#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৫
#ইসরাত_আরা_ইতি
রিমা হিসহিস করছিল রাগে। নিসার নির্বুদ্ধিতার ওপর চড়াও হতে যেই না আরেকবার হাত ওঠাবে অমনি শাদ দাঁড়িয়ে গেল দুই বোনের মাঝখানে। চওড়া শরীরটা নিমিষেই ঢেকে ফেললো কৃষ্ণচূড়ার আদুরে আনন। নিসা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল, অতঃপর গাল দু'টো সুরক্ষিত অনুভূত হতেই দু'চোখ মেলে। দেখতে পায় শার্টের চেক প্রিন্ট,দেখতে পায় একটা চওড়া পিঠ।
রিমার রাগ বেড়ে যায় দ্বিগুণ। শরীর টা ঝাঁকুনি দেয় শাদকে দেখে, দাঁতে দাঁত চেপে নিসাকে বলে,“এই সামনে আয়! আয় বলছি। লাল পতাকা তাইনা? হতচ্ছাড়ি,তুই সামনে আয় নিসু। কার পিঠের পেছনে লুকিয়েছিস? এই ছেলে ভেজে খেয়ে ফেলবে তোর লাইফ। একটু আলোচনাও করলি না বড় বোনের সাথে? বিয়ে করে নিলি সোজা? এখন কি করবি? সংসার করবি? এই লোকটার সাথে? দুই বেলা চড় খেয়ে বাসন মাজবি? বোনকে দেখেও তোর শিক্ষা হলো না হতচ্ছাড়ি! আবেগে ভেসে গেলি!”
আবার ডুকরে কেঁদে ওঠে রিমা। তার ফোনটা বেজে চলেছে লাগাতার। নিশ্চয়ই রুবেল কল করছে। যখন কোথাও নিসাকে খুঁজে না পেয়ে থানায় যাবে বলে ঠিক করেছিল তখন বড্ড তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল,“গিয়ে দেখো কার হাত ধরেছে আবার। তোমার বোনটি সুবিধার নয় আগেও বলেছি।”
আজ এই কেচ্ছা নিয়ে বাড়ি ফিরলে ঐ ইতরটা জিতবে! সবচেয়ে বড় কথা নিসাকে এভাবে ডুবতে দেয়া যাবে না। রিমা চোখ মুছে ছুটে নিসার হাতটা ধরে বললো,“ম্যানিপুলেট করেছে তোকে, চল থানায় বলবো । চল!”
নিসা আঁতকে ওঠে, হতবিহ্বল দৃষ্টিতে দেখে শাদকে। ম্যানিপুলেট? মানে নিসাকে লোকটা চালনা করেছে? না না, এ মিথ্যা। লোকটা চালনা তাকে করেনি। বরং তখন থেকে এখন অবধি যা হয়েছে নিসার ইচ্ছেতে হয়েছে। এসব কিছু নিসার ইচ্ছে। নিসাকে কেউ অকালপক্ক বললে,বাজে মেয়ে বললে বলুক গে! আপু মারলেও মারুক। নিসার এ স্বীকার করতে আপত্তি নেই তার ইচ্ছা লোকটির বৌ হয়ে থাকার। কখনোই যা ভাবতে সাহস করেনি, তবে এখন যখন পা দিয়েই ফেলেছে এসব স্বীকার করবে সে চিল্লিয়ে চিল্লিয়ে।
“কিরে চল!”
নিসা বোনকে জবাব না দিয়ে মাথা নুইয়ে নেয়। শাদ এতক্ষণ যেভাবে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল,এখন সেই একই ভাবে বৌয়ের বড় বোনকে বললো,“আপনি বসুন আপু। চা খাবেন।”
কিং কোবরার মতো ফুঁসে উঠলো রিমা,শাদের চোখে চোখ রেখে বলে,“একদম চুপ। বাজে ছেলে কোথাকার। আর মেয়ে পাওনি? তোমাদের তো মেয়ের অভাব হতো না। আমার বোনকেই কেন? ও কত ছোটো তোমার থেকে!”
শাদ এবার নিসার কালো হয়ে যাওয়া নত মুখটা দেখলো। এ প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায়না। নয়তো শাদ বলে দিতো, “আপনার বোন তার ঐ ঘোলাটে চোখে ওভাবে কেন তাকাতো আমার দিকে? আমাকে প্রশ্রয় দিতো কেন? আমি সাধু পুরুষ নই। নিজেকে সংযত করার ঠ্যাকা আমার পরেনি।”
সুব্রতরা রীতিমতো অবাক হচ্ছে, বিস্ময়ের মাত্রা চূড়ান্ত। আজ রাত থেকে যা যা শুনে শাদ চুপ থেকেছে,কারো গাঁয়ে দুমদাম হাত তোলেনি, শুনিয়ে দেয়নি কর্কশ কথা,এ দ্বারা প্রমাণ হয় এই ছেলে শুধরেছে! একটু হলেও।
রিমার চিল্লাচিল্লি শাদ সর্বোচ্চ নমনীয়তার সহিত গ্রহণ করেছে, বলে,“আপু আপনি বরং বাসায় যান। মিষ্টি কাল সকালে..!”
_মিষ্টির গুষ্টি কিলাই। আমি আমার বোন নিয়ে যাবো।
কথাটির জবাবে শাদ হাসে ফিচেল। পর পর আবার বরফ ঠাণ্ডা গলায় বলে,“এটা কি হয় আপু? ও আমার বৌ। ও কেন যাবে আপনার সাথে? যখন ও আপনার বোন ছিলো তখন যা খুশি তাই করতে পারতেন ওর সাথে, বাড়ি থেকে বের করে দিতে পারতেন, আবার টেনে নিতে পারতেন। এখন তো ও আমার বৌ, এসব তো এখন পারা যাবে না।
রিমার মস্তিষ্কে স্ফুটন শুরু হয়েছে। নিসার হাত ধরে খেকিয়ে উঠে বলছে,“চল বলছি। এই ছেলের সাথে থাকতে পারবি না তুই গর্দভ। তোকে...”
পুরোটা বলে শেষ করবার পুর্বেই শাদ আবার বেশ শান্ত হাতে টেনে নিলো নিসার হাত। নিসা ক্ষণে ক্ষণে চমকায় এই স্পর্শে। এই স্পর্শ,যাতে মিশে আছে অধিকারবোধ। এই পরিস্থিতিতেও লজ্জায় গোল গোল গাল দু'টো লাল লাল হয়।
শাদ এবার রিমার হুড়োহুড়িতে লাগাম টানতে বলে উঠলো,“আপনি ওকে নিতে পারবেন না।”
_তুমি সামনে থেকে সরো। তারপর দেখি নিতে পারি কিনা।
শাদ অমায়িক একটা হাসি দিয়ে ঠান্ডা মেজাজে বললো,“সত্যি বলছি আপু আপনি ওকে নিতে পারবেন না। অযথা উত্তেজিত হচ্ছেন।”
_কেন নিতে পারবো না?
_পারবেন না কারণ আমি নিতে দেবো না। শুধু আপনি কেন ও নিজেই এখান থেকে যেতে পারবে না।
_কেন?
হতভম্ব স্বর রিমার। নিসা ঘাড় বাঁকিয়ে শাদকে দেখে।
_কারণ আমার অনুমতি ছাড়া ও কোথাও যেতে পারবে না। একটু আগে কবুল বলেছে আমার নামে। এ কোনো মশকরার কথা নয় ওকে?
নমনীয় তবে শক্ত, শাণিত শাদের উচ্চারিত বাক্যটা। এ কথায় ওখানে উপস্থিত প্রত্যেকে কিঞ্চিত চমকায়। নিমিষেই পালটে যায় পরিবেশ। কেমন গুরুগম্ভীর চারিপাশ,ঠিক যেভাবে বিনয়ী থেকে হঠাৎ শক্ত হলো শাদ। রিমা তাকিয়ে আছে একদৃষ্টে, ওর দৃষ্টিতে শাদ সরাসরি তাকিয়ে বলে যেতে লাগল,“এবং শুধু তাই নয়, আপনার বোন আমাকে না জানিয়ে কোথাও চলে গেলেও সেখানে,সেই গন্তব্যের সীমানা আমিই থাকবো। এর বাইরে বেরুতে পারবে না ও। গট ইট?”
নিসা বিস্মিত নেত্রে তাকিয়ে আছে শাদের শক্ত চোয়ালে,কথা হারিয়ে চুপচাপ। রিমা নিসাকে তৎক্ষণাৎ বলল,“দেখলি? কেমন খবিশের মতো কথা বলছে? বুঝতে পারবি তুই। গাজাখোরদের সংসার কেমন হয় অতি শিঘ্রই বুঝতে পারবি। ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে নিসা।”
নিসা চোখ নামিয়ে নেয়। বুকটা কেঁপে ওঠে। লোকটা গাঁজা খোর? না তো, দুই একটা সিগারেট ফোকে সেটাও মেয়েদের দেখলে লুকিয়ে নেয়, পায়ের জুতোর নিচে পিষে দাঁড়িয়ে থাকে। বাকিদের মতন স্টাইল মেরে ধোঁয়া ওড়ায় না। নিসা আরেকটু গুটিয়ে দাঁড়ায় শাদের পেছনে। শাদের ঠোঁটে তখন বিশ্বজয়ের হাসি। রিমা ছলোছলো চোখে কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে মেনে নেয় হার। ঘুরে দাড়াতেই শাদ আবার বলে ওঠে,“মিষ্টি বাড়িতে পাঠিয়ে দেবো আপু। আসসালামুয়ালাইকুম।”
রিমা দাঁড়াল না এক মুহুর্তও। তাড়াহুড়ো কদমে বেরুলো ঘর থেকে। শাদ তখন নিসার দিকে তাকায়। কৃষ্ণচূড়ার মুখে রক্ত নেই, না বিয়ে নিয়ে আক্ষেপে নয়, বোনের থেকে দূরত্ব বাড়ার বিরহে।
“পড়তে বসো।”
ভারি স্বরটা আদেশ দিতেই ধ্যান ভাঙে নিসার। দৃষ্টি নত করে চোখ লুকায়,যেথায় জল জমতে শুরু করেছিল। আপাতত আপুর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে তাকে পড়তে বসতেই হবে। ক্লান্ত হাতে নিসা ব্যাগ থেকে বাংলা বইটা বের করে । ব্যাগে তার মোট তিনটা বই ছিলো, আপু যখন ঘর থেকে বের করে দিয়েছিল তখন কি মনে করে ঢুকিয়েছিল কে জানে। ভাগ্যিস ঢুকিয়েছিল!
আধাঘণ্টার মাথায় ঘরটা ঝাড়পোছ করে নিসাকে পড়তে দিয়ে ওরা বাইরে নামে সকলে। রাত তখন আড়াইটা। নীলয় মন্দিরা আর আফসানাকে আফসানাদের বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব নিয়ে বেরিয়ে পরে। যাওয়ার আগে ওমরকে দায়িত্ব দিয়ে যায় আজ রাতটা এ বাড়ির উঠানে বসে পাহারা দেওয়ার। ওমর উঠানের এক কোণে উবু হয়ে বসে মেঝেতে আঁকিবুঁকি করতে করতে তার প্রিয়তমার সাথে ফোনালাপ করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে ওর ফিসফিস করে বলা কথা শোনা যাচ্ছে। শাদ এতক্ষণ সেদিকে চুপচাপ তাকিয়ে ছিল, হঠাৎ কাঁধে সুব্রত এসে হাত রাখে।
ও নড়েচড়ে ওঠে। এতক্ষণে দুই বন্ধু নিড়িবিলি হলো একটু। সুব্রতর ঠোঁটজুড়ে দুষ্টুমির হাসি,শাদ লক্ষ্য করে গমগমে স্বরে বলে,“বাড়ি যা এখন!”
_হুম তোর অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পারছি। আমি তো তোকে ধরে রাখিনি! তুই তোর ঘরে যা!
ঘরের দরজায় দৃষ্টি দেয় শাদ, পুনরায় ঘাড় ফিরিয়ে সুব্রতকে বলে,“পরে। পড়ুক কিছু সময়!”
_তাহলে আজ রাত সাবার হয়ে যাবে।
সিমেন্টের বেঞ্চিতে পিঠ এলিয়ে দেয় সুব্রত। শাদ চোখ নামিয়ে অস্পষ্ট হাসলো। সুব্রত পরিবেশটা আরো হালকা করতে বলে উঠলো,“ইট ইজ এ ম্যাটার অফ মন খারাপ, জুম্মা বারে আমার জিলাপির ভাগীদার এসে গিয়েছে। তোকে তো পুরোটা নিয়েছেই, সাথে আবার জিলাপিও?”
শাদ গম্ভীরতা ভেঙে হেঁসে ফেলে বন্ধুর কথায়। ওর শক্ত হাতটা বন্ধুর কাঁধে তুলে দিয়ে বলে,“তোর জিলাপি তোরই থাকবে। মন খারাপ করার দরকার নেই।”
_আর তুই? এখন তো শুধু ফোন দিলেই শুনবো,“আজ আসতে পারবো না ভাই। আমি ঘুমাচ্ছি। আমি বিশ্রাম নিচ্ছি। তুই শাদ তো আর আমাদের থাকলি না।”
শাদ আবারো বন্ধ দরজার পানে তার চোরা দৃষ্টি রেখে জবাব দেয়,“আমি তোদেরটা তোদেরই থাকবো, আর ওরটা ওর হবো। এটা নিয়েও চিন্তা করা লাগবে না।”
_আচ্ছা তাই নাকি? খুব বড় বড় কথা। খুব ব্যালেন্স করতে পারবি?
_অবশ্যই পারবো।
_উহুম। এই বৌ সম্প্রদায় স্বামীর বন্ধুদের সতীনের নজরে দেখে। ধর আমরা যদি বলি এই শাদ চল বন্ধুরা মিলে আজ ঘুরে আসি, আর ও যদি তোকে বলে না তুমি বন্ধুদের সাথে যেতে পারবে না। তুই তখন কি করবি ? কিভাবে ব্যালেন্স করবি বল বল!
শাদ বেশ গম্ভীর স্বরে বলল,“আমি তখন বাড়ি থেকে নেমে জঙ্গলে গিয়ে বসে থাকবো। এভাবে ব্যালেন্স করবো।”
সুব্রত হেঁসে ওঠে খিকখিক করে। বলে,“সেই জঙ্গলে আমাদের ডেকে নিস।”
রাত বাড়ে। ওমর কল কেটে উঠে এসে দাঁড়ায় এবার। সুব্রতকে বলে,“এখন চল। আমরা কেটে পরি। তারা সংসার করুক।”
সুব্রত কনুই দিয়ে শাদকে গুঁতো মেরে উঠে দাঁড়ায় বাইকের চাবি নিয়ে। শিস বাজাতে বাজাতে প্রফুল্ল কদম বাড়ায় গেটের দিকে। ওরা দেখে যায়নি এপাশে হঠাৎ করে ফ্যাকাশে হয়েছে শাদের মুখটা। অস্থিরতা,সংকোচ নিমিষেই এসে কাবু করে ফেলেছে শাদ তালুকদারকে!
⚫
তালুকদার ম্যানশনের বর্তমান পরিস্থিতির ওপর একটু আলোকপাত করা যাক।
বসার ঘরে সোফায় গা এলিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে শাওকি আর সিমিন বসে আছে। নাফিয়া গরম পানি নিয়ে ছুটছে শ্বশুর শাশুড়ির ঘরে। শাহনাজ কাঁদতে কাঁদতে বিছানায় পরে আছে, হঠাৎ নাকি ডান হাতটা নাড়াতে পারছে না। এমনটা প্রায়শই হয়,তখন গরম পানির ব্যাগ দিয়ে তাপ দিলে ব্যাথা কমে।
খাটের এক পাশে গোমড়া মুখে বসে আছে অসীম। শাদ চলে যাওয়ার পর থেকেই চুপচাপ। কেউ তাকে কিছু বলার সাহসও করেনি। কিন্তু শাহেদ এর মাঝে আরো একবার কল দেয়। বাবাকে বলে,“বাবা আপনি জেদ কমান। মেয়েটি তো ভালো শুনেছি নাফিয়ার কাছে আর যেখানে শাদের খুশি সেখানে আপনি....”
_শাহেদ তোমার যদি আর কিছু বলার থাকে তবে সেসব বলো। ঐ বদটার সাফাই গেয়ো না। বিয়ে করেছে! কেন করেছে? ও কি করে যে বিয়ে করেছে? চাকরি করে? আদৌও করবে বলে তোমার মনে হয়? তোমার ফুপুর কথা তুমি ভুলে গেলে? আমি চাইনা আমার ঔরসের সন্তান সেই ইতিহাসের পুনরাবৃত্তি করুক। বাড়ি থেকে বের করেছি, এবার বুঝুক জীবন কি। মরার আগে ওর প্রাপ্য ওকে বুঝিয়ে দেবো অবশ্যই, সে নিয়ে চিন্তা করো না।
শাহেদ থেমে যায় ওখানেই। নাফিয়া শ্বশুরকে পুনরায় উত্তেজিত হয়ে যেতে দেখে প্রসঙ্গ পাল্টাতে ফোনটা নিয়ে দূরে যায়।
বসার ঘর থেকে শাওকি আর সিমিন শুনছিলো অসীমের হুংকার। ফের শ্বাস ফেলে শাওকি। নির্লিপ্ত গলায় বোনকে বলে,“তোর গল্পটা কি আর এগিয়েছিলিস রে?”
_না ঐ পর্যন্তই। তারপর আটকে গেছি! ঐ কসমেটিকসের দোকানদার নায়ককে লিখতে আগ্রহ পাইনা। কোনো চার্ম নেই, আমিই লিখতে গিয়ে খুজে পাইনা, পাঠকরা কি পাবে?
_ঠিক তাই। ঐ নায়কের চার্ম নেই। কেমন ম্যারমেরে পোতানো মুড়ি। আপাতত একটা সাব প্লট টান।
_সাব প্লট?
_হুম। লেখ, নায়কের বড় ভাই হুট করে একটা মেয়েকে বিয়ে করে বাড়ি ছাড়া হয়েছে। এখন নায়কের বাবার সব এক্সপেক্টেশন গিয়ে ঠেকবে নায়কের ওপর, নায়কের বাবার অদূর ভবিষ্যতের সমস্ত পরিকল্পনায় বলির পাঠা হবে ভোলাভালা নায়ক!
সিমিন বলে,“দারুন প্লট তো। দাঁড়াও আমি নোটবুকে পয়েন্ট গুলো টুকে রাখি।”
বিরক্ত ভঙ্গিতে পা দোলাতে থাকে শাওকি,বলে,“নায়িকার নাম ধাম কিছু ঠিক করেছিস গল্পে?”
_উহুম। তুমি একটা পছন্দ করে দাও।
শাওকি বলে,“বেলি,অদিতি, মৃন্ময়ী, চিত্রা, রোদেলা, মিরা, এই নামগুলো উপন্যাসের খুব কমন নায়িকা , এগুলো বাদ আর শাহনাজ,সিমিন,নাফিয়া, নিসা বাদে যা খুশি তাই দে ।
বসার ঘরের বারান্দায় নাফিয়ার ফিসফিসানি কথা শোনা যাচ্ছে। দীর্ঘসময় পরে একটু নিড়িবিলি হয়েছে। শাহেদের গলায় কোমল যত্নের সুর,“জেগে আছো কেন? বিশ্রাম নাও সোনা। বাবাকে ধীরে সুস্থে বুঝিয়ো।”
নাফিয়া মন খারাপ করে বলে,“কি ভারি মিষ্টি! এমন মুখ দেখেও বাবা শক্ত থাকতে পারে? জানো শাদের পাশে একেবারে পুতুল লাগছিল।”
_হুম। বুঝলাম। এবার রাখি?
_শোনো!
_বলো।
_একটু আই লাভ ইউ টিউ তো বলতে পারো কখনো। বুড়ো হয়ে গেলে নাকি একেবারে?
শাহেদ হেসে সহজ গলায় আই লাভ ইউ বলে। নাফিয়া জবাব দিয়ে কল কাটে।
ফোনটা রেখে পাথরের মতো বসে থাকে শাহেদ কিছুক্ষণ। পর পর আচমকা ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলে খামচে ধরে নিজের চুল, দু'হাতে। চেঁচাতে গিয়েও চেঁচায় না। তার আগেই একটা সুমিষ্ট নারী কন্ঠ বলে উঠলো,“অনুশোচনায় ভুগছো খুব?”
শাহেদ চোখ তোলে। সম্মুখে এসে দাঁড়িয়েছে এক নারী মূর্তি। গায়ে কফি রংয়ের একটি নাইটি। পোষাকটির ফিতা বাঁধতে বাঁধতে নারী মূর্তি এসে শাহেদের ঘনিষ্ঠ হয়ে বসে তাকায় ওর মুখে। শাহেদ নামিয়ে নেয় চোখ। বলে,“ঘুমাওনি ফাতিমা!”
_তুমি পাশ থেকে উঠে আসায় ঘুম ভেঙে গেলো। ওদিকের কি অবস্থা? তোমার বাবা মেনেছেন শাদকে?
_নাহ বাড়ি ছেড়েছে ওরা।
বিরক্ত ফাতিমা,বিরক্ত গলায় বলল,“তোমার বাবা কি জেনে বুঝে ছেলেদের জীবন নষ্ট করাটাকে একটা মজার খেলা মনে করে? সে কি খুব মজা পায় এতে? কি মজা পায়?”
কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায় ফাতিমা শাহেদের পাংশুবর্ণের মুখটা দেখে, ও বুঝতে পারে শাহেদের সামনে ওর বাবার ব্যাপারে এমন কঠিন কথা বলা অনুচিত। নিজেকে সামলে ফাতিমা বলে,“নাফিয়া কবে আসবে?”
_পনেরো তারিখ।
_আচ্ছা।
দু'জনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করে বেশ কিছু সময়, তারপর শাহেদই হঠাৎ বলে ওঠে,“বাবা কি করে মজা পান সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের কাহিনীতে নাফিয়া একজন ভিক্টিম,আর আমি একটা কাপুরুষ। এটা তো সত্যি!”
_আর আমি বুঝি খলনায়িকা?
কাতর স্বর ফাতিমার গলায়। শাহেদ জবাব দেয়না এ'কথার, যা ফাতিমার রাগ বাড়িয়ে দেয়, সে ধৈর্য্য হারা হয়ে বলে,“তো আমি কখনো ওকে ছাড়ার কথা তোমাকে বলেছি কিংবা নাফিয়ার অযত্ন করতে তোমাকে ভড়কেছি? ও যা চায় তুমি ওকে তাই দাও, বাচ্চা চায় দাও, আদর চায় দাও। আমি তো কিছু নিয়েই কখনো খুঁতখুঁত করি না। আমি শুধু একটু চাই তোমাকে। আমার একমাত্র অবলম্বন তুমি। একটু চাই তোমায়।”
ফাতিমা কাঁদছে। শাহেদ ওকে আগলে নিয়ে বলে,“এসব বাদ দাও।”
_না বলো তুমি! আমি কি পাপিষ্ঠা? আমি কি ভিলেন? ভিলেন তোমার বাবা। সে আমাদের দুজনের মাঝে নাফিয়াকে ঢুকিয়েছিল। নাফিয়া আর তোমার মাঝে আমি ঢুকে পরিনি।
_একটু ঘুমাবে ফাতিমা?
ফাতিমা দু'হাতে চোখ মুছে বলে,“ও বাচ্চা চেয়েছে না? ওকে বাচ্চা দাও। ওকে সুখী রাখো। তবুও প্লিজ আমার সামনে মুখ ভর্তি অনুশোচনা নিয়ে থাকবে না। তাহলে আমাকে তালাক দাও।”
শাহেদ শ্বাস ফেলে, ফাতিমার মাথাটা বুকে চেপে ধরে বলে,“আমি তোমাকে ছাড়তে পারবো না।”
_বাড়িতে কবে জানাবে?
_এখন না। শাদের ঘটনাটা একটু হালকা হোক। বাবা মাকে সামলানো যাবে না।
_আর নাফিয়া? ওকে সামলাতে পারবে?
শাহেদেরচোখে নাফিয়ার মায়াবী মুখশ্রী ভেসে ওঠে তখন। শরীর জুড়ে বয়ে চলে দীর্ঘশ্বাস। অস্ফুটে বলে,“ওকে আমি স্নেহ করি খুব। বুঝতে পারছি না ফাতিমা। চাকরি চলে যাওয়ার,জেল খাটার ভয় নেই। শুধু ওকে....”
ফাতিমা হাসে, একটু জোরালো সে হাসির আওয়াজ। বলে,“পুরুষ তুমি বড়ই অদ্ভুত!”
পর পর শাহেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,“ওকে বাচ্চা দাও। সব ভালো হবে। আমি প্রমিজ করছি আমি কখনো তোমাকে ওর থেকে দূরে সরাবো না।”
_বাচ্চা? এটাই তো সমস্যা ফাতিমা। ও ব্যাপারটা কেমন ভাবে নেয় জানিনা, মাঝখানে একটা ফুটফুটে শিশু এসে অসুস্থ পরিবেশে বেড়ে উঠবে। আগে দেখি সামনে কি হয়। আমাকে আরো কিছুটা সময় দাও। ততদিন আড়ালে থাকো।
⚫
গাঁদা,রজনীগন্ধা,জারভেরা,গোলাপের মহাসমারোহ বিছানায়। যে বিছানায় নেই কোনো চাঁদর। এটা নাকি বাসরের তোশক, মন্দিরা দিদি বলে গিয়েছেন। সবার বাসরের খাট থাকে,তাদের নাকি বাসরের তোশক।
নিসার অদ্ভুত লাগছে, চারি পাশে মঁ মঁ করছে সুঘ্রাণ। ইতিহাসে সে-ই বোধ হয় একমাত্র নবপরিণীতা যে বাসরের তোশকে বসে পরিক্ষার পড়া রিভিশন দিচ্ছে। এক ঘন্টা আশেপাশে তাকানোর ফুরসৎ পায়নি নিসা। বেশ ঘাবড়ে ছিলো, কিন্তু যেই না সারসংক্ষেপ গুলো দেখতে শুরু করলো, আত্মবিশ্বাস জন্মালো ওর ভেতরে, ও পারবে।
দরজা ঠেলার শব্দ হতেই নিসার মনযোগ কাটে, কিন্তু তাৎক্ষণিকভাবে তলিয়ে যায় সংকোচের ঘোরে। এই নিড়িবিলিতে ওর এখুনি বোধ হলো, দরজা ঠেলে যে লোকটা ঢুকলো, সে সম্পর্কে ওর স্বামী। “স্বামী” শব্দটার গভীর অর্থ এই সাড়ে ষোলোতে বেশ বুঝে ফেলেছে নিসা। স্বামী শব্দটার ওজন সম্পর্কে ধারণাও তার আছে। তাই একটু বেশিই আড়ষ্ট নিসা। বই টই গুছিয়ে ফেলে তৎক্ষণাৎ। কিন্তু শাদ ওকে কিছু না বলে চুপচাপ গিয়ে তোশকের একপাশে উপুড় হয়ে শুয়ে পরে, মুখ ঘুরিয়ে অন্যপাশে। নিসা চমকায় ব্যাপারটায়, ইতিহাসে সে-ই বোধহয় একমাত্র নবপরিণীতা যার স্বামী তাকে পছন্দ করে বিয়ে করার পরে এভাবে মুখ ফিরিয়ে শুয়ে পরে এই রাতে। ব্যাপারটা কি হয়েছে,বুঝতে পারছে না নিসা। ও অবাক চোখে তাকিয়ে আছে শাদের পিঠে। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটে, এরপর ও আবার চমকায় শাদের কন্ঠ শুনে,কেমন গা ছমছমে গম্ভীর,“শোনো।”
_হু?
_তোমার মোহরানা রবিবার ব্যাংক খুললে দিয়ে দেবো! কেমন?
গোল গোল চেয়েই থাকে নিসা, অস্ফুটে বলে,“হু! আচ্ছা।”
_আর শোনো?
_হু?
_পড়ো না কেন তুমি?
ঢোক গেলে নিসা, এ প্রশ্ন করছে নাকি আফতাব স্যারের আত্মা ঢুকেছে এর ভেতরে? ধমকাচ্ছে কেন? নিসা জবাব দিলো,“জি পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি দেখলাম। এতেই হবে!”
তৎক্ষণাৎ ঘুরে যায় শাদ। ঘুরে তাকায় নিসার দিকে। নিসা আড়ষ্টতায় জড়োসড়ো হয়ে আমতা আমতা করছে। তার আসলে গা কুটকুট করছে। আজ স্কুল থেকে বাড়িতে ফিরে গোসল না করেই কোচিংয়ে গিয়েছে। সেখান থেকে এতো ঝক্কির পর ঘেমে নেয়ে একাকার শরীরটা অসহ্য ঠেকছে নিসার।
ও চুপচাপ উঠে অদূরে পরে থাকা ব্যাগের ভেতরটা খুঁজতে থাকে। শাদ উঠে বসে দেখতে থাকে নিসাকে। এলোমেলো বেশে মোহনীয় এই নারীটিকে পরিপূর্ণ নারী লাগছে। অবলা মুখটা ব্যতীত আর কিছু দেখে বোঝার উপায় নেই এই কৃষ্ণচূড়া খুব ছোটো। পরিণত নয়।
ঘরের মেঝেতে ঝিকমিক করছে পানি। বহুদিনের ধুলো ময়লা জমে থাকা কক্ষ বিধায় মন্দিরা বালতি ভরে পানি ঢেলে ধুয়েছে, সিলিং ফ্যান নেই বলে শুকায়নি মেঝে। নিসার হাঁটতে বেশ বেগ পেতে হয়েছিল। ওকে খানিকক্ষণ দেখে শাদ বলে,“কি করছো?”
_জি গোসল করবো নয়তো আমার ঘুম আসবে না।
শাদ চোখ নামিয়ে নেয়,পর পর বলে,“কিছু কথা তোমাকে বলা প্রয়োজন।”
_জি বলুন।
_আমাকে তুমি সম্পূর্ণ চেনো না এটা সত্যি। তার চেয়েও বড় সত্যি হলো, মানবজাতি ভীষণ অদ্ভুত, আমরা কেউ কাউকে সম্পূর্ণ চিনেও ঠিক চিনে উঠতে পারিনা। যেকোনো সময় ভোল পাল্টে ফেলি। কোনো নিশ্চয়তা নেই মানব চরিত্রের। তাই আমি শাদ অমুক,হাং,তাং এসব আলাপে যাচ্ছি না। বিয়ে করেছো,সংসার করতে থাকলে নিজেই বুঝতে পারবে। অগ্রিম আর বেহুদা মন ভোলানো কথা আমি বলতে পারিনা। তাই নিজের সম্পর্কে গাদা গাদা সত্যি বলে সময় অপচয় করবো না। শুধু দু'টো তথ্য তোমাকে জানিয়ে রাখবো, প্রথম, ক্লাস নাইনে আমার একটা প্রেম ছিল, ঐ একটাই। ঠিক প্রেম নয়,কথা খুব কম হয়েছে, অ্যাসেম্বলিতে পাশাপাশি দাঁড়িয়ে পিটি করার প্রেম ছিল ওটা। মেয়েটার নাম ভুলে গিয়েছি। এরপর ওরা শহর ছেড়েছে, আমারও দাঁড়ি গোঁফ গজিয়েছে,নটে গাছটি মুড়িয়েছে!
নিসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে গম্ভীর ভঙ্গিতে বসে থাকা সুদর্শন লোকটার দিকে। তার এইমাত্র ভীষণ জোরালো হাসি চেপেছে কিন্তু সে হাসতে পারছে না পরিবেশটা ঘেঁটে যাবে তাই। নিজেকে সামলে নিয়ে অস্ফুটে বলে,“আর দ্বিতীয় সত্যিটা?”
_সিগারেট খাই তা তো জানো?
_হুম।
_তো সেটা কখনো ছাড়তে পারবো না। শোনো, এগুলো এমন অভ্যাস যা একবার হয়ে গেলে ছাড়া অসম্ভব। দুই একজন সাধু ছাড়তে পারে, আনফরচুনেটলি আমি সাধু নই। তাই এই ব্যাপারটা নিয়ে আগেই ক্লিয়ার হওয়া দরকার। রোজ তুমি নিষেধ করবে,আমাকে মিথ্যা বলতে হবে কিংবা ওয়াশ রুমে ঢুকে লুকিয়ে খেতে হবে এই পলাপলি কুক আমি খেলতে পারবো না। হ্যা অবশ্যই পরিমাণ টা কমিয়ে দেবো আমি,তবে পুরোপুরি ছাড়ছি না। বিষয়টা নিয়ে কখনো ঝামেলা করতে পারবে না। আমি পারবো না মিথ্যা বলতে।
নিসা একদৃষ্টে মানুষটাকে দেখে চলেছে। পৃথিবীতে বোধহয় সে-ই একমাত্র নবপরিণীতা যার কাছে তার স্বামী সিগারেটের আলাপ পারে। শাদ চুপচাপ হয়ে যায়। নিসা বলে,“আর কোনো সত্যি?”
মাথা নাড়ে শাদ,বলে,“সেগুলো অতীত। অতীত পেছনে ছেঁড়ে এসেছি। তোমার সামনে আমি, বর্তমান, যা তুমি দেখতে পাচ্ছো, দেখবে, ভুল ধরবে,অভিযোগ করবে, আমি শোধরাবো। এই দু'টো তথ্য জানিয়ে দিলাম কারণ এই ধরণের সত্যি সংসারের মাঝপথে রিভিল হলে বৌয়েরা খুব ঝামেলা করে।”
ভেতরে ভেতরে শ্বাস ফেলে নিসা। ও হাসবে না কাঁদবে বুঝতে পারে না, শুধু জামাকাপড় নিয়ে চোখের পলকেই ঢুকে পরে কক্ষ সংলগ্ন কলঘরে। যেতে যেতে দুইবার পিছলে যায় পা।
শাদ এতক্ষণে হাঁফ ছাড়ে। নিসার বাংলা বইটা তুলে নেয় হাতে, দেখতে পায় বইয়ের কভার পৃষ্ঠায় মিনা রাজু কার্টুনের স্টিকার লাগিয়ে রাখা। এইবার শাদ নিজের ওপর হাসে তাচ্ছিল্যের হাসি। এ কোন বাস্তবতা ঘটিয়ে ছাড়লো সে তার জীবনে? যে মেয়েটির এখনো কার্টুন থেকে মন ফেরেনি,তার মনে ঢুকেছে শাদ? শাদ চোখ চেপে ধরে, সব দোষ এই চোখের।
সময় গড়াতেই কলঘরের দরজা খুলে বেরিয়ে আসে নিসা। মাথায় গামছা পেঁচিয়ে শীতে কাঁপতে কাঁপতে বেরিয়েছে ও। হাতে কিছু ভেজা জামাকাপড়, ওর দু'চোখ সেসব মেলে দেওয়ার স্থান খুঁজছিল। দেখছিলো ওকে শাদ একদৃষ্টে, তার জীবনের বাস্তবতার চূড়ান্ত রূপ দেখছিলো।
এর মাঝে উঠে দাঁড়ায় ঘোরে আচ্ছন্ন হয়ে, ওদিকে নিসা অসতর্কতার ভেজা পা পিছলে পরে যায় প্রায়ই, শাদ ধরে ফেলে ওকে আচমকা। গোলগাল শরীরটার কোমর চেপে আগলে নেয়।
হাপাচ্ছিল নিসা, পরপর নিজের অবস্থান বুঝতে পেরেই শ্বাস আটকে তাকিয়ে আছে সামনের গাঢ় দু'টো চোখে। দেখছে ঐ চোখজোড়া যেন প্রথম দেখার দিনের মতো তাকে দেখছে খুঁটে খুঁটে, সময় গড়ায়, নিস্তব্ধতা ভাঙে শাদ। আড়ষ্ট দৃষ্টিতে দৃষ্টি স্থির রেখে বলে,“তুমি আমার দিকে ওভাবে তাকাতে কেন বলবে নিসামনি?”
নিসা ঢোক গেলে, নিজেকে লোকটার থেকে ছাড়ানোর প্রয়াস নেই তার। অস্ফুটে জবাব দেয়,“শুনতাম আপনি লোক ভালো, মানুষের খুব উপকার করেন!”
_সেজন্য ওভাবে তাকাতে হয়?
নিসা চোখ নামিয়ে নিলো জবাব না দিয়ে। শাদ ওকে ধরে রেখেই বললো,“রেড ফ্ল্যাগ মানে কি আসলেই জানো না?”
মাথা নাড়ায় নিসা। শাদ বলে,“সহজ ভাষায়, বিকেলে উৎসব গান গেয়ে প্রতি লাইনে বালিকাদের যেসব ছেলেদের থেকে সতর্ক থাকতে বলেছে, ঐ ছেলেদের রেড ফ্ল্যাগ বলে! মানে বিপদজ্জনক।”
নিসা শুকনো হাসি দিয়ে বলে,“তবে আপনি রেড ফ্ল্যাগ নন।”
চলমান.....
[ জানি পাঁচটা পর্বেই গল্পের গভীরে গিয়ে মন্তব্য করা যায়না, তবুও সাদামাটা পারিবারিক গল্প হিসেবে আপনাদের কেমন লাগছে,দুই এক লাইনের মন্তব্য করা যায়না? দীর্ঘদিন লেখালেখিতে ছিলাম না। আমার যে উৎসাহ দরকার! ]