ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 17

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকাঃ আসরিফা সুলতানা জেবা
#পর্ব____১৭ ( অর্ধাংশ)

বেলাভূমিতে ঝিরঝিরে হাওয়া প্রবাহমান। পবনে শৈত্যের দুর্দান্ত আধিপত্য। মাঘের আবসানের রাত্রি ভয়ানক হিমময়। দীর্ঘকায় বিটপীর পাতা, কাণ্ডের ফাঁকফোকর লুণ্ঠন করে মৃদুমন্দ ময়ূখ দ্যুতি বিলি করার ফায়দা পেল সুধাকর। জমিনের বুকে অন্তরঙ্গে হালে অত্যন্ত শিথিলভাবে একে অন্যের ওষ্ঠে ডোবা নর-নারীর শরীরের অন্দর জুড়ে অসহনীয় উষ্ণতা। তাদের বুকের ভেতরের স্পন্দন সৃষ্ট করা হৃদযন্ত্রের সাময়িক সেকেন্ডের জন্যে মিলেছে ফুরসত। বিশালাকার চাউনির চোখ যুগল নিবিষ্ট একে-অপরের মুখচ্ছবিতে। চোখের তারায় অবাধে খেলা করছে বিস্ময়। অধরের দৈবাৎ সন্ধিতে মস্তিষ্কের ও দেহের জ্ঞান, তাল হারিয়ে দুজনে প্রায় স্তম্ভিত,অচল। হরমোনের প্রভাবে শিহরন জাগছে শরীরের প্রতিটি লোমকূপে। মনের ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে শারীরিক চাহিদা হতে চাইছে জয়ী। চুম্বকের মতো আকর্ষণ করছে দুটি দেহ একে অপরকে।

তরুণিমার অবাধ্য মন বলছে এটি স্বপ্ন। শয়নে-জাগরণে দেখা একটি কল্পনা। মর্ত্যধামের, তার নিজস্ব ভুবনের সবথেকে ঘৃণিত পুরুষের ঠোঁটে নিজের ঠোঁটের মিলন স্বপ্ন ব্যতীত আর কী হতে পারে! তার আপনমনে বানানো ভাবনাকে তুচ্ছতাচ্ছিল্য করে এক জোড়া তপ্ত দৃষ্টি তাকে অনিমন্ত্রিত শ্রাবণ ধারার শহরতলিতে নেমে আসার মতো টেনেহিঁচড়ে বাস্তবে এনে ফেলল। প্রশস্ত বক্ষদেশ থেকে ছুঁড়ে
মা"রল মাটিতে। ছিটকে পড়ল তরুণিমা ঘাসের বুকে। কব্জিতে চেপে ধরে ছুঁড়ে মা-রায় হাতের ব্যথায় মুষড়ে পড়ল সে। গত রাতেও এই হাতটায় ব্যথা পেয়েছিল। যন্ত্রণার কাছে কাবু হয়ে তার মলিন চেহারার রং বদলাল। বদন হলো অত্যধিক পাণ্ডুর, নিষ্প্রভ। বেদনাকে ছাপিয়ে লজ্জা এসে ভিড়ল তার মনের বন্দরে। ইয়াজিদের ঠোঁটে ঠোঁট সে ছুঁয়েছে। হোক ভুলবশত, কিন্তু কাজটা তারই দ্বারা সম্পন্ন হয়েছে। জীবনের প্রথম ওষ্ঠ ছোঁয়া ভালোবাসার মানুষকেই দেওয়ার জল্পনা-কল্পনা করেছিল সে ভার্সিটিতে পড়াকালীন। হরহামেশাই স্বপনে ভালোবাসার পুরুষকে কল্পনা করে তার স্বল্প কোমল ঠোঁটে এঁকে দিত ওষ্ঠপুটের পরশ। বেহায়া,নির্লজ্জ হয়ে তরুণিমা অগোচরে, নিভৃতে উম্মাদের মতো কামনা করত তার হৃদয় দখল করে থাকা অধিপতির চওড়া বুকে, ঠোঁটে, কপালে তারই যেন স্পর্শ লেপ্টে থাকে। আজ এই শীতের রাতে, খোলা অম্বরের নিচে তার চাওয়া পূর্ণতা খুঁজে পেল। প্রথমবার অধরের সন্ধি হলো বহু আকাঙ্ক্ষিত পুরুষের সঙ্গেই। কিন্তু চাওয়াটা বর্তমানে বেঁচে নেই। এই চাহিদা সে তার ভালোবাসার সমাধি দেওয়ার সাথে সাথে বিনাশের উত্তাপে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। এখন দু ঠোঁটের মিলন শরীরে কাটা বিঁধার যন্ত্রণা বয়ে এনে দিল।

সোজা হয়ে বসে লজ্জায় বশীভূত তরুণিমা চোখের কোণা দিয়ে দেখল ইয়াজিদকে। শরমে কুঁকড়ে যাচ্ছে সে নিজের করা কাজে। চোখে বিঁধল, ইয়াজিদ থম মেরে দাঁড়িয়ে আছে৷ তার শুভ্র মেঘের মতো ধবধবে ফর্সা চেহারায় এক মুঠো লালের আস্তরণ জমেছে। রাগের চোটে মুষ্টিবদ্ধ হয়ে আছে বলিষ্ঠ দু হাত। তার দিকে ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে চলে গেল ঘরের ভেতর সে। ভায়োলিনটা তরুণিমার মতো করেই জমিনে পড়ে রইল চরম অবহেলায়।

নিজের প্রতি ধিক্কার অনুভব করতে লাগল তরুণিমা। কীভাবে যাবে সে ইয়াজিদের সামনে! ইয়াজিদ তাকে এমনিতেই ছাড় দেয় না, তার ওপর লোকটাকে দিনরাত "ঘৃণা করি" বুলি আওড়ে দুর্ঘটনার হেতু চুমু খেয়ে ফেলার বিষয়টা জঘন্য। ঘাসের ওপর থেকে ওড়না নিয়ে গলায় পেঁচিয়ে উঠে দাঁড়াল ও।

ইয়াজিদ শার্টের বোতাম খুলতে খুলতে রুমে ঢুকল দ্রুত গতিতে। সম্পূর্ণ বোতাম মুক্ত করে দিয়ে শার্টটা ছুঁড়ে ফেলল মেঝেতে। সমগ্র শরীরে উষ্ণতা। শীতের মাঝেও আচমকা প্রচণ্ড গরমে শ্বাস ভারী হয়ে উঠেছে তার। গোসলখানায় ঢুকে আয়নার সম্মুখে দাঁড়াল বেসিনে ভর দিয়ে। কপালের রগ দপদপ করছে। হৃদযন্ত্র চলছে থেমে থেমে। তার ঠোঁটে কোনোদিন কোনো নারী ঠোঁটের স্পর্শ লাগে নি। একটু আগে ঘটা অপ্রত্যাশিত চুম্বনই তার জীবনের প্রথম চুম্বন। ঘৃণা করা মেয়েটার সাথে চুম্বনের মতো ব্যাপারখান ঘটে যাবে ভাবে নি কখনো। মেয়েটাকে ছুঁলেই তো ঘৃণায় চোয়াল শক্ত হয়ে উঠে,হাতটাকে দূষিত মনে হয়। ওষ্ঠপুটে ক্রমাগত পানি দিতে লাগল সে। তরুণিমার ছোঁয়া রাখবে না তার ঠোঁটে। সীরাত তাকে একটিবার অধরে ছোঁয়ার আবদার করেছিল পাগলের মতোন। কিন্তু ইয়াজিদ ফিরিয়ে দিয়েছে বার বার। কোনোদিন সীরাতের শরীরের কোনো অঙ্গে ঠোঁট ছোঁয়ায় নি সে। সীরাতের অপরিমিত মিনতিতে বার কয়েক চুমু খেতে গিয়েও পিছিয়ে যায় ইয়াজিদ। ঠিক কী কারণে চেয়েও সীরাতকে চুমু খেতে গিয়ে মুখ পিছিয়ে আনত সেটা সম্পর্কে অজানা সে। রাগ-অভিমানে চেহারা মলিন ভাব এনে চলে যেত মেয়েটা তার প্রত্যাখানে। তবুও ইয়াজিদ কিছুতেই মেয়েটার আবদার পূরণ করতে পারত না। সে তো ভালোবাসত সীরাতকে,তাহলে কেন অতি সাধারণ একটি স্পর্শ দিতে পারত না!

ইয়াজিদের খু-ন করে ফেলতে ইচ্ছে করছে তরুণিমাকে। একমাত্র সীরাতই পৃথিবীতে তাকে শান্ত রাখতে পারত। বয়সের পার্থক্য খুব একটা ছিল না ওদের। তফাত ছিল বছর তিনেকের। মানসিকভাবে অসুস্থ হওয়ায় ইয়াজিদকে আত্মীয়-স্বজন, স্কুলের সহপাঠী প্রায় সবাই এড়িয়ে চলত ভয়ে। সে নিজেও এড়িয়ে চলত মানুষজনকে। কারো সাথে মিশতে পারত না।।একটি বন্ধুও বানাতে পারে নি জীবনে৷ তার একমাত্র বন্ধু ও সঙ্গী ছিল সীরাত। কেবল সীরাতই নির্ভয়ে গুটি গুটি পায়ে এসেছিল তার কাছে। তার অসুস্থতাকে সহ্য করেছে হাসিমুখে। সেই মেয়েটাকে একটিমাত্র স্পর্শ দিতে এত দ্বিধায় কেন ভুগত ইয়াজিদ! মাথায় সুচ ফোটানোর যন্ত্রণা অনুভব করতে লাগল সে। ছোট ছোট চুল খামচে ধরে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করতে লাগল। অতিরিক্ত ভাবনা তার মস্তিষ্ক অচল করে দেয়। অসহ্য ব্যথা কব্জা করে ফেলে পুরো মগজ। মাথা চেপে চিৎকারে ফেটে পড়ে সে।

রূহ কেঁপে উঠে তরুণিমার চিৎকারের আকস্মিক শব্দে। এক লহমায় চিনে ফেলল সে চিৎকার করা মানুষটাকে। গভীর আর্তনাদ মেশানো চিৎকারটা তার পরিচিত। অতীব পরিচিত। কেটে যাওয়া রাত্রিরেই শুনেছিল এই পীড়াদায়ক নাদ। হুটহাট এরকম আর্তনাদ কেন করে ইয়াজিদ? যখনই সে রেগে উঠে তখনই কি তার মাথায় ব্যথা হয়? নাকি অন্য কোনো কারণে? দৃঢ় পায়ে ঘরে এসে সোফায় বসল। ইয়াজিদের কক্ষে যাওয়ার সাহস জোগাড় করতে ব্যর্থ হলো। যেচে ফাঁদে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই৷ মৃদু গলায় নিজেকেই বুঝ দিল," পাগল পাগলের কার্যকলাপ চালিয়ে যাক,আমার কী? শুধু আমার সাথে অন্যায়গুলো করলেই আমি তাকে ছাড় দেব না। "

জয়ন্তীকা,কাইফ সম্পর্কে জানতে হবে। ইয়াজিদের বাহিরে আসার অপেক্ষায় তার সরল চাহনি কক্ষের দুয়ারের দিকে নিবিষ্ট। ঘন্টা পার হয়ে গেলেও দেখা মিলল না কাঙ্ক্ষিত সেই পুরুষের। মেঘের নিনাদের মতো চিৎকার বিলীন হয়ে গেছে বহু আগেই। একবার উঠে দাঁড়াল তরুণিমা ইয়াজিদের কক্ষে যাওয়ার জন্য। পরক্ষনেই দুর্দমনীয় পা দুটিকে থামিয়ে ধপ করে বসে পড়ল। ঘাড়ে টের পেল যাতনা। সোফায় হেলিয়ে দিল ঘাড়টা। দুর্বল শরীরকে স্বস্তি দিতে ক্লান্ত চোখে নেমে এলো ঘুম। ঘুমের প্রকোপে বন্ধ হওয়ার পথে নেত্রপল্লব। আবছা নেত্রে দেখতে পেল ইয়াজিদ বেরিয়ে যাচ্ছে। এলোমেলো, টালমাটাল পায়ে ঝড়ের বেগে কাছে গেল সে। হাঁক ছাড়ল,

" শুনুন। "

থমকাল ইয়াজিদ। চাইল তির্যক চোখে। দৃষ্টিতে নড়চড় নেই। তরুণিমা চোখ ফিরিয়ে নিল। ঘটে যাওয়ার বিব্রতকর ঘটনার দরুন ইয়াজিদের মুখোমুখি হওয়াটা তার কাছে কঠিন। বুকটা কেমন ধড়ফড় করছে। গলায় শুকিয়ে আসছে শরমের দাপটে। পদ্মচোখ জোড়া অন্যত্র সরাল। গলায় ঝাঁঝ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করল,
" জয়ন্তীকা আপু ও কাইফ ভাইকে ছেড়ে দেন। "
ইয়াজিদ ঘাড়ে এক হাত ঢলতে লাগল। ভ্রু উঁচিয়ে বলল," তুমি কি আমায় হুকুম করছো? তুমি আমাকে হুকুম করার সাহস কোথায় পাও?"
তরুণিমা দৃষ্টি বাঁচিয়েই ত্যাড়া জবাব দিল," হ্যাঁ, হুকুম করছি। আপনি উনাদের আটক রাখার কে? থানায় যাব আমি। "
" কোথায় যাবে? কার কাছে যাবে?"
" থানায়, পুলিশের কাছে। "
" তোমার কোনো চাচা,মামা পুলিশে আছে? নয়তো কোনো পুলিশই তোমার সাহায্য করবে না। কারণ, আমি করতে দেব না। একদম সবকটাকে কে-টে ভাসিয়ে দিব। আমাকে শাস্তি দেওয়ার মানুষ এই দুনিয়ায় নেই। "

তরুণিমা দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলল। ক্রমে নিরুপায় হয়ে পড়ছে সে এই পাষণ্ড মানবের সম্মুখে। লজ্জাবনত চক্ষুজোড়া রাখল রাখল ধারালো চেহারায়। সামান্য তেজ ফুটিয়ে তুলল চোখ দুটিতে। কর্ণধারে হুড়মুড়িয়ে এলো বেসামাল কণ্ঠস্বর,

" এতক্ষণ অন্যদিকে তাকিয়ে ছিলে কেন? আমাকে ফেইস করতে লজ্জা পাচ্ছিলে? চুমু খাওয়ার কারণে?"

" আমি আপনাকে চুমু খাই নি৷ ওটা এক্সিডেন্টালি হয়েছে। আপনাকে কোন দুঃখে চুমু খেতে যাবে মানুষ ? "

ইয়াজিদ একগাল হেসে বলল," আমাকে চুমু খাওয়া দুঃখ নয়,বরং সৌভাগ্য। নায়িকারা পাগল হয়ে থাকে আমার একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তুমি সুযোগটা পেয়ে আমাকে চুমুটা খেয়ে ফেললে। "

তরুণিমার দমল না, হাল ছাড়ল না। ফুলের পাপড়ির মতো নরম ওষ্ঠ দুইয়ের বিচ্ছেদ ঘটাল,

" যারা আপনাকে চুমু খেতে চায় তারা হলো পেত্নী। আর আমি আপনাকে চুমু খাব? ইয়াক! আপনার ঠোঁট আমার কাছে নর্দমার মতো। নর্দমায় আমি মুখে দিতে যাব কেন? আমার তো বমি আসছে। "

" চুমু খেয়েই বমি আসছে? আমি শিওর, আমি নিজ থেকে ছুঁলে ডজন খানেক বাচ্চার মা হয়ে যাবে। কিন্তু তোমার মতো মেয়ের প্রতি ইহকালে আমার কোনো অনুভূতি জন্মাবে না, শরীরের চাহিদাও না। "

দুই হাত পেছনে নিয়ে তরুণিমার দিকে ঝুঁকে কথাগুলো বলল ইয়াজিদ। তরুণিমা স্মিত হাসে। বলে," আপনার ছোঁয়া আমি কখনোই কামনা করি না। বিষ যেমন মানুষের জন্য নিষিদ্ধ, আমার জন্যও আপনি নিষিদ্ধ। আপনি জয়ন্তীকা আপুদের কেন আটকে রেখেছেন? দোষ আমি করেছি,আমাকে শাস্তি দিন। "

ইয়াজিদ শীতল গলায় বলল, " তোমাকে কাঁদাতে। এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি সুখ দেয় তোমার চোখের জল। তুমি কাঁদলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যায়, আনন্দ পাই আমি। "

নিষ্প্রভ স্বর তরুণিমার," তাহলে আমাকে কষ্ট দিয়ে সেই আনন্দ নিন। "

" নো। তোমাকে আঘাত করলে তুমি কাঁদো না। কিন্তু কাছের জনদের আঘাতে তোমার চোখের জল থেমে থাকে না। আমার জীবনের লক্ষ্য শুধু তোমাকে কাঁদানো,তোমাকে কষ্ট দেওয়া। সেটার জন্য আমি যেকোনো কাজ করতে পারি। কাউকে মা-রতেও পারি। "

তরুণিমা আঁতকে উঠল। একটা ভয় এসে তার বুকে ভর করে বসল।
" কী করলে আপনি উনাদের ছেড়ে দিবেন?"
ইয়াজিদ দ্রুত গলায় বলল," বাহ! তুমি খুব জলদিই আমায় বুঝে গেলে। ওয়েট। "
মোবাইল বের করে একজনকে কল করল সে। দশ মিনিটের মাথায় একজন বডিগার্ড এসে একটা কাগজ ও কলম দিয়ে গেল। সেগুলো তরুণিমার সামনে রাখল ইয়াজিদ।

" এটায় সাইন করলে ছেড়ে দিব। "
" কী এটা?"
সন্দিগ্ধ গলা তরুণিমার।
" পড়ে দেখো। "
কাগজটা হাতে নিল ও ইয়াজিদের কথায়।

আজ থেকে ইয়াজিদের সবকথা মানতে হবে কোনো প্রশ্ন করা ছাড়া। না মানলে তার পরিপ্রেক্ষিতে কঠোর শাস্তি পাবে সে। ইয়াজিদের এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে শ্যুটিং সেটে। বাহিরের কাউকে কোনোদিন বলতে পারবে না সে ইয়াজিদের বউ।

এতটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু শেষোক্ত শর্ত পড়ে বুক কেঁপে উঠল তরুণিমার। চেঁচিয়ে বলল,

" আমি যা করি নি তা কেন স্বীকার করব? সীরাতকে আমি মা-রি নি, তার মৃ-ত্যুর দায় কেন আমি নিব? "

ঠান্ডা স্বরে বলল ইয়াজিদ, " তুমিই মে-রেছ। তোমার প্ল্যান ছিল ওকে আমার জীবন থেকে সরানোর। তুমি যদি এসব শর্ত মেনে না নাও তাহলে আমি ওদের মে-রে ফেলব। "

যা করেনি সেটা মেনে নিতে পারবে না তরুণিমা। তবুও মানতে হবে। নয়তো তার কারণে ম-রতে হবে অন্যদের। সে কেন ইয়াজিদের মতো করে মে-রে ফেলার হুমকি দিতে পারে না? এভাবে আর কত তার সাথে অবিচার করবে হৃদয়হীন লোকটা!

" আমি আগে উনাদের দেখব তারপর সাইন করব। আপনার সব শর্ত মানব। আমাকে আগে উনাদের কাছে নিয়ে চলুন। "

" ওকে,লেটস গো মাই এনেমি। "

ইয়াজিদ দু পকেটে হাত রেখে সামনে আগাতে লাগল। পেছন পেছন হাঁটতে লাগল তরুণিমা। বাড়ির পাশের জঙ্গলের গহনে ডুবে যাচ্ছে দুজনে। বাড়ির আলো এদিক পর্যন্ত আসছে না। ইয়াজিদ আঁধারে হেঁটেই এগিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। যেন পথঘাট তার মুখস্থ-তটস্থ।
মাটিতে পড়ে থাকা গাছের ডালে পা ভেজিয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নেয় তরুণিমা। এক মুঠো রশ্মি এসে ধরা দেয় ওর চোখে। জঙ্গলের ভিতরে ঠিক ওই বাড়িটার মতো আরেকটা বাড়ি। তার সামনে চারজন গার্ড পাহাড়ায়। ইয়াজিদকে দেখে এগিয়ে এলো ওরা। দরজা খুলে দিল একজন। তরুণিমা আতঙ্কগ্রস্ত, হতভম্ব। ইয়াজিদ ঘাড় ঘুরিয়ে তাকাল ওর দিকে। হিম হওয়া কণ্ঠে বলল,
" আমার আঁধার নিবাসে তোমাকে স্বাগতম আমার অপ্রিয় বউ। "

তরুণিমা নিরুত্তর রইল। তার গা ছমছম করছে। ঝিমধরা একটা আওয়াজ ঘুরপাক খাচ্ছে চারিধারে। সে নিঃশব্দে ঘরে ঢুকল। ঢুকতেই ভ্যাপসা এক গন্ধ এসে প্রবেশ করল তার নাকে। ভিতরটা অমানিশায় ডোবা। বাহিরের এক বিন্দু আলোও ঢুকতে পারছে না ঘরটায়। ওদের পাশাপাশি একজন গার্ড এসে ঘরের বৈদ্যুতিক সুইচ চাপল। হালকা একটি দ্যুতি আপন করে নিল ঘরটাকে। মুহূর্তেই পায়ের তলা কেঁপে উঠল ওর। বুকে এসে পড়ল চাবুকাঘাত। কণ্ঠনালি রোধ হয়ে এলো। কষ্টেসৃষ্টে পাশে থাকা ইয়াজিদের হাত খামচে ধরল। নখ দাবিয়ে দিল তার হাতে। ভীতসন্ত্রস্ত কণ্ঠস্বর,
" কাইফ,কাইফ ভাইয়ার সাথে কী করেছেন আপনি?"
" কে-টে ফেলেছি। ওর হাত আমি কে-টে ফেলেছি। "
নিস্তেজ,স্বাভাবিক গলায় বলল ইয়াজিদ।

তরুণিমার হাত-পা অসাড় হয়ে আসছে। দেহের অবশিষ্ট শক্তি অতি সামান্য। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে ওর ব্যাপক। চোখ বেয়ে, গলা ছুঁয়ে নেমে যাচ্ছে অশ্রু কণা। ঝাপসা দৃষ্টি মেলে পুনশ্চঃ তাকাল সামনে। ভেজা চাউনি বারংবার নিবদ্ধ হচ্ছে কাইফের কা"টা হাতের দিকে। হাসপাতালের বেডের মতো একটি বেডে শুইয়ে রাখা হয়েছে কাইফকে। তার বা হাতটি কে"টে সাইড টেবিলে একটি স্টিলের বড়ো থালার ওপর রাখা। পুরো থালায় রক্ত জমে আছে। থালা ভরতি হয়ে র""ক্তের ধারা নেমে এসেছে মেঝেতেও। সফেদ মেঝেতে ছোট ছোট র""ক্তিম ফোঁটা। কাইফের হাতের অর্ধাংশ সাদা ব্যান্ডেজে মোড়ানো। হুঁশ নেই তার। নিথর হয়ে শুয়ে আছে বিছানায়। সে বেঁচে আছে নাকি ম"রে গেছে বোঝা দায় হয়ে পড়েছে।

তরুণিমার দমবন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে অত্যধিক। আরও প্রগাঢ়ভাবে ইয়াজিদের লোমশ হাতে নখ দাবিয়ে আঁকড়ে ধরল। সাদা চামড়া ভেদ করে ক্রমশ গভীরে প্রবেশ করছে নখগুলি। কাতরে ওঠে মোলায়েম কণ্ঠে,
" কেন এমন করছেন আপনি? "
" তোমার জন্য। ও তোমাকে ভালোবাসে, তোমাকে ছুঁয়েছে তাই। "
ওর রক্তশূণ্য, ফ্যাকাশে মুখে গাঢ় দৃষ্টি রেখে বলল ইয়াজিদ।
" তাই বলে কেউ এমন করতে পারে? এতটা অমানুষ আপনি কেমন করে হলেন ইয়াজিদ? আপনি তো এমন ছিলেন না!"
ইয়াজিদের কণ্ঠে আক্রোশ ফুটে উঠল," আমার সহ্য হয় না। তোমাকে কেউ ভালোবাসলে আমার মাথা ঠিক থাকে না, মেজাজ বিগড়ে যায়। তোমাকে কেউ ছুঁলে তাকে মে-রে ফেলতে ইচ্ছে করে আমার। আমার কী দোষ, বলো?"

তরুণিমার কণ্ঠ একেবারেই দুর্বল হয়ে এসেছে। বিদ্রুপের স্বরে বলে, " আপনি আমায় ভালোবাসেন? বাসেন না।আপনার হৃদয় জুড়ে অন্য কেউ। তাহলে অন্য কেউ আমাকে ভালোবাসলে কী সমস্যা? "
ইয়াজিদ ঘাড় বাঁকিয়ে অনিমিখ নেত্রে চাইল। দৃঢ় স্বরে বলল,
" আমার সমস্যা হলো, ভালোবাসা বিহীনই আমার তোমাকে কেবল আমারই মনে হয়। "

#চলবে~

(ইহা একটি অসমাপ্ত পর্ব। সম্পূর্ণ করতে গেলে আরও প্রায় দু হাজার শব্দ লেগে যেতে পারে। তাই আজ অর্ধেকই দিলাম। ইয়াজিদ সম্পূর্ণ একটি সাইকো চরিত্র। যারা বলেন ইয়াজিদ তরুণিমার ওপর অত্যাচারের লিমিট ক্রস করে যায়, একটা সাইকো চরিত্রের দ্বারা এসব হওয়া কি স্বাভাবিক নয়? আর এবার গল্পটা আমি টানা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। মন্তব্য করতে ভুলবেন না পাঠক।)#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১৭( সমাপন অংশ)

চক্ষের সামনে র-ক্ত, কাটা হাত, বিদঘুটে দৃশ্য অবলোকন করার ন্যায় হৃদয়হীনা হতে পারে নি তরুণিমা নামের সাতাশ বছর বয়সী মানসকন্যা। তার মোমের মতোন হৃৎপিণ্ড পুরোদস্তুর কঠিনতাকে বরণ করে নিতে এখনও অসমর্থ। মোলায়েম চিত্তে অলখ ত্রিশূল বিদ্ধ হচ্ছে অবিরাম। দুমড়েমুচড়ে যেতে লাগল অন্তঃপুরের সকল সুখ-দুঃখবোধ। কোনো অনুভূতিই পরাস্ত করতে পারছে না শ্যামাঙ্গিনীকে। অমসৃণ দেহ থেকে পা অবধি প্রাণশক্তি খুইয়ে নিস্তেজ হয়ে পড়ছে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ। অচিরেই লাভ করে অসাড়তা। নেত্রদ্বয় নিমীলিত হবার আগে আতঙ্কের কারণ হওয়া উৎপীড়ক, দয়াশূন্য, নিষ্ঠুর মানুষটার পেশিবহুল হাতই শক্ত করে জাপটে ধরে দুর্বল শরীরের তাল সামলাতে। অশ্রুসিক্ত পদ্মলোচনে পল-অনুপল বন্দি করে নেয় সুদর্শন লোকটার সুকঠিন চেহারা ও তার বাদামি মণির তীক্ষ্ণলৌহ দৃষ্টিপাত। শরীর হেলে যাওয়ার সাথে সাথে হাতের ক্ষীণ বাঁধন শিথিল হয়ে ছুটে যেতে থাকে ধীরে ধীরে। দেহের নিয়ন্ত্রণ হারায় তরুণিমা। চেতনা লোপাট হবার ক্ষণপূর্বে কণ্ঠে ধরা দেয় কম্পন। অনাদর, বেদনা মেশানো স্বর বেয়ে বাহিরে নিঃসৃত হয় গুটি কয়েক বাক্য,

" আপনি সাইকো, ইয়াজিদ। আপনি একজন সাইকো৷ নরপশু আপনি৷ "

" আই নো তরু....."

ঠোঁটের কার্নিশে হাসি ফুটিয়ে মেঘমন্দ্র স্বরে উচ্চারণ করে ইয়াজিদ। ঢলে পড়ার মুহূর্তে তরুণিমার সুডৌল কোমরে হাত রাখে। সজোরে টেনে নেয় তার সমগ্র দেহ বক্ষদেশের কাছাকাছি। টানের চোটে অচেতন মেয়েলি কোমল শরীরটা মৃদু লেগে গেল তার চওড়া বুকে। মুহূর্তেই নিস্পন্দ, স্তব্ধীভূত হয়ে গেল সে। তার পাথুরে হৃদয় হয়ে উঠল তৃষিত। হৃদয়ভূমিটা ফেটে চৌচির হয়ে যেতে লাগল অজানা কিছু পাওয়ার উদ্দেশ্যে। বেগতিক হারে ছুটতে আরম্ভ করল হৃৎস্পন্দন৷ এমনটা কেন হচ্ছে ইয়াজিদের মস্তিষ্ক কিছুতেই বুঝে উঠতে পারছে না। শুধু ঠাহর হচ্ছে, তার বক্ষস্থলের অতি নিকটস্থে থাকা মেয়েটার সংস্পর্শে উদ্ভট কাণ্ডকারখানা ঘটছে তার সাথে। ব্যাকুল হয়ে যাচ্ছে অভ্যন্তর। রূদ্ধ হয়ে আসছে শ্বাস। মেয়েটার সন্নিকটে এলেই তার এমতাবস্থা হয়। এটা আজকের কাহিনি নয়। বছর কতক আগেও এমনটা ঘটেছে তার সাথে। মেয়েটাকে পড়াতে গিয়ে এক বেড়াজালে আটকে যায় সে। সারল্য মিশ্রিত মায়াবী গড়নের শ্যামবরণ মেয়েটা অধরে লজ্জালু হাসি ঝুলিয়ে যখন পড়তে বসত ইয়াজিদের ভিতরের অরণ্য উতলা হয়ে উঠত দখিনা হাওয়ার মতো। বৈনাশিক এক হাওয়া লণ্ডভণ্ড করে দিত সবকিছু। ইয়াজিদের মন লড়াইয়ে নামত মস্তিষ্কের সহিত। বড়োসড়ো যুদ্ধ বাঁধিয়ে রুখে দিত ধ্বংস করতে আসা সেই প্রভঞ্জনকে। ডাবের নরম শাঁসের মতোন মেয়েটা মায়ার চাঁদোয়ায় ঢেকে দিয়েছিল তার মন। কলেজে পড়ার সময় থেকে সে জেনে এসেছে সীরাতই তার জীবনের অংশ, সীরাতই তার জীবনকে সম্পূর্ণ করে। তরুণিমার সান্নিধ্যে সে কেবল মায়ায় জড়িয়েছিল বলে নিজেকে তখনই বুঝ দিয়েছে। তাকে পড়ানো বন্ধ করতে চেয়েছে বার কয়েক। কেননা, মেয়েটার উপস্থিতি তাকে দুর্বিপাকে ফেলে দিত। তার মন সুনির্দিষ্ট গণ্ডির বাহিরে গিয়ে ছুটত বেয়াড়া হয়ে। মনোজগতে লেগে থাকত অপরিমেয় অস্থিরতা। সীরাতের মৃ-ত্যুর পর সেই মোহ পরিণত হয় ঘৃণায়। জীবনটাকে তখন অসম্পূর্ণ, একা মনে হয় ইয়াজিদের। তরুণিমার প্রতি জন্মানো মায়া দাফন হয়ে যায় সীরাতের মৃ-ত্যুর পাশাপাশি। নেমে পড়ে প্রতিশোধ নিতে, দুর্বিষহ করে তুলতে তরুণিমার জীবন। তাহলে এই লগ্নে কেন মেয়েটার ছোঁয়া পুনর্বার ইয়াজিদকে সেই মায়ার জগতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? মায়া কি এতই শক্তিশালী হয়! নাকি অন্য কোনো অনুভূতি প্রকট শক্তিরূপে বাস করছে তার মনোজগতে!

তরুণিমার পিঠে বলিষ্ঠ হাত রেখে শূন্যে তুলে নেয় তার দেহখানা। পাঁজাকোলা করে বাহিরের দিকে এগিয়ে যেতে থাকে। কালো পোশাকধারী একজন গার্ড হন্তদন্ত হয়ে ছুটে এসে ভেজানো দরজাটা খুলে দেয় বের হবার নিমিত্তে। গহীন জঙ্গলের ভেতর দিয়ে কোলে করে তরুণিমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে গমনোদ্যত হয় ইয়াজিদ। একমন বলছে মেয়েটাকে ফেলে দিতে,আরেক মন বলছে মেয়েটাকে নিয়ে যেতে। গার্ডের সাহায্যে আনাতে পারত, কিন্তু অন্য কোনো পুরুষের ছোঁয়া সহ্য করতে পারবে না সে। মেয়েটার ওপর অধিকার শুধু তার। ঠিক কেমন অধিকার সে জানে না, শুধু জানে তরুণিমার জীবনের সীমারেখায় সে ছাড়া কারো প্রবেশই অনুমোদিত নয়।

বাড়িতে ঢুকে তরুণিমার রুমে শোয়াতে গিয়ে দেখে সেখানে হিটার নেই, হিম হয়ে আছে কক্ষ। খানিক ভেবে সেখান থেকে নিয়ে এসে নিজের রুমে এনে শোয়াল ইয়াজিদ। বিছানায় শোয়ানোর সময় তার তেজী দৃষ্টিতে আটকাল তরুণিমার চক্ষু বেয়ে আসা পানি। বক্র হাসি ফুটে উঠল ঠোঁটে। ভয়ে, যন্ত্রণায় কান্নারত এই তরুণিমাকেই সে দেখতে চেয়েছিল। কাঁদতে কাঁদতে মেয়েটা ম-রণযন্ত্রণা সহ্য করুক তা-ই চায় সে। নিষ্ঠুরভাবে এক গ্লাস পানি ছুঁড়ে মা-রল ওর মুখে হুঁশ ফেরানোর জন্য। বিশেষ লাভ হলো না।

জ্ঞান ফিরল না ওর। ভ্রু কুটি করে তাকাল ইয়াজিদ। চেতনা ফিরে পাওয়ার কথা। ফিরছে না কেন! তার শিয়রের কাছে হাঁটু ভেঙে বসল সে। শঙ্কিত চোখ চেয়ে দ্বিধাগ্রস্ত হালে হাত রাখল ওর গালে। হতবাক হয়ে পড়ল সঙ্গে সঙ্গে। অসম্ভব শীতল হয়ে আছে তার শরীর। আরেকটু সময় পেরুলেই যেন জমে বরফ হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের তোপে শরীর অবশ হয়ে গেছে তার। তৎক্ষনাৎ হাত সরিয়ে আনল ইয়াজিদ। বলল," ম-রে যাক। এটাই তো চাই। "

পরক্ষণেই ফোন লাগাল সাব্বিরকে। সবে ঘুমের জগতে পদার্পণ করেছিল সে। ইয়াজিদের কল পেয়ে লাফিয়ে উঠল। রূদ্ধশ্বাসে বলল,

" বলুন স্যার। "
" ডাক্তার নিয়ে এসো।"
কড়া গলার হুকুম শুনে সাব্বিরের বুকে কাঁপন ধরে গেল," এত রাতে ডাক্তার কেন,স্যার?"
" তোমাকে সব বলতে হবে? এখনই নিয়ে আসো। "
ইয়াজিদের রাগে দাঁতে দাঁত চেপে কথা বলা অনায়াসে বুঝতে পারে সে। শুষ্ক কণ্ঠে আদেশ মেনে নেয় শিগগিরই,
" নিয়ে আসছি স্যার। "
" শুনো, মহিলা ডাক্তার নিয়ে আসবে।"
" এত রাতে মহিলা ডাক্তার কারো বাড়িতে যেতে রাজি হবে না, স্যার। তার ওপর আপনার বাড়ি জঙ্গলে। "

ইয়াজিদ গাঢ় চিন্তায় নিমজ্জিত হলো। তার এই বাড়ির ঠিকানা সাব্বির ও বডিগার্ড ছাড়া বাকিদের অজানা। এমনকি তার বাবা মাও জানে না সে কোথায় থাকে। সবার ধারণা হোটেলে থাকে বাড়ি ছেড়ে। নিরিবিলি পরিবেশ ইয়াজিদের ব্যাপক পছন্দ। মানুষের সমাগমে তার মাথায় অসহ্য যন্ত্রণা হয়,কাউকে সহ্য করা ভীষণ কঠিন হয়ে পড়ে। নিজেকে নিয়ন্ত্রণে রেখে ইদানীং মুভির কাজ করাও কঠোর হতে কঠোর হয়ে পড়েছে। সেকারণে গা বাঁচিয়েই চলে বেশিরভাগ সময়। মাঝেমধ্যে স্ক্রিপ্ট পড়ে কাজকাম সেড়ে চলে আসে। শ্যুটিং স্পটে তার আগমন হয় বছরে তিন থেকে চারবার।
সাব্বির চিন্তিত হয়ে শুধাল,
" ম্যাডাম অসুস্থ নাকি?"
" হ্যাঁ। "
" কী হয়েছে? "
" বেহুঁশ হয়ে গেছে, শরীর হঠাৎ করে অনেক ঠান্ডা হয়ে পড়েছে। "
জানটা হাতে নিয়ে সাব্বির ভয় ভয় গলায় বলল," স্পর্ধা না নিলে একটা কথা বলি?"
সায় দেয় ইয়াজিদ, " বলো। "
সাব্বির এক নিঃশ্বাসে বলে, " আপনি তো ম্যাডামকে মে-রে ফেলতেই চান। তাহলে কষ্ট করে আর বাঁচাতে যাবেন কেন,স্যার?"
" সামনে এসে দাঁড়াও শুধু, তোমার মাংস আমি কে"টে সমুদ্রের মাছকে খাওয়াব। হাউ ডেয়ার ইউ? সাহস কীভাবে হলো ওকে মরা-র কথা বলার? "
কঠিন-রুদ্র-ভয়ংকর শোনাল ইয়াজিদের কণ্ঠস্বর।
কর্ণগহ্বরে পৌঁছাতেই সাব্বিরের পেট মোচড় দিয়ে উঠল। প্রসাবের বেগ বাড়ল। কথা সেড়ে এক্ষুনি বাথরুমে দৌড় দিতে হবে। সে কি মন্দ কিছু বলেছে! স্যার তরুণিমাকে মা*রতে চায়, কষ্ট দিতে চায়। সে বললেই দোষ! কষ্ট দিয়ে মা**রতে চায়, ম**রে যাচ্ছে, বাঁচাতে যায় কেন ফের? স্যারের অনুভূতি এত লক্কর ঝক্কর করে কেন? পাগল হলে বুঝি এমনই হয়। সাব্বির তো পাগল না, সুতরাং এসব কাণ্ডকলাপ বোঝা শৈলচূড়ায় উঠার মতোই বিরাট মুশকিল, দুঃসাধ্য। মিনমিন করে বলে," স্যরি। "
আবার বলল, "একটা ওয়ে আছে,স্যার। "
" কী উপায়?"
" আমাদের শরীর অনেক গরম হয়। আপনি ম্যাডামের হাত -পা ঘষে দিয়ে জড়িয়ে ধরে রাখুন, ম্যাডাম একদম সতেজ হয়ে যাবে। "
তটস্থ গলায় কথা সাড়ল। তার নিঃশ্বাস কণ্ঠনালিতে আটকে আছে। গোপনে বিয়ের কারণে বউয়ের সাথে বাসরটা তার এখনও হয় নি। প্রেম করে গোপনে বিয়েটা সেড়েছে তার প্রেমিকার বাবা মানে না বলে। তবে পার্কে, রাস্তাঘাটে যতবার দেখা হয়েছে সাব্বির বউকে জড়িয়ে ধরেছে। তার বউ বলেছে তার শরীর অনেক উষ্ণ, যেকোনো বরফ গলাতে যথেষ্ট উপকারী। তার মানে সকল পুরুষ মানুষের দেহই এমন তপ্ত লোহার মতোন!
ভাবনার মাঝে তার শ্রবণ হলো ক্রুদ্ধ স্বর," কাল এসো। তোমার শরীর কত গরম দেখব। তোমার পশ্চাৎদেশে বারি দিয়ে দিয়ে লোহা তাতানো হবে। "
সাব্বির ফোন রেখে দিল তড়িৎ গতিতে। ভয়কাতুরে হয়ে পশ্চাতে এক হাত রেখে পরখ করে নিল। ইয়াজিদকে বলতে চাইল,

"আমার পশ্চাৎদেশ অনেক ঠান্ডা স্যার,লোহা গরম হবে না।"

হিটার চালু করা সত্ত্বেও তরুণিমার অঙ্গে হিম জড়িয়ে আছে। ইয়াজিদ তার পায়ের কাছে গিয়ে বসল। ইতস্তত করে হাত রাখল পায়ের পাতায়। মনকে প্রবোধ দিল, ' অসুস্থ কাউকে আঘাত করে মজা নেই। সুস্থ করে তোমাকে অসুখে ভোগাব বার-বার। "

হাতের তালুর সহায়তায় পা ঘষে দিল তরুণিমার। বারংবার ঘর্ষণে শরীরে উত্তাপ ছড়িয়ে পড়ে কিঞ্চিৎ। মাথার কাছে বসে একটি হাত টেনে নেয় বজ্রমুষ্টিতে। নজর যায় শ্যামল বদনের পানে। পল্লবজোড়া নেতিয়ে ছুঁয়ে আছে চোখের নিম্নাংশ। সারা মুখে চোখ বুলিয়ে ইয়াজিদের নজর মত্ত হয় ওষ্ঠযুগলে। ওষ্ঠজোড়া রসশূন্য,শুষ্ক। নীরস ভূমির ন্যায় ফেটে চৌচির। প্রমত্ত দৃষ্টি সময়ের তারতম্যে প্রচণ্ড বেসামাল হয়ে উঠে। এত কাছ থেকে, এত প্রগাঢ়ভাবে তরুণিমার মলিন বরণের কায়া,জলের অভাবে শুকনো, পিপাসিত অধর আগে কভু দেখা হয় নি তার। অধরে মগ্ন চোখ দুটি ইয়াজিদের মস্তিষ্কে ওষ্ঠমিলনের অনাকাঙ্ক্ষিত দৃশ্যখানা স্মরণ করিয়ে দিল। অবাধে পোকার মতো কিলবিল করতে লাগল মাথায়, চিত্তে। তরুণিমার মুখের দিকে নির্নিমেষ চেয়ে থেকে আপনমনে চমকিত হয় সে,

" কি আশ্চর্য! এতদিন মেয়েটার করা বেইমানি মাথায় ঘুরপাক খেত সর্বক্ষণ। আর এখন তার নরম ঠোঁটের স্পর্শ হট্টগোল বাঁধিয়ে দিচ্ছে সমস্ত হৃদয়ে। "
___________________

তানভীরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। হাঁটতে পারে না ঠিকঠাক। চলাফেরার জন্য ব্যবহার করতে হয় হুইল চেয়ার। বিনিতা রাজশাহী ফিরে যায় নি, নিজের বাড়িতেও না। তানভীরের অপমানে, অবজ্ঞায় ফিরে যেতে চেয়েছিল সে। শিল্পী ধরেবেঁধে সাথে নিয়ে এলেন। ছেলের জন্য পায়েস বানিয়েছে সে। চতুর্যার সাথে বসার ঘরে ছিল বিনিতা। তাকে হাঁক ছেড়ে বলল,

" পায়েসটা তানভীরকে দিয়ে আয় বিনু। "

বিনিতার কণ্ঠে উৎকণ্ঠা, " আমি? ভাইয়া আমার উপস্থিতি পছন্দ করে না,খালামণি। "

সরলমনে সত্য ব্যক্ত করল বিনিতা। শিল্পী বোন ঝির কথার তোয়াক্কা করল না। পায়েসের বাটি জোর করে হাতে ধরিয়ে দিলেন, " পছন্দ করুক আর না করুক, তুই পায়েসের বাটি দিয়ে আয়। "

খালার জোরাজুরিতে পায়েসের বাটি নিয়ে তানভীরের ঘরের সমুখে গিয়ে দাঁড়ায় ও। দরজা হালকা করে ভেজানো। হাতের সাহায্যে আস্তেধীরে টোকা দেয়। অভ্যন্তর থেকে কানে আসে গমগমে স্বর,
" কে?"
" আমি। আসব?" প্রতুত্তর করে মিহি সুরে। চাতকী হয়ে প্রতীক্ষার প্রহর গুণে উত্তরের বাসনায়। অতঃপর চলে আসে কাঙ্ক্ষিত উত্তর, তবে মনপুঃত নয়। তানভীর রুষ্ট, বেজায় বিরক্ত হয় তার আগমনে। শক্তপোক্ত গলায় বাধ সাধে," না, আসবি না। "

বিনিতার বুকে চিনচিনে ব্যথা হয়। সহস্র বোলতার হূল ফোটানোর যন্ত্রণা অনুভব করে। প্রত্যাখান সত্ত্বেও দরজা ঠেলে ঢুকে পড়ে ঘরে। তাকে দেখে চোয়াল শক্ত হয়ে যায় বিছানায় আধশোয়া হয়ে থাকা তানভীরের। চোখ হয়ে উঠে রক্তবর্ণ। সুনামির সামনে খড়কুটোর ভেসে যাওয়ার মতো হাল হয়ে যায় ওর। কোনোমতে পায়েসের বাটি বেড সাইড টেবিলে রাখে। আতঙ্কিত কণ্ঠে বলে,

" পায়েসের বাটি দিতে এসেছি। তোমাকে মে-রে ফেলতে আসি নি। "

" তুই এখনও ফিরে যাস নি কেন?"

" আমার খালার বাড়ি, আমার যত মন চায় থাকব। আপনার কী সমস্যা? "

" কই! আমি দেশে ফেরার আগে তোর এই বাড়িতে বেড়ানোর কথা শুনি নি। আমি আসার পর তোর বেড়াতে ইচ্ছে হলো কেন?"

বুকটা ধ্বক করে উঠে বিনিতার। তানভীর কি তার অনুভূতি ধরে ফেলেছে? এমন করে বলছে কেন? মুখে বলল,

" আমার এখন ইচ্ছে হয়েছে, তাই এখন বেড়াতে এসেছি। "

তানভীর শান্ত দৃষ্টি তাক করল ওর দিকে। ঠান্ডা মগজে বলল, " তুই যেটা চাইছিস সেটা কখনোই পাবি না, বিনু। আমি জানি, তুই কিশোরী বয়স থেকেই আমাকে ভালোবাসিস। কিন্তু আমি তোকে বাসি না। আগেও ফিরিয়ে দিয়েছিলাম, এখনও দিচ্ছি। আমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা না করে যে তোকে ভালোবাসবে তাকে ভালোবাসিস। আমি তরুণিমাকে ভালোবাসি, ওকে চাই। তরুণিমা আমার হৃদয়ের একচ্ছত্র অধিষ্ঠাত্রী। "

চোখ বুঁজে ফেলল বিনিতা। ব্যস্তবাগীশ হয়ে তার চক্ষুগহ্বর বেয়ে নামতে লাগল ফোঁটায় ফোঁটায় জল। তার কলজে যেন কেউ খামচে ধরেছে। তানভীর চৌকশ লোক। ওর ধারণা ছিল তানভীর ওর অনুভূতি, চোখের ভাষায় লিখা প্রেমের কাব্য নির্ঝঞ্ঝাটে পড়তে পারে। শুধুমাত্র ইচ্ছে করে এড়িয়ে যায়। ফলপ্রসূ তার মুখ থেকে নিজের অন্তরে লালনপালন করে আসা ভালোবাসার কথা শুনে অবাক হয় নি সে। বরঞ্চ দুঃখের লাভাস্রোত সৃষ্ট হয়েছে তার মুখ হতে তরুণিমাকে ভালোবাসার কথা শুনে। ভালোবাসার মানুষের মুখে অন্যকে ভালোবাসার কথা শুনে মহান সেজে কেঁদে সব ভাসিয়ে দেওয়ার মতো মেনে সে নয়। ধিক্কার ভরা কণ্ঠে হেয় করল তানভীরকে,

" তরুণিমা আপু অন্য কারো বউ। অন্য পুরুষের বউকে আপনি কীভাবে ভালোবাসার কথা বলতে পারেন? পাপবোধ হয় না আপনার?"

তানভীর আগ্নেয়গিরির জ্বালামুখে পরিণত হলো যেন," তরুণিমা কারো বউ না। ওই জানোয়ারটা ওকে জোর করে ছিনিয়ে নিয়েছে। ওকে আমি মুক্ত করে আনবই। "

বিনিতা একগাল হেসে বলল," আপনি পাগল হয়ে গেছেন। চিনতেই পারেন নি তরুণিমা আপুকে। মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন, মন চাইলে কাছে টেনে নিবেন এমন মেয়ে ভেবে ভুল করবেন না তাকে। উনাকে ভালোবেসে কষ্টই পেতে পারবেন, কিন্তু কখনো নিজের করে পাবেন না। আর ওয়াসিম খান ইয়াজিদের কাছ থেকে আপুকে আপনি কোনোদিনও ছিনিয়ে আনতে পারবেন না। আপনার কোনো ধারণা নেই উনার সম্পর্কে। "

কথাগুলো বলে এক মিনিটও ঘরে স্থির হলো না বিনিতা। বেরিয়ে গেল চোখের জল মুছতে মুছতে। তানভীরকে পাওয়ার সাধনা ও আর কখনোই করবে না। মরিচীকার পেছনে ছুটেছিল জীবনভর। ইয়াজিদ সম্পর্কে গত চব্বিশ ঘণ্টায় অনেক তথ্য সংগ্রহ করার প্রয়াস চালিয়েছে ও। তরুণিমার অতীতে ফেলে আসা জীবন সম্পর্কেও অনেক কিছু জেনেছে শিল্পীর কাছ থেকে। যতদূর বুঝেছে, ইয়াজিদের কাছ থেকে তরুণিমাকে ছিনিয়ে আনা মোটেও সহজ নয় বরং অত্যন্ত দুর্বোধ্য।

তানভীর রাগান্বিত চোখে কিয়ৎক্ষণ ওর যাওয়ার পথে চেয়ে থাকে। পায়েসের বাটিটা আছড়ে ফেলে মেঝেতে দহনের দাপটে। সহসা ভেঙে তচনচ হয়ে যায় কাচের বাটিখানি। যেকোনো মূল্যে ইয়াজিদের কাছ থেকে তরুণিমাকে ফিরিয়ে আনবে সে।
_______________________

রাতের সমাপ্তিতে হুঁশ ফিরে তরুণিমার। সূক্ষ্ম সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন হতে থাকে তার শ্বাসনালি বেয়ে। ক্ষীণ শক্তি জোগাড় করে অবিচ্ছিন্ন দৃষ্টি ফেলে বদ্ধ রুমের চারদিকে। চোখে ধরা দেয় পুরুষালি অবয়ব। তার মাথার নিকটে বিছানায় বসে আছে ইয়াজিদ। তাকে দেখেই কাইফের কা*টা হাতের বেঢপ,ভয়ংকর দৃশ্যখানি খেলে গেল তার মস্তিষ্কে। উঠে বসল শক্তি আহরণ করে। ইয়াজিদ ওর দিকে তাকিয়ে কিছু বলতে উদ্যত হলো মাত্র, তেমনি তার ডান গাল বরাবর প্রাণপণ শক্তিতে থাপ্পড় বসাল ও। ক্রন্দনরত গলায় বিরতিহীন বলতে লাগল, " কাইফ ভাইয়ের হাত কেন কা*টলেন? আমারটা কা-টুন, নিন আমারটা কা-টুন। "

দু হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগল সে। তক্ষুনি ওর হাত টেনে দেহখানি কাছে নিয়ে অধরোষ্ঠে আঙ্গুল চেপে ধরে ইয়াজিদ। কণ্ঠে মিশে আছে অপরিসীম মাদকতা,

" হুশ! তোমার মুখ দিয়ে কোনো পরপুরুষের নাম উচ্চারণ করবে না, আমার হজম হয় না। "

#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন