ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 19

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১৯

হুইল চেয়ার ছেড়ে ক্র্যাচকে অবলম্বন বানিয়ে হাঁটার প্রয়াসে বিহ্বল তামাটে বর্ণের পুরুষ। দৈবাৎ ব্যথার দরুন দেহের ভারসাম্য সামলাতে গিয়ে ব্যর্থ হয়ে পড়ে প্রায়। কাঠিন্যশূন্য, মসৃণ দুইটা হাত ফটাফট আঁকড়ে ধরল তার বাহু। হলো তার ঢাল। বাঁচিয়ে নিল তাকে জমিনে মুখ থুবড়ে পড়া হতে। তাম্রাভ পুরুষ অতি সত্বর সন্ধানী নজর ফেলল হাতের অধিকারিণীর পানে। তড়বড় করে অমাবস্যার রাত্রি ঘনাল তার ক্ষুরধার লোচনে। নিস্পৃহ হয়ে পড়ল প্রচণ্ড। গোমড়ামুখো বরকন্দাজ সেজে তার থেকে নরম চিত্তের মেয়েটিকে বলল,

" তোকে আমি সাহায্য করতে বলেছি? ছাড় আমাকে। তোর সাহায্য লাগবে না আমার। "

বিস্মিত হলো না বিনিতা। বুনো ঘোড়ার মতো তেজী হয়ে একটি মাত্র পীড়া তার মনোভূমিতে আশ্রয় নিল স্রেফ। তবুও, তানভীরের বাহুতে ঠাঁই পাওয়া হাত দুটিকে সরিয়ে আনল না। রাগে রণচণ্ডাল রূপ ধারণ করা তানভীর ভাই তাকে যতই নিষেধাজ্ঞা জারি করুক, সে জানে এ মুহূর্তে কারো সহায়তা তার অত্যন্ত প্রয়োজন। তার ভাগ্যাকাশে হয়তো কাঙ্ক্ষিত মানুষটির ভালোবাসা স্বরূপ তারাটি ঝিকিমিকি করবে না, জেল্লা দিয়ে ডাকবে না কাছে, তারপরেও বিপদের প্রহরে বিনিতা এড়িয়ে যেতে পারবে না মানুষটিকে। অনাচারী সহ্য করেও বলল,

" তোমার জিম করা বাহু কি আমি নিয়ে যাচ্ছি? পড়ে যাচ্ছিলে, ধরেছি এসে। কোথায় ধন্যবাদ দিবে তা না করে রাগ দেখাচ্ছ আমার সাথে। "

তানভীর নিপট উষ্ণতাহীন ধাতের। রাগটা তার মেজাজে কালেভদ্রে চওড়া হয়। তার সেই কভু কভু হওয়া রাগ প্রায়শ নিত্যদিনে পরিণতি লাভ করছে। বিশেষত, বিনিতাকে দেখলে। তার থেকে বয়সের তারতম্যে অত্যন্ত ছোট্ট মেয়েটিকে যে সে সর্বদাই রাগান্বিত চোখে দেখে ব্যাপারটা আদৌ এহেন নয়৷ বিনিতা তার পছন্দের। মাত্রাতিরিক্ত পছন্দের। কিন্তু পছন্দের ধরনেও ভিন্নতা থাকে অধিক। খালাতো বোন রূপে যাকে পছন্দ করে, তাকে মোটেই প্রেমিকা হিসেবে কল্পনার প্রাসাদে স্থান দিতে পারে নি সে। বহুতর চেষ্টার ফলে স্তিমিত স্বরে বলল,

" আমি এখন ঠিক আছি। "

বাহু ছেড়ে দিয়ে এক ইঞ্চি দূরত্বে দাঁড়ায় বিনিতা। বাড়ির সমীপের পিচঢালা রাস্তায় মুখোমুখি সে ও তানভীর। স্পষ্টভাষী মেয়ে সে। তার নরম অভ্যন্তর প্রয়োজনে ঝিনুকের খোলসের ন্যায় কঠিনও হতে পারে। অকস্মাৎ ছোঁয়াকে তানভীর ভুলভাবে যেন না নেয়, তাই আবোলতাবোল না বকে কুহকী স্বরে নির্দ্বিধায় বলল,

" আবেগের বয়সে তুমি আমার হৃদয়ে ঝড় তোলা প্রথম প্রেম, এটা আমি অস্বীকার করতে পারব না। অন্তত যতদিন আমার অস্তিত্ব আছে,ততদিন পর্যন্ত না-ই। কিন্তু আমি এখন আমি আমার প্রেমকে ছুঁতে আসি নি, একজন মানুষ হিসেবে তোমাকে সাহায্য করেছি। "

তানভীর চমকাল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি তাক করল সহসা," এমনটা কেন বলছিস?"

বিনিতা মুখ লেটকিয়ে গাঢ় গলায় বলল," তুমি আমার সবকিছুকে প্রেমে নিয়ে ঠেকাও তাই। "

" আমি কখন এমনটা বললাম?"
" বলো নি। কিন্তু আমাকে দেখেই নাক মুখ, ভুরু কুঁচকালে।"
" বিনু, তুই লক্ষ্মীমন্ত একটি মেয়ে। ভীষণ ভালো কাউকে ডিজার্ভ করিস,যে তোকে সুখে রাখবে। "
" উফ! তুমি একই কথা কয়বার বলবে? আমি তোমার অপেক্ষায় আর নেই। সুদর্শন এক ছেলে দেখে উথাল-পাতাল প্রেম করব, করে বিয়ে বসে যাব। এটাই আমার জীবনের উদ্দেশ্য এখন। "

বিনিতার চিকন ওষ্ঠকে লুটপাট করতে প্রস্তুত হাসি। তানভীর ওর শ্বেত রাঙা মুখকমলে নজর রাখল। স্বল্প গোলাপি অধরে হাসি দেখে স্বস্তি পেল ভিতরে ভিতরে। যাক! মেয়েটা বুঝতে পেরেছে তার কথাগুলো। আনন্দিত সুরে জিজ্ঞেস করল,

" তুই এখানে থাকবি নাকি ভিতরে যাবি?"
সামান্য দেরি না করেই উত্তর জানিয়ে দেয় ও," তুমি যাও। আমি একটু হাঁটব। সকালে হাঁটতে ভালো লাগে আমার। "

" ঠিক আছে বেশিদূর যাস না। "

" আচ্ছা। "

পথে আনাগোনা বাড়ছে মনুষ্য জাতির। বিনিতা রাস্তায় হাঁটতে বের হয়েছে কিছু সময় পূর্বে। তানভীর যাওয়ার পর পদক্ষেপ ফেলে সাদিক মেনশনকে পেছনে ফেলে এলো ও। জনশূন্য একটি গলিতে গিয়ে পিঠ ঠেকাল পুরোনো প্রাচীরের সাথে। পলকেই নেত্রযুগল ছাপিয়ে গড়াতে লাগল নোনাজল। মানুষের কান বাঁচিয়ে কাঁদতে থাকে নিঃশব্দে। ভালোবাসা পৃথিবীর সব মানুষকে ভালো রাখে না, তবুও বোকা মানব এই ভালোবাসাকেই মূল্যবান মনে করে। বিনিতাও বোকা মানবী, অত্যন্ত নির্বোধ।

ছাবেতার ডায়াবেটিস আছে। তিনি ভাবলেন, একটুখামি হাঁটাচলা করলে শরীরটা ভালো লাগবে। কাল আবার গ্রামে ফিরে যাবেন। ফটকের বাইরে বিনিতা ও তানভীর যখন কথোপকথনে ব্যস্ত, তখন তিনি ফটকের অপর প্রান্ত থেকে আড়িপেতে সবকটা কথা মনের কুঠুরিতে সযত্নে বন্দি করে তালাবদ্ধ করে ফেলেন। রান্নাঘরে সাদিক সাহেবের জন্যে চা বানানোতে মগ্ন শিল্পী বেগমের কাছে গিয়ে গড়গড় করে উগড়ে দিলেন সবকিছু। খোঁচা দিয়ে বললেন,

" কালা মাইয়্যাডা তোমার পোলার কী হাল করছে, দেখছ শিল্পী? "

পরক্ষণেই মনে পড়ার ভঙ্গিতে ভীতসন্ত্রস্ত হয়ে বললেন," ওই যে ইয়াজিদ নাকি ফিয়াজিদ, আমাগো থেকে বড়োলোক, পাগল পোলাডা কত বড়ো পাগল তোমরা কিচ্ছুই জানো না। ওইদিন হাসপাতালে অসৎ মাইয়াডারে একটু মন্দ কথা কইছিলাম শুধু, ওই পোলা আইস্যা আমারে পারে না খু-ন করে ফালায়। আল্লাহ কত সুন্দর একটা চেহারা দিছে পোলাডারে! গরুর দুধের লাহান ফরসা শরীলডা। এমন পোলা আমি আর দেহি নাই। পুরাই বিদেশিদের মতোন। এমন পোলা কালা, বিচ্ছিরি একটা মাইয়ার জন্য এত এত কাণ্ড ঘটাইব আমি ভাবতামই পারি নাই। আমি তো আগেও কইছি, এহনও কই এই মাইয়া কালা জাদু জানে। তোমার পোলাডাও ফাইস্যা গেল জাদুতে। ম-রব তোমার পোলা। মরণ আইছে আমাদের তানভীরের। পাগল,সুন্দর পোলাডা খু-ন করব তোমার পোলারে। মা গো মা! যা দেখলাম, পেত্নী মাইয়াডার লাইগ্গা একশডা খু--ন করতেও ওই পোলার হাত কাঁপত না। ও শিল্পী, লাগাম টানো তোমার পোলার। নইলে তোমার পোলা জানডা খোয়াইব আমি কইয়া দিলাম তোমারে। "

ছাবেতার ক্রমাগত কথা পোকার মতোন কিলবিল করছে শিল্পীর মাথায়। এক বর্ণও উচ্চারণ না করে চা নিয়ে দ্রুত পায়ে ঘরে ঢুকলেন। শব্দ করে কাপ রাখলেন টেবিলে। আওয়াজ কর্ণপাত হতেই সাদিক সাহেব হাত থেকে পত্রিকা রেখে সন্দেহের কাটা গাঁথলেন অর্ধাঙ্গিনীর ওপর,

" কী হয়েছে? "
স্বামীর প্রতি কোনোদিন ক্ষোভ দেখান নি শিল্পী। আজ এক লহমায় কণ্ঠে ঢেলে দিলেন কয়েক বর্ষ ধরে জমা সকল মনস্তাপ,
" ছেলেটা ম-রে গেলে আপনি শান্তি পাবেন? আমার ছেলেকে কেন বলির পাঠা বানিয়ে রেখেছেন আপনি, তানভীরের আব্বা? আমার সুস্থ ছেলেটা আজ হাঁটতে পারে না, ব্যথায় ছটফট করে, আপনি এসব দেখেন না? দেখেও না দেখার ভান ধরে থাকেন। পরের মেয়ের জন্য প্রাণ যায় আপনার। আপনি বাবা হতে পারেন নি। নামে মাত্র আমার সন্তানের বাবা আপনি। দয়া করে, আমার ছেলেটাকে বাঁচতে দেন। শেফা আপার কাছে বিনিতার জন্য প্রস্তাব নিয়ে যান। "

শেষমেশ আবারও কাকুতি-মিনতি করলেন তিনি। সাদিক সাহেব স্ত্রীর আচরণে কষ্ট অনুভব করলেন না। সন্তানের সুখের জন্য এমতর কাণ্ড তার তরফ হতে ভাবাই যায়। তানভীরের জন্য ভাবেন তিনি,কিন্তু তরুণিমা তার কাছে আমানত। তিনি আমানত রক্ষা করতে পারেন নি। বন্ধুকে কথা দিয়েছিল তার মেয়ের জীবনে সুখের অভাব হবে না, অথচ সিকিভাগ সুখও মেয়েটার কপালে জুটে নি। জাড় গলায় বলে উঠলেন,

" তরুণিমার কথা ভুলে গেলে চলবে না। তানভীরের ওপর আমি তরুণিমার দায়িত্ব আর চাপাই নি। সে নিজ থেকে এখন তরুণিমাকে পছন্দ করে। তাছাড়া মেয়েটাকে ওই বেয়াদব, পাগল ছেলেটার কাছ থেকে রেহাই করে আনতে হবে। এটা আমার দায়িত্ব। "

" আপনি পারবেন না। ওই ছেলের কাছ থেকে ওকে আনতে পারবেন না। বিয়ে যেহেতু হয়ে গেছে ওকে নিয়ে আপনার আর ভাবার দরকার নেই। বিয়ে পবিত্র জিনিস। আপনারা এই বন্ধন ভাঙার কেউ না। তরুণিমা নিজ থেকে ওই ছেলের সাথে গিয়েছে।"

" কেমন নিষ্ঠুরভাবে কথা বলছ তুমি? তানভীরকে বাঁচাতে গিয়েছে ও। "

" বাঁচাতেই গেছে না? তাহলে আমার ছেলেটাকে বাঁচতে দিন। "

স্বামীর পায়ের কাছে বসে পড়লেন শিল্পী। কাঁদতে লাগলেন আঁচলে মুখ চেপে। বাকরুদ্ধ হয়ে গেলেন সাদিক সাহেব। মিনিট এক পর বললেন," তানভীর এখন তরুণিমাকে পছন্দ করে। ও রাজি হবে না বিনিতাকে বিয়ে করতে। "

" যেভাবে হোক বিয়েটা হবে। আপনি শুধু আপাকে রাজি করান। একবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আপার মনে অনেক কষ্ট, রাগ। "

" ঠিক আছে। "

স্ত্রীকে বুঝ দিলেও তিনি জানেন তানভীর কখনোই মানবে না। সেকারণেই মূলত হ্যাঁ বলেছেন। তিনি এখনও মনপ্রাণে চান তরুণিমাই তানভীরের বউ হোক। মেয়েটার এসব বিয়েটিয়ে তিনিও মানেন না, বিয়ের নামে অত্যাচার করতে নিয়ে গেছে মেয়েটাকে। বহুতর চেষ্টার পর ইয়াজিদের নামে কেইস করতে পেরেছে একটি থানায়। থানার ওসি উনার বাল্যকালের পরিচিত একজন বন্ধুর ছেলে।
___________________________

তরুণিমার সমস্ত মাথা ঝিমঝিম করে উঠল। বুকটা সমুদ্রের লহরির ন্যায় কম্পনরত। ডায়ারিটা খসে পড়ল হাত থেকে। কী বলছে সীরাত! ইয়াজিদ ওকে ভালোবাসত! কীভাবে সম্ভব? ইয়াজিদ সীরাতকে ভালোবাসে। এটাই অমোঘ সত্য।
মেঝেতে বসে ডায়ারিটা হাতের আঁজলায় তুলে নিল পুনরায়। শুকনো পাতার খসখসে আওয়াজের ন্যায় শব্দ তোলে পাতা উলটে চর্মচক্ষু নিবিষ্ট করল কাঙ্ক্ষিত পাতায়।

" তুমি তরুণিমার প্রেমে পড়ে গেছ,ইয়াজিদ। বেইমানি করেছ আমার সাথে। যেদিন বাবা-মা হারানো আমি সর্বপ্রথম তোমাদের বাড়িতে পা রেখেছিলাম তুমি গ্লাস ছুড়ে মে-রেছিলে আমার পায়ে,চিৎকার চ্যাঁচামেচি করছিলে কেন আমাকে আনা হলো। এত মানুষ তোমার সহ্য হয় না, ভয় লাগে। মে-রে ফেলতে ইচ্ছে করে। আমি সেদিন প্রচণ্ড ভয় পেয়ে যাই তোমাকে দেখে। পায়ের অতিরিক্ত ব্যথায় জ্বর চলে আসে শরীরে। মা মনে করে তোমার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম সারারাত। সময়ের সাথে সাথে আমার শিশু মনে কে যেন ঢুকিয়ে দিল তুমি স্বাভাবিক নও,মানসিকভাবে অসুস্থ। তবুও অবুঝ মনে আমি তোমার সাথে মিশতে চাইতাম, তুমি মিশতে না আমার সাথে। সারাক্ষণ অন্ধকারে রুমে বন্দি থাকতে, চিৎকার করতে। ভয়ে আত্মা কেঁপে উঠত আমার। ভয় সরে গেলে আমি আবারও তোমার সাথে মিশতে চাইতাম। আমার একাকী জীবনে তুমিই ছিলে ভরসা আর তোমার অসুস্থ জীবনে আমিই ছিলাম তোমার আপন। তুমি যখন কলেজে ভর্তি হলে আমি একদিন তোমাকে ভালোবাসি শব্দটা বলে বসি। তুমি কোনো প্রতিক্রিয়া করলে না। মানসিক অসুস্থরা নাকি কোনো অনুভূতি সহজে বুঝতে পারে না? আমি তোমাকে ভালোবাসার মানে বুঝালাম। তোমাকে যখন বললাম আমি তোমাকে ছেড়ে চলে যাব, তখন তুমি বললে আমি ছাড়া তোমার কেউ নেই, আমাকেই তোমার আপন মনে হয়, আমার সাথে তোমার শান্তি অনুভব হয়। আমাকে ছাড়া তুমি অসম্পূর্ণ ব্যাপারটা কি ভালোবাসা নয়? এটা বুঝানোর পর তুমি বললে, তাহলে ভালোবাসাই বোধহয়। তুমি আমাকে ভালোবাসলে কিন্তু একই বাড়িতে থেকে আমার কাছে আসতে দ্বিধা করতে কেন? আমাকে স্পর্শ করতে তোমার মন মানত না কেন? অথচ তরুণিমার কত কাছে বসে থেকে ওকে প্রতিটা পড়া বুঝাতে তুমি! ওর সাথে কফি খাওয়াও ছিল তোমার নিত্যকার রুটিন।

মনে আছে? তোমার তো আবার সবকিছু মনে থাকে না অসুস্থতার জন্য। তরুণিমা একদিন রিকশা থেকে পড়ে গিয়েছিল ভার্সিটির সামনে। সেটা শুনে তুমি পাগলের মতোন ভার্সিটিতে ছুটে এসেছিলে। মনে পড়ছে কি? আচ্ছা!কীসের এত টান ছিল ওর জন্য তোমার? কেন আরও উম্মাদ হয়ে যেতে ওর কিছু হলে? এসবকিছুর উত্তর এটাই দাঁড়ায় তোমার অনুভূতিরা, তোমার ভিতর শুধুই তরুণিমাকে চায়। ইউ লাভস তরুণিমা।

সীরাতের কথাগুলো একদম তরুণিমার ভাবনার সাথেই মিলে গেল। কয়েক বছর পূর্বে ইয়াজিদের এরূপ আচরণেই তরুণিমা ভেবে নিয়েছিল ইয়াজিদ তাকে ভালোবাসে। সীরাত ও তরুণিমা দুজনের চিন্তাই কি তবে ভুল? ভুল না হলে ইয়াজিদ তার প্রতিটি দুঃখের কারণ হলো কী করে!
ফের পৃষ্ঠা উলটাল সে। একেবারে শেষের পৃষ্ঠায় এসে থামল। এটাই বোধহয় সীরাতের শেষ লেখনী। এরপর একটি পৃষ্ঠাও অবশিষ্ট নেই।

" তরুণিমাকে আমি চিনতে ভুল করেছি,ইয়াজিদ। তাকে আমি অনেক সরল মেয়ে ভেবেছিলাম। কিন্তু সে আগে থেকেই তোমাকে পছন্দ করত। আমাকে ব্যবহার করে তোমার কাছাকাছি গিয়েছে। তোমার আমার মাঝে ফাটল ধরিয়েছে। তুমিও তার প্রতি ঝুঁকে গেছ, আমি তো আর তোমাকে কখনোই পাব না। সে আমাকে বলেছে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিবে। তোমার নাকি ওর সাথে প্রণয়ের সম্পর্ক চলছে? আগে মানুষ ভার্সিটিতে কানাঘুঁষা করত আজ ওর মুখ থেকেই জানলাম। যাকে বান্ধবীর জায়গায় স্থান দিয়েছিলাম সে আমাকে ধোঁকা দিল। আর যাকে ঘিরে আমার অস্তিত্ব ছিল সেই মানুষটা আমাকে জীবন্মৃত করে দিল।এখন তরুণিমাই তো তোমার জীবনে থাকবে। আমি ছোট থেকে তোমাকে পাওয়ার সাধনা করেই এত বছর ছিলাম। কিন্তু তুমি অন্য কাউতে মজে গেলে। সর্বস্ব হারানো আমি পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তরুণিমা তোমাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। একদা তোমাকে বলেছিলাম, তুমি আমাকে ছাড়া কখনো অন্য কাউকে চাইলে আমি সবকিছু ছেড়ে চলে যাব। চলে যাচ্ছি আজ। আমার মৃ-ত্যুর জন্য তরুণিমা দায়ী। "

সমুদ্রে দিশেহারা নাবিকের মতো অনুভব হচ্ছে তরুণিমার। অবিশ্বাস্য লাগছে সবকিছু। সীরাত সুই*সাইড নোটে এসব কী লিখে গেল! ও এমন কিছুই বলে নি। তাহলে ওকে কেন দোষারোপ করে গেল! কেন মিথ্যে বলল! ডায়ারিটা দুর্বল হাতে ড্রয়ারে রেখে বেরিয়ে এলো। সারাটা সকাল, মধ্যাহ্ন নিজের ঘর থেকে বের হলো না সে।তার ভাবনঘরে সীরাতেরই আনাগোনা। সীরাত কি দুুমুখো ছিল? তার সাথে এত বন্ধুসুলভ আচরণ করে শেষ পাতায় কেন তার নামে এতগুলো মিথ্যা বলল? রাগে-জেদে আত্ম-হত্যা করে সীরাত তার জীবন ইয়াজিদ দ্বারা বরবাদ করতে চেয়েছে? কিন্তু কেন? শুধুমাত্র তরুণিমা ইয়াজিদকে ভালোবেসেছে বলে কেউ নিজের জীবনই বিসর্জন দিয়ে দিতে পারে অন্য কাউকে কষ্ট দেবার জন্যে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এমন কাজ করতে পারে না। সন্দেহ গাঢ় হলো। সীরাত তবে অস্বাভাবিকই ছিল!

অজস্র প্রশ্ন, চিন্তা-ভাবনা তরুণিমার মাথায় ঘুরপাক খেতে লাগল অনবরত। সমীকরণ মেলাতে সে ব্যর্থ হচ্ছে বারংবার। কেবল একটি সমীকরণই মেলাতে পারল তা হলো, সীরাতের এই কথাগুলোর জন্যই ইয়াজিদ তার জীবন বিনষ্ট করে দিয়েছে। ইয়াজিদকে সে যতই সাফাই গাইবে কখনোই তার কথা বিশ্বাস করবে না সে। তার বিশ্বাসের স্থানে কেবলমাত্র সীরাতের লেখা সুই-সাইড নোটই রাজত্ব করে।
________________________

ছেলেকে দেখে তানিয়া খান মমতার ভারে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ জুড়িয়ে আসে তার ছেলের মুখবিবর দেখামাত্র। প্রতি বর্ষে ফাল্গুনের ছোঁয়া যেমন নৈসর্গিকে একবারই দোলা দিয়ে যায় তেমন ইয়াজিদের পদাচরণও যেন বছরে একবার হয়। এই বাড়িতে এক রাত যাপন করতে তার সহস্র কুণ্ঠা মনোভাব স্পষ্টত। আশফাক খান ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্তসমস্ত থাকেন হরহামেশাই। ছেলের সাথে তার সাক্ষাৎ শুক্লপক্ষের চাঁদের মতোন। শৈশব থেকেই ইয়াজিদ বাবা-মা,আত্মীয়-স্বজন সকলের নিকট হতে অত্যন্ত দূরত্ব বজায় রাখে। ছেলেকে এক পল দেখার জন্য সংবাদ প্রেরণ করেন আশফাক খান। বাবার ডাকে সাড়া দিয়ে বাড়িতে আসে সে।

" তোমার সাথে আমার জরুরি কথা আছে। "
সোফায় বসে বললেন আশফাক। ইয়াজিদ বাবার সম্মুখের সোফায় বসল। সাব্বির একপাশে বৈদ্যুতিক খুঁটির মতোন স্থির হয়ে আছে। কফি নিয়ে আসলেন তানিয়া। ছেলের পাশে বসে স্বামীকে ইশারা করলেন তাদের একত্রে আলোচনার কথাগুলো ইয়াজিদের সমুখে পেশ করতে। তিনি গলা ঝাড়লেন,

" তোমাকে এখানে ডাকানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা তোমার জন্য মেয়ে দেখছি। "

ইয়াজিদ সোফায় হেলান দিয়ে বসল। তার গাম্ভীর্য মাখা স্বরে নিস্পৃহতার বসবাস, " মেয়ে কে? দেখতে কেমন?"

বিয়ে নামক সম্বন্ধে ইয়াজিদকে রাজি করাতে পারবে না বলে ধরেই নিয়েছিল আশফাক খান। আশার আলো পেয়ে জিজ্ঞেস করলেন দ্রুত গতিতে,

" তাহলে তুমি বিয়ে করতে রাজি?"

সাব্বিরের অন্তঃপুরে কথার জায়গা মিলছে না। কিছুতেই চেপে রাখতে পারছে না সে। মুখ থেকে অবাক মিশ্রিত ধ্বনি নির্গত হলো তৎক্ষণে,
" স্যার কয়টা বিয়ে করবে? স্যারের তো বউ আছে। "

আচম্বিতে প্রখর বিস্ময়ে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম আশফাক ও তানিয়া খানের। ছেলের দিক সংশয়ের দৃষ্টি মেলে প্রশ্ন করলেন সমস্বরে,

" কী বলছে সাব্বির?"

ইয়াজিদ ঘাড় উঁচিয়ে কেবল এক পলক দেখল সাব্বিরকে। ব্যাস! বিশালকার পাহাড়ের গা বেয়ে নেমে আসা তুষারস্রোতের ন্যায় সাব্বিরের সারা শরীরে হিম ছড়িয়ে পড়ল ভয়ের চোটে। দৃষ্টি হয়ে উঠল ভয়াল। ইয়াজিদ মায়ের দিকে চেয়ে সহাস্যে, ভরাট কণ্ঠে বলল,

" বিয়ে করে ফেলেছি আমি। "

" কাকে বিয়ে করেছ তুমি?" হতবাক আশফাক খান।

" তরুণিমাকে। "

সোজাসাপটা কণ্ঠে নামটা জানায় ইয়াজিদ। আশফাক খান বিদ্যুৎস্পৃষ্ট হন। মনে পড়ে যায় তরুণিমার চেহারা। ইয়াজিদকে কিছু জিজ্ঞেস করবার আগেই উঠে দাঁড়ায় সে। স্টুডিওতে কাজ আছে বলে বেরিয়ে যায়। ছেলের গতিরোধ করার ইচ্ছেশক্তি খুইয়ে ফেলেন তানিয়া খান। সে বেরিয়ে যেতেই আশফাক খান স্ত্রীর দিকে তাকায়। চমকিত সুরে বলেন,

" ইয়াজিদকে এতগুলো বছর আমেরিকা চিকিৎসা করিয়েও কোনো লাভ হলো না, তানিয়া। উলটো ওর মানসিক অবস্থার অবনতি হয়েছে। ওই মেয়েটার প্রতি ওর ক্ষোভ রয়ে গেছে। স্বাভাবিক মানুষের মতো কিছুতেই ভাবতে পারছে না ও।"

তানিয়া খান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কণ্ঠে খাদে নামিয়ে বলল," আমরা ইয়াজিদকে সত্যটা কেন বলে দিচ্ছি না যে সীরাত...

স্ত্রীকে সতর্ক করলেন আশফাক, " ভুলেও এটা বলবে না,তানিয়া। জানলে ইয়াজিদের পাগলামি আরও বেড়ে যাবে। ওকে হারিয়ে ফেলব আমরা। "

তানিয়া খান চুপসে গেলেন। কিছু কথা লুকায়িত থাকাই শ্রেয়। মিথ্যে বলার পাপবোধ ওনার ভিতর কুঁড়ে খেলেও উনি সত্য প্রকাশ করতে পারবেন না। এতে হয়তো সারাজীবন তরুণিমার দোষী হয়ে থাকবেন। কিন্তু ছেলের ভালো চান বলে এছাড়া আর কোনো উপায় নেই। আড়ালে থাকা কথাটি জানতে পারলে নিজের অল্পস্বল্প পুঁজি করা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে ইয়াজিদ। যেভাবেই হোক তরুণিমার সাথে যোগাযোগ করতে হবে উনার।

সাব্বিরকে গাড়ির চাবি দিয়ে ইয়াজিদ ক্ষিপ্ত স্বরে বলে, " তুমি বাড়িতে চলে যাও। "
আমতা আমতা করে সাব্বির," স্টুডিওতে যাবেন না,স্যার?"
ইয়াজিদ রক্তবর্ণ চক্ষে তাকাল। চিবিয়ে চিবিয়ে বলল, " একা যাব। তুমি আমার সাথে আর এক মিনিট থাকলে তোমাকে আমি উলটা লটকিয়ে মুখ সেলাই করে ফেলতে পারি। এখন সিদ্ধান্ত তোমার। "

সাব্বির গাড়িতে গিয়ে হামলে পড়ল হুমকি-ধামকিতে। জান বাঁচাতে হবে আগে। স্যার তার ওপর ক্ষেপে আছে প্রকট। গাড়ি স্টার্ট দিয়ে বোকাকান্ত হয়ে হাসল স্মিত। বা হাত নেড়ে বলল," টাটা,স্যার। "

তার বোকাটে কাণ্ডে ইয়াজিদের চোখের তারায় লালের আস্তরণ প্রসারিত হলো ঈষৎ। তবে সাব্বির তার অনেক কাজের। বোকাসোকা বলেই শঙ্কিত হয়ে জান বাঁচানোর নিমিত্তে তার গোপন কর্মগুলো গোপনই রাখে।
_____________________

একটি ম্লান বিকেল নেমেছে প্রকৃতির কোলে। কক্ষের খিড়কির ধারে সূর্যের শেষ বেলার রশ্মি অবলোকন করছে তরুণিমা। সীরাতের লেখা অসত্য কথাগুলো চিন্তা হয়ে তার সমস্ত অনুভূতি কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। জাগতিক কোনো কিছুই সাড়া পাচ্ছে না কাছেপিঠে। দুশ্চিন্তার সরোবরের অতল গহ্বরে নিমজ্জিত সে। আচমকা তার হাত ধরে টান দিল কেউ সর্বশক্তিতে। হেঁচকা টানের ফলে অজান্তেই তার বক্ষস্থল গিয়ে মিশল পুরুষোচিত বুকে। পুরুষোচিত স্বর হতে উন্মুক্ত হলো বজ্রনিনাদ,

" হ্যাভ ইউ টাচড সীরাত'স ডায়ারি?"

#চলবে~
( গল্প মধ্যরাত্রিরেই দিতাম। কিন্তু কোনো এক কারণে দেওয়া হয় নি। রি-চেইক ছাড়া দিই নি, যদি অতিরিক্ত এলোমেলো হয়ে থাকে তাই। পরবর্তীতে এখন আরেকটু লিখলাম। বড়ো একটি পর্ব দিলাম। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন