ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 13

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____১৩

চোখের পলক নেতিয়ে ফের মেলল তরুণিমা। মুখের ওপর নির্নিমেষ ধারালো দৃষ্টি থিতু রাখা পুরুষের নিঃশ্বাসে সমস্ত চেহারা আতপস্নানে নেমেছে। ঝলসে যাচ্ছে তার কোমল বদনখানি। অজানা কম্পনে বুকের ভেতর হানা দিল উথাল-পাতাল ঢেউ। ভারী হয়ে উঠতে লাগল শ্বাস-প্রশ্বাস। কানে ঝংকার তুলে ক্রমাগত বাজতে লাগল ক্রোধমিশ্রিত শীতল কণ্ঠ। কুপির অত্যল্প প্রভায় তীক্ষ্ণ দৃষ্টিতে পুরুষের চেহারাখানা ভালো করে দেখে নিল। সুদর্শন চেহারার আড়ালে লুকিয়ে থাকা হিং-স্র চেহারার মানবের দিকে চেয়ে বুকের গহনে যন্ত্রণারা ছড়িয়ে পড়ল। ঘুমের ঘোরে কণ্ঠটা ভুল ভাবলেও ক্ষীণ আলোতে চেহারা চিনতে ভুল হলো না। আলোকের গতিতে শরীরের সবটুকু বল প্রয়োগ করে ধাক্কা বসাল শক্ত পুরুষালি বক্ষে। টলল না সেই পুরুষ। বিন্দুমাত্র নড়ল না তার দেহ। বরং সে যেন চাহনি আরো অনড় করল।
দৃঢ় হলো। স্ফীত হেসে অবজ্ঞার সুর তুলল,
" এত কসরত করছো কেন? শক্তি নষ্ট করছো শুধু শুধু। লাভ হবে না। আমি নিজ থেকে না সরলে তোমার সাধ্য নেই সরাবার। "
তরুণিমা ঘৃণার দৃষ্টিতে তাক করল। স্পষ্ট, রোষাগ্নি স্বরে বলল," একটা মেয়ের ঘরে ঢুকে তার ওপর এভাবে ঝুঁকে থাকা আপনার মতো অমানুষের দ্বারাই সম্ভব। "
চোখে আগুন জ্বলে উঠে ইয়াজিদের। মনোবাসনা হয় তরুণিমাকে পিষে ফেলতে। কিন্তু এখনও সঠিক সময়টা আসে নি। ভিতরের লাভাকে শান্ত করে চোয়াল শক্ত করে বলে,
" একটা মেয়ের ঘরে আসি নি, আমার হবু বউয়ের ঘরে এসেছি। "
" আমি আপনার হবু বউ না। "
তরুণিমার বিশদ কণ্ঠের উত্তর কর্ণগোচর হতেই অট্টহাসিতে ফেটে পড়ল ইয়াজিদ। পাহাড়ে, নিশীথে তার হাসি রূহে কাঁপুনি ধরিয়ে দিল। বড্ড রকমের অস্বাভাবিক হাসিটা। গায়ে গা না ছুঁয়ে মুখটা ঈষৎ কাছাকাছি আনল। চোখের গভীরে চোখ ডুবিয়ে বলল," আমাদের মধ্যকার চুক্তি ভুলে গিয়েছ,হুম? চুক্তিমতে তুমি এখন থেকে, এই রাত থেকে মর-ণ পর্যন্ত আমার।"

চুক্তি! চুক্তির কথা শুনে চমকালো তরুণিমা। মস্তিষ্কে খেলে গেল- ইয়াজিদ তাকে কীভাবে খুঁজে পেল? তবে জয়ন্তীকা কি এখানকার ঠিকানা বলে দিয়েছে? পরক্ষণে মনকে ধিক্কার জানাল জয়ন্তীকার ওপর অবিশ্বাসের ছু"রি গাঁথার জন্যে। যে মানুষটা জীবনের পরোয়া না করে,সন্তানের চিন্তা না করে তাকে ঠাঁই দিয়েছে, সাহায্য করেছে সে কখনোই তাকে ধোঁকা দেবে না। প্ল্যান অনুযায়ী ইয়াজিদ কক্সবাজারে থাকার কথা। খাগড়াছড়ির খোঁজ পেলে কীভাবে? আর পেলেও বিশালাকার পাহাড়ের খাদে তার অস্তিত্বের হদিস কেমন করে পেল! নানান প্রশ্নে, দোটানায় শরীর অসাড় হয়ে আসতে শুরু করল। চিনচিনে একটি ব্যথা কুয়াশার মতো ছড়িয়ে পড়ল সারা অঙ্গে। জানত, পাতাল খুঁড়ে হলেও ইয়াজিদ তাকে খুঁজে বের করবে,ফলপ্রসূ বিভ্রান্তিতে পার করতে চেয়েছিল দিনকাল। অথচ,ভাগ্য বরাবরেরই মতোন হলো না সুপ্রসন্ন। নাসারন্ধ্রে ভুরভুর করে সুগন্ধ প্রবেশ করতে লাগল। এটা যে সম্মুখের পুরুষের দেহ হতে তা বুঝতে বাকি নেই। পরিপূর্ণ চোখে চেয়ে শক্ত, নিস্তরঙ্গ গলায় বলল,
" আপনি কীভাবে পেলেন আমাকে?"
ইয়াজিদ ওপর থেকে সরে এলো। পাটাতনে বসল। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে বসিয়ে ক্ষীণ আ"গুনে পোড়াল তার অগ্রভাগ। টান দিতেই ধোঁয়ার কুন্ডলী সয়লাব হলো ক্ষুদ্র কুঠুরিতে। মৃদু কাশ আরম্ভ হলো তরুণিমার। কুপির হলুদাভ রশ্মি, ছাই রঙা ধূম্র মিলেমিশে একাকার হয়ে ঘরটাকে ধোঁয়াশাময় করে তুলেছে। স্মরণে এলো, বাতিটা নিভিয়ে ঘুমিয়েছিল ও। তাহলে কে জ্বালাল? ইয়াজিদ! সবথেকে বড়ো কথা, ও ঘরে এলো কেউ কি টের পায় নি?

ইয়াজিদ নিস্পৃহ ভঙ্গিতে সিগারেট ফুঁকে চলেছে। চাউনির নড়চড় নেই। গভীর দৃষ্টিতে চেয়ে আছে৷ তরুণিমার নরম দেহে শেল হয়ে বিঁধতে লাগল সেই চাহনি অবিরাম।বিরক্তিভরা কণ্ঠে চিল্লিয়ে ওঠে,
" জবাব দিচ্ছেন না কেন আপনি?"
ঠোঁট থেকে সিগারেট সরিয়ে পাটাতনে চেপে ধরল ইয়াজিদ। নিজের দু ঠোঁটের ওপর আঙ্গুল রেখে নিষ্পেষিত করে দিবে এমনতরো গলায় বলল,
" চুপ!চুপ!চুপ। চিল্লাবে না তরু। রিলেক্স। বলছি তো। "
বলেই ইয়াজিদ ওঠে দাঁড়াল। কালো প্যান্টের সাথে পরনে সাদা শার্ট। শার্টটা ইন করা সত্ত্বেও কুঁচকে আছে অল্পস্বল্প। বুকের কাছের দুটো বোতামই উন্মুক্ত। চুলগুলো সামান্য অগোছালো। সাঁঝের অম্বরের রক্তাভ রংটা চোখ দুটিতে যেন আজন্ম লেগে থাকে।

তরুণিমা চুপটি করে রইল। সে কূলকিনারা হারিয়ে এখন মাঝ নদীতে ফেঁসে আছে। বিপদে মাথাটাও কাজ করছে না। তার বেহাল অবস্থা দেখে ইয়াজিদ ঠোঁট বাকিয়ে হাসল।
প্রহসন করল,
" এত চিন্তা করে লাভ নেই। চলো বিয়ে করি। কাজি নিয়ে এসেছি আমি। "
বুকটা ধড়ফড় করে উঠল ওর। পাথরের কঠিন দেয়াল ভেঙে কান্নার একটি ঢল দু চোখ বেয়ে নেমে আসতে চাইল। বহু কষ্টেসৃষ্টে সামলে নিল কান্নার সেই বহর। মুহূর্তের মধ্যে ভয়ংকর এক সিদ্ধান্তে উপনীত হয় সে। দাঁড়িয়ে বলে, " আমি এসব চুক্তি মানি না। সেটা আপনার তরফ হতে ছিল। আমার জীবন খেলনা না। আপনার মতো সাইকোর কাছে মানুষের জীবন খেলনার হতে পারে, আমার কাছে নয়। মে-রে ফেললে ম-রতে রাজি,তবুও আপনার মতো দানবকে কবুল বলতে না। "

ইয়াজিদ ঝুঁকে মেঝে থেকে রিভলবার নিল। লম্বা পদক্ষেপে তীরের বেগে ছুটে আসল কাছে। তরুণিমা স্থির, মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। কিঞ্চিৎ ফাঁক রেখে ইয়াজিদ রিভলবার নিজের কপালের কোণে ঘষতে ঘষতে উগ্র হয়ে পড়ল,

" ম-রতে চাও তুমি? ম-রতে চাও? কথায় কথায় বলো,ম-রতে চাও। বেইমান, খু""নি মেয়ে। এত সহজে ছেড়ে দিব? আমি যদি তোমার খুঁজে খাগড়াছড়ি পর্যন্ত আসতে পারি, কবুলও গলা দিয়ে উচ্চারণ করাতে পারব। "

তরুণিমা বেকায়দায় হাসল। অপরিসীম সাহস দেখিয়ে বুড়ো আঙ্গুল নিচের দিকে তাক করে বলল," পারলে করিয়ে দেখান। "
ইয়াজিদ ভ্রু নাচিয়ে বলল," আমাকে চ্যালেঞ্জ! ওকে ডান। "
ধীরে ধীরে ওর দিকে এগোতে থাকল। শরীরে শরীর স্পর্শ করার পূর্বে দেয়ালে সেঁটে গেল তরুণিমা। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। ইয়াজিদ দেয়ালের ওপর এক হাত রেখে অন্য হাতে রিভলবারটা ওর কপাল বরাবর চেপে ধরল। ধ্বংসে মাতোয়ারা সুরে বলল,

" তুমি কবুল বলিও না। আমি বাহিরে আমার লোকদের বলছি তোমাকে যারা আশ্রয় দিয়েছে তাদের বুকে গু-লি চালিয়ে দিতে। "

অন্তঃকরণ ধ্বক করে উঠল তরুণিমার। পায়ের তলায় ভূমিকম্পের সৃষ্ট হলো। একটা মানুষ এত নিচ হতে পারে! না,না এই লোক তো মানুষ নয়,পিশাচ। দু চক্ষে জল জড়ো হতে শুরু করল। লাল হয়ে গেল নয়নযুগল। ক্রন্দনরত কণ্ঠে চিৎকার করে বলল,
" আপনার মতো জঘন্য লোকের জন্য এটা করা স্বাভাবিক। মানুষের অভিশাপ কখনো আপনার পিছু ছাড়বে না। আমি তরুণিমা আজ অভিশাপ দিচ্ছি, একদিন বরবাদ হয়ে যাবেন। গত কয়েকবছর ধরে যে অবিচার আমার সাথে করে আসছেন, তা সময় সুদসমেত ফিরিয়ে দেবে। "

ইয়াজিদ ভ্রু নাচাল। চোখ বৃহৎ আকৃতির করে বলল," তাই? অপেক্ষায় থাকব নিজের বরবাদির। জানি এদিন আসবে না। ইয়াজিদ কখনোই বরবাদ হবে না। "

দরজার বাহির থেকে চিল্লানোর, ধস্তাধস্তির আওয়াজ আসছে। তরুণিমা সেদিকে চাইল। আওয়াজটা পরিচিত লাগছে। দরজা লক করা নেই, খোলা। কেউ ধরলেই খুলে যাবে কপাট দুটো। ইয়াজিদ তারস্বরে আদেশ করল," আসতে দাও। "
বলা মাত্র তানভীর দরজা খুলে ভিতরে এলো। ঘুমে ছিল সে। মানুষের পায়ের শব্দ কানে গেলেও গভীর নিদ্রা ছাড়তে আলসেমি হচ্ছিল তার। একটা সময় তরুণিমার কণ্ঠের চিৎকার শুনে বেরিয়ে আসে। বাহিরে আসতেই দেখে এখানে বসবাস করা তিনটে পরিবারের সদস্যকেই কিছু কালো পোশাকধারী লোকজন বন্দুকের ভয় দেখিয়ে আটকে রেখেছে। তরুণিমার ঘরের সামনেও দুজন এহেন ধাঁচের লোক দেখতে পেয়ে হৃদয়স্থল কেঁপে ওঠে তার কোনো বিপদের শঙ্কায়। ইয়াজিদকে তরুণিমার একেবারে সান্নিধ্যে দেখে ফুটন্ত পানির ন্যায় র*ক্ত টগবগ করে উঠল তার। মারমুখো হয় সেদিকে। নিমিষেই ইয়াজিদ ঘাড় হেলিয়ে রেখে তার বা পায়ে বুলেট গেঁথে দিল। মেঝেতে হাঁটু ভেঙে পড়ে গেল তানভীর। তার পা দিয়ে বেরিয়ে আসতে লাগল র-ক্তের ফোয়ারা।

তরুণিমা বরফের মতো জমে গেল। দৃষ্টি আটকে থাকল তানভীরের গুলিবিদ্ধ পায়ের দিকে। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে পাটাতন। সংবিৎ ফিরে পেতেই তানভীরের কাছে যেতে উদ্যত হয়। অতর্কিতে হাতটা টেনে ধরে ইয়াজিদ। ক্রূর স্বরে বলল,
" ওর কাছে তুমি যেতে পারবে না। ও-ই তো তোমাকে ধরা খাইয়েছে। প্রেমিককে নিয়ে পাহাড়ে ঘুরতে এসেই বড়ো গড়বড়টা করে ফেললে। নয়তো আমার হাত থেকে বেঁচে যেতে। "
তানভীরের র-ক্তাক্ত হাল দেখে তরুণিমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তার সকল চিন্তা,মনোযোগ তানভীরের দিকেই নিবদ্ধ। বারংবার ছুটে যাওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু দানবের শক্তির কাছে নারী দেহের বল পরাজিত। ইয়াজিদ হাতটা ধরে রেখে পিছনে দাঁড়াল। পিঠের কাছে দাঁড়িয়ে কানের পাতায় উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল,

" তোমার না হওয়া বরের পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম নজরদারিতে। শালা, তোমার সাথে এসে তোমাকে ফাঁসিয়ে দিল। ওর জন্য এত পাগল হচ্ছো কেন? ভিতর পুড়ে যাচ্ছে? ভিতর আমার জন্য পোড়াও। ও তোমার বর হবে না, আমি হবো।"

তানভীরের যন্ত্রণা বেড়ে চলেছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে রেখেছে সে। তরুণিমা বুঝল এভাবে ক্লেশে তানভীর ম"রে যাবে। দ্রুত চিকিৎসা প্রয়োজন। আর ইয়াজিদের মর্জি ছাড়া তা অসম্ভব। নিরুপায় হয়ে ঘাড় পিছনে ঘুরিয়ে নরম চোখে তাকাল ইয়াজিদের পানে। মিনতি করে বলল,
" উনাকে ডাক্তারের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন,প্লিজ। "
" কষ্ট হচ্ছে? তোমার জন্য আমার ভালোবাসার মানুষটা যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমার পুরো দুনিয়াটাই যন্ত্রণায় ভরে গিয়েছে। কষ্ট পাক ও। ম-রে যাক। দেখো, কেমন অনুভব হয় ভালোবাসার মানুষ ম-রে গেলে। "

তরুণিমা দু চক্ষু বুঁজে দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করল। কে বুঝাবে এই পাগলকে তানভীর ওর ভালোবাসার মানুষ নয়? বরং এখন এসব নিয়ে তর্ক-বিতর্কে যাওয়ার উপযুক্ত সময় না। সাদিক সাহেবের উপকারের বিনিময়ে সে কখনোই তানভীরকে তার জন্য মৃ*ত্যুর দুয়ারে পৌঁছাতে পারবে না। ভালো থাকার পরোয়া না করে, আমৃ-ত্যু যন্ত্রণার ভার বুকের ভিতর পুষে নিয়ে মনস্থির করে ভেজা গলায় বলল,
" আপনি যা চান তা-ই হবে। "
ইয়াজিদ চোখা চাহনি নিক্ষেপ করে বলে," কবুল বলবে?"
অসহায় কণ্ঠে, স্তিমিতনেত্রে চেয়ে প্রতুত্তর করে তরুণিমা," হ্যাঁ। "
" গুড ডিসিশন। "
বলতে বলতে পেছন থেকে সরে যায় ইয়াজিদ। তার আদেশে বাহিরে থেকে এক লোক একটা ব্যাগ নিয়ে আসে। শপিং ব্যাগ থেকে সিঁদুর রঙের দোপাট্টাটা বের করে তরুণিমার মাথায় পরিয়ে দেয় ইয়াজিদ। তরুণিমা অনুভূতিশূন্য, নির্বাক,নির্জীব। অনুভূতি হারিয়ে পাথুরে রূপ ধারণ করেছে। ফুলের পাপড়ির ন্যায় নরম ওষ্ঠ কিঞ্চিৎ আলগা করে, " আগে উনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, প্লিজ। "
ইয়াজিদ মাথা নেড়ে শব্দ করে বলে," নাহ! তোমাকে বিশ্বাস করি না। আগে কবুল, তারপর ট্রিটমেন্ট। "
তরুণিমা বাকরূদ্ধ হয়ে যায়। মনের ঘর ছেয়ে যায় আঁধারে।
তড়িৎ গতিতে বলে," কাজি ডাকুন তাহলে। "

তানভীর পায়ের যাতনা ভুলে গেল বিয়ের কথা কর্ণপাত হতেই। বক্ষস্থলে অসহ্যকর যাতনায় মনটা বিষিয়ে যেতে লাগল। তরুণিমাকে একটা খারাপ মানুষ লুফে নিবে কিছুতেই মানতে পারছে না। সে তরুণিমাকে এক সমুদ্র সুখ উপহার দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য অবাধ্যতা করছে। পা খুড়িয়ে উঠতে চেষ্টা করলে মেঝেতে পড়ে যায়। মনের সাথে শরীরের তাল মিলছে না। শরীরটা বড্ড বেইমানি করছে। তরুণিমা আঁতকে উঠে। ছুটে যায় তার কাছে। হাত বাড়িয়ে ধরতে নিলে হাতটাকেই ছিনিয়ে নেয় অন্য একটি লোমশে সজ্জিত শক্তিশালী হাত। তানভীরের দিকে স্ফুলিঙ্গের দৃষ্টি ছুঁড়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে,

" আমার বউ, আমার সম্পদ। আমার বউকে ছুঁলে এবার বুক বরাবর গুলিটা মা-রব। ইয়াজিদ নিজের জিনিসের ওপর কারো হস্তক্ষেপ পছন্দ করে না। মাথায় ঢুকিয়ে নে।"

চোখ ঠিকরে আ*গুন বেরিয়ে আসতে লাগল যেন ইয়াজিদের। তরুণিমার হাত শক্ত করে ধরে ক্ষোভে ফেটে পড়ল। সতর্ক করল," ওকে মা*রতে না চাইলে দূরে থাকো, ছুঁবে না একদম। এই ভোর থেকে সে তোমার কাছাকাছি হওয়া নিষিদ্ধ। "
তানভীর তেজহীন, প্রায় নিশ্চল হয়ে আসা কাতর স্বরে ডাকল তরুণিমাকে," শয়তানটাকে বিয়ে করো না,তরুণিমা। আমাকে বাঁচাতে হবে না তোমার। "
তরুণিমা ইয়াজিদের দিকে তাকিয়ে বলল," কোথায় আপনার কাজি? ভিতরে ডাকুন। এতক্ষণ না আপনার তর সইছিল না আমাকে বিয়ে করার জন্য? এখন দেরি করছেন কেন?"
তানভীর হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ বেয়ে এক দু ফোঁটা জল গড়াল। দো-জাহানের সবথেকে অসহায় মানব মনে হলো নিজেকে। ইয়াজিদের হুকুমে কাজিকে ঘরে আনা হলো। ঢাকা থেকে সাথে করে আনা হয়েছে তাকে। এই বিয়ে পড়ানোর ফলাফলে পাবেন মোটা অংকের টাকা। তরুণিমা কবুল বলার সময় নিজের বাবার অপমান, ভাইয়ের শরীরের ক্ষত, নিজের ওপর মানসিক নির্যাতন সবকিছু চিত্তে, গোপনে পুনরায় মনে করে নিল। তাকাল ইয়াজিদের দিকে শীতল নজরে। ঠাণ্ডা গলায় উচ্চারণ করল,
" কবুল, কবুল, কবুল। " সেই সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলো নতুন এক লক্ষ্যে,যা আগে কখনো ভুল করেও আনে নি চিত্তে।

#চলবে...
( আপনাদের মন্তব্য লেখনীর আগ্রহ জোগায়। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

★ বইটইয়ে প্রমোকোড ব্যবহার করে ২৫% ছাড়ে কিনুন আমার লিখিত ই-বুক " ফের সন্ধ্যে নামুক। " ছাড়টি থাকবে ৩১ আগস্ট পর্যন্ত।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন