ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 20

লেখক: আসরিফা সুলতানা জেবা

#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২০

" ইয়েস! আই টাচড হার ডায়ারি। "
নির্দ্বিধচিত্তের তরুণিমার গলদেশ বেয়ে নির্গত হয় শঙ্কাহীন বাক্যবাণ। কান্তলৌহ সদৃশ পুরুষের ক্রোধে আরক্ত চাহনির সামনে তার কমল-আঁখির নিশানা অকম্প,মজবুত। বাইরে সে কঠিনীভূত হলেও বুকের ভেতরের মোলায়েম অঞ্চল নিয়ন্ত্রণবিহীন। অনুভূতিতে-অনুভূতিতে বেঁধেছে তুমুল গন্ডগোল। প্রবল আলোড়নে মত্ত অভ্যন্তর। বিনাশকারী অদৃশ্য প্রভঞ্জন ঢেউয়ের মতো আছড়ে পড়ছে সুগঠিত,মনোহর শরীরে। ভারী নিঃশ্বাসে উঠা-নামা করছে বুক। লেপ্টে আছে প্রশস্ত বক্ষে। রোষানলের তেজে কাছে টানা আলিঙ্গন বড্ড নিবিড়। দুর্বার অনুভূতিকে ছাপিয়ে সামাল সামাল ধ্বনি প্রস্ফুটিত হয় মননে। সরে আসতে চায় সে, পেছায় দেহ। দানবীয় শক্তিতে নিষ্ফল হয়ে পড়ে তার কোমল দেহের প্রচেষ্টা। বাহুতে বিস্তার লাভ করে অসুরে চাপন। চিকন,মসৃণ ওষ্ঠাধরের রেহাই মিলে তক্ষুনি। মুখ ছিটকে ক্ষরিত হয় বেদনাক্রান্ত রব,
" আহ! ছাড়ুন আমাকে। "

ক্লেশ মিশেলের আর্তনাদ শ্রবণ হওয়া সত্ত্বেও ইয়াজিদের রাগ কমল না, বরঞ্চ লঙ্ঘন করল সীমারেখা। ক্রোধাবিষ্ট দু চোখ। বাদামি রঙের মণিতে র-ক্তিম রঞ্জক মিলেমিশে একাকার। লোহিতবর্ণ হয়ে আছে চক্ষুযুগল। বাহুতে চাপ হ্রাস পাওয়ার বদলে বৃদ্ধি পেল দ্বিগুণ। কালো কালো রোমরাজিতে শোভামণ্ডিত ফরসা আদলে দৃঢ়তা বিশদ। ফুলেফেঁপে উঠেছে কপালের দু পাশের শিরা। দহনে তপ্ত কণ্ঠস্বর,
" কেন ধরলে তুমি ওর ডায়ারি? আমার অনুমতি ছাড়া কেন হাত দিলে ড্রয়ারে? কী ভেবেছিলে আমি জানব না? এই বাড়িতে সব আমার ইশারায় হয়,এটা আমার নিজস্ব রাজ্য। তোমার একটি চলনেও নজর থাকে আমার। "

বিস্ময়বিমূঢ় গ্রাস করে নিল তরুণিমাকে। সে যেটা ভেবেছিল তা-ই বোধহয় সত্য। গোপন ক্যামেরার স্থিতি রয়েছে এখানে। কর্ণপাতে আসা প্রশ্নের প্রতুত্তর না করে পূর্ণ দৃষ্টি তাক করল ইয়াজিদের দিক। তার কণ্ঠে বিদ্রুপের ফোয়ারা,
" আপনার প্রতি করুনা হচ্ছে, ইয়াজিদ। আজ আপনার প্রতি একটুও রাগ হচ্ছে না। একটা মেয়ে আপনাকে গুটি বানিয়ে খেলে গেল। সে ম-রে গেছে, কিন্তু তার গুটির চাল এখনও চলমান। "

ইয়াজিদ উগ্র চোখে তাকাল। রাগান্বিত স্বরে বলল," ফালতু কথা বলবে না, বেইমান মেয়ে। "

তার বক্ষঃস্থলের সন্নিকটে থেকেই কণ্ঠে কঠোরতা বজায় রেখে জবাব দিল তরুণিমা," আমি ফালতু কথা বলছি না। আপনি ব্যবহৃত হয়েছেন সীরাতের দ্বারা। সে আমাকে কষ্ট দিতে আপনাকে ব্যবহার করেছে। যা আমি করি নি,সেসব লিখে গিয়েছে ডায়ারিতে। "

ইয়াজিদ শ্লেষাত্মক স্বরে বলল, " তুমি অন্যায় করো নি? পছন্দ করতে না আমাকে? আমাকে পাওয়ার জন্য সীরাতকে বলো নি ওইসব? বলো নি,আমি তোমাকে ভালোবাসি? "

" হ্যাঁ, বলেছি। আপনাকে আমি চেয়েছিও। আপনি আমাকে ভালোবাসেন এ কথাটা শুধু আমিই একা বলেছি? সীরাত বলে নি? ভার্সিটির মানুষজন বলে নি? আমি আন্দাজে বলেছিলাম এটা সীরাত জানত। আমাদের মধ্যে প্রেম আছে এসব আমি কখনোই বলি নি। মিথ্যে লিখেছে সে। আমাকে কেন কষ্ট দিতে চেয়েছে জানিনা। আবার মনে হয়,আপনার মতো নিষ্ঠুর ব্যক্তিকে ভালোবেসে ফেলেছিলাম তাই। কিন্তু আমি কোনো অন্যায় করি নি। যেখানে আমি জানতামই না কাজিনের সম্পর্ক ব্যতীত আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, সেখানে আপনাদের আলাদা করার কথা আমার ভাবনায় আসবে কীভাবে? আমি শুধু আপনাকে ভালোবাসার পাপ করেছিলাম ইয়াজিদ। আর কোনো পাপ আমি করি নি। "

শেষোক্ত বাক্য দুটো বলতে গিয়ে যন্ত্রণারা দলবল বেঁধে জল রূপে জমা হয় তরুণিমার চোখের অতল দীঘিতে। টলমলে ওর দৃষ্টি। তার সবশেষে কথিত কথায় ইয়াজিদের মেজাজ বিগড়ে যায়। তাকে ভালোবেসে তরুণিমা পাপ করেছে এ কথাটায় তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, মুখ জুড়ে কাঠিন্যতা। জ্বলে উঠল বহ্নিশিখার ন্যায়,

" মিথ্যে বলছ তুমি। তুমি একটা ছলনাময়ী। সীরাতকে ওইসব কথা বলে মৃ-ত্যুর দিকে ঠেলে দিয়েছ তুমি। এখন কান্নার অভিনয় করে আমাকে এসব বললে আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে ভেবেছ? "

গলার আওয়াজ খাদে নামিয়ে পুনর্বার বলল," নিজের দু কান খোলা রেখে শুনে নাও, আমার মৃ-ত্যুই তোমার মুক্তি। আমি বেঁচে থাকতে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে মুক্ত করে নিতে পারবে না, স্বয়ং তুমিও না। "

তরুণিমার মৃদু ভেজা, স্বল্প স্বাভাবিক সুরেই বলল," আমার কান্নার পেছনে কোনো অভিনয় নেই। বরং আজ আমার আপনার জন্য আফসোস হচ্ছে। যাকে ভালোবেসেছেন সে আপনাকে ব্যবহার করেছে। আচ্ছা, আপনি আদৌ তাকে ভালোবেসেছিলেন তো? নাকি তার হুকুমের গোলাম ছিলেন?"

বলামাত্র বাহু ছেড়ে দিল ইয়াজিদ। সর্পের ন্যায় ফুঁসে উঠল সে। তড়িৎ বেগে মুষ্টিমেয় আবদ্ধ করে নেয় তরুণিমার গলা। দমে টান পড়ে তরুণিমার। শ্বাস-প্রশ্বাস ক্রিয়ায় ঘটে ব্যাঘাত। ক্ষণে ক্ষণে শ্বাস চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ইয়াজিদের বলশালী হাতের কব্জি চেপে ধরে ছাড়ানোর চেষ্টায় অসফল হয়ে যাচ্ছে বারংবার। চোখের দীঘি থেকে নেমে আসা জলে সিক্ত গাল দুটি। খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে লাগল ওর ছোট্ট প্রাণপাখি।

