#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৪
#ইসরাত_আরা_ইতি
“নার্সিং পরে লাভটা কি হয়? যদি বিএসসি নার্সিং হতো তাও না হয় একটা কথা ছিল, ডিপ্লোমা নার্সিং করে সারা জীবন যাবে রোগীর গু-মুত সাফ করে করে। আর তাছাড়া এদের খুব ভালো পাত্র বিয়ে করে না! করলেও লাফাঙ্গা, বেকার ধরণের ছেলেরা বিয়ে করে। তোর চাচী এসব বলে বলে আমার মাথা খেয়ে দিচ্ছেরে মূর্ছনা।”
মূর্ছনা হাই তোলে মায়ের কথাগুলো শুনে। হাতের বই গুলো টেবিলে সরিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ঘুমে শরীর নুয়ে আসছে। ডান হাতের আজলায় চোখ ডলে নিয়ে ফোনটা কানে চেপে রেখেই বেশ হালকা গলায় মাকে বলে,“তো শোনো কেন? এড়িয়ে থাকতে পারো না?”
মারুফার উচ্চারণে সিলেটি টান, মিনমিনে জবাব দিলো একটা,“সব কি চাইলেও এড়িয়ে থাকা যায়? তাদের ঘাড়ে বসে খেয়েছি, খাচ্ছি এতো গুলো বছর। ঔদ্ধত্য তো দেখাতে পারি না মা!”
বিছানার এক পাশে বসলো মূর্ছনা, হাতে তুলে নিলো বিছানা ঝাড়ার ফুলঝাড়ু, মাকে বললো,“ঠিক আছে। তবে তুমি ওসব শোনো, দয়া করে শুধু আমাকে ওসব বলো না। রাখছি হ্যা?”
_এই শোন..শোন...!
মারুফা মেয়েকে থামিয়ে দিয়ে হড়বড়িয়ে বলতে লাগলেন,“একটা কথা বলি মা? তোর চাচীর বলার ধরণ টা হয়তো ঠিক না, কিন্তু খুব যে মিথ্যা কিছু বলে তা কিন্তু না। তোর বাপ আর আমার যে অবস্থা, তার ওপর খাচ্ছি তোর চাচা চাচীর ঘাড়ে, দুয়েকটা যা প্রস্তাব আসছে, তুই নার্সিং পড়ছিস শুনে জানিয়ে দিচ্ছে চাকরি করাবে না।”
_তো তাতে কি হয়েছে? আর এখন সম্বন্ধ দেখবেই বা কেন? আমি দেখতে বলেছি?
_দেখবো না? তোর বয়স হয়নি বিয়ের? নেহাত চেহারার কাটিং সুন্দর তাই দু একটা প্রস্তাব আসছে। বাকিরা তো রং দেখেই আগায়না মা!
শেষের বাক্যটায় বিষন্নতা মারুফার। মূর্ছনার কোনো ভাবান্তর হয়নি মায়ের কথাগুলো শুনে। এ তো তার জীবনে প্রথম নয়। বয়ঃসন্ধির পর থেকে শুনতে শুনতে এখন বেশ ডালভাত এসব।
“তা কেউ না এগোলে পায়ে ধরতেই বা হবে কেন একটু বলবে? আমি কি বিয়ের জন্য কাঁদছি?”
_তুই না কাঁদিস। তোর বাপ আর আমি কাঁদি, এটা তো সত্য, কোনো মধ্যবিত্ত পর্যায়ের পাত্র চায়না তার বৌ রাতে বাড়িতে না থেকে হাসপাতালে ডিউটি করে বেড়াক। এটা সত্যি রে মা, নার্সদের পাত্র পক্ষরা বিয়ের পাত্রী হিসেবে অতটা ভালো চোখে দেখে না। তাই তো এতো চিন্তা!”
নিঃশব্দে দীর্ঘ এক শ্বাস ফেলে মূর্ছনা । চোখের সামনে কত কি যে ভেসে ওঠে! মাকে সেসবের আঁচ না পেতে দিতে গলায় হালকা ফাজলামির সুর টেনে বলে,“এখন আমি রাতে ডিউটি করতে বেরুবো তাতে যদি কেউ আমাকে বিয়ে না করে তবে তাকে আগেই আসসালামুয়ালাইকুম।”
_হ্যা! এমন করে করে বিয়ের বয়সটা পেড়িয়ে যাক আরকি!
_যাক তবে! তখন আমিও একটা বুড়ো লোক দেখেই বিয়ে বসবো। মা, এতো দুশ্চিন্তা করছো কেন? আমি তো মোটেই করি না,ভাবি না। বিয়ে নিয়ে আমি ভীষণ পজিটিভ চিন্তা করি। আমার জোড়া এই পৃথিবীতেই আছে। আমি কালো, গু-মুত সাফ করা নার্স,তাতে তার কিচ্ছু যাবে আসবে না। সে সময়মতো আসবে। আমি রাতে রাতে হসপিটালে ডিউটি করতে গেলে আমাকে দিয়ে আসবে, আবার ফেরার পথে নিয়ে আসবে। আমি যদি অপাত্রীও হই,তবুও সে বৌ পাগল হবে। আমি এসব বিশ্বাস করি। তুমি আর চাচী একটু দুশ্চিন্তা কম করো তো!”
মারুফা শ্বাস ফেলল, পরক্ষনেই বিরক্ত গলায় বললো,“তোর চাচীর তো দুশ্চিন্তার শেষ নেই। বিকেল থেকে আমাকে বলছে, তুই বোধহয় বরগুনার কোনো ছেলের সাথে সম্পর্ক করছিস!”
_মা প্লিজ! এবার থামো!
_থামলাম, তবে মূর্ছনা শোন। খুব সাবধান, ওখানকার ছেলেমেয়েদের মধ্যে বেজায় ভেজাল থাকে। ভুলেও কোথাও পা দিস না যেন। কেউ ধরতে এলে ধরা দিস না। আমরা সিলেটি মানুষ,সিলেটেই থাকবো, দক্ষিণে যাওয়ার দরকার নেই। ওরা রগচটা, দাম্ভিক আর বেয়াদব ভারি।
টানা দশ মিনিট মেয়েকে সতর্ক করে মারুফা কল কাটেন। মূর্ছনা হাসতে হাসতে গা এলিয়ে দেয় বিছানায়। মা কি মনে করে? মূর্ছনা খুব প্রেমের প্রস্তাব পায়? ছেলেরা মূর্ছনাকে ধরতে হাপিত্যেশ করে সারাক্ষণ? না তো, ওর রংটা দেখলে ছেলেদের প্রেম আসে না মনে, কালো মেয়েরা সমবেদনা ও কবিতার বস্তু, প্রেমের বস্তু নয়। ওকে আজ অবধি কেউ মুগ্ধতা নিয়ে দেখেনি,দেখলেও ঢিলেঢালা কামিজের আবডালে লুকিয়ে থাকা শরীরের ভাজ দেখার আগ্রহ করেছে আগে। মূর্ছনার গঠন ভারি চমৎকার, গাঁয়ের রং না হলেও। প্রেম করতে আগ্রহ না জাগলেও পুরুষ গুলোর কুৎসিত চোখের শিকার সে হয়েছে,হয় প্রতিনিয়ত। কালো বলে ছাড় পায়না।
ভাবতে ভাবতে তাচ্ছিল্যের হাসি হাসে মূর্ছনা।
“কিরে সকালে একা একা কাঁদলি। আবার একা একা হাসছিস, ব্যাপার কি?”
লিজা কক্ষে ঢুকে মূর্ছনাকে হাসতে দেখে জানতে চাইলো। মূর্ছনা জবাব দেয়,“আমার কাঁদতে কারণ লাগে,হাসতে লাগেনা।”
_তো কাঁদার কারণটা আজ কি ছিল শুনি? মোস্তফা স্যার হাত ছুঁয়েছে?
মূর্ছনার মুখটা ফ্যাকাসে হলো তৎক্ষণাৎ। ঢোক গিলে ফিরিয়ে নিলো মুখ। দৃষ্টিপটে বাবার বয়সী তবে ইতর দেখতে স্টেথোস্কোপ গলায় ঝোলানো বদ লোকের কুৎসিত মুখটা ভেসে উঠতেই বমি পায় ওর।
কথাটি বলে লিজাও অপ্রস্তুত হয়ে পরক্ষনেই ওকে স্বাভাবিক করতে বলে উঠলো,“আচ্ছা তুই তো কাল বেরুবি। আমাকে একটা ক্রিম এনে দিবি?”
_কি ক্রিম?
_কোলাজেন সিক্সটিন প্লাস!
_ফর্সা হবার ক্রিম? কে মাখবে?
_সেকেন্ড ইয়ারের হাফিজা!
_অসম্ভব। আমি ওসব ফালতু জিনিস কিনতে পারবো না। ওর টা যেন ও কিনে নেয়।
_প্লিজ ভাই , তুই তো পারমিশন পেয়েছিস বেরুনোর। আমাদের এই দুই সপ্তাহে আর হবে না। একটু দয়া কর।
মৃদু শ্বাস ফেলে মূর্ছনা টাকাটা নিলো। বললো,“আসল নকল বুঝে আনতে পারবো না কিন্তু!”
_বুঝতে হবে না। তুই তালুকদার কসমেটিকসে যাবি, কসমেটিকস পট্টির সাত নাম্বার দোকানটা। ওখানে একদম অরিজিনালটা পাবি। বাকি সবখানে চকবাজারের মাল।
⚫
গত তিন বছরে অসীম তালুকদারের আচার আচরণে বিস্তর এক পরিবর্তন এসেছে তা বেশ টের পেয়েছে তার ছেলেরা, তার স্ত্রী এবং ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ। শাদ বাবার মুখ থেকে তার নিস্পন্দ দৃষ্টি সরায়নি এ পর্যন্ত। বাবার শীতল মূর্তি তার মস্তিষ্কে সতর্কতা জারি করেছে পরবর্তী পরিস্থিতির জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে। সে হচ্ছে। শুধু পকেট হাতরে দেখতে পারছে না এখন কতটাকা আছে! যা ছিল অনেকটাই কাজীর হাতে তুলে দিয়েছে । এখন এই মুহূর্তে ব্যাংক খোলা পাবে সে?
নাফিয়ার ফোনটা লাগাতার বেজে চলেছে, শাহেদের কল। ও কল রিসিভ না করে হা করে শ্বশুরের মুখ দেখছে, দেখছে দেবর আর শাশুড়ির মুখ। আবার দেখছে এই বাড়ির ফুটফুটে নতুন বৌটার মুখ। এই বাড়ির বড় বৌ হিসেবে নাফিয়ার কি করণীয় তা বুঝতে পারছে না সে। শাহনাজ ঢোক গিলেছে কয়েক দফা। এবার বড় একটা শ্বাস নিয়ে স্বামীর দিকে পা বাড়িয়ে বলে,“শুনুন আমরা ভেতরে যাই সবাই....”
_এই মেয়ের বয়স কত? কোথাকার মেয়ে?
দীর্ঘসময়ের নির্লিপ্ততা ভেঙে গুঁড়িয়ে বরফ ঠাণ্ডা গলায় বললেন অসীম, দৃষ্টি তার শাদের চোখেই স্থির। সুব্রত শাদকে উত্তরটা দিতে দেয়নি। হড়বড়িয়ে বললো,“কাকু ওর নাম নিসা। গার্লস স্কুলে টেনে পড়ে। ওদের বাড়ি পাথরঘাটা, বরগুনায় ওর বোন দুলাভাইয়ের কাছে থাকতো,ও সাইন্স নিয়ে প......”
এই এতটুকুই বিবৃতি দিতে পেরেছিল সুব্রত। পর পর যেন মাটি নড়ে উঠলো অসীমের হুংকারে, ছেলের শান্ত চোখের দিকে তাকিয়েই চেঁচালেন,“বেড়িয়ে যাও। তুমি আমার ঘরে ঢুকবে না খবরদার!”
শাদ ভীষণ শান্ত। আজ এই ক্ষণে সে কোনো অবস্থাতেই কাউকে মেজাজ দেখাবে না। ভুল করেছে, না কি ঠিক করেছে সেটা পরের হিসেব। নিজের মেজাজকে পায়ে পিষে ঠাণ্ডা রাখতে হবে, মেয়েটি ভয় পেয়ে আছে, তার ওপর ভরসা করে আছে। পরিস্থিতি ঘোলাটে করে মেয়েটিকে আরো ঘাবড়ে দেয়া যাবেনা।
“আপনি রাগছেন কেন আব্বু? আপনি কি আমার জন্য কোনো মেয়ে পছন্দ করে রেখেছিলেন? আমাকে তো জানাননি,আমিও কথা দিইনি আপনাকে। আমার বিয়ের বয়স হয়েছে। তাই আপনার রাগের কারণ টা বুঝতে পারছি না আব্বু। একটু খুলে বলেন।”
ভীষণ ঠান্ডা শাদ। কিন্তু গা জ্বলে যাচ্ছে অসীমের, বারবার চোখ চলে যাচ্ছে মাসুম দেখতে একটা ভোলাভালা কিশোরী মেয়ের মুখপানে। দিলো! বেয়াদবটা একটা ফুটফুটে কৈশোর নষ্ট করে দিলো, নষ্ট করে দিলো এই মেয়েটার জীবন। ব্যস,অনেক হয়েছে। আর না! এই ছেলেকে এর চূড়ান্ত শাস্তি দিতে হবে এক্ষুনি। এর মনমর্জি মাফিক যা খুশি করার শখ জন্মের তরে ঘুচিয়ে দিয়ে, একে বাস্তবতার যাঁতায় পিষে ছাড়বে অসীম।
কন্ঠে অসীমের সাবেকি ঝাঁঝ,“তোমার কাছে আমি এতো কিছুর ব্যখ্যা দিতে পারবো না বদমাশ। বিয়ে করেছো না? নিশ্চয়ই সামর্থ্য আছে সেটা ভেবেই করেছো! তো বৌ নিয়ে বেরোও তুমি এখান থেকে। আমার বাড়িতে তোমার বৌ আর তোমার স্থান নেই!”
_ওভার রিয়াক্ট করছেন আব্বু!
_চুপ করো বদমাশ।
_আব্বু!
_চুপ বদমাশ!
শাদ কিঞ্চিত থিতিয়ে গেলো, নতুন বৌয়ের সামনে বাপের গালাগাল নিতান্তই লজ্জা জনক। শাদ গলা খাঁকারি দিয়ে এবার ঘাড় ফিরিয়ে নিসাকে দেখে, দেখতে পায় মেয়েটার চোখ টলমল করছে, হা করে দেখছিলো শাদকেই।
শাদ শ্বাস ফেলল, এই মেয়ে এমন অসহায় চোখে তাকায় কেন সবসময়? টলমলে ভাসা ভাসা চোখ ভরা যন্ত্রণা থাকে কেন সবসময়? শাদকে নরম রাখার জন্য নাকি?
শাদ আবার দেখলো বাবাকে, দেখলো বন্ধু বান্ধব, ভাবী,ভাই,বোন,মাকে। তার পিতার দৌড় সম্পর্কে সে অবগত। এখন যথাসম্ভব ঠান্ডা থেকে এখান থেকে কেটে পরতে হবে, নয়তো মেয়েটির পরিক্ষা খারাপ হবে আগামী কাল। রাত গড়াচ্ছে বেশ।
“ঠিক আছে। তর্কে যাবো না আপনার সাথে। আপনার বাড়ি,আপনি সবকিছুর মালিক। যা ইচ্ছে করুন। আমার কিছু জিনিসপত্র নিয়ে আমি বেড়িয়ে যাচ্ছি!”
শাওকি এগিয়ে এলো ত্বরিত,সিমিনও দৌড়ে এলো,“ভাইয়া এসব কি কথা?”
শাহনাজ এবার কেঁদেই ফেলল, তবে তক্ষুনি স্বামীর গর্জন শুনে গুটিয়ে গেলো।
“একদম ফ্যাচফ্যাচ করবে না বলে দিলাম। তোমার এই ফ্যাচফ্যাচ শুনতে শুনতে আমি ক্লান্ত। তিন বছর আগেও তোমার শখ মেটেনি। নিজের প্রশ্রয় অব্যাহত রেখেছো! আজ দেখো চেয়ে চেয়ে সব।”
_বিয়ে করেছে! দোষ করেছে কোন?
_হ্যা আমার চোখে করেছে। ধূর আমি এতো কথা বলছি কেন! এই ছেলে থাকতে পারবে না আমাদের সাথে, খেতে পারবে না তালুকদারদের কোনো ইনকাম, ব্যস! ওকে ওর বৌকে নিজে কামাই করে খাওয়াতে বলো, এবং আমি মাথায় কোনো ছাঁদও দেবো না ওদের। এতদূর যখন করতে পেরেছে তখন ওটাও যোগার করতে পারবে।
এই পর্যায়ে শাদের মুখচোখ বেশ গম্ভীর হয়,স্বরটাও গম্ভীর। এক পলক নিসার মুখটাও দেখে, কি যে ভীতসন্ত্রস্ত লাগছিল মুখটাকে। বাবাকে তখুনি বেশ শান্ত স্বরে বলল শাদ,“আচ্ছা চলে যাচ্ছি। বলেছি তো। এতো চেঁচান কেন এই শরীরে? আগে আমাকে আমার জিনিসপত্র গুলো নিতে দেন।”
_তোমার জিনিস? কি সেগুলো?
_এই বাইক আর কিছু জামাকাপড়! যেগুলো আমি ইনকাম করে কিনেছিলাম, ঠিকাদারি করে!
_হ্যা, তোমার ঐ চাঁদাবাজির ইনকামের টাকা! যাও নিয়ে যাও! তবে মাথায় রেখো এর বাইরে আমার টাকার একটা জিনিসও নেবে না তুমি! না মানে না!
নিসার বুকটা আবার কাঁপতে শুরু করেছে। বাপ-ছেলের তর্কযুদ্ধের দাপটে ক্ষণে ক্ষণে কোমল শরীরটা কেঁপে উঠছে,ও অসহায় মুখ করে শুধু দেখেই চলেছে আশপাশ। শাদ চুপচাপ ঘরের দিকে পা বাড়ায় নিজের জিনিসপত্র নিতে। এই পর্যায়ে বুক চেপে শাহনাজ কেঁদেই দেন,ওকে ধরতে ছুটে আসে নাফিয়া,“মা শান্ত হোন।আপনি অসুস্থ হবেন নাকি?”
_কি দোষ করেছে ছেলেটা? বিয়ে করেছে,ওকে কি বিয়ে করাতাম না? এ কেমন বেহুদা রাগ? ও কি কোনো হারাম কাজ করেছে? ঐ মেয়েকে তুলে এনেছে? ঐ মেয়ে ছোটো তো কি হয়েছে? আপনি আমাকে আমার তেরো বছর বয়সে বিয়ে করে এখন এসব নখরা করতে পারেন না।
শাহনাজের কথায় থতমত খায় অসীম,কিছু সময়ের জন্য চুপ থেকে আবার বলে ওঠে,“এতো তর্ক করতে ভালো লাগছে না। এই ছেলে তার বৌ নিয়ে ঘর থেকে বেরুবে এটাই শেষ কথা।”
_হ্যা হ্যা যাচ্ছি তো! আপনারা তর্ক করবেন না। স্টপ! আগে আমার জিনিসপত্র গুলো গুছিয়ে নিতে দেন।
শাদকে বাড়ির ভেতর ঢুকতে দেখে অসীমও লম্বা কদম ফেলে ঢোকেন ঘরে,“কি কি নিচ্ছো তুমি দেখি! খবরদার আমার কোনো জিনিস যদি নিয়েছো!”
শাদ দাঁতে দাঁত চেপে শুরুতেই ড্রয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টের চেক দুটো বের করে হাতে ধরিয়ে দেয় অসীমের, চিবিয়ে চিবিয়েই বলে,“নিন এই দু'টো আগে। আছে আমার নিজস্ব সেভিংস কিছু। অতটাও অকাজের নই!”
_হুম সে দেখতেই পাচ্ছি। তবে শোনো, এই এখন যদি পুলিশ আর ঐ মেয়ের বাড়ির লোক এসে বাল্যবিবাহের কেস ঠুকে দেয় না? যাবোনা আমি ছাড়াতে, যাবো না! বলে দিলাম।
শাদ জবাব না দিয়ে আলমারির দিকে পা বাড়ায়।
উঠানে ঠাঁয় দাঁড়িয়ে আছে এ বাড়ির নতুন মেজো বৌমা। মাথার ঘোমটা ততক্ষণে খসে পরেছে। পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরা ওকে দু'হাতে আগলে নিয়ে বলে,“একদম ভয় পেয়োনা নিসামনি! শাদ একটা ব্যবস্থা করে ফেলবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা আছি তো?”
_একদম। একদম।
মন্দিরাকে সমর্থন করে ওরা সকলে। নিসা ঘাবড়ায় না,শুধু মাত্র তার একটু মন খারাপ হয়েছে। মানুষটা কি তার কারণে বাড়ি ছাড়া হলো? এ যখন জানতো এসব হবে তবে গেল কেন নিসার কাছে?
শাহনাজ চোখের পানি মুছে ছেলের বৌকে কিঞ্চিত আক্ষেপ নিয়ে বলে,“রাজি কেন হয়েছিলে? তোমার মা বাপ নেই? শাদকে,শাদের পরিবারকে তুমি জানতে ভালো করে? তোমাদের প্রেম ভালোবাসা ছিলো?”
শেষের তিনটা প্রশ্নের উত্তর 'না'! তাই মাথা নাড়ে নিসা। নাফিয়া আর শাওকির বড্ড খারাপ লাগে এইবার। শাহনাজও মিইয়ে যায়। মেয়েটি এতিম। অথচ শ্বশুর বাড়ির আদরও পাবে না? নাফিয়া নিসার মাথায় হাত বুলিয়ে দিলো, বললো,“দু এক রাত কষ্ট করো। মানিয়ে নেবো আব্বাকে। আব্বা আমার আর আম্মার কথা খুব শোনে। একদম চিন্তা করো না।”
সিমিন এসে নতুন ভাবির গাল টিপে দেয় আদুরে ভঙ্গিতে,বলে,“ভয় পেয়ো না। মন খারাপ করো না। ভাইয়া তোমাকে তিন বাড়ির আদর একদম একাই করে দেবে। আমাদের বাড়ির ছেলেরা সব বৌ পাগলা হয়। মামা মামীকে ধমকালে কি হবে,খানিক বাদেই মামীর পেছনে দুধের গ্লাস নিয়ে ঘুরতে ঘুরতে বলবে,“শানু! শানু লক্ষিটি খেয়ে নাও!
ভীষণ ভালোবাসে মামা মামীকে। বড় ভাইয়াও তাই। ভাবীর হাত সামান্য কাটলেই আহাজারি করে ওঠে,“আমার নাফু। নাফু বেশি কষ্ট হচ্ছে?”
এতো দুশ্চিন্তায়ও বেশ শব্দ করে হেসে ওঠে নিসা, আর বাকিরাও হাসলো। শাওকি তৎক্ষণাৎ সিমিনের মাথায় গাট্টা মেরে নতুন ভাবীর দিকে তাকালো লজ্জিত ভঙ্গিতে। বয়সে এতো ছোটো একটি মেয়েকে তার ভাবী ডাকতে হবে তাই ভেবে লজ্জা পাচ্ছে শাওকি। ও সালাম দিলো খুব বিনয়ী ভঙ্গিতে।
নাফিয়ার থেকে ফোনে সবটা শুনে শাহেদ অবশ্য কিছুক্ষণ আগে বাবাকে বোঝাতে চেয়েছিলো। অসীম ধমকে উঠেছিল বড় ছেলেকেও,“তুমি চুপ করো অপদার্থ! তুমিও তো ঐ একই গোয়ালের গোরু ছিলে! নেহাত বড় বৌমাকে এনেছিলাম তোমার জীবনে তাই একটু শুধরেছো! জীবনটা গুছিয়েছে তোমার। ভাইয়ের হয়ে সাফাই গাইতে এসো না একদম।”
আলমারি খুলে সব বের করে বিছানায় রাখলো শাদ। পাশেই কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অসীম। শাদ শুরুতেই নিজের গা থেকে নীল শার্ট টা খুললো, বললো,“এটা আপনি দিয়েছিলেন বছর দেড়েক আগে। নেন আগে এটা ধরেন।”
অসীম খুব সহজ ভঙ্গিতে শার্ট টা নিলো। শাদ বাছাই করছে তার জামাকাপড়। চারটা জিন্স, সাতটা শার্ট, পাঁচটা টিশার্ট এগুলো তার টাকার। সে খুব সাবলীলভাবে সেগুলো ব্যাগে পুরলো। কিছু আন্ডারওয়্যার বের করে বাবাকে বললো,“এগুলো সব আমার টাকার। সন্দেহ আছে? থাকলে বেছে রেখে দিন যেটা যেটা আপনার টাকার মনে হয়!”
অসীম ভ্রু কুঁচকে মুখ ফিরিয়ে নিলেন। বললেন ,“চুপ বদ কোথাকার!”
_আ! চুপ কেন হবো? দেখে নিন। অবশ্য আপনার জানার কথা না আপনার টাকা দিয়ে আন্ডারওয়্যার কেনা হয়েছে কিনা। তবে সত্যিটা বলছি। শাদ খুব কম মিথ্যা বলে।
_একদম চুপ বদ!
শাদ শ্বাস ফেলে উঠে টিস্যু বক্স নিলো, নিলো এক সেট পারফিউম। এগুলো তার টাকার। নিলো তিন জোড়া জুতা। পর পর যখন সিগারেটের প্যাকেট হাতে তুললো, অসীম চেয়ে আছে দেখতে পেয়ে বললো,“এই প্যাকেটটা আমার টাকার।”
অসীম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সবটা গুছিয়ে শাদ আরেকবার বাবার সামনে দাঁড়ায়, শান্ত চোখে তাকিয়ে বলে,“মানবেন তো একদিন ঠিকই। একদম তুলুতুলু করে মাথায় তুলবেন ওকে। এ আমি জানি। শুধু শুধু আজ আমার ওপরের রাগটা বেচারিকে দেখালেন। এরপর, বার্ধক্যে আইসেন আমার বৌয়ের সেবা নিতে। তখন দেখবো আপনাকে!”
হতভম্ব হয়ে অসীম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। শাদ শান্ত কদমে
নামলো উঠানে। পেছন পেছন নামলো অসীম। শাহনাজ আবার ছুটে গিয়ে ধরলেন ছেলেকে। কাঁদতে লাগলেন খুব করে,বোঝাতে চাইলেন স্বামীকে। অসীম তার সিদ্ধান্তে অনড়। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই শাদের। বন্ধুদের বাইকে উঠতে বলে নিজের ব্যাগ পত্র বাইকের সামনে বেঁধে উঠে নিসাকে বলে,“এসো।”
নিসা আরো একবার ভয়ে ভয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তাকায় এই বাড়ির সবগুলো মানুষের দিকে। যারা নিসার চমৎকার একটি পরিবার হতে পারতো, অথবা অদূর ভবিষ্যতে কখনো হতে পারে।
⚫
এক টানে বাইক গিয়ে থামলো আমতলার পাড় রোড। জায়গাটা বেশ নিড়িবিলি। সুব্রতরা কেউ জানে না এখানে আসার কারণ। শুধুমাত্র ওমরকে সিগন্যাল দিয়ে রেখেছিল শাদ।
রাত তখন দেড়টা। মন্দিরা হাই তুলে সুব্রতকে বললো,“এখন কি করবো বুঝতে পারছি না। আজ কেউ বাড়িতে নেই বলে আফসানার বাড়িতে আসার বাহানায় এতো ছোটাছুটি করতে পারছি। কিন্তু ওরা এখন কি করবে?”
মন্দিরার প্রশ্নটি আসলে প্রত্যেকের প্রশ্ন। সকলে একযোগে তাকাল শাদের নির্বিকার মুখটার দিকে। শাদ নেমে সরাসরি নিসার দিকে তাকায়। নিসা সংকোচে গুটিয়ে যেতেই শাদ ওমরের দিকে তাকিয়ে বললো,“তুই যে বাসাটা ভাড়া নিয়েছিস, ওটা আমাকে দে। বাড়ির মালিককে গিয়ে জিজ্ঞেস কর কোনো কাপল থাকতে পারবে কিনা। এই টাকাটা নিয়ে যা!”
বলেই পকেট থেকে হাজার টাকার দু'টো চকচকে নোট বের করে দিলো। ওমর বললো,“তা তো বাড়িওয়ালা নাচতে নাচতে দেবেন। সে বরং খুশিই হবে। কিন্তু এই রাতে ফাঁকা বাড়িতে কিভাবে থাকবি?”
সুব্রত বলে,“আমাদের বাড়িতে চল আজকের রাতটা? মা খুশি হবে!”
শাদ আবার তাকায় নিসার ভীত মুখটাতে, খিদের চোটে গোল মুখটা শুকিয়ে একটু খানি হয়েছে। ঘুরে মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই মন্দিরা মাথা নেড়ে ওর ভ্যানিটি ব্যাগ থেকে দু'টো পেস্ট্রি বের করে নিসার হাত ধরলো,টেনে রাস্তার পাশের বেঞ্চিতে বসিয়ে মন্দিরা নিজেই খাইয়ে দিতে লাগলো পেস্ট্রিটা।
শাদ এবার মাথা নেড়ে সুব্রতকে বলে,“না। আধাঘণ্টার মধ্যে একটা তোশক, দু'টো বালিশ, কিছু হাঁড়ি পাতিলের ব্যবস্থা করে দিবি! আমরা নতুন বাসাতেই উঠবো।”
_এতো রাতে দোকান কোথায় খোলা পাবো?
_সে আমি জানি না।
শাদ বলতে বলতে আরো হাজার চারেক টাকা বের করে । ব্যাস,আর কিছু নেই ওয়ালেটে। সামান্য যা আছে,সব ব্যাংক অ্যাকাউন্টে।
নিসা গোগ্রাসে খেয়ে নিলো দু'টো পেস্ট্রি। খেয়ে পানি খেয়ে নিলো। আফসানা ওর চুল ঠিক করতে করতে বললো,“আ'ম শিয়র শাদ তোমার চুল দেখেই পিছলা খেয়েছিল। যা সুন্দর চুল তোমার! নয়তো আমি বুঝি না ও কোন বিবেকে এতো ছোট একটি মেয়ের পিছে ঘুরতো! এগুলো তো ওর সাথে যায়না। ওকে আমরা স্টোন শাদ বলে চিনি।”
অদূরে, কৃষ্ণচূড়ার মুখটা থেকে দৃষ্টি সরে না শাদের। নীলয় তখন বুদ্ধি করে বাইকে উঠে বাইক স্টার্ট করতে করতে বলে,“ফালতু জেদ তোর, যাই গিয়ে মোমিন কাকার বাড়িতে যাই, ঘুম থেকে তুলে গোডাউন থেকে নিয়ে আসছি তোশক বালিশ। যা বাকিটা কেনাকাটা কর।”
সুব্রত হাত ঘড়িতে সময় দেখে নিয়ে দূরে বসে থাকা নিসার মুখটাতে এক পলক তাকিয়ে শাদকে বলে,“ওর না এক্সাম কাল? একটু পড়াশোনা করবে না?”
_হুম। এজন্যই নিড়িবিলি জায়গা খুঁজছি। তোদের কারো বাড়িতে চলে গেলে সেটা হতো না।
ওমর আর সুব্রত চোখ বড় বড় করে মিনিট খানেক শাদকে দেখে । হালকা গলায় বলে ওঠে,“ভাই তুই তো পাক্কা স্বামী হয়ে গেলি বিয়ের দুই ঘন্টাতেই। ওয়েল ডান ব্রো!”
সুব্রত পিঠ চাপড়ে দিলে শাদ শুকনো হেসে ঘাড় বাকায়। পর পর কিছু একটা মনে পরতেই ওমরকে বলে,“ওর আপুকে খবর দিয়েছিস?”
_হুম। ভাই এক বিপদে কাত হয়ে পরে গেলি এখন ঐ পাগল মহিলাকে কিভাবে সামাল দিবি কে জানে!
শাদ আরো একবার দেখে নেয় কৃষ্ণচূড়ার নত মুখটা। পর পর এগিয়ে যায় ওদিকে। নিসা উঠে দাঁড়ায় শাদকে দেখে, চিন্তিত ভঙ্গিতে বললো,“আপুকে কখন জানাবেন?”
শাদ একটু মিথ্যা করে বললো,“আজ রাতটা টেনশন করুক। তোমার আপুর এটুকু প্রাপ্য।”
কিন্তু দেখলো নিসার মনটা বিষন্ন হয়েছে আপুকে নিয়ে শাদের এমন কট্টর মন্তব্য শুনে। তৎক্ষণাৎ শাদ সহজ গলায় বলে উঠলো,“আসছে তোমার আপু। খবর পাঠিয়েছি কিছুক্ষণ আগেই।”
আমতলার পাড়ে ওমরের ভাড়া করা এক রুমের বাসাটিতেই শাদ উঠে পরে পনেরো মিনিটের মাথায়,নীলয় যখন তোশক বালিশ নিয়ে এলো। বাড়িওয়ালা বেশ আন্তরিক। শাদকে দেখে প্রথমে একটু খচখচ করলেও সাহস করেনি ফিরিয়ে দিতে। দরজা খুলে তালা চাবি দিয়ে গিয়েছে।
ওরা ঘরে পা রাখতেই তড়িঘড়ি করে মন্দিরা আর আফসানা পাটি পেতে তোশক বিছিয়ে দিলো মেঝেতে।
নিসা আর দেরি করলো না এক মিনিটও। ব্যাগ থেকে বই পত্র বের করে প্রায় উপুড় হয়ে পরেছে বইয়ের ওপর।
ঠিক তখন রিমা চলে আসে ওখানে। চিল্লিয়ে পাড়া মাথায় করেনি অবশ্য। ধীর কদমে ওমরের দেয়া ঠিকানা মোতাবেক আমতলার পাড়ের ২৩ নাম্বার বাড়ির ইউনিট দুইয়ে ঢুকলো। ঘরে ঢুকেই মূর্তিমান শাদকে উপেক্ষা করে সোজা গিয়ে ধরে নিসার চুলের মুঠি, পর পর তিনটা থাপ্পড় মেরে বলে ওঠে,“গর্দভ মেয়ে এইটা কি করলি তুই? কি করলি?”
নিসা আপুর অতর্কিত আক্রমন সামাল দিতে না পেরে পরে যেতে চাইলো, কিন্তু টের পেল একটা শক্ত হাত ধরে রেখেছে ওর হাতটা। ঐ হাতটা শাদের। রিমার রাগ পুনরায় এমন ভাবে বেড়েছে যেন খুন চেপেছে মাথায়, চিল্লিয়ে উঠে নিসাকে টেনে সামনে এনে আবার একটা চড় মেরে বললো,“তোর সাহস কি করে হয় এই অঘটন ঘটানোর? ওকে চিনিস তুই আদৌও? এই শাদকে চিনিস তুই? জানিস এ কে?”
_আপু। আপু শোনো...
নিসাকে থামাতে আরেকটা চড় মেরে রিমা বলে,“লাইফটা খেয়ে দেবে তোর। ইয়া আল্লাহ এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন! তুই কিভাবে পারলি নিজের জীবনটা এভাবে নষ্ট করতে? ওকে জানিস তুই? রেড ফ্ল্যাগ একটা, ও একটা রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ,রেড ফ্ল্যাগ,রেড ফ্ল্যাগ ও আস্ত একটা রেড ফ্ল্যাগ!”
হাঁপাতে হাঁপাতে কেঁদে ফেললো রিমা। শাদ নিসার হাতটা ছেড়ে দিয়ে তখন দুই বোনের দিকে তাকিয়ে আছে। নিসা নিজের ডান হাতটা গালে চেপে রেখে বোকা বোকা মুখে দেখছে বোনকে,পর পর ভীত গলায় হতচকিত হবার সুর টেনে বললো,“উনি লাল পতাকা মানে? মানুষ কিভাবে লাল পতাকা হয় আপু?”
এই শ্বাসরুদ্ধকর পরিবেশ হঠাৎ করে কেমন নিস্তব্ধ হয়ে যায় নিসার অবুঝ প্রশ্নে। পর পর নিস্তব্ধতা ছাপিয়ে যায় মন্দিরার খ্যাক শব্দের হাসিতে। ও সামলাতে পারেনি নিজেকে। রিমা তাজ্জব হয়ে বোনকে দেখছে, শাদ দেখছে তার বৌকে। তার ষোড়শী বৌ, যে রেড ফ্ল্যাগ শব্দের আক্ষরিক অর্থটাই জানে না।
চলমান.....
[ কমেন্ট করবেন 🗡️]