ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 5

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___০৫

" আমি কিছু করি নি,ইয়াজিদ। দয়া করে,আমার ভাইকে ছেড়ে দিন। ওর মৃ-ত্যুর জন্য আমি দায়ী না, আমি কিছু করি নি। "
ইয়াজিদের কানে উষ্ণ, তপ্ত নিঃশ্বাস আচড়ে পড়ছে। শব্দগুলো অবলীলায় প্রবেশ করছে কর্ণ গহব্বরে। আকুতি-মিনতি মেশানো উক্ত কথাগুলো শুনেছিল ঠিক চারটে বছর আগে এই একই কণ্ঠের মালকিনের কাছ হতে। সেই দিনটা ভুলে নি সে। মেয়েটা ঝরা পাতার মতো উড়ে এসে পড়েছিল তার পায়ের কাছে। কাতর স্বরে আওড়িয়েছিল উপরোক্ত একেকটি বাক্য। কানে ছুঁয়ে যাওয়া গরম নিঃশ্বাসে বুকের ভেতরকার হৃৎস্পন্দন কেমনতরো উতালপাতাল হয়ে যেতে লাগল ইয়াজিদের। এক ঝটকায় সরিয়ে নিল কানটা। তবে চোখের গভীর দৃষ্টির নড়চড় হলো না। অনিমেষ নেত্রে চেয়ে রইল শ্যাম যুবতীর ফ্যাকাশে চেহারায়। কতটা নিষ্প্রাণ লাগছে অনুজ্জ্বল এই মাধুরী বদন! অথচ তার ভালোবাসা কেড়ে নিয়েছে কোমল ও মধুর বদনের পিছনে ছলচাতুরী লুকানো এই শ্যামবর্ণা মানবী। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃ-ণা করে ইয়াজিদ তার বাহুর খুব কাছাকাছি থাকা এই মেয়েটাকে। তাকে যন্ত্রণা-আঘাত দিতে যেকোনো পথ অবলম্বন করতে রাজি।জ্ঞান-বুঝার ক্ষমতা হারিয়ে কাতর তরুণিমার মাথার কাছাকাছি ফ্লোরে হাঁটু গেড়ে বসে সে। তার কানের অত্যন্ত নিকটে মুখ নিয়ে প্রেমহীন কণ্ঠে বলে,

" আমি দেখা দিতে বলি নি,তবুও তুমি দেখা দিলে। আমি তোমাকে বাঁচার সুযোগ দিয়ে চলে গিয়েছিলাম, অথচ তুমি সেই সুযোগ পায়ে ঠেলে দিয়ে আবারো ম--রতে এলে আমারই ভুবনে। এবার আর দূরে থেকে নয়, হৃদয়ের কাছাকাছি নিয়ে ধ্বংস করব তোমায়,যেমন করে তুমি করেছিল আমার অরণ্যের সঞ্জীবনীকে নাশ। সুস্থ হয়ে উঠো তরু, অসুস্থ তোমাকে আ**ঘাত করে আত্মতুষ্টি নেই,উল্টো হৃদয় করে হাহাকার। "

ঝড় হবার কারণবশত চারিধারের আলো পালিয়েছে মুখ লুকিয়ে। পাহাড়ি গ্রামে পিনপতন নীরবতার রাজত্ব চলছে। এক রুমের এই ঘরটায় জ্বলছে কেরোসিনের সাহায্যে কুপি। কুপির অতি সামান্য রশ্মিতে কেবল আলোকিত হয়ে আছে ঘরের এক কোণ। মৃদু আলো কৃপা করে তরুণিমা ও ইয়াজিদের মুখাবয়বেও ছুঁয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে উষ্ণ অভ্যর্থনা। রুমে উপস্থিত পুরুষালি মুখখানা এখনও তরুণিমার গাল,কানের পাতা ছুঁই ছুঁই। অল্প ছোঁয়াও বুঝি লাগল মেয়েটার গালে সেই এবড়োখেবড়ো, অমসৃণ দাঁড়ির। জ্বরের ঘোরেই অচেতন হালে সে খামচে ধরল তার দিকে ঝুঁকে থাকা পুরুষের নগ্ন বুক। বাদামি বর্ণের মণিগুলো ঢেকে গেল মুহূর্তেই। চোখ বুঁজে ইয়াজিদ খপ করে ধরে ফেলল উন্মুক্ত বুকে খামচে ধরে নখ বিঁধিয়ে দিতে চাওয়া প্রায় সফল হয়ে ওঠা হাতটাকে। দিব্যি জ্বলুনি টের পেল সে বুকে৷ চোখ মেলে মুখ নামিয়ে দেখে পশমে ঢাকা বুকের চামড়া ভেদ করে রক্তের ফোঁটা বেরিয়ে এসেছে কিঞ্চিৎ পরিমাণে। হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। বিড়বিড় করে ক্রোধে, " জল্লাদ মেয়ে,চেতনাশূন্য হালেও ক্ষ*তবিক্ষ*ত করে।"

দরজায় ঠকঠকের আওয়াজ শুনে একবার ঘাড় ফিরিয়ে দেখে খিড়কির দিকে চলে যায়। জয়ন্তীকা এসেছে সাব্বিরের সাথে। ইয়াজিদকে দেখে কিছুসময় আক্কেলগুড়ুম হয়ে ছিল সে। এতো বড়ো একজন প্রডিউসারের সঙ্গে কথা বলবার সাহসের ভাণ্ডার তার ফুরিয়ে এসেছে। নিশ্চুপে পা ফেলে তরুণিমার শিয়রে গিয়ে জ্বরটা চেক করে। তাড়াহুড়ায় শুকনো কাপড় আনতে ভুলে গিয়েছে। বুকের আঁচলের মতো কাপড়টা টেনে খুলে নিল, ইয়াজিদের শার্টটা দিয়ে ঢেকে দিল শরীরটা। কাপড়টা কোনোরকমে ছিঁড়ে টুকরো টুকরো করে নিল। একাংশ নিয়ে ঘরে থাকা গ্লাসে চুবিয়ে জলপট্টি দিল কপালে। ইয়াজিদ নড়ে নি এক পাও। জয়ন্তীকা ইতস্তত নিয়ে বসে রইল তরুণিমার মাথার কাছে। কিছু বলতে পারছে না আবার মনে মনে প্রশ্ন জাগছে ছেলেটা এত চুপচাপ কেন? অহংকার বেশি নাকি স্বভাবতই এমন? একদিক থেকে ভালো মনের মানুষ বলে বিবেচিত করে ফেলল,নতুবা তরুণিমাকে কি বাঁচাত! ওরা ভেবেছিল তরুণিমা আগেই ঘরে চলে গেছে। তাই তোরজোর করে কেউ খোঁজ নিল না বা জানতে চাইল না। হদিস এলো যখন দুয়ারে সাব্বিরের আগমন ঘটল।

ফুয়াদ মাচায় বসে সিগারেট ফুঁকছে। বৃষ্টি নেই এখন। তবে সর্বত্র জুড়ে ঠান্ডার ভয়ংকর প্রভাব রয়েছে। জয়ন্তীকা ফের গিয়েছিল তরুণিমার জন্য শুকনো কাপড় আনতে। সেগুলো আনতেই ইয়াজিদ ঘর ছেড়ে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে আঁধারের মাঝে হেঁটে পাহাড়ের খাদের কাছাকাছি গিয়ে দাঁড়াল সে। আর এক পা বাড়ালেই হয়তো খাদে তলিয়ে যাবে দেহখানি। ফুয়াদ সিগারেট ফেলে সেদিকে চেয়ে আপনমনে স্বীকার করে,

" ব্যাডা, আসলেই সাইকো। নয়তো আন্ধাইরে কেউ খাদের কাছে গিয়া দাঁড়ায়! তাও আবার খালি শরীরে,শীত টিতও লাগে না মনে হয়। পাগল, আস্ত বড়ো পাগল। রাস্তাঘাটের পাগলের মতোন এক্কেরে ন্যাংটা দেহে বের হয় নাই এডাই বেশি। "

ধপ করে সাব্বির পাশে এসে বসল। বলল," একা একা বসে কি বিড়বিড় করছেন ডিরেক্টর স্যার?"

ফুয়াদ মনের কথা বলল না। ইয়াজিদের ডান হাত সাব্বির। তাকে কিছু বলে মর**বার ইচ্ছে নেই তার। মুখে বলল," ভিতরের মেয়েটা কি প্রডিউসার সাহেবের কিছু হয়? পরিচিত? "
সাব্বিরের তড়িৎ বেগে সহজ সরল, সোজাসাপটা উত্তর, " শ-ত্রু হয়। "
" শ**ত্রু হয়!" তাজ্জব বনে গেল ফুয়াদ। বেকায়দায় হেসে বলে," আরে মিয়াঁ তুমিও দেখি ঠাট্টা করো। "
ফিসফিস করল সাব্বির, " ঠাট্টা না,সত্যিই স্যারের শ-ত্রু। একেবারে চুম্বক যেমন একে অপরের প্রতি আকর্ষিত হয়ে লেপ্টে না থেকে থাকতে পারে না,ঠিক তেমনই শ--ত্রু। মুখোমুখি হলেই সংঘর্ষ শুরু হয়ে যায়। "
" শ**ত্রুকে এভাবে বাঁচাল! ইন্টারেস্টিং। আমার তো মনে হয় শত্রু*র চেয়েও বেশি। "

সাব্বিরের প্রশস্ত কপালে বলিরেখার ভাঁজ পড়ল। খাদে নামানো গলায় প্রশ্নাত্মক বাক্য ছুঁড়ে দেয় সে ফুয়াদের দিকে," ভালোবাসার চেয়ে বেশি শুনলাম, বন্ধুর চেয়ে বেশি জানলাম, এই শত্রু**র চেয়ে বেশিটা কী ডিরেক্টর সাহেব? "

" ভালোবাসার চেয়ে বেশি যেমন ভালোবাসা হয়,বন্ধুর চেয়ে বেশি যেমন ভালোবাসাকেই বুঝায়,তেমনি শ--ত্রুর চেয়ে বেশি আমার কাছে ভালোবাসাই মনে হলো। "

" আপনার কথা ভুল ডিরেক্টর সাহেব। স্যার পারলে প্রতিবার, প্রতি মিনিটে মিনিটে আ**ঘাত করত এই মেয়েটাকে,এতটাই ঘৃ-ণা করে সে। এই যে সুস্থ করল? আবার আঘাত করবে বলে। অসুস্থ মানুষকে আঘাত করে মজা পায় না স্যার। সাপে-নেউলে যেমন একে অপরকে ভালোবাসে নি, এরাও কোনোদিন বাসবে না। "

ফুয়াদ মুখটা অন্যদিকে ফিরিয়ে একেবারে নিম্নস্বরে উচ্চারণ করল," প্রডিউসারের মাথায় নির্ঘাৎ ছিট আছে। "
মুখ ফিরিয়ে প্রশ্ন করল," মেয়েটাকে চিনো? না মানে এরা শ-ত্রু কীভাবে হলো?"
" এমনিতে নাম জানি, কিন্তু কীভাবে স্যারের সাথে পরিচয়,এদের সম্পর্ক কেন এমন এসব জানিনা। আমি তো স্যারের সাথে গত দুই বছর ধরে কাজ করছি। আই থিংক ঘটনার রহস্যের শুরুটা আরো কয়েক বছর আগে থেকে। "
_______________________

" কী নাম তোমার? "
" তরুণিমা আবসার।"
" তরুণিমাকে কেটেকুটে 'তরু' করে নিলাম। আজ থেকে তুমি আমার কাছে তরু। ওকে?"

ফাঁকা ক্লাসের একপাশে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রইল তরুণিমা। নত বদনে মাথা নেড়ে সায় দিল সে। দূর থেকে কতশত বার দেখেছে ইয়াজিদ নামক সৌম্য পুরুষকে। এতটা কাছে এসে কখনোই চোখ মেলে তাকে দেখার সৌভাগ্য হয় নি। বড়োলোক,অর্থবিত্ত,প্রাচুর্যে ভরপুর সুদর্শন ইয়াজিদ নিম্নমধ্যবিত্ত শ্রেণীর তরুণিমার জন্য কেবলই স্বপ্ন। সীরাতের বদৌলতে আজ প্রথমবারের ন্যায় কথা বলার সুযোগ মিলল। কী থেকে কী বলবে সব লজ্জায় গুলিয়ে ফেলল ও। আরও একটা ভ--য়ংকর ঘটনা ঘটে গেল তার সাথে। ইয়াজিদকে দেখার সাথে সাথে অভদ্র হৃদয়টা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রচণ্ড লাফঝাঁপ করছে। বুকে ব্যথা হচ্ছে অতি সামান্য, শরীরে কাঁপুনি ছুটে যাচ্ছে যেন কনকনে ঠান্ডা চলে এলো এক্ষুণি। কোনো কথা বলতে পারল না সে। ইয়াজিদই বলে গেল গম্ভীর ও নরম গলায়,

" তুমি নাকি তিনটে কোর্সে ফেইল করেছ? কাল এসে তিনটে কোর্সের লিখিত নোট নিয়ে যেয়ো। আমাকে এখানে পাবে না,কাল আমার বাড়িতে আসতে হবে তোমাকে। সীরাতের সাথে চলে এসো। "

তখনও মাথা নেড়ে সায় জানায় তরুণিমা। প্রথম সাক্ষাতে তরুণিমা নিজের মধ্যে আমূল-পরিবর্তন টের পায়। ইউনিভার্সিটির বাকি সব মেয়েদের মতো সেও লুকিয়ে চুরিয়ে অল্পস্বল্প পছন্দ করত ইয়াজিদকে। দুর্বলও হয়ে পড়েছিল মন। দূর থেকে দেখে দেখে অনুভূতিহীন হৃদয়টা এক নিমিষের নিকটবর্তী আলাপনে পাল্টে দিল সম্পূর্ণ মনোজগৎ। দীর্ঘকাল প্রেমহীন,রোদে ফাটা মন জমিনে বৃষ্টি এলো,একেবারে জলে ভাসিয়ে নেওয়া ঝুম বৃষ্টি। সেই বর্ষণে আবার মনময়ূরী নৃত্য করতে লাগল পেখম মেলে। মনের নেমন্তন্নহীন,অপ্রত্যাশিত বৃষ্টিটা সারারাত ঘুমাতে দিল না তরুণিমাকে। নিদ্রাহীন একটা রাত পার করে সে যখন তাদের ভাড়াটে বাড়ির দোতলার বারান্দায় এসে দাঁড়াল তখন মনে হলো দোলনচাঁপার সুবাস বইছে তপ্ত, রুক্ষ বাতাসে বাতাসে। অথচ ওদের বারান্দায় কোনো দোলনচাঁপার গাছ নেই। কি আশ্চর্য! তবে কোথা থেকে পেল তরুণিমা এ মনপাগল করা সুবাস! নাকি মনের ভ্রম এটা! গতকাল থেকে তার ছোট্ট দুনিয়াটায় বড়োসড়ো পরিবর্তন হয়ে গেল সে বুঝল,মানল। প্রেমে পড়ে গেছে সে, হৃদয় লুটপাট হয়ে গেছে তার, তার মানবীয় সত্তা শুকনো পাতার মতো মড়মড় করে উড়ে গিয়েছে কঠিন এক মানবের নিকটে। ক্ষণিকের পলকে প্রেম হয় সেটা তরুণিমা টের পেয়েছে, কিন্তু এ প্রেম প্রকাশের অসীম সাহস নেই তার হৃদয় গহীনে। চাঁদ ফোটে ওঠে কৃষ্ণাভ অম্বরে,তাকে ছোঁয়ার, ধরার সাধ্যি নেই কারো, তেমনই ইয়াজিদ নামক পুরুষ তরুণিমার জন্য নাগালের বাইরে, সে যেন শুধুই অমাবস্যার চাঁদ।

উত্তপ্ত কপালে কারো শীতল হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম পালিয়ে গেল তরুণিমার। স্বপ্ন দেখছিল কি? নাকি ঘুৃমের রাজ্যে ছোট বাচ্চাদের ন্যায় পা টিপে টিপে প্রথম প্রেমে পড়ার অনুভূতিগুলো আর মুহুর্তটুকু স্মৃতিচারণ করতে এলো! চক্ষুপল্লব মেলে দেখল জয়ন্তীকার চেহারাখানা। তাতেই সীমাবদ্ধ রইল না। মাথা ঘুরিয়ে পুরো বেতের ঘরটা দেখতে লাগল। দক্ষিণের খোলা জানালা দিয়ে চক্ষুপেয় হলো পৃথিবীতে ফুটন্ত আলোর খেলা। ফকফকা একটি দিনের প্রাতঃকাল হচ্ছে বোধহয়। জয়ন্তীকার দিকে চেয়ে জ্বরে কাহিল দুর্বল গলায় জিজ্ঞেস করে,

" আমরা কার ঘরে আছি? আমার যতদূর মনে আছে, মেনলে আমাদের অন্য ঘর দিয়েছিল থাকার জন্য। "

জয়ন্তীকা বিলম্ব করল না জবাব দিতে," প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদের ঘরে।"

" কি!" আঁতকে উঠল তরুণিমা। শোয়া থেকে উঠে বসল ঝটপট। জয়ন্তীকা দ্বিধান্বিত হয়ে পড়ল,

" কী হয়েছে? এভাবে লাফিয়ে উঠলে কেন? উনি নিয়ে এলেন তোমাকে। গতরাতে জ্ঞান হারিয়ে উঠোনে পড়েছিলে তুমি। আমরা ভেবেছিলাম তুমি বোধহয় উৎসবের আসর ছেড়ে ঘরে চলে গিয়েছ। কিন্তু পরে শুনি, তুমি প্রডিউসারের কাছে। "

তরুণিমা বিছানা থেকে নেমে দাঁড়াল। ইয়াজিদের চোখের দৃষ্টি থেকে দূরে যেতে চাইছে সে,অথচ এখন কি-না তারই ঘরে! আর ইয়াজিদ তাকে বাঁচিয়েছে এটা অবিশ্বাস্য! যে কি-না বছর কয়েক আগেও তিলে তিলে যন্ত্রণা দিয়ে তার জীবনটা বিনষ্ট করে দিয়েছে, ভাইয়ের ভালোবাসা কেড়ে নিয়েছে, বাবার চোখে নিচু করেছে তাকে, সে আর যাইহোক কখনোই জীবন রক্ষা করতে পারে না। নিশ্চয় এর পেছনেও রয়েছে তাকে নতুনত্ব মিশিয়ে কষ্ট দেওয়ার পৈশাচিক উদ্দেশ্য।

জয়ন্তীকা তাকে প্রতিরোধ্য বালির বাঁধের মতো আটকে দিয়ে বলল," এত তাড়াহুড়ো করছ কেন? এই নাও ধরো, লোকটাকে দিয়ে দিও। কৃতজ্ঞতা প্রকাশ করবে নাকি না সেটা তোমার ইচ্ছে। সারারাত উদোম দেহে ছিল তোমার সম্ভ্রম ঢাকার জন্য। অহংকারী হলেও তোমাকে বাঁচিয়েছে তো। আবার তোমার ফায়দা না লুটে উল্টো রক্ষা করল। "

জয়ন্তীকার কথাগুলো হজম হলো না তার। এত ভালো সে ইয়াজিদকে মানতেই পারে না। কেননা,তার বৈনাশিক,পিশাচসুলভ রূপ ও খুব কাছ থেকে দেখেছে। নিজের অতীত অপ্রকাশ্যে রাখতে হাতের শার্টটা সমেত দরজায় এলো। সাব্বির,ফুয়াদ মাচার ওপর, খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। যেন তাহাদের জগতের কোনো খবরাখবর নেই, ঘুমাতে পারলেই যত শান্তি। কোথায়,কীসের ওপর ঘুমাচ্ছে সেটা নিয়ে ভাবলে চলবে না। অর্ধ উদোম দেহের পুরুষকে দেখা গেল সিঁড়ির শেষ মাথায় বসে থাকতে। তরুণিমা দ্রুত পায়ে পাশ কাটিয়ে নেমে এসে সম্মুখে দাঁড়াল। ইয়াজিদের দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে রাখল অন্যত্র। হাতে দলাপাকানো শার্টটা বাড়িয়ে দিয়ে বলে,
" আপনার শার্ট, আর থ্যাংকস ফর সেভিং মি। "

ইয়াজিদ উঠে দাঁড়াল। আকস্মিক তার কাছে আসায় পিছিয়ে গেল সে। চোখের বেসামাল দৃষ্টি তবুও ফিরে দেখল না অতীব নিকটে থাকা পুরুষালি শরীরটাকে। ফিচেল স্বরে পরিহাস করে ইয়াজিদ,

" আমাকে বলছ? দাঁড়িয়ে আছ আমার সামনে,কথা বলছ অন্যদিকে চেয়ে। হ্যান্ডসাম বডি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয় পাও? শরম লাগে? "

তরুণিমা তড়িৎ গতিতে আঁখিযুগল ফিরিয়ে এনে দৃষ্টিপাত করল তার পানে উন্মুখ চেয়ে থাকা চোখ দুটিতে। কৃত্রিম হাসিতে মুখরিত হয় তার চিকন ওষ্ঠযুগল,

" ন্যাড়া বেলতলায় একবারই যায়। আমিও গিয়েছিলাম, শরম পাব পছন্দের পুরুষের নগ্ন,পশমে সজ্জিত বক্ষ দেখে। আপনাকে দেখে কেন শরম পাব? বরং আমি আপনার মতো নির্লজ্জ নই বলেই দৃষ্টি সংযত করে রেখেছিলাম। "

" আমি নির্লজ্জ?"

রোষানলে দগ্ধ হবার বদলে স্ফীত হাসল ইয়াজিদ। তরুণিমার কুন্তলে ঢেকে যাওয়া কানের অতিশয় সন্নিকটে ঠোঁটযুগল নিয়ে ন্যাতানো, ফচকে গলায় বলে,

" আমি নির্লজ্জ হলে অন্ধকারের রাত্তিরে তোমাকে লুফে নিতাম। তোমার পেট, গলা, মুখ,সর্বাঙ্গে এঁকে দিতাম ওষ্ঠ ছোঁয়া। ঝড়ের রোমাঞ্চকর হাওয়ায় তোমার বুকের একটুখানি উপরে কালো কুচকুচে তিলটা দেখেও দৃষ্টি সরিয়ে নিতাম না। তোমাকে পাওয়ার ইচ্ছে বা রুচি আমার নেই। রুচি থাকলে তোমার প্রস্তাবিত ভালোবাসা রিজেক্ট করতাম না। ফারদার আমাকে নির্লজ্জ বললে গলা টিপে প্রাণ নিয়ে নিব। "

তরুণিমার গা রি রি করে উঠল ঘৃণায়। শেলের মতো বিঁধছিল নরম ত্বকে একেকটি শব্দ। শার্টটা ইয়াজিদের গায়ের ওপর ছুঁড়ে মা--রল। বিষঢালা গলায় বলল,

" শার্ট নিয়ে আমার সামনে থেকে দূর হোন৷ "

শার্টটা স্বল্প দূরে তার পায়ের কাছে ছুঁড়ে ফেলল ইয়াজিদ। ক্রুর থেকে ক্রুরতর হয়ে উঠল কণ্ঠস্বর,

" তুমি ভাবলে কি করে তোমার স্পর্শ লেগে যাওয়া এই শার্টটা আমি ফেরত নিব? তোমার মতো মেয়ের স্পর্শ কখনোই গায়ে মাখবে না ইয়াজিদ। "

তরুণিমা আহত হলো না এরকম কুৎসিত, অপমানজনক কথাগুলোতে। এটা যদি অতীতের তরুণিমা হতো তবে নিঃসন্দেহে কেঁদেকেটে ভাসিয়ে দিত। এক বুক যন্ত্রণায় কাতর হয়ে কোণঠাসা হয়ে পড়ত,ভুগত হীনমন্যতায়। তার কাছাকাছি মাটিতে অবহেলিত হয়ে পড়ে থাকা শার্টটা পায়ের তলায় পিষে এগিয়ে গেল ও উঠোনের এক কোণে। এখানে একটি খোলা গোসলখানা রয়েছে, যেটা কয়েকটা ইট বিছিয়ে তৈরি। তার ওপর দুইটা ড্রাম,গোসলের মগ রাখা। খুব সম্ভব আাদিবাসী মুরং পুরুষেরা গোসলটা এখানেই সেরে নেয়। বৃষ্টির জলে ড্রাম দুটো টইটম্বুর। সেখানে গিয়ে মগ দিয়ে গা হিম করা জল শরীরে ঢালতে লাগল তরুণিমা লাগাতার।

জয়ন্তীকার চোখ বড়ো বড়ো হয়ে গেল। মুখচ্ছবিতে ভর করল অফুরন্ত বিস্ময়। মেয়েটা কী করছে এসব! এতক্ষণ ধরে নিরব দর্শকের ভূমিকা পালন করছিল সে। ওদের প্রথমদিকের কথা না শুনলেও শেষের কথাগুলো শুনল স্পষ্টত। দৌড়ে গিয়ে ব্যগ্র, দুশ্চিন্তামিশ্রিত কণ্ঠে প্রশ্ন করতে থাকল বিরতিহীন,

" কী করছ তুমি, তরুণিমা? ম**রার শখ হয়েছে? অসুস্থ শরীরে বৃষ্টির পানি কেন ঢালছ বেক্কল মেয়ে?"

আড়চোখে বা পাশে তাকাল তরুণিমা। ইয়াজিদের ঠোঁটে বাঁকা হাসি। সে হাতের মগ রেখে জোরেশোরে তাচ্ছিল্যের স্বরে বলল,

" শরীরে একটা বেতমিজ পুরুষের স্পর্শ লেগে গেছে। তাই ধুয়েমুছে শরীরটা পরিশুদ্ধ করছি। "

জয়ন্তীকার মুখ হা হয়ে গেল। কী বলছে মেয়েটা! বুঝল,ইয়াজিদের সাথে পূর্ব পরিচিত সে এবং তাদের পরিচিতি মোটেও স্বাভাবিক নয়। তরুণিমার সাথে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল,
" তোমরা কি একে অপরকে আগে থেকে চিনো?"
তরুণিমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে," হ্যাঁ। "
" তোমাদের পরিচয় কোথায়?"
" ইউনিভার্সিটিতে। "
" সবসময় তোমাদের সম্পর্ক এমন ছিল?"
তরুণিমা স্থির হলো। বুঝল, জয়ন্তীকার কাছ থেকে কিছু লুকাতে পারবে না আর। এই মানুষটা কাজে সবসময় তাকে অনেক সাপোর্ট দিয়েছে। কাইফ ও সে না থাকলে ট্যুর গাইড হবার মতো এত বড়ো ভয়ংকর কাজটা হয়তো ঠিকঠাক করে উঠতে পারত না ও। থেমে গিয়ে উত্তর সাজাল,

" না,এমন ছিল না। "
" তাহলে এমন হলো কীভাবে? প্রডিউসার ইয়াজিদের চোখে তোমার জন্য ঘৃণা দেখলাম। "
নির্বাক, নিরুত্তর তরুণিমা। জয়ন্তীকা মনে সৃষ্ট হওয়া ভাবনার উত্তর মিলাতে আন্দাজে তীর ছুঁড়ল,
" তুমি যাকে ভালোবাসো সে কি ওয়াসিম খান ইয়াজিদ? "
তিলার্ধ পরিমাণ হকচকালো না সে জয়ন্তীকার প্রশ্নে। বরঞ্চ অতীতের একটা অধ্যায় স্মরণে এনে সত্য স্বীকার করল ফটাফট,
" হ্যাঁ, তাকেই ভালোবাসতাম। তাকে ভালোবেসেই আমি সুখের বদলে যন্ত্রণা পেয়েছি। "
" বাসতে! এখন বাসো না?"
সাফ সাফ জানায় তরুণিমা, " না। সে আমাকে তাকে আর ভালোবাসার পরিস্থিতিতে রাখে নি। এখন আমি তাকে শুধুই ঘৃণা করি, এই দোজাহানে সে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আমার ভালোবাসা এখন ঘৃণায় রূপান্তরিত হয়ে গেছে। "
তরুণিমা চলে যায় ঘরে। জয়ন্তীকা কাঠ হাসল। আপনমনে বলল,
" ভালোবাসা কখনোই ঘৃণায় পরিণত হয় না,তবে ঘৃণা বার বার ভালোবাসায় পরিণত হয়। "

অবশেষে ঢাকায় ফিরল তরুণিমাদের দল। সকল পর্যটকদের বিদায় দিয়ে, জ্বর টর সবকিছুকে আলবিদা জানিয়ে পরিশেষে তরুণিমা চলে এলো সাদিক মেনশনে। বান্দরবান ছেড়ে এসে, ইয়াজিদ থেকে পুনরায় দূরে এসে বুকের পাষাণভারটা নেমে গেছে। নির্ভার লাগছে এখন নিজেকে। এখন আর ইয়াজিদের সাথে বাকবিতন্ডায় নামতে হবে না, ইয়াজিদ এখন আর তাকে আ--ঘাত করার জন্য চোখের সামনে পাবে না। এসব ভাবতে ভাবতে সদর দরজা দিয়ে ঢোকার মুহূর্তে অমনোযোগী হওয়ার কারণবশত ধাক্কা খেল সামনে উপস্থিত ব্যক্তির বুকে। চোখ তুলে তাকাতেই গুমোট হাওয়া খেলে গেল বক্ষস্থলের গহনে। গলা ভেদ করে বেরিয়ে এলো অস্ফুট,

#চলবে!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন