#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১৬
" বিনিতা,আরেকটু সকাল হতেই তুই রাজশাহী ফিরে যাবি। আমার জন্য হাসপাতালে থাকার কোনো দরকার নেই তোর। "
রুক্ষ, অতিষ্ঠ শোনাল তানভীরের ভারিক্কি কণ্ঠস্বর। বিনিতা চকিতে চাইল। কাঠের তৈরি গোলাকার আসনে দেহ সোজা করে বসল। নিস্তেজ হলো তার মেয়েলি স্বরখানা,
" তুমি এত খ্যাপছ কেন? আমার কোনো তাড়া নেই যাওয়ার। "
গতকাল আলুথালু রূপে পাগলাটে ঘোড়ার মতোন কেবিনে আসে বিনিতা। তারপর থেকে সেখানেই বসত গড়ে ফেলেছে মেয়েটা। তানভীর বার কয়েক বুঝিয়ে সুঝিয়ে বলেছে বাড়িতে যেতে। চিন্তা বা হাসপাতালে বসে থাকার মতো ঘোরতর কিছুই হয় নি তার। অথচ মেয়েটা নড়ে নি। তার ওপর শিফা রাত্রিরে খোঁজ নিতে ফোন করলে একগাদা মিথ্যের পসরা সাজায় সে। আলোকের গতিতে শুধায়, রাজশাহী পৌঁছে গেছে। সে যে মাকে মিথ্যা বলে হাসপাতালে আছে সেটা তানভীর তরতর করে বুঝে যায়। তৎক্ষনাৎ বলে, মিথ্যা বলে হাসপাতালে থাকার প্রয়োজন নেই। বেশ ভালো আছে সে। কিন্তু বিনিতা মানে নি, এক সমুদ্র চিন্তা মস্তিষ্কের গভীরে ঠাঁই দিয়ে কেবিনে বসে আছে অহোরাত্র। প্রথমার্ধে তানভীর ধৈর্যের চরম সীমায় গিয়ে চুপচাপ থাকলেও, এখন আর সইতে পারছে না। কি দরকার পড়াশোনা ফেলে মিছেমিছি এখানে থাকার! মা তো আছেই। রা-গে অসংযত হয়ে পড়ল,
" আমি তোকে জিজ্ঞেস করেছি তাড়া আছে কি নেই? বলেছি চলে যেতে। চলে যাবি। আমি কি ম-রে গেছি যে খালাকে মিথ্যা বলে তুই এখানে থাকতে হবে? অসুস্থতার কথা শুনেছিস, এক পলক দেখে চলে যাবি। শেষ! "
বিনিতার অন্তঃপুরে মিহি এক যন্ত্রণা প্রভঞ্জনের সাথে মিলেমিশে বইতে থাকে। ভেজা ভেজা হয়ে ওঠে চোখের ক্রোড়। অশ্রুর ধারা থামাতে অন্যত্র চেয়ে বিমোচন করে দীর্ঘ এক নিঃশ্বাস। একটা সময় ছিল,যখন তানভীর সবথেকে বেশি মায়া দেখাত ওর প্রতি। কিন্তু সেকেন্ড, মিনিট, ঘন্টা,দিন,মাস, বছর যত গড়াল মায়ার মাত্রা দ্বিগুণ হবার বদলে ঠেকল শূন্যে এসে। বিশেষ করে, যেদিন তার ও বিনিতার বিয়ের প্রস্তাব রাখা হলো নানুর বাড়িতে। ইদের পর পর হইহই করে নানার বাড়িতে ছুটে যায় সকলে। সেথায় আস্তানা বাঁধে আনন্দের। খালু,খালা,মামা, নানু,মামী সবার উপস্থিতির মাঝে মধ্যমণি হয় তানভীর। নানাভাই তার হাত ধরে বিবাহের কথা বলেন। সেইসাথে ব্যক্ত করেন, বিনিতার সম্মতি আছে বিয়েতে। দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে কান পেতে ছিল বিনিতা ও তার মামাতো বোনেরা। লাজুক চোখে -মুখে বিনিতা অতীব প্রতীক্ষায় ছিল তানভীরের কথা শোনার অপেক্ষায়। তার লাজুক বদনকে এক মুঠো বেদনার শামিয়ানায় ঢেকে দেয় তানভীর। উচ্চশব্দে বিয়েতে প্রত্যাখ্যান করে বেড়িয়ে যায় বাড়ি হতে। ঠিক সেই মুহূর্তের পর থেকে বিনিতাকে যথেষ্ট এড়িয়ে চলে সে। কখনো সম্মুখীন হলে দুটো বাক্য বিনিময় করবে,নতুবা দ্রুত প্রস্থান। ওর ফোনকলগুলো পর্যন্ত অবজ্ঞার চাদরে মুড়িয়ে রাখা হয়।
