#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২৩
" কষ্ট হচ্ছে? জ্বলছে? ঠিক এমনভাবে আমার ভিতরটা জ্বলছিল যখন তোমার ভেজা শরীরের দিকে তাকিয়েছিল গার্ড। "
হিসহিসিয়ে বলল ইয়াজিদ। তার চোয়াল পাথরের মতো শক্ত হয়ে আছে। তরুণিমা রোদনেভরা অস্পষ্ট চোখে তার মুখের দিকে চাইল। ওর হাতটা শক্ত করে তপ্ত কফির মগে ডুবিয়ে রাখা। পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাতটা। জ্বলুনিতে আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাবার জোগাড়। কাতর ও আশ্চর্য মিশ্রিত স্বরে প্রশ্ন করে, " কোন গার্ড?"
" কোন গার্ড জানো না? কেন গেলে বৃষ্টিতে ভিজতে? দেহ দেখাতে গিয়েছিলে, তাই না?"
" আপনি বার বার আমার চরিত্র নিয়ে কথা তুলছেন। আমি দেহ দেখাতে গিয়েছি আপনাকে কে বলল? আর আমার দেহ অন্য কেউ দেখলে আপনার কী অসুবিধে? আপনি তো আমাকে মানসিক কষ্ট দিয়ে মা-রতে চান,সেটাই করুন। "
ইয়াজিদ কফির মগটা হাত থেকে ছেড়ে দিয়ে তার পুড়ে যাওয়া হাতখানি চেপে ধরল শক্তিশালী মুষ্টিতে।
" অন্য কেউ তোমার শরীর দেখবে তা আমার সহ্য হয় না। "
তরুণিমার ব্যথাতুর আর্তরবে ছেয়ে গেল কামড়া। পুড়ে যাওয়া নরম হাতে, বলবান হাতের ক্রমাগত চাপে চামড়া দলেমুচড়ে যাচ্ছে। জ্বলুনির তোড়ে পদ্মের ন্যায় চোখ দু'টির কার্নিশ ছুঁয়ে অশ্রু গলায় এসে ঠেকছে। হুট করে যন্ত্রণার নাদ থামিয়ে দেয় সে। কার সামনে কাঁদছে? যার হৃদয়টাই ম-রে গেছে? চোখের জল তারই সামনে ফেলা উচিত যার হৃদয়ে মায়া নামক শব্দটার অস্তিত্ব থাকে। একমাত্র সেই মানুষগুলোই অন্যের কষ্টে তরল হয়। চিৎকার করে উঠল ক্লেশ মাখা কণ্ঠে,
" কেন সহ্য হয় না আপনার? আপনি আমায় ভালোবাসেন না। তাহলে আমার ওপর আপনার কীসের অধিকার?"
পাথর নিক্ষেপ করার মতো হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে দিল ইয়াজিদ। তাকাল তরুণিমার দিক। মেয়েটার চক্ষু আয়নায় সন্ধ্যার অন্তরিক্ষের মতো থোকা থোকা র-ক্ত জমাট বেঁধেছে। ঠান্ডার ধারালো স্পর্শে অধরযুগল র-ক্তশূণ্য, পাণ্ডুর। কেন অন্যের তাকানো পর্যন্ত সহ্য করতে পারে না এর উত্তর দিবে না সে। তরুণিমার প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে ক্রোধাবিষ্ট হয়ে বলল,
" কীসের অধিকার আমি জানিনা। শুধু জানি, তুমি আমার।"
" আমি কোনো প্রোপার্টি নই,ইয়াজিদ। "
" তুমি প্রোপার্টি হও বা না হও, তুমি আমার নামে লিখিত। আর আমার নামে লিখিত তুমিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না,ছুঁতে পারবে না। যে তোমার ধারে কাছে আসতে চাইবে তাকে ভস্ম করে দিব আমি। "
বিদ্রুপ করল তরুণিমা," কেউ নেই আমার কাছে। কাউকে ভস্ম করতে হবে না আপনার। আমাকে শেষ করে দিন। হাতের মতো আমার শরীরটাও পুড়িয়ে দিন।"
তার হাত ঝলসে গেছে। শ্যাম বর্ণের হাতের তালু,উপরিভাগ জ্বলেপুড়ে লালচে বর্ণে পরিণত হয়েছে। বড়ো বড়ো ফোসকা পড়ে গেছে চামড়ায়। অসহ্য জ্বালাপোড়ায় মূর্ছা যেতে লাগল ও। ইয়াজিদের নজর যেতেই দু দেহের মধ্যকার তফাত ঘুচিয়ে চলো এলো নিকটস্থে। উন্মাদের মতো
তার এক হাতের মাঝে আঁকড়ে ধরল পুড়ে যাওয়া হাতটা।
তরুণিমা স্তম্ভিত। হুট করে ইয়াজিদকে নিজের সন্নিকটে পেয়ে স্থবির হয়ে পড়ে ক্ষণিকের জন্যে। হাতে ইয়াজিদের আলতো ছোঁয়াতেও জ্বলে উঠল ক্ষত জায়গাটা। নাক-মুখ কুঁচকে ফেললে হাতটা আলগোছে ছেড়ে দেয় ইয়াজিদ। অস্থিরচিত্তে বিরতিহীন বলতে লাগল,
" কষ্ট হচ্ছে বেশি? আমাকে রা-গালে কেন,হু? না তুমি বাহিরে গিয়ে বৃষ্টিতে ভিজতে, না আমার রা-গ উঠত। কেন এমন করলে তরু? তুমি জানো না রাগে আমার মাথা একদম ঠিক থাকে না?"
যারপরনাই অবাক তরুণিমা ইয়াজিদের পা-গলামিতে।
এক পলে মনে হচ্ছিল লোকটা তাকে ক্ষত দিয়ে সুখ পাচ্ছে,অথচ এই মুহূর্তে তার আঘাতে অস্থির হয়ে উঠছে। কেমন ব্যাকুল সুরে কথা বলছে! নিত্যদিন সে ভিন্নরকম রূপ দেখছে মানুষটার। কেন কষ্ট দিয়ে নিজেই ওর আ-ঘাতে উতলা হয়ে উঠেছে দয়াশূন্য লোকটা! ওর চোখের নোনাজল, ব্যথায় নিষ্প্রভ মুখ,ক্ষত-বিক্ষত হাত ইয়াজিদের অন্তর্দেশকে সমুদ্রের বৈনাশিক রূপের মতো অশান্ত, উন্মাদ করে তুলছে। যন্ত্রণায় ছিড়েখুঁড়ে যাচ্ছে মাথার রগ। ব্যগ্র হয়ে ফোন দিল কাউকে,
" ডাক্তার আনিসকে নিয়ে আসো। পাঁচ মিনিটের বেশি তরুকে যন্ত্রণা সহ্য করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখব না আমি। "
কান থেকে মোবাইল সরিয়ে বসল তরুণিমার পাশে। হকচকিয়ে গেল তরুণিমা। দেহ সরিয়ে নিল তাৎক্ষণিক। ফ্যান চক্রাকারে ঘোরার মতো ওর মাথাটাও ঘোরার কারণবশত দাঁড়িয়ে থাকতে পারছিল না। পড়ে যাওয়া থেকে শরীরটা বাঁচাতে বসে পড়ে সোফায়। অকস্মাৎ ইয়াজিদ ওর কাছে এসে বসে পড়বে কল্পকাহিনিতেও এমন রকমের ভাবনা আনতে পারি নি। শ্রবণে আসে করুন আর্তি,
" ডাক্তার আসছে।"
তরুণিমা শ্লেষাত্মক হেসে বলে," ডাক্তার লাগবে না। আমি চাই এই যন্ত্রণায় আমার মৃ-ত্যু হোক। "
মস্তিষ্ক এলেমেলো হয়ে গেল ইয়াজিদের। ভস্মীভূত বুকের ভেতর। মেয়েটাকে কষ্ট দিয়ে দমবন্ধ হয়ে আসছে ওর। ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সবকিছু। কেন বারংবার তাকে রাগাচ্ছে মেয়েটা? গত রাত্রির মদ্যপানের খালি গ্লাস পড়ে আছে টেবিলে। হাতের থাবায় গ্লাসটাকে নিয়ে ফেলল মেঝেতে। শব্দ করে খন্ড খন্ড হয়ে গেল গ্লাসখানি। তরুণিমার থুতনি চেপে ধরে নিজের মুখের কাছে আনল। হঠাৎ ছোঁয়ায় অল্পস্বল্প কেঁপে উঠে তরুণিমা। ইয়াজিদের মুখ পানে তাকাতেই এক ফালি ভীতি আস্তানা গাড়ে অন্তরে। রা-গে আরক্ত পুরুষালি চোখ জোড়া,যেন এক্ষুনি আগুনের স্ফুলিঙ্গ হবে চক্ষু গহ্বর থেকে। রোষের তোপে ফরসা আদল রক্তাভ। দূরে সরে যেতে চায় ও। প্রয়াস করতেই ইয়াজিদ রোষকষায়িত লোচনে চেয়ে খ্যাপাটে গলায় বলে,
" আমি চাই না। আমি চাই না হাতের পোড়া যন্ত্রণায় তোমার মৃ-ত্যু হোক। ডোন্ট সে এগেইন। এটা আমার হৃদয়ে বিঁধে। "
তরুণিমা বিমূঢ় হয়ে আছে। ইয়াজিদ অস্বাভাবিক ধাঁচের লোক,কিন্তু আজ তার কথাবার্তা,কর্মকাণ্ড অন্যদিনের চেয়ে অতিরিক্ত ব্যতিক্রম লাগছে। বুঝতে পারছে না। মৃ-ত্যু কেন চাইছে না ইয়াজিদ? কী চাইছে? সুস্থ করে আবারও জখম করতে। তাতে কী পায়? পৈশাচিক সুখ?
চিবুক ছেড়ে দিল ইয়াজিদ। ধীর ও শান্ত স্বরে বলল," আমাকে রাগাবে না তরু। এই মুহূর্তে আমি তোমাকে আর হার্ট করতে চাই না। "
__________________
ডাক্তার আনিস এলেন ইয়াজিদের দেওয়া মিনিট পাঁচেক সমাপ্ত হবার পূর্বে। হাঁপানি রোগির মতো উঠানামা করছে উনার শ্বাস। তলব দেওয়া মাত্র যে ছুটে এসেছেন তা উনাকে দেখেই বুঝা যাচ্ছে। গভীর অরণ্যের সেই বড়িটায় ছিলেন তিনি, সেখান থেকেই আনা হয়েছে তাকে। ইয়াজিদের পাশে গুটিসুটি মেরে নিজের মেয়ের বয়সী কালো দেখতে একটি মেয়েকে বসে থাকতে দেখে বিস্ময়াহত হয়ে পড়েন। ইয়াজিদের এত কাছে কখনও কোনো মেয়েকে দেখেন নি তিনি। মনস্পৃহা জাগলেও আতঙ্কে জিজ্ঞেস করা হলো না মেয়েটি কে। জানতে চাইলেন,
" কার ট্রিটমেন্ট করতে হবে?"
ইয়াজিদ এক বাক্যে উত্তর দিল, " আমার বউয়ের। "
দমকা হাওয়া আরম্ভ হলো তরুণিমার হৃদয়স্থলে। অপ্রতিভ হলো সে। চোখের কোণা দিয়ে দেখল ইয়াজিদকে। স্বাভাবিক তার কণ্ঠস্বর। এই লোকটা আজ কেমন অদ্ভুত কাণ্ড করছে! তাকে বউ বলে পরিচয় দিচ্ছে! কী চলছে লোকটার মাথায়?
ডা. আনিস নিজ কানকে বিশ্বাস করতে পারছেন না মেয়েটা ইয়াজিদের বউ। সেদিন কি এই মেয়েটার কথাই বলছিল? বিয়ে করে তাকে বাবা মায়ের কাছে না নিয়ে এখানে রেখেছে মানে কোনো ঘাপলা আছে। সে বিষয়ে ঘাটাতে চান না তিনি। ইয়াজিদ যা করে কোনো না কোনো উদ্দেশ্যে করে তার মনোকামনা পূর্ণ করতে। প্রশ্ন করেন,
" কী হয়েছে? "
ইয়াজিদ আলতো করে স্পর্শ করে সযত্নে তরুণিমার হাতটা দেখায় ডাক্তার আনিসকে। ভাব এমন যেন ঈষৎ ব্যাথাটুকুও না ছোঁয় তরুণিমাকে। ভয়ে চমকে উঠেন ডাক্তার আনিস,
" হাতের অবস্থা খুবই খারাপ। পুড়ে ফোসকা পড়ে গেছে। "
" যেভাবেই হোক হাতটা ঠিক করুন। "
গম্ভীর স্বরের আদেশ শুনে তিনি হতবাক হয়ে গেলেন," এত জলদি এই হাত ঠিক হবে না। লম্বা সময় লাগবে।"
একজন গার্ড কাঠের একটি টুল এগিয়ে দিলেন তাকে। সেটা নিয়ে তিনি বসলেন তরুণিমার সমুখে। তরুণিমা পিতার বয়সী লোকটার দিকে তাকাল। লোকটার সাথে যেভাবে কথোপকথন চালিয়ে যাচ্ছিল ইয়াজিদ লোকটা তার অতীব পরিচিত এতে কোনো সন্দেহ নেই।
চিকিৎসার দরুণ দুঃসহ জ্বলনে আর্তনাদ করে উঠতেই ইয়াজিদ গর্জে উঠল তার পাশ থেকে,
" কীভাবে ট্রিটমেন্ট করছেন ডাক্তার? তরু ব্যথা পাচ্ছে কেন?"
ঘাবড়ে গেলেন ডাক্তার আনিস। হতচকিত সুরে বললেন," হাতটা এতখানি পুড়ে গেছে যে সামান্য স্পর্শেও ব্যথা পাচ্ছে। "
তরুণিমার গা থেকে অদৃশ্য ফুলঝুরি ঝরছে। নিজে হাত পুড়িয়ে অন্যকে শাসানো হচ্ছে কেন ব্যথা দিচ্ছে! পা-গল হয়ে যাচ্ছে। একেই বুঝি বলে চো-রের মায়ের বড়ো গলা! মিহি সুরে বলল,
" আমি ঠিক আছি। "
হাত ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার আনিস সতর্ক করলেন," পানি লাগাবে না কয়েকদিন। আশা করি, দ্রুত ভালো হয়ে যাবে। "
" ধন্যবাদ ডাক্তার। " কৃতজ্ঞতার স্বরে বলল ও।
ডাক্তার আনিস ওর মাথায় মমতার হাত রেখে বলে," নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, খালি পেটে মেডিসিন নিও না। "
বাবার বয়সী প্রৌঢ়ার হাত মাথায় পড়তেই তরুণিমার চোখ দুটি পদ্ম দীঘি হয়ে যায়। জলে টইটম্বুর হয়ে যায় দীঘি দুইখানা। ডাক্তার বেরিয়ে যেতেই ইয়াজিদ উঠে দাঁড়ায়। বলে," নাস্তা করেছ?"
তরুণিমার অরণ্যে বিস্ময়ের এক শৈলচূড়া আবিষ্কার হয়ে গেল তক্ষুনি। ইয়াজিদ এর নমনীয়তা ঠিকঠাক হজমে অনভ্যস্ত সে। লোকটার মানসিক অসুস্থতা কি আরও বেড়ে গেছে? কয়েক বছর আগে ওর সাথে যেমনতর আচরণে লিপ্ত ছিল, আজ সেই আচরণ, সেই নরম সুর এসে ওর হৃদয়ের অর্গল খোলার জন্য ধাকাচ্ছে। তরুণিমা রুক্ষ স্বরে জবাব দেয়, " না। "
চুনের মতো সফেদ ব্যান্ডেজে মোড়ানো হাতটা দেখিয়ে বলে," নাস্তাও বানাতে পারব না। কারণ, বানানোর জন্য হাতই ভালো রাখেন নি আপনি। "
ইয়াজিদ বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল। কালো প্যান্টের সাথে সবুজ শার্ট ইন করে পরা। হাতে কালো বেল্টের ঘড়ি। ঘড়িটা খুলে টেবিলের ওপর রাখল। শার্টের হাতা গুটিয়ে নিল। কেমন যেন মোহ লাগিয়ে দেওয়া চোখ চেয়ে অত্যন্ত কোমল স্বরে বলল,
" কী খাবে নাস্তায়?"
তরুণিমা স্তব্ধ। কথা বলার শক্তি কমে আসছে ক্রমশ। কণ্ঠ হতে উন্মুক্ত হলো আশ্চর্য মিশেলের বাক্য,
" কে বানাবে?"
" আমি। " সহাস্যে প্রশ্নোত্তর করে ইয়াজিদ।
" আপনি বানাবেন?"
" হ্যাঁ। কী খাবে? তোমার পছন্দের চিনি পরোটা? "
তরুণিমার হৃৎপিণ্ড লাফঝাঁপ শুরু করে দিল। এত বছর পরেও ইয়াজিদের মনে আছে তার চিনি পরোটা পছন্দ? মায়ের হাতের বানানো চিনি পরোটা একবার নাস্তায় খাইয়েছিল ইয়াজিদকে। সেদিন লাইব্রেরিতে পরোটা খেয়ে তার কাছ থেকে জানতে চায় পরোটাখানি কীভাবে তৈরি করা হয়েছে।
" মনে আছে আপনার? কীভাবে বানাবেন?"
" হ্যাঁ। "
জবাব দিয়ে হনহন করে রান্নাঘরের দিকে চলে গেল ইয়াজিদ। তরুণিমা ঘাড় ঘুরিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল নিষ্পলক। সৌষ্ঠব দেহের সৌন্দর্যের কাছে সবুজ রঙের শার্টটাও বড্ড ফিকে লাগছে। ফরসা বর্ণের আদলে রাগের ছিটেফোঁটাও নেই কিঞ্চিৎ। অন্যরকম এক আলোতে উদ্ভাসিত খোঁচা খোঁচা দাঁড়িতে শোভায়িত চেহারা। লম্বাটে দেহের এই পুরুষকে লুকিয়ে কতশত বার দেখেছে তা গুণে শেষ করতে পারবে না তরুণিমা। একদা হৃদয়রাজ্যে অধিপতি হয়ে রাজ্য সামলানো মানুষটা আজ তার বিনাশ। এই যে হাতে আঘাত করে নিজেই চিকিৎসা করাচ্ছে, নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে তরুণিমা জানে সবকিছুই তাকে সুস্থ করে আবারও ক্ষত-বিক্ষত করার আয়োজন।
___________________
বিনিতা ব্যাগ গুছিয়ে নিয়েছে। কারো চক্ষুশূল হয়ে থাকার চেয়ে তার চোখের আড়ালে চলে চাওয়া উত্তম। তানভীরকে পাওয়ার আকাঙ্ক্ষা আজ সম্পূর্ণভাবে নিঃশেষিত করে দিয়েছে। শিল্পী বোন ঝির কপালে চুমু খেলেন। জড়িয়ে ধরে মনে মনে বললেন," তোকে খুব শীঘ্রই আমি ফিরিয়ে আনব,মা। "
তানভীর ঘরে বসে ছিল,তার দুয়ারে ঠকঠক আওয়াজ পড়ে। হাঁটার জন্য এখন কারো ওপর নির্ভরশীল হতে হয় না তার, মন্থর গতিতে হাঁটতে পারে। দরজা মেলে চোখের সমীপে চতুর্যাকে পায়। মেয়েটার তুলোর মতো শ্বেত রাঙা বদনে এক মুঠো কৃষ্ণ মেঘের হানা দেখে বিচলিত হয় সে,
" কী হয়েছে চতুর্যা?"
চতুর্যা নিষ্প্রাণ কণ্ঠে প্রতুত্তর করে তার ভাইকে," বিনিতা আপু চলে যাচ্ছে। তাই জানাতে এলাম তোমাকে। "
" চলে যাচ্ছে মানে? ওর না আরও কয়েকদিন থাকার কথা ছিল?"
" জানিনা। বলল যেতে হবে। "
চতুর্যাকে রেখে তানভীর পায়ের গতি বাড়িয়ে ড্রইং রুমে আসে। পায়ে জোর দেওয়ার ফলে প্রচণ্ড ব্যথা ঘিরে ধরল তাকে। তোয়াক্কা না করে উপস্থিত হয় সেখানে। বিনিতা কেবল বেরিয়ে যাচ্ছিল তাকে দেখে পায়ের চলন থমকে গেল৷ হু হু করে বৈরী হাওয়া বয়ে গেল অন্তরস্থে। তামাভ্র চেহারাটা যাওয়ার আগে দেখে যেতে চায় নি সে দুর্বল হয়ে পড়বে বলে। তানভীর কাছে এসে বলল,
" চলে যাচ্ছিস কেন? "
" ক্লাস পুরোদমে শুরু হয়ে গেছে। যেতে হবে। সামনে কিছু ক্লাস টেস্টও আছে। " মিছেমিছি উত্তর দিল ও।
তানভীর হাঁপ ছেড়ে বাঁচল। সে ভেবেছিল, তার কোনো কাজে কষ্ট পেয়ে চলে যাচ্ছে বিনিতা। অন্য কারণে যাচ্ছে শুনে স্মিত হাসল সে। বিনিতা চলে গেলেই তার স্বস্তি। মেয়েটাকে সারাক্ষণ চোখের সামনে দেখলে প্রকাণ্ড অস্বস্তি তার ভিতরটায় ছেয়ে থাকত। হাসিমুখে বলল,
" ঠিক আছে, সাবধানে যাস। "
বিনিতার হালকা গোলাপি অধরে সহজাত হাসির দেখা মিলল। সে বেশ বুঝতে পারল তার প্রস্থানে অঢেল খুশিতে ডুবছে তানভীর। মৌনতা পালন করে বাহিরে পা বাড়াল সে। তানভীর,চতুর্যা,শিল্পী এলো পিছু পিছু। গাড়িতে উঠে জানালার কাচ সরিয়ে তানভীরের দিক ক্ষণকাল তাকায় ও। বাতাসের কানে ফিসফিস করে বলে,
" ভালোবাসার মানুষকে নাকি অভিশাপ দিতে নেই? আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তানভীর ভাই। তবে আমি মহান হৃদয়ের হতে পারি নি। তোমাকে আজ অভিশাপে জর্জরিত করে ফেলতে ইচ্ছে করছে। কোনোদিন কাউকে অভিশাপ দিই নি। আমার দ্বিখণ্ডিত হৃদয় থেকে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেন তোমার ভালোবাসাকে কখনোই না পাও। তরুণিমা আপু তোমার কখনোই না হোক। তরুণিমা আপুকে না পাওয়ার শোকে তোমার যেন এমনভাবে যন্ত্রণা পেতে হয় যেমন করে তোমাকে না পাওয়ার অসুখে আমি প্রতিনিয়ত পাই। তখন তুমি বুঝবে তানভীর ভাই ,তোমার ভালোবাসা না পেয়ে আমার হৃদয়টা ঠিক কতবার রক্তা-ক্ত হয়। "
কণ্ঠনালি থেমে গেল বিনিতার। চোখ নিমীলিত হওয়ার সাথে সাথে এক ফোঁটা অশ্রু পল্লব ছুঁয়ে কোথায় পড়ল ও দেখল না। চতুর্যার কাছে বিরক্ত লাগছে তার ভাইকে। কি নির্বোধ তার ভাইটা! বিনিতা আপুর ভালোবাসাকে ঠেলে দিচ্ছে অবহেলায়। আর তরুণিমা আপু যখন তার জীবনে আসতে চাইল,তখন তাকে বিয়ের আসরে রেখে সমাজের সামনে কলঙ্কিত করে পালিয়ে গেল।
হিটারের উষ্ণতায় তরুণিমার আধভেজা কাপড় শুকিয়ে গেছে। কিন্তু এতে বাঁধল বিপত্তি। শরীর তপ্ততা বেড়ে চলেছে। ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে চোখ দুটি৷ কর্ণকুহর এলো,
" ডাইনিং টেবিলে চলো। "
অস্পষ্ট চোখে ইয়াজিদকে দেখে সোজা হয়ে দাঁড়ায় তরুণিমা। পানির মতো টলছে নিস্তেজ দেহ। হাঁটতে গিয়ে নিঃশক্তি কায়াকে সামলাতে অসফল হলো। পড়ে যেতে নিলে প্রশস্ত বক্ষে বেঁধে নেয় ইয়াজিদ। ফ্যাকাশে মুখ দেখে উৎকণ্ঠা হয়ে পড়ে,
" ঠিক আছ তুমি? শরীর খারাপ লাগছে? "
পিঠে ইয়াজিদের হাতের স্পর্শে তরুণিমার র-ক্ত ছলকে উঠে। শিরশির অনুভূতি ছড়িয়ে পড়ল অঙ্গ-প্রত্যঙ্গে। ম্লান স্বরে বলল, " আমি ঠিক আছি। "
ইয়াজিদ শুনল কি-না কে জানে! ঝট করে তেজস্বান হাতে তার শরীরটা কোলে তুলে নিয়ে বুকের সাথে মিশিয়ে নিল শিথিলভাবে। তরুণিমার কণ্ঠ উতলা হয়ে পড়ে,
" আপনি আমাকে বার বার কোলে নিচ্ছেন কেন?"
" তুমি দুর্বল হচ্ছ কেন?"
" দুর্বল হলেই কোলে তুলে নিবেন?"
ইয়াজিদ ভ্রু কুঁচকে তাকাল বুকে সামান্য স্পর্শ আঁকা নারীর দিক। থমকে গিয়ে বলে," তুমি কি ভেবেছ অন্য কারণে নিয়েছি? "
তরুণিমা থতমত খেয়ে গেল," অন্য কারণ মানে?"
ইয়াজিদের ঠোঁটে অসরল হাসিটা চোখ এড়ায় না ওর।
" অন্য কারণ মানে, আদর টাইপ ব্যাপার। "
বুঝতে পেরে তরুণিমা প্রতিবাদ করে উঠল," আপনাকে নিয়ে আমি মোটেও ওইসব ভাবি না। আপনি যেমন আমাকে ঘৃণা করেন,আমিও আপনাকে ঘৃণা করি। "
' ঘৃণা করি' শব্দ দুটো শ্রবণ গ্রন্থিতে যাওয়া মাত্র ইয়াজিদের মস্তিষ্কে গরম লাভা ফুটতে লাগল। মুখের পেশিগুলো কঠিনীকৃত হয়ে গেল। এই শব্দ দুটো আগে শুনে শান্ত থাকতে পারলেও আজ পারছে না। তরুণিমার মুখ থেকে শুনতে চায় না সে শব্দ দুটি আর।
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)