#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___০৬
" তানভীর ভাই! "
পুরুষোচিত দৃষ্টির কবলে তরুণিমা। সমীপে দাঁড়ানো মেটে রংয়ের পুরুষের মুখের অভিব্যক্তির পরিবর্তন ঘটল সহসা। তরুণিমার চমকিত স্বরের কুহু-কলতান যেন তাকে বিস্ময়ের সমুদ্রে ভাসিয়ে দিল। তার প্রশস্ত কপালে এক দুটো কুঞ্চিত রেখা। কিছুক্ষণ চেয়ে থেকে মেঘমন্দ্র স্বরে প্রশ্ন করে, " আপনি কি তরুণিমা?"
উসখুস, যন্ত্রণামিশ্রিত অস্বস্তিকর ভাব তরুণিমার মনে গেঁড়ে বসে ছিল তানভীরকে অকস্মাৎ এতগুলো বছর বাদে চোখের সামনে দেখে। তার চেয়েও বিস্মায়াবিষ্ট হয়ে পড়ে ও তাকে এ বাড়িতে দেখে। সাদিক সাহেব তো তানভীরকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছিলেন। তার ওপর তার উপরোক্ত প্রশ্নে তীব্র অপমান অনুভব করল। প্রশ্নটা কাটার মতো চিড়চিড় করে ফুটছে সমস্ত অঙ্গে। তিন বছর আগের দৃশ্যখানি মাথাচাড়া দিয়ে উঠল তৎক্ষনাৎ। যে ছেলে বধূ বেশি মেয়েকে কবুল না বলে রেখে চলে যায় সমাজের কাছে তিরস্কারের পাত্রী বানিয়ে,যার সাথে বিয়ের আগে পরিবারের জোরাজুরিতে একবার মুখ দেখাদেখি হয় তার ওরকম ভুলে যাওয়া বিষয়খানা মোটেও অস্বাভাবিক নয়,বরঞ্চ স্বভাবসিদ্ধ।
তরুণিমার মনে হলো জবাব দিয়ে নিজেকে ছোট করবে না সে। তাকে অপমানের কাঠগড়ায় রেখে যে ছেলে চলে গেল তাকে নিজের পরিচয়,চেহারা চেনাতে যাবে না। কোনো প্রকার কথাও বলবে না। দীর্ঘ দেহটা পাশ কাটিয়ে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। তানভীরের আত্মসম্মানে বিঁধল ব্যাপারটা। মেয়েটা যে তরুণিমা এবং নীরবে-নিভৃতে, নিশ্চুপের ভাষায় তাকে তুচ্ছতাচ্ছিল্য করে গেল বুঝতে বাকি রইল না। বোধদয় হতেই চোখ মুখ,চোয়াল শক্ত হয়ে এলেও,মস্তিষ্ক জানান দিল মেয়েটার এমনতরো আচরণ অহেতুক নয়। তাই বলে এহেন অপ-মানজনক আচরণ সহ্য হলো না তানভীরের। এরকম মেয়েকে বিয়ে না করে বেশ ভালো করেছে সে,কোনো আফসোস নেই অভ্যন্তরে।
তরুণিমা নিজের জন্য নির্ধারিত করা রুমে ব্যাগপত্র রেখে ওয়াশরুমে গিয়ে গোসল সেড়ে এসে দেখে শিল্পী বিছানায় নতুন চাদর বিছিয়ে দিচ্ছেন। চমকে যায় ও। বিচলিত হয়ে ওঠে কণ্ঠস্বর," একি আপনি করছেন কেন আন্টি! আমি করে নিতাম। "
" এসে দেখলাম চাদরটা নোংরা হয়ে আছে,তাই নতুন নামিয়ে বিছিয়ে দিলাম। এতটুকু কাজ করতে কোনো কষ্ট হয় না। "
নরম চোখে তাকিয়ে স্তিমিত স্বরে বললেন শিল্পী।
তরুণিমা এই বাড়িতে থাকলেও খুবই কম কথা হয় উনার সাথে। বলতে গেলে,গুরুত্বপূর্ণ কিছু ব্যতীত কখনোই শব্দ বিনিময় হয় না। সে এটাও বুঝে যে, শিল্পী ওকে বিশেষ পছন্দ করেন না। তার বাড়িতে থাকাও বোধহয় অসহ্যকর লাগে উনার। সে তো বাড়িটা ছেড়ে দিতে চায়, কারো চক্ষু বি*ষ হয়ে থাকতে চায় না কভু। দু বছর আগে পা রেখেছিল সাদিক মেনশনে সর্বনেশে বৈশাখের এক কালরাত্রিরে নিরুপায় হয়ে। স্বয়ং সম্ভ্রম বাঁচাতে আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করতে বাধ্য হয় সাদিক মেনশনকে। আপনজন যখন পর করে বাড়ি থেকে বের করে দিল তখন মাথার ওপর বাবার কাছের বন্ধু সাদিক সাহেবের হাত পেয়ে নিজেকে পুনরায় জাগিয়ে তোলে ও। বাবার বয়সী মানুষটা এক কঠিন আবদার করেছিল ওর কাছে। নাজুক মনটা তখন মাথার ওপর রাখা হাতের মালিকের অনুরোধ, আবদারে সায় দিয়ে দেয় আগেপিছে কিছু না ভেবে, বাহ্যিক জ্ঞানশূন্য হয়ে। যার ফলাফল ভুগছে এখন ভয়ংকরভাবে।
শিল্পী, চিন্তায় নিমজ্জিত বদনের পানে চাইলেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা হালকা কৃষ্ণ বর্ণের চেহারায় হীরকচূর্ণের মতো দীপ্ততা প্রকাশ করছে। সকল ধূলিকণা পানির সংস্পর্শে ধুয়েমুছে গিয়ে মলিন, অনুজ্জ্বল মুখশ্রী করে তুলেছে স্বচ্ছ,সুন্দর, মায়াবী। চিন্তায় ছেদ ঘটিয়ে বললেন,
" ট্যুর কেমন ছিল? শরীর ঠিক আছে তোমার? "
তরুণিমার মন চিল্লিয়ে জানান দিতে চাইল," তার জীবনের সবচেয়ে বাজে,কুৎসিত ট্যুর ছিল এটা। "
অথচ উপায়হীন সে ওষ্ঠযুগল নেড়ে উত্তর দেয় কলকল করে, " ভালো ছিল। আপনি কি জরুরি কিছু বলতে চাইছেন,আন্টি? বা তানভীর ভাইয়ার প্রসঙ্গে? "
শিল্পী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন," হ্যাঁ। তুমি বুঝদার মেয়ে। আমার কথা খারাপভাবে নিবে না প্লিজ। আমি শুধু তানভীরের মা হিসেবে নয়,তোমার আন্টি হয়েও কিছু কথা বলব। "
" কী বলতে চান বলুন?"
চুলের পানি মুছে তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে আসল তরুণিমা। শিল্পী জানেন, মেয়েটা রিক্ত,নিঃস্ব। আপনজন থেকেও নেই তার। সবাই ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে। কোনো আত্মীয়, পরিজন কারো দুয়ারে করাঘাত করেও মিলে নি ঠাঁই। সমাজের সাধু-অসাধু,শিক্ষিত-অশিক্ষিত সকলে কোমল মেয়েটাকে কালো বলে ভর্ৎসনা, গঞ্জনা করে বেড়ায়। অপমান, অবহেলা, কটুক্তি, তিরস্কার, আ-ঘাত সবধরনের যাতনা সইয়ে নতুনভাবে বাঁচতে শিখেছে মেয়েটা। তিনি চান, মেয়েটার সুন্দর জীবন হোক। কিন্তু মা হয়ে ছেলের খারাপ কীভাবে চাইবে? অন্যের মেয়ের জন্য ছেলের সুখ-শান্তি বিসর্জন দিতে পারবেন না। তানভীর তরুণিমাকে চায় না বলেই বিয়ের দিন সবার অগোচরে ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু সাদিক সাহেব এটা মানতেই চান না। উঠে পড়ে লেগেছেন যা পূর্বে হয় নি,যা ছিল অপূর্ণ সেটা পূর্ণ করতে। স্বামীর জেদের ওপর দিয়ে তিনি যেতে পারবেন না,কিন্তু তরুণিমাকে কৌশলে দূর করতে পারবেন বলে আশা করেন। চিত্তে জাগ্রত হওয়া প্রশ্নখানি ব্যক্ত করলেন জড়ীভূত কণ্ঠে,
" তানভীর আসার পরও তুমি এখানে থাকবে?"
প্রশ্নটা বাধাহীন, অবলীলায় প্রবেশ করল তরুণিমার শ্রবণ গ্রন্থিতে। ধ্বক ধ্বক করে চাবুকের আঘাত পড়ল বুকের ভেতর। সে জানত,এমন একখানা প্রশ্ন একদিন না একদিন শুনতে হবে তবুও শিল্পী বেগমের প্রেমহীন,নিষ্ঠুর প্রশ্নটুকু ছু**রি হয়ে গাঁথল দুর্বল দেহের মধ্যিখানে। কতশত বার চেষ্টা করল বাড়িটা ছেড়ে বের হয়ে যাওয়ার,কিন্তু বাবা সমতুল্য সাদিক সাহেবকে দেওয়া কথার খেলাপি হয়ে যাবে বলে পারল না। পৃথিবী নামক সবুজ গ্রহটাতে সে আর দুইটা মানবের ন্যায় স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে না। প্রতিনিয়ত কাটা পড়ছে অদৃশ্য শাঁখের করাতে। সমাজ যেন প্রাণখোলা, শয়তানি হাসিতে মেতেছে তার করুণদশায়। অধর জোড়ায় লোক দেখানো কৃত্রিম হাসি ফুটিয়ে বলে,
" না,থাকব না আন্টি। চিন্তা করবেন না,আমি চলে যাব।"
" সেটাই ভালো হবে। তুমি আমায় ভুল বুঝো না তরু। তানভীর তোমাকে বিয়ে করবে না বলে বিয়ে ভেঙে চলে গেল,এটা পুরো সমাজ,আত্মীয় স্বজন জানে। তুমি আমাদের বাড়িতে থাকছ এতগুলো দিন ধরে সেটা নিয়ে কটুকথা বললেও আমরা কানে তুলি নি । কিন্তু যেই ছেলের সাথে বিয়ে হবার কথা ছিল, তারই সাথে একই বাড়িতে থাকা দৃষ্টিকটু দেখায়। আমাদের মান সম্মানের পরোয়া করি না,কিন্তু লোকে তোমাকে মন্দ বলবে। তোমার নিজের আত্মসম্মান বাঁচাতে হলেও এই বাড়িটা তোমার ছাড়া উচিত। তাছাড়া তোমাকে দেখলে তানভীর অস্বস্তি ফিল করতে পারে। "
এতক্ষণে এতগুলো কথার মর্মার্থ বুঝতে পারল তরু। শত হোক মা তো! নিজের সন্তানের কথা সর্বপ্রথম ভাবা অস্বাভাবিক কিছু নয়। তাহলে তার মা কেন ভাবল না তার কথা? তানভীরের মায়ের মতো মা কেন তার স্বস্তি-অস্বস্তি নিয়ে চিন্তা করল না? কেন ঝড় রাত্রির মাঝে তাকে বের করে দিয়েও মায়ের বুকে কোনো প্রকার হাহাকার শুরু হলো না,খোঁজ নিল না? সব মা কি এক নয়? পৃথিবীর সব মা কি সন্তানকে ভালোবাসে না! এক দীর্ঘ নিঃশ্বাস তরুণিমার বুক চিড়ে নাসারন্ধ্র পথে বেরিয়ে এলো। অসম সাহস সঞ্চয় করা মেয়েটার মনের রাজ্যের বিশালাকৃতির সাহসের স্তূপটি ধ্বসে পড়ল মুহূর্তেই। দুমড়েমুচড়ে গেল সে। দুঃখের লাভাস্রোতকে থামিয়ে নিষ্প্রাণ ও মলিন স্বরে বলল,
" আমি আংকেলের সাথে কথা বলব। আর যতটুকু সময় এ বাড়িতে থাকব,মনেপ্রাণে চেষ্টা করব আপনার ছেলের অস্বস্তির কারণ যেন না হতে পারি। যে লোক আমাকে সমাজের সামনে লাঞ্ছনায় ফেলে গেল তাকে পাবার মতো বোকামি আশা আমি করি না। আপনি যেমন ভাবছেন আপনার ছেলের জন্য আমি অস্বস্তি, তেমনই আপনার ছেলে আমার জন্য আমার অতীতের একটা খারাপ অধ্যায় ও ঝঞ্জাট। আর এই ঝঞ্জাটকে সেধে ঘাড়ে তোলবার ইচ্ছে আমার নেই। "
তরুণিমার অকুতোভয় উক্তি শুনে ঢের হতবাক, বাকরুদ্ধ হলেন শিল্পী। কি ছিল মেয়েটা আর কী হলো! বছর কয়েক আগেও কলি পরিস্ফুটিত হয়ে ফুলে পরিণত হলেও এই মেয়ের মুখ ফোটে একটুখানি কথা বের হতো না। আর এখন! রে-গেমেগে বি*ষ ঢালা গলায় বললেন,
