ফন্ট সাইজ:
থিম:
মেসার্স তালুকদার এ্যান্ড সন্স

পর্ব 3

লেখক: ইসরাত ইতি

#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৩
#ইসরাত_আরা_ইতি

“আজ শাদকে দেখলাম। ভীষণ ভাব ভাই। ভীষণ ভাব তার। ইতর একটা। বলে কিনা,আপনাকে দেখলে ওর মনে হয় 'ধন নাই বন্দুক কান্ধে,চাইল নাই সোয়া সের রান্ধে!”

তুহিনের হড়বড়িয়ে বলা কথা গুলো কর্নগোচর হতেই মিনহাজের চোখ দু'টো আপনাআপনি মেলে যায়। জেলা যুবলীগের অফিসের তালা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ভেতরে আরাম করছিল এতো রাতে। ঠিক আরাম নয়, এই অফিসে তার এই গভীর রাতে থাকার উদ্দেশ্যটা ভিন্ন। যুবলীগের এই দোতলা অফিসে দিনের বেলা যুবসমাজের সেবা হলেও রাতে যুবতী ধরে এনে প্রায়শই অনৈতিক কার্যকলাপ ঘটানো হয়। অবশ্য মেয়েলোক স্বেচ্ছায় আসে।

কক্ষে মিনহাজ একা আপাতত। নিচতলায় দলীয় সদস্য দু'জন পাহারারত।

মিনহাজ চোখ ডলে নেয় দুই হাতে, এতো ঘুম পাচ্ছে তার। রাগিনী বলে মেয়েটাকে আজ আসতে নিষেধ করে দেবে নাকি? সেটাই ঠিক হবে। ঘুমের জ্বালায় তুহিনের কুচকুচে কালো থোবড়াটা অবধি ঘোলাটে লাগছে।

হাই তোলে মিনহাজ। তুহিন কিঞ্চিত অপ্রস্তুত গলায় বলে,“কফি করে দেবো ভাই?”

_না। বাড়িতে যাবো। তো কি বলছিলি? শাদ এই কথা বলেছে?

_হুম।

অস্ফুটে একটা গালি দিয়ে উঠলো মিনহাজ তৎক্ষণাৎ। পর পর গলা খাঁকারি দিয়ে বলে,“ওর কাহিনী বল! নজর রাখতে বলেছি। ওর ফোনটা একটু বাগিয়ে এনে দিতে এখন অবধি পারলি না তোরা।”

_ভাই ঐটা শাদ, চাইবো আর ফোন দিয়ে দেবে? ছিনতাই করবো সেই উপায়ও নেই, ধরা পরলে জুতায় পিষবে জানোয়ারটা। তবুও চেষ্টায় আছি।

মিনহাজ বেশ চিন্তিত মুখ করে চেয়ারে হেলান দেয়। পর পর বলে,“আজকাল শুনি একটা মেয়ের পেছনে ঘোরে। কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারে কিছু জানিস?”

_হু, ঐ যে ব্র্যাকের রুবেল আছে না? তার শালী। ক্লাস টেনে পড়ে, গার্লস স্কুল। ওকে সম্ভবত পছন্দ করে।

_আচ্ছা আচ্ছা। ক্লাস টেনে পরে? বেশ কচি।

অবাকের সুর মিনহাজের গলায়। পর পর ঠোঁট জোড়া বাকিয়ে শয়তানি হাসি দিয়ে তুহিনকে বললো,“একটু দেখাস তো কেমন মেয়েটা। একটু দেখবো! আমার আবার শাদের সব কিছু পছন্দ হয়ে যায়। ওর রুচি বেশ ভালো।”

⚫

চার-দুই-পাচ নাম্বার বাড়িটির ভেতরকার পরিবেশ শান্ত এখন। ঝগড়া থেমেছে। বাড়ির কর্তা লুঙ্গির গিট্টুটা এক দফা খুলে পর পর বেশ শক্ত করে আটকে গায়ের টি-শার্ট ঝাড়তে ঝাড়তে দোতলায় ওঠে।
রিমা বসে আছে মেঝেতে, কাঁদছে সে। মেঝেতে ছড়িয়ে পরে থাকা বাসন কোসন গুলো সেভাবেই পরে আছে।
শরীরের রাগ কমছে না তার। রিমার এমন হয়, যখন রাগ ওঠে তখন ইচ্ছা করে খুন করে ফেলতে কাউকে। একেবারে জবাই। এই ভয়াবহ স্বভাবটা ফেরাতে বরিশাল গিয়ে মানসিক ডাক্তার অবধি দেখিয়েছে সে, কোনো কাজ হয়নি। এই ব্যাধি রিমাকে আজীবন বয়ে নিয়ে যেতে হবে এ রিমা জানে। প্রতিবার ভুক্তভোগী হবে আদরের বোনটা, যার দুনিয়ায় রিমা ছাড়া কেউ নেই।

প্রতিবার ঝগড়ার কেন্দ্রবিন্দু হয় নিসা। রিমার স্বামী রুবেল, যাকে রিমা ভালোবেসে বিয়ে করেছিল, বোনকে কাছে রাখবে এই শর্তে বিয়েতে পা বাড়িয়েছিল। বিয়ের পর রুবেল তার কথা রাখেনি। মা বোনের কুমন্ত্রনায় কিছুদিন পর পর প্রসঙ্গ তোলে নিসাকে যার তার কাছে বিয়ে দিয়ে দেবে। যদিও নিসার ভরণপোষণ রিমাই দেয়, ব্র্যাকের বেশ ভালো অবস্থানে রয়েছে রিমা। কিন্তু রুবেলের বিষয়টি পছন্দ নয় মোটেই ‌। প্রথম প্রথম ইনিয়ে বিনিয়ে বললেও,যখন যখন নিসার বড় বড় খরচা প্রয়োজন পরে, তখন তখন বাড়িতে এক দফা ঝগড়া হয়ে যায়।

রিমা নিজের মেজাজ হারিয়ে স্বামীকে কথা শোনায়, রুবেলের আক্রোশ বাড়ে নিসার ওপর। সুযোগ খোঁজে কখন নিসার টুটি চেপে ধরে শায়েস্তা করবে। আজ লেগেছিল নিসার ফরম ফিলাপের টাকা আর জামাকাপড়ের খরচা নিয়ে। রুবেলের একটি বোন নিসার বয়সী, তাকে রুবেল দু'হাতে দিলেও রিমার দেয়াটা নিতে পারেনা সে।
রিমা আর নিসার নানু বাড়ি থেকে পাওয়া সিকি পরিমাণ জমি বেঁচে কেন নিসার খরচা চালানো হয়না, বারবার সেই প্রসঙ্গ তোলে রুবেল।

আজ যেন রিমার সহ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল সবটা। প্রতিবার এমনটিই করে সে, মেজাজ হারিয়ে শেষটায় আদরের বোনটিকে বের করে দেয় বাড়ি থেকে। চিল্লিয়ে পাড়া মাথায় করে শুনিয়ে দেয় রুবেলের ছোটোলোকিপনার কথা।

বার বার, বহুবার এই নির্মম কাজটি করে রিমা পরে অনুশোচনায় দম বের করে কাঁদে।
গাঁয়ের জ্বলন না কমলেও চোখের পানি মুছে এবার ওঠে রিমা। বুকটা হাঁসফাঁস করছে বোনের দুশ্চিন্তায়‌। আবার কিভাবে বোনের সামনে গিয়ে দাঁড়াবে সে চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কাল মেয়েটার পরিক্ষা, রুবেলকে ছোটো লোক সাজাতে আজ এভাবে মেয়েটাকে ঘর থেকে বের করা উচিত হয়নি রিমার।

ওড়নার কোণে চোখ মুছে এইবার বেশ আক্রোশ নিয়ে তাকায় ভেতরের কক্ষের বন্ধ দরজায়। শ্বাস ফেলে রিগিমিগি দিয়ে বলে,“আজ ছেলেটা না থাকলে তোর মতো ছোটোলোককে ছাড়তে দুই মিনিট ভাবতাম না আমি।”

রুবেল টিভির ভলিয়ম বাড়িয়ে দেয়। রিমা গটগট করে বাড়ি থেকে বেরিয়ে সোজা নামে উঠানে, এবার কন্ঠে বেশ দরদ ঢেলে ডেকে ওঠে নিসাকে,“নিসুমনি! নিসুমনি ঘরে আয় সোনা!”

নিসা উঠানের দূর দূর কোথাও নেই। নেই মেইন গেটের সামনে। এতক্ষণে রিমার মেজাজ পরে গিয়ে মাথাটা স্বাভাবিক হয়। কিঞ্চিত দুশ্চিন্তা গ্রস্থ ভঙ্গিতে পাশের দু বাড়ির ভাবিদের ডেকে বলে ওঠে,“ভাবী নিসাকে নিয়েছো তোমরা তোমাদের ঘরে? পাঠিয়ে দাও না। সন্ধ্যায় বলেছিল ভাত খাবে।”

জবাব এলো,“সে কি কথা? কত সাধলাম! এলো না! কোথায় গেল ও?”

রিমা যেন আকাশ থেকে পরলো। শরীরটা মৃদু ঝাকুনি দিয়ে উঠলেও নিজেকে সামলে নিলো এই ভেবে, নিসা কোনো বান্ধবীর বাসায় গিয়েছে হয়তো। দৌড়ে ঘরে ঢুকে ফোন বের করে পর পর কল দিলো রিন্তু সহ বাকিদের বাড়িতে। ওদের থেকেও জবাব এলো “না”।

টিভিতে গানের শব্দটা জোড়ালো হচ্ছে। রিমার মাথায় রক্ত উঠছে আবার। দু'হাতে মুখ ঢেকে কিছুক্ষণ কেঁদে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে রুবেলের সামনে দাঁড়িয়ে এক আছাড়ে টিভিটা ভাঙলো। রুবেল তখন বলে উঠলো,“তোকেও তালাক দিইনা কেবল ছেলেটার জন্য। নয়তো তোর এই তেজ জেদ নিয়ে তোর যোগ্যতা নেই স্বামীর ভাত খাওয়ার। বোনের জন্য এতো চিন্তা,বিয়ে দিস না কেনো?”

রিমা ছুটে ও ঘর থেকে বেরিয়ে রাতুলের ঘরে ঢুকে ওকে দেখে এসে হাতে তুলে নিলো ভ্যানিটি ব্যাগ। তাকে এখন বোনকে খুঁজতে বেরুতে হবে। তবুও একটু থামলো দুয়ারে, বাড়ি থেকে বেরুনোর আগে রুবেলকে বললো,“বিয়ে দেবো। এবার আমি নিজেই দায়িত্ব নিয়ে বিয়ে দেবো। বোন হিসেবে বোনের কামাই খাওয়া যে ওর পাপ। স্বামীর ঘরে গিয়ে স্বামীরটা খাক। যে কপাল নিয়ে জন্মেছে,এতে ওর এখন বিয়ে দেয়াই উচিত। তুমি আর টেনশন নিয়ো না। তোমার বোনের জন্য তুমি আজীবন করে যাও ‌‌। আমি না হয় আমার বোনকে ঘাড় থেকে নামিয়ে কাউকে দিয়ে দিই!”

⚫

চরকলোনির কাজী অফিসের প্রধান কাজি নেছারুদ্দীন আহমদ তার বসার ঘরের এক কোণের একটা সোফা দখল করে বসে আছে, বেশ চিন্তিত ভঙ্গিতে।
তার সামনে, তার বৃদ্ধ মা ঘুরে ঘুরে মিষ্টি বিলাচ্ছে ওখানে বসে থাকা উঠতি বয়সী ছেলে মেয়ে গুলোকে। বর আর বৌকে।

নেছারুদ্দীন হাতের কাগজপত্র উল্টেপাল্টে দেখে। দেখতে দেখতে ঢোক গেলে! কিছু আগে তিনি দেশের আইন ভেঙে একটি অপরাধ করেছেন। যার শাস্তি হয় দেশের আইনে। তার হাতের কাগজগুলো যদি কোনোভাবে এই থানার ওসির হাতে পরে যায়,কিংবা কেউ ঘুণাক্ষরেও টের পেয়ে যায় এ কথা! তবে সর্বনাশ!

দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে, নেছার ভেতরের ঘরের দরজায় তাকিয়ে থমথমে গলায় বললো,“এই এদের পানি দাও। সাথে আমাকেও।”

শাদ তালুকদার। অসীম তালুকদারের মেজো ছেলেটি বেশ নির্বিকার। ওকে ঘিরে সুব্রত,ওমর,নীলয়,মন্দিরা আর মন্দিরার আরো দু'টো বান্ধবী মিষ্টি হাতাহাতি করতে ব্যস্ত। শাদের নিস্প্রভ দৃষ্টি তার পাশে আড়ষ্ট ভঙ্গিতে বসে থাকা ষোড়শীর মুখে। ষোড়শীর মুখটা এখন একটু বেশিই লাল, হয়তো সন্ধ্যা থেকে কেঁদেছে তাই। তবে সেই লালের সাথে মিলেছে ওর মাথায় চাপানো লাল রঙের শিফনের একটি ওড়না। মন্দিরা শাড়ি এনেছিল ওকে পরাবে তাই, পরাতে আর পারেনি। অগত্যা শুধুমাত্র একটা ওড়না দিয়ে বৌ সাজাতে হয়েছে।

শাদের মনে হচ্ছে এটা কোনো নারী নয়, এটা একটা কৃষ্ণচূড়া। অসময়ে ফুটেছে। শাদের জন্য। শাদের নিস্প্রভ চাউনি এই কৃষ্ণচূড়ার মুখ থেকে গলায় গিয়ে ঠেকে, ভয়ে মেয়েটা ঢোক গিলছে দেখে। শাদ খানিকটা হেসে নেয় মনে মনে,পর পর স্বর গম্ভীর করে উচ্ছ্বাসিত বন্ধুদের থামিয়ে বলে ওঠে,“হয়েছে থাম। বাড়ি যেতে হবে এখন!”

বলেই কাজীকে বললো,“আপনার চাপ নিতে হবে না। কেউ জানবে না,কেউ আসবে না আপনার দুয়ারে। নিন দরজা আটকে ঘুমান। তবে কখনো যদি কেউ খোচাতে আসে আমার ফোন নাম্বারটা ধরিয়ে দেবেন। আমি বুঝে নেবো!”

নেছারুদ্দীন ভেতরে ভেতরে শ্বাস ফেলে। এতক্ষণে তার সামনে দাঁড়িয়ে থাকা, মফস্বলের প্রাক্তন ত্রাস শাদ তালুকদারকে কিঞ্চিত স্বাভাবিক লাগছে। নয়তো যখন ছোটো একটা মেয়েকে নিয়ে তার সম্মুখে এসে দাঁড়িয়েছিল, হতবাক হয়েছিল নেছার। শুরুতে ভেবেছিল মেয়ে তুলে বিয়ে করছে। বিয়ে পড়াতে আপত্তি তোলার সাহসও ছিল না। পরে বুঝলো এই এক রত্তি মেয়েরই সম্মতি আছে বিয়েতে। কি মেয়েদের রুচি! ভোলাভালা মেয়েগুলোর রুচিবোধ এমন ভয়ঙ্কর কেন বোঝেনা নেছার। সুন্দর ছেলে হলেই কি সে ভালো স্বামী হয়? এই শাদ তালুকদার, এক সময়ে বাপ সহ সকলের শান্তি চিবিয়ে খাওয়া মানুষ কখনো সংসারি হবে? তা আর এজন্মে হচ্ছে! মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নেছার মাথা নাড়ায়, মিনমিনে স্বরে বলে,“ভাত খেয়ে যাবে?”

_আপনাকে কষ্ট করতে হবে না আর। দরজা আটকে দিন। আমরা গেলাম।

ওরা তৎপর হয়, সুব্রত হাই তুলে মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই মন্দিরা এসে ধরলো নিসার হাতটা। থালার মতো গোল,ফরসা মুখটা এতক্ষণে উঁচু হয়ে তুললো চোখ, সেই যে কবুল বলার আগে নামিয়ে নিয়েছিল তারপর আর কিছু দেখেনি নিজের পায়ের মেহন্দি রাঙানো নখগুলো ব্যতীত।

শাদের নিস্পন্দ চোখ তখনো মেয়েটার মুখাবয়বে আটকে আছে, এই মেয়েটা তার বৌ এখন? এ কি বাস্তবতা!

“উঠবে না নিসা?”

মন্দিরার কথার পিঠে ষোড়শীর কাঁপা গলার আওয়াজ,“কোথায়?”

_তোমার শ্বশুর বাড়ি! আর কোথায়?

হাঁসফাঁস করে উঠলো যেন মেয়েটা, সহসা তাকালো শাদের চোখে। এক ঝলকই তাকাতে পেরেছে। সামনে বসা মানুষটা তার স্বামী, এটুকু খেয়াল হতেই বিনা বাক্য ব্যয়ে মাথা নেড়ে বলেছে,“জি।”

মন্দিরার হাতে হাত রাখতেই মন্দিরা টেনে তুললো দুর্বল শরীরটাকে ‌। শাদকে বললো,“ভাই ওকে কিছু খাওয়া আগে। মেয়েটা তো হাটতেই পারবে না মনে হচ্ছে!”

নিসা মাথা নাড়ে, এ পরিস্থিতি নয় খাওয়ার। কিছু না বুঝে,ভেবে,দেখে জীবনে এতো বড় একটা সিদ্ধান্ত সে নিয়েছে, তবে দুশ্চিন্তা যে নিসাকে পায়নি এমনটা নয়।
কিন্তু লোকটা যখন আসলো, কেমন কোমল স্বরে বললো,“আমাকে বিয়ে করবা?”
তখন নিসার মনে হয়েছে, এমন চমৎকার আবদারটা এই ক্ষণে ফিরিয়ে দিলে আর যদি কখনো ফিরে না আসে? আর যদি লোকটা তার সামনে এসে এভাবে না দাঁড়ায়? কখনো?
ব্রাঞ্চ রোডের মাঝখানে দাড়িয়ে ঐ মুহুর্তে এই অচেনা হয়েও চেনা, অজানা হয়েও জানা, অপরিচিত হয়েও পরিচিত, লোকমুখে বখাটে, তবে শান্ত চলনের মানুষটিকেই যে নিসার বড্ড নিরাপদ লেগেছে। নিসার মন সাথে সাথে ভেবে নিয়েছে, এটা একটা সমাধান হতে পারে।

কিন্তু এরপর কি হবে? বিয়ে হয়েছে, সংসার হবে। আচ্ছা সেই সংসারটা কেমন হবে? আপু? তার স্কুল? লোকটা কি কিছু করে? নিজে বেকার থাকে থাক,বাপের টাকায় চলে চলুক, তবে নিসার মনের সামান্য চাহিদা তার গাঁয়ের থ্রিপিস টা যেন লোকটা নিজের টাকায় দেয়, অমন টুকটাক ইনকাম করবে না লোকটা?

এতক্ষণ এসব ভাবনায় তলিয়ে ছিলো নিসা। তার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই।

নেছার এইবার নিসার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলো,“তোমার বয়স হয়নি। আমাকে চোরা পন্থায় কাগজটার রেজিস্ট্রেশন করতে হবে । কিন্তু একটা কথা মা, এইসব নিয়েই তো ঘাঁটাঘাঁটি করি আমি। তাই তোমাকে খোলাখুলিই বলি, এই ধরণের আবেগী বিবাহে,ক'দিন গেলে বৌ অস্বীকার করে দিব্যি পার পেয়ে যায় পুরুষ লোক। এটাই বাস্তবতা। আমি অনেক দেখেছি। মাইন্ড করো না। তুমি বিয়ের প্রমাণ পোক্ত করতে এখন কিছু ছবি তুলে রাখতে পারো।”

ওরা সকলে উঠে দাড়ালেও নেছারের কথায় থামলো। শাদ চুপচাপ দেখছে নিসাকে। নিসা এক পলক,আরো একবার তাকাল লোকটার চোখে। ঘন্টাখানেক আগের দৃশ্যটা তার মস্তিষ্কে ফের এসে হানা দেয়।

লোকটার গলার স্বরটাও শুনতে পায়, বলেছিল লোকটা,“এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আমি তোমাকে কেন বিয়ের প্রস্তাব দিয়েছি তা তুমি খুব ভালো করে জানো, আমিও জানি। আর তুমি আমার প্রস্তাবে কেন রাজি হবে সেটাও খুব ভালো করে জানো,আমিও জানি। বেশি প্যাঁচানো আমি পছন্দ করি না। কাল তোমার পরিক্ষা, দেড় ঘন্টার মধ্যে আমাকে যদি হ্যাঁ বোধক কোনো জবাব দাও তবে কাজী অফিস থেকে বাড়িতে যাবো। আমাদের বাড়ির পরিবেশ নিড়িবিলি। ঠান্ডা মাথায় পড়তে পারবে। কাল ভোরে এক্সাম হলে রেখে আসবো আমি। বইপত্র সব আছে না?”

নিসা বোকার মত তাকিয়ে থেকে মাথা নাড়িয়েছে।

_গুড, এবার জবাব দাও।

নিসা জবাব দিতে পারেনি। শাদ ওকে বুঝেছিলো, কিছুক্ষণ মায়া মায়া দ্বিধাগ্রস্ত মুখটার দিকে চেয়ে থেকে গিয়ে বাইকে চেপে,বাইক স্টার্ট করতে করতে ঠান্ডা গলায় বলেছিল,“কিছু বলতে হবে না। চুপচাপ বাইকে চেপে বসবে এসে। আর যদি মত না থাকে, যদি মাথার মধ্যে উৎসব বলে ছেলেটার গাওয়া গানটাই ঘুরপাক খেতে থাকে, তাহলে চোখ মুছে ভেতরে যাও। রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার চাইতে ছোটো লোক দুলাভাইয়ের মুখ ঝামটা খাওয়াটা বাস্তবিক অর্থে বেশ ভালো এবং আরামদায়ক। যাও ভেতরে যাও, নয়তো এসো।”

নিসা একবার অবশ্য তাকিয়েছিল চার-দুই-পাঁচ বাড়িটার পানে। ভেতরের কোন্দল অব্যাহত ছিলো। বিতৃষ্ণায় কেমন গা গুলিয়ে উঠেছিল ঐ সময়টিতে। এরপর মিনিট খানেক চোখ বুঁজে শ্বাস ফেলে নিয়েছে অবুঝ মস্তিষ্কে,জীবনের চরম সিদ্ধান্তটা। পরিণতি অতটা খতিয়ে দেখেনি তখন, কূল হারা ভাসমান কচুরিপানার মতো দু'চোখে সামনে শুধুমাত্র একটা পুরুষকে দেখেছে, নিসার মনের প্রথম কৌতুহলের পুরুষ। নিসা বেশিক্ষণ অপেক্ষা করায়নি শাদকে, রাস্তা থেকে ব্যাগটা তুলে চুপচাপ এগিয়ে এসেছিল। একটা স্কুল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ে তার ধৃষ্ট কদম বাড়িয়েছিল অনিশ্চয়তার দিকে।

নেছার আবার বলে উঠলেন,“প্রমাণ রাখতে ছবি তুলো! আমি বলবো উচিত কথা, শাদ তালুকদার রাগ করলে করতে পারো। আজকালকার ছেলেগুলো ভারি পল্টিবাজ। এদের মনের দূরন্ত ঘোড়ার লাগাম টানা মুশকিল।”

সুব্রত সহ বাকিরা বেশ বিরক্ত হচ্ছিল কাজীর কথাবার্তায়। বিরক্তিটা প্রকাশ করছিলো না শাদের ইশারা পেয়ে। নীলয় হাতে ফোন তুলে বলে,“হ্যা হ্যা, সুন্দর দু'টো ছবি তুলে রাখি। ফোনটা থাকুক স্বাক্ষী হিসেবে। আজকাল মানুষ খুব দ্রুত পল্টি নেয়।”

শাদ চুপচাপ তাকিয়ে আছে, নিসা নীলয়ের কথা শুনে আরো এক দফা তার সুন্দর তবে ঘোলাটে চোখ দু'টো রাখে শাদের চোখে। পর পর আবার চোখজোড়া নামিয়ে নেয়, ধীরস্থির বলে ওঠে,“ছবি লাগবে না আমার! ছবি তুলতে হবে না।”

⚫

রাতের নির্জনতা ছাপিয়ে যাচ্ছিলো শাওকি,নাফিয়া আর সিমিনের হাসাহাসির শব্দে। ওরা লুডো খেলছিল, কারো চোখে ঘুম নেই, অপেক্ষা করছিল শাদের জন্য। আজ শাওকি দোকান আটকে ফেরার পথে পিৎজা নিয়ে এসেছে। শাদ এলেই সেটা খাবে বলে ঠিক করা।
বসার ঘরে অসীম তালুকদার সেন্টার টেবিলের ওপরে ব্যান্ডেজ করা পা টা তুলে দিয়ে গা এলিয়ে বসে আছে ডিভানে। হাতে তার টিভির রিমোট, রাত সাড়ে বারোটার টকশো দেখছিলেন খুব মনযোগে। শাহানাজ পাশে বসেই নকশিকাঁথা সেলাই করতে ব্যস্ত ‌।
শাওকিদের হাসাহাসির শব্দ জোরালো হয়। অন্য সময় হলে নাফিয়া,শাওকি বা সিমিন এভাবে এতো রাতে উচ্চশব্দে হাসতে সাহস পেতো না। তবে এখন অসীমের মেজাজ বেশ ফুরফুরে। তার পায়রা তিনটা সন্ধ্যা নাগাদ ফিরে এসেছে বলে।

বাড়িতে বাচ্চা বলতে ওরাই, অসীম তালুকদার মাঝেমাঝে ওদের হৈ হল্লা বেশ উপভোগ করেন। হাতের নকশিকাঁথা রেখে শাহনাজ এবার উঠে দাঁড়ায়, দেয়াল ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে ও ঘরে শাওকিকে বলে উঠলেন,“এই শাদকে এখন একটা কল দে কেউ। অনেকটা রাত যে!”

অসীম চট করে টিভির সাউন্ড কমিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে স্ত্রীকে বলে,“কি যেন বলেছিলে সেদিন? তোমার মেজো ছেলে শুধরেছে? যাও গিয়ে দেখো কোন চিপায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে চাঁদাবাজি করছে। কিংবা কোনো নেতার অফিসে।”

_এভাবে বলেন কেন? রোজ রোজ কি ওর এতো দেরি হয়?

_অঘটন রোজ রোজ ঘটেও না শাহনাজ! ছেলেকে বোঝাও। এখনো তোমার কাছে আবদার করছি আমি, ওকে ত্যাড়ামি বাদ দিয়ে নম্র আর ভদ্র হতে.....

সবটা বলে শেষ করার আগেই থামতে হলো অসীমকে। তালুকদার ম্যানশনের গেটের বাইরে খুব সম্ভবত তিন চারটা বাইক এসে থেমেছে,একসাথে। ও ঘরে শাওকিদের হাসাহাসি বন্ধ হলো তৎক্ষণাৎ। শাওকি উঠে এলো।
শাহনাজ চিন্তিত ভঙ্গিতে, ত্রস্ত কদমে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয়। দু'চোখ ভরা কৌতুহল তার। কারা এসেছে?

সদর দরজা হাট করে খুলতেই তালুকদার ম্যানশনের অন্দরের আলোক রোশনাই ঠিকরে বেরিয়ে পরে সামনের উঠানে। সেই আলোতে শাদের পাশে নত মস্তকে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকা নিসা চমকায়, পর পর পিছিয়ে যায় খানিকটা, মাথায় দেয়া ওড়নার ঘোমটা টেনে নেয় আরো কিছুটা।

শাহনাজ দরজায় দাঁড়িয়ে ছেলের মুখ দেখে। শাদ গম্ভীর বেশ, তবে টানটান দাঁড়িয়ে। ছেলের পাশে বৌ বৌ বেশে দাঁড়িয়ে থাকা বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে শাহনাজ বিস্ময়ে বিহ্বল হলো, আচমকা মনটা কু ডেকে ওঠায় তুতলে ডেকে উঠলেন স্বামীকে,“শু-শুনছেন। একটু এদিকে আসেন!”

অসীম আগেই উঠে দাঁড়িয়েছে। অবাক দৃষ্টি মেলে এসে দাঁড়িয়েছে স্ত্রীর পেছনে।‌

শাদদের পেছনে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর বন্ধুরা সকলে। সুব্রত ফিসফিসিয়ে বাকিদের বলছে,“না মানলে ডিরেক্ট পায়ে পরবো সবাই? ক্লিয়ার?”

ওরা সাথে সাথে মৃদু গুঞ্জন তুললো,“ক্লিয়ার!”

_আর মন্দিরা,আফসানা আর শান্তা। তোরা কান্নাকাটি জুড়ে দিবি। অসীম কাকা নরম মনের মানুষ, মেয়েদের কান্না দেখে গলতে পারে।

শাদ নিশ্চুপ বাবাকে দেখে চলেছে,অসীমও ছেলেকে দেখছে। কিন্তু শাহনাজ বুকে হাত চেপে এগিয়ে যায় উঠানে। তার আশংকা সত্যি হলে আজ এই উঠানে দক্ষ যুদ্ধ বেঁধে যাবেই যাবে! এই ছেলে করেছে কি!

নাফিয়া,শাওকি,সিমিন এসে দাঁড়িয়েছে অসীমের পেছনে। নিসাকে ওভাবে দেখে শাওকির মাথায় হাত।

শাহনাজ এগোচ্ছিল,ওসব দেখে শাদও দাঁড়িয়ে থাকতে পারলো না, নিসাকে ফেলে সামনে এগিয়ে মায়ের মুখোমুখি হয়। ঘাম ছুটেছে শাহনাজের মুখ থেকে,ভীত কন্ঠে থেমে থেমে ছেলেকে শুধায়,“করেছিস কি? এই মেয়ে কে?”

শাদ মায়ের মুখটা দেখে শ্বাস ফেলে,কোনো রকম ভণিতা ছাড়া নিচু গলাতেই বলে ওঠে,“আমার বৌ!”

_তোর বৌ?
আঁতকে ওঠে শাহনাজ। পর পর অদূরে দৃষ্টি দিয়ে নিসার মুখ দেখে ঢোক গিলে প্রায় কেঁদে দিয়ে বলে,“মাশাল্লাহ সুন্দর তবে এই অকাজ কেন করলি বাপ? তোর আব্বু....”

_আব্বুকে বোঝাবে...

_আমি পারবো না!

_পারবে। আর এ দেখতে একটু গোলগাল, তবে খায় কম। চাপ নেই তো!বেশি খরচা হবে না। চাকরির চেষ্টা করছি, পেয়ে যাবো। তোমার স্বামীকে টেনশন করতে হবে না। কটাদিনের জন্য ম্যানেজ করো!

ছেলের ফাজলামি ধরণের কথা শুনে ছটফটিয়ে উঠে শাহনাজ জানতে চায়,
_বয়স কত?

_সাড়ে ষোলো।

শাদের ঠান্ডা জবাবটাতে দ্বিতীয় দফায় আঁতকে ওঠে শাহনাজ। চেপে ধরে বুক। অসীম তখন দরজাতেই ডেকে ওঠে,“হচ্ছে টা কি ওখানে কেউ বলবে?”

শাহনাজ ঘুরে দাঁড়ায়। স্বামীর মুখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে,“ও তোমার মেজো বৌমা। শাদের বৌ।”

চলমান......

[ আপনারা মন্তব্য করেন না কেন? গল্পটি ভালো লাগছে না? ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন