ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 8

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___৮

উপস্থিত প্রতিটি মানব স্তব্ধ হয়ে গেল। ইয়াজিদ ঘাড় ঘুরিয়ে তাকাল তার খড়খড়ে গালে থা**প্পড় বসানো মানবীর পানে। কঠিন,রক্তিম হয়ে ওঠেছে তার চোখ দুটি। তরুণিমা শক্ত চোখ চেয়ে হাত নামিয়ে নিল। ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে রূহ কিঞ্চিৎ কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয় সে। নির্ভয়ে দাঁতে দাঁত চেপে বলল,
" সাহস কী করে হলো আপনার আংকেলের সাথে এভাবে কথা বলার? বেয়াদব, অভদ্র লোক!"

ইয়াজিদ ঘাড় হেলিয়ে উন্মুখ চেয়ে রইল তরুণিমার বদনে। ঠোঁটের কোণে ক্রুর হাসি ফুটিয়ে হাত বাড়াল। কেউ কিছু বুঝে ওঠার আগে খপ করে মুঠোয় পুরে নিল তাকে চড় দেওয়া চিকন হাতখানি। চাপ দিল কব্জিতে আলতো। ধ্বক করে চাবুকের আঘাত পড়ে তরুণিমার বুকের ভেতর আকস্মিক পুরুষালি স্পর্শে। বিহ্বল হয়ে পড়ে সবাই। চমকে ওঠে বিদ্যুৎস্ফুরণের মতো। তরুণিমা হাত ছাড়িয়ে নেওয়ার জন্য জোরাজুরি আরম্ভ করে,
" ছাড়ুন আমার হাত। ছাড়ুন বলছি।"

ইয়াজিদ আরো গাঢ়ভাবে মিশিয়ে নেয় মুষ্টিতে হাতটা। চাপ দিয়ে মুখের সামনে তুলে ধরে। তীক্ষ্ণ, সরু চাহনি নিক্ষেপ করে বলে,
" এই চিকন হাতে এত শক্তি! চড়টা বেশ মজার ছিল, একদম পরান জুড়িয়ে গেছে। আরেকটা মা-রবে,তরু? এত মজার চড় খাই নি জীবনেও। নাকি প্রথমবার খেলাম বলে এত টেস্ট? "

বলে হাতে শক্তি বৃদ্ধি করল ইয়াজিদ। ব্যথার দরুন তরুণিমার অনুজ্জ্বল শ্যাম মুখ দ্বিগুণ মলিন হয়ে গেছে। ভিতরের যন্ত্রণার আর্তরব বাহিরে বের হতে দেয় না সে। নিজের কণ্ঠকে চেপে রাখে বহু কষ্টেসৃষ্টে। সাদিক সাহেব ইয়াজিদের বলিষ্ঠ বাহুতে ধাক্কা দিলেন। ধমকে উঠলেন ফের,
"ওর হাত ছাড়ো। ছাড়ো ওর হাত। "
ইয়াজিদ একরোখা গলায় মেঘের মতো গর্জে উঠল," ছাড়ব না। "
" তুমি কি পাগল? ওর সাথে এমন করছ কেন?"
" আপনি আমাদের মাঝখানে আসছেন কেন? আমার কাজে কেউ বাধা দিলে আমার একদম ভালো লাগে না,কাকু। পরিণতি খারাপ হলে আমায় দোষী করতে পারবেন না। "
তরুণিমার হাতের দিকে দৃষ্টি রেখেই বলল ইয়াজিদ। দুজনের মধ্য থেকে হাত একটুখানি সরিয়ে ভ্রু নাচিয়ে তরুণিমার উদ্দেশ্য বলল,
" তরু,তুমি জানো না পরিণতি কেমন হয়? কাকুকে বলো। "

তরুণিমা আঁতকে ওঠে। মনে পড়ে যায় তার ভাইয়ের রক্তা--ক্ত অবস্থার কথা। সাদিক সাহেবকে অসহায় কণ্ঠে বলে," আপনি সরে যান আংকেল। আমার জন্য আপনি নিজের ক্ষ-তি করবেব না,প্লিজ। দূরে সরে যান উনার কাছ থেকে। "

সাদিক সাহেব হতভম্ব হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন," কে এই ছেলে? তুমি চিনো তাকে?"

ইয়াজিদ তেজী কণ্ঠে হুংকার ছাড়ল," আপনি আবার কথা বলছেন! আমাকে আর তরুকে কথা বলতে দিন। আপনারা ঘরে চলে যান। একান্তে কথা বলতে চাই আমরা। "

তর্জন-গর্জনে প্রবল ভূমিকম্প অনুভব করে সকলে। ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সবাই। শিল্পী, স্বামীর হাত ধরে শশব্যস্ত হয়ে বলতে লাগলেন,
" ঘরে চলেন। এই মেয়ের জন্য নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি? দয়া করে ঘরে চলেন। "

সাদিক সাহেব স্ত্রীর দিকে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বললেন," কেমন স্বার্থপরের মতো কথা বলতেছ তুমি? এমন পাগলের কাছে মেয়েটাকে রেখে চলে যাব? বদ পা*গল এই ছেলে। তরুকে রেখে যাব না। আমার মোবাইল নিয়ে আসো,পুলিশকে ফোন দাও। "

ইয়াজিদ অট্টহাসিতে ফেটে পড়ল। বলল," শুনেছ তরু? কাকু পুলিশে কল দিবেন। পুলিশ কি আমাকে কিছু করতে পারবে বলো? বলো না..."

" না, কিছু করতে পারবে না পুলিশ আপনার মতো পিশাচকে। পুলিশ আপনাদের মতো ক্ষমতাশালী মানুষের নুন খেয়ে বাঁচে। কেন আপনি এমন করছেন? "

ইয়াজিদ ক্ষিপ্র গতিতে কাছে টেনে নেয় তরুণিমাকে। নীলসিন্ধুর ঢেউ বালুকাবেলায় আছড়ে পড়ার মতো শক্ত,প্রশস্ত বক্ষস্থলে আছড়ে পড়ে ও। মনের কূলে পড়ে জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা। নাকে এসে লাগে পুরুষালি দেহের ঝাঁঝালো গন্ধ। মাথা তুলে তাকায় উপরের দিকে। ইয়াজিদ রাগান্বিত স্বরে বলল,
" আমি কেন এমন করছি জানো না? জুতা পাঠানোর জন্য ক্ষমাটা করেই দিব ভাবছিলাম। কিন্তু থাপ্প-ড়! থাপ্পড়টা ঠিক বুকে গিয়ে লেগেছে। ইচ্ছে করছে আমাকে জীবনে প্রথম থাপ্পড় দেওয়া হাতটা কে*টে নিয়ে ঘরে সাজিয়ে রাখতে। হাতটা নিই,তরু?"
মেকি অনুরোধের সুরে বলে শেষ কথাটা ইয়াজিদ। তরুণিমা ঘৃ-ণায় জর্জরিত হয়ে বলে," জানটাই নিয়ে নিন। "

ইয়াজিদ ঝুঁকে আসে ওর মুখের ওপর, অতি নিকটে, নিশ্বাসের কাছে। দুটি নাক,কপাল প্রায় ছুঁই ছুঁই। বাদামি চক্ষুযুগল রেখে গাঢ় স্বরে বলে," জান নিব না,তোমাকে নিব তরু। জলজ্যান্ত তোমাকে চাই আমার। তোমাকে আমি আমার নামে আমৃ-ত্যু লিখে নিয়ে যত্ন করে একটু একটু কষ্ট দিব। দিবে তোমাকে সঁপে আমার নামে?"

" কখনোই নয়। আপনি আমার জন্য বি-ষ। বিষ পান করে ম-রতে চাই না আমি। আমাকে কষ্ট দেওয়ার জন্য নিজের করে চাইবেন আর আমি নিজেকে বিলিয়ে দিব? হাস্যকর! কার জন্য প্র*তিশোধ নিতে চাইছেন? সে আপনাকে কেমন ভালোবাসল যে বিশ্বাস রাখতে পারল না? আপনি ভালোবাসার মানুষের জন্য প্র**তিশোধপরায়ণ হচ্ছেন,অথচ আপনি জানেনই না ভালোবাসা কাকে বলে। আমার করুণা হচ্ছে আপনার প্রতি। আপনি পাগ**ল হবার পাশাপাশি খুবই বোকা। ভালোবাসা সত্য হলে কোনো তৃতীয় পক্ষেরই ভালোবাসার বন্ধন ভেঙে দেওয়ার সাধ্য নেই। আপনি.."

কথা সমাপ্ত করতে পারে না তরুণিমা। নরম ওষ্ঠে পুরুষের আঙুলের দহন স্পর্শে শরীরের রক্ত ছুটছে বেগতিক হারে। ইয়াজিদ তার অধর জোড়ায় আঙ্গুল রেখে ক্ষেপাটে ভঙ্গিতে শাসায় ফিসফিস করে,
" স্টপ তরু, স্টপ। বেশি কথা বলো না,মাথা বিগড়ে যাচ্ছে।
সীরাতের প্রতি আমার ভালোবাসা সত্য ছিল নাকি মিথ্যা সেটার যুক্তি আমি তোমার কাছে চাই নি। তুমি স্বেচ্ছায় আমার রাজ্যে পা না রাখলে আমি দুষ্ট রাজা হয়ে ছিনিয়ে নিব তোমাকে। সবশেষে একটাই কথা কান খুলে শুনে রাখো, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। "

তরুণিমা নির্বাক। ভালো করে বুঝতে পারছে ইয়াজিদের তাকে চাওয়ার কারণ। সহসা ইয়াজিদের বুক থেকে একটানে তাকে সরিয়ে আনল কেউ। হঠাৎ টানে হাতে ব্যথা পেল সামান্য। পাশে চেয়ে দেখল তানভীর তার হাত ধরে ছিনিয়ে এনেছে ইয়াজিদের কাছ থেকে। হাতটা ধরে তাকিয়ে আছে সে রাগ মিশ্রিত চাউনি নিক্ষেপ করে ইয়াজিদের দিক। ইয়াজিদ পল-অনুপল তানভীরকে দেখল, মুখ থেকে সরে দৃষ্টি গেল তার তরুণিমার হাতকে আগলে রাখা হাতের দিকে। মাথার ভিতর যন্ত্রণা চিড়িক দিয়ে উঠল নিমেষেই। তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি নিবদ্ধ করে শান্ত, শীতল গলায় আদেশ করল,
" হাতটা ছাড়।"
তানভীর, তরুণিমার দিকে চেয়ে শক্ত গলায় জিজ্ঞেস করে, " উনি কে? কে হয় তোমার? "
তরুণিমা স্বাভাবিক গলায় প্রতুত্তর করে," কেউ হয় না,কেউই না। উনি প্রডিউসার ওয়াসিম খান ইয়াজিদ।"
তানভীর তপ্ত মেজাজে ইয়াজিদের লক্ষ্যে বলে," আমাদের বাড়িতে এসে আপনি ওর সাথে বেয়া*দবি করছেন কেন? কে দিয়েছে এই অধিকার? "

ইয়াজিদ জবাব না দিয়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসতে থাকে। হাতের পাঁচ আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ঘুষি বসিয়ে দেয় তানভীরের গালে। তাল সামলাতে না পেরে একদিকে হেলে যায় তানভীরের দেহ। ছুটে যায় তরুণিমার হাত। ইয়াজিদের উগ্র কণ্ঠের জবাব ছড়িয়ে পড়ে সবার মাঝে,

" কারণ ও আমার। শুধুই ইয়াজিদের। ইয়াজিদ তার নিজের জিনিসের সাথে যা ইচ্ছে হয় করতে পারে। কারো অধিকার দেওয়ার প্রয়োজন নেই। তুই কেন ছুঁবি ওরে? কেন স্পর্শ করলি? আমার জিনিসে কারো স্পর্শ একদম পছন্দ না। "

পাগলা ষাঁড়ের মতো ছুটি গিয়ে তানভীর ধাতস্থ হবার আগে আরেকটা ঘুষি বসিয়ে দেয় ইয়াজিদ। তার ঠোঁটের কোণের চামড়া ছিড়েখুঁড়ে বেরিয়ে আসে ঈষৎ লাল রঙ। পায়ের ভিত নড়ে উঠল সকলের। শিল্পী বেগম চিৎকার করে উঠলেন ছেলের জন্য। সাদিক সাহেব ছুটে গেলেন ঘরের ভিতর পুলিশকে কল করতে।

তানভীর সোজা হয়ে পাল্টা ঘুষি বসাল ইয়াজিদের মুখ বরাবর। বিন্দুমাত্র নড়ল না সে ঘুষির তোড়ে। তেড়ে জেতে নিলে সাব্বির পেছন থেকে ঝাপটে ধরে আটকানোর চেষ্টা করে। দুর্বল, টিংটিঙে শরীরে বলিষ্ঠদেহী ইয়াজিদকে আটকাতে পারছে না সে। শরীরে যেন অসুরে শক্তি ভর করেছে। কোনোরকমে চিল্লিয়ে বলে,

" স্যার,শান্ত হোন। মানুষের ভিড় জমে গেছে। যে কেউ ঘটনা মিডিয়ায় লিক করে দিলে ভেজাল হয়ে যাবে। প্লিজ,স্যার।"

সাব্বিরকে ঠেলে সরিয়ে দিয়ে গাড়িতে গিয়ে বসল ইয়াজিদ। মাথাটায় সূচ ফোটানোর যন্ত্রণা হচ্ছে। কোনোকিছু সে চেয়ে ফেললে অন্য কেউ সেটা স্পর্শ করলে মাথা ঠিক থাকে না তার। এলোমেলো হয়ে যায় সম্পূর্ণ সত্তা, ভিতরকার হিং*স্রতা প্রবল বেগে উম্মাদ হয়ে বেরিয়ে আসতে চায় বাহিরে। গাড়িতে ওঠে এক বোতল পানি মাথায় ঢালল। চুল ব্র্যাকব্রাশ করে গাড়ির জানালা দিয়ে তুখোড় দৃষ্টিতে তানভীর ও তরুণিমাকে দেখল মিনিট এক। সাব্বির গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে বলে,
" ভালো না বেসে কাউকে এত সাংঘাতিকভাবে চাওয়া যায়,ভালোবাসলে সেই চাওয়াটা কেমন পর্যায়ে পৌঁছাত! "

বাড়িতে পৌঁছে লম্বা লম্বা পা ফেলে ঝড়ের গতিতে রুমে চলে যায় ইয়াজিদ। ঘরে এসে গেঞ্জি খুলে ফ্লোরে ছুঁড়ে মা-রে। শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে ঝরনার নিচে গিয়ে দাঁড়ায়। ঝরনার ধারা ছোট ছোট চুল ভিজিয়ে দিয়ে উদোম সুঠাম পিঠ,বুক ছুঁয়ে নেমে যাচ্ছে নিচে। দেয়ালে দু হাত ঠেকিয়ে অধোমুখে ঘনঘন নিঃশ্বাস ছাড়তে লাগল সে। তানভীরকে সে চিনে। সাব্বিরের দেওয়া তথ্য ও ছবি দেখে চিনেছে। তরুণিমাকে সে স্পর্শ করেছে, তার অবস্থান একই ঘরে মানতে পারছে না। তানভীর কেন এসেছে? অর্ধ বিয়ে পূর্ণ করতে? কিছুতেই দিবে না সে। কিছুতেই না। তরুণিমা স্রেফ তার হবে। কারো সাথে সুখে থাকতে দিবে না তাকে। নিজের কাছে রেখে অসুখে ভোগাবে।

পুলিশ এসেছিল কল করার পর। ইয়াজিদের বিরুদ্ধে উত্যক্ত করার কেইস করেছেন সাদিক সাহেব। পুলিশ যতই কেইস লিখুক, তরুণিমা জানে এসব চাপা পড়ে যাবে ইয়াজিদ ও তার বাপের টাকার ক্ষমতার কাছে। ড্রয়িং রুমে বসে আছে সকলে। পরিবেশ থমথমে। চতুর্যা ভয়ে একপাশে বসে আছে চুপ করে। শিল্পী বেগম কাঁদছেন আর ছেলের ক্ষততে ঔষধ লাগাচ্ছেন। ছাবেতা,সাদিক সাহেবকে বললেন,
" মেয়েটারে কিছু কইতেছ না ক্যান সাদিক ভাই? বাইরে খারাপ কর্ম কইরা আইছে দেখাই আজ বড়োলোকের পাগল, বখাইট্যা পোলা বাড়ি পর্যন্ত আইল। কেমন অসইভ্যের মতো আচরণ করতাছিল। পোলাটারে পর্যন্ত মা**রল। সব নষ্টের মূল এই মাইয়্যা। "

তরুণিমা নত বদনে দাঁড়িয়ে রইল। এক রত্তি মিথ্যা বলে নি ছাবেতা। সত্যিই তো, সব তার কারণে হয়েছে। বাড়িতে এসে সবাইকে অপদস্ত করে গেল,মান সম্মান নষ্ট করে যেতে পারল সে এখানে আছে বলে।

সাদিক সাহেব কিছু আন্দাজ করে তরুণিমাকে প্রশ্ন করলেন," এটা কি সেই ছেলে যে কয়েক বছর আগে তোমাকে, তোমার পরিবারকে বিরক্ত করত? আবসার আমাকে বলেছিল তোমাদের সাথে ঘটে যাওয়া সবকিছু। "

তরুণিমা জিহ্বা দিয়ে শুষ্ক ওষ্ঠযুগল ভিজিয়ে বলে," জি আংকেল। আমাকে যেতে দিন আপনাদের বাড়ি থেকে। নইলে সে এসে আপনাদের সবাইকে যন্ত্রণা দিবে, সমাজের সামনে ছোট করবে। আমি চলে গেলে এখানে আর আসবে না। "

ছাবেতা অবাক স্বরে বলে ওঠে," আগে নাগর আছিল নাকি? "

সাদিক সাহেব হালকা রা*গে সাবধান করেন তাকে," এসব কী কথা ভাবি! তরুণিমাকে আমি ছোট থেকে চিনি। ছেলেটাই পড়ে আছে ওর পেছনে। দয়া করে,ওকে উল্টাপাল্টা কিছু বলবেন না। জন্ম অন্য ঘরে হলেও, ও আমার মেয়ের মতো। আমার মেয়েকে কিছু বললে বরদাস্ত করব না আমি। "

ছাবেতা মুখ বাঁকিয়ে চুপ করে গেলেন। ভয়ে বুকটা এখনও কাঁপছে তার। এমন ভয়ং**কর পাগল ছেলে উনি আর দেখেন নি। কালো মেয়েটার জন্য কি পাগলামি! এত সুন্দর, বড়োলোক ছেলের রুচি এত নিচু,এত খারাপ! তরুণিমা পুনরায় আকুতিভরা কণ্ঠে বলে,
" প্লিজ,আমাকে চলে যেতে দিন আংকেল। এতে আমার ও আপনাদের সবার ভালো হবে। নাহলে ইয়াজিদ কাউকেই শান্তিতে বাঁচতে দিবে না। "

তানভীর গলা উঁচিয়ে তেজী কণ্ঠে বলল," কোথাও যাবে না তুমি। এখানেই থাকবে। দেখব, সে কীভাবে শান্তি বিনষ্ট করে আমাদের। "

কিংকর্তব্যবিমূঢ় হলো তরুণিমা,শিল্পী সকলে। ছাবেতা নিঃশব্দে ঠোঁট নাড়লেন," কালির জন্য দেখি আশিকের অভাব নাই! কপাল,কপাল। এতদিন একজনরে পায় না,এখন দুইজন। "

শিল্পী ছেলেকে দাঁতে দাঁত চেপে বললেন," কী বলছিস তুই?"

সাদিক সাহেব সায় দিলেন ছেলের সাথে, " ঠিকি বলছে ও। তরুণিমাকে আমি যেতে দিব না। "

শিল্পী বেগম চটে গেলেন," ম**রে যান আপনারা বাপ ছেলে এই মেয়ের জন্য। সাথে আমাদেরও মা**রুন। "

তরুণিমা কাউকে তোয়াক্কা করল না আর। সবার মাঝখান থেকে দৌড়ে উপরে চলে আসল। আলমারি খুলে গোছাতে লাগল সব কাপড়চোপড়। চলে যাবে ও। প্রতিজ্ঞা ভেঙেই চলে যাবে। নিজের জন্য অন্যকে কেন মা**রবে! প্রয়োজনে ইয়াজিদকে ঘায়েল করবে কঠিনভাবে।

ঘন্টা কেটে গেছে। ওয়াশরুম থেকে বের হচ্ছে না ইয়াজিদ। সাব্বির দরজায় করাঘাত করে চিন্তিত স্বরে বলে," কী করছেন স্যার? বের হচ্ছেন না কেন? অসুস্থ হয়ে পড়বেন আপনি। "
পানিতে ভিজে মুখ ফ্যাকাসে হয়ে গেছে ইয়াজিদের। ঝরনা বন্ধ করে উঁচু, প্রখর উষ্ণ গলায় হুকুম জারি করল," তরুকে উঠিয়ে আনো। "

সাব্বির হতবাক হয়ে যায়," কিড-ন্যাপ? "

দরজা খুলে বের হয় ইয়াজিদ। বলে," হ্যাঁ, কি-ডন্যাপ। "

" কি-ডন্যাপ করে এনে কী করবেন,স্যার? "

" আদর করব। "

সহজ,স্পষ্ট জবাব শুনে সাব্বির লজ্জায় কেশে উঠল।

#চলবে~
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন