ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 11

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১১

তরুণিমা নির্বাক,স্তম্ভিত। বাসের ভেতরকার নীচাশয় কিরণে চেনা মুখমণ্ডল চক্ষুগোচর হতেই বিস্ময়ে খেই হারিয়ে ফেলল। কেটে গেল সেকেন্ড, মিনিট সময়। রাতের সব কালো আঁধার তার অনুজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় মিলেমিশে গেল। নত গলায় চাপা স্বরে উষ্মা প্রকাশ করল অতর্কিতে,
" আপনি এখানে কী করছেন? আমার পিছু করছিলেন?"

রাত্রিরে অনুষ্ণ কণ্ঠের পুরুষ পিঠ উঠিয়ে সোজা হয়ে বসল। ক্ষীণ নিঃশ্বাস বিমোচন করে বলল," তোমার ওভাবে রাগ দেখিয়ে বের হয়ে চলে আসা উচিত হয় নি। গতকাল থেকে খুঁজছিলাম তোমায়। পরে, তোমার কলিগ জয়ন্তীকার কাছ থেকে জানতে পারি,তুমি ঢাকার বাহিরে যাচ্ছ। মধ্য রাতে এভাবে লুকিয়ে কোথায় যাচ্ছ? তুমি কি কোনো বিপদে পড়েছ?"

ক্রমাগত প্রশ্নে কপাল কুঁচকায় তরুণিমা। তানভীরের উপস্থিতি, প্রশ্নের মেলা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কী প্রয়োজন ছিল জয়ন্তীকার তানভীরকে ঢাকা ছাড়ার ব্যাপারটা সম্পর্কে বলা! জয়ন্তীকা হয়তো তার নিরাপত্তার কথা চিন্তা করে তানভীরকে অবগত করেছে। কিন্তু এই লড়াইটা যে শুধুই তরুণিমার একার। কাউকে শামিল করতে চায় না ও। যেদিন থেকে পরিবার পর করে দিয়েছে, বিচ্ছেদের রেখা এঁকে দিয়েছে সেদিন হতে জীবনে ধেয়ে আসা সকল বিপদ,লড়াই তরুণিমার একার। একমাত্র জয়ন্তীকাই জানে ইয়াজিদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জে জিততে ঢাকা ছাড়ছে সে। তানভীরকে হয়তো মুখ্য কথাটাই বলে নি। সেকারণে বিপদের কথা জিজ্ঞেস করছিল। সত্য লুকিয়ে প্রহসন করল,

" আমার কী বিপদ হবে! আপনি মাথায় এত দুশ্চিন্তা নিচ্ছেন কেন? হঠাৎ আমার জন্য এত দরদের কোনো কারণ দেখতে পাচ্ছি না। "

তানভীর কৃত্রিম হাসল। তরুণিমার কণ্ঠনালি হতে তার জন্য যে বিদ্রুপের বাক্য উন্মোচন হবে তা অবাকের কিছু নয়। জয়ন্তীকার কাছ থেকে বহু বাক্য বিনিময়ের পর তরুণিমার খোঁজ পেয়েছে সে। জানতে পেরেছে রাতের বাসে খাগড়াছড়ি পাড়ি জমাচ্ছে তরুণিমা। সেই তথ্য মোতাবেক তাকে ফিরিয়ে নিতে এখানে আসে। তেজহীন দৃষ্টি রেখে বলল,

" দরদ নয়, অনুশোচনা। তোমার লাইফের এমন পরিস্থিতির জন্য আমিও দায়ী। আমি চাই তুমি ভালো থাকো,নিরাপদ থাকো। আমি জানি,তুমি স্ট্রং একটা মেয়ে। কিন্তু রাত হলো রাক্ষসের সমতুল্য। মেয়েদের গিলে নিতে দ্বিধা করে না। বাড়ি ফিরে চলো। "

" আমি কোথাও যাব না,তানভীর ভাই। সামনের বাস স্টপে আপনি নেমে যাবেন প্লিজ। অহেতুক, আমাকে বিরক্ত করবেন না। আমাকে আমার হালে ছেড়ে দিন। "

" এই গভীর রাতে আমি তোমাকে একা ছেড়ে দিব? কখনোই না। "

তানভীরের ব্যক্তকরণের ছোট ছোট শব্দগুলোকে ভর্ৎসনার কারাগারে বন্দি করে ফেলে তরুণিমা। ঠান্ডা ও ব্যঙ্গ দুই শব্দের মিশ্রণে উচ্চারণ করে,

" রাতের আঁধারে ভাই-ভাবি যখন ঠেলে ঘর থেকে বের করে দিল তখন আমি একাই ছিলাম। আপনি যখন বিয়ের লগ্নে রেখে চলে গেলেন তখনও সমাজের কটুবাক্য আমি একাই হজম করেছি। একা শব্দটা এখন আমার ভীষণ প্রিয়। "

তানভীরের চোয়াল শক্ত হয়, চাহনি অনমনীয় হয়, কণ্ঠ হয় দৃঢ়," তুমি সবসময় অতীত টানো কেন? খুবই বাজে স্বভাব। আমি নিজের শান্তির জন্য যা ইচ্ছে হয় করব। তোমার মর্জি চাই নি আমি,মেয়ে। তুমি খাগড়াছড়ি গেলে আমি সাথেই যাব। "

" আপনাকে দেখেই আমার মাথা ব্যথা করছে। অসহ্য লাগছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যত্তসব! "

তানভীর মুচকি হেসে বলল," মাথা ব্যথা করুক। সামনে বাজার এলে ঔষধ কিনে দিব। আর নাহয় আমার সাথে বাড়ি ফিরে চলো। "

তরুণিমার এই মুহূর্তে ভীষণ উপলব্ধি হচ্ছে, তার পাশে বসা লোকটা চরম বেহায়া। হয়তো সাদিক সাহেব পাঠিয়েছে তাকে। মানুষটা ওকে বাবার আদর দিয়েছে,সম্মান দিয়েছে। মনে পড়লেই বিনম্র শ্রদ্ধায় মন ভরে ওঠে। তানভীর যে নাছোড়বান্দা সেটা বুঝতে পেরে কথা বাড়াল না সে। যাবে আর কতদূর! ঠিকি মাঝ রাস্তায় নেমে পড়বে। অতি কষ্টে লুকিয়ে চুরিয়ে এতদূর এসেছে ও। ইয়াজিদ চ্যালেঞ্জ দিয়ে চুপ করে বসে থাকার নয়। সেই জঙ্গল বাড়ি থেকে আসার পর হতেই অনুধাবন করতে পারছিল ইয়াজিদ পেছনে লোক লাগিয়ে রেখেছে। জয়ন্তীকার বাসার নিচে সাব্বিরকে গাড়ি নিয়ে পাহারা দিতেও দেখা যায়। ধরা পড়ে যাবার ভয়ে আর কথা বাড়াল না তানভীরের সাথে। নিশ্চুপে বসে রইল। হুট করে বুক ধড়ফড় করে উঠল। আলোকের গতিতে মোবাইল থেকে সিম কার্ড বের করে সেটা দুই ভাগ করে ফেলল।

তানভীর হতচকিত হলো। চাইল প্রশ্নাত্মক দৃষ্টিতে। তড়তড় করে নির্বিঘ্নে জানতে চাইল," সিম কার্ডটা ভাঙলে কেন?"

" আপনারটাও ভেঙে ফেলুন প্লিজ। আর নয়তো মোবাইল থেকে খুলে রেখে দিন। পরে বাড়ি গেলে লাগিয়ে নিবেন। "

একের পর এক চমকপ্রদ কথা বলে চলেছে তরুণিমা। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করল," আমারটা খুলব কেন?"

তরুণিমা তার সন্দেহকে পাত্তা না দিয়ে প্রতুত্তরে জানায়," আমার সাথে যেতে হলে আপাতত আপনাকে সেটাই করতে হবে। আমি চাই না কেউ মোবাইলের মাধ্যমে আমাদের অবস্থান জানুক। "

তানভীর মোবাইল থেকে সিম কার্ডটা খুলে ফেলল। কেবল বলল," এমন উদ্ভট কাজ করছ কেন? মাথার তার ছিঁড়ে যায় নি তো? সব ঠিক আছে? "

তীর্যক চাহনি নিক্ষেপ করল তরুণিমা। জ্বলন্ত কয়লার মতো তপ্ত হয়ে বলল," কিছু ঠিক নেই। আমি পাগল। দয়া করে নেমে যান। "

সিটে পিঠ এলিয়ে দিল তানভীর। দু চোখের পাতা বন্ধ করে স্পষ্টত, আমুদে গলায় বলল," কানাডা থেকে আসার পর কোথাও যাই নি। এখন বরং তোমার সাথে খাগড়াছড়ি ঘুরে আসি। "

তানভীরের নিস্পৃহ ভাব তরুণিমার চিন্তায় মগ্ন তনুমনে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দিচ্ছে অসহ্যকর অনুভূতি।
মনে মনে সিদ্ধান্ত নিল,তানভীর গেলে যাক। খাগড়াছড়ি গিয়ে আলাদা হয়ে যাবে। কোনোরকমে ইয়াজিদের থেকে দুটো দিন বাঁচতে পারলেই সারা জীবনের মতো মুক্ত হয়ে যাবে ও।
________

সাব্বিরের দ্বারা মস্ত বড়ো এক ভুল হয়ে গেছে। গতকাল সাঁঝবেলা থেকে তরুণিমার ওপর দৃষ্টি রাখার দায়িত্ব তার কাঁধে পড়েছিল। তরুণিমাকে দুটো দিন চোখে চোখে রাখতে বলেছে ইয়াজিদ। মূলত, নিজের শিকারকে সে দুটো দিন নিজের স্বাধীনতা উপভোগ করতে দিয়েছে। তরুণিমার সাথে তার বিয়ের বন্ধনটা বাকি সবার মতো হবে না। এই বিয়ের মাধ্যমে তরুণিমার সকল শান্তিকে খু***ন করে ফেলবে। তাই ৪৮ ঘন্টা শান্তিতে কাটানোর সুযোগ করে দিয়েছিল।

সাব্বির হন্তদন্ত হয়ে নামল গাড়ি থেকে। অন্য দিনের ন্যায় অভ্যাসবশত ভুল করে ঘুমের ঔষধ খেয়ে ফেলে সে। প্রগাঢ় ঘুমটা ভাঙে দুপুর বারোটায় অন্যান্য গাড়ির তীব্র আওয়াজে। এখন কলিজায় পানি নেই এমনতরো দশা। তার ঘুমের সুযোগে তরুণিমা কোথাও পালিয়ে গেলে! এলোমেলো চুল, আলুথালু হাল, কুচকানো শার্ট গায়ে দৌড়ে বিল্ডিংয়ের দারোয়ানের কাছে গেল সে। ব্যগ্র গলায় জিজ্ঞেস করল,

" রাতে কোনো মেয়ে বের হয়েছে? বয়স ছাব্বিশ বা সাতাশ এমন হবে। "

দারোয়ানের কপালে ভাঁজ পড়ল। নয়নযুগল স্বল্পকায় করে সন্দিহান গলায় বলল," আপনারে বলমু ক্যান? "

সাব্বির পাগলের মতো মাথার চুল টানল। ইয়াজিদ জানতে পারলে তাকে জ্যান্ত জ্বালিয়ে মা**রবে। পকেট হাতড়ে টাকা বের করে গুঁজে দিল লোকটার হাতে। লোকটা হাত মুঠো করে পকেটে পুড়ল। নিম্ন স্বরে বলল,

" আমি রাইতে ছিলাম না। আরেকজন আছিল। তয় আপনে চাইলে সিসিটিভি চেইক দিতে পারবেন। "

দারোয়ান বিল্ডিংয়ের নিচ তলায় সিসিটিভি চেক করাতে নিয়ে গেল সাব্বিরকে। সেখানে দেখতে পেল তরুণিমা মুখ ঢেকে কিছুদূর হেঁটে গিয়ে সিএনজি ওঠে চলে যাচ্ছে। ভয়ে কলজে হিম হয়ে গেল তার। ফ্লোরে বসে পড়ল। ইয়াজিদকে এটা কখনোই বলা যাবে না। নিজ উদ্যোগে ঢাকা শহরে খুঁজে দেখবে। তারপর না পেলে জীবন বাজি রেখেই জানাবে। এছাড়া কিচ্ছু করার নেই।

পাহাড়ি রাস্তা নেমে গেছে গভীর খাদের দিকে। পিচ্ছিল মাটির সিঁড়ি বানানো। অসাবধানবশত পা পড়লেই খাদে পড়ে গিয়ে জীবন হারাতে হবে। মেয়েটা বিপৎসংকুল এ খাদের পানে কেন নেমে যাচ্ছে বোধদয় হচ্ছে না তানভীরের। পিছন পিছন নামতে লাগল সে-ও। প্রায় বিশ মিনিট সিঁড়ি ভেঙে নিচে একটা সমতল জায়গা দেখতে পেল। সেখানে কয়েকটা কাঠ,ছন দিয়ে তৈরি ঘর। ঘরগুলো যে আদিবাসীদের বুঝতে সক্ষম হলো সে।

" তুমি এত রিস্ক নিয়ে এই আদিবাসীদের কাছে এলে?"

তরুণিমা ঠান্ডা গলায় বলল," আমি থাকতে এসেছি। আপনাকে আনি নি। আপনি স্বেচ্ছায় বেহায়াপনা করে এসেছেন। সুতরাং এত প্রশ্ন আপনার সাজে না। "

'বেহায়া' শব্দখানি রাগ ধরিয়ে দিল তার দেহে। মেয়েটা আস্ত বড়ো বেয়া-দব! কথাবার্তার ঠিক নেই। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিয়েও নিজেকে দমিয়ে নিল। সাদিক সাহেবকে কথা দিয়ে এসেছেন এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। চাপা রাগ দেখিয়ে বলল,

" আমি বেহায়া?"

তরুণিমা খোলা চুলগুলো ঝুটি করে নিতে নিতে বলল," সন্দেহ আছে?"

ইচ্ছে থাকলেও কিছু বলল না তানভীর। পাশে একটা খাল আছে। পাহাড়ের গা ছুঁয়ে ঝর্ণার পানি পাথর বেয়ে জড়ো হচ্ছে সেখানে। তানভীর ঝর্ণার কাছে এগিয়ে গেল। শীতের শেষে ঝর্ণার আনন্দের দিন ঘনিয়ে এসেছে। পানি বেয়ে আসছে অল্প পরিমাণে। এগিয়ে গিয়ে ঝর্ণার পানিতে মুখ ধুয়ে নিল সে। এক কাপড়ে বেরিয়ে এসেছে ঢাকা থেকে। সাথে কিছুই আনে নি মোবাইল, টাকা-পয়সা ছাড়া। ভেবেছিল বাস স্টেশন থেকেই ফিরিয়ে নিতে পারবে তরুণিমাকে। সেই আশাতে পানি ঢেলে দিল স্বয়ং সেই মেয়েটা। রাগী,জেদি মেয়েটার পানে চেয়ে হাঁক ছাড়ল,

" টিস্যু আছে? মুখ মুছব। "

বরাবরই চোখা উত্তর পেল ত্যাড়া মেয়েটার কাছ থেকে, " আপনার জন্য টিস্যু নিয়ে বসে আছি? "

কথিত আছে, হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে। তানভীরের হয়েছে ঠিক এহেন দশা। চুপ করে সামনে এগোতে লাগল সে। রিনরিনে একটি স্বর তাকে পিছু ডাকল। সন্নিকটে এগিয়ে এসে নিষ্প্রাণ স্বরে বলল,

" রুমাল আছে। নতুন, জয়ন্তীকা আপুর কাছ থেকে নিয়েছি। এই নিন। "

সে বাড়ানো রুমালটা নিতে দেরি করল না। মুখ মুছতে থাকল। তরুণিমা স্বাভাবিক কণ্ঠে বলল,

" আপনি চলে যান। এখানে থাকতে পারবেন না। বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে, শৌচাগারও ভালো নয়। খাবারের মানও ভালো না। পাহাড়ের খাদে কোনোমতে জীবিকা নির্বাহ করে মানুষগুলো। "

তানভীর একঘেয়ে স্বরে বলল," আমি থাকতে পারব। "
_________________

সারাদিন, রাত ১টা পর্যন্ত খুঁজেও হদিস মেলে নি তরুণিমার। সাব্বির গাড়ি পার্ক করে এসে একটি শিশু পার্কের বেঞ্চে মনম*রা হয়ে বসে রইল। এই শীতের মাঝেও তরতর করে ঘামছে সে অনবরত। গলা শুকিয়ে যাচ্ছে বারংবার। ইয়াজিদকে খবরটা কীভাবে দিবে বুঝতে পারছে না। মাঝ সমুদ্রে গিয়ে জাহাজ নষ্ট হয়ে গেলে নাবিক যেমন ভয়ার্ত হয়ে পড়ে তার হাল ঠিক তেমনই। তক্ষুনি ফোনটা ভয়ংকর শব্দে জানান দিল ইয়াজিদ কল দিয়েছে। সারাদিন নতুন মুভির রিলিজ নিয়ে ব্যস্ত ছিল সে। সেকারণে খবরাখবর কিংবা আপডেট জানতে চায় নি। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল সাব্বির। আতঙ্কিত কণ্ঠস্বর,
" স্যার!"
ইয়াজিদ বিচক্ষণ গলায় প্রশ্ন করল, " ভয় পাচ্ছ কেন কথা বলতে?"
" স্যার..." বলেই ফ্যাসফ্যাস গলায় কেঁদে দিল সে।
ধমকে উঠল ইয়াজিদ, " মেয়েদের মতো কাঁদছ কেন?"
ছোট বাচ্চাদের মতোন অনুনয় করল " আগে বলেন আমাকে মা*রবেন না?"
" তুমি কী করেছ? সত্যি করে বলো। "
সাব্বির কাতর হয়ে কাঁদতে কাঁদতে সব ব্যক্ত করল। ক্ষুধার্ত বাঘের ন্যায় গর্জন করে উঠল ইয়াজিদ,
" তুমি দোয়া করো নিজের জন্য। তরুণিমাকে না পেলে তোমাকে আমি চিড়িয়াখানায় দিয়ে আসব অভুক্ত প্রাণীদের আহারের জন্য। "
এহেন কথায় এবার জোরে জোরে কাঁদতে লাগল সাব্বির। পার্কের বেঞ্চে ঘুমিয়ে থাকা দুর্দশাপন্ন মানুষ তাকে দেখছে বিভ্রান্ত দৃষ্টি নিয়ে। সাব্বিরের কাউকে তোয়াক্কা করার সময় নেই, তাকে মৃ**ত্যু ডাকছে হাতছানি দিয়ে। ফোন কাটে নি তখনও। ইয়াজিদ রোষানলে দগ্ধ হয়ে বলল,
" জলদি বাসায় আসো, গর্দভ। "
____________

ছেলেকে ঘুম পাড়িয়ে সদ্য ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল জয়ন্তীকা। কলিং বেলের লাগাতার আওয়াজ শ্রবণের কারণবশত কাচা ঘুমটা ভেঙে তচনচ হয়ে গেল। এত রাতে কে আসতে পারে! তরুণিমা ফিরে আসে নি তো! ঘরের বাতি জ্বালিয়ে দরজা খুলতেই ভ-য়ে,আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো। সম্মুখের নির্ভয়, গম্ভীর, সুঠাম দেহী, প্রতাপশালী, তেজী স্বভাবের ইয়াজিদ নামক পুরুষ দরজায় হাত রেখে শান্ত গলায় প্রশ্ন করল,

" হোয়্যার ইজ মাই তরু?"

জয়ন্তীকা নিরুত্তর, ভীতসন্ত্রস্থ। ইয়াজিদের ঠোঁটে বাঁকা হাসি, তীক্ষ্ণ নজর শঙ্কা ধরিয়ে দিল তার দুর্বল চিত্তে। সে জবাব না দিয়ে মুখের ওপর দরজা ভিজিয়ে দিতে নিলে দরজায় হাত রেখে বাধা দিল ইয়াজিদ। ঘাড় বাঁকিয়ে অসন্তোষের গলায় বলল,

" দরজা দিয়ে লাভ নেই। বাঁচা যাবে না। আমার উত্তর না পেলে, আমার তরুর সন্ধান না পেলে পুরো বিল্ডিংই জ্বালিয়ে দিব আমি। সো টেল মি, হোয়্যার ইজ মাই তরু?"

প্রশ্নটা করে অন্য হাতে রিভ**লবার বের করল ইয়াজিদ। সেটা লাগাতার কপালের কোণে ঘষতে লাগল অস্থির চিত্তে।

#চলবে!

(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ২৫% ছাড়ে বইটইয়ে আমার একটি মাত্র ই-বুক ❝ ফের সন্ধ্যে নামুক ❞ কেনার সুবর্ণ সুযোগটুকু মিস করবেন না।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন