ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 4

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____০৪

ইলিনার পায়ের হাল শোচনীয়। রক্তাভ দাগে ভরে গেছে গোলাপের ন্যায় কোমল সাদা অঙ্গ। মেয়েটার আর্তচিৎকারে কিঞ্চিৎ কেঁপে উঠল সবাই, শৈল চূড়ায় উপস্থিত একজন ব্যতীত। চিৎকারে মিশে থাকা ব্যথার হদিস পেয়ে হাসির ঢেউ খেলে গেল তার অমসৃণ,দাঁড়িতে শোভাময় চেহারায়।

বড়ো গাছের ছায়াতলে চেয়ার পেতে বসে কফি খাচ্ছিল ইলিনা। সেদিকে ছুটল শ্যুটিং সেটের সকলে। সাব্বির তার এই আর্তনাদের কারণ সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও কণ্ঠনালি শুকিয়ে কাঠ কাঠ হয়ে গেল। নীল অম্বরে মেঘমালারা ডানপিটে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ্র মেঘ ও কৃষ্ণ কাদম্বিনী দুদিক থেকে ছুটে এসে মিলেমিশে একাকার হচ্ছে একে অপরের সাথে। ইয়াজিদ ঘাসের বুকে দীর্ঘ শরীরটা এলিয়ে দুহাতের ওপর মাথা রেখে মেঘেদের মিতালিতে ধ্যানমগ্ন নিবেশ করে রেখেছে। এহেন নির্বাক কাণ্ড দেখে সাব্বিরের নাসারন্ধ্র গলিয়ে প্রলম্বিত নিঃশ্বাস মুক্ত হলো। পানসে গলায় বলল,

" কাজ হয়ে গেছে, স্যার। "

দৃষ্টির নড়চড় হলো না তবুও ইয়াজিদের। নিস্তরঙ্গ কণ্ঠে আদেশ করে," যাও,গিয়ে অবাক হওয়ার ভান ধরবে। আফসোস করে পাহাড় থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যাবে। "

" শ্যুটিংয়ের কী হবে স্যার?"

" ডাক্তার যখন ঘোষণা করবে পায়ের অবস্থা খারাপ, তখন ডিরেক্টর নিজেই বুঝে যাবে এই শ্যুটিং আর পসিবল না। তখন আর সন্দেহের অবকাশ থাকবে না। "

" ওকে স্যার। "

ইলিনাকে কয়েকজন মিলেঝুলে বাইক দিয়ে নিচে নিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। মেকআপ ম্যান জানাল পায়ের হাল খুব একটা ভালো না। কয়েকদিন রেস্ট প্রয়োজন।
ফুয়াদ চিন্তায় পড়ে গেল। এই শ্যুটিং যত দেরি হবে ততই ভেজাল। মুভিটা রিলিজ হতে দেরি হয়ে যাবে। তাছাড়া বাজেটের বাহিরে ডাবল টাকাও লেগে যেতে পারে। ইলিনা মুভির প্রধান নায়িকা,এখানেই এন্ডিং পার্টের লাস্ট শ্যুটিং ছিল। এখন ইয়াজিদকে কী জবাব দেবে এই চিন্তায় হাত-পা কাঁপছে তার।

মারায়ং তং পাহাড়ের গাম্ভীর্য রূপের পেছনে অন্যতম অবদান হলো বৌদ্ধ উপাসনালয়টির,যেটা সদর্পে অবস্থান করেছে পাহাড়ে। অগণিত শেকড়, পাতা,ডালপালা নিয়ে রাজত্ব স্থাপন করা বিশালাকার বট গাছটির থেকে কিঞ্চিৎ দূরে অবস্থা মন্দিরটির। উপরে চালা,চারপাশ খোলা প্রকৃতির মাঝে অবস্থিত একটি বিশাল মূর্তি। এমনতরো উম্মুক্ত একটি জায়গায় বৌদ্ধের মূর্তিটি ছমছমে, মায়াবী পরিবেশের উন্মাদনার প্রখরত্ব গভীর করে চলেছে। ইয়াজিদ দাঁড়িয়ে আছে এখানেই। ফুয়াদ কাছে এসে মুখ ভোঁতা করে বলে,

" শ্যুটিংটা মনে হয় করা যাবে না। ইলিনার পায়ে জোঁক কামড়েছে খারাপভাবে। "

" সমস্যা নেই। জেলা পরিষদের ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করে দিব আপনাদের। সময়,টাকা যা-ই লাগুক, যতদিন লাগুক,শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরবেন। "

" আপনি থাকবেন না?"

" না। কাজ আছে আমার। আর স্ক্রিপ্ট কারেক্ট আছে এবার। আমি দেখে নিয়েছি। আশা করি আমার আর কোনো কাজ নেই। "

" কিন্তু..!"

" কিন্তু কী? শূন্য থেকে তুলে এনে ফুলের বাগান উপহার দিলাম আপনাকে। গত বছর ফিল্মে সেরা ডিরেক্টর এওয়ার্ড লুফে নিলেন। এখন ফুলের বাগান একা হাতে সামলাতে শিখুন। আমার ইনভেস্ট করা টাকা বিফলে গেলে আপনি কিন্তু মিডিয়া জগতে থাকার বদলে মাটির নিচে চলে যাবেন।"

বৈনাশিক বাক্য কর্ণগোচর হতেই ফুয়াদ শ্বাসরুদ্ধভাবে বলল," একা সামলাতে পারব। হঠাৎ চলে যাচ্ছেন যে,কোনো বিশেষ কাজ পড়ে গেল? "

ঘাড় বাঁকিয়ে পাশে দাঁড়ানো ফুয়াদের পানে দৃষ্টি রাখল ইয়াজিদ। নির্বিকারচিত্তে বলল," বিবাহের কাজ পড়ে গেছে।"

" কার বিবাহ?"

" আমার বিবাহ। "- নিরুত্তাপ উত্তর ইয়াজিদের।

ফুয়াদ কিম্ভূতকিমাকার হয়ে গেল। সে কি ভুল শুনল? ধানাইপানাই না করে বলল," ঠাট্টা করছেন প্রডিউসার সাহেব?"

বেকায়দায় হাসল ইয়াজিদ। তার সমুদ্রের তীরের বালুর মতোন তপ্ত মেজাজের লাগাম টেনে ধরে। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, " মশকরা লাগছে আপনার?"

শীতল কণ্ঠ শুনে ফুয়াদের মস্তিষ্ক খবর পৌঁছায় যে, কোনোভাবেই মশকরা করছে না ইয়াজিদ। সে বিস্ময়াবিষ্ট হয়ে পড়ে," সত্যি? কই আমরা কিছু জানলাম না। বিয়ে কবে ঠিক হলো?"

" এই পাহাড়ে বসে। পাহাড়ে বসেই স্মরণে এলো বিবাহ করে বউয়ের আদর-সোহাগ পাওয়া উচিত। "

ফুয়াদ আর কিছু বলার শব্দ খুঁজে পেল না মনের কোণে শতবার হাতড়েও। তবে ইয়াজিদ বিয়ে করছে,হঠাৎ বৃষ্টির মতো এরকম আকস্মিক সিদ্ধান্ত ভীষণ রকমের তাক লাগিয়ে দেওয়ার মতো। মিডিয়া জগতে জড়িয়ে যাওয়ার পর আবছা আবছা কানে এসেছিল ইয়াজিদের প্রেমের খবর। তার জানামতে, ইয়াজিদের প্রথম প্রেমিকা সুই**সাইড করেছিল। প্রেমিকার মৃ--ত্যুর পর হুট করেই লাপাত্তা হয়ে গিয়েছিল সে। তারপর দহনের দিনে আলটপকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার মতো ইয়াজিদের আগমন ঘটে মিডিয়া জগতে। এরকম ঘটনা মিডিয়া পাড়ায় ভাসলেও সঠিক জানে না সে। ইয়াজিদের সম্বন্ধে জানতে পারা ও তার মতিগতি বোঝা গহীন সিন্ধুতে মুক্তা খোঁজার মতোনই কঠিন ও দুঃসাধ্য ব্যাপার।

সন্ধ্যার ঘোলাটে আঁধার গড়িয়ে পাহাড়ি আদিবাসী পাড়ার ভাঁজে ভাঁজে ঝুপ করে নেমে এলো রাত। প্রাচীন জাতিগোষ্ঠীদের বাসস্থান মুরং পাড়ায় চলছে উৎসব। সেই উৎসবে পাহাড়ে অবস্থিত সকল পর্যটকদের শামিল হওয়ার আহ্বান জানানো হলো। ছন ও বাঁশের বেত দিয়ে মাচার ওপর তৈরি প্রতিটি ঘরে ঘরে জ্বলছে হলদে পিদিম। সবুজ গাছের ফাকফোকর গলিয়ে চন্দ্রের আলো ঝরছে জমিনে। মেনলের বিনয়ের সহিত নেমন্তন্ন ফেলতে পারে নি তরুণিমারা। আজ পাহাড় থেকে নেমে যাবার দিনক্ষণ ছিল তাদের। সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে দুপুরে চলে আসে মুরং পাড়ায়। মেনলের বোন ওদের অনুরোধ করে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরার জন্য। সকল ম্রো উপজাতির মেয়েরা তাদের ঐতিহ্য বহনকারী পোশাক পরিধান করেছে। কোমর এর একটু উপরে হাফ হাতা ব্লাউজ, নাভির নিচ থেকে হাঁটুর একটুখানি নিম্নাংশে পেঁচিয়ে রাখা কাপড়। গলায় পুঁতির মালা, কোমরে বিছা, চুল খোঁপা করে তাতে চিরুনী গাঁথা। পাশাপাশি বিভিন্ন রঙ দিয়ে মুখে এক রঙিন আভাস এনে রেখেছে। মেয়েটাকে জিজ্ঞেস করে জানা গেল, ওদের এই পোশাককে ওয়াংলাই বলে। কমবেশ সকলে পোশাকের সৌন্দর্যে মজে গিয়ে না করতে পারল না। কিন্তু তরুণিমা বেঁকে বসল।

দমবন্ধকর জ্বর নিয়ে ট্যুরে এসেছিল সে। একটাই কারণ, এই চাকরিটা তার অত্যন্ত জরুরি বেঁচে থাকার নিমিত্তে। পাহাড়ে ওঠা-নামা, জার্নি, সব মিলিয়ে লজ্জাবতীর ন্যায় নেতিয়ে পড়ছে সে ক্রমে ক্রমে। জ্বরটা আবার বেড়েছে। পড়ন্ত বিকেলের মতো ম্লান হয়ে যাচ্ছে সর্বাঙ্গ। তাছাড়া নাভি, হাঁটু প্রদর্শন করে এমন ধরনের পোশাকে অনভ্যস্ত ও। "না " শব্দখানি উচ্চারণ করে অনুজ্জ্বল ঘরটার খিড়কির দ্বারপ্রান্তে বসে রইল। কিন্তু পরিশেষে অপরিমেয় অনুরোধের নিকটস্থে পরাজিত হতেই হলো। যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিকের ন্যায় মাথা নত করল না, তবে কলকল সুরে শুধায়,

" একটুখানি বড়ো পোশাক হবে না? মানে নাভি,পা ঢাকার ব্যবস্থা নেই? "

মেনলের বোন বুঝল, ঘাড় উঁচু নিচু করে হেসে বলল অঙ্গ ঢাকার উপায় রয়েছে। লম্বা কাপড় নিল সে তরুণিমার জন্য। হাফ হাতা টুকটুকে লাল ব্লাউজ পরল তরুণিমা। ব্লাউজটার ওপর সবুজ রঙের ছোট ছোট এমব্রয়ডারি কাজ করা। নিচের অংশে কোমর হতে পায়ের গোড়ালি পর্যন্ত কাপড় পেঁচিয়ে নিল স্বল্প পরিমাণ টান টান করে। তার নাভিটা উন্মুক্ত হয়ে আছে তল ও উপর পেটের মধ্যাংশে। সেটা ঢেকে দেওয়ার জন্য তাড়া দিল সে। ওড়নার মতো একটা সবুজ তাঁতের কাপড় নিয়ে চিকন ভাঁজ করে সেটা শাড়ির আঁচলের মতো তুলে দেওয়া হলো বুকের উপরিভাগে। তবুও তরুণিমার মনে হলো কোনো এক ফাঁক দিয়ে উঁকি দিয়ে আছে নাভিটা। মেনলের বোন তার নিটোল কোমরে বিছা পরিয়ে, গলায় সাধারণ দেখে একটা মালা পরিয়ে,কানের পিঠে গুঁজে দিল ফুল। খোঁপায় গেঁথে দিল চুরুত,পায়ে পরিয়ে দেয় তাদের কক ক্যাং, যা বাঙালিরা নুপুর বলে দাবি করে থাকে।

সবার কলিজা জ্বালানির ঠ্যালায় তৈরি হয়ে বাহিরে পা রাখে তরুণিমা। পুরো পাড়া যেন খাবারের গন্ধে আমোদিত হয়ে আছে। গান বাজনা হচ্ছে উঠোনের একদিকে। পাড়ার সব ছেলেমেয়ে, বৃদ্ধ-বৃদ্ধা, কিশোর-কিশোরীর ঢল নেমেছে সবুজ ঘেরা এই স্থানে। বাঁশির মধুর সুর এসে লাগছে কানে। মুরংরা এই বাঁশি নিজেরা বানায়। কঠোর পরিশ্রমী হয় মুরং উপজাতিরা। পাহাড়ে বুকে ফসল ফলিয়ে দিনাতিপাত করছে তারা। মেনলের বোন সবাইকে তড়িঘড়ি করে বলে,

" চলো ওখানে প্লুং বাজাচ্ছে। একটু পরই নৃত্য আরম্ভ হইবে।"

" প্লুং কী?"- প্রশ্ন করল পর্যটকদের মধ্যে একজন।

" বাঁশিরে আমরা প্লুং বলি। "

প্যাঁচানো কাপড় পরিধান করে ভালো করে পা চালাতে পারছে না কেউ। তবুও সবার চোখে, মুখে ভিন্ন কিছু পরিধান করার খুশি উপচে পড়ছে। জয়ন্তীকা ক্ষীণ সময় পর পর বলছে,

" এই যে বিরহী ঘুঘু, একটু হাসো। তোমার রূপের খোলতাই হলো এই পাহাড়ি বনাঞ্চলে। কি যে সুন্দর লাগছে তোমাকে দেখতে! "

তরুণিমা কিচ্ছু বলল না বিনিময়ে। যে শরীর জ্বরের উত্তাপে পুড়ে যাচ্ছে, যে হৃদয় দিনের পর দিন,প্রতি লহমায় অজস্র কাটা বিঁধে যাওয়ার যন্ত্রণা অনুভব করছে সেই ক্ষতবিক্ষত পাষাণ হৃদয়ারণ্যে কেমন করে বইবে হাসির স্রোত! এখন আর বাহ্যিক কোনো খুশিই হৃদয়ঙ্গম হয় না তার। জীবনের জটিলতাগুলো সরিয়ে কাছেপিঠে ঘুরে বেড়ানো খুশিয়াল মেঘগুলোকে ছুঁতে পারে না। যদি জানত,ভালোবাসার দুটি রূপ আছে, ভালোবাসার প্রকারভেদ আছে তাহলে ভালোবাসার মতো অপ--রাধে লিপ্ত হতো না কভু। ভুল মানবের প্রতি জাগ্রত ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছে ওর জীবন থেকে, উপহার দিয়েছে এক নিকৃষ্ট জীবন। যেই জীবন সবার কাছে নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া খেলনার মতোই।

মুরং সম্প্রদায়গোষ্ঠীর নৃত্যের নিয়ম রয়েছে। তাদের নৃত্যে বিবাহিত নারীরা শামিল হতে পারে না। প্রাণোচ্ছল, সৌন্দর্যে হৃদয়হরণকারী দশ,পনেরো জন যুবতীরা সমপরিমাণ যুবকের মুখোমুখি দাঁড়িয়ে অর্ধচন্দ্রাকৃতির আকৃতি তৈরি করে বাঁশির সুরের, গানের তালে তালে নৃত্য পরিবেশ করছে। দৃশ্যটা বেশ নজর কাড়ল সবার।

ইয়াজিদকে ধরে বেঁধে এখানে নিয়ে আসে ফুয়াদ, সাব্বিরসহ আরও কয়েকজন। মাচান ঘরের রোয়াকে বসে সবকিছু পরিলক্ষিত করছে সে। নিমিষে চোখে পড়ে তার তরুণিমার প্রসাধনীতে সজ্জিত ঝলমলে আলো ছড়ানো চেহারাটা। সবার থেকে দূরে বাঁশের পাটাতনে বসে আছে ও।পল-অনুপল তাকিয়ে থাকে সে ওইদিকটায়। লালের প্রলেপে রঞ্জিত চিকন অধর, পদ্মচোখের পলক ঝাপটানো উন্মাতাল, পাগলাটে করে তোলে ইয়াজিদের দৃষ্টি। হাত মুষ্টিমেয় করে চোখ বুঁজে নেয় সে তৎক্ষনাৎ। বদ্ধ চোখের আরশিতে খুঁজে পায় অন্য একটি চেহারা। অতর্কিতে মন সমুদ্রের ঘৃ**ণার লহরি ভয়ংকর হয়ে উঠে। নিঃশেষ করে দিতে ইচ্ছে করে অপার শ্রী প্রদর্শনে মগ্ন মনোহারিণীকে।

উৎসবে মুখরিত রাত্রিরে বিনা নেমন্তন্নে মাঘের শেষ বেলায় বেহায়ার মতো আগমন ঘটল বর্ষণের। টিপ টিপ বৃষ্টির বদলে এলো বড়ো বড়ো ফোঁটায় মাটি ধুইয়ে নেওয়া শ্রাবণ ধারা। থমকে গেল নৃত্য, গান-বাজনা। সকলে দৌড়াদৌড়ি শুরু করে দিল নিজেদের নিষ্ঠুর এই বৃষ্টি থেকে বাঁচাতে। তরুণিমা দাঁড়িয়ে আর পা চালাতে পারল না। এক রত্তি নড়বার শক্তি অবশিষ্ট নেই তার জ্বরের কারাগারে বন্দিত্ব বরণ করা দেহে৷ সাথের কারোই খেয়ালে পড়ল না মেয়েটা কখন নেতিয়ে পড়েছে মাটির বুকে।

ইয়াজিদের মাথা স্পর্শ করে বর্ষণের জল কপাল বেয়ে বন্ধ চোখ ছুঁইয়ে গড়িয়ে যাচ্ছে নিচের দিকে। দুই হাত মাচানের ওপর ঠেকিয়ে মুখটা উপরের দিকে করে রেখেছে সে। আকাশি রঙা পাতলা শার্ট, সাদা প্যান্ট ভিজে যাচ্ছে অল্পস্বল্প করে। সাব্বির ঘর থেকে এসে তাকে এমন হালে দেখে ডাকল নিচু স্বরে, " স্যার!"

ইয়াজিদ নিরুত্তর, উদাসীন। সাব্বির আশপাশ তাকিয়ে আঁতকে ওঠে," স্যার,আপনার শ**ত্রু পড়ে আছে। "

কথার ধাঁচ বুঝে নি ইয়াজিদ। চোখ খুলে তাকাতেই দেখল নিশ্চুপে পড়ে আছে তরুণিমা। ভিজে চুপসে যাচ্ছে তার শরীর। সাব্বির চিন্তিত কণ্ঠে বলে,

" মেয়েটা এভাবে কেন? কেউ দেখে নি? বেহুঁশ হয়ে গেছে হয়তো। এভাবে ভিজতে থাকলে ঠান্ডায় ম--রে যাবে। "

ইয়াজিদ অস্থির হলো না। বরঞ্চ কুটিল হেসে বলে," মরুক।"

হৃদয় কেঁপে ওঠে সাব্বিরের। একটা মানুষ এত পাষাণ কেমন করে হতে পারে? কাউকে চোখের সামনে ম*রতে কী করে দিতে পারে? মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে কি সামান্য মায়ার অনুভূতিও জন্মায় না? সাব্বির কাঠের সিড়ি বেয়ে নামতে লাগল তরুণিমাকে বাঁচানোর জন্য। অগ্নিস্ফুলিঙ্গ যেমন দাবানলে পরিণত হয় তেমন করে ফুলেফেঁপে ওঠে ইয়াজিদ,

" ওকে সাহায্য করলে তোমাকে আস্ত রাখব না আমি। ওকে যে সাহায্য করবে তার পরিণতি কী হবে তুমি সেটা ভালো করে জানো। "

কাইফের কথা মনে পড়ে যায় তার। তরুণিমাকে সাহায্য করেছিল বলে ছেলেটাকে মসিবতে ফেলে দিল ইয়াজিদ। তরুণিমাকে যে সাহায্য করবে প্রতিটা মানুষকে মসিবতে ভুগতে হবে এটা বুঝে গেল সে। নিজের অপছন্দের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তার সাহায্যকারীদের আগে দূর করে দেয় ইয়াজিদ। সাব্বির অসহায় চোখ চেয়ে রইল ঠিক কতক্ষণ, সময়টা ধরেবেঁধে গোণা গেল না। তবে বুঝল দেরি হয়ে যাচ্ছে। মেয়েটার শ্বাস-প্রশ্বাস আদৌ চলছে কি-না তা সন্দিহান। পারল না নিজের বিবেকের কাছে আর নির্লজ্জ হতে। ম-রে গেলে ম*রে যাবে। তবুও বাঁচাতে হবে মেয়েটাকে। কিছু বলবার আগেই লাফ দিয়ে নিচে নামল ইয়াজিদ। এত সহজে তরুণিমাকে ম**রতে দিলে, আগেই মে**রে ফেলত সে। লম্বাপদক্ষেপে এগিয়ে যায় তার কাছে। সাব্বির আসে পিছু পিছু।

বৃষ্টির বেগ বেড়েছে। বাতাসের চলছে তোরজোর । উতলা রাত। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে বসে ইয়াজিদ। তরুণিমার চিকন দেহটার উন্মুক্ত কমনীয় কোমরে হাত রেখে বুকের খুব কাছে টেনে নিল সে। উঠে দাঁড়াতেই শরীরের কম্পনে অজ্ঞানে থাকা তরুণিমার অনুষ্ণ ঠোঁটের স্পর্শ পড়ে তার প্রশস্ত, শক্ত বুকে। চলতে গিয়েও থমকে যায় পা দুটি তৎক্ষনাৎ। চিনচিন করে ওঠে বুকটা। হৃদয়ের অর্গলে অনুভূত হয় জোরদার ধাক্কা। কিছু সময় থেমে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে ঘরের ভিতরে নিয়ে যায় তরুণিমাকে। ফুয়াদ বিচলিত কণ্ঠে প্রশ্ন করে,

" এই মেয়ে এখানে কেন?"

" বাহিরে যান। "

" বাহিরে? "

" হ্যাঁ, রিপিট করতে হবে?"

ভয়ে আর কথার জাল বুনতে ইচ্ছে করল না ফুয়াদের। শীতের উম্মাদ বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে থাকল সে সাব্বিরের সাথে। ভিতর থেকে ইয়াজিদের চওড়া গলা শুনতে পেল দুজনে,

" ওর দলবল আছে এখানেই। খবর পাঠাও ওকে এসে নিয়ে যেতে। "

সাব্বির দৌড়ে গেল কথা মোতাবেক দায়িত্ব পালন করতে। ফুয়াদ সেখানে দাঁড়িয়ে রইল অন্য কোনো উপায়ন্তর না পেয়ে। অসময়ের বৃষ্টির পানি তেছড়াভাবে এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। কাঁপুনি ছুটছে সারা দেহ জুড়ে। ইয়াজিদের ভয়ে বাধ্য হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল।

বুকের ওপরের আঁচলটা সরে গিয়ে নাভি, গলা,কোমর নামক অঙ্গগুলো দৃশ্যমান হয়ে আছে তরুণিমার। খোপাটা খুলে গিয়ে কয়েকগাছি চুল লেপ্টে আছে শ্যামবরণ মুখশ্রীতে। নিচের স্কার্টের মতো অংশটা উপরে উঠে এসেছে সামান্য। ঘৃণা,অপছন্দ করে বলে জ্ঞান হারানো মেয়েটার দেহের কামনায় ডুবে যাবে, কুদৃষ্টিতে ভস্ম করে দেবে এতটা বিবেকহীন বা পা**গল নয় ইয়াজিদ। ঘাড় দু'দিকে নেড়ে নিজেকে ধাতস্থ করে নিল। স্কার্টটা টেনে ঢেকে দিল উন্মুক্ত পা দুটি। সারা ঘরে চোখ বুলিয়ে কিছু না পেয়ে গায়ের শার্ট খুলে ভালো করে চিপে পানি ঝেড়ে নিল। মেলে দিল তরুণিমার দেহের ওপর অনাবৃত বুক,উদর ঢাকতে। কোমরে স্পর্শ করেই শরীরের প্রখর উত্তাপের টের পেয়েছিল। তার হৃদয়ারণ্য পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া মেয়েটা এইটুকু তাপে দগ্ধ হয়ে ম*রে যাবে না নিশ্চয়?

সাদিক সাহেব রাতের খাবার খান সবার শেষে। দোকান থেকে ফিরতে প্রায়শই দেরি হয়ে যায় তার। শিল্পী মুরগির মাংসের এক চামচ পাতলা ঝোল থালায় তুলে দিলেন৷ ইতস্তত, ভয় ভয় অনুভূতি নিয়ে বললেন,
" তানভীর আসছে দেশে। "
" জানি। " জলদগম্ভীর কণ্ঠে জবাব দিলেন তিনি।
শিল্পী বিস্ময় চেপে রাখতে পারলেন না," কীভাবে জানেন?"
" কথা হয়েছে আমার সাথে। "
" ওর আর তরুণিমার ব্যাপারে কী ভাবলেন?"
" যেই ভাবনা আগে ছিল। এটা কখনো পাল্টাবে না তানভীরের আম্মা। "
" কিন্তু তানভীর,তরুণিমাকে বিয়ে করবে না। ছেলেটা ওকে পছন্দ করে না। আমি বলছিলাম কি আপনি বিনিতার বাড়িতে ওর জন্য প্রস্তাব পাঠান। "
শেষ লোকমাটা মুখে দিয়ে পানি খেয়ে স্ত্রীর দিকে তাকালেন সাদিক সাহেব। প্রশ্ন করলেন দৃঢ় কণ্ঠে,
" তানভীর কি বিনিতাকে ভালোবাসে?"
খাদে নামানো গলায় 'না' বোধক শব্দখানি উচ্চারণ করলেন শিল্পী। সাদিক সাহেব স্ত্রীর দিক থেকে নজর সরালেন না,

" তো তরুণিমাকে বিয়ে করতে সমস্যা কী? আজ ভালোবাসে না,কাল বাসবে না তার কি গ্যারান্টি? আর বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টিকর্তা মোহাব্বত বাড়িয়ে দেন। ভালোবাসা কখনো কখনো এক পলকে হয়ে যায়, আবার কখনো কখনো ভালোবাসা হতে দশ পলকের দেখার প্রয়োজন পড়ে যায়। বিনিতাকে ভালোবাসলে আমি কখনোই আপত্তি করতাম না। তাছাড়া তরুণিমাকে রক্ষা করা, মেয়েটার সংসার সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব, এই দায়িত্ব আমি চোখের সামনে রেখেই পালন করতে চাই, শিল্পী।"

দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল ইয়াজিদ। বাহিরের দমকা হাওয়া শীতল করে দিয়ে যাচ্ছে তার খালি গা। ভিতর থেকে গোঙানির আওয়াজ কানে আসতেই তরুণিমার অত্যন্ত কাছে গিয়ে কান পাতল তার মুখের কাছাকাছি।

#চলবে!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন