#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৬ [ ১ম অংশ ]
#ইসরাত_আরা_ইতি
[ ১ম অংশ ]
চাঁদটা পূর্ণিমার তাই আরো বেশি দ্যুতি ছড়াচ্ছে রাতে। আমতলার পাড়ের এই একতলা নিড়িবিলি বাড়ির উঠানটা ফকফক করছে আলোতে। বাইরের বাতাবরণ স্বপ্নীল আবরণে ঢাকা, স্নিগ্ধতা চুইয়ে চুইয়ে নামছে ঐ ধূসর রঙের চাঁদটা থেকে। নিসা এতক্ষণ ওসব দেখছিলো জানালার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে। বাইরে কোথাও একটা কুকুর ডেকে উঠলে মেয়েটা ভয় পেয়ে কপাট লাগিয়ে ঘাড় বাকায়। চোখ চলে যায় তোশকে উপুড় হয়ে ওদিকে ফিরে, একপাশে গুটিয়ে শুয়ে থাকা লোকটার ওপর। হাসে নিসা আপনমনে, হাসে লোকটার শোবার ভঙ্গি দেখে, হাসে বেশ কিছুক্ষণ আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠতেই।
লোকটা কেমন আড়ষ্টতার চাপে পরে তাকে ছেড়ে ঝটপট শুয়ে পরেছিল, এমন করে ছেড়েছিল নিসাকে, যেন নিসা তার বৌ নয়। যেন নিসা বাইরের একটি মেয়ে। কিছুক্ষণ আগে রিমার সামনে চোখে চোখ রেখে শক্ত গলায় ওসব বলা মানুষটার সাথে এমন সংকোচ মানায়?
কেন এই আচরণ? যার কোনো মানে নেই।
নিসা সব বোঝে, নিসা দেখতে ভোলা ভালা হলেও আদতে তা নয়। ও বুঝে ফেলেছে ওর বয়সটা লোকটাকে খুব ভাবাচ্ছে এখন। এই সংকোচ লোকটার যত দ্রুত কেটে যাবে তত লোকটারই ভালো। নয়তো নিসা এ জীবনে গিয়ে ঐ ধামড়া লোককে আশ্বস্ত করে সেধে সেধে প্রেম বিলানোর মেয়েটি নয়। আজ কোমর চেপে ধরেও যেভাবে হাত গুটিয়ে নিয়ে হাঁসফাঁস করতে হয়েছে, আজীবন এমনই করতে হবে।
পাকা মেয়েদের মতো ধেই ধেই করে বিয়ে করেছে মানে লাজ বিসর্জন দেয়নি নিসা।
আবোলতাবোল কত কি যে ভাবছে আর হাসছে মেয়েটা! পরিশেষে হাই তোলার সাথে সাথে উপলব্ধি হলো এখন না ঘুমালে কাল পরিক্ষার হলে গিয়ে ঘুমাতে হবে। বিছানার ওপরে পরে থাকা বাটন ফোনটা হাতে তুলে নিয়ে সময় দেখে ভোর চারটা প্রায়। এখন ঘুমিয়ে সকাল নটায় উঠবে। পাঁচ ঘন্টা যথেষ্ট।
এই ফোনটা কিছুক্ষণ আগে তার স্বামী দিয়েছে তাকে, বলেছে,“ভালো ফোন এস.এস.সির পরে কিনে দেবো। এই চার মাস বইয়ের পেছনেই চলে যাবে। যোগাযোগের জন্য এটা রাখো, আমার পুরনো বাটন সেট।”
নিসা তখন চোখ তুলে তাকিয়ে ছিলো, শাদ ভেবেছিলো বাটন সেট দেওয়াতে নিসা মাইন্ড করেছে। হুট করে মুখভঙ্গি পাল্টে জড়তা নিয়ে বলেছিল,“এখন এন্ড্রয়েড সেট চালানোর সময় নয় তোমার। অবশ্য মাঝে সাঝে আমার ফোন থেকে ইউটিউব ঘাটতে পারো। কাল এ বাসায় ওয়াইফাই কানেকশন নিয়ে নেবো।”
নিসা ভাবতে ভাবতে আবার হাসলো। চারিপাশ কেমন যেন নিরব নিস্তব্ধ এবং শান্তিময়। ওর এতো নিরাপদ লাগছে কেনো জীবনটা?
শাদ গভীর ঘুমে আচ্ছন্ন। নিসা খুব চাইলো মানুষটার মুখ দেখতে, কিন্তু নতুন বৌয়ের মতো ঢং করে মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে সে। তাই নিসা চুপচাপ শুয়ে পরে দু'চোখ বন্ধ করে দৃষ্টিপটে লোকটার মুখ আঁকে। একটা সুন্দর মুখ। মনে মনে বলতে শুরু করে,“আপনি তখন জানতে চেয়েছিলেন আমি আপনার দিকে ওভাবে কেন তাকাতাম। আমি বলেছি, লোকে বলে আপনি ভালো তাই।
এখন আমার তরফ থেকে সত্যিটা শুনবেন। বহুদিন আগে, সেদিন যখন দোকান থেকে স্যানিটারি প্যাড কিনে বেরিয়ে বাজে ছেলেদের টিজ শুনে ঘেন্নায় রাস্তায় দাঁড়িয়ে ফ্যাচফ্যাচ করে কেঁদেছি। হঠাৎ শুনলাম একটা লোক ছেলেগুলোকে ধমকাল, ঘুরে দেখলাম একটা গুণ্ডা মতো লোক।এই গুন্ডাটাকে সবসময় দেখি দলের সাথে নিরঞ্জন কাকার চায়ের দোকানে বসে থাকে। পোশাকে বড়লোকের সভ্য শিক্ষিত ছেলে মনে হয়, কিন্তু মুখের গম্ভীরতা বলতো এ এইমাত্র কাউকে কুপিয়ে এসে বিশ্রাম নিচ্ছে।
চেহারায় কি রাগ! সেদিন ঐ বাজে ছেলেদের দলপতির কলার ধরে টেনে নিয়ে আদর্শ স্কুলের গেটের সামনে দাঁড় করিয়ে দিলো ঐ লোকটা, পর পর কিছু সময়ের ব্যবধানে ওকে দু'টো চড় মেরে ওর হাতে এক কার্টুন ন্যাপকিনের প্যাকেট ধরিয়ে পাশে সাইনবোর্ড টাঙিয়ে দিলো,“ফ্রি স্যানিটারি প্যাড সার্ভিস ফর মাদার এ্যান্ড সিস্টার্স!”
মিথ্যা করে নিচে লেখা হলো,“ফ্রম ইউনিসেফ। বিক্রয়ের জন্য নয়।”
গুন্ডা লোকটা ছেলেটাকে বলেছিল,“এখানে আগামী তিন ঘন্টা চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকবি। এই কার্টুন হাতে। যে মেয়ে-ই এগুলো নিতে আসবে,তাকে বলবি,“ধন্যবাদ আপু!”
তার দিকে তাকাবি না।”
কাজগুলো করেছে গুন্ডাটা শান্ত হাতে। আদর্শ স্কুলের ছুটির সময়। মেয়েরা হুড়োহুড়ি লাগিয়ে যার যার প্রয়োজন মতো নিয়ে যেতে লাগলো ন্যাপকিন। ধন্যবাদ দিয়ে যেতে লাগল ঐ বাজে ছেলেটাকে। লজ্জা,ভয় আর অনুশোচনায় বাজে ছেলেটা সারাটাদিন শাস্তি পেলো খুব করে।
আর আমি, রাস্তার এক পাশে ঠাঁয় দাঁড়িয়ে দেখেছি গুন্ডা মানুষটাকে। কি শান্ত ছিল,তবে কি কঠোর! কি অদ্ভুত ছিল তবে কি সহজ ছিল! একদম সোজাসাপ্টা ছিল। একটা গুন্ডা ছিলো তবে একজন পুরুষ ছিলো যে ঐ সমস্ত বাজে ছেলেদের মতো নয়। আমি দেখেছি তাকে, সেই থেকে দেখেছি।
আর তারপর যখন যখন আমি রাস্তায় হাটতাম, লোকটাকে সামনে পেলেই তাকিয়েছি। বান্ধবীরা মিলে দুলাল মামার সিঙাড়া পুড়ির দোকানে যখন ঢুকতাম, দোকানের লাফাঙ্গা ছেলে গুলো দূর থেকে কারো চোখের ইশারায় মাথা নুইয়ে বেরিয়ে যেতো দোকান থেকে। আমি তখনও দেখেছি মানুষটাকে।
আপনার চোখে ওভাবে তাকানোর মতো এর বেশি কারণ আমার কাছে নেই। এই এগুলোই ছিল, তাই ওভাবে তাকাতাম!
ওহ হ্যা,আরেকটা কারণ আছে। টের পেতাম আপনিও আমায় দেখেন, আপনার দু'টো চোখ ভারি সুন্দর, সুন্দর বলতে ভীষণ সুন্দর। বাজে ছেলেদের মতো চিকচিক করতো না, দৃষ্টি আমার মতো মেয়ের ফর্সা পা কিংবা আমার ক্রসবেল্টের আড়ালে লুক্কায়িত দেহসৌষ্টবে থাকতো না। থাকতো কেবল আমার চোখে। আর সেই দৃষ্টিতে থাকতো মলিনতা, দ্বিধাভরা আকর্ষণ। ঐ নজরটুকু দেখার জন্যও একটু আধটু তাকাতাম আপনার চোখে।”
নিসা চিৎ হয়ে ছিলো, এবার কাত হয়ে শোয়। আপনমনে বেশ অনেকক্ষণ শাদের সাথে বাসর-আলাপ শেষ করে ঘুমিয়ে পরে সেও।
জানালা থেকে আসা মিষ্টি মিষ্টি রোদের প্রহারে সামান্য ক'ঘন্টার ঘুমটা ভাঙে শাদের। তবে চোখ মেলে না, কপাল কুঁচকে নেয় শুধু। ঘুমের ঘোরেই কন্ঠে বিরক্তি ফুটিয়ে বলে ওঠে,“ধূর!”
নিসা চোখ তুলে দেখে শাদকে। ওর হাতে একটা চায়ের কাপ,তাতে পাউরুটি ডুবিয়ে খাচ্ছিল। সময় নয়টা বেজে দশ মিনিট। সকাল আটটা নাগাদ এগুলো সুব্রত এসে দিয়ে গিয়েছে। ফ্লাক্স ভর্তি চা, এক প্যাকেট চয়েজ ব্রেকারির তুলতুলে পাউরুটি। দুলাল মামার দোকানের পরোটা আর ডাল। ডিম সেদ্ধ আর কিছু ফল সুব্রতর মা মিনতি কাকি পাঠিয়েছেন। নীলয় ওদের বাড়ি থেকে দিয়ে গিয়েছে দু'টো কাঁথা আর একটা বিছানার চাদর। আফসানা আর মন্দিরা এসে রান্নাঘরের তাকে হাঁড়িপাতিল সাজিয়ে রেখে গিয়েছে। এই হাঁড়ি পাতিল আফসানার, ঢাকায় ব্যাচেলর থাকতো যখন তখন কিনেছিলো। এখন কাজে লাগে না তাই বন্ধুর নতুন সংসারে দিলো।
এসব সকালের ঘটনা। নিসা ঘুম ভেঙে দরজা খুলেছিল।
অল্প সময় ঘুমিয়ে গা ম্যাজ ম্যাজ করছে, নিসা কাঁপে চুমুক দেয়। ঠিক তখন শাদ আবার বলে ওঠে,“জানালা খুলেছে কে? আম্মু না সিমিন? ভাগ এখান থেকে!”
পর পর থেমে বলে,“কটা বাজে? সাতটা বাজে ডেকে দিয়ো আম্মু। ভাবীকে বলো চা লাগবে না, নিরঞ্জন কাকার দোকানে খাবো।”
নিসা চোখ নামিয়ে সামান্য হাসে এবার। পর পর সহজ গলায় বলে ওঠে,“সাতটা সাতাশ বেজেছে। অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে...!”
চোখজোড়া ত্বরিত খুলে যায়। ধরফরিয়ে লাফিয়ে উঠে বসে শাদ। চারি পাশের পরিস্থিতি বুঝতে ওর মিনিট দুয়েক লাগে। পর পর চোখ ডলে নিয়ে অবিশ্বাস্য নজরে দেখে নিসার মুখটা। রোদের ছোঁয়া লেগে চকচক করছে হৃষ্টপুষ্ট গাল দু'টো। সে গাল ছেঁয়ে আছে লজ্জায়। লজ্জা তো শাদও পেয়েছে। রোজকার অভ্যাস বলে কথা! তবে এই মেয়েটা তার সাথে মস্করা করেছে ব্যাপারটা নিতে পারছে না শাদ। ভারি দস্যি তো! কে বলে এ ভোলাভালা?
“নয়টা পনেরো বেজেছে। আমার সাড়ে দশটায় হলে থাকতে হবে। সাথে স্কুল ড্রেস আছে তবে ক্রস বেল্ট নেই । রুবি ম্যাম বকবে খুব সিভিল ড্রেসে গেলে। আমাকে একটু রিন্তুদের বাড়িতে দিয়ে আসবেন আগেভাগে? কিংবা আমিই যাবো তবে......”
মিনমিন করছে নিসা। ওর গলা আঁটকে আসছে বলতে গিয়ে। শাদের মুখভঙ্গি বেশ কৌতুহলী,“তবে কি?”
_আমার কাছে রিক্সাভাড়া নেই। প্লাস্টিকের ব্যাংকে সব, ওটা আপুর বাড়িতে রেখে এসেছি!
শাদ চোখ মেলে মেয়েটিকে দীর্ঘসময় দেখে, পর পর বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভেঙে বলে,“হাতের পাউরুটিটা শেষ করো। আমি নিয়ে যাবো, বাইকে। এগুলো কে এনেছে? সুব্রত?”
_সবাই মিলে। আপনি মুখ হাত ধুয়ে আসুন। টুথপেস্ট,ব্রাশ আর নতুন একটা তোয়ালে কলঘরে রেখে এসেছি আমি।
বলেই ব্যস্ত হাতে নিসা পরোটা আর ডাল বাটিতে সাজিয়ে মেঝেতে পাটি পেতে রেখে দেয়। পুরোটা সময় শাদ ওকে চুপচাপ দেখে মুখ হাত ধুয়ে এসে খেতে বসে। পরোটা ছিঁড়তে ছিঁড়তে অস্পষ্ট হাসেও। মনে হচ্ছে তাদের সংসারের বয়স হয়েছে বেশ। অন্তত মেয়েটির আচরণ তাই বলে। এতটাও আশা করেনি শাদ। এতটাও না। রাতে বুকভরা যে দ্বিধাটুকু ছিলো তা পরোটার সাথে গিলে ফেলতে ফেলতে চোরা দৃষ্টি দেয় অদূরে চুল আঁচড়াতে ব্যস্ত রমণীর দিকে। স্কুলের ইউনিফর্মের সবুজ কামিজটা গোলগাল শরীরে দারুণ ভাবে মানিয়ে যায়। লতার মতো বাঁকানো কোমর, লাস্যময়ী গড়নের পানে মনযোগ যেতেই শাদ খাওয়া ছেড়ে বসে থাকে, হা করে তাকিয়ে। পরক্ষনেই হাঁসফাঁস করে ওঠে ভেতরটা।
ও কোনো মহাপুরুষ নয়। কোনো স্বামীরই মহাপুরুষ হবার প্রয়োজন আছে আদৌও? চোখের সামনে এই অপার্থিব সৌন্দর্যের প্রতিমা দেখে একটু টেনে,একটু ছুঁয়ে,একটু আদরমাখা স্পর্শ বুলিয়ে দেয়া কোনো অপরাধ তো নয়। না কোনো অশোভন কাজ বিয়ের প্রথম সকালেই। তবে ও পারছে না কেন?
কিন্তু যখন মেয়েটাকে বাচ্চাদের মতো দু'টো বেনী করতে দেখলো, আবার নিজের মনের জেগে ওঠা ব্যাকুলতা গুটিয়ে নিয়ে শাদ চোখ নামালো। ও বুঝলো ও কেন পারছে না। এই বেনী দুটো ওকে সতর্ক করছে,“খবরদার শাদ! স্কুল স্টুডেন্ট! তোর লজ্জা থাকা উচিত! এ পর্যন্ত যা করেছিস এনাফ! এবার রয়ে সয়ে!”
তবে পরক্ষনেই আবার চোখ তুলতে হলো ওকে।
নিসা মুখে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে তাড়াহুড়োতে নিজের বেনী খুলছে। এটা সবসময় হয়, তাড়াহুড়ো করলেই সেটা ঘেটে ঘ হয়ে যায়। তাই নিসা ঠিক করলো আজ খোঁপা করবে। দু হাতের দক্ষতায় মিনিটের মধ্যে একটা খোঁপা করে নিলো। স্কুল ড্রেসের সাথে বেমানান যদিও।
শাদ খাওয়া বাদ রেখে নতুন বৌয়ের সাজগোজই দেখে চলেছে শুধু। নির্লজ্জের মত। বেনী যখন খোঁপায় রূপান্তরিত হলো। কিশোরীর পাল্টে যাওয়া তরুণী রূপটা দেখে শাদ মনে মনে বলে,“হ্যা এভাবেই বড় হও। বেনী রেখে খোঁপা ধরো! ঠিক এভাবেই, আরেকটু বড় হও!”
⚫
সকাল নয়টা বেজে আটচল্লিশ মিনিট। সপ্তাহের ছয়টা দিন এই সময়টা শাওকির শ্বাস ফেলার ফুরসত টুকু থাকে না। দিনের এই সময়টায় কাস্টমার বেশি থাকে। কলেজ পড়ুয়া কাস্টমার সব।
আজ থেকে একবছর আগে শাওকি এই তালুকদার কসমেটিকসে বসছে অসীম তালুকদারকে খুশি করে তার সাথে নড়বড়ে সম্পর্কটা খানিকটা মজবুত করতে। পাশাপাশি সে বরগুনা সরকারি কলেজেই ম্যানেজমেন্ট বিভাগে ফোর্থ ইয়ারে আছে। আগের শাওকির সাথে এই শাওকির কোনো মিল নেই। এই শাওকি পড়াশোনা ও দোকানদারির কাজ একসাথে,দুইহাতে সামলায়।
বাড়ির পরিস্থিতি থমথমে, ঠিক রাতের মতো। সকালের নাস্তাটা কোনো মতে মুখে দিয়ে বেরিয়েছিল ও। আজ দোকানদারিতে মন নেই। তবুও মাঝে সাঝে বাইরের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলে উঠছে,“আপু। কি লাগবে?”
জবাব এসেছে,“ভাই কিছু লাগবে না তো! এতো ডাকেন কেন? অসহ্য।”
বরাবরের মতো অপমান গাঁয়ে না মেখে শাওকি টিভির স্ক্রিনে তাকিয়ে আছে,তবে সে টিভি দেখছে না। বন্ধ টিভির স্ক্রিনে নিজের অস্পষ্ট ফুটে ওটা প্রতিচ্ছবি দেখছে। ভাবছে, এই পাঁচ ফুট এগারোর সুঠামদেহী, সুন্দর ছেলেটার ভাগ্যে তবে এই ছিলো? মেজো ভাইয়ার কোয়ালিফিকেশন তো তাও ভালো, একটা বেশ ভালো চাকরি পেয়ে গেলেও যেতে পারে। কিন্তু তার কপালে এই দোকানদারিই লেখা আছে! আব্বু কখনোই বহুমুখী ব্যবসার মালিকানা অন্তত জীবদ্দশায় ছেলেদের হাতে দেবেন না। কখনোই না। আব্বু ভিন্ন ধাতুতে গড়া।
ইন্টারমিডিয়েটে কেন যে অমন ভাবে উচ্ছন্নে যাওয়াতে মেতেছিল শাওকি! কেন যে পড়াশোনার মর্ম তখন বোঝেনি। কেন যে বড়দের শাসন মানেনি!
“ভাইয়া! এক্সকিউজ মি ভাইয়া!”
_হ্যা,হ্যা বুঝেছি আপনাদের কিছু লাগবে না। স্যরি ডাকার জন্য এবার যান!
সুমিষ্ট নারী কন্ঠের ফিরতি জবাব দেয় শাওকি বিরসমুখে। টিভি স্ক্রীনের আয়না থেকে তখনো দৃষ্টি সরেনি তার। মূর্ছনা অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে,পরপর আবার বলে ওঠে,“আপনাদের কাছে কোলাজেন সিক্সটিন প্লাস আছে?”
শাওকি ফিরলো, সম্মুখে কৃষ্ণবর্ণের এক তরুণী, চাপা রঙের গাল দুটোতে রোদ্দুর মাখিয়ে ঘেমে নেয়ে একাকার। কপালের কাছে একগুচ্ছ চুল ঘেমে লেপ্টে আছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। নিষ্প্রাণ, বিরক্ত দৃষ্টি। সবকিছু ছাপিয়ে শাওকির দৃষ্টি আটকালো তরুণীর গায়ের নার্সিং স্টুডেন্টের পোশাকে। চোখ নামিয়ে শাওকি আবার চোখ তোলে। তরুণীর চোখে চোখ রেখে ভদ্র মতন বলে,“জি আছে।”
_দিন তবে।
_দাম ছয়' শ।
_হ্যা কোনো ব্যাপার না। দিন।
শাওকি আবার চুপ করে মেয়েটিকে দেখে। গাঁয়ের রং ভীষণ কালো তবে মুখজুড়ে আত্মবিশ্বাসের ছটা, এটাই মেয়েটির সৌন্দর্য। শাওকি হঠাৎ ভীষণ রকমের হতাশ হয়। এই মেয়েগুলো কেন ফর্সা হবার প্রতিযোগিতায় নেমে নিজেদের সত্তা এবং সৃষ্টিকর্তার মর্জিকে অপমান করে? সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েটি কালো রঙেই সুন্দর, আদতেই তাই। তবে এই মেয়েটি কেন মানতে পারছে না?
মুখচোখ হঠাৎ ভীষণ গম্ভীর হয় শাওকির। দোকানের বাকি দু'টো কর্মচারী ছেলে নতুন মাল আনতে গোডাউনে গিয়েছিল। অগত্যা শাওকি উঠে গিয়ে ক্রিমের কৌটুটা এনে সামনে রেখে দিতেই মূর্ছনা হাতে তুলে নিয়ে উল্টেপাল্টে সেটা দেখতে থাকে। ভীষণ স্বস্তি পেয়েছে সে যেন। শাওকি আবার মেয়েটিকে নির্নিমেষ দেখে হঠাৎ করেই বলে ওঠে,“এগুলো ভালো জিনিস নয় আসলে, ভেতরে বাজে ধরণের ইনগ্রিডিয়েন্ট থাকে। মুখটা সাময়িক ভাবে ফর্সা করবে তবে সময় গেলেই মুখে ছেয়ে যাবে ব্রণ,মেছতা আর ছোপ ছোপ দাগ। গাঁয়ের রং উজ্জ্বল করতে চাইলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন, ডাবল ক্লিনজিং করবেন। ধীরে ধীরে রংটা খুলবে। যদিও সামান্য।”
মূর্ছনা অবাক চোখ তুলে তার সামনে দাঁড়িয়ে থাকা ফর্সা রঙের অতি সুদর্শন ছেলেটাকে দেখে। শাওকি বলে,“বেশ ভালো মানের সানস্ক্রিন আছে একটা। দেবো? সাথে ক্লিনজিং ওয়েল আর ময়েশ্চারাইজার?”
এবার লোকটির উদ্দেশ্য মূর্ছনা বুঝতে পারে। এই লোক খুব চতুর একজন ব্যবসায়ী। এটা ব্যবসার নতুন স্ট্র্যাটেজি। একটা পণ্যের দূর্নাম করে খদ্দেরের হাতে বেশি দামের পণ্য ধরিয়ে দেওয়ার কৌশল সম্পর্কে মূর্ছনা অবগত। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে হুট করে কড়া ভাবেই বলে ওঠে,“কেন? ওসবের দামটা একটু বেশি নাকি?”
_জি।
_তাই? দাম বেশি কিন্তু অল্প ফর্সা করবে কেন? এই ক্রিমগুলোর মতো ছাল চামড়া তুলে কাগজ সাদা কেন করবে না?
শাওকি বলে,“বেশি ফর্সা হবার কি দরকার? একটু উজ্জ্বল, স্কিন সুন্দর থাকবে এটাই তো এনাফ!”
মূর্ছনার রাগ বাড়ছে লোকটার ওপর অযথাই, মনে পরে যাচ্ছে কালো হবার দরুন ছোটো থেকে কি যন্ত্রণাটা সে ভোগ করে এসেছে। বুক ভরা বিতৃষ্ণা নিয়ে বলে,“একটু উজ্জ্বল! একটু স্কিন সুন্দর হতেই বা হবে কেন? এই যে আমি কুচকুচে কালো? আমি কি মানুষ নই?”
শাওকি হতবাক হয়ে কর্কশ মেয়েটিকে দেখছে। তার মুখটা হা হয়ে গিয়েছে। এই মেয়ে পাগল নাকি? নিজেই তো এসেছিল ফর্সা হবার ক্রিম কিনতে। নিশ্চয়ই সকালে খেয়ে আসেনি তাই বেহুদা ঝগড়া লাগাতে চাইছে।
শাওকি শান্ত। মেয়ে মানুষের সাথে ঝগড়া করার ছেলে সে নয়। ঠান্ডা গলায় কিছু বলতে যাবে তার আগেই মূর্ছনা দাঁতে দাঁত চেপে বললো,“আদার বেপারী, চুপচাপ আদা দিন। আদার পাঁচটি ক্ষতিকর দিক বলে কাঁচকলা ধরিয়ে দিতে হবে না।”
থমথমে শাওকির মুখ। পর পর ক্রিমের কৌটুটা প্যাক করে দিয়ে বলে,“আপু আর কিছু?”
_স্যানিটারি প্যাড লাগবে। সেনোরা দিবেন।
মুখচোখ বুজে আসে আবার শাওকির। এই একবছরে এই একটা ব্যাপারেই তার সংকোচ এখনো কাটেনি। প্রতিবার লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়।
“নিন আপু। সাতশো বিশ টাকা দিন। আর ক্রিমটার সাইড ইফেক্ট হতে শুরু করলে আমাদের জানাবেন। কোম্পানিকে ইনফর্ম করতে হবে।”
_হুম।
প্যাকেটটা ব্যাগে ভরে নিতে নিতে ব্যস্ত পায়ে মূর্ছনা বেরিয়ে যায়। শাওকি শ্বাস ফেলে। অস্ফুটে বলে,“কি ইল-টেম্পার্ড মেয়েরে বাবা!”
এই হচ্ছে একটা টিপিক্যাল দোকানদারের জীবন ! যে জীবন শাওকি বেছেছিল পড়াশোনা না করে!
“ভাইয়া বাড়ি চল।”
সিমিন রিকশা থেকে নেমেই চেঁচাতে চেঁচাতে ছুটে ঢুকলো দোকানে। শাওকির শুকনো, মলিন মুখটা দেখে বললো,“কি হলো? আবার এখানে কি হলো?”
শাওকি বোনকে খুলে বলে কিছুক্ষণ আগের ঘটনা। পর পর বলে,“আজকের এই ঘটনাটাও তোর গল্পে দিবি। আচ্ছা বল আজকের ঘটনায় নায়কের থুড়ি আমার কি দোষ ছিলো? মেয়েটা আমাকে খেতে উঠলো কেন?”
সিমিন মিনিট খানেক চোখ বড় বড় করে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট ছড়িয়ে হেসে বলে,“আইডিয়া!”
_কি আইডিয়া?
_গল্পের নায়িকা পেয়েছি!
_মানে?
_মানে, গল্পের নায়িকার সাথে নায়কের কিভাবে দেখা হবে সেই আইডিয়া পেয়েছি। নায়িকা থাকবে কালো। সে নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যাবে। জোশ! জোশ! জোশ! ভেরি ইউনিক আর বাস্তবসম্মত একটা প্রথম পরিচয়। পাঠক খুব খাবে। কেউ সিনেমেটিক বলে সমালোচনা করবে না! নয়তো তুই ভাব ভাইয়া, গল্পের নায়ক কসমেটিকসের দোকানদার, সে যদি গুন্ডাদের হাত থেকে নায়িকাকে উদ্ধারের মাধ্যমে প্রথম পরিচয় ঘটায় নায়িকার সাথে সেটা আদৌও যায়?
শাওকি অবাক চোখে বোনের দিকে তাকিয়ে আছে,“মানে গল্পের নায়িকা ঐ মেয়ে?”
_হুম। অমন চরিত্র। তবে একটা প্রবলেম।
_কি?
_আরে মামী আমার গল্পের পাঠক। এই নায়িকাকে পড়লে বারবার এসে আমার মাথা খাবে,বলবে,“তুই এমন সুন্দর একটি ছেলের নায়িকা কালো রেখেছিস? কেন রে? তোর কি মাথায় সমস্যা?”
_আর তোর পাঠক?
_তারা এই গল্প চেটেপুটে খাবে। বাস্তবে কেউ ছেলে ভাইয়ের পাশে কুচকুচে কালো মেয়ে মানতে না পারলেও গল্পে চেটেপুটে খায়। এটা ডিপ সাইকোলজি। চল চল এখন বাড়িতে যেতে হবে।
_কেন? দোকান রেখে?
_হুম। মামী যেতে বলেছে। মেজো ভাইয়াদের বাড়িতে পাঠাবে আমাদের কিছু খাবার দাবার নিয়ে। মামার শরীর ভালো নেই বিধায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এই সুযোগে যাবো। চল।
⚫
স্ক্রিনে শাহেদের মুখটা উঠতেই নাফিয়া হেসে ফেললো। উচ্ছ্বসিত কিশোরী সুলভ আওয়াজে বললো,“তুমি আড়ংয়ে? কি করতে গেলে?”
শাহেদের হাতে দু'টো শাড়ি। উঁচু করে তুলে ধরে বললো,“বলো কোন রং টা? নীলটা? নাকি গোলাপীটা?”
নাফিয়ার গাল দু'টো বেশ লাল হয়, আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে বলে,“তুমি তো তোমার পছন্দের রং ছাড়া আমাকে পরতে দাও না!”
শাহেদও আশেপাশে তাকিয়ে বলে,“এটা তো নাইটি না। শাড়ি তুমি তোমার পছন্দমত নেবে।”
_আচ্ছা নীলটা তবে। আর শোনো, সিমিন আর নিসার জন্য সুন্দর দেখে দু'টো থ্রিপিস নিয়ো। রাখছি আমি,আজ অনেক কাজ।
_বাবা মা ঠিক আছে?
_হুম।
কল কেটে দেয়ার পরে শাহেদ নীল আর গোলাপী রঙের শাড়ি দু'টো সেলসম্যানকে দিয়ে বলে,“এই দুটোও প্যাক করবেন!”
সেলসম্যান বললো,“স্যার একই ডিজাইনে দু'টো রং নেবেন? তারচে আরেকটা অন্য ডিজাইনের নিন!”
_দ্যাটস নান অফ ইয়র বিজনেস। আপনি এটা প্যাক করে দিন। দু'টো আলাদা আলাদা প্যাকেটে দেবেন।
বিরক্ত গলায় জবাব দেয় শাহেদ।
নাফিয়া কল কাটার পরে ঝাড়ু হাতে তুলে নেয়। আজ তার মেজাজ ফুরফুরে, বাড়ির পরিবেশ থমথমে হলেও সে বেশ নিশ্চিন্ত। কারণ সে তার শ্বশুরকে চেনে। এই লোক ওপরে ওপরে কঠোর হলেও একদম তার তিন ছেলে অন্তপ্রাণ। খুব বেশি দিন রাখবে না ছেলেকে দূরে।
নাফিয়া গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঝাড়ু দিচ্ছে দেখে অদূরে দাঁড়িয়ে হাসে শাহনাজ। এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সে তার বড় বৌমাকেই দেখছিলো, কে বলবে সাধারণ সুতি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে গিন্নী বেশে ঝাড়ু দিতে থাকা মেয়েটি একজন প্রাক্তন মেধাবী ঢাবিয়ান? গ্রামের এই মেধাবী মেয়েটিকে ছাত্রী বয়সেই নিজের বড় ছেলের জন্য এনে দিয়েছিলেন অসীম। নিজের ক্যারিয়ারের চিন্তা সরিয়ে রেখে শুধু সংসার করতে পাগল মেয়েটা। সংসারের জন্য নিজেকে ঢেলে দিতে পাগল মেয়েটা। শাহনাজ ছেলের অমতের বিয়েতে ঐ সময়টিতে রাজি না থাকলেও আজ ছেলে-ছেলের বৌয়ের হাসিখুশি প্রেমময় সংসার দেখে ভাবেন, অসীম তালুকদারের জীবনের সবথেকে চমৎকার একটি সিদ্ধান্ত ছিল নাফিয়াকে এ বাড়িতে আনা, তার বখে যাওয়া ছেলের জীবনে আনা।
চলমান.....
[ ২য় অংশ কাল সকালে পেয়ে যাবেন। মন্তব্য করতে ভুলবেন না! ]#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৬ [ ২য় অংশ ]
#ইসরাত_আরা_ইতি
[ ২য় অংশ ]
“একেবারে এক বলাতেই বিয়ে করে নিলি?”
রিন্তু, সায়রা সহ বেশ কিছু তরুণী হা করে নিসার মুখের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে কথা হারানোর অবস্থা সকলের। কাঠফাটা রোদ্দুরে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে। নিসা মাথা নুইয়ে রেখে চুপ করে রয়। ওর নির্লিপ্ততা বিরক্তি ধরায় রিন্তুকে, রিন্তু ওকে ঝাঁকুনি দিয়ে বলে,“কিরে বল! এতো সাহস কই পেলি? আমাদের বললিও না?”
নিসা ঘাড় ঘুরিয়ে পশ্চিমে তাকায়, যেথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শাদ। চুপচাপ মোবাইল হাতে ব্যস্ত। বার বার তাকাচ্ছে নিসার দিকে, তাকাচ্ছে ব্যস্ত রাস্তার গাড়িগুলোর দিকে। দৃষ্টি চঞ্চল।
“সে অনেক কথা। দু'দিন পরে বলি? আমাকে গিয়ে বাংলা ২য় পত্রের অবজেবটিভ নিয়ে বসতে হবে। জানিস তো কত টাফ ওটা?”
সায়রা তখন আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলে,“তোর বর তোকে আদর করেছে? মানে, ইশশ। এই বলনা!”
নিসার মুখ থেকে রক্ত সরে হুট করেই। পর পর হাঁসফাঁস করে উঠে পা বাড়ায় সামনে, পিছু ফিরে না তাকিয়ে বান্ধবীদের বলে যায়,“কাল একটু আগেভাগে হলে আসিস!”.
সামনে গিয়ে দাড়াতেই শাদ ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে মেয়েটিকে দেখে। সহজ গলায় বলে,“পরিক্ষা কেমন হয়েছে?”
_জি আলহামদুলিল্লাহ ভালো।
_সব সৃজনশীল দিতে পেরেছো?
নিসা ঘাড় কাত করে হ্যা বলে, দৃষ্টি লোকটার জলদগম্ভীর মুখটাতে নিবদ্ধ, ঠোঁটে ছেয়ে আছে অদ্ভুত রকমের প্রশান্তিময় হাসি। কিছু লোকজন শুধু শুধু এই লোকটাকে ভয় কেন পায় নিসা বোঝেনা। এতো সহজ একজন পুরুষকে কিসের ভয়? নিসার তো লাগছে না! মোটেও লাগছে না।
_আপুর কাছে যাবে একবার? তোমার না বই নিতে হবে!
_জি দুই তিন দিন পরে যাই। আপুর রাগটা কমে গেলে। আপুর রাগ ওঠে যত দ্রুত পরে যায় ঠিক তত তাড়াতাড়ি।
“বেশ উঠে পরো বাইকে। যাওয়ার পথে হোটেল থেকে খাবার নিয়ে যাবো। তোমার পরিক্ষার ক'দিন বাইরের খাবার খাবো আর তারপর...
একটু থামলো শাদ, ইতস্তত করে বললো,“আচ্ছা তুমি রাঁধতে পারো?”
দু'চোখ ভরা কৌতুহল শাদের। বৌয়ের রান্না জানার ওপর সংসারের সুখ অনেকাংশেই নির্ভরশীল। নিসার হঠাৎ খুব হাসি পেলো গুন্ডা অথচ সরল মানুষটার সরল প্রশ্নে, মনে মনে খুব বলতে ইচ্ছে হলো,“আপনার মতো মানুষকে তিন বেলা পঞ্চব্যাঞ্জন রেঁধে খাওয়ানোর মতো রন্ধন জ্ঞান আছে আমার।”
কিন্তু হাসি চেপে রেখে বললো,“জি পারি মোটামুটি।”
বলেই চেপে বসলো বাইকে। কাঁপা কাঁপা হাতটা শাদের কাঁধে তুলে দিতে গিয়েও দিলো না সংকোচে। স্বামীর কাঁধের ওপর হাত রাখাই যায়। কিন্তু সে কেন সেধে রাখবে? সে নতুন বৌ। তার স্বামীর কি উচিত নয় তাকে এটা বলা? লোকটা তো বলে না। তাই যেচে কেন নির্লজ্জ হবে নিসা?
শাদ বাইকের চাবি দিয়ে মিনিট খানেক বসে থাকে। একবার চোরা দৃষ্টি ফেলে ডান কাঁধে, কাঁধটা খালি। কি করা উচিত? নিচুগলায় বলে ওঠে,“ইয়ে.. মানে। তোমার বাইকে ওঠার অভ্যাস নেই বোধহয়, তার ওপর হেলমেট নেই, যেকোনো সময় একটা এক্সিডেন্ট....”
_জি তবে কি করব?
_তো ধরে বসো।
মিনমিনে জবাব শাদের। এপাশে নিসা দাঁত বের করে দস্যি হাসি হেসে চুপচাপ হাত তুলে দেয় কাঁধে। বাইক স্টার্ট হয়। গার্লস স্কুল এরিয়া পেরিয়ে আমতলার পাড় যেতে যেতে নিসাও চলে যায় অন্যরকম একটা ঘোরে। এই শক্ত কাঁধটা ছুঁয়ে তার ঘাম ছুটেছে। শরীর এলিয়ে আসছে।
⚫
বারান্দার দরজার কাছটাতে দাঁড়িয়ে নিচতলার পশ্চিমের কক্ষটিতে সতর্ক দৃষ্টি স্থির রেখেছে শাওকি। ও দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজা আড়াল করে। বিপদের পূর্বাভাস পেলেই যাতে ওপাশে সিগন্যাল দিয়ে দিতে পারে।
শাহনাজের ঘাম ছুটে যাচ্ছে। সাংসারিক জীবনে এসব চুরি-চামারি তো দূরে থাক,স্বামীকে অবমাননা করে একটা মিথ্যা অবধি বলেনি সে, আজ এই ভাবে স্বামীর সাথে লুকোচুরি খেলতে হচ্ছে ছেলের জন্য!
নাফিয়া আর সিমিন তাড়াহুড়ো করে রান্না করা গোরু,হাস, কবুতরের মাংস টিফিন ক্যারিয়ার বক্সে ভরছে। সাথে রয়েছে পাঁচ রকমের মাছ, পোলাও। এগুলো সব নিয়ে যাবে শাদদের জন্য।
শাহনাজ ফিসফিস করে বলছে,“আর বাকি বক্স গুলো তালুকদার কনফেকশনারির ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাবে। শাদকে বলবে ওখান থেকে প্রয়োজনমতো নিয়ে নিয়ে খেতে। আমি বক্সে নাম্বার দিয়ে রেখেছি। মেয়েটির নির্বাচনী পরিক্ষা, রান্না বান্না পারে কিনা কে জানে? ঐ সিনেমার মতো ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়ে সুখী সংসার হয়না! আর বালা দু'টো নিয়ে হাতে পরিয়ে দেবে,বৌ মানুষ হাত খালি রাখা ঠিক না। দেখবে নাকে ফুটো করা আছে নাকি, এরপর তবে নাক ফুল পাঠাবো। আর চেইনটা গলায় পরিয়ে দেবে।”
নাফিয়া হেসে শাশুড়িকে টেনে একপাশে বসিয়ে দিয়ে বলে,“জি আম্মা সব বুঝেছি। আপনি আগে ঠাণ্ডা হয়ে বসুন তো!”
শাহনাজ পুত্রবধূর হাত ধরে হঠাৎ কাঁদে। গতরাত থেকে ছেলে আর তার বৌ কি খেয়েছে,কিভাবে মেঝেতে শুধুমাত্র একটা তোশকে ঘুমিয়েছে ভেবে ভেবেই আঁতকে উঠছে শাহনাজ। এসব সুব্রতকে কল করে জেনেছে সে।
সে তো জানে, তার শাদ শক্তপোক্ত ব্যাটা মানুষ হলেও নরম গদিতে ঘুমানোর ছেলে। সে কিভাবে মানিয়ে নেবে এই জীবন? এসব কথা কেঁদে কেঁদে হঠাৎ বলে ওঠেন শাহনাজ।
শাওকি অদূর থেকেই ফিসফিসিয়ে জবাব দেয়,“একটু আস্তে বলো আম্মু। আবার তোমার স্বামীটা শুনে ফেললে তেড়ে এসে বলবে,“কেন শানু? তোমার মেজো ছেলের নরম গদিতে শুয়ে অভ্যাস এ কথা কেন বলছো? সে তো মাসের মধ্যে দুইবার থানায় গিয়ে শক্ত মেঝেতে ঘুমিয়ে আসা লোক। তার অভ্যাস আছে, চিন্তা করো না।”
শাহনাজ চোখ মুছে মুখ শক্ত করে ফেলে শাওকিকে ধমকে বলে,“যা তো তুই। ফাজলামি ভালো লাগছে না এখন!”
শাওকির হঠাৎ ফোনটাও বেজে উঠল। ফোনটা নিয়ে উঠে গেল দোতলায়, দেখে যায়নি ততক্ষণে ওখানে এসে দাঁড়িয়েছেন অসীম তালুকদার। অবাক চোখে কিছুক্ষণ রান্নাঘরের দরজায় উঁকি মেরে স্ত্রী আর পুত্রবধূর কান্ড দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিঃশব্দে। পর পর ঘুরে ধীর পায়ে হেঁটে নিজের কামরায় গিয়ে বিছানায় শুয়ে পরে, বুজিয়ে ফেলে দু'চোখ। কঠিন, গোমড়া মুখটা হঠাৎ হাসতে লাগলেন মুচকি হাসি, চোরদের চুরি করতে দিয়ে তার ভালো লাগছে, ভার হওয়া বুকটা এখন একটু হালকা লাগছে।
শাদ দরজা খুলতেই শাওকি,নাফিয়া আর সিমিন ঝাঁপিয়ে পরলো ওর ওপর। শাদ আর নিসা মাত্রই খেতে বসেছিল।
এভাবে অতর্কিত হামলায় চমকায় শাদ, ভাবির দিকে তাকিয়ে বলে,“তোমরা কেন? তোমার শ্বশুর আসতে দিলেন?”
নিসা শাওকিকে দেখে ওড়না দিয়ে ঘোমটা টেনেছিল মাথায় । ডাগর ডাগর চোখ দুটো মেলে জা,দেবর আর ননদকে দেখছে সে। নাফিয়া হেসে ঝুঁকে বসে ওর কাছে, পাটির ওপর থেকে হোটেলের ভাত মাংস সরিয়ে শাহনাজের রান্না করা খাবার সাজিয়ে দিয়ে বলে,“আম্মা খেতে বলেছেন। বাকি অনেককিছু তালুকদার কনফেকশনারির ডিপফ্রিজে রেখে এসেছি আসার পথে। এনে এনে গরম করে খেয়ো!”
শাশুড়ির হাতের রান্না শুনেই ভীষণ খুশি হয়ে যায় নিসা। খুব জড়তা নিয়ে শাদের দিকে তাকাতেই শাদ ইশারা করে খেতে। নিসা হাত বাড়িয়ে হাঁসের মাংসটা আগে নেয়,ওটা তার ভীষণ পছন্দের। শাদ কিছুক্ষণ দাঁড়িয়ে নিসাকে দেখে নিজেও বসে পরে।
এদিকে শাওকি আর সিমিন ঘুরে ঘুরে বাড়ির ভেতরটা দেখছে । একটা কাপলের জন্য মোটামুটি বড় বাড়ি তবে আসবাব নেই। নাফিয়া ঘরটাকে ঝাড়পোছ করে আরো একদফা। চিল্লিয়ে বলে,“আজ বিকেলে বরিশাল যাবো আমি। দু'দিন পরে ফিরবো। কোনো অসুবিধা হলে চুপিচুপি কল করবে, আমি বরিশাল থেকেই কলকাঠি নাড়বো।”
শাদ বলে,“বরিশাল কেন? তোমার না পনেরো তারিখ যাওয়ার কথা?”
_আরে মাথাব্যথার জন্য যে ডাক্তার দেখিয়েছিলাম,তার সাথে আজ সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট আছে। ভুলেই গিয়েছিলাম। তোমার ভাইয়াকে জানাইনি। খবরদার কেউ জানাবে না। গিয়ে সারপ্রাইজ দেবো ব্যাটাকে।
বলতে বলতেই নাফিয়া বাচ্চাদের মতো হাসে। খাওয়া শেষ করে শাদ উঠে বারান্দায় চলে যায়। নাফিয়া গিয়ে প্লেট গুছিয়ে নিসার হাত টেনে ধরে তোশকে বসিয়ে মেয়েটাকে খুব মনোযোগে দেখে। পর পর সে নিজেই ভারি লজ্জা পায়, এতটুকু মেয়ের কাছে আর কিইবা জানতে চাইবে? সেটা শোভন নয়। তবুও ইনিয়ে বিনিয়ে বলে,“সব ঠিকঠাক?”
নিসা চোখ নামিয়ে মাথা নাড়ায়। নাফিয়া তখন ওর কানের কাছে মুখ নিয়ে বলে,“কোনো অসুবিধা,কোনো প্রশ্ন, কোনো সাহায্য লাগলে আমাকে কল করবে শাদের নাম্বার থেকে। আমি তোমার বড় আপুর মতো। কেমন?”
বলেই নাফিয়া তার শাশুড়ির দেয়া বালা দু'টো নিসার গোল গোল হাত দুটোতে পরিয়ে উঠে দাঁড়ায়, সে একটু তাড়াহুড়োতে আছে, বাসস্ট্যান্ড যেতে হবে এখান থেকেই। দরজায় মুখোমুখি হয় শাদের। শাদ এতক্ষণ দেখছিল নাফিয়াকে নিসার কানে কিছু একটা বলতে। বয়সে নাফিয়া শাদের চেয়ে কয়েকমাসের ছোট। ভাবি দেবর সুলভ ফাজলামির সম্পর্ক ওদের কখনোই ছিল না। শাদ হঠাৎ বলে,“কি বলেছো ওর কানে?”
নাফিয়া হেসে ফেলে,“কি বলেছি?”
_কুবুদ্ধি দিয়েছো আই থিংক!
_তাই নাকি? তা কি ধরণের কুবুদ্ধি!
_ঐ তো জায়েরা যা দেয় আরকি! তবে শোনো, এসব ওর মাথায় ঢোকাবে না। অসীম তালুকদার রেগে থাকলে রেগে থাকতে পারেন। তার জন্য এতো তাড়াতাড়ি বাচ্চা নিতে পারবো না। আমার বৌ ছোটো!
কথাগুলো বলেছে শাদ মেজাজ দেখিয়ে। নাফিয়া হাসতে হাসতে ভেঙে পরে। পর পর দেবরকে বলে,“সরো তো সামনে থেকে, তোমার ছোটো বৌ নিয়ে তুমি বরং শিশুপার্কে যেয়ো মাঝেসাঝে কেমন?”
নাফিয়া চলে গেলেও সিমিন আর শাওকি থেকে যায়। ওদের পরিকল্পনা ছিলো ভাই আর নতুন ভাবীকে নিয়ে একটু সার্কিট হাউস মাঠ থেকে ঘুরে আসবে। কিন্তু ভাবীর পরিক্ষা দেখে শাওকি আর বলে উঠতে পারেনি। চুপচাপ ভাইয়ের পাশে বসে খেলা দেখছে। একটু পরে দোকানে গিয়েই বসবে।
সিমিন চলে যায় নিসার কাছে। নিসা হাতের বইটা পাশে সরিয়ে রেখে ননদকে জায়গা করে দেয় বসতে। সিমিন দাঁত বের করে বলে,“একটু পরেই বেরুবো। তার আগে কিছুক্ষণ তোমার পড়া নষ্ট করে দিই ভাবী? তোমার ননদ বলে কথা?”
নিসা হেসে প্রশ্রয় দেয় সিমিনকে। সিমিন আলাপ জুড়ে দেয় রাজ্যের। সবটাই তার তিন ভাইকে নিয়ে, মামা মামী আর ভাবীকে নিয়ে। স্বভাবে বড্ড বাঁচাল সিমিন। বলতে বলতে একসময় বিরসমুখে বলে ওঠে,“মামা আবার তার তিন ছেলের ওপরে আগে থেকেই টুকটাক নারাজ কি না! তাই কেউ কিছু করে পার পাচ্ছে না। নয়তো বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কোনো অপরাধ মেজো ভাইয়া করেনি।”
নিসা থমথমে গলায় বললো,“তিন ছেলের ওপরেই নারাজ কেন?”
সিমিন এগিয়ে বসে, বিষন্ন গলায় বলতে শুরু করে,“তুমি তো ভাবী,এখন আমাদের লোক,তোমাকে বললে সমস্যা নেই। শোনো, বড় ভাইয়া থেকে শুরু করি। ছাত্র বয়সে বড় ভাইয়া ছিল তুখোড় মেধাবী এক ছেলে। মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে অবশ্য ইচ্ছে করেই যায়নি, তার ইচ্ছেই ছিলো শিক্ষকতা করা। ভীষণ পড়ুয়া এই লোকটা হঠাৎ একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পরে, মেয়েটা হিন্দুধর্মের। মেয়েটির প্রেমে পাগল হয়ে গিয়েছিল ভাইয়া, প্রচন্ড ভালোবেসে ফেলেছিল। এ কথা বাড়িতে জানাজানি হলে বিশাল ঝামেলা হয়। ভাইয়া একবার ঐ মেয়ের জন্য সুইসাইড করতে গিয়েছিলো । মামা তখন দিশা হারিয়ে কি করবে,ছেলেকে কিভাবে বিপথ থেকে ফেরাবেন বুঝতে না পেরে কসম কাটান ভাইয়াকে। এরপর মামা ছেলেকে তাবলীগে পাঠান। ভাইয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়। দেখে শুনে বড় ভাবীর সাথে ভাইয়ার বিয়ে পরিয়ে দিয়ে ভাইয়াকে দিয়ে ওয়াদা নেন যত যাই হোক ভাবীকে স্ত্রীর মর্যাদা না দিলে ভাইয়া যেন এটা ভেবে নেয় সে তার বাপ মাকে অস্বীকার করছে।
কিন্তু ওসব ওয়াদা টোয়াদা কোনো কিছু করেনি জানো, ভাবী মানুষটাই এতটা চমৎকার, স্বামীর প্রতি আনুগত্য, ভালোবাসা,বাধ্যতা,সম্মান দেখিয়ে ঠিক ভাইয়াকে নিজের করে নিয়েছে। এখন তো ভাইয়া ভাবী বলতে পাগল। ভাবী অবশ্য বিয়ের পরে এসব শুনে একটু ভেঙে পরেছিল শুরুতে,পরে ধৈর্য্য ধরে ঠিকই স্বামীর মনের মধ্যে ঢুকেছে একটু একটু করে।”
_আর সেই মেয়েটা?
_ভাইয়ার প্রাক্তন? অমৃতা দিদি তো শুনেছি কানাডা চলে গিয়েছিল পড়াশোনা করতে। এখন কি অবস্থা জানি না। এবার আসি মেজো ভাইয়া আর ছোটো ভাইয়ার প্রসঙ্গে। তো আমার মেজো ভাইয়া একজন ছাত্রলীগের সাবেক কুখ্যাত নেতা। কুখ্যাত বলছি কারণ ভাইয়া আসলেই কুখ্যাত ছিল তার কাজকর্মে। মেয়েলি ব্যাপারটা বাদে হেন বাঁদরামি নেই যা ভাইয়া করে বেরায়নি। মামাকে খুব ভুগিয়েছে একটা সময়, প্রতিপক্ষের সাথে মারামারি করে মাসে দুইবার থানায় ঢুকতো। বাড়ির কারো কথা শুনতো না। আর ছোটো ভাইয়া স্বভাবে ছিল মেজো ভাইয়ার বিপরীত,সে এমনিতে বেশ ভদ্র থাকলেও একটা ফ্রেন্ড সার্কেল জুটিয়ে ফেলেছিল খুব বাজে। ২০১৯-শে বরগুনা সরকারি কলেজের সামনে নাফিস শরীফ হত্যাকাণ্ড হয়েছিল না? সেই কেসে একটা মেসেঞ্জার গ্রুপের কথা উঠেছিল? দুর্ভাগ্য বশত ছোটো ভাইয়া ঐ গ্রুপে এড ছিলো বন্ধুদের পাল্লায় পরে। কিছু না করলেও পুলিশ ভাইয়াকে অ্যারেস্ট করে নেয়।
ঐ সময় মামী স্ট্রোক করেন। এবং এই সুযোগে শাদ ভাইয়ার শত্রুরা ভরা বাজারে, ভীড়ের মধ্যে থেকে মামার গায়ে একটা জুতা নিক্ষেপ করেছিল।
এই অপমানের ধাক্কা মামা নিতে না পেরে, ছেলেদের প্রতি বিতৃষ্ণায় খুব কেঁদেছিলো রাস্তায় দাঁড়িয়েই। শাদ ভাইয়া সেদিনই রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছে নিজেকে, তবে এখনো জুতা নিক্ষেপ কারীকে খুজে বেড়ায় ভাইয়া, হাতে পেলেই মনে করো লাগাবে তিন কোপ। একদম কেটে ফেলবে।
এরপর ছোটো ভাইয়ার জামিন হলেও সে বন্ধু-বান্ধব ত্যাগ করে পড়াশোনায় মনোযোগী হয়েছে।
আর শাদ ভাইয়ার সাথে মামার বর্তমান দ্বন্দ্বের কারণ, মামা চায় ভাইয়া তার একটা ব্যবসা সামলাক। কিন্তু শাদ ভাইয়া দোকানদারি করবে না, চাকরির চেষ্টায় আছে। এই নিয়ে পিতা পুত্রের মান অভিমান খেলা। এগুলো নাথিং সিরিয়াস। আমরা খারাপ দিনগুলো ২০২০শে কাটিয়ে এসেছি। এখন সব ঠিকঠাক। ওপরে ওপরে না থাকলেও বাবা ছেলেদের সম্পর্ক ঠিকঠাক।”
⚫
ফ্ল্যাটে ঢুকে রীতিমতো অবাক নাফিয়া। বরিশাল ফকিরবাড়ি রোডের একটি বহুতল দালানের পাঁচতলায় ভাড়া থাকে শাহেদ। নাফিয়া সদর দরজায় দাঁড়িয়েই চোখ ঘুরিয়ে মুখ হা করে আশপাশ দেখছে। তার কাছে সবকিছু অবিশ্বাস্য লাগছে। ফ্ল্যাটের অবস্থা এতোটা গোছানো? ঐ অগোছালো মানুষটা ফ্ল্যাটটাকে এভাবে গুছিয়ে রাখে? মনে হয় না, সবকিছু দেখে মনে হচ্ছে এখানে অনেকদিন হয় কেউ থাকছে না তাই সবকিছু গোছানো।
বরিশাল পৌঁছেই আগে ডাক্তারের কাছে গিয়েছিলো সে। সেখান থেকে অ্যাপার্টমেন্টে ফিরতে ফিরতে রাত আটটা। নাফিয়া হাত থেকে ফলের প্যাকেটটা ডাইনিং টেবিলের ওপর রেখে খুলে যাওয়া খোপাটা আবার ভালো করে লাগিয়ে এগিয়ে গিয়ে ফ্রিজ খোলে। ফ্রিজ খুলেও তাজ্জব নাফিয়া, সেবার ডাক্তার দেখাতে এসে দুই হালি ডিম দেখে গিয়েছিল তা এখনো ফ্রিজে পরে আছে। শুকনো আপেল, নাশপাতি সব আগেরগুলোই। শ্বাস ফেলে নাফিয়া বিরক্তিতে, মানুষটা একটু ফল খেতে চায়না।
রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়িপাতিল সব সুন্দর করেই রাখা। এই রান্নাঘরে রান্না হয় বলে নাফিয়ার মনে হয়না। তবে লোকটা কোথায় খায়? অদ্ভুত লাগছে নাফিয়ার। গিয়ে ডিপ ফ্রিজ খুলে দ্রুত এক পোটলা গোরুর গোশত নামিয়ে ভিজিয়ে রেখে গাঁয়ের দামী শাড়িটা পাল্টে সুতি শাড়ি পরে নেয়। একদম গিন্নি রূপে ফিরে ঝটপট রান্নাটা সেরে ফেলে সাড়ে নয়টা নাগাদ কল করে শাহেদকে, ভীষণ বিরক্তি নিয়ে বলে,“কই তুমি? কোচিং থেকে ফিরবে না এখনো?”
শাহেদ সবেমাত্র খেতে বসেছিল। ফাতিমা ওর প্লেটে খাসির মাংস তুলে দিতে যাবে তখন হাতের ইশারায় ওকে থামিয়ে থমথমে গলায় নাফিয়াকে বলে,“হ্যা ফিরবো। তুমি কোথায়?”
_আমি আমাদের অ্যাপার্টমেন্টে। সন্ধ্যায় এলাম।
ঝট করে লাফিয়ে উঠে দাঁড়ায় শাহেদ। অস্থির শ্বাস ফেলে দ্রুত দ্রুত হাত ধুয়ে নিয়ে বলে,“সোনা আমি আমার এক কলিগের বাসায় বুঝলে। এক্ষুনি আসছি।”
বলেই কল কেটে শাহেদ শার্ট প্যান্ট পরে নেয়। ফাতিমা একবার থমথমে গলায় বললো,“খেয়ে যাও অন্তত।”
ওর কপালে চুমু খেয়ে শাহেদ বলে,“না। তুমি খেয়ে নাও। আমি খেয়ে আসছি শুনলে ও আবার চেপে ধরে খাওয়াবে। একদম একটা পাগল মেয়েটা।”
ছুটতে ছুটতে ফাতিমার অ্যাপার্টমেন্ট থেকে বেরোয় শাহেদ। ফাতিমা দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
ততক্ষণে নাফিয়া ফ্রেশ হয়ে খুব চমৎকার একটি শাড়িতে নিজেকে জড়িয়ে নিয়েছে, সবসময় সাদামাটা বেশে থাকা মেয়েটা আজ স্বামীর সান্নিধ্যে যাবে বলে সুন্দর করে সাজলো, একটু বেশিই আবেদনময়ী সেই সাজ। পিঠ খোলা ব্লাউজ,শাড়িটাও পাতলা।
শাহেদ ফ্ল্যাটে ঢুকেই অবাক চোখে নাফিয়াকে দেখতে থাকে। নাফিয়ার ঠোঁট জুড়ে আন্তরিক হাসি। ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরে খুব শক্ত করে, পর পর শ্বাস টেনে বলে,“পারফিউম চেঞ্জ করেছো? এটার স্মেল সুন্দর।”
শাহেদ নিজের অস্বস্তি লুকাতে অপারগ। নাফিয়া তাকিয়ে বলে,“এমন লাগছে কেনো তোমাকে? চুরি করে এলে নাকি?”
শাহেদ শুকনো হেসে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে ছোট একটা চুমু খায় ওর ঠোঁটে। নাফিয়া লজ্জা পেয়ে শাহেদের টাই খোলে। মেয়েটার সমস্ত মুখের নিষ্পাপ আভা শাহেদের ভেতরটা নাড়িয়ে দিতে চাচ্ছে যেন। চোখ নামায় শাহেদ। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। নাফিয়া স্বামীর এহেন আচরণ দেখে যারপরনাই অবাক,বলে,“স্ট্রেস বেশি গিয়েছে আজ? মেজাজ এজন্য খারাপ?”
মাথা নাড়িয়ে হ্যা বলতে চাইলো শাহেদ। নাফিয়া ওর সামনে ঘনিষ্ট হয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ দুষ্টুমি ভরা হাসি দিয়ে গলা জড়িয়ে ধরলো শাহেদের। জড়ানো গলায় ফিসফিসিয়ে বলতে লাগলো,“আমাকে আদর করে মেজাজ ঠান্ডা করে ফেলো তবে!”
দু'চোখে স্বামীর প্রতি আন্তরিক,প্রেমময় আহ্বান। অমন আকুতি কোনো পুরুষের উপেক্ষা করার সাধ্যি নেই। শাহেদ দিন দুনিয়া ভুলে গিয়ে পাঁজাকোলা করে তুলে নিলো হালকা শরীরটা। নাফিয়া হেসে উঠলো খিলখিলিয়ে। কয়েক মিনিটের ব্যবধানে শোবার কক্ষটা ছেয়ে গেলো নিস্তব্ধ ভালোবাসা বাসিতে। স্বামী সুখে ভেসে যাওয়ার আগে নাফিয়া উন্মাদ প্রেমিকার মতো স্বামীর গলা জড়িয়ে ধরে রেখে বললো,“আই লাভ ইউ। আমার বেবি চাই।”
চলমান.....
[ শাহেদ নাফিয়ার ব্যাপারটাতে আমাকে গালি দেবার দরকার নেই,এটা বাবা ছেলেদের সম্পর্কের জটিলতার পাশাপাশি নাফিয়া বলে একটি মেয়ের উত্তোরণের গল্প। ধৈর্য্য রাখুন।গালি গল্প শেষ হলে দিবেন। ]