ছেড়ে দিল ইয়াজিদ। কাশতে কাশতে তরুণিমা মেঝেতে বসে পড়ল। তার অধোবদন থেকে ঝরতে থাকে অশ্রুজল। ইয়াজিদ এক হাঁটু মেঝেতে ভর দিয়ে বসল ওর সম্মুখ। উষ্ণতাহীন স্বরে বলল,
" ফারদার এমন কথা বলবার আগে পরিণামের কথা ভেবে নিবে। পরের বার তোমার পরিণাম এর চেয়েও ভয়ংকর হবে। "

সঙ্গে সঙ্গেই তরুণিমা নতবদন উপরে তুলল। অশ্রুতে ভেজা তার চোখ। ব্যথার কারণে তার কণ্ঠের স্বর প্রায় দমে যাওয়ার পথে। অত্যন্ত প্রয়াস চালিয়ে অস্পষ্ট গলায় বলে উঠল,

" পরিণাম যতই ভয়ংকর হোক,আমি হাজার বলব। যে অন্যায় আমি করি নি সেটা নিয়ে বলতে আমার কীসের ভয়? অন্যায় করেছেন আপনি ও সীরাত। যাকে আপনি ভালোবাসেন নি তাকে ভালোবাসার দাবি করে আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন। আপনি তাকে কখনোই ভালোবাসেন নি। ইয়াজিদ, আপনি জানেনই না ভালোবাসা কেমন হয়, কাকে বলে। সীরাত আপনাকে বলেছিল আপনি তাকে ভালোবাসেন, সেটা কি কখনও আপনার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছেন? পারবেন কীভাবে? আপনার তো বোধশক্তিই ম-রে গেছে। আমি আপনাকে বলছি ভালোবাসা কাকে বলে,ভালোবাসায় কেমন অনুভব হয়। "

কাশি আরম্ভ হয়ে গেল তরুণিমার। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে এখনও। ব্যথিত কণ্ঠে অনর্গল বলতে থাকল,

" কারো কষ্টে যন্ত্রণা অনুভব হওয়া, তার পছন্দকে মানিয়ে নেওয়া, তাকে দেখলে, তার সান্নিধ্যে থাকলে বুকের ভেতর উথাল-পাতাল হওয়াকে ভালোবাসা বলে। তাকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছে বিলীন হয়ে যাওয়াকে ভালোবাসা বলে। যাকে আপনি ভালোবাসি দাবি করেন তার জন্য কি কখনও এসব অনুভব করেছেন,ইয়াজিদ? সীরাতকে ছাড়া কখনও বিলীন হয়ে যেতে ইচ্ছে করেছে আপনার? যার জন্য এসব অনুভব করবেন সে-ই আপনার ভালোবাসা। "

ইয়াজিদ জবাব না দিয়ে প্রস্থান করল। আর এক মিনিট সেখানে থাকলে মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সে। তরুণিমার কান্নারত চেহারাও সহ্য করতে পারছিল না কিছুতেই। অজানা এক যন্ত্রণা ছড়িয়ে পড়ল বুকের ভেতরে। তরুণিমার গলা, বাহু চেপে ধরা হাতটাকে দেখতে লাগল নির্নিমেষ। জেদের বশে সেই হাতের পাঁচ আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ঘুষি মা-রল ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটাতে। মুহূর্তেই ফাটল ধরল আয়নায়। উদভ্রান্ত হয়ে পরপর কয়েকবার ভাঙা আয়নাটায় মুষ্ট্যাঘাত করল ইয়াজিদ। এবারে ভেঙে তচনচ হয়ে মেঝেতে পড়ল আয়নার একেকটি খন্ডাংশ। তবুও রোষ কমল না তার। আয়নার ধারালো ছোঁয়ায় হাতের উপরিভাগের চামড়া ছিঁড়ে গড়াতে লাগল লাল তরল। র-ক্তে ভিজে গেল হাত। মেজাজের গতিবিধি পরিবর্তন হবার নামধাম নেই। এ যাবত যতবার ওই মলিন শ্যামবর্ণের মেয়েটাকে আ-ঘাত করেছে সে,ঠিক ততবারই ভেতরটাকে সূক্ষ্ম এক যন্ত্রণা কাবু করে নেয়। মেয়েটা কেন রাগায় তাকে? অতিরিক্ত রাগে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে যে অস্বাভাবিক এক মানবে পরিণত হয় ইয়াজিদ।

তরুণিমার মনে অন্য এক সমীকরণও মিলেছিল। ডায়ারিতে লিখা ওই বাক্যাংশ পড়ে সে বুঝে গিয়েছিল ইয়াজিদ কখনো সীরাতকে ভালোবাসে নি। সীরাতকে ভালোবাসলে সে প্রপোজ করার সাথে সাথে কখনোই ফিরিয়ে দিত না সীরাতকে। ভালোবাসা উপলব্ধি হলে তাকে সীরাতের কোনোদিন বলতে হতো না, তাকে ছাড়া ইয়াজিদ কষ্ট পেলেই তা ভালোবাসা। ইয়াজিদ মানসিকভাবে অসুস্থ। মানসিক ভারসাম্যহীনকে তার খুব কাছের,প্রিয় কেউ নিয়ন্ত্রণ করা একদমই সহজ। সীরাত এক ধরনের ব্ল্যাকমেইল করে ইয়াজিদের সাথে প্রেমের সম্পর্ক গড়েছে, তার মস্তিষ্কে ঢুকিয়েছে এটা ভালোবাসা। ইয়াজিদ মূলত তাকে বা অন্য কাউকে ভালোই বাসে না। অথচ এই অনুভূতি ইয়াজিদ কখনো বুঝার চেষ্টা করে নি, এখনও করতে পারে নি। তার রুমের বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন করে রেখেছে নির্দয় লোকটা। গলায় শুষ্কভাব দূর করতে বসার ঘরে আসে পানি খেতে। রান্নাঘরের কাচের প্রাচীরের ওপর দিয়ে দেখতে পায়,একটি পুরুষালি দেহ জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। পিছন থেকে বলিষ্ঠ শরীরটা চিনতে দেরি হলো অত্যল্পকাল। কণ্ঠনালি গলিয়ে উচ্চারিত হলো,
" ইয়াজিদ! "

তরুণিমার বক্ষস্থলে অসহ্য কম্পন ছড়িয়ে পড়ল তৎক্ষণে। ভয়ানক অরণ্যের মধ্যে অবস্থিত সেই বাড়িটা কারো না কারো জন্য মৃ-ত্যুকূপ মনে হয় ওর। ইয়াজিদ কি জয়ন্তীকা আপু ও কাইফ ভাইকে ছাড়ে নি! মে-রে ফেলে নি তো দুজনকে! ইয়াজিদ কি ধোঁকা দিল তাকে?
____________________________

চারদিক থেকে বদ্ধ ঘরটা র-ক্তের গন্ধে পরিপূর্ণ। উৎকট গন্ধে, অসহনীয় ব্যথায় অর্ধমৃ-ত হাল কাইফের। বিছানায় পড়ে আছে নিস্তেজভাবে। দরজা খুলে প্রবেশ করল ইয়াজিদ। শ্বেতরাঙা রশ্মির তেজে আলোকিত ঘরখানা। ঘরের কোণে অবহেলায় পড়ে থাকা চেয়ারটা টেনে এনে রাখল তার বিছানার নিকটস্থে। কালো ব্লেজার খুলে ঝুলিয়ে রাখল চেয়ারের ঠেলান দেওয়া অংশে। পরনে কালো প্যান্ট, চুনের মতো সফেদ শার্ট ইন করা। চেয়ারে বসে শার্টের হাতা গুটিয়ে নিল কনুই পর্যন্ত। অনাবৃত হলো লোমশে পূর্ণ পেশিবহুল হাত। উন্মুক্ত করে দিল বুকের কাছটার দুটো বোতাম। দু ঠোঁটের মাঝে সিগারেট বন্দি করে লাইটার চাপল। আগুনের ক্ষুদ্র শিখায় পোড়াল সিগারেটের সম্মুখ অংশ। কাইফের দিকে চেয়ে ধূম্র ছাড়ল। একজন বডিগার্ডকে ইশারা করল তার মুখ থেকে কাপড়ের বাঁধন সরিয়ে দিতে।

এক হাত,দু পা বাঁধা কাইফের। অন্য হাত অকেজো হয়ে গেছে চিরকালের জন্যে। মুখ থেকে কাপড় সরাতেই অশ্রাব্য ভাষা প্রয়োগে ব্যস্ত হয়ে পড়ল সে,
" কু-ত্তার বাচ্চা! আমার হাত কা-টলি কেন? "

ইয়াজিদ চোখ বুঁজে আয়েশি ভঙ্গিতে সিগারেটে টান দিল। তৎপরে ঠোঁট থেকে সরিয়ে রাখল আঙ্গুলের ভাঁজে। তেজহীন , শীতল চোখে তাকাল কাইফের দিক। চেয়ারে হেলান দিয়ে বলল,

" কী বলেছিলি তুই? তরুকে হাজার বার ছুঁয়ে দিবি? তুই তরুকে ছুঁয়ে দিবি শুনে মেজাজ গরম লাগছিল, তখন তোর হাত কা--টাতেই ছিল আমার মন। এখন ঠিকভাবে কথা বলতে আসলাম তোর সাথে। তরুকে এ পৃথিবীর কোনো পুরুষ ছুঁতে পারবে না। যে এই দুঃসাহস করবে তোর মতো সবার হাত কে-টে দিব আমি৷ হোক স্পর্শ নোংরা ও স্বাভাবিক কেউই স্পর্শ করতে পারবে না তরুকে। তোর ভাগ্য ভালো, তুই ওর জন্য ছাড়া পেয়ে যাচ্ছিস। "

" তুই তো ওকে ভালোবসিস না৷ কষ্ট দিতে চাস। ওকে ছুঁয়ে দিলে তোর কী?"

অনতিবিলম্বে উত্তর দেয় ইয়াজিদ,
" সে আমার চাওয়া। তাকে আমি চাই। ও শুধু আমার। "

কাইফ বিশ্রী হেসে বলে," পুরুষের চাওয়া দুই রকম হয়। ভালোবাসা আর কামনা। তুইও তাহলে কামনার চোখেই দেখিস ওকে। আর আমি কামনার দৃষ্টিতে তাকালে,চাইলে দোষ?"

কথা শেষ করা মাত্র কাইফের যন্ত্রণামিশ্রিত চিৎকারে ভারী হয়ে উঠল ঘর। দেয়াল ভেদ করে তার চিৎকার মিশল গিয়ে প্রাকৃতিক পরিমণ্ডলে। বৃহদাকার, সুউচ্চ তেঁতুল গাছে ঝুলে থাকা বাদুড়গুলো ভয়ের তোপে ঝাঁক বেঁধে ছোটাছুটি করতে লাগল কৃষ্ণাভ অম্বরিষে। ইয়াজিদ হাতের জ্বলন্ত সিগারেট ঠাসা দিয়ে রেখেছে কাইফের ঠোঁটের ওপর। হুংকার ছেড়ে বলতে লাগল উদ্দাম,

" তরুণিমা আমার কামনা নয়,শুয়ো-রের বাচ্চা। ও আমার কাম নয়। ওকে আমি কামনার দৃষ্টিতে দেখি নি। ও আমার...."

কাইফ জ্ঞান হারিয়ে ফেলেছে। ইয়াজিদ তার ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ফেলে দেয় ঘরের নিম্নতলে। চেয়ারে বসে নিজের অর্ধসমাপ্ত কথাকে পূর্ণ করতে চায় সে। তরুণিমা তার চাওয়া। তবে তরুণিমাকে সম্ভোগে পাওয়ার বাসনা করে নি সে কভু। তাহলে তরুণিমা তার কেমন চাওয়া!
কষ্ট দিতে আনলে অন্য কেউ কেন তার সংস্পর্শে আসতে পারবে না? কেন সহ্য হয় না? তবে কী? নিজের র-ক্তমাখা হাতের দিক চেয়ে বিস্ময় সমেত উচ্চারণ করে ইয়াজিদ,

" তবে কি তরুকে আমি ভালোবাসি? তরু আমার ভালোবাসা! আই লাভ হার!"

#চলবে~
( দেরি হবার জন্য দুঃখিত। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

টাইপোগ্রাফি : রত্না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন