#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব__৯
তরুণিমা ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে আসল। সর্বপ্রথম ব্যাগের ওপর গিয়ে নজর পড়ল চতুর্যার। অস্ফুটে সাদিক সাহেবকে বলল," আপু চলে যাচ্ছে, বাবা। "
সাদিক সাহেব ঘাড়ি বাঁকিয়ে দেখলেন তরুণিমা টলি ব্যাগের হাতল টেনে এদিকে আসছে। উপস্থিত সকলে চমকে গেল। সাদিক সাহেব বিস্মিত হলেন," কোথায় যাচ্ছো তুমি?"
সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল তরুণিমা। বিনয়ী,মলিন সুরে বলল," আমি চলে যাচ্ছি আংকেল। এখানে থাকলে আপনাদের ভেজাল হয়ে যাবে,মানসম্মান চলে যাবে। ইয়াজিদ মোটেও ভালো লোক নয়। তার হিং-স্রতার শিকার হয়ে আমার জন্য আমার বাবাকে আমি পুরো মহল্লার সামনে নত হতে দেখেছি। আমি চাই না আমার জন্য আপনার সাথে এমন কিছু হোক। চলে যেতে দিন আমাকে। আমি কোনো মেসে সিট নিয়ে নিব। "
সাদিক সাহেবের জবাবের অপেক্ষা না করে তরুণিমা ঘুরে দাঁড়াল যাওয়ার জন্য। নিমিষেই ব্যাগে টান অনুভব করে। দীর্ঘ দেহী পুরুষ বিনা বাক্যে ছোঁ মেরে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিল। গম্ভীর স্বরে হুংকার তুলে বলল, " একটু বেশি পণ্ডিতি করছ। আমরা সমস্যা ফেস করতে রাজি, তোমার এত মাথাব্যথা কেন? বাবা তোমার দায়িত্ব নিয়েছেন, তাকে তার দায়িত্ব পালন করতে দাও। "
তরুণিমা হকচকালো, থমকাল৷ চাইল বিস্ফোরিত নেত্রে। হুট করে তানভীর তার প্রতি এত সদয় হচ্ছে কেন? কণ্ঠে সৃষ্ট হলো বিদ্রুপ মেশানো বাক্য," আপনি আমার ব্যাপারে এত ভাবছেন কেন? কই বিয়ে না করে ফেলে যাওয়ার সময় তো এত ভাবেন নি!"
তানভীর চোখ রাখল অনুজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে। শ্যামবর্ণার হরিণীর মতো বড়ো বড়ো চোখের তারায় দেখতে পেল তেজ, তপ্ততা, পরিহাস। সে অতর্কিতে উচ্চারণ করল,
" কাউকে ভালোবাসা বিহীন বিয়ে করা তুমি কতটুকু যুক্তিযুক্ত মনে করো? আমি বাবাকে বলেছিলাম তোমাকে বিয়ে করব না। কিন্তু বাবা শুনেন নি। আর আমার বিবেক সায় দেয় নি বলে চলে গিয়েছি। কারণ ভালোবাসা ছাড়া বিয়ে করে আমি তোমাকে ভালো রাখতে পারতাম না, এতে তোমার জীবন সহজ হবার বদলে আরো বিগড়ে যেত। আজ ভাবছি কারণ চোখের সামনে কাউকে বিপদে পড়তে দিতে পারি না। যেই ছেলে আমাদের বাড়িতে এসে তোমার সাথে এমন করে গেল,একা পেলে তোমাকে ধ্বংস করে ফেলবে। তাই আমি চাই তুমি এখানেই থাকো। "
ব্যাগ নিয়ে উপরে চলে গেল তানভীর। তরুণিমা হতভম্ব, নির্বাক। নিশ্চুপতা তার নাজুক কায়াকে জড়িয়ে ধরল আঁটোসাটোভাবে। শিল্পী হতাশ হলেন ছেলের মানবতা দেখে।
সাদিক সাহেব ওঠে এসে হাত রাখলেন তরুণিমার মাথার ওপর। মায়া মিশিয়ে বললেন," যেয়ো না,মা। তুমি থাকো। আজ চতুর্যার সাথে এমন হলে তাকে ফেলে দিতাম? দিতাম না। তুমিও আমার মেয়ে, তোমার সমস্যা মানে আমার সমস্যা। তানভীর ঠিক বলেছে। কোথাও যেয়ো না। "
ছাবেতা, শিল্পীর হাত চেপে ধরে ফিসফিস করলেন," এই মেয়ে কোনো জাদু জানে? কালাজাদু? আমাদের তানভীর তার জাদুতে বশ হইয়া গেছে। ছেলেরে আর ফিরাইতে পারবা না, শিল্পী। এই মেয়ে উপরে উপরে ভাব দেখায় চলে যাইব,কিন্তু ভিতরে ভিতরে এইনেই ঘাপটি মাইরা থাকতে চায়। এখন তোমার ছেলেরে বশ করে ফেলছে,আর কী লাগে!"
শিল্পী বেগমের রাগ হলো। এই মেয়েকে কি কাউকে না বলে চলে যেতে পারে না? ইচ্ছে করে সবাইকে দেখায়,যেন যেতে না হয়৷ ছেলের মতিগতিও বুঝতে পারছেন না তিনি। সাদিক সাহেব চলে গেছেন রুমে। সুযোগ পেয়ে তিনি সম্পূর্ণ রাগটুকু ঝাড়লেন তরুণিমার ওপর," বেহায়া,নির্লজ্জ মেয়ে! প্রতিবার নাটক করো চলে যাওয়ার? যাও না কেন? আমার ছেলেকে দেখে পাগল হয়ে গিয়েছ থাকার জন্য? বাহিরে প্রেমিক আছে,তোমার অসভ্য প্রেমিক এসে আমাদের হুকমিধামকি দিয়ে যায় আর তুমি ঘরের ভিতরে আমার ছেলের কাছে থাকার বুদ্ধি খোঁজো। "
চতুর্যা কাতর স্বরে মৃদু চিল্লাল," মা!"
" তুই চুপ থাক। কোনো কথা বলবি না। এই মেয়েটার জীবন অভিশপ্ত। যেখানে যায় সবার সুখ-শান্তি নষ্ট করে ফেলে। ও না থাকলে আমার ছেলের জীবন সুন্দর হতো, ছেলের বউ নিয়ে সংসার করতাম আমি। আজ তোর বাবা পুরো মহল্লার মানুষের সামনে অপদস্ত হলো ওর কারণে। "
তরুণিমার বুক চিঁড়ে প্রলম্বিত নিঃশ্বাস মুক্ত হলো বাহিরে। কাঁদতে সে কবেই ভুলে গিয়েছে। তবে মলিন শোনাল কণ্ঠস্বর," আমার ব্যাগ এনে দিন আন্টি। চলে যাব আমি। আমার থাকার বিন্দুমাত্র শখ নেই, আর না আপনার ছেলের প্রতি কোনো ধরনের রুচি আছে। বাবার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, আপনার ছেলেকে পছন্দ করে হই নি। এখনো আমি তাকে পছন্দ করি না। আংকেলকে সম্মান দেখাচ্ছি বলে আমাকে নির্লজ্জ ভাববেন না। "
ছাবেতা মুখ বাঁকা করে বলল," হইছে আর চ্যাটাং চ্যাটাং কথা কইতে হইব না। কথার জোরটাই আছে তোমার, রূপটা আর নাই। যাও ঘরে যাও। "
তরুণিমা চোখ বুঁজে চুপ করে রইল নীরবতার মূর্তি হয়ে।মানুষের তিরস্কার আর নিতে পারছে না সে। খালি হাতেই দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। শিল্পী বেগম হতবাক হয়ে পড়লেন।
চতুর্যা চিল্লিয়ে বলল," আপু কোথায় যাচ্ছ?"
তরুণিমা সাড়া দিল না তার ডাকে। ভিতরে র-ক্তক্ষরণ হচ্ছে অবিরত। এভাবে সে এ বাড়ি ছাড়তে চায় নি,কিন্তু ভর্ৎসনা শুনতে শুনতে সে আজ বড্ড পরিশ্রান্ত।
ছাবেতা শ্লেষাত্মক স্বরে বললেন," আরে যাইব কই? কোথাও মাথা গোঁজার জায়গা আছে? খালি হাতে গেছে, ঠিকি ফিরে আইব। বেদ্দপ মাইয়্যা!"
সাদিক মেনশন ছেড়ে রাস্তায় নেমে এলো তরুণিমা। মহল্লা পেরিয়ে রাস্তা ধারের চা স্টলের দোকানির কাছ থেকে মোবাইল চাইল। বৃদ্ধলোক তার বাটন ফোনটা এগিয়ে দিলেন। তরুণিমা কল দিল জয়ন্তীকার নাম্বারে। কাইফ,জয়ন্তীকার নাম্বার তার মুখস্থ-তটস্থ। জয়ন্তীকা ফোন তুলল তিন বারের মাথায়।
তরুণিমা নিরুপায় হয়ে লজ্জায় আড়ষ্ট মুখে বলল," আমাকে আজ আপনার বাসায় থাকতে দিবেন?"
হতবাক হলো জয়ন্তীকা," কী হয়েছে তরু? তোমার ফোন কোথায়? তুমি কোথায় আছো? আমি নিতে আসছি তোমাকে।"
" আপনার আসতে হবে না। আমি সিএনজি নিয়ে আপনার বাসার কাছে যাব। আপনি এক ঘন্টা পর নিচে থাকলে হবে। আমার কাছে টাকা নেই, ভাড়া চুকিয়ে দিতে হবে আপনার। "
" সমস্যা নেই, তুমি এসো। "
একটা সিএনজি ভাড়া করে জয়ন্তীকার বাসার সামনে আসে ও। জয়ন্তীকা আগে থেকে উপস্থিত ছিল সেখানে। তাকে সিএনজি থেকে নামতে দেখে দ্রুতপদে এগিয়ে এসে ভাড়া চুকাল। এক বাচ্চা নিয়ে জয়ন্তীকা একটা ভাড়াটে বাসায় থাকে। তরুণিমাকে সাথে নিয়ে দোতলায় ওঠে আসে ও।
ঘরে ঢুকে তরুণিমা সোফায় বসে পড়ল। বলল," আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন?"
জয়ন্তীকা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসে ঢালল। হাতে তুলে দিল ওর। চঞ্চল স্বরে শুধাল," কী হয়েছে তরু? হঠাৎ এভাবে বেরিয়ে এলে কেন?"
" আমি ওই বাড়িতে আর থাকতে পারব না। ইয়াজিদ ওখানেও পোঁছে গেছে। "
" কী করেছে সে? আর সে কেন তোমার পিছনে পড়ে আছে? "
তরুণিমা শ্লেষের হাসি হাসে। বলে," সে ভাবে আমি তার প্রেমিকার হ**ত্যা**কারী। "
আঁতকে ওঠে জয়ন্তীকা," কী বলছ!"
"হ্যাঁ,সে এটাই ভাবে। তার প্রেমিকা ও আমি ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। ভালো বন্ধু ছিলাম। ইউনিভার্সিটিতে পা রাখার প্রথম দিনেই ইয়াজিদের মতো সুদর্শন পুরুষ আমার মনে গেঁথে যায়। যেখানে সুন্দরী ললনারা ইয়াজিদের সংস্পর্শে যেতে পারে না,সেখানে আমার জন্য ইয়াজিদ ছিল আকাশের চাঁদ। হুট করে একদিন সীরাতের মাধ্যমে তার কাছে যাওয়ার সুযোগ পাই আমি। সুযোগ পাই প্রতিনিয়ত তার সাথে দু একটা কথা বলার। তাকে দেখে আমার অনুভূতি বার বার জেগে উঠত। ভয়ংকর ভালোবেসে ফেলেছিলাম আমি তাকে। রোজ নিয়ম করে সে আমাকে পড়াত৷ ইউনিভার্সিটিতে সব মেয়ে যেখানে ওর ধারেকাছে যেতে পারত না,সেখানে অবলীলায় আমি তার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারতাম। আমার সাথে তার ভালো ব্যবহার, আমাকে যত্ন করে পড়ানো, আমাকে ও সীরাতকে নিয়ে ঘুরতে যাওয়া সবকিছু দেখে আমার মনে হতো সে আমাকে পছন্দ করে। ইউনিভার্সিটিতে কমবেশ সবাই কানাঘুঁষা করত আমাদের মধ্যে কিছু চলছে ভেবে। ততদিনে সীরাতের সাথে আমার গভীর বন্ধুত্ব হয়ে যায়। সীরাতকে আমি আমার মনের কথা জানাই,বলি আমি ইয়াজিদকে ভালোবাসি এবং আমার মনে হয় তিনিও আমাকে পছন্দ করে। সেদিন সীরাত মৃদু হেসে কিছু না বলে চলে যায়। তারপর টানা কয়েকদিন ইয়াজিদ, সীরাত কাউকেই ইউনিভার্সিটিতে আসতে দেখি নি। সীরাতের ফোন পর্যন্ত বন্ধ পেতাম। তারপর একদিন শুনি সীরাত সুইসা**ইড করেছে। বেঁচে নেই আর। সেদিন থেকে ইয়াজিদ মনে করে সীরাত আমার কারণে মা--রা গেছে। আমি তাকে পাওয়ার জন্য সীরাতকে আত্ম**হত্যা করতে বাধ্য করেছি বলে তার ধারণা। কিন্তু আমি জানতাম না ইয়াজিদ কলেজ লাইফ থেকে সীরাতকে ভালোবাসত,তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। এসব কিছুই জানতাম না,কখনোই টের পাই নি। জানলে সীরাত বন্ধু ভেবে আমি কখনোই মনের কথা বলতাম না। "
জয়ন্তীকার কণ্ঠ রোধ হয়ে আসল। কোনোরকমে প্রশ্ন করল," তুমি ওকে বলো নি তুমি ওদের সম্পর্কের কথা জানতে না?"
" বলেছি। ইয়াজিদ মানে নি। সে আমাকে তার ভালোবাসা হারানোর জন্য দায়ী মনে করে। আমার জীবনটা লণ্ডভণ্ড করে দিয়েছে সে। হয়তো আমি বেঁচে থাকতে আর শান্তি পাব না। কেউ আমায় দেখতে পারে না। কেউ রূপ নিয়ে বাঁকা কথা বলে,কেউ এতিম বলে তিরস্কার করে। অথচ আমার পরিবার থেকেও নেই। ইয়াজিদকে ভালোবাসার অপরাধে আমি সব হারিয়েছি,জীবন বানিয়েছি ন*রক। "
তরুণিমার পাশে এসে বসল জয়ন্তীকা। তার চিত্ত গগণে মায়ার মেঘ জমছে মেয়েটার জন্য। কিছুক্ষণ চুপ থেকে বলে," আমার মনে হয় প্রডিউসার ইয়াজিদ নরমাল নয়। মাত্র একটা ভুল কথার ভিত্তিতে তোমার সাথে এত বর্বরতা কীভাবে করতে পারে? "
তরুণিমা নরম সুরে কেঁপে উঠল," সে স্বাভাবিক নয়। আমি তার চোখ দেখেছি, এরকম ভয়ংকর দৃষ্টি নরমাল মানুষের হয় না। তার আচরণ হিং-স্র পশুর মতো। তার মনে এক রত্তি মায়া দয়া নেই। সে প্রয়োজনে মানুষ খু**ন করতে পারে। "
" কী করবে এখন?" ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে জয়ন্তীকা।
" কী করব জানিনা। শুধু জানি, আমার মুক্তি চাই। ইয়াজিদ নামক হিং**স্র পশুর হাত থেকে মুক্তি চাই আমি। "
সকালে ঘুম থেকে ওঠে তানভীর হাজির হলো তরুণিমার অফিসে। দশটার ওপর বাজে কিন্তু তরুণিমা আসে নি। খানিক্ষণ অপেক্ষায় কাটিয়ে বের হয়ে এলো। রাগে বার বার চোয়াল শক্ত হয়ে আসছে তার। কত বড়ো সাহস সবার কথা অমান্য করে বাড়ি থেকে বের হয়ে যায়! আবার কোথায় লুকিয়েও আছে। কিছুদূর হেঁটে পার্কিং এড়িয়ায় আসল। পিছন থেকে একটি মেয়েলি স্বর ডাকল তাকে,
" তানভীর ভাই!"
চট করে ঘাড় ঘুরাল তানভীর। চক্ষে বিঁধল উজ্জ্বল ফরসা,গোলাকার আকৃতির একটি মুখ। লম্বা চুলগুলো ঝুঁটি করা মেয়েটার। পরনে জিন্স, শার্ট। নীল শার্টের নিচে আবার সাদা টি-শার্ট জ্বলজ্বল করছে। সাথে সাথে তার মুখ ছিঁটকে নিঃসৃত হলো," বিনু!"
বিনিতা গাঢ় দৃষ্টিতে তাকাল। পরিহাস করল হাসি মুখে, " যাক চিনতে পেরেছেন তাহলে!"
তানভীর তীক্ষ্ণ চোখে তাকায়। বলে," চিনব না কেন তোকে? ছোট থেকে বড়ো হতে দেখেছি। "
" বিদেশে যাওয়ার পর একবারও খোঁজ নিয়েছেন? কত কল দিলাম ধরলেন না। তাই ভাবলাম চিনবেন না। "
তানভীর কিছু বলল না। নিরুত্তর সে। বিনিতার অভ্যন্তরীণ দুঃখের কৃষ্ণাভ সিন্ধুতে লহরী তর্জন-গর্জন করে উঠল। হৃদয় হলো ব্যাকুল। তানভীর তার ফেলে আসা ষোড়শী বয়সে উথাল-পাথাল প্রেম জাগানো প্রথম পুরুষ। যার প্রেমে পড়ে সে ভুলে গেল নিজের ভালো থাকা। যাকে নিয়ে দিনরাত শত শত কল্পনা সাজাত সে, নানুর বাড়িতে গেলে তার সামনে শাড়ি পরে ঘুরঘুর করত ব্যাকুল হৃদয়ের বার্তা দিতে, কিন্তু কখনো তাকে মুখ ফোটে বলা হয় নি ভালোবাসার অনুভূতিটুকু। বিনিতা চেয়েছিল তানভীর বুঝে নিক তার ভালোবাসা, কিন্তু কখনোই তাকে ফিরে দেখল না সে। আজও কেমন চোখ লুকিয়ে চলে যেতে চাইছে। বেয়াড়া হয়ে সে নিজেই জিজ্ঞেস করল,
" দেশে কত দিন থাকবেন? "
তানভীর গাড়ির সাথে হেলান দিয়ে পকেটে হাত পুরল। শীতল গলায় বলল, " ছয় মাস থাকব। এখানে কী করছিস?"
" এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। "
"তুই ঢাকাতে অথচ বাড়িতে আসিস না কেন?"
বিনিতা মৃদু হাসে। বিমর্ষ হয়ে ওঠে তার কুহুকণ্ঠ, " কারণটা আপনার জানা। "
তানভীর একগাল হেসে বলল," আমার মা আর তোর মা পাগল বুঝলি? আমাদের না জিজ্ঞেস করে নিজেদের মনমতো বিয়ে টিয়ে দেবার প্ল্যান করে ফেলল। তুই তখন ক্লাস টেনে পড়িস। বাচ্চা মেয়েকে বিয়ে দিতে উঠেপড়ে লাগল। আমি বহু যুদ্ধ করে তোর জীবনটা বাঁচিয়ে দিলাম। আমরা হলাম কাজিন। আমার সাথে তোর কীসের বিয়ে!"
বিনিতা মেকি হাসির ভান করে বলল," হ্যাঁ, বড়ো বাঁচা বাঁচিয়ে দিলেন। সেদিন বিয়ে হয়ে গেলে আজ স্বাধীনভাবে ঘুরতে পারতাম না। রাজশাহীতে গিয়ে পড়তে পারতাম? এতদিনে কোলে একটা ওয়া ওয়া করত। "
তানভীর হেসে দিল ওর কথা শুনে। দৃষ্টি রাখল ওর বদনে। চাহনি স্থির,অটল। কিছুক্ষণ চুপ থেকে জলদগম্ভীর কণ্ঠে বলল," তুই সবসময় জিন্স,শার্ট পরিস? আগে তো পরতি না। "
বিনিতা মিহি সুরে স্বীকার করে, " হ্যাঁ, ভার্সিটিতে উঠার পর থেকে পরি। "
" আর পরিস না। ভালো লাগে না দেখতে। তোকে থ্রি পিস, শাড়িতে চমৎকার মানায়। "
শান্ত, কোমল গলায় বলল তানভীর৷
বিনিতার চিত্ত লাফঝাঁপ শুরু করল। সমস্ত অঙ্গের র*ক্ত ছুটতে লাগল বেগতিক হারে। অসীম ভালো লাগার লিলুয়া বাতাসে দুলে উঠল হৃদয় কুঞ্জের সবকয়টি গাছের ফুল,পাতা। তানভীর ভাই তার প্রশংসা করেছে এ যেন অবিশ্বাস্য! আনন্দিত গলায় বলল,
" নানুর বাড়িতে গিয়ে শাড়ি পরলে আপনি দেখতেন আমায়? কারণ আমি শুধু ওখানে গেলেই নানুর শাড়ি পরতাম। "
" দেখব না কেন? নানুর শাড়ি পরে টইটই করে বেড়াতি সবার চোখে পড়ত। পুরো বাড়ি মাথায় তুলতি। বাড়িতে তুফান সৃষ্টি করলে কে না দেখবে তোকে? সবার কাছে যেমন শাড়ি পরিহিত তোকে ভালো লাগত,আমারো লাগত।"
বিনিতার অলিন্দ অনলে আরাম করে বসে এক ফালি রোদ মাখতে থাকা সুখগুলোকে কালবৈশাখী দানবের মতো এসে ঝোড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল। কালো আঁধারের মতো অদৃশ্য শামিয়ানা ঢেকে দিল তার মুখশ্রীর ঝলমলে রূপটাকে। সে কেন ভুলে গেল তানভীর ভাই তাকে পছন্দ করে না! করে না বললে ভুল হবে, করে। তবে সেটা একজন কাজিন হিসেবে,প্রেমিকা রূপে নয়।
আজ অফিসে যায় নি তরুণিমা। জয়ন্তীকার সাথে মিলেঝুলে মেস খুঁজতে বের হয়েছে। আপাতত একটা মেসে উঠবে সে। জয়ন্তীকার মাধ্যমে সাদিক মেনশন থেকে নিজের জিনিসপত্র আনিয়ে নিবে। মাথার ওপর সূর্যের তেজ বেড়েছে। ঘড়ির কাটা বারোটা পার করে ফেলেছে। জয়ন্তীকার ছেলের স্কুল ছুটির সময় হলে তাকে নিতে আসে দুজনে। সহসা স্কুল গেটের সামনে জোরেশোরে ব্রেক কষল একটি সাদা রঙের গাড়ি। বিদ্যুৎস্পৃষ্ট হয় উপস্থিত সকলে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সাব্বির। দাঁড়ায় তরুণিমার সম্মুখে। ঠান্ডা গলায় বলল," আপনাকে আমার সাথে যেতে হবে। "
তরুণিমা চোখ ছোট ছোট করে চাইল। বিস্ময়াকুল হয়ে প্রশ্ন ছুঁড়ে মা-রল সাব্বিরের উদ্দেশ্য, " আমি আপনার সাথে যাব কেন?"
তরুণিমাকে ভয় হয় সাব্বিরের। যে তার স্যারকে টক্কর দেয়, নির্ভয় হয়ে থাকে সে নিজেও নিশ্চিত ভয়ংকর। যেকোনো সময় যা কিছু করতে পারে। দোনোমোনো করে নিচু গলায় বলল," স্যার বলেছে আপনাকে নিয়ে যেতে। "
তরুণিমা দাঁতে দাঁত চেপে রাগমিশ্রিত স্বরে চিল্লাল," আপনার স্যার বলল আর আমি চলে যাব? আমি কি আপনার স্যারের গোলাম? মেরে দাঁত ভেঙে দেব,দূর হোন চোখের সামনে থেকে। "
সাব্বিরের বুক কেঁপে উঠল। ঝটপট করে গলার কাছের গেঞ্জিটা একটু ফাঁক করে বুকে থুতু দিল। ছোট বেলায় ভয় পেলেই সে এমনটা করত। অসহায় চোখে তাকাল তরুণিমার পানে। সকাল থেকে ওকে তন্নতন্ন করে খুঁজে বের করেছে সে। এক্ষুনি, এই মুহূর্তে ওকে নিয়ে যেতে না পারলে ইয়াজিদ ছাড়বে না আজ তাকে। কড়া গলায় হুকুম জারি করেছে তরুণিমাকে নিয়েই যেন ফিরে। মিনমিন করে বলে," চলুন প্লিজ,নয়তো স্যার রেগে যাবে। স্যারের কথা শুনে না হয় আবার চলে আসলেন। "
" আপনার পাবলিকের সামনে মা-ইর খাওয়ার ইচ্ছে হয়েছে সাব্বির সাহেব?"
তরুণিমার তেজী কণ্ঠে সাব্বির ঢোক গিলল। কানের ব্লুটুথ চাপ দিয়ে ধরে মিইয়ে স্বরে বলল," স্যার, উনি আমাকে মা-রবে বলছে। "
অপর পাশ হতে গম্ভীর কণ্ঠের মালিক আদেশ করল, " মোবাইল দাও ওর কাছে। "
" ওকে স্যার। "
সাব্বির শশব্যস্ত হয়ে ব্লুটুথ কান থেকে খুলে ফেলল। মোবাইলটা এগিয়ে দিল তরুণিমার দিকে। ভ্রু কুঁচকাল তরুণিমা। রাগত্ব স্বরে বলল, " আমি কেন কথা বলব?"
কল স্পিকারে দিল সাব্বির। ইয়াজিদ মেঘের মতো নিনাদ করে বলল," ফোনটা নিয়ে কানে ধরো তরু। তোমার সাথে আমার বিশেষ কথা আছে। "
তরুণিমা একরোখা, গোঁয়ার্তুমি করে বলল," আপনার সাথে আমার কোনো কথা নেই। "
" ওকে, তাহলে প্রস্তুত হও নিজের জন্য অন্যকে ধ্বংস হতে দেখতে। "
তরুণিমার বুক ধড়ফড় করে উঠল। এক ফালি ভয় বন্দি হলো বক্ষপিঞ্জিরায়। সাব্বিরের হাত থেকে মোবাইল নিয়ে স্পিকার অফ করে কানে ধরল।
" হ্যালো। "
" তোমাকে এ মুহূর্তে ভীষণ লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে আমার। কি সুন্দর আমার কথা মেনে নিলে!"
" মানুষকে হুমকি দিয়ে তার মনের ওপর জোর চালায় অমানুষেরা। "
" থ্যাংকস, তরু। তুমি তো জানোই আমি অমানুষ। আর এই অমানুষ তোমার সাথে অমানুষী করে প্রচণ্ড শান্তি পায়। "
" কেন এমন করছেন আপনি?"
" সাব্বিরকে পাঠিয়েছি গাড়ি সমেত। সুন্দর করে বসে,সুন্দর করে চলে আসো। "
" আমি যাব না। "
" সসম্মানে কিডন্যাপ করছি,ভালো লাগছে না? চাইলে কিন্তু আমি এসে উঠিয়ে নিয়ে আসতে পারি। আমার কোলে উঠতে চাও? এজন্যই বুঝি এমন না,না করছ? আহ! আগে বলবে না? "
তরুণিমা নিভল না। বহ্নিশিখার ন্যায় জ্বলে উঠল, " আজেবাজে কথা বন্ধ করুন। আমাকে নিঃশ্বাস ফেলতে দিন ভালো করে। ছেড়ে দিন আমার পিছু। আপনার মতো পাগলের সাথে আমি কোনো ধরনের লড়াইয়ে নামতে চাইছি না। পাগল তো পাগলই। মানসিকভাবে বিকৃত পাগলের সাথে আমার কীসের তর্ক!"
ইয়াজিদ হিসহিসিয়ে বলল," তোমাকে আমি কখনোই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিব না। তোমার প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি বাস করব। ভালোই ভালোই আসতে বলছি। নয়তো আমার এক হুকুমে তোমার সাথের মহিলা আর বাচ্চাটাকে খতম করে দিব। সাব্বির ছাড়াও আশেপাশে আমার লোক লাগানো আছে। এবার সিদ্ধান্ত তোমার, ওদের মা-রবে নাকি আমার কাছে আসবে। প্রতীক্ষায় থাকব আমি। "
তরুণিমা চারিধারে এক পল চাইল। রাস্তার ওপাশে বলিষ্ঠ দেহী দুজন পুরুষ দাঁড়িয়ে আছে। একজন সিগারেট টানছে দেদারসে, অপরজন ওদের দিকেই চেয়ে আছে নিষ্পলক। বুঝতে বাকি নেই তার এগুলো ইয়াজিদের পোষা গুন্ডা। সে চায় না ওর জন্য জয়ন্তীকা ও তার বাচ্চার কিছু হোক। সাব্বিরের হাতে মুঠোফোন ফিরিয়ে দিয়ে জয়ন্তীকাকে বলল,
" আপনারা যান, আমি পরে আসছি। "
জয়ন্তীকা এতক্ষণের ঘটা সবকিছু দেখেছে এবং রহস্য অনুধাবন করেছে কিছুটা। উদ্বিগ্ন হয়ে পড়ল সে, " কোথাও যেতে হবে না তোমার। উনার সাহস কী করে হয় এভাবে এসে তোমার সাথে জোরজবরদস্তি করার? আশেপাশে লোক আছে,হেল্প চেয়ে নিব। "
তরুণিমা শীতল, অকম্পিত গলায় বলল," ভয় পেয়ো না। আমার কিচ্ছু হবে না। ওয়াসিম খান ইয়াজিদকে আমি ভয় পাই না। "
বলে সে গাড়িতে গিয়ে বসল। ইয়াজিদ তখনও কল কাটে নি। তরুণিমার উচ্চারিত একেকটি ধ্বনি কর্ণগোচর হয় তার। ক্রুর হেসে বলল, " তুমি আমাকে ভয় পাও না,আর তোমার হৃদয়ে কাঁপন ধরানোই এখন আমার উদ্দেশ্য তরু। জলদি এসো, উদ্দেশ্য পূরণ করার জন্য মন ছটফট করছে।"
সাব্বির কল কেটে দেওয়ার আগে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করল," স্যার শাড়ি নিয়ে আসব?"
হাতে রাখা ছু*রিটা দিয়ে কাঠের টেবিলের ওপর ঠকঠক আওয়াজ তুলতে লাগল ইয়াজিদ। টেবিলের ওপর বারংবার গাঁথতে লাগল ছু--রিটা। শানিত স্বরে জবাব দিল,
" আগে তরুকে আনো,আমার তরুকে চাই। ও আসলে শাড়ি, চুড়ি বাকিসব চলে আসবে। আমার আর তর সইছে না, অপেক্ষা করতে কষ্ট লাগছে, সাব্বির। জলদি নিয়ে আসো। "
#চলবে!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পাবেন দুদিন পর। শব্দসংখ্যা ২৭৩৬)