ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 15

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___(১৫)

ক্ষিপ্র হাতে কোমর থেকে প্যান্টের বেল্ট ছাড়িয়ে গৃহতলে ছুঁড়ে ফেলে ইয়াজিদ। ফর্সা,আংশিক উদোম দেহে ধীর পায়ে আগাতে থাকে বিছানার দিকে। তরুণিমা বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়! অজানা-অনাকাঙ্ক্ষিত এক শঙ্কায় প্রচণ্ড অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বুকের ভেতরের ভয়ংকর যন্ত্রটা। বেসামাল, উৎকট হৃদযন্ত্রের দশা। চার দেয়ালের ঘরটায় দুই নর-নারীর উত্তেজক নিঃশ্বাসে পরিবেশ হয়ে উঠেছে নিদারুণ ভারী। দোটানায় ভুগছে মন। একমন বলছে, ইয়াজিদ ওকে স্রেফ বিছানা থেকে হটানোর জন্যে অসহিষ্ণু অবস্থা তৈরি করছে। অপর মন বলছে, পাগলের ভরসা নেই। মানসিক ভারসাম্যহীন পুরুষ যেকোনো সীমাবদ্ধতা পেরিয়ে যেতে পারে যুদ্ধে জেতার জন্য। মেডিক্যাল উপায়ে মানসিক অসুস্থতার প্রমাণ না পেলেও তার সাথে যা আচরণ করছে এতে নিশ্চিতভাবে প্রমাণিত যে ইয়াজিদ একজন মানসিক ব্যাধিতে আক্রান্ত পুরুষ। তারপরেও এক বুক সাহস সঞ্চয় করে বিছানার ওপর অবিচল ভঙ্গিতে দুর্বল দেহে বসে রইল তরুণিমা। সজাগ দৃষ্টি মেলে চাইল দেদারসে এগিয়ে আসতে থাকা ইয়াজিদের পানে। তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। নগ্ন বক্ষস্থলে দৃষ্টি পড়তেই শরমে আচ্ছাদিত হয়ে গেল চেহারা। লজ্জাবতী গাছের মতো নেতিয়ে পড়ল চোখের পল্লব। হোক ঘৃণার পাত্র, তবুও এরকম অবস্থায় কোনো পুরুষকে দেখে স্বাভাবিক হালে থাকা দুঃসহ। তখন অনুভূতিহীন মনও বিপাকে পড়ে যায়। চোখ সরিয়ে ব্যাকুল চাউনি ফেলল এদিক-সেদিক। বিড়বিড় করে বলল,

" লুচ্চা!"

প্রায় কাছেই চলে এসেছে ইয়াজিদ। অস্ফুটস্বরের আওয়াজ তার কর্ণ ছুঁয়ে ফেলল। তরুণিমার শরীরের দু'পাশে হাত গলিয়ে ভর রাখল বিছানার ওপর। পিঞ্জিরায় পাখি কয়েদি হওয়ার মতোন স্পর্শহীন বাহু বন্ধনে আটকা পড়ল ও। মুখ, বলিষ্ঠ দেহ অবনত হলো ওর শরীরের কাছাকাছি। চৈতন্য পাওয়া মাত্র মাথা পিছিয়ে নিল তরুণিমা। যত পিছিয়ে যাচ্ছে তত যেন মুখ এগিয়ে আনছে ইয়াজিদ। আরো পিছাল ও। বালিশে গিয়ে ঠেকল মাথা। চক্ষু আরশিতে খুঁজে পেল মাদকতা মাখানো এক জোড়া চোখ। কখনো এমন পুরুষোচিত দৃষ্টির কবলে পড়ে নি সে। ফুসফুসের বেগতিক ক্রিয়া বেড়ে গেল অচিরেই। এ কেমন নেশাগ্রস্ত চাহনি ইয়াজিদের দু চক্ষে! সত্যিই কি ইয়াজিদ উলটা পালটা কিছু করে ফেলবে ওর সাথে! প্রশ্নের বাণ নিক্ষিপ্ত করে হড়বড়িয়ে,

" কী করছেন আপনি? কাছে আসছেন কেন?"
" লুচ্চামি করছি। তুমিই তো বললে একটু আগে আমি লুচ্চা।"

মুখটা আরো কাছে এনে ফিচেল স্বরে উত্তর দেয় ইয়াজিদ। এত কাছে যে চার অধরের মিলমিশে একাকার হবার কেবল বাকি। কাটার মতো চিড়চিড় করে ফুটতে লাগল তরুণিমার অভ্যন্তর। বিছানার চাদর খামচে ধরে ললিত স্বরকে বাজখাঁইয়ে রূপান্তর করল তরতর করে,

" সরুন আমার উপর থেকে। নয়তো...!"
সমাপ্তির দাড়ি চিহ্ন ছোঁয়ার আগে কথাটা টান দিয়ে ছিনিয়ে নিল ইয়াজিদ, " নয়তো কী? কী করবে? বাসর করবে না? সেটা করার জন্যই তো আমার বিছানায় এসে উঠেছ। আমরা এখন সেটাই করব। তাহলে, বাসর শুরু করি!"

তরুণিমা চমকপ্রদ হলো। গলা শুকাল অল্প। ঝাঁঝ দেখিয়ে বলল," আপনার খারাপ উদ্দেশ্য কখনোই হাসিল হবে না। "

সহসা পরিহাস করে ইয়াজিদ, " তাই? কী করবে তরু? বিছানায় এসে ইশারা তুমি দিলে আর সেই ইশারায় সম্মতি দিয়ে কাছে এলাম বলে আমি খারাপ হয়ে গেলাম?"

" আমি এমন কোনো কিছু চাই নি। "
" তাহলে বউ হয়ে বিছানায় শোয়ার অধিকারটা কে চেয়েছে? "
" তার মানে এমন নয় যে আপনি বাজে কিছু করবেন আমার সাথে। "

ইয়াজিদ বেপরোয়া গলায় বলল," আমার বিছানায় থাকলে আমি বাজের চেয়েও বাজে কিছু করব। বউয়ের অধিকারে বিছানায় এলে,আর আমি শূন্য হাতে ফিরিয়ে দিব তা কী হয় অপ্রিয় বউ? "

বলেই মুখ আরো কাছে নেওয়ার আগে তরুণিমা দিশেহারা হয়ে এক ভ-য়ানক কাণ্ড করে বসল। ধারালো দাঁতের গভীর কামড় বসিয়ে দিল ইয়াজিদের কাঁধে।

তার ওপর থেকে ছিটকে সরে গেল ইয়াজিদ। কাঁধে হাত রেখে গরম চোখে তাকাল। সেই ফাঁকে তরুণিমা বিছানা থেকে নেমে গেল ত্রস্ত পায়ে। আত্মরক্ষার্থে দাঁতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ও। ইয়াজিদের চোখ রাঙানোকে প্রভঞ্জনে ঝরা পাতা উড়ে যাওয়ার মতো করে উড়িয়ে দিল। পাত্তা দিল না তিলার্ধ।

ইয়াজিদ প্রতিক্রিয়া করল না। উলটো বিছানায় আয়েশ করে বসল। কাঁধ থেকে শার্টের অংশ সরাতেই দেখতে পেল সেখানে দাঁত বসে গেছে, জখমে কালচে হয়ে গেছে শ্বেত রঙা কাঁধ। কোমল মিশ্রিত শীতল কণ্ঠে জানতে চাইল,

" কামড়ের পিএইচডিটা কই থেকে করেছ? বেশ ভালো কামড়াও তো তুমি। মার্ক কত পেয়েছিলে? ক'জন পুরুষকে কামড়েছ এভাবে!"