" তোমার আংকেলকে কতবারই বললে। মানেন নি। তুমি এভাবে কেন চলে যাচ্ছ না? পরের মেয়েকে আটকাবার সাধ্য উনার নেই। তুমি না জানিয়েই চলে যাও। চাকরি আছে,স্বাবলম্বী তুমি। বাহিরের জগতটাকে ভালোমতে চেনো। তাহলে অসুবিধা কোথায়? টাকা লাগলে আমি দিব।"
শিল্পীর একেকটা কথা এ মুহূর্তে তরুণিমার নিকট হূল ফোটানো মৌমাছি মনে হচ্ছে। সে প্রহসন করে স্মিতহাস্যে,
" অসুবিধা একটাই আন্টি,সেটা হলো বাবার দেওয়া শিক্ষা। হাইস্কুলে পড়ার সময়ে বাবা শিখিয়েছিলেন তুমি কারো কাছে ওয়াদাবদ্ধ হলে কখনোই সেটার খেলাপি করবে না। যদি কাজটা তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবে,কিন্তু ওয়াদাটা ভঙ্গ করবে না। তাহলে বাবার এই শিক্ষা কীভাবে ভুলে যাই? কয়েকদিন আগে আংকেল মানেন নি আমাকে বাড়ি ছেড়ে যেতে দিতে, আজ বা কাল মানবে না এমন নয়। তানভীর এ বাড়ির ছেলে, সে থাকবে,আমি বাহিরের মেয়ে কেন তার থাকার অন্তরায় হয়ে দাঁড়াব! এতদিন ছিল না বলে আংকেলের আবদার আমি মেনেছি। কিন্তু তানভীরের সামনে থাকা আমার পক্ষেও সম্ভব না। আংকেলকে বলেই রাজি করিয়েই আমি চলে যাব। আপনি চিন্তামুক্ত থাকুন। "
কথাগুলো শোনামাত্র শিল্পীর সমুদ্রে লহরীর ন্যায় উত্তাল পাতাল গর্জন থেমে গিয়ে মন শান্ত হলো। সাদিক সাহেব যতই তর্জন,গর্জন, জোর করুক তরুণিমা যে তানভীরের বউ হবে না কখনোই, এই বিষয়খানা তাকে অপরিসীম ভালো লাগার পরশে আচ্ছাদিত করল। হড়বড় করে বললেন,
" বেলা গড়িয়ে যাচ্ছে। নিচে চলো,খেয়ে নিবে। "
জুতা মে**রে গরু দান! তরুণিমা বিছানায় শুয়ে কম্বল মুড়িয়ে নিল। শান্ত, স্বাভাবিক তার কণ্ঠস্বর, " আমি খাব না আন্টি৷ আংকেল কখন ফিরবেন?"
" রাতে। খাবে না কেন? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ?"
কি অদ্ভুত মনুষ্যজাতি! স্বেচ্ছায় কষ্ট দিয়ে জিজ্ঞেস করছে যন্ত্রণা পেল কি-না! তরুণিমা সত্য লুকিয়ে বলল,
" না। খিদে পেলে আমি খেয়ে নিব। কষ্ট, লজ্জা এসব পেলে বছর ধরে আপনাদের বাড়িতে থাকতে পারতাম না। কারো বাড়িতে আশ্রিতা হবার আগে লজ্জা শরম বিসর্জন দিয়েই এসেছি। "
শিল্পীর মনের একাংশ বোধহয় এখনো কোমনীয় রয়ে গেছে। মেয়েটা কষ্ট পেল নাকি ভাবনাটা সৃষ্ট হলো সেই নরম স্থানে। অন্যত্র শক্তপোক্ত মনের অংশটা বলল কিচ্ছু ভুলভাল বলেন নি তিনি। কিছু সত্য যদি মানুষকে যাতনা দেয় তবুও থেমে না থেকে বলে ফেলা উচিত। দরজা ভেজিয়ে দিয়ে প্রস্থান করলেন উনি। তরুণিমা কম্বলের উষ্মা ছোঁয়া ছেড়ে এসে দরজাটা লক করে দিল। এই মুহূর্তে বাড়ির কারো সাথে কথা বলবার স্পৃহা নেই ওর।
দিন ফুরিয়ে সাঁঝ নামার তোরজোর চলছে মর্ত্যধামে। দো-জাহানের বুকে তড়িৎ গতিতে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে অন্ধতমস। নিসর্গে লেগে আছে আলো-আঁধারি। পঙ্খিরা ডানা মেলে অন্তরিক্ষের র-ক্তাভ ন্যায় মেঘমালাদের ছুঁয়ে ফিরছে নীড়ে। তরুণিমা শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল,কোত্থেকে চতুর্যা এসে দরজায় ধুরুমধারুম ধাক্কাধাক্কি আরম্ভ করে দেয়। গলা উচিঁয়ে বলে,
" দরজা খুলো আপু। দারোয়ান খবর পাঠিয়েছে কে যেন বড়ো একটা পার্সেল পাঠিয়েছে তোমার জন্য। "
তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে যায় চতুর্যাকে সাথে নিয়ে। তার জানামতে,তাকে পার্সেল বা গিফট শিফট পাঠিয়ে অকস্মাৎ চমকে দেবার মতোন কেউ নেই এই গোলাকার পৃথিবীতে। দারোয়ান পার্সেলটা বসার ঘরের টি-টেবিলে রেখে গেছেন। কেউ ছুঁয়ে দেখে নি এখন পর্যন্ত। তরুণিমা সেটা নিয়ে ঘরে আসে। মোটামুটি ভারী পার্সেলটা। ওপরে নামধাম নেই, কে পাঠিয়েছে কোনো চিহ্ন নেই। এরকম অবিদিত একটি পার্সেল উন্মুক্ত করতে কিঞ্চিৎ ভীত অনুভূতি কাজ করছে মনে। চতুর্যা বারংবার তাড়া দিয়ে চলছে কৌতূহলে ডুবে,
" খুলছ না কেন আপু? কে কী পাঠাল,খুলো। "
মোটামুটি বৃহৎ আকৃতির একটি বক্স। রেপিং খুলতেই চক্ষুতারায় প্রতিফলিত হয় বক্সটা ভীষণ দামী। ওপরে আবার সুন্দর দেখতে টুকটুকে সিঁদুর লাল ফিতা বাঁধা ফুল করে। একটানে সেটা খুলে নেয় তরুণিমা। বক্স থেকে মুখের বাঁধন আলগা করতেই এক থলো শ্বেত রাঙা গন্ধরাজ দেখে ভয়ে সেঁটে যায় সে ও চতুর্যা। হৃদয়ে তরঙ্গ ওঠে দুজনেরই। সাথে সাথে চতুর্যার গলায় আবির্ভাব হয় কম্পন,ভয়,
" ফুলে ফোঁটা ফোঁটা এগুলো কী? র...ক্ত?"
বাক্সটার কাছে গিয়ে ফুলগুলো হাতে তুলে নেয় তরুণিমা। গন্ধরাজের সফেদ,নির্মল পাপড়িকে কলুষিত করেছে লাল রঙ। পুষ্পের সবকটি পাপড়িতে ছিটা ছিটা রক্তিম দাগ। আঙ্গুলের ডগা দিয়ে স্পর্শ করল তরুণিমা সেই লালচে রঙ। নিমিষেই শীতল স্রোত নেমে গেল শিরদাঁড়া বেয়ে। অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে পড়ল অসাড়, স্থির। গা জুড়ে একটি ছমছমে ভাবের উদয় হলো। ফুলে র**ক্ত! আসল র**ক্ত! কোনো রঙ নয়! কে করতে পারে এমন বিভৎস মজা! চতুর্যার ভয় দূর করতে নিজেকে সামলে মিছেমিছি বলল,
" রঙ এগুলো। কেউ ইচ্ছে করে মজা করছে। "
ও বিশ্বাস করল না বোধহয়! স্বর্ণকান্তি মুখের রং উজ্জ্বল ভাব হারিয়ে হয়ে গেল ফ্যাকাশে, পাণ্ডুর। নিস্তরঙ্গ, জীর্ণ গলায় বলল,
" বক্সটায় আরও কিছু আছে বোধহয়। "
সাদা কাপড়ে আবৃত আরও কিছু একটা রয়েছে বাক্সটায়। তরুণিমা ফুলগুলো রেখে টেবিলের অভিমুখে গিয়ে কাপড়টা সরিয়ে দিতেই দৈবক্রমে চিল্লিয়ে ওঠে চতুর্যা ফের। ওকে ঝাপটে ধরে বুকে মুখ গুঁজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে,
" এটা কার মাথা আপু,কার মাথা এটা!"
বক্সে একটা কঙ্কালের মাথা রাখা। মাথার উপরিভাগেও লেগে আছে ঈষৎ লাল রক্ত। নিজের সাহস আর ধরে রাখতে পারল না তরুণিমা। চিত্ত তারও কেঁপে উঠেছে। হাত-পা কাঁপছে কিঞ্চিৎ। গ্রীবাদেশ জলের অভাবে শুষ্ক হয়ে যাওয়ার উদ্রেক। চতুর্যা থরথর করে কাঁপছে। তাকে বিছানায় বসিয়ে বেড সাইড টেবিলের জগ থেকে গ্লাসে পানি ভরে এগিয়ে দিল। গলা ভিজিয়ে স্থির হলো মেয়েটা।
ভীতসন্ত্রস্ত কণ্ঠস্বর," এমন ঠাট্টা কে করল আপু? কঙ্কালের মাথা,র**ক্তমাখা ফুল? এসব কেন পাঠাল তোমাকে? "
তরুণিমা ভালোভাবে লক্ষ্য করে দেখে কঙ্কালের মণিহীন চোখের গর্তে লম্বাটে করে পেঁচিয়ে একটা হলদেটে রঙের চিরকুট গেঁথে রাখা। হাত বাড়িয়ে ওটা নিল ও। ভাঁজ মেলতেই অক্ষরগুলো তড়তড় করে ভাসল চোখের তারায়,
❝ কেমন লাগল সারপ্রাইজ? কিউট নাকি ভয়ংকর? ভয় পেয়েছ নিশ্চয়ই? বেশি না-কি কম? না দেখেই কল্পনা করতে পারছি তোমার ভয়ার্ত, রং উড়ে যাওয়া মুখটা। ইউ নো অপ্রিয় তরু! আমি তোমার দিওয়ানা নই,আশিকও নই। আমি তোমার হৃদয়ারণ্য র**ক্তাক্ত করে দেওয়া পিপাসিত পিশাচ, যে কখনো তোমার পিছু ছাড়বে না। এই যে পিছু নিলাম তোমার, মৃ-ত্যু অব্দি ছাড়ছি না। ❞
তরুণিমার বুঝতে আর কসরৎ লাগল না। চিরকুটটা অঞ্জলিপুটে দলে মুচড়ে বসে পড়ল হতভম্ব হয়ে। পি-শাচটা তাহলে আবার লেগে পড়ল ওর পিছু! কী চায় এই পি-শাচ? বাবা,ভাই,পরিবার সবকিছু খুইয়ে পরের বাড়ি আশ্রিতা হয়ে আছে,সবকিছু লুটপাট করে সর্বস্বান্ত করে ছাড়ল তবুও কেন শেষ হচ্ছে না তার জেদ,পা**গলামি? তবে কি তার শরীরের র--ক্তগুলো চুষে ক্ষান্ত হবে! তরুণিমা ফেলে আসা সময়গুলোতে না বুঝলেও এখন দিব্যি টের পাচ্ছে লোকটা একটুও স্বাভাবিক ধাঁচের নয় বরং পাগলাটে, মানসিকভাবে অসুস্থ। সাইকো নয় তো?
পরনের সুতির জামাটা পরেই ছোটোখাটো হ্যান্ড ব্যাগ নিয়ে সন্ধ্যাবেলাতেই বাইরে যাওয়ার জন্য ক্ষিপ্ত হলো। চতুর্যা সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় তার দিকে। শশব্যস্ত হয়ে বলে,
" কোথায় যাচ্ছ হঠাৎ? "
তরুণিমা নিস্পৃহ কণ্ঠে জবাব দিল," পাগলের সাথে পাগলামি করতে। "
উত্তর দিয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে পড়ল সে। চতুর্যা নির্বাক, স্তম্ভিত। ক্যাবলারাম হয়ে তাকিয়ে থাকল তার যাওয়ার পানে। কে পাগল,কার সাথে পাগলামি করবে কিছুই বোধগম্য হলো না ওর।
ইয়াজিদ হাতের ব্যান্ডেজ ছুঁড়ে ফেলল ফ্লোরে। র-ক্তে মাখোমাখো হাল এটার। ফিনকি দিয়ে র**ক্তের শোণিত ধারা মেঝেতে পড়ে বিন্দু বিন্দু আকার ধারণ করছে।
#চলবে!
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)