীবনে দুঃখ আসবে বলেই মনকে নিয়ন্ত্রণ করার রিমোটটা আমাদের লাগালে দেয় নি সৃষ্টিকর্তা।"
ছন্দময়, জাদুকরী কণ্ঠস্বর শুনে মায়ার মেঘ জমে চতুর্যার চিত্ত গগণে। বিনিতা তার মাথার আলতো ছুঁয়ে, হাত বুলিয়ে
চলে গেল। সে ভাবনায় পড়ে গেল তার পছন্দের দুটি মানুষ নিয়ে। বুঝল তরুণিমাকে বিয়ের কথা বলে ভালো করে নি সে। এতে নিশ্চয়ই কষ্ট পেয়েছে বিনিতা! নিজের করা বোকামির ওপর রাগ হলো তার।
ফুয়াদের সাথে কাজের কথা বলার ফাঁকে ফাঁকে ট্যুরিস্ট দলের দিকে বার বার আড়চোখে তাকাচ্ছে ইয়াজিদ। উক্ত কার্যকলাপ সাব্বিরের চোখ এড়ালো না। শ-ত্রুকে এভাবে চোখে চোখে বন্দি করে রাখতে হয় আজ জানল সে। ফুয়াদ উঠে চলে গেলে কাষ্ঠ হাসল ইয়াজিদের সামনে দাঁড়িয়ে। ইয়াজিদ চোখ ছোট ছোট করে তাকাল। কপালে কুঞ্চিত রেখা," কী জানতে চাও?"
সম্মুখে বসা শান্ত ও পাথরের মতো কঠিন মুখটা পরখ করে নিল সাব্বির। রেগেমেগে যাবে কি-না সেই দ্বিধায় মগ্ন হয়ে নিজের জানার আগ্রহ ব্যক্ত করে বসে অজস্র ভয় সমেত,
" তরুণিমা মেয়েটাকে গতকাল থেকে চোখে চোখে কেন রাখছেন,স্যার?"
টেবিল থেকে মাউথ অর্গান নিয়ে সুর তুলল ইয়াজিদ। সকলের দৃষ্টি এসে পড়ল তার ওপর। তরুণিমা বিবাগী মনের লাগাম টানতে না পারে নি৷ চিরচেনা এই সুর গিয়ে লাগল তার হৃদয়ের তন্ত্রীতে। মধুর কলরবের উৎস খুঁজতে নিজের জলে ভাসা পদ্মের ন্যায় চোখ দুটি দিয়ে তাকাল এদিকে। তার মুখের পানে দৃষ্টি অনড় রেখে ইয়াজিদ হাসল। মিচকে টাইপের হাসি ঠেকল সেটা তরুণিমার কাছে। দৃষ্টি সরিয়ে নেয় সে ঝটপট। সুরের ঝরনাধারা থামিয়ে দেয় ইয়াজিদ। বলে,
" শ**ত্রুকে চোখে চোখ রাখলে তার ভালো-মন্দ, দুর্বলতা জানা যায়, সাব্বির। তার দুর্বলতা জানলেই আ-ঘাত আরো তীব্র ও শক্তভাবে করা যায়। "
সাব্বির আর কথা বাড়াল না। তরুণিমার জন্য মায়া হলো তার। ইয়াজিদকে কিছু বলার মতো সাহস তার নেই। ঠিক কী কারণে তরুণিমাকে এতটা অপছন্দ করে, নিজের শ*ত্রু ভাবে জানে না সে। তবে চায়,তরুণিমা বেঁচে যাক। কারণ,ইয়াজিদের তরফ হতে আ**ঘাত পাওয়া মানুষগুলো জানে কতটা যন্ত্রণাদায়ক হয় আঘা**তগুলো,আর কতটা বিভৎস ভাব লুকিয়ে আছে এই সুন্দর চেহারার আড়ালে।
" তোমাকে তরুণিমার আপডেট দিতে বলেছিলাম। কিছু জেনেছ?"
তখনও ইয়াজিদের গম্ভীর দৃষ্টি তরুণিমার দিকে। লিলুয়া বাতাস বইছে চারদিকে। এই দৃষ্টি, অপরিমেয় হিং*স্র মনোভাব মেয়েটার প্রতি কোনোকিছুরই সঠিক সমীকরণ পাচ্ছে না সাব্বির। আর তরুণিমাকে দেখার পরই ইয়াজিদের অস্বাভাবিক আচরণটা বেড়েছে। মাঝখান দিয়ে তো কয়েক মাস স্বাভাবিক ছিল সবকিছু। ডা. ম্যাথিউজ বা তানিয়া ম্যামকে কি বিষয়টা সম্পর্কে অবগত করা উচিত? ঢিমেতালে জবাব দিল,
" জি স্যার। "
" গত চার বছর ধরে কী চলছে ওর জীবনে? বিয়ে হয়ে যাওয়ার ব্যাপারটা সত্যি? "
" হওয়া আর না হওয়ার মধ্যে ঝুলে আছে, স্যার। "
" হওয়া আর না হওয়ার মধ্যে ঝুলে আছে মানে? "
উগ্র চোখ তাকাল ইয়াজিদ। চোয়াল শক্ত। কথাবার্তায় এমন হেঁয়ালিপনা অসহ্য লাগছে তার।
সাব্বির শুষ্ক গলা ভিজিয়ে মিইয়ে গলায় বলল," সাদিক আহমেদের বাড়িতে থাকছে। যে কি-না আবসার হকের জানে জিগার,বন্ধু। তারই বড়ো ছেলের বউ হওয়ার কথা তরুণিমার, হয়তো হয়েও গেছে। যেহেতু মেয়েটা সেই বাড়িতেই থাকছে। এর থেকে বেশিকিছু জানতে পারি নি। বাকি আপডেট ঢাকা গিয়ে নিতে হবে। "
উঠে দাঁড়াল ইয়াজিদ। প্যান্ট এর পকেটে হাত রেখে তরুণিমাদের তাবুগুলোর দিকে আবার তাকাল। দুপুরের রান্না করা খাবারের বিশাল পাতিলটা জয়ন্তীকার সাথে মিলেঝুলে টেনে নিতে সাহায্য করছিল সে। শর্ট হাতা পরা ড্রেস হবার দরুন তার হাতের কুনইয়ে সাদা ব্যান্ডেজে রোদের আদুরে ছোঁয়া এসে লাগছে। ব্যাপারটা গভীর চোখে তাকিয়ে দেখছে সে। কোত্থেকে লম্বা,দেখতে মোটামুটি সুন্দর একটি ছেলে এসে হাতটা ধরল তরুণিমার। বাধা দিয়ে তাকে সরিয়ে পাতিল নিজের হাতে নিয়ে নিল। ফটাফট সাব্বিরকে চাপা গলায় রোষপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল ইয়াজিদ,
" ছেলেটা কে?"
সাব্বির এক নজর দেখে জবাব দিল," ওদের দলের। নাম কাইফ। "
" এই ছেলের জীবন নরকে পরিণত করো। "
আহাম্মক বনে গেল সাব্বির," ছেলেটা কী করেছে,স্যার?"
" তোমার জানা কি খুবই দরকার? "
চোখ লাল করে চাইল ইয়াজিদ। সাব্বির দ্রুতবেগে, এক নিঃশ্বাসে বলল," কালকেই জানবেন এই ছেলের চাকরি নাই। "
" গুড। আরেকটা কাজ করো। এখানে জোঁক পাওয়া যায় না?"
" অভাব নেই। "
" কিছু জোক ধরে এনে ইলিনার পায়ের কাছে ছেড়ে দেবে কৌশলে। "
" সে আপনার মুভির নায়িকা,স্যার। পায়ে সমস্যা হলে এখানে হওয়া লাস্ট শ্যুটিংটা হবে না। এতে আপনার লস হবে। "
নিস্পৃহ মনোভাব ইয়াজিদের," লস হলে হোক। তবুও যেই পা দিয়ে এই মেয়ে বার বার আমার কাছে আসে,সেই পা ক্ষ*তবিক্ষত দেখতে চাই আমি। প্রয়োজনে পরবর্তীতে নিজ উদ্যোগে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে আবার বান্দরবান নিয়ে আসবে শ্যুটিংয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে। "
সাব্বিরের সেলফোন বেজে উঠল। ছেলের ভয়ে তটস্থ থাকে তার প্রাণটা সর্বদা,এখন নিশ্চয় ছেলের খোঁজ খবরাখবর জানতে ফোন করেছে ইয়াজিদের মা তানিয়া খান!
#চলবে!
★গল্প নিয়ে কিছু কথা~
আমি ফের পরিস্থিতির স্বীকার হয়ে গেলাম। জানি, ব্যাপারটা হয়তো আপনাদের কাছে বেমানান লাগতে পারে যে গল্প দিলেই বাহানা খুঁজি, দেরি করে দিই। সত্য তো এটাই, পরিস্থিতির স্বীকার আমি। গতকাল আমার তৃতীয় বর্ষের ফাইনাল এক্সাম রুটিন প্রকাশিত হলো। এই পরীক্ষার রুটিন কবে দিয়ে দেয় এই ভয়ে জানুয়ারি, ফেব্রুয়ারিতে গল্প লিখব লিখব করেও লিখি নি। ইদের পর রুটিন প্রকাশিত হবে ভেবে গল্প শুরু করে দিলাম। অথচ এখন পুরোই একটা হিজিবিজি অবস্থা হয়ে গেল। সামনে পরীক্ষা, না পড়ে উপায়ন্তর নেই। সে কারণে আমি গল্পটা যে বন্ধ করে দিব এমন না, শুধু পর্বগুলো দেরি হবে। এই যেমন ২-৩ দিন পর পর একটা পর্ব দিব। আশা করি আপনারা বুঝবেন।
★ গল্পে হওয়া ভুলগুলো আমায় ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ ২-৩ হাজার শব্দের বিশাল পর্ব দিতে পারি নি। ১৭০০+ শব্দের ছোট্ট একটি পর্ব দিলাম।