কথাগুলো শর হয়ে বিঁধল তরুণিমার অভ্যন্তরে। পালটা আ-ক্রমণ করল সেও,
" প্রেমিকার জন্য আমার জীবন নরক বানিয়েছেন। বিছানায় নারী দেখে প্রেমিকার মায়া ভুলে নারীর মোহে ডুবে গেলেন। চরিত্রহীন বলেই অন্যের গায়ে আঙ্গুল তুললেন। "

ইয়াজিদ অসংবরণ ক্রোধে ফেটে পড়ল। আক্রোশ,অবজ্ঞা ভরা কণ্ঠে বলল,

" তোমার মতো মেয়েকে আমি বিছানায় কেন আমার রুমেও চাই না। দেখলেই, ঘৃণা লাগে। তোমাকে স্পর্শ করলে আমার হাতটাই নোংরা হয়ে যায়। তোমার প্রতি আমার কোনো রুচি নেই। জাস্ট বিছানা থেকে নামানোর জন্য এসব করেছি। আমার বিছানায় আর আসবে না, তোমাকে দেখলে আমার গা ঘিনঘিন করে। "

" এতোই যখন আপনার গা ঘিনঘিন করে বিয়ে করলেন কেন?"

একবাক্যে জবাব দিল ইয়াজিদ, " তোমাকে তিলে তিলে যন্ত্রণা উপহার দিব বলে। "

পরমুহূর্তে বিছানায় শুয়ে পড়ল সটানভাবে। চোখের ওপর একহাত রেখে মেঘমন্দ্র স্বরে বলল,

" গেট আউট ফ্রম মাই রুম। "

তরুণিমা গেল না রুম থেকে। আলোকের গতিতে এগোলো ওয়াশরুমের দিকে। ওকে দেখলে গা ঘিনঘিন করে, নোংরা হয়ে যায়? আজ একদম ধুয়েমুছে পরিশুদ্ধ করে দিবে। কয়েক লহমা কাটল বোধহয়। ফিরে এলো হাতে পানি ভরা বালতি নিয়ে। বালতির সবটুকু পানি সজোরে নিক্ষিপ্ত করল বিছানার ওপর।

ধড়ফড়িয়ে উঠল ইয়াজিদ। ভিজে গেছে তার সমস্ত গা। গায়ের শার্ট শরীরে লেপ্টে গিয়েছে ভেজার দরুন। কমফোর্টার,বালিশ, চাদর কিছুই শুষ্ক নেই। মেজাজ খিঁচড়ে এলো তার। অত্যধিক রাগে সংযমন হারিয়ে বেতাল হয়ে পড়ল। তরুণিমার কোমরে হাত প্যাঁচিয়ে তাকে রোষের তোড়ে সবেগে নিয়ে ফেলল শক্ত বুকের মাঝখানে।

সুডৌল কোমরে আকস্মিক ছোঁয়ায় শিহরন বইয়ে গেল তরুণিমার রন্ধ্রে-রন্ধ্রে। ভুরভুর করে বিনা অনুমতিতে পুরুষের শরীরের ঝাঁঝালো ঘ্রাণ ছড়াতে লাগে নাসিকা পথে। আচমকা হামলায় নিজের তাল রাখতে ইয়াজিদের পেটে হাত রাখতে গিয়েও সামলে নিল সে। মাথা উপরে তুলে নয়নজোড়া রাখল নির্ভয়ে।

ইয়াজিদ রুদ্রমূর্তি হয়ে বলল," তোমার সাহস কী করে হলো আমার ওপর পানি দেওয়ার? "

" পানি দেওয়ার জন্য সাহসের দরকার নেই। আমার জাস্ট মনে হয়েছে আমি না ঘুমাতে পারলে এই বিছানায় আপনিও আরাম করে ঘুমাতে পারবেন না। "

কোমরে বাঁধন শক্ত,দৃঢ় করল ইয়াজিদ। এবারে ব্যথায় চোখ মুখ খিঁচে ফেলল তরুণিমা। মেঘের গম্ভীর নিনাদ শুনতে পেল চুটকিতে,

" আমার সাথে পাল্লা দিও না,জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দিব। "

তরুণিমা জানে ইয়াজিদ তাকে সত্যিই মে-রে ধামাচাপা দিয়ে দিতে পারবে। তবুও হুমকিকে ফুঁ দিয়ে উড়িয়ে একগাল হেসে ভর্ৎসনা করল,

" আমাকে ছুঁয়েছেন কেন? আপনার হাত নোংরা হয়ে যাচ্ছে। "

হুঁশ ফিরে পেতেই ব্যস্তবাগিশ হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ইয়াজিদ। মুখ থুবড়ে বিছানায় গিয়ে পড়ল ও। আলুথালুভাবে পড়ার দরুন ডান হাতে অপরিসীম ব্যথায় কাতর হয়ে পড়ে। গুণে গুণে দু ফোঁটা শ্রাবণ ধারা নামে নেত্রযুগল ছাপিয়ে। মলিন বর্ণের গাল বেয়ে শ্রাবণের জল পতিত হয় সিক্ত বিছানায়। নিষ্ঠুর, নির্দয় এই মানুষটাকে একদিন মনপ্রাণ দিয়ে ভালোবেসেছিল ও। অঘোষিত প্রেমে হৃদয় দিয়েছিল সঁপে। মনের অলিন্দে বসে হররোজ স্বপ্ন বুনত মানুষটাকে পাবার, তার অল্পখানি স্পর্শে লজ্জার অথই সিন্ধুতে ভেসে যাওয়ার। হৃদয়ারণ্যে প্রণয়ের ফুল ফোটানোর দায়ে ভুলের খেসারত এমন করে দিতে হবে জানলে ফুলটা ফোটার পূর্বে ছিঁড়ে চাপা দিয়ে দিত মৃত্তিকায়।

পাগলের মতো মাথার চুল টানতে লাগল ইয়াজিদ। রা"গে-ক্ষোভে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে তার মাথার ভিতর। আঁজলায় মুঠো ভরতি করে অস্থির, অশান্তভাবে চুলগুলো ছিঁড়ে ফেলার উপক্রম। অস্পষ্ট স্বরে কী যেন উচ্চারণ করতে লাগল! দুদণ্ড স্তব্ধ না হয়ে ছুটতে লাগল এদিক-ওদিক। তীব্র শব্দে ড্রয়ার খুলে কাঙ্ক্ষিত কিছু পাওয়ার নিমিত্তে এলোমেলো করতে ফেলতে লাগল সব। না পেয়ে বিক্ষুব্ধ হতে থাকে পর পর। নেত্র জোড়ার বাদামি মণির চারিধারে লাল রং এসে হানা দিতে লাগল। টকটকে র*ক্তিম হলো চক্ষুদ্বয়। ঘাড় নাড়াতে নাড়াতে বেরিয়ে যায় ঘর থেকে।

তরুণিমা আঁতকে ওঠে। ভাবন ঘরে নানান প্রশ্নেরা মেলা সাজায়। কী খুঁজছিল ইয়াজিদ? হঠাৎ করে এমতাবস্থার কারণ কী? কোন ধরনের মানসিক অসুস্থতায় আক্রান্ত সে? দলবেঁধে মনে ভয়েরা আশ্রয় নিলেও বিছানা ছেড়ে পেছন পেছন গেল ইয়াজিদের। ঘাসের বুকে হাঁটু মুড়ে বসে আছে সে। পেছন থেকে শুধু পিঠ দেখতে পারছে। ভীরু ভীরু পায়ে কাছে যায়। জানতে চায় নির্ভীক, মৃদু কণ্ঠে,

" কী হয়েছে ইয়াজিদ? আপনার কি মাথা ব্যথা করছে?"

ইয়াজিদ চোখ তুলে চাইল না। লম্বা গাছপালায় ঘেরা প্রকৃতির নৈঃশব্দ্যদের ছুটি দিয়ে বলে,

" ঘরে যাও। "

তরুণিমার কণ্ঠে উৎকণ্ঠা, " আপনিও চলুন। শরীর খারাপ লাগলে ডাক্তার ডাকুন। "

গর্জন করে ওঠে ইয়াজিদ, " যেতে বলেছি না? যদি আর এক সেকেন্ডও থাকো পরিণাম খুবই ভয়ং-কর হবে। চলে যাও। "

গর্জনের তোপে বেসামাল হয়ে অন্দরে আসে তরুণিমা। খিড়কির কাঁচে শিশির বিন্দু জমে ঝাপসা হয়ে আছে। সরল পথ ধরে বেয়ে বেয়ে কিছু বিন্দু নেমে যাচ্ছে নিম্নাংশে। স্বচ্ছ দৃষ্টিতে জানালার কাচ ভেদ করে বেহিসাব পল দেখল ইয়াজিদকে। ইউনিভার্সিটিতে থাকতে ইয়াজিদের বন্ধুত্বসুলভ, মনোমুগ্ধকর রূপখানি দেখে অভ্যস্ত ছিল সে। কোনোদিনও কাউকে একটা ধম-ক পর্যন্ত দিতে দেখে নি ও। সীরাতের আকস্মিক মৃ-ত্যুর পর হুট করে কালবৈশাখির আগমনের ন্যায় পরিস্ফুটিত হয় ইয়াজিদের বিকৃত মস্তিষ্কের আচরণ ও ইস্পাতের মতোন কঠিন রূপের। তাহলে কি সীরাতের মৃ-ত্যুই তার অসুস্থতার জন্য দায়ী? না-কি এর আগে থেকেই! শুধুমাত্র তরুণিমা ভালোবাসত বলে প্রেমিকের ওপর থেকে বিশ্বাস হারিয়ে কেউ আত্ম*হত্যাকে বেছে নেয় আদৌ? না। একটা স্বাভাবিক মানুষ এমন করতে পারে না কখনোই। চুপচাপ, একাকী থাকা সীরাতকে পাগল বলে অভিহিত করত ক্লাসের গুটি কয়েক ছেলেমেয়ে ,সেটাই কি সত্য? কিন্তু তরুণিমা কভু সীরাতের মধ্যে অস্বাভাবিক কিছুই পরিলক্ষিত করে নি। এ কেমন গোলকধাঁধায় আটকা পড়ল ও! আর কী কী সহ্য করতে হবে বাকি দিনগুলোতে? জীবনটা অভিশপ্ত হবার জন্য আরও কিছু কি অবশিষ্ট আছে? এতকাল সব সহ্য করে গেলেও কোনোদিন সীরাতকে নিয়ে মাথা ঘামানো হয় নি। শুধু কি সন্দেহের ভিত্তিতে ইয়াজিদ এত জোরালোভাবে অমানবিকতা চালিয়ে যাচ্ছে ওর ওপর?
_______________________

রাতের আয়ুষ্কাল ফুরিয়ে প্রভাতের উঁকি দেওয়ার সময় ধেয়ে আসছে ছোট ছোট কদমে। আলোর একটি রেখা অত্যন্ত প্রয়াস চালাচ্ছে রাতকে লুকিয়ে অন্তরিক্ষের পূর্ব কোণে সূর্যকে এক টুকরো রাজ্য গড়ে দিতে। দীর্ঘ সময় পর ইয়াজিদ ঘরে আসল। নির্জন বাড়িটাতে দুটো রুম, বসার ঘর ও রান্নাঘর। বাড়ির সদর দুয়ারটা সম্পূর্ণ উন্নত মানের কাচ দিয়ে তৈরি। সেটা ঠেলে ভিতরে ঢুকল সে। বসার ঘরে পা রাখতেই চোখ গিয়ে পড়ল সোফার দিকে। জড়সড়ো হয়ে ঘুমিয়ে আছে তরুণিমা। তার খোলা দীঘল কালো চুলগুলো ছুঁয়ে আছে মেঝে। কুঁচি কুঁচি কিছু অলকচূর্ণ কপাল, গালে রাজত্ব স্থাপন করেছে। সম্মুখের সোফায় বসে তার দিকে দৃষ্টি জ্ঞাপন করল ইয়াজিদ। ঘুমন্ত মেয়েটার অনুজ্জ্বল বদনের রং আরও ম্লান হয়ে আছে। তার ঘুমন্ত চেহারা দেখে ইয়াজিদের মনের রোজনামচায় স্মৃতির এক পাতা খুলে গেল।

ইয়াজিদের কাছে পড়বার প্রথম দিন আজ তরুণিমার। নির্দিষ্ট করে দেওয়া সময়ে ইয়াজিদ লাইব্রেরিতে অপেক্ষাকৃত মেয়েটার জন্য। সময় ফুরিয়ে বিশ মিনিট দশ সেকেন্ড পার হলো, অথচ মেয়েটার কোনো খবরাখবর নেই। নিজের জরুরি কাজ ফেলে মেয়েটাকে নিত্যদিন পড়ানোর জন্য ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঘন্টা দেড়েক সময় দিবে বলে কথা দিল, আর মেয়েটা কি-না কাণ্ডজ্ঞানহীন! কেবলমাত্র সীরাতের অনুরোধে রাজি হয়েছে। সীরাতের কোনো কথা আজ অবধি ফেলতে পারে নি সে। যাকে হৃদয়ের পুরো রাজ্যটাই দিয়ে ফেলেছে তার একটা হুকুম শিরোধার্য। পুরো ঘন্টা দেড়েক অপেক্ষা করবে বলেই মনকে থিতু করে। এরমধ্যে হুড়মুড়িয়ে লাইব্রেরিতে ঢুকে তরুণিমা। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে তার ব্যাগটা পর্যন্ত কাঁধ ছেড়ে নিচে পড়ে গেল। নীরবতা মোড়ানো লাইব্রেরিতে সামান্য ব্যাগ পড়ার আওয়াজও সবার কানে ধরা দিল তীক্ষ্ণ হয়ে। সবার সরু দৃষ্টি নিবদ্ধ হলো ওর দিকেই। বিব্রত হলো ও। ঝুঁকে ব্যাগ তুলতে আবারও হলো এক দফা। জর্জেটের রুক্ষ ওড়নাটা চরম অবাধ্যতা করে বুক বেয়ে নেমে আসতে চাইছে বারংবার।

ইয়াজিদ চেয়ার ছেড়ে নিঃশব্দে গিয়ে বসল ওর সামনে। স্মিত হেসে ব্যাগটা তুলে হাতে দিল। সবার কান বাঁচিয়ে ফিসফিস করে বলল,

" শান্ত হও। এত নার্ভাস হচ্ছো কেন বোকা মেয়ে? রিলেক্স। "

তরুণিমা লজ্জামিশ্রিত চোখে তাকায়। ধানাইপানাই বাদ দিয়ে মিনমিন করে বলে," আ'ম স্যরি। টাইমলি পৌঁছাতে পারি নি আমি। আপনাকে আধাঘন্টা অপেক্ষা করতে হলো। আপনি নিশ্চয় ভেবেছেন মেয়েটা দায়িত্বহীন?"

" তা তো ভেবেছিই। দেরি হওয়ার পেছনে অবশ্যই উপযুক্ত কারণ আছে। তবে তোমাকে একটা কথা বলি?"

মনোহর, স্নিগ্ধ বাচনভঙ্গি ইয়াজিদের। তরুণিমার কণ্ঠ জানতে উৎসুক," কী?"

" তোমার জন্য এখন থেকে আমার জীবনের দেড় ঘন্টা বরাদ্দ। সেটা শুধুই তোমার সময়। যেদিন পড়াশোনায় তোমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সেদিন এই সময়টার মেয়াদের অবসান হবে। এখন উঠো। "

তরুণিমা উঠে গিয়ে সামনের চেয়ারে বসতে নেয়। ইয়াজিদ আটকায় ওকে,
" ওখানে বসছ কেন? "
প্রশ্নাত্মক হয় তরুণিমার দৃষ্টি, " কোথায় বসব?"
ইয়াজিদ পাশের চেয়ার টেনে দেখিয়ে বলে," এখানে বসো। পড়া বুঝাতে সুবিধা হবে আমার। "

তরুণিমা তৎক্ষনাৎ ইতস্তত চাহনি ফেলে চারদিকে। কয়েকটা দৃষ্টি ওদের দেখছে। ইয়াজিদ ওর শ্যামারঙা চোহারার হাবভাব ধরে ফেলল চট করে, " তুমি কি লজ্জা পাচ্ছ?"
" না,,মানে..."
" আমি তোমার সিনিয়র হবার পাশাপাশি আপাতদর্শনে সাময়িক সময়ের জন্য স্যারও,তাই না? লোকে কী ভাববে সেটা নিয়ে লজ্জিত হবার কিছু নেই। তুমি কি লোকের বাড়ির ভাত খাও?"
তরুণিমা নতমুখে, মুখের হাসি আপ্রাণ লুকিয়ে রাখার চেষ্টা করে বলে," না। "
" তাহলে, জলদি আসো। "

চেয়ার ধরে দাঁড়িয়ে রইল ইয়াজিদ। তরুণিমা বসতে গিয়েও একদফা সংকোচ অনুভব করতে লাগে যা ওর সমস্ত মুখে ছড়িয়েছিটিয়ে পড়ল। ফিরে গিয়ে নিজের চেয়ারে বসল সে। হাতের বা পাশে থাকা মানবীর দিকে চেয়ে ডাকল আদেশের সুরে,

" তরুণিমা! লুক এট মি। "

তরুণিমা বিচলিত চক্ষে চাইল। তার মুখ থেকে নিঃসৃত হলো দ্বিধাজড়িত ধ্বনি, " জি!"

" আমার দিকে একটু ভালো করে তাকাও। কয়েকটা কথা বলি আমি। কারণ, তোমার নার্ভাসনেস দূর করতে না পারলে তুমি কিছুই শিখতে পারবে না। "

তরুণিমা মাথা ঘুরিয়ে মুখটা ইয়াজিদের দিকে রাখল। পকেট থেকে টিস্যু বের করে ওকে নিতে ইশারা করে ইয়াজিদ। ওকে অবুঝ হয়ে হাবাগোবার মতোন চেয়ে থাকতে দেখে টিস্যুটা টেবিলের ওপর রেখে সহাস্যে বলে,

" কপালের ঘাম মুছে নাও। "

টিস্যুটা নিয়ে ঝটপট ললাটে জমা ঘামের ফোঁটা মুছতে থাকে তরুণিমা। তৎপরে বলে,

" বই খুলব?"
" না। আগে কিছু কথা বলি। তুমি আমি কি লাইব্রেরিতে প্রেম করতে এসেছি?"

নিমিষেই মেয়েটা হতচকিত হয়ে পড়ে এমন প্রশ্নে। মাথা নেড়ে "না" বুঝায়।

" তাহলে তুমি আশেপাশে এমনভাবে দেখছ যেন আমরা প্রেম করতে এসে ধরা খেয়ে যাচ্ছি। "

বরাবরের মতোন তরুণিমা মুখ নুইয়ে রেখে বলে," সরি। আমি সামান্য নার্ভাস। "

" ইট’স ওকে। বই খুলো। "

যেই সাবজেক্টে তরুণিমার গুরুতর সমস্যা সেটা দিয়েই পড়ানো আরম্ভ করে ইয়াজিদ। সূচনা থেকে কিছু অংশ বুঝিয়ে সুঝিয়ে দিয়ে কয়েক জায়গা খাতায় নোট করতে দেয়। লাইব্রেরির বইয়ের তাকে সজ্জিত বইগুলোর মধ্য থেকে একটা ইংরেজি উপন্যাসের বই নিয়ে পড়তে লাগল ওর পাশে বসে। ফাঁকে ফাঁকে তেরছাভাবে অবলোকন করতে থাকে ঠিকঠাক লিখছে কিনা মেয়েটা। ক্ষণিকের মাঝে দেখতে পেল কলম হাতে ঝিমোচ্ছে তরুণিমা। ফের চোখ টেনে মেলে লিখায় মনোনিবেশ করছে। মেয়েটা কি রাতে ঘুমোয় নি! জিজ্ঞেস করতে যেয়েও করল না সে। মনোযোগ দিল বই পড়ায়। মিনিট দশেক বাদে ফের চাইল ওর দিকে। হতভম্ব, কিম্ভূতকিমাকার হয়ে গেল অতর্কিতে। খাতার ওপর মাথা রেখে ঘুমে মগ্ন হয়ে গেছে তরুণিমা। যেন মহাকাল ধরে ঘুমোয় না সে।

ইয়াজিদ হাত বাড়াল। কপালের সাথে লেগে থাকা কলমটা সরিয়ে দিল অতীব আলগোছে, খেয়াল রাখল তার ঘুম যেন ভেঙে না যায়। জাগানোর ইচ্ছে পর্যন্ত জাগল না মনের ঘরে। অতিরিক্ত নার্ভাসনেস এর জ্বালায় বোধহয় রাতে ঘুম হয় নি ঠিকঠাক। মুচকি হেসে বসে রইল। ঘন্টার ঘরে দেড় শব্দটা পেরিয়ে গেলেও গেল না সে। এভাবে ঘুমন্ত মেয়েটাকে একলা ফেলে চলে যেতে বিবেক সায় দিল না তার। বসে বসে বই পড়তে লাগল তরুণিমা জেগে ওঠা অবধি। সেদিন ইয়াজিদের পাহাড়ায় তরুণিমা গুনে গুনে পাক্কা এক ঘন্টা ঘুমাল।

ফেলে আসা সেই প্রহরে তরুণিমার জন্য মায়ার পিদিম ছিল ইয়াজিদের মনোরাজ্যে। পিদিমের শিখাটা নিভে গেছে এক দমকা হাওয়ায়। যে মেয়েটাকে নিতান্তই সহজ-সরল ভেবেছিল সে তার কারণেই ওর জীবনের সমগ্র সুখ লুটপাট হয়ে গেছে। তার সুখ লুটপাটকারীকে সে কখনোই সুখে থাকতে দিবে না। সে শুধু অনুমানেই অবিশ্বাস করে নি,দোষারোপ করে নি তাকে। সীরাতের ডায়ারির শেষাংশ পৃষ্ঠায় লিখে যাওয়া কথাগুলো তো আর মিথ্যে নয়।

চোয়াল শক্ত হয়ে এলো ইয়াজিদের। রুম হিটারের রিমোট খুঁজে পাওয়ার কমিয়ে দিল ফটাফট। নিমিষেই এক ফালি ঠান্ডা এসে কাবু করে নিল ঘরটায়। শীতের সংস্পর্শে ঘুমের ঘোরেই আরও গুটিশুটি মে-রে যায় তরুণিমা। এটা দেখে ইয়াজিদ প্রশান্তির হাসি হাসে। এই মেয়েকে আরামসে ঘুমাতে দিবে না ও। রুমে গিয়ে ভেজা কাপড় পালটে এলো বাহিরে যাওয়ার জন্য। বের হবার আগে হিটারের রিমোটটা নিয়ে নিল সাথে। ম-রুক এবার ঠান্ডায়!

#চলবে.......
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অতীতের কিছু দৃশ্য লিখা হবে কিছু কিছু পর্বে। বাকি রইল ইয়াজিদের অসুস্থতা ও অল্পস্বল্প রহস্য! সেগুলোও গল্প এগিয়ে যাওয়ার সাথে সাথে উন্মোচন হয়ে যাবে।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন