#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১৮
হৃদয়ের হাল বেতাল হলো তরুণিমার। মন জমিনে অনুভূত হলো ভূমিকম্প। নড়চড়ে উঠল তার অন্তঃপুরে গোপন করা ধুলোমাখা অনুভূতির বিবর্ণ বাক্স। লাগামহীন পাগলা ষাঁড়ের মতো ছুটতে লাগল হৃৎস্পন্দন। নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বেহায়া,অভদ্রভাবে লাফঝাঁপ করতে আরম্ভ করে বক্ষস্থলের বা পাশে অবস্থিত হৃদযন্ত্র। দু ঠোঁটের মধ্যিখানে ইয়াজিদের আঙ্গুলের প্রগাঢ় স্পর্শে আন্দোলিত হয়ে উঠে তনুমন। একাগ্রচিত্তে, তেজী চোখে ওর দিকে চেয়ে আছে ইয়াজিদ। ফটাফট চোখ নামিয়ে নিল তরুণিমা। তার অনুভূতিরা উন্মুক্ত হতে চাইছে। বদ্ধ বাক্সের প্রাচীর ভেদ করে বাঁধনহারা পাখির মতো উড়ে বেড়াতে চাইছে হৃদয় আকাশে। তরুণিমা এটা হতে দিবে না কস্মিনকালেও। ঘৃণামিশ্রিত অনুভূতিদের কোনোকালেই দেহে কাঁপন ধরানো অনুভূতিদের কাছে পরাজিত হতে দিবে না ও। মুক্ত হাতে ওষ্ঠে স্পর্শ আঁকা আঙ্গুলখানি সরিয়ে দিল ঝাড়া দিয়ে। তেতেপুড়ে উঠল শক্ত গলায়,
" হাজার বার উচ্চারণ করব আমি। "
" তাহলে যাদের নাম উচ্চারণ করবে তাদের মৃ-ত্যু দেখতে প্রস্তুত থেকো। র-ক্ত কিন্তু আমার খুব পছন্দ। "
অত্যন্ত কাছ থেকে ইয়াজিদের ধীর গলার কথা শ্রবণ হওয়া মাত্র তরুণিমার সর্বাঙ্গ শিউরে উঠল। সরে এলো তড়িঘড়ি করে। রুমের চারদিকে চোখ বুলিয়ে প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল,
" আমাকে আপনার বিছানায় এনেছেন কেন? গতরাতে না আমাকে বিছানায় দেখে গা জ্বালা করছিল আপনার?"
ইয়াজিদ বিছানা থেকে নেমে সিগারেট ধরাল। না তাকিয়েই জবাবে জানাল, " করুণা হচ্ছিল তোমার প্রতি। "
' করুণা!' মুখ ফসকে তুচ্ছরূপে বেরিয়ে এলো তরুণিমার মুখ থেকে। ইয়াজিদের কানে ঢুকল অবলীলায়। সিগারেটে এক টান দিয়ে ধূম্র উদগীরণ করল কক্ষেই। আলটপকা ভারী হয়ে উঠল কক্ষের পরিবেশ। শ্বাস নিতে ব্যাপক কষ্ট অনুভূত হচ্ছে তরুণিমার। নাকে- মুখে হাত চেপে বিছানা ছাড়ল ও। বিছানার দুই পাশে দুজন দাঁড়িয়ে।
ইয়াজিদ ব্যগ্রভাবে ফুঁকতে লাগল সিগারেট। ধোঁয়ায় ভরে যাচ্ছে পুরো কক্ষ। তরুণিমার নাসারন্ধ্র গলিয়ে ধোঁয়া ভিতরে প্রবেশ করতেই তীব্র কাশি আরম্ভ হয়ে গেল ওর। চোখের অতল গহ্বরে জমল জল। সেকেন্ডের ব্যবধানে শ্রাবণ ধারার মতো ঝমঝমিয়ে সেই জল নিষ্প্রভ কপোল ছুঁয়ে আগাতে লাগল গলার দ্বারপ্রান্তে। ইয়াজিদ ঠোঁট থেকে সিগারেট সরাল। সুপুষ্ট হাতের মুষ্টিতে নিষ্পেষিত হলো সেটা। বিছানার অপর পাশে ধোঁয়ায় আচ্ছন্ন তরুণিমার দিকে তুখোড় দৃষ্টি ফেলে বলল,
" সামান্য সিগারেটের ধোঁয়ায় নেতিয়ে পড়া নারী জ্বলন্ত চোখে আমার কথাকে তুচ্ছ করে! তুমি যতই জ্বলন্ত চোখে তাকাও, ভস্ম তোমাকে আমিই করব। "
তরুণিমা ঝাপসা নেত্রে তাকাল। তার মলিন অধর দখল করে নিল অতি সামান্য হাসি। যন্ত্রণায় আবদ্ধ কণ্ঠে আওয়াজ তুলল," আপনি আমাকে ভস্ম করার আর কিছুই বাকি রাখেন নি। জীবন থেকে পরিবার, শান্তি সবই কেড়ে নিয়েছেন। জীবনসঙ্গীর ভালোবাসা আমার নসীবে নেই। কিন্তু আপনি আমার কাছ থেকে আমার বাবা, মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছেন। আপনার জন্য আমার মা আমাকে দেখতে পারে না। বাবার মৃ-ত্যুর জন্য আমাকে দায়ী করে। কতগুলো বছর হয়ে গেল মাকে জড়িয়ে ধরতে পারি না, কারো আদর পাই না। সব থেকেও এতিম সেজে মানুষের বাড়িতে থাকতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে। এই যে এখন বেঁচে আছি, এটাকে বাঁচা বলে না। রোবট আর আমার মাঝে কোনো পার্থক্যই নেই। আমার প্রাণ আছে, সময়ের সাথে জীবন চলছে কিন্তু আমার মনটা মৃত। ম-রে গেছে আমার মনটা। "
তরুণিমার ফুসফুস পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না বোধহয়। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। কান্নার গতি বেড়েছে ভীষণ। রাগে-জেদে ভাঙা কণ্ঠে বলতে শুরু করে পুনর্বার,
" আমি ধ্বংস হয়ে গেছি, ইয়াজিদ। আপনি অনেক আগেই ধ্বংস করে দিয়েছেন আমাকে। আত্মহ-ত্যা পাপ বলে অপেক্ষায় আছি দেহের মরণের। "
কথাগুলো সমাপ্ত করে ঘর থেকে ক্ষিপ্র গতিতে কদম ফেলে বাহিরে পা বাড়ায় তরুণিমা। ইয়াজিদ চুপ করে দাঁড়িয়ে রইল। মুঠো হাতের বাঁধন শক্ত হলো আরও। তরুণিমার সিক্ত চোখে চেয়ে বলা একেকটি শব্দাংশ যেন ছু-রি হয়ে গাঁথতে লাগল তার হৃৎপিণ্ডে। সবকটি বাক্য শুনে শান্তি পাওয়ার কথা তার, অথচ হাওয়া যেন উলটো বইছে। এলোমেলো, অচেনা-অজানা অনুভূতি হচ্ছে ইয়াজিদের। রোষের তোড়ে হাতের কাছের সমস্ত জিনিস ছুঁড়তে লাগে মেঝেতে। মেয়েটাকে শাস্তি দিতে এনে দিন দিন বিপাকে পড়ে যাচ্ছে সে। অগোছালো হয়ে যাচ্ছে সবকিছু। হয়তো শাস্তির পদ্ধতি দুর্বল,নয়তো তরুণিমার এমন করে কথা শোনানোর নির্ভয়তা কেথায় পাচ্ছে! কঠিন দণ্ড দিতে হবে তাকে, নাহলে প্রতিক্ষণে আরো এলোমেলো হয়ে যাবে সবকিছু। তিল পরিমাণ করুণাও দেখানো যাবে না ওর প্রতি।
ড্রইং রুমে এসে বসল তরুণিমা। মাথা ঝিমঝিম করছে ওর। তীক্ষ্ণ একটি ব্যথা কুঁড়ে খাচ্ছে মস্তিষ্ককে। কাফনে মোড়ানো বাবার প্রানহীন চেহারাটা ভাসছে চক্ষুদ্বয়ে।
মধ্যাহ্ন চলছে। আবসার সাহেব মেয়েকে ছাড়া এক লোকমা ভাতও মুখে তুলেন না। মেয়ে যেন প্রাণ উনার। ছুটির দিনের পুরোটা সময় মেয়েকেই দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন তিনি। খাওয়ার জন্য পরপর অনেকবার ডেকে গেল তরুণিমার মা নাজনীন। মায়ের ডাকে ঘর ছেড়ে ডাইনিং রুমে আসে তরুণিমা। ওদের নিজেদের বাড়ি নেই, ভাড়া বাসায় থাকে। ডাইনিং রুমটা অনেক ছোট্ট, একদমই ওদের মনমতো নয়। তবে বাবা আশ্বাস দিয়েছেন শিগগিরই, ওদেরও একটা বাড়ি হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ির জায়গা কিনেছিল, সেটা চুকে গেলেই বাড়ির কাজ শুরু হবে। বাবার কথায়, আলু ভর্তা, পাতলা করে ডাল, টমেটো দিয়ে চিংড়ি রেঁধেছে মা আর ভাবি মিলেঝুলে। আবসার সাহেব তরুণিমাকে ডেকে বললেন, " আমার পাশে বোস মা। "
বাবার ডাকে ছুটে গিয়ে পাশে বসে তরুণিমা। সবাই খাওয়ায় বসেছে মাত্র, বাসার কলিংবেল বেজে উঠে। তরুণিমার ভাই খাওয়া থেকে উঠে যায় দরজা খুলে দিতে। দুই মিনিটের মাথায় হট্টগোলের আওয়াজ কর্ণগোচর হতেই খাবার ফেলে সবাই সেদিকে যায়। দরজার কাছে গিয়ে বুক কেঁপে উঠে তরুণিমার। চোখে জড়ো হয় এক ফালি ভয়। ইয়াজিদ তার ভাইয়ের গলায় ছু-রি ধরে রেখেছে। তরুণিমার মা, ভাবি চিৎকার করে উঠে। আবসার সাহেব এগিয়ে গিয়ে চাপা ক্রোধান্বিত স্বরে প্রশ্ন করেন,
" তুমি কে? আমার ছেলের গলায় ছু-রি ধরেছ কেন?"
ইয়াজিদের জলদগম্ভীর, অস্বাভাবিক স্বর শুনতে পায় সবাই, " আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমি কে?"
কিংকর্তব্যবিমূঢ় হয় সবাই। সকলের দৃষ্টি পড়ে তরুণিমার ওপর। তরুণিমা ভয়ার্ত কণ্ঠে অনুরোধ করে, " আমার ভাইকে ছেড়ে দিন,প্লিজ। "
" ছেড়ে দিব? আমার সীরাতকে আ-ত্মহত্যায় ঠেলে দিয়ে তুমি পরিবারের সাথে সুখী সময় কাটাচ্ছ? "
আবসার সাহেবের দিকে তাকিয়ে বলল," কেমন মেয়ে জন্ম দিয়েছেন? আপনার মেয়ে খু-নী। আমাকে ভালোবেসে পায় নি বলে আমার প্রেমিকাকে মৃ-ত্যুর দিকে ঠেলে দিয়েছে। "
তরুণিমার পুরো দুনিয়া থমকে গেল। তার বাসা পর্যন্ত ইয়াজিদ চলে আসবে কল্পনাতীত ছিল ওর নিকট। তীব্র চেঁচামেচির শব্দে আশেপাশের বাসার সবাই উপস্থিত হয়ে গেছে ওদের বাসায়।
স্তব্ধ আবসার সাহেব। তার মেয়ে ভালোবাসে এই ছেলেটাকে! তার মেয়ে খু-নী! কথা বলতে পর্যন্ত ভুলে গেলেন উনি। বাকশক্তি হারিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন। তরুণিমার ভাই রেগেমেগে ঘুষি বসিয়ে দিল ইয়াজিদের গালে। বিশ্রী গালির তুবড়ি ছুটল তার মুখ দিয়ে,
" কুত্তার বাচ্চা, জানোয়ার,লম্পট, আমার বোনকে নিয়ে উলটাপালটা কথা বলবি না। "
ভয়ংকর, হুলস্থূল কাণ্ড ঘটে যায় মুহূর্তেই। গালে হাত বুলিয়ে ছু-রিটা চোখের পলকে সাফওয়ানের হাতে গেঁথে দেয় ইয়াজিদ। এহেন দৃশ্য দেখে নাজনীন বেগম জ্ঞান হারিয়ে ঢলে পড়েন গৃহতলে। আবসার সাহেব কাঁপতে কাঁপতে বসে পড়েন নিচে। তরুণিমা এগিয়ে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল ইয়াজিদের পদতলে। তার কান্না,অনুনয়ে ভারী হয়ে উঠল সবকিছু,
" আমার ভাইকে ছেড়ে দিন,ইয়াজিদ। দয়া করে ছেড়ে দিন। আমাকে মে-রে ফেলুন। "
স্মৃতির পাতায় চোখ বুলাতে বুলাতে ঘুমের রাজ্যের রাজা এসে নেমন্তন্ন দিল তরুণিমাকে তাদের রাজ্যে পা ফেলতে। সায় দিয়ে তরুণিমা প্রবেশ করল সেথায়। ন্যাতানো চোখের পল্লব ছুঁয়ে গড়িয়েছে যাচ্ছে পানি বিনা বাঁধায়। ওর সেই ভেজা মুখশ্রীর ওপর পড়ল কারো ছায়া, টের পেল না সে। টনক নড়বার মতো অনুভূতি নিভে গেছে তার।
________________________
শীতের প্রকোপ কমে এসেছে। নিসর্গে কুয়াশার আধিপত্য সমাপ্তির লগ্নে। সুন্দর, মায়াবী একটি ঘ্রাণ ক্রমশ তরুণিমাকে আহ্বান জানাচ্ছে তার সন্নিকটে যাবার জন্য। অভ্যন্তর করে তুলছে অতিশয় আকুল। অস্থিরমতি হয়ে অদৃশ্য সেই ঘ্রাণকে খুঁজতে বোকার মতো সুখী ঘুমটাকে তাড়িয়ে দিয়ে আঁখিদুটি মেলে তাকায় সে। সঙ্গে সঙ্গে কুঁচকে যায় চোখ মুখ। কণ্ঠনালিকে আঁকড়ে ধরে বিতৃষ্ণা,
" কী চাই?"
" তোমাকে চাই না। এক কাপ হট কফি চাই। "
তরুণিমার মেজাজ খিঁচড়ে গেল। উঠে বসল তৎক্ষনাৎ। সম্মুখে বসা ইয়াজিদ। তার মুখ থেকে আদেশমূলক বাক্যকে অনাদরে হেয় করল ও, " আমি পারব না। নিজের হট কফি নিজে বানিয়ে খান। আপনার গোলাম না আমি। "
ইয়াজিদ দু ঠোঁট ছাড়িয়ে স্ফীত হাসল। কেমন স্নিগ্ধ, গাঢ়,প্রমত্ত চোখে চেয়ে বলল, " তুমি আমার হুকুমের গোলাম নও, তুমি আমার প্রিয় এনেমি ও অপ্রিয় বউ। "
মনমেজাজ এবার একটু বেশিই বিগড়ে গেল তরুণিমার, "শুনুন, একদম বিটলেমি করবেন না আমার সাথে। "
" বিটলেমি নয়, তুমি কি ভুলে গেছ কাল চুক্তি হয়েছিল আমাদের মাঝে? নিজ হাতে স্বাক্ষর করেছিলে পেপারে। "
তরুণিমার মাথায় এতক্ষণে ধরা দিল ইয়াজিদ কেন এরকম হুকুম জারি করছে তার ওপর। নিঃশব্দে উঠে দাঁড়াল ও। কাইফ, জয়ন্তীকা ওদের জীবন নিয়ে কোনো ধরনের বেকুবি করতে চায় না। ওদের প্রাণটা বাঁচাতে পারলেই শান্তি মিলবে ওর। কোমল সুরে বলল, " ঠিক আছে,আপনার হট কফি নিয়ে আসছি। "
বলে ইয়াজিদের পাশ কাটিয়ে যাচ্ছিল ও, তখনই ইয়াজিদ ঘাড় উঁচিয়ে ভর্ৎসনা করল। কণ্ঠে বিচরণ গাঢ়ত্বের ," তুমি হট মেজাজে বানালে কফি নিঃসন্দেহে হটই হবে। "
তরুণিমা রুষ্ট নজরে চাইল। দাঁতে দাঁত চেপে কিছু বলতে গিয়ে নিশ্চুপতাকে পরম আপন করে নিল ও। সেই নেশাতুর ঘ্রাণটা ফের দোলা দিয়ে যায় নাসারন্ধ্রে। কি মোহনীয় ঘ্রাণ! চট করে মন বুঝল, অন্তর্দেশে কীর্তিনাশা তুফান সৃষ্ট করা সুগন্ধির মালিক ইয়াজিদ। সেখানে একবর্ণও উচ্চারণ না করে নিজ থেকে খুঁজে খুঁজে রান্নাঘরে আসে। রান্নাঘরেও একপাশে কাচের দেয়াল। প্রাচীর ভেদ করে নজর স্থগিত হয় বাহিরে। প্রভাতের ঝকঝকে আলোয় এদিক দিয়ে দুর্গম জঙ্গলের পথটা পরিস্ফুটিত। ইয়াজিদ কি জয়ন্তীকা ও কাইফকে ছেড়ে দিয়েছে? তার কথায় বিশ্বাস নেই এক ফোঁটাও৷ উপযোগী অবসরে তরুণিমা স্বয়ং যাবে দেখতে। এতে চোখের ও মনের বিবাদ ঘুচবে তড়তড়িয়ে।
নির্জন, নৈঃশব্দে ভরপুর বাড়িটায় একটা নারীও চোখে লাগে নি তার। এই বাড়িতে তবে নারী হিসেবে কেবল তারই উপস্থিতি। কফি বানিয়ে বসার ঘরে গিয়ে সম্মুখস্থ হলো সাব্বিরের। হাতে তিন চারটে শপিং ব্যাগ নিয়ে সমাগত তার। মুখে ক্যাবলাকান্তের ন্যায় হাসিটা অস্তিত্বশীল। ওকে দেখেই ফকফকে ও স্পষ্ট গলায় বলল,
" হ্যালো, ম্যাম। "
তার বাচনভঙ্গিতে, হাসিতে দ্রবীভূত হয়ে তরুণিমার ওষ্ঠে চওড়া হাসি ফুটল। নিমিষেই গালে বড্ড ক্ষুদ্রাকৃতির গর্তের সূত্রপাত হলো। আঘাত হানল পুরুষোচিত অসরল,ত্যারচা চাউনিতে। মেঘ ভাঙা রোদের মতো দুষ্প্রাপ্য ঠেকল হাসিটা। মেয়েটা হাসলে গালে টোল পড়ে! অত্যধিক চমৎকার দেখায়। উন্মাতাল করে তোলে মনপ্রাণ। নেশাগ্রস্ত হয় চাহনি। আলোকের বেগে নেশার্ত দৃষ্টিকে ছিনিয়ে আনে ইয়াজিদ। এসব কী হচ্ছে তার সাথে? এ কেমন অনুভূতি!
" কফি খাবেন,সাব্বির সাহেব? "
তরুণিমার কথায় সাব্বির হড়বড়িয়ে বলল," চা হবে ম্যাম? সাথে মুড়ি? মুড়ি দিয়ে চা খাব। "
ইয়াজিদ ক্ষিপ্ত, রোষপূর্ণ চক্ষে চাইতেই দমে গেল সে। মিনমিন করল, " ইট’স ওকে, ম্যাম। আমি খেয়ে এসেছি। "
সবাইকে ধমকের চোটে রাখে সাইকোটা! টেবিলে কফি রেখে ইয়াজিদকে পরোয়া না করে বলে," বসুন,সাব্বির সাহেব। আপনার পাগল বস চা খায় না, তাই চায়ের পাতাও নেই বাসায়, মুড়িও নেই। "
পাগল বলায় চোখ লাল হয়ে গেল ইয়াজিদের। তরুণিমা অল্প চেয়ে তড়াক করে দৃষ্টি লুকায়। চা খায় না ইয়াজিদ, বিশুদ্ধ কফি প্রেমিক সে। এই অজানা তথ্যকে তরুণিমা জেনেছিল ভার্সিটির লাইব্রেরিতে। সকাল সকাল আসায় ইয়াজিদের জন্যে ও নিজের জন্যে ক্যান্টিন থেকে চা নিয়ে যায়। তার হাতে চা দেখামাত্র ইয়াজিদ ঠোঁটে হাসি ঝুলিয়ে ব্যক্ত করে, " আমি চা খাই না, তরু। "
" তাহলে কফি নিয়ে আসি?"
উদভ্রান্ত মেশানো স্বরে বলে উঠে সে। ইয়াজিদ হাত থেকে কাপ নিয়ে চায়ে চুমুক দেয়। বলে, " আজ চা খাই। পরের বার তোমার সাথে কফি খাব। "
কি নিদারুণ সুন্দর ছিল সেই মুহূর্তগুলো! সময়ের স্রোতে পালটে গেল সব। ভাবনঘরে তালা দিয়ে সাব্বিরের জন্য কফি আনতে ছুটল। পা চালানোর সময় কানে বাজল সাব্বিরের কণ্ঠস্বর,
" আপনার মেডিসিনগুলো কোথায় রাখব,স্যার?"
" আমার রুমের ড্রয়ারে রাখো। "
কীসের ঔষধ? ইয়াজিদের মানসিক অসুস্থতা দূরীকরণের ঔষধ কি? কফি নিয়ে আসলে সাব্বির পানির ন্যায় ঢকঢক করে গিল ফেলল সবটা। ইয়াজিদের সাথে বাহিরে যাবে জরুরি কাজে। শপিংব্যাগ গুলো দেখিয়ে চটপটে গলায় শুধাল, " এখানে আপনার ড্রেস আছে,ম্যাম। আর কিছু লাগবে? লাগলে আমায় হুকুম করবেন শুধু। "
উত্তরে কিচ্ছু জানাল না তরুণিমা। ইয়াজিদ সম্পূর্ণ তৈরি হয়ে বাহিরে আসে। তাকে দেখতে পেয়ে বলল,
" দুপুরের রান্না করে রেখো। খাবারে আবার বিষ মিশিয়ে দিও না। "
তরুণিমা বিষঢালা গলায় প্রত্যুত্তর করে তাৎক্ষণিক, " মা-রার হলে কবেই মে-রে ফেলতাম!"
সাব্বির পড়ল ফ্যাসাদে। সে চলে যাবে নাকি স্থির হয়ে থাকবে বোধগম্য হচ্ছে না। সারা জনম দেখল, বর-বউয়ের মধুর প্রেমালাপ, আর এখন দেখে তার স্যার ও স্যারের বউয়ের ঝগড়া আলাপ। বিয়ে করে মানুষজন আদরে ডুবে থাকার জন্যে। অথচ, দুজনে ডুবে থাকে ঝগড়াতে।
___________________________
জানালা দিয়ে ইয়াজিদের গাড়ির প্রস্থানে আগ্রহী দৃষ্টি নিবদ্ধ করে রাখল তরুণিমা। গেইট দিয়ে গাড়ি বের হবার সাথে সাথেই তার কক্ষে এসে ঢুকল বাতাসের বেগে। মোক্ষম এই সুযোগের সন্ধানে ছিল তক্কে তক্কে। শত্রুকে ঘায়েল করতে হলে তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। দুর্বলতা না থাকলে কাউকে নিশ্চিহ্ন করা দুঃসাধ্য, ধরাছোঁয়ার বাইরে। তরুণিমা সুখ,শান্তি, ভালোবাসা সবকিছু পাওয়ার আশা অতলান্তিকে ভাসিয়ে দিয়ে মাথায় একটিমাত্র বাক্য গেঁথে রেখেছে,তা হলো-" ইয়াজিদকে ধ্বংস করা। "
আন্দাজে বিছানার পাশের ড্রয়ারেই এসে হাত দিল। তালা নেই, উন্মুক্ত। ড্রয়ার খুলতেই পেয়ে গেল ঔষধগুলো। কীসের ঔষধ হতে পারে এগুলো? মোবাইল বের করে ফটাফট ছবি তুলে নিল ঔষধগুলোর। ড্রয়ার বন্ধ করতে গিয়ে চোখের তারায় ভেসে উঠল একটি রোজনামচা। প্রচ্ছদের ওপর লিখা পরিচিত একটি নাম,যা নিঃশেষ করে দিয়েছে ওর জীবন-" সীরাত! "
অর্থাৎ, এটি সীরাতের ডায়ারি! ত্বরান্বিত করে ডায়ারিটা হাতে নিয়ে পৃষ্ঠা উলটাতে লাগল অবিচ্ছিন্নভাবে। লেখা ঢের। পড়ার নিমিত্তে প্রয়োজন পড়বে গুটি কয়েক রাত-দিন। আর ডায়ারিটা গায়েব করলে টের পেয়ে যাবে ইয়াজিদ। কাজেই, অন্যদিন পড়বে বলে সিদ্ধান্ত নেয়। বন্ধ করে রাখতে গিয়ে অন্তিম এক পৃষ্ঠায় দৃষ্টি অবিচল হয়ে যায় তরুণিমার। গুটিকতক শব্দের মিশ্রণে তৈরি বাক্যে স্থিতি লাভ করে অন্ত:করণ,
" তুমি তরুণিমার প্রেমে পড়ে গেছ, ইয়াজিদ। "
#চলবে~
( ইদানীং কারেন্টেরও লক্কর-ঝক্কর হাল। লিখে বসে ছিলাম, কারেন্ট আসলে পোস্ট করব বিধায়। এতক্ষণে এলো। দেরি হবার জন্য দুঃখিত,পাঠক।)