তানভীরের নিষ্ঠুর কথার পৃষ্ঠে কিছু বলার খেই হারিয়ে ফেলল ও। টুল ছেড়ে উঠে দাঁড়াল। মাথা ঘুরাতেই চক্ষে বিঁধল কেবিনের দরজায় শিল্পী দাঁড়ানো। বোন ঝির জলে ভরা লোচন চিনতে এক ফোঁটা ভুল হলো না উনার। হতভম্ব স্বরে জানতে চাইলেন,
" কী হয়েছে? "
বিনিতা ধরা পড়তে চায় না। তানভীরর সম্মুখে কোনোদিনও কষ্টের সিকিভাগও প্রকাশ করতে চায় না ও।ঠোঁটে কৃত্রিম হাসি মেখে অনতিবিলম্বে প্রতুত্তর করে,
" কিছু হয় নি। আমি চলে যাচ্ছি। ক্লাস শুরু হয়ে গেছে, রাজশাহী ফিরতে হবে আমার। ভাইয়ার খেয়াল রেখো। "
সংশয়ের নজরে ছেলের দিক চাইলেন শিল্পী। নিশ্চিত তানভীর কিছু করেছে। নয়তো যে মেয়ে দুর্ভাবনায় ক্ষীণ স্থির হতে পারছিল না,সে হুট করে চলে যাওয়ার নয়। রাত্রিরেও খুব করে বলছিল, তানভীর ভাই সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাদের ওখানে থাকব। মা টের পাবে না, কারণ মনে করবে আমি ক্যাম্পাসের হলেই আছি। দৈবাৎ চলে যাবার কথা বলছে, ব্যাপারটা নিঃসন্দেহে ঝঞ্ঝাটযুক্ত।
" তুই গতরাতে বললি থাকবি কয়েকদিন আমাদের বাড়িতে। হঠাৎ কী হলো?"
উশখুশ করতে লাগল বিনিতা। কী বলবে ভেবে কোনো প্রকার সদুত্তর খুঁজে পেল না জবাব দেওয়ার জন্য। তানভীরই ওর মুশকিল আসান করে দিল,
" ওকে যেতে দাও,মা। ক্লাস শুরু হয়ে গেছে, এখানে থেকে পড়ালেখার ক্ষতি ছাড়া কিছু হবে না। "
" কিন্তু বাবু ও কয়েকটা দিন বেড়াত আমাদের বাড়িতে। আমার ভালো লাগত। আপাকে বললে আপা দেয় না। প্লিজ, আমার কাছে থাকুক ও দুইটা দিন। দুদিনে পড়ালেখার কোনো ক্ষতি হবে না। "
মায়ের মমতায় পরিপূর্ণ কণ্ঠ জাদুর ন্যায় কাজ করল তানভীরর চিত্তে। হেলায় ফেলে দিতে পারল না মায়ের মুখ থেকে নিঃসৃত শব্দগুলোকে। পরাজয় স্বীকার করে বলল,
" ঠিক আছে। রাখো ওকে। বাট হসপিটাল থেকে চলে যেতে বলো,প্লিজ। "
দৃঢ়, অনাদরের ভাষা শুনে শিল্পীর চেহারায় আঁধার ঘনিয়ে এসেছে, না জানি কেমন হালচাল হলো বিনিতার অভ্যন্তরে! সে ত্রস্ত পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেছে। সে যেতেই তানভীর অস্থির হয়ে প্রশ্ন করল,
" তরুণিমাকে পেয়েছ? ওই জানো-য়ারটার হাত থেকে ওকে ছাড়িয়ে এনেছে, বাবা?"
তরুণিমার নামটা শ্রবণ গ্রন্থিতে পৌঁছাতেই রেগে গেলেন শিল্পী। বললেন,
" ওই মেয়েকে আনার কী দরকার? তুই বললি,ওর বিয়ে হয়ে গেছে। ওর হাসবেন্ডের সাথে ও থাকবে। আমাদের তাকে আনার কোনো দরকার নেই। তুই গু-লি খেয়েছিস ওই মেয়েটার জন্য, ভুলে যাস না। ওর এখন বিয়ে হয়ে গেছে, আমাদের সাথে ওর কোনো লেনাদেনা নেই। "
মায়ের কথা শুনে আর্তনাদ করে ওঠে তানভীর, " মা! তুমি এসব কী বলছ? তরুণিমা আমাকে বাঁচাতে গিয়েই জানোয়া*রটার কাছে গিয়েছে। ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমার জন্য ওকে সমাজের সামনেও অপমানের শিকার হতে হয়েছে। জানো**য়ারটা,ওকে ভালো থাকতে দিবে না। আবসার আংকেল আমাদের ভরসায় রেখে গেছে তরুণিমাকে। ওর দায়িত্ব থেকে মুখ ফেরাতে পারি না আমরা। "
" ওর জন্য যতটুকু দায়িত্ব ছিল,সবই রেখেছি,আশ্রয় দিয়েছি। আর কীসের দায়িত্ব আমাদের? "
তানভীর নির্ভেজাল কণ্ঠে বলল," ওর সুখের দায়িত্ব। আমরা তাকে আশ্রয় দিতে পেরেছি, সুখ দিতে পারি নি,ভালো রাখতে পারি নি। আমি এখন এসব দিতে চাই। "
সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন শিল্পী, " কী বলতে চাইছিস?"
" আমি তরুণিমাকে পছন্দ করি,মা। "
ছেলের সোজাসাপটা উত্তর শুনে শিল্পীর সারা দেহ জুড়ে তরঙ্গ খেল গেল। কণ্ঠ কম্পনরত," কী বলছিস,তুই? মাথা খারাপ হয়ে গেছে? তুই কদিন আগেও তাকে অপছন্দ করতি৷ এখন এসব বলছিস কেন? ও তোর জীবন বাঁচিয়েছে বলে সেই ঋণ শোধ করতে এমন বলছিস, তাই না?"
তানভীর পিঠ বালিশে ঠেকাল। মাকে কাছে ডেকে মায়ের দু হাত প্রশস্ত করপুটে বন্দি করে নরম গলায় বলল,
" ক'দিন আগেও আমি তরুকে ভালোবাসতাম না। ভালোবাসা ব্যাপারটা যে ক্ষণিকে হয়ে যায় সেটা জানলাম ওর সাথে পাহাড়ে গিয়ে। আমার আফসোস হচ্ছে, কেন কয়েক বছর আগে আমি তাকে ভালোবাসলাম না! তবে এখন আর আফসোসে না থেকে, ওকে আমি চাই মা। আমার এখন ওকেই লাগবে। "
ছেলের মুঠো থেকে অচিরেই হাত ছাড়িয়ে নিলেন শিল্পী। অবিশ্বাস্য স্বরে বললেন,
" তোর মাথা ঠিক নেই, কীসব আবোলতাবোল বকছিস বাবু! ওর বিয়ে হয়ে গেছে। "
" ওই বিয়ে ওর সম্মতিতে হয় নি। জোর করে হয়েছে। আমি ওই অন্ধকার থেকে মুক্ত করে আনব তরুকে। "
মিনিট একও কেবিনে স্থির হলেন না শিল্পী। পুরোপুরি হতবাক, বিস্মিত হয়ে আছেন৷ কেবিনের সামনের বেঞ্চিতে বিনিতা বসে আছে এখনও। হয়তো তারই অপেক্ষায় ছিল। না,ওকে ভিতরকার উচাটন বুঝতে দেওয়া যাবে না৷ তানভীর তরুণিমাকে পছন্দ করে এই বিষয়খানি জানতে দেওয়া যাবে না কখনো। মেয়েটা যে তার ছেলেটাকে কত ভালোবাসেন তিনি হাড়েমজ্জায় টের পেয়েছেন বছর কয়েক পূর্বেই। হতাশা মিশ্রিত নিঃশ্বাস বিলি করে বোন ঝির পাশে গিয়ে বসলেন।
বিনিতা তার দিকে চেয়ে নিরুদ্যম হয়ে পড়া কণ্ঠে বলে, " আমার ভীষণ কষ্ট হচ্ছে,খালামণি৷ ভীষণ কষ্ট হচ্ছে। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাঁচতে ইচ্ছে করছে না। এত দমবন্ধ লাগছে কেন!"
যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে ওর গলা। দুই চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে উপচে পড়ছে জল। শিল্পীর বুক মোচড় দিয়ে উঠল। বুকে নিয়ে জড়িয়ে ধরল তাকে। ভীত কণ্ঠে বললেন,
" কাঁদছিস কেন,বোকা মেয়ে?"
" যার ভালোবাসা পাওয়ার জন্য কিশোরী বয়স থেকে যৌবনের এই বয়স পর্যন্ত অপেক্ষা,সে আমাকে কখনোই ভালোবাসবে না। কখনোই না৷ "
খালার কাঁধে অস্পষ্ট স্বরে, মিনমিন করে বলতে লাগল বিনিতা। শিল্পী কুণ্ঠিত হলেন," এমন বলছিস কেন? তানভীর একদিন ঠিকই তোর ভালোবাসা বুঝবে,মা। "
চোখের জল হাতের উপরিভাগে মোছার বৃথা চেষ্টায় মত্ত হয় বিনিতা। বিষাদের সুরে ভেসে গিয়ে ফিসফিস করে বলে,
" উনি আমায় আর ভালোবাসবে না,খালামণি। কখনোই বাসবে না। আমার ভালোবাসা এখন অন্য কাউকে ভালোবাসে। "
শিল্পীর বুকের জমিনে আতঙ্কের বীজ থেকে চারা গজাল। বললেন," কাকে ভালোবাসে?"
খালার বুকের পিঞ্জর হতে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে বিনিতা। জবাব দিতে গিয়ে তার অন্তর পুড়ে খাক হয়ে যাবার উপক্রম। ব্যাপক কষ্টেসৃষ্টে বলে,
" তরুণিমা আপুকে ভালোবাসে, ভাইয়া। কেবিনে আমার পার্স রয়ে গিয়েছিল। সেটা আনতে দরজা ঠেলে ভিতরে ঢুকতে নিয়ে তোমাদের কথোপকথন শুনে ভিতরে যাওয়ার সাহস হয় নি আর। পা দুটো চালিয়ে বাহিরে চলে যাওয়ার শক্তিটুকুও পাচ্ছি না। "
তৎপরে শিল্পীর হাত ধরে বলল আর্তরব করে ," চারদিক অনেক অন্ধকার লাগছে,খালামণি। আমি শ্বাস নিতে পারছি না। "
" তুই বিশ্বাস কেন হারাচ্ছিস, বিনু? তোর ভালোবাসা একদিন তানভীরকে ভালোবাসতে বাধ্য করবে দেখে নিস। ও ঠিক তোর ভালোবাসা বুঝবে। "
বিনিতা কোমল অধরে কাষ্ঠ হাসি আগলে নিয়ে বলে," শূন্য ঘরে ভালোবাসা বিলানোর জন্য দরজাটা সবসময় খোলা থাকে। কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ঘরের জানালা, দরজা সবই বন্ধ হয়ে যায়। কোনোদিক দিয়েও ফাঁকফোকর থাকে না একটুখানি ভালোবাসা ঢোকার। তানভীর ভাইয়ার মনের ঘরটাও এখন তরুণিমা আপুর জন্য ভালোবাসায় পূর্ণ। আমি শূন্য ঘরটাই ভালোবাসা দিয়ে কব্জা করতে পারি নি, আর পূর্ণ ঘরটা আমার জন্য ধরাছোঁয়ার বাইরে। "
বিনিতার যৌক্তিক শব্দের বুননে চুপসে গেলেন শিল্পী। সত্যিই তো, ভালোবাসায় ভরা ঘরের বাসিন্দার আর ভালোবাসা রাখার জায়গা কই! ছেলেকে কী করে বুঝাবেন তিনি, বিনিতার ভালোবাসায় কোনো খুঁত নেই! কেন তাকে ভালোবাসল না তানভীর!
________________________________
নিশীথে অতিরিক্ত ঠান্ডার দরুন তরুণিমার দুর্বল গতরে জ্বর জ্বর ভাব মিশে আছে। রাতে তন্নতন্ন করে খুঁজেও হিটারের রিমোট পায় নি সে। সাথে মিলে নি ইয়াজিদেরও খোঁজ। হিটারের পাওয়ার কমানোর কাজ যে ইয়াজিদ দ্বারা সম্পন্ন হয়েছে সেটা বুঝতে অতিরিক্ত বেগ পোহাতে হলো না। প্রাতঃকালে ওঠে সিদ্ধান্ত নিল আজ থেকে অফিসে জয়েন করবে। রাতে সাব্বিরের আনা ড্রেস পরে ঘর থেকে বেরিয়ে এলো অফিসে যাওয়ার নিমিত্তে। চতুর্দিকে চোখ বুলিয়ে কোথাও ইয়াজিদের দেখা মিলল না। গেল কোথায় সাইকোটা! গেইটে এসে দেখে কালোর অবতারে একগাদা বডিগার্ড হাজির। বাধা তৈরি করে কর্কশ স্বরে বলল,
" আপনি বাহিরে যেতে পারবেন না,ম্যাম। "
তরুণিমা অবাক নয়নে চেয়ে বলে," কেন যেতে পারব না? আপনারা আমাকে বাধা দেওয়ার কে?"
" স্যার আমাদের বলে গিয়েছে আপনি বাহিরে যেতে পারবেন না। "
রাগান্বিত স্বরে গলা উঁচু করে তরুণিমা," আপনাদের সাইকো স্যার কই? সে আমাকে আটকানোর কে? কই সে? আমি এসব পাগল-ছাগলের তোয়াক্কা করি না। যেতে দেন আমাকে। নয়তো আমি আমার নিয়মে গেলে আপনাদের অবস্থা খারাপ হবে। "
একজন বডিগার্ড বলল," স্যার শ্যুটিংয়ের কাজে ঢাকার বাহিরে গিয়েছে। বিকেলে ফিরবে। আপনি বাহিরে যেতে চাইলে আমরা নিয়ে যাব। কোথায় যাবেন? "
" আপনারা কেন যাবেন? আমি অফিসে যাব,একা যাব। "
" একা হলে যেতে পারবেন না। সিদ্ধান্ত এবার আপনার। "
তরুণিমা তর্কে জড়িয়ে সময় নষ্ট করতে চায় না। সেহেতু, বলল," ঠিক আছে চলেন। "
একজন দৌড়ে গিয়ে গাড়ির বের করল। দরজা খুলে দিয়ে নিবেদন করল অতিরিক্ত নম্র ভাষা, " গাড়িতে উঠুন, ম্যাম। "
তরুণিমা অসম্মতি জানাল," আমি এই গাড়িতে যাব না। "
" না গেলে ভিতরে চলুন। কারণ, এদিকে কোনো যানবাহন আসে না।"
জনশূন্য পথে মানবের উপস্থিতিই অভাবনীয়, সেখানে যানবাহনের সন্ধান মেলা খড়ের গাদায় সুই খোঁজার ন্যায়। নিরুপায় হয়ে গাড়িতে ওঠে বসল। মূল উদ্দেশ্য হলো, জয়ন্তীকার সাথে সাক্ষাৎ। সে ঠিক আছে কি-না জানতে হবে। কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না ও।
অফিসে এসে কিম্ভূতকিমাকার হয়ে পড়ে সে। অফিসের ম্যানেজার স্পষ্ট করে জানিয়ে দেয়, তাকে,জয়ন্তীকা ও কাইফকে চাকরিচ্যুত করা হয়েছে। কারণ জিজ্ঞেস করলে বলতে নারাজ হয় ম্যানেজার। কঠিন গলায় চলে যেতে বলে অফিস থেকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে জয়ন্তীকার বাসায় আসে ও। দুয়ারে বড়োসড়ো তালা ঝুলতে দেখে আরেকদফা বিস্মিত হয় তরুণিমা। আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারল না। সন্দেহের তীর গিয়ে গাঁথল সোজা ইয়াজিদের ওপর। সারা সকাল,দুপুর, বিকেল,সন্ধ্যা জয়ন্তীকাকে হন্ন হয়ে খুঁজে ও। কাইফের মেসেও যায়। তারও কোনো সন্ধান মিলে নি। হুট করে চাকরি চলে যাওয়া,মানুষগুলো গায়েব হয়ে হওয়া যাওয়া সব মিলেঝুলে কু ডাকছে ওর মনে। রাগে- ক্ষোভে,আক্রোশে লিপ্ত হয়ে ফিরে আসে বাড়িতে।
সন্ধ্যা ফুরিয়ে মেদিনীতে কদম ফেলেছে অমানিশা। মুহূর্তেই গিলে নিয়েছে প্রকৃতিতে। উপবনের এক ধার থেকে ভায়োলিনের মিষ্টি সুর বশীকরণের মন্ত্র শোনাচ্ছে। রাগে টইটম্বুর তরুণিমাকে বশে আনতে অসফল হয়ে পড়ে সেই সুর। সুরকে অনুসরণ করে ক্ষিপ্র বেগে যেতে লাগল সেদিকে। চেয়ারে বসে চোখ বন্ধ করে ভায়োলিন বাজাচ্ছে ইয়াজিদ। অত্যন্ত সন্নিকটে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরল তরুণিমা সর্ব শক্তি দিয়ে। থেমে গেল ভায়োলিনের সুর। চোখ মেলল সে। চোখের তারায় ফোটল ক্রোধ।
তরুণিমা পরোয়া করল না। তার অত্যধিক সন্নিকটে গিয়ে নত হয়ে কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল," জয়ন্তীকা আপু কোথায়? কী করেছেন তার ও তার ছেলের সাথে? "
ইয়াজিদ জবাব না দিয়ে ভ্রু নাচিয়ে বলল," এত কাছে এসেছ কেন? শুধু কোলে উঠা বাকি। আমার কোলে বসার ইচ্ছে হয়েছে? কোলে বসবে আমার?"
মাথায় আকাশ ভেঙে পড়ল তরুণিমার। এরকম অবস্থায় কেউ ঠাট্টা কীভাবে করতে পারে! রাগের বশে কলার ঝাঁকুনি দিয়ে আরও কাছে টেনে নিল ইয়াজিদকে৷ কিড়মিড়িয়ে বলল,
" ফালতু বকবেন না। কী করেছেন জয়ন্তীকা আপুর সাথে?"
ঠোঁটের কোণে সুপ্ত হাসি এঁকে ওর গলার কাছে মুখ নিয়ে গেল ইয়াজিদ। সারা অঙ্গ শিরশির করে উঠল ওর। গলার কাছ থেকে মুখ কিঞ্চিৎ উপরে তুলে কানের কাছে রাখল স্পর্শ বিহীন। নিস্পৃহ ভঙ্গিতে বলল,
" মিথ্যা বলার শাস্তি দিয়েছি। "
তরুণিমার বুক ধড়ফড় করে উঠল। বেখেয়ালে ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাওয়ার দরুন তার নরম গালে লাগল খড়খড়ে গালের গভীর ছোঁয়া, নিমিষেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শুধু গালই নয়, গাল ছুঁয়ে তার ওষ্ঠদ্বয় অবলীলায় মিশল সিগারেটে ঈষৎ পোড়া অমসৃণ ওষ্ঠে। থমকে গেল চার ঠোঁট, ছুঁয়ে আছে একে অপরকে অতি সন্তর্পণে। অধরের অপ্রত্যাশিত মিলনে বিদ্যুৎস্পৃষ্ট হলো মানব-মানবী দুজনেই।
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব দুদিন পর।)