#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব_____১২
রোদের দেখা নেই। মধ্যাহ্ন গড়াতেই নিমন্ত্রণ ব্যতীত কুয়াশায় অস্পষ্ট হয়ে গেল চারিদিক। পাহাড়ের গভীর উপত্যকাভূমির গাছাপালায় ঘেরা স্থানে কুয়াশার উপস্থিতিতে সর্বত্র ঝাপসা হয়ে উঠেছে। কাছেপিঠে উষ্ণ নিঃশ্বাস ফেলা মানুষটাকে পর্যন্ত দেখা হয়ে পড়েছে দূরূহ,কষ্টকর। হুট করে এত কুয়াশার কারণ বুঝতে পারছে না তানভীর। একে তো এখানে বিশালাকার দীর্ঘ গাছের ছায়ায় অন্ধকার হয়ে থাকে তার ওপর ঘন কুহেলিকা। জীবন যে এই স্থানে কষ্টসহিষ্ণু হাড়েমজ্জায় টের পেল সে একদিনে। কিন্তু সমাজে কালো বলে কথিত শ্যামাঙ্গীর কাছে প্রকৃতির এই আশ্চর্যজনক রঙ্গমঞ্চের চিত্রপট যেন মহা আনন্দের। সে সিদ্ধ শাক দিয়ে ক্ষুদে ভাত খেতে পারে পেট ভরে, বন্য পশুদের ডাক শুনেও নির্ভীক হয়ে বাহিরে দাঁড়িয়ে থাকতে পারে অন্ধকারে। চেহারা দেখেই তার মনের তৃপ্ত ভাব অনুমান করা যাচ্ছিল। উলটো দিকে তানভীর মুখে পর্যন্ত তুলতে পারে নি। বারো মাস কানাডা থাকলেও ভাজাপোড়া খাবারের প্রতি তার তীব্র ঝোঁক। কাঠের ও ছন দিয়ে তৈরি ঘরগুলোতে, ভিন্ন জাতির মানুষের সান্নিধ্যে যেন দুঃখিনী মেয়েটা সুখের সন্ধান পেয়েছে। নিজের থেকে বিপরীত স্বভাবের ত্যাড়া এই মেয়েটার প্রতি না চাইতেও আগ্রহী হয়ে উঠছে মনটা প্রতিবার। পূর্বের করা অবিচার, অনীহার অনুশোচনা ঘোচাতে এলেও মন এখন মেয়েটাকে নিয়ে ভয়ংকর গবেষণা করতে চাইছে। যত দেখছে ততই যেন ব্যগ্রতা প্রকাশ করছে শ্যামাঙ্গীকে জানার,বুঝার। ঘরের রোয়াকে বসে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তানভীর পুনরায়।
বাদামি রঙের জামা, লাল পায়জামা ও সিঁদুরে রঙা দোপাট্টা পরে আগুনের পাশে বসে আছে তরুণিমা। সামান্য দীর্ঘ কেশগুলো স্বাধীন পঙ্খির মতো মুক্ত। গায়ে পাতলা ওলের সোয়েটার জড়ানো। হরিণীর মতোন বড়ো বড়ো আকৃতির নয়নযুগল মেলে রেখেছে বহ্নিশিখার পানে।
সমতল এ ভূমিতে তিনটে পরিবার বসবাস করে। তাদের আর্থিক অবস্থা ব্যাপক শোচনীয়। বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিটিদিন। তরুণিমা ট্যুর গাইড হবার সুবাদে পরিচয় এদের সাথে। মানুষগুলো মারমা সম্প্রদায়ের। ওরা যে ঘরে উঠেছে সেখানে কেবল এক জোড়া কপোত-কপোতী বাস করে। বয়স আনুমানিক চল্লিশ ছাড়িয়ে গেছে তাহাদের, কোনো সন্তানসন্ততি নেই। তরুণিমাকে দেখার পর দুজনেই উৎফুল্ল হয়ে উঠল। সামর্থ্য নেই তবুও শখের,আনন্দের কমতি নেই। তাদের সাথে আ-গুনের উত্তাপে বসে আছে সে। মাঝে মাঝে হাসছে মৃদু।
তানভীর এর আগে একবারও তরুণিমাকে হাসতে দেখে নি। তরুণিমার বাবা তার বাবার বন্ধু হবার ফলে বহুবার তাকে দেখেছে,কিন্তু কখনোই এমন সুন্দর করে হাসতে দেখে নি তাকে। এক অচেনা,অজানা উচাটন হলো তার বুকের ভেতর। মনে হলো, হৃদয়স্থলের কোথাও সেকেন্ডের ঝড় বয়ে গেল। যৎসামান্যতেই দুমড়েমুচড়ে গেল তার হৃদযন্ত্রটা। চিত্তে যত্ন করে যে রাজ্যটা গড়েছিল সমস্ত রাজ্য তচনচ হয়ে গেল, এলোমেলো হয়ে প্রতিটি অংশ। তরুণিমার হাসি মিলিয়ে গেছে। ব্যকুল হয়ে উঠল সে। অবাধ্য মন বলতে চাইল,
" তুমি আবার হাসো তরুণিমা। আমি জানতে চাই কী ছিল তোমার হাসিতে? মুগ্ধতা না-কি বি-ষ? আমার ভিতরটা নিদারুণ জ্বলছে। এই জ্বলনে আমি ম**রছি না, আনন্দও পাচ্ছি না, দিশেহারা হয়ে পড়ছি। "
অদূর হতে তানভীরকে দেখল তরুণিমা। মাথা নত করে কেমনতরো হাস ফাঁস করছে। কী হলো হঠাৎ! ঠান্ডায় শরীর খারাপ করে নি তো! শরীর খারাপ করলে বিপত্তি বেঁধে যাবে। এই খাদে ডাক্তার কি বানিয়ে আনবে! আচ্ছা, উটকো ঝামেলা লোকটা। আ-গুনের পাশ থেকে উঠে এলো। অল্প কেশে মনোযোগ আনল নিজের দিকে।
তানভীর মাথা তুলে তাকাল। তার নজরে ভর করল মুগ্ধতা। শীতের প্রকোপে একটুখানি দূরত্বে থাকা মানবীর অনুজ্জ্বল ত্বক আরো কালো বর্ণ ধারণ করেছে। তবুও মনে হচ্ছে এই মানবী অপরূপ, তার কাছে ব্যর্থ প্রকৃতির অপার সৌন্দর্য। খাঁ খাঁ রোদে ফাটা মাটির মতোই ফেটে আছে মেয়েটার অধরযুগল। তারপরও অন্তঃকরণ জানান দিচ্ছে, এই ঠোঁট দুটি পুষ্পকাননের সকল ফুলের কোমল পাপড়িকেও হার মানায়। কিসব অদ্ভুত চিন্তাভাবনা! এমন বৈনাশিক ভাবনা তার মনের অরণ্যে কেন আসছে মোটেও বুঝতে পারছে না সে। নিজেকে ধিক্কার জানাল,শাসাল, সমুদ্রের লহরীর মতো আছড়ে পড়া অনুভূতিগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করল।
তরুণিমা তার নিষ্পলক দৃষ্টি দেখে বিরক্ত হয়ে বলল," আপনি কখন ফিরে যাবেন? "
" তুমি যখন ফিরবে। "
তানভীরের দায়সারা উত্তরে ক্ষিপ্ত হলো তরুণিমা। চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করল,
" আমার সাথে আপনার কী কানেকশন? এভাবে আমার পিছু নিয়েছেন কেন?"
" কোনো কানেকশন নেই। আগেই বলেছি প্রায়শ্চিত্ত করতে এসেছি। বাড়ি ফিরে চলো। বাবা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। "
" ফিরব না৷ ফাউ কষ্ট করে লাভ নেই। আংকেল সবসময় সুস্থ থাকুক,দোয়া করি। কিন্তু ওই বাড়ি আমি যাব না। আপনিও অনর্থক কষ্ট করবেন না। ইচ্ছে হলে এখানে না খেয়ে, ঠান্ডায় ম*রুন৷ ম-রলে এখানেই সমাধিত করে দিব। "
তরুণিমা কথাগুলো বলে এক পল দাঁড়াল না। বাড়ির লোক দুজন পিঠে ঝুড়ি বেঁধে নিয়েছে। কাছাকাছি চা বাগান আছে। সেখানে চা পাতা তোলা তাদের নিত্যকার কাজ।
তরুণিমা তাদের সাথে পথ ধরল। কুয়াশার মাঝে হারিয়ে যাওয়ার মুহূর্তে গলা উঁচিয়ে ডাকল তানভীর,
" তরুণিমা!"
তরুণিমা থামল। ঘাড় ঘুরিয়ে চাইল। দৃষ্টি প্রশ্নসূচক। তানভীর রোয়াক ছেড়ে দ্রুত পা ফেলে এলো ওর কাছে। হঠাৎ বৃষ্টির মতো আজ প্রথমবার তার গভীর খারাপ লাগছে সেদিন বিয়েটা নিজ হাতে ভেঙে দেওয়ার জন্য। এদিক-সেদিক এলোমেলো চোখ ফেলে সংকোচের স্বরে বলল,
" আমাকে কি ক্ষমা করা যায়?"
হাসি পেল তরুণিমার। অতি সামান্য স্থায়ী ছিল সেই হাসিটুকু। হাসিটা যে চরম অবজ্ঞার সেটা অনুধাবন করতে তিলার্ধ সময় লাগল না তানভীরের। কানে পৌঁছাল দয়াশূন্য কিছু বাক্য,
" আপনি ক্ষমার যোগ্য? নিজেকে প্রশ্ন করুন তো। যদি উত্তরটা 'হ্যাঁ ' হয়, তবে আমি আপনাকে ক্ষমা করে দিব। "
সে সোজাসাপটা বলল," যোগ্য নই আমি। তবে ওই মুহূর্তে আমার কাছে আমার সিদ্ধান্তটাই সবার জন্য ভালো মনে হয়েছিল। তুমি কি মন থেকে রাজি ছিলে? ভালোবাসতে আমায়?"
তরুণিমার মাঝে স্পষ্টভাষী হবার ব্যাপারটা একদম আনাচে-কানাচেতে পরিপূর্ণ। সে সম্মুখের পুরুষদের দিকে চেয়ে বিশদভাবে বলল,
" ভালোবাসি নি তবে বিয়েতে আমার মর্জি ছিল। নতুন একটা জীবনের স্বপ্ন দেখেছিল মন। আপনি সেই মনটাকে ভেঙেছেন। মন ভাঙা মানুষদের ক্ষমা করতে নেই। একবার ক্ষমা করে দিলে তারা বহুবার মন ভাঙার সাহসটুকু হাসিল করে ফেলে। "
ওর জবাবে তানভীর কোণঠাসা হয়ে পড়ল। তবে কি মেয়েটা কখনোই ক্ষমা করবে না তাকে! যে মেয়েটার মন ভেঙে একদিন কানাডা পাড়ি জমিয়েছিল সেই মেয়েটার প্রতিটি কথায় আজ হৃদয় এত পুড়ছে কেন? সময় কি ইচ্ছে, চাওয়া,অনুভূতি সব বদলে দেয়? হয়তো দেয়, নয়তো আজ এমতাবস্থা হতো না তার। নিজের মনের ওপর বিশ্বাস খুইয়েছে আজ তানভীর। অপরিমেয় অবাধ্যতা করছে আজ শরীরের এই অঙ্গখানি। কেন এই মন আগে পুড়ল না তরুণিমার জন্য? অবেলায় এসে কেন তাকে ছাড়খাড় করে দেওয়ার অবাধ্য মিছিলে নেমেছে!
____________________
" স্যার ফ্লাইটের টিকিট বুক করব কক্সবাজার যাওয়ার জন্য? "
ইয়াজিদ মন্থরভাবে বলল," নাহ!"
সাব্বির আক্কেলগুড়ুম হয়ে গেল। গতরাতে জয়ন্তীকা জানাল তরুণিমা কক্সবাজার আছে। হাতে সময় থাকায় রাতেই রওনা হয় নি হয়তো ইয়াজিদ। কিন্তু, এখন স্যার সেখানে যেতে চাইছে না কেন? হাতে আর পর্যাপ্ত সময় নেই।
তরুণিমাকে কি খুঁজবে না? উৎসুক মনোভাব নিয়ে প্রশ্ন করল,
" তরুণিমা ম্যামকে কি আপনার লাগবে না,স্যার?"
ইয়াজিদ গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। কাটা কাটা গলায় ক্রুর হেসে বলল," পুরো দুনিয়ার সবকিছু সাইডে রেখে এখন ওকেই তো চাই আমার। "
শানিত তলোয়ারের মতো কণ্ঠে ভীত হলো সাব্বির। ইয়াজিদের প্রতিটি কথা তার কাছে ধাঁধার সমতুল্য মনে হয়। তার কম বুদ্ধি বহন করা মাথা কিছুতেই সেই ধাঁধা সমাধান করতে পারে না। মিইয়ে গলায় জিজ্ঞেস করে পুনর্বার,
" কক্সবাজার না গেলে ম্যামকে পাব কীভাবে স্যার? আজকের রাতটা পেরোলেই একদিন সময় থাকবে হাতে। জয়ন্তীকা নামের সেই মহিলা জানাল ম্যাম সেখানে আছে। "
ইয়াজিদ নির্বিকার। পরনের কালো ব্লেজার খুলে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মা*রল। আজ মুভির রিলিজ পার্টি ছিল।সেটা এটেন্ড করে বের হয়েছে সবে। শুভ্র মেঘের রঙের মতো শার্টটির হাতার বোতাম খুলে কনুই পর্যন্ত গুটিয়ে নিল। তড়িৎ গতিতে হাত চালিয়ে উন্মুক্ত করে দিল বুকের কাছের বোতামগুলো। শুষ্ক,অমসৃণ ঠোঁট দুটি দ্বারা সিগারেট চেপে ধরল। লাইটার জ্বালিয়ে উগ্র চোখে চেয়ে থাকল কম্পিত শিখার দিক পলকহীন। এহেন দৃশ্যে সাব্বিরের আর প্রশ্ন করার সাহস কূর্পরের মতোন উবে গেল। সিগারেটে টান দিয়ে ধূম্র উদগীরণ করে ইয়াজিদ নিজেই গুমোট গলায় বলল,
" মানুষের সব কথায় বিশ্বাস করতে নেই। "
সাব্বিরের কপালে কুঞ্চিত রেখা। চমকলাগা কণ্ঠস্বর," তার মানে জয়ন্তীকা মিথ্যা বলেছে?"
" হ্যাঁ। "
" তাহলে এখন কী করবেন,স্যার? "
ইয়াজিদ জাড় গলায় বলল, " বিয়ে করবো। "
সাব্বিরের বেকুব বনে গেল। সে কী বলছে আর তার সাইকো স্যার কী উত্তর দিচ্ছে!
" না মানে, কাকে বিয়ে করবেন? ম্যামকে কোথায় পাবেন বিয়ের জন্য? "
পকেট থেকে মোবাইল বের করল ইয়াজিদ। ম্যাসেজ চেক করে ওর দিকে ঘাড় বাঁকিয়ে বলল,
" আমি জানতাম তোমার মাথায় গোবরের অভাব নেই। পৃথিবীতে এক পিস বেকুব বেঁচে থাকলে,সেটা তুমিই। তরুণিমা তোমাকে চুটকি মে-রে বেক্কল বানাতে পারবে। তাই আরও বন্দোবস্ত ছিল। ও যতই খেল খেলুক,বাংলাদেশের যে প্রান্তে থাকুক ওকে আমি আমার বউ বানিয়েই ছাড়ব। "
সাব্বির অপমানবোধ করল। স্যার তাকে এভাবে অপমান করতে পারল? তার মাথায় গোবর? সে কি এত বেকুব? ইচ্ছে করল কেঁদেকেটে বন্যা বয়ে দিতে। কিন্তু পুরুষ মানুষের এত কাঁদলে চলবে না। ঘন ঘন কান্নার বদৌলতে স্যার আবার তাকে উপাধি দিতে পারে ' ছিঁচকাঁদুনে সাব্বির।'
_____________
তরুণিমা দুয়ারে দাঁড়িয়ে ঘরের ভিতর উঁকি দিল। রুক্ষ গলায় প্রশ্ন করল," ডিম ভাজা দিয়ে খেতে পারবেন?"
তানভীর মেঝেতে বিছানো তোষকে শুয়ে ছন দিয়ে নির্মিত ছাদের দিকে তাকিয়ে ছিল। চেনা মেয়েলি সুর কানে আসতেই তার হৃদয় তন্ত্রীতে তানপুরার সুর বেজে ওঠে। দৃষ্টি তার দিকে রেখে পরিপূর্ণ হাসল। বলল,
" সিদ্ধ সবজি দিয়েও খেতে পারব। গতকাল খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। "
হাসি দেখে তরুণিমার শরীরে বিছুটির জ্বলন ধরলেও লোহার মতো মুখ করে প্রতুত্তর করে,
" নবাব তানভীর সাহেব,আপনাকে সিদ্ধ সবজি খেতে হবে না আর। ডিম আনিয়েছি, এসে খেয়ে আমাদের উদ্ধার করুন। "
তানভীর বিছানা ছেড়ে ওঠে আসে তৎক্ষনাৎ। তরুণিমা যাওয়ার জন্য সামনে এগিয়ে যেতে নিয়েও ঘুরে দাঁড়াল। অকস্মাৎ ঘুরে দাঁড়ানোতে পুরুষালি দেহে ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয় সে। পিছিয়ে যায় কয়েক পা। তানভীরও পিছিয়ে যায়। থ হয়ে যায় দুজন মানব-মানবী। কেটে যায় পল-অনুপল। নৈঃশব্দ্যদের তাড়িয়ে তরুণিমাই দ্বিধাজড়িত গলায় বলল,
" খেয়ে এসে কুপি নিভিয়ে দিবেন গতরাতের মতো। বেশি রাত পর্যন্ত কেরোসিন খরচ করে কুপি জ্বালিয়ে রাখবার সামর্থ্য এদের নেই। "
তানভীর কিছু বলতে চেয়েও বলল না। মনের কথা মনে চেপে নিল। আদিবাসী এই পরিবারকে কিছুটা আর্থিক সাহায্য করার জন্য মন স্থির করেছে সে। কিন্তু এই সময়ে এ কথা বললে তরুণিমা করুণা ভেবে উলটো অর্থ বের করবে।
সবে আটটা বাজে। সন্ধ্যা লগ্নটা পেরিয়ে ঝুপসি অন্ধকারের অতলে ডুবে আছে শৈল চূড়া। শিয়ালের ডাক শোনা যাচ্ছে কাছেপিঠে। খেয়ে ঘর ছেড়ে বাহিরে এলো তানভীর। নির্মল সমীরণ বইছে থেমে থেমে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ক্ষণে ক্ষণে অনুভব করতে লাগল তার পায়ে ঠান্ডা কিছু একটা পেঁচিয়ে ক্রমশ উপরে ওঠে আসছে। কর্ণধারে বাতাসের সাথে ভেসে আসছে ফোঁস ফোঁস শব্দের আওয়াজ। বরফের মতো জমে গেল সে। তার পায়ে কী বুঝতে বেগ পোহাতে হলো না। স্বরনালি ছিটকে উচ্চশব্দে বেরিয়ে এলো গভীর পরিচিত একটি নাম,
" তরুণিমা! "
তরুণিমা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আলোকের গতিতে ছুটে এলো। সাথে এলো উপজাতি সেই দম্পতি। প্রথমত তাকাল তানভীরের মুখপানে। চেহারাটা ফ্যাকাশে,র-ক্তশূণ্য। সন্দেহযুক্ত চেহারা নিয়ে জিজ্ঞেস করে,
" কী হয়েছে? চিল্লালেন কেন?"
তানভীর নড়ল না,টলল না। পায়ের দিকে ইশারা করল চোখ দিয়ে। সাথে সাথে মোবাইলের আলো তার পায়ের দিক নিক্ষেপ করল তরুণিমা। তার চিকন ওষ্ঠজুড়ে চুপিসারে হাসি ছুঁয়ে গেল। কোনো উদ্যোগ না নিয়ে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর রাগত্ব স্বরে চেঁচায়,
" কিছু না করে দাঁড়িয়ে আছ কেন? সাপটা আমাকে কামড়ালে তারপর কিছু করবে?"
তরুণিমা মিচকে হেসে বলল," এটার দরকার ছিল। আর আসবেন আমার সাথে? ফলাফল ভোগ করুন। "
সাপের প্রতি ভয়াবহ ভীতি আছে তানভীরের। তরুণিমার প্রতি রাগটা তার হড়হড় করে বেড়ে গেল। এতটা পাষাণ একটা মেয়ে কীভাবে হতে পারে! বাড়ির মালিক লাঠি এনে দক্ষ হাতে সাপটাকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলল দূরে। নিজের মধ্যে প্রাণ ফিরে পেল সে। তরুণিমার দিকে চেয়ে কটমট করে বলল,
" পাষাণী একটা!"
তরুণিমা ঝড়ের বেগে জবাব দিতে ত্রুটি রাখল না," আপনাদের কৃপায় হয়েছি। "
তানভীর তির্যক চাহনি ফেলে লম্বা লম্বা পা ফেলে ঘরে চলে গেল।
বাড়িতে তিনটে কক্ষ। তানভীর ও তরুণিমাকে থাকার জন্যে আলাদা আলাদা কক্ষ দেওয়া হয়েছে। তরুণিমা পাটাতনে বিছানো বিছানায় শুয়ে ঘুমানোর ব্যর্থ প্রয়াস চালাল। চিন্তায় তন্দ্রা পালিয়েছে তার। বিশেষ করে জয়ন্তীকার জন্য দুশ্চিন্তা হচ্ছে। নিশ্চয় ইয়াজিদ তার কাছে যাবে খোঁজের জন্য। জয়ন্তীকা সত্যি বলুক আর মিথ্যা, সে ওর খোঁজ জানুক বা না জানুক সেটা ইয়াজিদ কখনোই বিশ্বাস করবে না। জয়ন্তীকা জানিনা বললেও ক্ষান্ত হবে না সে। তাই অনেক ভেবেচিন্তে একটা ছক কষেছিল তরুণিমা। তাকে টাকা পয়সা দিয়ে খাগড়াছড়ি আসতে জয়ন্তীকা সহায়তা করে। ছেলেকে নিয়ে তার সাথে আসা সম্ভব ছিল না। আর ঢাকাতে যেখানেই থাকুক ও আর জয়ন্তীকা শ*য়তানটা ওদের ঠিকি খুঁজে বের করে ফেলত তিনদিনে। তাই জয়ন্তীকা ও সে মিলেমিশে ইয়াজিদকে হয়রানির ওপর রাখার চেষ্টা করে। এতে আড়াই দিন নিঃসন্দেহে পার হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী, ইয়াজিদকে কক্সবাজারের ঠিকানা দিলে সে সেখানে গিয়ে দিন,সময় নষ্ট করে ফেলবে, তারপর ফের আসবে জয়ন্তীকার নিকট। কিন্তু ততক্ষণে সময় অনায়সে ফুরিয়ে যাবে। এত বড়ো বিপদজনক কাজটা তরুণিমা কিছুতেই করতে রাজি ছিল না। কিন্তু জয়ন্তীকা তাকে আশ্বাস দেয়, সাহস দেয়। র*ক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তার জন্য মানুষটা যে ঝড় নিজে একা সইয়ে যাওয়ার দায়িত্ব নিল সেটার ঋণ কখনোই শোধ করতে পারবে না ও। প্রলম্বিত নিঃশ্বাস বেরিয়ে এলো নাসারন্ধ্র পথে। সব কাজ ওদের প্ল্যান মোতাবেক হোক, জয়ন্তীকা ও তার ছেলে সুস্থ থাকুক।
_______________
নিশীথিনী পেরিয়ে রজনীর শেষ ভাগ সমাপ্তির পথে। সময় কয়েক কাটলেই অবসান ঘটবে রাত্রির। তরুণিমার ঘুমের গহন প্রাসাদের দরজায় কে যেন ঠকঠক আওয়াজ তুলে চলেছে। প্রগাঢ় ঘুম থেকে টেনেহিঁচড়ে আনতে চাইছে ওকে,
" ওয়েক আপ,মাই এনেমি। ওয়েক আপ। "
সেই ব্যক্তি বোধহয় সার্থকতা লাভ করে ফেলেছে। তার গাঢ় কণ্ঠে তন্দ্রাভাব হালকা হয়ে এলো ওর। মুখের ওপর,অতি সন্নিকটে কারো উত্তপ্ত, উষ্ণ নিঃশ্বাসে জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা শুরু হয়ে গেল বুকের মধ্যিখানে। সারা অঙ্গপ্রত্যঙ্গে শক্তি ফিরে পেয়ে বেতাল হয়ে দ্রুত মেলল চোখ দুটি। সমস্ত কক্ষে একটা কুপির অত্যন্ত স্বল্প আলো ছড়িয়ে আছে। হলুদে-লালের মিশ্রণের রশ্মিতে তরুণিমার চক্ষুযুগল আটকাল রক্তিম একজোড়া চোখে। দুটি ঠোঁট স্থির রয়েছে ওর ঠোঁট বরাবর। মাঝে কিঞ্চিৎ দূরত্ব। পরক্ষণেই স্থির ঠোঁট দুটি অস্থির হয়ে উঠল, নড়ে উঠল। সকল নীরবতাকে খানখান করে ভেঙে দিয়ে লোকটা অসহিষ্ণু গলায় বলল,
" উঠে গেছ? চলো বিয়ে করি। "
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গতকাল না দিতে পারার জন্য দুঃখিত। এজন্য আজ একটুখানি বড়ো পর্ব দিয়েছি।)