#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখনীতে: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___২৯
নিজের চিন্তার প্রতি বিরাগ অনুভব হচ্ছে তরুণিমার। গলার শক্তি বৃদ্ধি করে অবশীভূত চিত্তের লাগাম টেনে ধরে অন্তর্দেশ ঘোষণা করতে চাইছে," ধিক তরু, ধিক তোকে। " যে ভাই, মা চোখ তোলে তাকায় নি কভু, তাদের জন্য কোন মায়ায় বেহায়া মন চিন্তার মহা সমুদ্রের বুকে স্বীয় দম্ভ হারাল? কেন ভাবে তাদের কথা! আপনজন পর করে দিলেও কেন ভোলা যায় না তাদের! তাকে আদালতে তোলা হলে এই সমাজ তাকে কলুষিত বলে সাবস্ত করে আঙ্গুল তাক করলে মা,ভাই অবশ্যই প্রতুত্তরে জানাবে তরুণিমা নামের মেয়েটাকে তারা জলাঞ্জলি দিয়েছে বহু বৎসর আগেই। যেমন করে অস্বীকার করেছিল অতীতে। এত এত অবহেলা, অপমানের পরও সম্পর্ক যেন একটি সুতো হয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে মানুষকে। সেই সুতোটির নাম ভালোবাসা। ভালোবাসার ওপর যতই দুঃখ কিংবা রাগের আস্তরণ জমুক সেটি সময়ে অসময়ে যন্ত্রণা, ঘৃণা, অভিমানের চাদর সরিয়ে উঁকি দিতে ভোলে না।
নিজের মনোভাবনা দেখে হতভম্ব হয়ে গেল তরুণিমা। দড়াম দড়াম শব্দের সৃষ্ট হলো হৃদয় দ্বারে। জোরালো শব্দের কম্পনে এই বুঝি খুলে গেল অর্গল। সর্বশক্তি দিয়ে খিলটা চেপে ধরল সে। কিছুতেই হৃদয়ের কুঠুরির দরজায় ধাক্কা দেওয়া মানুষটাকে মাঝখানের সীমা অতিক্রম করে প্রবেশ করে দিবে না ঘরে। তার জন্য এই প্রাচীর ভেদ করা যে অনতিক্রম্য করে দিয়েছে তরুণিমা। নিজের প্রতি রাগ হলো অগাধ। কেন ভাবতে গেল সে এমন ভাবনা! ইয়াজিদ এর প্রতি পুরোনো ভালোবাসাটাও তবে ঘৃ-ণার আবরণ সরিয়ে নিজেকে ব্যক্ত করে ফেলবে? এমনটা হতে দিবে না ও। ওই অমানুষটা কেবল তাচ্ছিল্যের যোগ্য। ভালোবাসার মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু নরপশু সমতুল্য মানুষকে ভালোবাসলেও ক্ষমা করা যায় না। তাকে একদা ভালোবাসাই তরুণিমার জীবনের সবচেয়ে বড়ো পাপ কর্ম ছিল। তাকে দমন করতে গিয়ে তরুণিমার হাত কেঁপেছে, হৃৎপিণ্ড কেঁপেছে, তবে কম্পন হয় নি ঘৃণার পাহাড়ে। সে কি বেঁচে আছে নাকি ম-রে গেছে জানতে ইচ্ছে হলো অবচেতন মনের। লোহার শিকে দুহাত রেখে কনস্টেবলকে জিজ্ঞেস করল,
" প্রডিউসার ইয়াজিদ এর কন্ডিশন কেমন এখন?"
মহিলা কনস্টেবল এর মুখের অভিব্যক্তির পরিবর্তন ঘটল সহসা। তার ললাটে গুনে গুনে তিনটে ভাঁজ পড়ল, কুঁচকে যাওয়ার দরুন দুটি ভ্রু প্রায় সন্ধির পথে। দৃষ্টিতে খেলা করছে বিস্ময়। কণ্ঠে তিরস্কার, " নিজের স্বামীকে আ**ঘাত করে সে ম**রে গেল কিনা সেটার খবর চাস? তোদের মতোই মেয়েরা বড়োলোক বর দেখে বিয়ে করে টাকার জন্য। টাকা নিয়া হয় নাগরের সাথে পালায় যায়, নয়তো ধরা পড়লে নাগরের জন্যে স্বামীকে মা-রে। তোর নাগর কই? যার জন্য এমন করছস সে বাঁচাতে আসছে তোরে?"
" হ্যাঁ, এসেছে। নাগর হসপিটালে ছিল,তাই আসতে দেরি হলো। "
কনস্টেবল তড়িৎ গতিতে ফিরে তাকায়। পুলিশ অফিসারের সাথে দাঁড়িয়ে আছে দীর্ঘকায়, দৃঢ়,ধারালো ভঙ্গির পুরুষ। তাকে চিনে সে। এমনকি ছবি দেখা দর্শক ও চলচ্চিত্র জগতের সবাই তাকে চেনেন। তরুণিমার চোখের ভেলকি মনে করে শিকে করপুটের বাঁধন দৃঢ় করে চোখ নামিয়ে ফেলল। তার ভ্রম হচ্ছে, নয়তো ইয়াজিদ কেন অসুস্থ,আহত শরীর নিয়ে আসবে এখানে!
" নাগর ও বর দুটোই আমি। "
মহিলা পুলিশ কনস্টেবলের কাছাকাছি এসে কথাটা দাঁতে দাঁত কামড়ে বলল ইয়াজিদ। তরুণিমা অধোবদনকে সোজা করে ধরল। তার সমুখেই ইয়াজিদ দাঁড়িয়ে আছে জলজ্যান্ত। থানার ওসি মহিলা কনস্টেবলকে এখান থেকে যেতে বললেন। বিমর্ষ সুরে ইয়াজিদকে উদ্দেশ্য করে বলল,
" সরি স্যার। "
ইয়াজিদ অটল চোখে তরুণিমাকে দেখছে। হাত বাড়িয়ে রাখল তরুণিমার হাতের ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হলো তরুণিমা। শানিত, অনড় দৃষ্টি তার বুকে তির বিঁধিয়ে দিচ্ছিল, এখন এই ছোঁয়া বিদ্রোহ জাগিয়ে দিল সমস্ত অঙ্গে। হাতটা সরিয়ে আনল চট করে। ইয়াজিদ কিছু বলল না। তার চোখের চাহনি কঠিন হলো। ওসি হাজতের দরজা খুলে দিয়ে বিনয়ী স্বরে বলল,
" বেরিয়ে আসুন, ম্যাম। "
রাতের অন্তরিক্ষে বিদ্যুৎ চমকানোর মতো তরুণিমার হৃদয় আকাশে স্ফুরণ দেখা দিল। ইয়াজিদ তাকে নিতে এসেছে? শা**স্তি দ্বিগুণ করতে আসে নি? জোরালো গলায় জানাল,
" আমি এখান থেকে যাব না। "
ওসি অবাক হলেন। ইয়াজিদের দিকে তাকালেন হতবাক চোখে। শুনতে পেলেন,
" আপনি যান। আমার উকিল আসবে কেস চিরতরে ক্লোজ করার জন্য। "
" ওকে স্যার। "
সাব্বিরও দাঁড়িয়ে না থেকে সরে এলো। ইয়াজিদকে এখানে নিয়ে আসাটাই তার জন্য বড়ো চ্যালেঞ্জ ছিল। অসুস্থ শরীরে,ক্ষত-বিক্ষত হৃৎপিণ্ডের ঘা না শুকাতেই বাহির হতে বারংবার বারণ করে দিয়েছেন ডাক্তাররা। ইয়াজিদ কারো বারণ, কারো অনুরোধ শুনে নি। সে কেবল একই বাক্য জপছিল মন্ত্রের মতোন," আমার তরুকে চাই। "
একটু ঝুঁকে কারাগারের ভিতরে ঢুকল ইয়াজিদ। ঝুঁকার কারণে তার ক্ষত স্থান থেকে যন্ত্রণা প্রসারিত হলো তড়তড় করে। তরুণিমার হাত ধরে রুক্ষ স্বরে বলল,
" চলো। "
তরুণিমা হাত ছাড়িয়ে নিতে জোরাজুরি করতে আরম্ভ করল। যত প্রয়াস করল ততই যেন শক্ত হলো চাপ।
" ছাড়ুন আমার হাত। আমি যাব না আপনার সাথে। "
" তোমাকে যেতে হবে আমার সাথে। "
তরুণিমা তেজী গলায় প্রশ্ন করল, " নিজের খু**নীকে কেন নিতে এসেছেন আপনি?"
ইয়াজিদ ওর দিকে চেয়ে ভরাট ও ঠান্ডা স্বরে অকপটে জানাল," খু--নীটাকে ভালোবাসি তাই। "
তরুণিমা ভিতরে ঢংঢং শব্দ হলো। র-ক্তে উচ্ছ্বাস টের পেল। মনের লাগাম টেনে বলল," মিথ্যে। মিথ্যা বলছেন আপনি। "
ইয়াজিদ ঠোঁটের প্রান্তিক কোণে হাসি নিয়ে বলল," চোখে চোখ রেখে দেখো, বুকে মাথা রেখে দেখো, যাচাই করে নাও সত্যি নাকি মিথ্যে। "
তরুণিমা চোখে চোখ রাখল না, কোনোটাই করল না। এই চোখে ভালোবাসার অনুভূতি সে গত সকালেই দেখে ফেলেছে। তবুও ভর্ৎসনা করল," দুদিনে ভালোবাসা হয়ে গেল? "
" দুদিনে ভালোবাসা হয় নি। তোমাকে ভালোবাসি শব্দ দুটি আমি অনেক আগেই উপলব্ধি করেছি। কিন্তু আমি তাকে সত্য মানতে চাই নি। কারণ, তোমাকে ভালোবাসি মানে তোমার কাছে হেরে যাওয়া। "
তার কাছে গিয়ে মোলায়েম স্বরে বলে ইয়াজিদ।
" আমি আপনাকে ভালোবাসি না। "
" একদা তুমি আমায় ভালোবেসেছ, এখন থেকে তোমাকে আমি ভালোবাসব তরু। "
" আপনার ভালোবাসা আমি চাই না। "
" তুমি চাও বা না চাও আমি তোমাকে ভালোবাসবই। "
তরুণিমা চোখে চোখ ডুবিয়ে নিস্তরঙ্গ গলায় বলে,
" আমি আপনাকে ঘৃণা করি। "
" কিন্তু আমি তোমাকে ভালোবাসি। "
বলেই ইয়াজিদ টেনে বাহিরে নিয়ে এলো ওকে। জোরজবরদস্তি করেও পুরুষালি দেহের সাথে পেরে উঠল না তরুণিমা। থানার বাইরে এসে হট্টগোল শুনে সামনে তাকিয়ে দেখার আগে তার মুখটা প্রশস্ত বক্ষে লুকিয়ে ফেলল ইয়াজিদ। মাথায় হাত রেখে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল,
" মাথা তুলো না। সামনে মিডিয়ার লোক। মাথা তুললেই ওরা জেনে যাবে তুমিই আমার বৌ। তোমাকে আমি অপরাধী রূপে কারো সাথে সাক্ষাৎ করাতে চাই না। "
তরুণিমা নড়ল না। ইয়াজিদ এর বুকে ঠোঁটজোড়া লাগিয়ে চেহারা আড়াল করে ফেলল সে। মিডিয়ার সম্মুখে সে নিজেও আসতে চায় না। তার পিঠ, মাথার অংশ একখানা ব্লেজার দিয়ে ঢেকে মুখটা মানুষের নজর থেকে লুকিয়ে নিল আরও ভালোভাবে। মাথায় এক হাত রেখে অন্য হাতে কোমর জড়িয়ে ধরল ইয়াজিদ। তরুণিমার সারা অঙ্গে শিরশিরে হাওয়া বইতে লাগল। ষাঁড়াশির ন্যায় ছুটতে লাগল হৃদস্পন্দন। কানে আসতে লাগল বিভিন্ন কণ্ঠধ্বনি। ইয়াজিদ তাকে বুকের সাথে মিশিয়ে এগিয়ে যাচ্ছে। তার শরীর থেকে নাসারন্ধ্রে প্রবেশ করছে মাতাল করা ঘ্রাণ। অনিচ্ছাকৃত অধরযুগল গিয়ে বার বার ছুঁয়ে দিচ্ছে বক্ষদেশ। চোখ মেলে বুকের বা পাশে তাকাল ও। কালো রঙের শার্টের উপরের দুটো বোতাম উন্মুক্ত। তার ভিতর থেকে চোখে এসে লাগছে শ্বেত ব্যান্ডেজ। ঘায়েল দেহখানা তাকে এমনভাবে জাপটে ধরে রেখেছে যেন একেবারে বুকের ভেতর ঢুকিয়ে ফেলব। অজান্তেই তরুণিমার হাত ইয়াজিদের পেটের কাছ থেকে উঠে এসে বুকের ওপর পড়ল। আলগোছে, অতি সন্তর্পণে আঘাতপ্রাপ্ত স্থানে হাতটা রাখল সে। ইয়াজিদ কি ব্যথা অনুভব করছে তার ছোঁয়ায়? এত শক্ত করে জড়িয়ে ধরার কারণে তার কি যন্ত্রণা হচ্ছে না? তাকে গাড়িতে বসিয়ে জানালার গ্লাস তুলে দিতে বলল সাব্বিরকে। মিডিয়ার ভীড় জমে গেছে। ইয়াজিদের বডিগার্ডরা ভীড় সামলানোর চেষ্টা করছে প্রাণপণে।
_____________________
তানভীরের নানা ভাইয়ের অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। প্রথমে নানার বাড়িতে গিয়েছিল। তারপর
হাসপাতালে কিছু সময় নানার পাশে কাটিয়ে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিল সে। বাধ সাধলেন শিল্পীর ভাইরা। আজ রাতটা না থেকে কিছুতেই যেতে দিবেন না। সাদিক সাহেব শ্বশুর বাড়িতে আসেন না সচরাচর, তানভীরও এসেছে বহু বছর পর। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সবার জোরাজুরিতে তানভীর ভাবল রাতের খাবার খেয়ে মধ্য রাত্তিরে সবাই ঘুমালে না বলেই বেরিয়ে পড়বে সে। কারণ, আজ কেউই যেতে দিবে না বলে পণ করেছে। হাসপাতাল থেকে নানার বাড়ির পথ এক ঘন্টা। পৌঁছাতে পৌঁছাতে চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। একতলা বাড়ির আঙিনায় বিনিতাকে দেখে কিঞ্চিৎ হকচকাল। বিনিতাও অবাক হয়েছে তাকে দেখে। কিছু না বলে সামনে থেকে চলে যেতে চাইলে তানভীরই ডাকল,
" কেমন আছিস?"
বিনিতা নরম কণ্ঠে বলল," ভালো। "
" কখন এলি?"
" একটু আগে। মাও এসেছে। "
" ওহ!"
তানভীর আর কথা বাড়াল না। ঘরে ঢুকেই শেফার মুখোমুখি হলো। ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে বলল,
" কেমন আছ খালা?"
শেফা খটোমটো সুরে জবাব দিলেন, " ভালো আছি। "
খালার বেজার মুখ দেখে তানভীরের অনুধাবন হলো তাকে এখনও ক্ষমা করতে পারে নি শেফা। তার কারণে মা ও খালার সম্পর্ক খারাপ হয়েছে। মনপ্রাণে চায়,সেই ঝামেলা মিটে যাক। ঘরে ঢুকে হাত-মুখ ধুয়ে আসতেই দেখল বসার ঘরে একজন মুরুব্বি গোছের লোক পাঞ্জাবি, পায়জামা পরে বসে আছেন। হাতে খাতার মতো কিছু একটা দেখা যাচ্ছে। সাদিক সাহেব মুখ কালো করে বসে আছেন চুপ করে। বড়ো মামা ও খালু কথা বলছেন লোকটার সাথে। তাকে দেখতে পেয়ে কাছে ডাকল বড়ো মামা,
" আমরা তোমার ও বিনিতার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি বাবার ইচ্ছেতে। তুমি তো জানোই, বাবা চাইতেন বিনিতা তোমার বৌ হোক। কিন্তু তোমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে যাওয়ায় আমরা সেটা নিয়ে আর জল ঘোলা করি নি। এখন আমরা সবাই চাই বিনিতার সাথে তোমার বিয়েটা হোক। "
বিনিতা ও তানভীর দুজনেই চমকে গেল, থমকে গেল। একে অপরের দিকে তাকাল। তানভীর শক্ত কণ্ঠে বলে উঠল,
" অসম্ভব। বিনিতাকে আমি বিয়ে করব না,সেটা আমি আগেই বলে দিয়েছি। "
বিনিতার আত্মসম্মানে লাগল পুনর্বার তানভীরের প্রত্যাখ্যান। সে কি খেলনার পুতুল যে তানভীর বার বার ছুঁড়ে ফেলে দিবে? সবার সামনেই বলল,
" আমিও তানভীরকে ভাইকে বিয়ে করতে পারব না। "
শিল্পী তার হাত চেপে ধরে বললেন," তুই এমনটা বলিস না, মা। "
বিনিতা তার মায়ের দিকে তাকাল অসহায় চোখে। শেফা জানেন মেয়ের বলা কথাখানি জেদের,অভিমানের। শিল্পী এসেছিলেন কয়েকদিন আগে উনার বাসায়। হাত জোড় করে বিনিতাকে পুত্রবধূ হিসেবে চেয়েছেন। তিনি এটারই আশায় ছিলেন। মেয়েকে বহু বার তিনি কাঁদতে কাঁদতে ঘুমাতে দেখেছেন। ঘুমন্ত হালেও মেয়েটার চোখের দু কোণ ভিজে থাকত জলে। তানভীরকে কতটা চায় তিনি জানেন। অভিমানে মেয়েকে ভুলে যেতে বললেও মেয়ের কষ্ট আর সইতে পারছিলেন না।এভাবে কষ্ট পাওয়ার চেয়ে বোনের প্রস্তাবেই রাজি হয়ে গেলেন।
তানভীর বাবার কাছে এগিয়ে এসে বলল," আপনি কিছু বলছেন না কেন? "
শিল্পী ছেলের ওপর চওড়া হলেন," তোমার বাবা কী বলবে? তিনিও চান বিয়েটা হোক। "
করুণ শোনাল তানভীরের গলা," বাবা!"
সাদিক সাহেব নিশ্চুপ। ছেলের পানে তাকাতে পারছেন না। নিজেকে কাষ্ঠপুত্তলিকা মনে হচ্ছে উনার। বিয়েটা করানোর জন্য শিল্পী এমনভাবে বাধ্য করবেন কখনও ভাবেন নি তিনি। চোখ জোড়া নিচের দিকে রেখেই আস্তে করে জড়তামাখা গলায় বললেন ছেলেকে,
" বিয়েটা করে নাও। "
বাবার কাছ থেকে এহেন বাক্য শুনে বাকরুদ্ধ হয়ে গেল তানভীর। সে বিয়ে করবে না। বিনিতাকে ভালোবাসে না সে। তরুণিমাকেই তার চাই। কাউকে কিছু না বলে গটগট করে বেরিয়ে এলো বাড়ি থেকে। মামা, মামী সবাই পিছু ডাকলেও শুনলেও মায়ের ডাককে এড়িয়ে যেতে পারল না। ছেলের সামনে দাঁড়িয়ে শিল্পী ভেজা গলায় বললেন,
" তোর কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? ওই মেয়েটা নাকি আমি?"
মায়ের প্রশ্নে তানভীর মৃদু হেসে বলে, " তুমি ও সে দুজনেই গুরুত্বপূর্ণ মা। তোমাকে আমি ভালোবাসি। তরুণিমাকেও আমি ভালোবাসি। তোমাদের অবস্থান আলাদা আলাদা। "
" তুই চোখ থাকতেও অন্ধ হয়ে গেছিস তানভীর। ওই মেয়েটা তোর জন্য ঠিক না। "
" তরুণিমাই আমার জন্য ঠিক, মা। "
" তাহলে তুই বিনিতাকে বিয়ে করবি না?"
" না। তুমি কেন বুঝতে পারছ না আমার মনের অবস্থা? "
" আমি যা চাইছি তোর ভালোর জন্য। তুই বিনুকে বিয়েটা কর। জীবনে সুখী হবি বাবা। "
" যাকে পেলে সুখী হবো, তাকেই আমি চাই মা। "
" ঠিক আছে। চলে যা। ফিরে এসে মা ডাকার জন্য আর আমাকে পাবি না। "
তানভীর হতভম্ব হয়ে গেল," তুমি এমন ইমোশনাল ব্ল্যাকমেইল করছ কেন মা?"
শিল্পী আঁচলের নিচ থেকে বিষের শিশি বের করে বললেন,
" তোর কাছে নাটক মনে হতে পারে। যদি মাকে ভালোবাসিস তাহলে বিনুকে বিয়ে কর। নয়তো আমি তোদের সুখের জন্য জীবন দিতেও বাধ্য হব। "
তানভীর স্থবির হয়ে পড়ল। মা এমন করবে কখনোই ভাবে নি সে। শেষমেশ মায়ের জেদকেই জিতিয়ে দিল সে। বি-ষের শিশিটা কেঁড়ে নিয়ে বলল," ঠিক আছে। তুমি ভাবছ, আমি বিনুর সাথে সুখী হব? তোমার ধারণা ভুল, সেটা তুমি সচক্ষে প্রমাণ পাবে, মা৷ "
ছেলের অভিমানী গলাটা সহজেই উপলব্ধি করতে পারলেন শিল্পী।
তানভীরের আর বিনিতার বিয়েটা সম্পন্ন হলো রাত দশটায়। এগারোটার দিকে ঘরে দিয়ে আসা হলো বিনিতাকে। তার পরনে মেরুন রঙের একটা কাতান শাড়ি। মুখে কোনো প্রসাধন নেই। হাতে স্বর্ণের দুখানা চুড়ি। তানভীরকে সে পেতে চেয়েছে, ভালো বেসেছে কিন্তু বিনিময়ে ভালোবাসাই চেয়েছে। এমনভাবে কখনোই চায় নি। খালামণির অনুরোধে সে নিজের জীবনটাও নষ্ট করে ফেলল তাকে অপছন্দ করা মানুষটার সাথে জড়িয়ে। খালামণিকে অনেক বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু এক কথা, বিয়েটা করলে সব ঠিক হয়ে যাবে, তানভীর তোকে মেনে নিবে। বিনিতার তখন মা ও খালামণিকে চিল্লিয়ে বলতে ইচ্ছে করেছে, তানভীর অন্য কাউকে ভালোবেসে ফেলেছে,তাকে আর বাসবে না।
আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন ছিল তার! সব স্বপ্ন এখন ধূলিসাৎ। এই বিয়ের মাধ্যমে তার জীবনে বসন্তের দিনেই চৈত্র নেমে এসেছে, সে এটা ভালো করে জানে।
দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জানালার কাছে এগিয়ে গেল। খিড়কির নিকটে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল তানভীর। হৃদয় জ্বালা করছে তার। মা, মামা, খালা সবাই তার সাথে এমন একটা কাজ করবে ঘুণাক্ষরেও ভাবে নি সে। পিছনে বিনিতার উপস্থিতি টের পেয়ে একবার তাকাল। জানালা দিয়ে সিগারেটটা ফেলে তাচ্ছিল্যের স্বরে বলে উঠল,
" তুই জিতে গেলি। আমার মাকে ফুসলিয়ে ফাঁসিয়ে বিয়েটা করে নিলি। "
বিনিতার মাথায় আকাশ ভেঙে পড়ল। কণ্ঠরোধ হয়ে এলো তার," কী বলছ!"
ক্রোধে হুঁশ হারিয়ে বসল তানভীর," কী বলছি বুঝতে পারছিস না? নাটক করছিস? এসব কিছুর পেছনে তোর হাত ছিল। তুই আমাকে পাবার জন্য এসব করেছিস। কান খুলে শুনে রাখ বিনু, আমি তোকে পছন্দ করি না। কখনও ভালোও বাসব না। "
বিনিতা চুপ থাকতে পারল না, " আমি নাটক করছি? তোমার মা তোমাকে যেভাবে বাধ্য করেছে, আমাকেও ঠিক সেভাবে বাধ্য করেছে। কারো কাছ থেকে আমার জোর করে ভালোবাসা পাবার কোনো ইচ্ছে নেই। তোমার মুখও দেখতে চাই না আমি, ভালোবাসা তো দূরের কথা। "
বিছানায় শুয়ে পড়ল বিনিতা মুখ অন্যদিকে করে। তার চোখ অশ্রুবিন্দু টলমল করছে। সে তানভীরের অমর্জিতে কিছুই চায় নি, সব জেনেশুনেও তানভীর কী করে এসব বলতে পারল?
" এখানে শুয়েছিস কেন?"
গমগমে সুর শুনে ভালো করে চোখ মুছে ফিরে তাকাল। বলল," কোথায় ঘুমাব আমি?"
" তোর ঘরে যা। "
" আমি সবার সামনে দিয়ে বাহিরে যেতে পারব না। বাসর রাতে বরের ঘর থেকে বের হয়ে যাওয়াটা কেউ ভালো চোখে দেখবে না। খালামণি তো কান্না জুড়ে দিবেন। পারলে তুমি চলে যাও। "
তানভীর চোখ রাঙিয়ে বলল," আমার বিছানায় শুয়ে তুই আমাকে চলে যেতে বলছিস? আমি তোর সাথে বেড শেয়ার করতে পারব না। "
বিনিতা একগুঁয়ে আচরণ করে বলল, " আর আমি তোমার জন্য মেঝেতে ঘুমাতে পারব না। এত সমস্যা থাকলে তুমিই শুয়ে যাও মেঝেতে। "
তানভীরের মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। কষিয়ে দুইটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে বিনিতাকে।
#চলবে~
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)