#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___২২
শরবিদ্ধ হরিণের মতো ছটফট করছে তরুণিমার বক্ষঃস্থল। পাগলাটে দৃষ্টির সামনে ভূকম্পন অনুভূত হচ্ছে তার মন জমিনে। ফুলের পাপড়ির মতো খসে পড়ছে মন কাননের সমগ্র মুকুল। নেশার্ত স্বরযন্ত্র থেকে নির্গত হুমকিগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে মাদল রূপে। বাদামি মণির তেজের সামনে নিভুনিভু ওর চোখের তারা। তার মুখের ওপর একদৃষ্টিতে চেয়ে আছে ইয়াজিদ। মাদক মাখা নিমেষহীন দৃষ্টিতে চেয়ে তরুণিমার বুকের ভেতরের স্পন্দন বুনো ঘোড়ার মতোন নিয়ন্ত্রণ হারাল। কুলুপ আঁটা দ্বার ভেঙে মুক্ত হবার আশায় পুরোনো অনুভূতিরা দাপাদাপি করতে লাগল প্রবল বেগে। জলোচ্ছ্বাস মনে হতে লাগল তার দিকে অলপক দৃষ্টি তাক করে রাখা চোখ দুটিকে, যার তীব্র ঝাপটায় মোহগ্রস্ত হয়ে ভেসে যেতে চাইছে তরুণিমার তনুমন। গরম নিঃশ্বাস মুখে পড়তেই চ্যুতি লাভ করল মোহ থেকে। হুঁশ ফিরল ঝটপট। মুখ অন্যদিকে ঘুরিয়ে মৃদু বাতাস টেনে নিয়ে জড়ো করল ফুসফুসে। ইয়াজিদ নেশা করেছে, কিন্তু সেও কি নেশা করেছে! নেশা করা একটা মানুষের চোখেও মাদকতা জমা হবে স্বাভাবিক, অথচ নেশায় আবোলতাবোল বকা কথায় তার অনুভূতিগুলোকে কেন দমাতে পারছে না? বদ্ধ ঘরের অর্গল খুলে কেন বাহিরে বেরিয়ে আসার প্রয়াস করছে এগুলো? অনুভূতিগুলোকে সংযম করার আগেই এলোমেলো করে দিল ইয়াজিদ,
" মুখ অন্যদিকে ফেরালে কেন,হুম? আমার অনুমতি ছাড়া মুখ কেন ফেরালে?"
শ্যামবরণ চেহারাটা দেখতে ব্যাঘাত ঘটায় হড়বড় রাগ চড়ে গেল ইয়াজিদের মাথায়। তরুণিমা ঘাড় সোজা করে তার দিকে তাকাল। সোফায় সেঁটে আছে ওর শরীর। ক্ষিপ্র কণ্ঠে বলল,
" আমার মুখ আমি ফিরিয়েছি। আপনার সমস্যা কী?"
ইয়াজিদ ঝুঁকে থেকেই বলল," গোটা তুমিই আমার সমস্যা।"
পর মুহূর্তেই কম্পনরত ঠোঁটের দিকে চেয়ে প্রশ্ন করল দ্রুত গতিতে, " তুমি আবার ঠোঁট নাড়াচ্ছ কেন? বারণ করেছি না?"
গম্ভীর কণ্ঠের ধমকানিতে তরুণিমা কিঞ্চিৎ ভয় পেল। চুটকিতে সাহসও জুগিয়ে ফেলল মনে। থোড়াই পরোয়া করে সে লোকটাকে। নির্ভয় গলায় বলে উঠল,
" আপনার বারণ আমি শুনব কেন?"
ইয়াজিদ কে*টে ফালাফালা করে ফেলবে এমনতর চোখে চেয়ে বলল," শুনতে তুমি বাধ্য। "
" শুনতে আমি বাধ্য নই। কাছে আসছেন কেন? মদ খেয়ে মাতাল হওয়ার পাশাপাশি চরিত্রেও কি সমস্যা দেখা দিচ্ছে?"
মোহনীয় দৃষ্টি সরে গিয়ে ক্ষুরধার হয়ে উঠল ইয়াজিদের দু চোখের চাহনি। মায়া দিয়ে হৃদয় হরণ করার ক্ষমতা ধারণ করা মুখবিবরের ওপর গিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল সমস্ত জেদ। হাতে থাকা ভাঙা গ্লাসখানি চেপে ধরতে চাইল তরুণিমার ঘাড়ের একপাশে। শঙ্কিত হয়ে নেত্রযুগল বুঁজে ফেলল সে। তিরবিরে ওর দু চোখের পল্লব৷ ধকধক করে কাঁপছে বুক। মুহূর্তেই যমদূত মনে হচ্ছে ইয়াজিদকে। প্রাণ নিয়ে নিলে নিক! অন্তত তার কষ্টের অবসান তো হবে! ক্ষীণ সময় পার হবার পরেও কোনো আঘাত অনুভব করতে অসফল হওয়ায় চোখ মেলে তাকানোর চেষ্টা করল। কর্ণ গহব্বরে এলো দাবানলে পরিণত হওয়া কণ্ঠস্বর,
" মুখ সামলে কথা বলবে৷ তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো রুচি নেই। তোমাকে দেখলেই আমার ঘৃণা হয়। তোমার জন্য নিজের চরিত্র নষ্ট করার কোনো মানেই হয় না। দূরে থাকবে আমার কাছ থেকে। "
শাসন-বারণ করে সরে গেল ইয়াজিদ। তরুণিমা বোকা বনে গেল। আহাম্মক হয়ে তাকিয়ে রইল তার দিক। লোকটা নিজ থেকে কাছে এসে ওকে হু-মকি দিচ্ছে দূরে থাকতে! পাশে চেয়ে দেখল ভাঙা, শানিত গ্লাসটা সোফায় পড়ে আছে। শরীরটা বেশ খারাপ লাগছে ওর। কথা না বাড়িয়ে ইয়াজিদের অনমনীয় দৃষ্টি থেকে সরতে চাইলে পথিমধ্যে অদেখা দেয়াল তুলে দেয় সে। সোফায় ঘাড় হেলিয়ে দিয়ে তিরিক্ষি মেজাজে বলে,
" আজ ছেড়ে দিলাম। পরের বার গ্লাসটা ঠিক তোমার ঘাড়ের মাংস ভেদ করে ঢুকে যাবে। তোমার কাছে চরিত্র নষ্ট করতাম তোমাকে চাইলে। তোমাকে আমি বিছানায় পেতে চাই না বেয়াদব মেয়ে,চরিত্র নষ্ট করতে যাব কেন? তুমি আমার দু চোখের বি-ষ। আই হেইট ইউ। "
তরুণিমার ওষ্ঠদ্বয় প্রসারিত হয়। ইয়াজিদের কান বাঁচিয়ে স্বগতোক্তি করে সে," মেনে নিলাম, ইয়াজিদ। আই হেইট ইউ টু।"
আজ আর এখানে ঘুমাবে না ও। অন্ধকার, ঠান্ডা ঘরটাতেই রাত্রিযাপন করবে বলে সিদ্ধান্ত নিল। দিনের আলোতে ঘরটাতে বসবাস করার উপযোগী মনে হলেও শৈত্যের কুয়াশায় আবৃত রজনিগুলোতে প্রচণ্ড কষ্টকর হয়। ঘরে পা রাখতেই মুঠোফোনের ভাইব্রেটের কুৎসিত শব্দ কানে বাজল। তরুণিমা চমকাল! বিস্ময়ে থমকালো দেহ। এখানে আসার পর থেকে তার ফোনে একটি কলও আসে নি। মুঠোফোনটি সচরাচর হাতেও নেওয়া হচ্ছে না ওর। ইয়াজিদ ফোনটি কেড়ে নিতে পারে সেই ভয়ে ঘরেই রেখে দিয়েছে ফোনটা। সাদিক সাহেব কল করেছে ভেবে খুশিয়াল মেঘ ঘনাল চেহারায়। বাবা সমতুল্য মানুষটা ওর ওপর রাগ করে এতদিন কল করে নি ধরে নিয়েছে ও। তাঁকে না বলে চলে আসাটা নিঃসন্দেহে অন্যায় হয়েছে, তার প্রতি অসম্মান করা হয়েছে। কিন্তু তাদের সম্মান, প্রাণ বাঁচাতে এ ছাড়া অন্য কোনো উপায়ান্তর খুঁজে পায় নি সে।
বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিতেই কালো মেঘে অত্যধিক মলিন হয়ে গেল কৃষ্ণাভ মুখটি। অপরিচিত- অজ্ঞেয় একটি নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে কানের ওপর ঠেকাতেই উত্তেজিত, উচ্চকিত স্বরে নিজের নাম শ্রবণ হলো তরুণিমার। তার কণ্ঠেও উৎকণ্ঠা,
" তানভীর ভাই!"
তানভীরের তৃষিত হৃদয়ের তৃষ্ণা মিটে গেল ঝপাঝপ। তরুণিমার রিনরিনে কণ্ঠে ব্যাকুলতার সহিত নিজের নাম শুনে মরুভূমি হয়ে যাওয়া হৃদয়টাতে ঝমঝম করে বৃষ্টির ছোঁয়া পেল। ভেবেছিল তরুণিমাকে ফোনে পাবে না। তার ফোনটা খাগড়াছড়ির সেই পাহাড়ের গভীর খাদে ফেলে এসেছে। নতুন ফোন ও সিম দুটোই নেওয়া হয়েছে আজ। তরুণিমাকে ফোনে পেয়ে স্বস্তি ফিরে পেল সে। আকুল স্বরে জানতে চাইল,
" তুমি ঠিক আছ? "
তরুণিমা ফোনটা কান থেকে সামান্য দূরে সরিয়ে সশব্দে শ্বাসত্যাগ করল, যেন নিঃশ্বাসের শব্দ ফোনের ওপাশে থাকা মানুষটার কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। কি অদ্ভুত! তার ক্লেশমিশ্রিত জীবনে আরও দুঃখ উপহার দেওয়া মানুষটা আজ জিজ্ঞেস করছে সে কেমন আছে! এই যে তার গলা ব্যথা করছে, মানসিক পীড়ায় দমবন্ধ হয়ে আসছে এগুলো সে কখনোই বলবে না। ইয়াজিদের দেওয়া কষ্ট ভুলে এই মানুষটার সাথে নতুন করে সুখ কুড়িয়ে নেওয়ার জন্য মন থিতু করেছিল। কিন্তু সেই মানুষটাও আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। ছেড়ে যাওয়া, কষ্ট দেওয়া মানুষগুলোকে ' ভালো নেই ' শব্দটা বলতে পারবে না ও।
" আমি ভালো আছি৷ আপনার পা ঠিক হয়েছে? "
তানভীরের মনে হলো তরুণিমা মিথ্যে বলছে। ওইরকম সাইকো একটা লোকের সাথে সে কীভাবে ভালো থাকতে পারে?
" কোথায় নিয়ে গেছে তোমাকে ওই জানো-য়ারটা? এড্রেস বলো। "
" আমি যেখানেই আছি ভালো আছি তানভীর ভাই। আপনারা আমার জন্য আর ঝামেলায় পা দিবেন না প্লিজ।"
" তুমি এমন কেন বলছ? তোমাকে আমরা মুক্ত করে আনব।"
" আপনারা যতই আমাকে মুক্ত করতে চান,পারবেন না তানভীর ভাই। আমি ইয়াজিদের তৈরি করা এক অদৃশ্য খাঁচায় বন্দি। যতই চেষ্টা করুন ওর কাছ থেকে আমার মৃ-ত্যু ব্যতীত আমাকে কেউই মুক্ত করতে পারবে না। আমি তার এমন এক জেদ যাকে সে অ-স্ত্র দিয়ে নয়, অ-স্ত্র ছাড়াই হৃদয়ে জখম দিয়ে মা-রতে চায়। "
" সে যা-ই করুক,তোমাকে আমি ছাড়িয়ে আনব তরুণিমা। "
" আমি চাই না আমার জন্য আপনাদের আর কোনো বিপদের মধ্যে দিয়ে যেতে হোক। আমি এখন পর্যন্ত বেঁচে আছি এটাই বেশি। "
তানভীর কি বলে দিবে নিজের মনের কথা? তরুণিমার জন্য সে নিজের জীবনের তোয়াক্কা করে না। ফেলে গিয়ে অর্ধসমাপ্ত রাখা কাজটা সে পূর্ণ করতে চায়। নতুন করে বাঁচতে চায় তরুণিমাকে নিয়ে। মনের কথা বলে দিবে বলে মন স্থির করল। ডাকল অস্ফুটে,
" তরুণিমা!"
তরুণিমা সাড়া দেবার ক্ষণেই বিঘ্ন ঘটে। ফুরিয়ে যায় মুঠোফোনের চার্জ। ফোনের চার্জার নেই তার। এই বাড়িতে সে ছাড়া মোবাইল ব্যবহার করে ইয়াজিদ। চার্জার কোথায় পাবে ও! এই মোবাইল অন করার আর কোনো উপায় পাচ্ছে না। তানভীরের বলতে চাওয়া কথাটুকুও শোনা হলো আর।
পুনরায় তরুণিমার নাম্বারে ডায়াল করল তানভীর। বরাবরই পূর্বের ন্যায় হালহকিকত। বন্ধ দেখাচ্ছে ফোন। হঠাৎ করে ফোন বন্ধ হওয়ায় চিন্তায় পড়ে গেল সে। তরুণিমাকে বলতে চাওয়া কথাগুলো উচ্চারণ করল নিম্ন কণ্ঠে,
" আমি তোমাকে ভালোবাসি, তরুণিমা। তোমার মৃ-ত্যু তোমার মুক্তি হবে না। তোমাকে বাঁচাতে প্রয়োজনে ইয়াজিদকে আমি মা-র-ব। "
________________________
প্রত্যুষে ঘুম ভাঙে তরুণিমার। পরনের শ্বেত রাঙা জামাটার সাথে ফিনফিনে সাদা ওড়নাটা বুকের ওপর মেলে দেয় ও।গত মধ্যাহ্নে গোসল সেরে শুভ্র থ্রি পিসটা পরিধান করেছিল। তারপর থেকে নিজেকে আর আয়নায় দেখা হয় নি তার। আয়না না দেখেও তরুণিমা জানে সাদা রঙে তাকে ঠিকঠাক মানায় না। কালো দেহে সাদা রঙটা সৌন্দর্য দ্বিগুণ করতে পারে না, উলটো বিষণ্ন দেখায় বদন। সাব্বির দুই সেট থ্রি পিস ও কয়েকটা শাড়ি দিয়ে গেছে। তার মধ্য থেকে একটি হলো পরনের এই সাদা থ্রি পিসটা৷ গত রাতটা ছিল নাতিশীতোষ্ণ। তবে নিশাবসানের সূচনা হওয়া মাত্র হুড়মুড়িয়ে শীত ঢুকে পড়ে ঘরে। শীতল ঘরটাকে শৈত্যের আধিপত্য হয় জোরালো। তখনই ঘুম ছুটে যায় তরুণিমার। সারা ঘরে চোখ বুলিয়ে একটি চাদরও মিলে নি গায়ে উষ্ণতা ফিরিয়ে আনতে। কি একটা বিবাহের বন্ধনে আবদ্ধ সে! যেখানে কোনো স্বামী সোহাগ নেই, আর পাঁচটা সংসারের মতো দুষ্ট-মিষ্টি কাহিনি নেই। এসবও তরুণিমা চায়ও না। সাদা মিহি পর্দা সরিয়ে খিড়কির কপাট খুলে দেয় সে দুর্বল হাতে। গত দুপুর থেকে না খাওয়ার ফলাফলে শরীরের সর্বাঙ্গ গ্রাস করে নিচ্ছে দুর্বলতা। শক্তি শূন্য হয়ে পড়ছে দেহের আদ্যোপান্ত। নিঃশক্তি দেহে তাপমাত্রা বাড়ছে তড়তড়িয়ে। গা ভীষণ গরম,জ্বরটা বোধহয় শরীরটা লুফে নেবার তোড়জোড় চালাচ্ছে। এতকিছুর মাঝেও তরুণিমার অস্থির,অশান্ত চিত্তে মনোরম হাওয়া লাগল। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে আকস্মিক এক লিলুয়া বাতাসে পরিশ্রান্ত মন যেমন উৎফুল্ল হয়ে উঠে তেমনই অনুভব হতে লাগল তরুণিমার শীতের শেষ সময়ে ঝিরিঝিরি বৃষ্টি দেখে। জানালা দিয়ে মাথা বের করে শুভ্র মেঘে, কালো মেঘে সেজে থাকা আকাশের দিকে মুখ করে চোখের পাতা বন্ধ করে ফেলে সে। বৃষ্টির জল বিন্দু এসে পড়তে লাগল ওর মুখে। প্রকৃতি থেকে বাতাস সহযোগে সুন্দর একটি সুগন্ধি প্রবেশ করল তার শ্বাসনালি বেয়ে।
চট করে তরুণিমা অনুধাবন করে ফেলে এটি একটি ফুলের সুবাস। ফুলের সন্ধানে নিজ কক্ষ ছেড়ে বসার ঘরে আসে সে। সর্বাগ্রে চোখ যায় সোফার দিক। ইয়াজিদ নেই। হয়তো নিজ ঘরে চলে গেছে। মূল দরজা খুলে বাহিরে রাখে কদম। খালি পা,জুতা নেই পায়ে। নরম ঘাসে পা মাড়াতেই বৃষ্টির ছাটে ভিজে গেল জামার অনেকখানি অংশ। চতুর্দিকে নজর দিল সে। গেইটে গার্ড আছে কেবল। গার্ডদের নজর বাঁচিয়ে আশেপাশে তাকালে দেখতে পায় জঙ্গলে যাওয়ার পথের পাশেই একটি ম্যাগনোলিয়া ফুলের গাছ। দীর্ঘাকৃতির পাতার মাঝখান থেকে উঁকি দিয়ে আছে শ্বেতশুভ্র ম্যাগনোলিয়া।
তরুণিমা হতবাক। এই গাছটি আপনাআপনি হয় না, কেউ যত্ন করে লাগিয়েছে বোঝা যায়। গেইট থেকে এদিকটা দেখা যায় না স্পষ্ট। আরেকটু এগিয়ে না এলে তার উপস্থিতি কেউ বুঝতে পারবে না তেমন। গার্ডরাও এদিকে পা মাড়ায় না সচরাচর। বর্ষণের ছোঁয়ায় ভিজে ভিজে ফুল গাছারটার নিকটে গিয়ে দাঁড়ায় সে। বৃষ্টির পানি জড়ো হয়ে আছে ফুলের পাপড়িগুলোতে৷ এই ফুলগুলো সাধারণত শীতে হয় না। তাহলে কি শীতের আয়ুষ্কাল শেষ?
বাংলা বর্ষপঞ্জিকা মনে মনে হাতড়ে মাঘের অবসান একদিন আগে হয়েছে বলে জানতে পারল তরুণিমা। এখানে আসার পর থেকে সময়, ঋতু, দিনক্ষণ কোনোকিছুরই খেয়াল নেই ওর। শেষরাত্রিরে ভয়ানক ঠান্ডা যে তবে শীতের বিদায়ী স্পর্শ ছিল এখন বুঝতে পারল ও। বসন্তের আগমনী বার্তা বিলি করতে মগ্ন এখন প্রকৃতি। যার প্রমাণ দিতে ম্যাগনোলিয়া ফুটতে আরম্ভ করেছে। আর অসময়ের বৃষ্টি যেন বর্ষা না আসতেই বর্ষার নেমন্তন্ন দিতে এলো।
রাতে অতিরিক্ত হ্যাংওভার হয়ে যাওয়ার কারণে শরীরের ভার কমাতে জগিংয়ে বের হয় ইয়াজিদ। বৃষ্টিতে তার পরনের কাপড়ও ভিজে সপসপে। গেইট দিয়ে ঢোকার সময় একজন গার্ডকে স্বল্প দূরত্ব দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সন্দিগ্ধ নজর ফেলে সেদিকে। নিমেষেই ফুটন্ত তেলের মতো তপ্ত হয়ে যায় মেজাজ। তাকে দেখে হকচকিয়ে যায় গার্ড। ভীতিবিহ্বল হয়ে মাথা নুইয়ে চলে যেতে নিলে ইয়াজিদ গেইটে থাকা গার্ডদের আদেশ দিল," ক্যাচ হিম। "
___________________
" বৃষ্টি ভিজে শরীর দেখাতে কি বেশিই মজা লাগে?"
তরুণিমা হতভম্ব। তেজি স্বরে কটুক্তি শুনে ঘুরে দাঁড়াতে চাইলে তাকে নড়তে দেয় না অগ্নি কণ্ঠের মালিক,
" ডোন্ট মুভ। "
তরুণিমা রাগান্বিত গলায় উত্তর দিল," আমি এখানে কাউকে শরীর দেখাতে আসি নি। যখন এসেছি এদিকটায় কেউ ছিল না। "
কথাগুলো বলে তরুণিমা ফের নড়তে নিলে ইয়াজিদ মেঘমন্দ্র স্বরে বলে,
" তোমার পেছন থেকে শরীরের ভাঁজ দেখা শেষ, এখন কি সামনের সবকিছু দেখাতে চাইছ?"
তৎক্ষনাৎ ওড়নাটা আরও ভালো করে বুকে জড়িয়ে নিল তরুণিমা। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। দাঁত কিড়মিড় করে বলে উঠল,
" আপনি লিমিট ক্রস করছেন। "
ইয়াজিদ কণ্ঠে রাগ ধরে রেখে বলল," আমার নিয়ত খারাপ নয়। তবে তোমার শরীরের ভাঁজ যে কোনো পুরুষের চোখ খারাপ করে দিতে পারে। এটাই তো করতে চেয়েছিলে তাই না?"
তরুণিমার রাগ উঠলেও সেটা চেপে রেখে চলে যেতে চাইল। ইয়াজিদ যেন মুহূর্তেই ধরাশায়ী করে ফেলল তাকে। নিটোল কোমরে হাত রেখে তুলে নিল শূন্যে। মেশাল তার বুকের মধ্যিখানে। তরুণিমা আঁতকে ওঠে। কোমরে, পিঠে পুরুষালি হাতের ছোঁয়ায় শিরা-উপশিরায় প্রবাহিত র-ক্ত ছুটতে থাকে বেগতিক হারে। দুই হাতে মুঠোবন্দি করে নিল ইয়াজিদের পরনের টি-শার্ট এর বুকের কাছের অনেকখানি অংশ। চেঁচিয়ে ওঠে উঁচু কণ্ঠে,
" আমাকে কোলে নিলেন কেন? নামান,নিচে নামান। "
ইয়াজিদ ওর দিকে তাকাল না। চক্ষুযুগল সম্মুখে রেখে জবাব দিল,
" তোমাকে আর এখানে, এই ভেজা শরীরে এক মিনিটও থাকতে দিব না। "
" আমারটা আমি বুঝব। "
ইয়াজিদের খিটখিটে মেজাজে বলল," তোমার তো শরীর দেখাতে ভালো লাগে। "
অপমান অনুভব করল তরুণিমা। রা-গের চোটে বলল," আমার যা ইচ্ছে হয় করব। তাতে আপনার কী?"
তার সিক্ত মুখের দিক দৃষ্টি জ্ঞাপন করল ইয়াজিদ। ছোট ছোট চুল লেপ্টে আছে গালের ওপর। কুচি কুচি চুল বেয়ে গাল ছুঁয়ে চিকন ওষ্ঠে এসে পড়ছে জলবিন্দু। আলোক বেগে চোখ সরায় সে। অসহিষ্ণু গলায় বলে,
" আমার সহ্য হয় না। "
তরুণিমা বিমূঢ় হয়ে প্রশ্ন করে, " আপনার সহ্য হয় না কেন? আমাকে নিচে নামান। নিচে নামিয়ে কথা বলুন। "
ইয়াজিদ উত্তর না দিয়ে নিচে নামিয়ে দিল। ঘরে চলে এসেছে ওরা। সোফার ওপর থেকে শুকনো টাওয়াল ছুঁড়ে মা-রল তরুণিমার ওপর।
" এটা গায়ে জড়িয়ে নাও। কফি নিয়ে এসো আমার জন্য। কফিটা যেন গরম হয়। "
দুজনের শরীরের পানিতে সাদা মেঝে ভিজে যাচ্ছে। তরুণিমা বিহ্বল হয়ে বলে," এখন? কাপড় চেঞ্জ করে এসে বানিয়ে দিই?"
" এখন মানে এখন। "
লোহার মতো তপ্ত গলা শুনে তরুণিমা ভেজা দেহেই রান্নাঘরে গেল। ত্রস্ত হাতে কফি নিয়ে বসার ঘরে ফিরল কয়েক মিনিটের মাথায়। ইয়াজিদ কাপড় পালটে এসেছে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কফির মগ নিয়ে নেয় তরুণিমার কাছ থেকে। কফি হতে উত্তপ্ত ধূম্র কুন্ডলী পাকিয়ে মিলিয়ে যাচ্ছে শূন্যে। কফির দিকে চেয়ে গুমোট গলায় বলল,
" তোমার হাতটা দাও। "
তরুণিমার কণ্ঠ উঁচু হলো, " কেন?"
জবাব না দিয়ে জোর করে ওর ডান হাতটা নিয়ে ডুবিয়ে দিল গরম কফিতে। চেপে ধরে রাখল শক্ত করে। অসহ্য কষ্টে আর্তনাদ বের হয়ে আসে তরুণিমার ভেতর থেকে। চিৎকারের সাথে তাল মিলিয়ে তার চক্ষু কোল থেকে বেরিয়ে আসল জল।
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)