ফন্ট সাইজ:
থিম:
মেসার্স তালুকদার এ্যান্ড সন্স

পর্ব 7

লেখক: ইসরাত ইতি

#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৭ [ ১ম অংশ ]
#ইসরাত_আরা_ইতি

[ ১ম অংশ ]

সতর্কতা ‌🚫 সংলাপে অশালীন শব্দের প্রয়োগ থাকতে পারে। মানসিক প্রস্তুতি নিয়ে পড়বেন।

বাংলা ২য় পত্র নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিলো নিসা। সিমিন আর শাওকি চলে গিয়েছে আসরের সময়। ওদের বিদেয় করে সেই যে বই নিয়ে বসেছিল,উঠলো এশার ওয়াক্তের আজান দিলে। শাদ আশেপাশে কোথাও নেই। লোকটাকে তখন দেখেছিলো ফোনে কারো সাথে চাকরির ব্যাপারে আলাপ করতে। কি বিনয়ী আর চমৎকার সে ইংরেজি কথোপকথন! এতো চমৎকার যোগ্যতাসম্পন্ন মানুষের কি করে অমন কুৎসিত একটি অতীত থাকতে পারে? এদের তিন ভাইয়ের জন্য তার শ্বশুরকে খুবই ভুগতে হয়েছে অতীতে। তাই শ্বশুর মশাইয়ের বর্তমান রাগটা জায়েজ। ভাবতে ভাবতে মন খারাপ হয় নিসার। সিমিনের থেকে ওসব শোনার পর থেকেই বুকটা কেমন ভার ভার লাগছে। যদিও শাদের ব্যাপারে সে সবটাই জানতো, তবুও ষোড়শী মন হঠাৎ হঠাৎ মূর্ছা যেতে কতক্ষন? শত হলেও বয়সটা আবেগের। শঙ্কা শুধুমাত্র একটা ব্যাপারেই, তার দুম করে নেয়া সিদ্ধান্তটা শেষটায় জীবনের কাল হবে না তো? অতীত যেমন হয় হোক, লোকটা এখন যেমন ঠিক তেমন হয়ে থাকবে তো?
এতকিছু ভেবে ভেবে বলতে গেলে একটা উদাসী বিকেল কাটিয়েছে সে। এর মাঝে আরো কিছু মন খারাপের ঘটনা ঘটেছে। বিকেল বেলা সায়রা আর রুম্পা এসেছিল নিসার বাসা খুঁজতে খুঁজতে,ওরা এসে নিসার ভার হওয়া মনটাকে বিষিয়ে তুলেছিল দ্বিগুণ। আলাপ চারিতার খন্ডাংশ,

“এবার বল। তোর বর তোকে সত্যিই আদর করেনি?”

নিসা মাথা নেড়ে না বলেছে। রুম্পা মুখে হাত চেপে হতভম্ব হবার সুর টেনে বলেছে,“এটা কেমন কথা আদর করবে না! তার কোনো সমস্যা নেই তো?”

নিসার কান গরম হয়ে উঠেছিল এসব অসভ্য কথায়। এমনিতেও রুম্পা আর সায়রা একটু বেশিই পাকনি। বায়োলজি বইয়ের সেই বিশেষ অধ্যায়টি নিয়ে ওদের আলোচনা আর আগ্রহের শেষ নেই। লুকিয়ে লুকিয়ে বাজে গান দেখে বেড়ায় ওরা, নিসা শুনেছিল। তাই ওদের কটাক্ষ অতটা গাঁয়ে না মেখে এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দুম করে সায়রা বলে উঠলো,“আমি না একটা কথা শুনেছি রে নিসা। যারা নেশা টেশা করে না? স্পেশালি গাঁজা টেনে বেরায়, বাবা টাবা খায়। ওদের ইয়েতে আগ্রহ বেশি থাকার কথা। শাদ ভাইয়ের আসলেই সমস্যা নেই তো? নয়তো তোর মতো একটা সুন্দর মেয়েকে হাতে কাছে পেয়ে একটা চুমুও খাবে না? এটা কেমন মশকরা?”

নিসা কাঁদো কাঁদো মুখ করে বলেছিল,“বাবা কি?”

_আরে ইয়াবা,ইয়াবা!

ঠোঁট কাটা নষ্ট মেয়ে দুটোকে পারলে দু'টো চড় লাগিয়ে দিতো নিসা। রিন্তু থাকলে অবশ্য দিয়েই দিতো। নিসা অবশ্য জবাব দিয়েছে,“ওনার তেমন কোনো দোষ নেই। শুধু সিগারেট খায়।”

_তো, সেটা বাদ দেওয়াবি। নেশা পানি ধূমপান ইত্যাদি করলে তো ছেলেদের ইয়েতে আগ্রহ থাকার কথা । কিন্তু তোর বরের নেই। মহা মুশকিল হয়ে যাবেরে নিসামনি। তবে এই ধরণের চেইনস্মোকারদের ব্যাপারে সাইন্স বি তে একটা আর্টিকেল পরেছি,এরা সঙ্গীনিকে ছোঁয়ার চাইতে চেয়ে দেখতে বেশি পছন্দ করে। শাদ ভাইয়ের ব্যাপারটা তেমন নয়তো?

নিসা আর সহ্য করতে না পেরে দুটোকে পড়ার বাহানা দিয়ে বাড়ি থেকে বের করেছে। রীতিমত তার গা গুলাচ্ছে এখন। পরিশেষে মন বিষন্ন হয়েছে। গোটা দুনিয়ার মানুষ জানে লোকটা নেশা পানি নেয়। এই অপবাদের সাথেও নিসাকে সংসার করতে হবে ‌। ওসব যখন ভাবছিল নিসা ঠিক তখনই দরজায় কড়াঘাত পরলো। শাদ ফিরেছে। সাথে এসেছে গ্যাস সিলিন্ডার,চুলা,আর একটা বারো কেজির চালের বস্তা। এতক্ষণে ক্রমশ জমা গ্লানি নিসার ফুস করে উবে গেলো গম্ভীর চোয়াল দেখে। হাতে যার বাজারের ভারি ব্যাগ। গাঁয়ের শার্টটা ঘেমে লেপ্টে আছে শরীরে, ঘাম জমেছে সুদর্শন মুখটাতেও। নিসাকে জানালা ঘেঁষে মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকতে দেখে শাদ বলে,“সব ঠিক আছে?’

নিসা মাথা নাড়ায়। চালের বস্তাটা টেনে নিয়ে শাদ রান্নাঘরে রাখতে রাখতে বলল,“একটু বেরুবো আমি। জরুরি কাজ আছে।”

_কি কাজ? কটায় ফিরবেন?

উদ্বিগ্ন স্বর নিসার। শাদ ঘুরলো, রমণীর ছটফটানি চোখে,কানে,মনে বিধেছে তার। নিস্পন্দ চোখে মিনিট খানেক গোল ফর্সা রূপসী মুখটা দেখে নতস্বরে বললো,“বেকার লোকদের ব্যস্ততা একটু বেশিই থাকে। বেশ ক'দিন আগের ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একটা সালিশে সদরঘাট মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিয়েছিলেন। আমি ঘটনাটির সাথে সম্পৃক্ত। না গেলে ওনাকে অসম্মান করা হবে। তুমি পড়ো! দরজা জানালা আটকে নাও। আমি ছাড়া কেউ আসলে দরজা খুলবে না। বাড়িওয়ালি কাকিকে বলে যাচ্ছি মেইন গেট লক করে দিবে। আর কিছু লাগলে কল করবে। দেরি হবে ফিরতে,খেয়ে নিয়ো খিদে পেলে।”

একদম সহজ গলায় কথাগুলো শেষ করে শাদ শার্টটা পাল্টে নিয়ে নিজের ঘরের সমস্ত জানালা বন্ধ করে বেড়িয়ে যায়। নিসা চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। নেশা পানি করা লোকরা বুঝি এতোটা সহজ পুরুষ হয়?

সালিশ ছিলো মূলত হিন্দুপাড়ার গোপাল চন্দ্রের বিরুদ্ধে। পেশায় গোয়ালে। কে বা কারা রটিয়েছিল গোপাল সদরঘাট এতিমখানা সংলগ্ন মসজিদের বাইরে কৃষ্ণমূর্তি রেখে এসেছে। অথচ কাজটা কয়েকটা টোকাই ছেলের, কোত্থেকে পুরনো ছোটো কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়ে খেলতে খেলতে ফেলে রেখে গিয়েছে মসজিদ প্রাঙ্গণে। মিউনিসিপ্যালিটির সিসিটিভি ফুটেজ পেতে পেতে ঢের দেরী হয়ে গিয়েছিল, ততক্ষণে লোকমুখে শুনে গোপালকে ধরতে গিয়েছিল মুসলিম যুব ক্ল্যাবের মেম্বাররা। শাদ সেদিন শোনামাত্রই নিজে গিয়ে দাঁড়িয়েছিল গোপালের সম্মুখে। সবাইকে শান্ত হতে বললে তারা বলেছিল,“হ তুই তো এই গোপালকেই বাঁচাতে চাইবি। তোদের পরিবারের লোকের হিন্দু প্রিতি আছে তা তো অজানা নয় এ শহরে। তোর ভাইটা যার ধর্মের বালাই ছিলো না এক কালে, হিন্দু মেয়ে বিয়ে করার জন্য পাগল ছিল। আর তুই তো হিন্দু বাড়িতেই মানুষ, সুব্রত রায় তো তোর ভাই। একটা মুনাফিক তুই। সর সামনে থেকে।”

শাদ সরেনি, শাদকে সরানো যায়নি এসব বলে। তার কন্ঠে সোজা সাপ্টা জবাব ছিল।
_গোপাল কাকা এতিমখানায় দুধ দিয়ে আসে মাসে দুইবার, তার হাতের,তার গোরুর দুধ দিয়ে তো ফিরনি হয় এতিমখানায় মাঝেসাঝে! এই এতগুলো বছর ধরে তাকে চিনি। সিসিটিভি ফুটেজ না দেখে আমি একটুও সরবো না ওনার সামনে থেকে। আপনারা পারলে এখান থেকে নিয়ে যান। আমার পেছন থেকে।”

মুখ চললেও কেউ শাদের সামনে এগোনোর মতো সাহস করেনি। এই ছেলে খুবই বিপজ্জনক। মাথা এলোমেলো হলে ছাড় দেবে না কাউকে। আইনের দ্বারস্থ হবার সময় টুকু পাওয়া যাবে না।

সালিশে সকলের মুখ শুকিয়ে কুঁচকে যায় সিসিটিভি ফুটেজটা দেখে। গত আট তারিখে দুধ দিয়ে আসার পরে গোপালকে কখনো এতিমখানার আশেপাশে দেখা যায়নি। দেখা গিয়েছে ঐ টোকাই ছেলেগুলোকে, কৃষ্ণের ভাঙা মূর্তি হাতে।

গোপাল নির্দোষ প্রমাণিত হয়ে ঝরঝর করে কেঁদে ফেললো ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব এবার যুব ক্লাবের ছেলেদের দিকে ফিরে তাকিয়ে বলল,“সন্দেহের বসে মজলুমকে হেনস্থা খুবই নিন্দনীয় পাপকাজ। তোমরা সকলে তার কাছে ক্ষমা চেয়ে ওযু করতে যাও। আমি উঠবো, মুসল্লিরা দলে দলে আসছে।”

সভা ওখানেই ভাঙে। গোপাল চলে গেলে উৎসুক জনতাও ভীড় কমায়। কেউ ছোটে বাড়ির পথে, তো কেউ মসজিদের প্রাঙ্গণে। শাদ দাঁড়িয়ে থাকে স্ব-স্থানে। পর পর ইমামের সাথে চোখাচোখি হতেই সামান্য হাসলো শাদ। ইমাম সফিউদ্দিন উঠে দাঁড়িয়ে গম্ভীর কন্ঠে শাদকে বলে,“শুক্রবার ছাড়া তো মসজিদের আশেপাশে দেখি না।আছোই যখন নামাজ আদায় করে যাও এশার। দাওয়াত রইলো।”

শাদের মুখচোখ হঠাৎ অস্বস্তিতে ছেয়ে যায়। হাত চলে যায় প্যান্টের পকেটের কাছে, সিগারেটের প্যাকেট উঁচু হয়ে আছে সেথায়। ইমাম সফিউদ্দিন ওকে লক্ষ্য করে বলে উঠলেন,“নফসের সাথে যুদ্ধটা একটু কঠিন বৈকি। তবে ধৈর্য্য রাখলে জেতা সম্ভব। তোমার পরিবর্তনে ভীষণ খুশি হয়েছি। শুনেছি বিবাহ করেছো, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। সংযত হয়ে দুনিয়াবি কাজকর্ম করার পাশাপাশি স্ত্রীর প্রতি সদাচরণ করবে। আর তোমার পকেটে যে জিনিসটা আছে সেটা নিয়ে অস্বস্তিতে পরার কিছু নেই, চুপচাপ পকেট থেকে সরিয়ে দাও। তুমি যত স্রষ্টার দিকে ঝুঁকবে,ওসব দূরে সরবে ধীরে ধীরেই। আজ তোমার পকেটে ওটা আছে বলে তুমি এক কদম আগাবে না তাহলে তো একই স্থানে দাঁড়িয়ে রইবে! সবসময়ের জন্য।”

শাদ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতরটা কেমন অস্থিরতায় ছেয়ে গিয়েছে ওর। হাতটা কেমন করে জানি কাঁপল, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমতা আমতা করে বলে,“আমার কাছে টুপি নেই।”

_মসজিদে আছে। একটা ব্যবহার করার অনুমতি দেয়া হলো।

বলেই ইমাম সফিউদ্দিন চলে গেলেন ভেতরে। নামাজ আদায়ের পরে মসজিদের সদর দরজায় শাদ দেখা পেলো অসীম তালুকদারের। মফস্বলের মান্যগন্য হিসেবে তার আজকের সালিশে উপস্থিত থাকার কথা থাকলেও আসতে পারেনি পায়ের ব্যাথায় । তবে জামায়াত ধরতে এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেকে তখনো দেখেননি তিনি। নামাজ শেষে বাইরে নেমে সোডিয়াম আলোতে যখন জুতা খুঁজছিলেন তখন টের পেলেন কেউ তার পাশে উবু হয়ে বসে এক জোড়া জুতা রাখলো তার সম্মুখে। অসীম তালুকদার মেজো ছেলের মুখটা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একটা সুন্দর ব্যাটা ছেলের মুখ। তার তিন ছেলের মধ্যে শাদ সবচেয়ে চাপা রঙের হলেও চেহারায় আছে এক অকৃত্রিম স্বচ্ছতা, ছোটো থেকেই ছেলেটা ছিল সোজাসাপ্টা। সময়ের ব্যবধানে কতকি পাল্টে গেল, ছেলেটা কেমন উগ্রও হলো, পরিবারে ধ্বস নামালো, আবার এখন ব্যস্ত হলো নিজেকে শোধরাতে। তবে ওর চেহারায় এই স্বচ্ছতার ছ'টা সবসময়ের মতো রয়ে গিয়েছে।
অসীম চোখ নামিয়ে নিল। শাদ উঠে চুপচাপ চলে গেল বাবার সামনে থেকে।

“যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
যেন কেড়ে নিতে দেব না
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
যেন আমি ছাড়তে দেব না
আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ.....”

বাড়িওয়ালার ঘরে মিউজিক বাজছে। সম্ভবত বাড়িওয়ালার কলেজ পড়ুয়া মেয়ের কাজ। সম্ভবত এই গানটা তার প্রিয়। খেয়াল করেছে শাদ,আজ সারাদিন বেজেছে। শাদ গিয়ে শুরুতেই বাড়িওয়ালার দরজায় নক করলো। বাড়িওয়ালা আন্টি দরজা খুলে ভয়ে ভয়ে বললো,“কি বাবা?”

শাদ ভদ্র গলায় বললো,“আন্টি সাউন্ড টা একটু কমিয়ে ক'দিন গান শুনলে ভালো হতো। ওর টেস্ট চলছে,বুঝতেই পারছেন!”

আন্টি তৎক্ষণাৎ মাথা নাড়ায়। সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়।
বাড়ি ফিরে শাদ আজ অদ্ভুত মস্তিষ্ক প্রশান্তিকর একটি দৃশ্য দেখলো। দেখলো মেঝেতে পাতা তোশকে নিসা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে! বইটা পরে আছে গাঁয়ের ওপর।
খাবার ঢাকা দিয়ে রাখা ছিল। নিসা খেয়ে তরকারি গরম করে শাদের জন্য বেড়ে রেখে ঘুমিয়েছে। শাদ আর ডাকলো না ওকে। হাতমুখ ধুয়ে চুপচাপ নিজেও খেয়ে শুতে যাবে তার আগে তার নাম্বারে একটা কল এলো। তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে আগামীকাল।

ব্যাপারটাতে নির্লিপ্ত শাদ। কথা বলে কল কেটে শুয়ে পরে নিসার গা থেকে বইটা সরাতে গিয়ে হঠাৎ চোখ আটকায় সুডৌল দেহ ভাঁজে। শাদ খুব সহজ চোখেই তাকিয়ে দেখে সেসব খানিক সময়, অতঃপর দেখে নিসার ঘুমন্ত মুখটা। পর পর বালিশে মাথা রেখে শুয়ে পরে দু'চোখের ওপর হাত রেখে বলে,“আমাকে এভাবে ক্ষণে ক্ষণে লাই দিয়ো না নিসামনি। একটু সময় নাও,আমাকেও দাও।।”

⚫

রিমা বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এখন সে শান্ত ঠিক খরস্রোতা নদীর মতো। রাতুল খালামনিকে দেখে ঝাঁপিয়ে পরলো কোলে। আদুরে ব্যক্তিটার দুইগাল চুমিয়ে ঘরময় চোখ বুলিয়ে নিসা নিচু স্বরে বললো,“দুলাভাই কোথায়?”

রিমা কথা না বলে নিসার বইপত্রের ব্যাগ, ওর সমস্ত জামাকাপড়ের ব্যাগ টেনে এনে ঘরের মেঝেতে রেখে থমথমে গলায় বলে,“সবকিছু দেখে শুনে নিয়ে যা।”

নিসা রাতুলকে কোল থেকে নামিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে মৃদু আওয়াজে বলে,“মাফ করে দাওনা আপু। অন্যায় করেছি।”

_তো মানলি অন্যায় করেছিস? অন্যায় তো করেছিসই, তবে নিজের সাথে। এই ছেলেকে তুই কোন বিচারে বেছে নিলি নিসা? মানে তোদের প্রেম ছিলো?

নিসা মাথা নাড়ায়। রিমা রাগে হেঁসে ওঠে,“তবে?”

_আমরা দু'জন দু'জনকে পছন্দ করতাম।

_পছন্দ? তোর মোহে পরেছে এই নেশাখোরটা। দু'দিন মজা লুটে নেশা কেটে গেলেই তুই এর আসল রূপ দেখবি। এই পুরুষ মানুষ হচ্ছে এক একটা অমানুষ। মোহ কেটে,লালসা মিটে গেলে এরা পায়ে ফেলে দেয়।

নিসা মাথা নুইয়ে রেখেছে। রিমা বলে যেতে থাকে,“নিজের বড় বোনকে দেখেও কিছু শিখলি না। রূপকথার রাজ্যে বিচরণ করছিস না তুই? শোন দু'দিন বাদে আবার যখন এই ছেলেকে নিজে গিয়ে থানা থেকে ছাড়াতে হবে তখন টনক নড়বে তোর।‌ কোথাও একটা খুন খারাবি করে এসে তোর সাথে দিব্যি শোবে তখন বুঝবি রূপকথা কত প্রকার ও কি কি। আমি কিছু বলবো না। যখন নেশা পানি খেতে বারণ করায় তোকে দুমদাম মারবে তখন বুঝবি বাস্তবতা কি। যখন ঐ ভ্যাগাবন্ডের কামাই করতে না পারার অযোগ্যতা নিয়ে তুই কথা শোনাবি তারপর যখন ওর মেল ইগো হার্ট হয়ে তোর গালে চড় পরবে ঠাস ঠাস তখন বুঝবি বাস্তবতা কি।”

_বাস্তবতা বুঝে কি হবে আপু? বাস্তবতা তো তুমি বুঝেছো,তো বাস্তবতা থেকে বেরুতে পেরেছো তুমি?

_সে তো আমার একটা বাচ্চা আছে বলে! রাতুলের কথা ভাববো না?

নিসা শ্বাস ফেলে বললো,“উনি অমনটা নয় আপু। ওনার চোখ দেখে বুঝতাম আমি।”

_কচু বুঝতিস তুই। এই ছেলেগুলো, শুরুতে অকৃত্রিম আগ্রহ নিয়ে তোর দ্বারস্থ হবে। তারপর যখন তোর অসহায়ত্ব পেয়ে যাবে,তোর দুর্বলতা পেয়ে যাবে,তোর শরীর পেয়ে যাবে তখন তোকে টেকেন ফর গ্রান্টেড করবে। এটা বুঝিস কি? ছোটোলোকির চূড়ান্ত দেখাবে তোকে। তোর দুলাভাইকে দেখিস না? আর এমনিতেও তোর মা বাবার হাত নেই তোর মাথায়, আরো পেয়ে বসবে। তুই সময় নে, দেখবি মাত্র দু'দিন পরেই থানায় তোর ডাক পরলো বলে। তোর গুণধর স্বামীর কেচ্ছা কাহিনী তো এখনো ভাসছে বাতাসে বাতাসে !

নিসা তখন আর নিজেকে আটকাতে পারেনি। কেঁদে ফেলেছে। বোনকে আর কিছু না বলে বইপত্র নিয়ে উঠে পরেছে রিকশায়।
শাদ ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছিল তখন, যেতে হবে বরিশাল। সাদা শার্টের ওপর টাই বেঁধে নিচ্ছিল অত্যন্ত দক্ষ হাতে। এসব ইউটিউব দেখে শিখেছে শাদ। নইলে ওর বেশভূষা কখনো এমন ভদ্র সভ্য ছিলোই না। ছিলো বখাটে, গুন্ডাদের মতো।
দরজা দিয়ে নিসা হুরমুরিয়ে ঢুকতেই যখন ঘুরলো,একটা ধাক্কার মতো খেলো শাদ। নিসা অতর্কিতে এসে ওর সম্মুখে দাঁড়িয়ে পরলো। ভেজা চোখ মুছে নিয়েছে। শাদ কিছু বলতে যাবে তার আগেই ধরা গলায় তবে মেজাজ দেখিয়ে বলে উঠলো,“একটা সত্যি কথা বলবেন?”

_কি?
অবাকের সুরে শাদ জানতে চাইলো।

_আপনি সত্যিই ভালো হয়ে গেছেন তো?

একদৃষ্টে তাকিয়ে আছে শাদ, পর পর বেশ ভেবেচিন্তে উত্তর দিলো,“ঠিক কোন ধরণের ভালো হবার কথা বলছো নিসামনি? আমি আদৌও জানিনা ভালো হয়েছি কিনা তবে চেষ্টা করি যা-ই করি না কেন তাতে যেন কারো ক্ষতি না হয়। এটাকে কি ভালো হওয়া বলে? বললে ভালো হয়েছি, নয়তো নয়।”

নিসা মুখ ঘুরিয়ে আবার কান্না আটকাতে চায়। ঠোঁট চেপে বলে,“চাকরি পেতে কত দেরি আপনার?”

_আল্লাহ চাইলে আজকের ইন্টারভিউতে হয়ে যেতে পারে।

নিসা শ্বাস টেনে কান্না দমিয়ে বলে,“হু। গুড নিউজ নিয়ে ফিরবেন। আমি পছন্দ করবো না বেকার স্বামী।”

_কিন্তু বেকার ছেলেকেই তুমি বিয়ে করেছো, ভুলে যেয়ো না।

শাদ মেয়েটির অগোছালো আচরণে মনে মনে হেসে জবাব দেয়। নিসা ঠোঁট ফুলিয়ে নাকি সুরে বলে,

_তো পুরুষ কি বিয়ের পরেও বসে থাকবে নাকি? উপার্জন করবে না? বেকার ছেলে বিয়ে করেও বেকার থাকে নাকি? বৌয়ের খরচ তুলবে কে?

_তো সেজন্যই তো যাচ্ছি! এতো কথা কেন?

নিসা দমে যায়, সামলে নেয় নিজেকে। সে এতটা বাজে আচরণ করতে পারে না। নিজেকে শান্ত করে এবার চোখ তুলে দেখে শাদকে। গায়ে সাদা শার্টটা আঁটসাঁট হয়ে আছে শক্ত চওড়া শরীরে। এতো সুন্দর! এতো সুন্দর এই পুরুষটি! নিসা ওসব দেখে ঢোক গেলে। পর পর চোখ নামিয়ে ঘুরে দাঁড়িয়ে ও বাড়ি থেকে আনা জিনিসপত্র গুলো নিয়ে ব্যস্ত হয়ে পরে। শাদ অদ্ভুত চোখে দেখতে থাকে মেয়েটিকে। আচরণে একটু শাসন রয়েছে। অদ্ভুত লাগছে শাদের, তাকে একটা হাঁটুর বয়সী মেয়ে, যে কিনা তার বৌ,সে শাসন করছে? এটাও বাস্তবতা?

চলমান.....

[ ২য় অংশ আজ রাতে পেয়ে যাবেন নয়তো কাল সকালে ]#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৭ [ ২য় অংশ ]
#ইসরাত_আরা_ইতি

ছোটো ছেলেকে দেখা মাত্র অসীম তালুকদার ধমকানোর সুরে কৈফিয়ত চান,“কি ব্যাপার আজ দোকানে বসবে না? এতো বেলা হয়ে গেল!”

শাওকি মাথা নুইয়ে ইতস্তত করছিল বাবার সামনে,“আব্বু বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ছিলো তাই...আর আজ বেশি কাস্টমারও নেই। আমি এক্ষুনি যাচ্ছি!”

_কাস্টমার নেই এখানে দাঁড়িয়েই বুঝে গেলে?

_কল করেছিলাম আরফানকে। যাচ্ছি এক্ষুনি।

বিড়বিড়িয়ে বলেই একপ্রকার পালিয়ে যাওয়ার ভঙ্গিতে শাওকি চলে গেলো। অসীম তালুকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ওর প্রস্থানের দিকে। পাশ থেকে শাহনাজ বলে উঠলেন,“ছেলেটা নিজের তরফ থেকে সর্বোচ্চ করছে আপনার মন পেতে। আপনি একটু নরম হন না কেন?”

_হুম। নরম হয়ে একজনকে রিহ্যাব না পাঠিয়ে, বিদেশে ওর চাচার কাছে না পাঠিয়ে কাছে রেখে দিয়েছিলাম। ফলাফল, একটা অপরিণত মেয়েকে বিয়ে করে পুতুল বৌ খেলা খেলছে। অথচ পকেটে নেই দু'টো টাকা।লজ্জা নেই! তার কি দেমাগ, বলে কিনা সে দোকানদারি করবে না, সে তার ভালো মার্কস দেখিয়ে চাকরি আনবে। আমিও দেখি কে চাকরি দেয়! নামের পাশে তো দাগী আসামির দাগ লেগে আছে। আর তোমার এই ছোট ছেলে, বুঝেছো আমি কোনো খবর রাখি না? এখনো বন্ধু বান্ধবদের সঙ্গ দেয়। লুকিয়ে লুকিয়ে তাদের টাকা পয়সা ধার দেয়।

শাহনাজ স্বামীর সাথে তর্ক না বাড়ানোর পরিকল্পনা করে মন দিতে চাইলো হাতের নকশিকাঁথাতে,“তা এক কাজ করবেন? শাওকিকে বিয়ে করিয়ে দেবেন?”

_পাগল হয়েছো? কেবল ফাইনাল ইয়ারে। তার ওপর ওকে কে বিয়ে করবে? বোধ নেই, বুদ্ধি নেই।

_আপনি ছেলেদের সারাক্ষণ পচিয়ে বেড়ান অথচ এক একজন চমৎকার সংসার করে যাচ্ছে। শাদের তিন দিনের সংসারের কথা সিমিনের থেকে জেনে নেবেন। কতটা দায়িত্বশীল বর তিনি। আর আপনি তো খুব ভালো করেই মানেন বৌ এলে ছেলে মানুষ শুধরে যায়। শাহেদের বিয়েটা তো এই আশাতেই দিয়েছিলেন। আপনার আশানুরূপ ফল তো ঠিকই পেয়েছেন। বড় বৌমা কেমন শায়েদকে নিজের করেছে,শুধরেছে। পুরুষ মানুষের একটু আধটু দোষ বৌয়ের আঁচলের নিচে গেলে এমনিতেই শুধরে যায়।
আর ঐ নিসা মেয়েটা, মেয়েটা খুবই ছোট, বড় বৌমার মতো বুদ্ধি বিবেচনা বোধ নেই, তবে ও কিছু না করলেও আপনার মেজো ছেলে এমনি এমনিই তার টানে এখন থেকে সোজা পথে হাঁটবে, মিলিয়ে নিয়েন। মেয়েটার মুখটা বড্ড মায়াভরা। সেজন্যই বলছিলাম শাওকি কেও কোনো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। উহুম আপনার বন্ধুদের আদরের কোনো মেয়ে নয়, বরং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী কোনো মেয়ে। শাওকির সাথে অমন মেয়েই যায়।

অসীম তালুকদারের কপালের রেখা ক্রমশ বিলীন হলো শাহনাজের কথায়। পর পর শান্ত গলায় বললো,“দেখছি কি করা যায়। তবে তোমার মেজো ছেলের খবর কি? শুনলাম বরিশাল গিয়েছে ইন্টারভিউ দিতে? তাও আবার সানভীরের সংস্থায়? সেই তো আত্মীয়দের সুপারিশ নিতে হচ্ছে ওকে? এ আবার কেমন যোগ্যতা?”

শাহনাজ এবার একটু বিরক্ত গলায় বলতে লাগলেন,“ঠিক তাই। এভাবেই বেহুদা পরিশ্রম দিচ্ছে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে। সেজন্যই তো অনুরোধ করি আপনাকে, বাড়িতে না জায়গা দিন অন্তত ব্যবসায় তিন ভাইয়ের ভাগ তাদের বুঝিয়ে দিন। মালিকের ছেলে হয়ে কেউ চায় এভাবে দোকানদারি করতে? সবাই কি শাওকি?”

অসীম তালুকদার ঘনঘন মাথা নাড়েন এবার।

“অসম্ভব‌ শানু! এটা আমার জীবদ্দশায় হবে না। তোমার ঐ তিন পুত্রের হাতে আমার তিল তিল করে সৎ পরিশ্রমে গড়া এই সাম্রাজ্য দিয়ে অচীরেই তাতে ধস নামাতে চাইনা। আমি জীবদ্দশায় মালিকানা দেবো না কাউকে লিখে। কখনোই না। আগে দেখি ওনারা কতটা যোগ্য!”

ডক্টরস কেয়ার মোড়ের রাস্তায় ভিড় করেছে স্কুল পড়ুয়া ছাত্ররা। লাল রঙের আরওয়ানফাইভ টা ছিটকে পরে আছে অদূরেই।‌ বাইকটির মিরর ভেঙেছে, পুরুপুরি বিধ্বস্ত অবস্থা। পাঁচ মিনিট আগে এখানে মোটামুটি ধরণের একটি দূর্ঘটনা ঘটে গিয়েছে। আরোহী ওপাশে ছিটকে পরে হাত পা ছিলে মূর্ছা যাওয়ার যোগাড়। রাস্তার শাণিত পিচ একদম বিধে গিয়েছে হাতের কনুই,পায়ের গোড়ালি ও হাঁটুতে। বেকায়দায় পরেছিল যদিও হেলমেট থাকায় মাথাটা বেঁচেছে।

আরোহীর নাম শাওকি তালুকদার। বেচারা পুরুষ মানুষ বিধায় পারছিলো না চেঁচিয়ে কাঁদতে। দাঁতে দাঁত চেপে শুধু কুকুরটার দিকে তাকিয়ে রইল যাকে বাঁচাতে গিয়ে ওর এই হাল হলো। কুকুরটা অদূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর মুখ থেকে আওয়াজ বের করছে।

আজ সকাল থেকেই শাওকির দিন ভালো যাচ্ছে না। বাংলাদেশ হারলো, তার এক্সামের রূটিন দিয়ে দিলো, তার ওপর এখন এই এক্সিডেন্ট। জীবনের ওপর আজকের দিনের মতো হতাশ শাওকি।‌ আশেপাশের দোকান থেকে পরিচিতি লোকজন যখন ছুটে এসে ধরলো ওকে। ও যন্ত্রণাটুকু গিলে নিয়ে বলল,“ভালো হয়েছে যা হয়েছে। হাসপাতালে রেখে আসেন। ভীষণ বোরিং লাগছে সবকিছু। কটা দিন ওখানে থেকে আসি। অন্তত শুয়ে শুয়ে খেলা তো দেখতে পারবো।”

মূর্ছনা ছুটতে ছুটতে নিচে নামলো হেড ম্যামের ডাকে। সিস্টার রিদির পরিবর্তে ইমার্জেন্সি ওয়ার্ডে থাকতে হবে তাকে। আজ মন্তু ভাইও নেই, মেল আর ফিমেল উভয়দলকেই সামলাতে হবে এক হাতে। বিরক্ত মূর্ছনা, তাকে ইচ্ছে করে হেনস্থা করতে মেডিসিন ওয়ার্ড থেকে সরাসরি এখানে শিফট করা হয়েছে। কিছুই করার নেই হাতে, এসব সহ্য করতে হবে আরো একটা বছর।
মূর্ছনার সাথে সুপ্তি যাচ্ছে ছুটে। ওয়ার্ড থেকে জবরুল বেড়িয়ে এসে তাড়া দেয় দু'জনকে।

_বেশ কয়েকজন আছে পেশেন্ট। ডাক্তার মেহেদী হাসান মেজাজ খিচিয়ে আছেন তোমার ওপর। এতো দেরি কেন? আর সব নার্স কই? থার্ড ইয়ার থেকে তোমাকেই ধরে আনা হয় কেন? তুমি কি একদম পণ্ডিত হয়ে গেলে?

মূর্ছনা জবরুলের কথা এড়িয়ে শান্ত তবে শক্ত গলায় বলে,“এক এক করে ধরবো। কোনো স্বজনপ্রীতি হবে না। আগে বাচ্চা, তারপর বাকিরা।”

ভেতরের কক্ষে পা রেখেই থমকায় মূর্ছনা। সবগুলো পুরুষ লোক। মহিলা কিংবা শিশু নেই। ওপাশে বসে ডক্টর মেহেদী হাসান তিরিক্ষি মেজাজে বললেন,“এই একটু ওনাদের দেখো।”

মূর্ছনা এক পলক সুপ্তির দিকে চেয়ে এগিয়ে যায় সামনে। জবরুলকে বলে,“গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন।”

_গ্লাভস? রিজার্ভে নেই তো! ওনাদের বলেন বাইরে থেকে যার যারটা নিয়ে আসতে কিনে।

শাওকি তাকিয়ে আছে। বাম হাত দিয়ে ডান হাতের কনুই চেপে বসেছিল সে। ওর দু'পাশে দুজন বন্ধু। বাড়িতে ফোন করে এ কথা জানানোর সাহস তার হয়নি। যন্ত্রণাকাতর মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলো সেদিনের সেই “ইল টেম্পারড” মেয়েটিকে। যে ট্রিটমেন্ট দিতে ব্যস্ত এক মুরব্বির পায়ে। কিছুটা ঝুঁকে, দুইহাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে নরম সুরে জানতে চাইছে,“ব্যাথা করছে চাচা? একটু সহ্য করে নিন। আমাকে ওষুধটা লাগাতে হবে তো! কাটলো কিভাবে এতো?’

কন্ঠে অকৃত্রিম মমতা মিশে আছে। সেদিনের মতো কর্কশ নয়। শাওকি নিজের হাতের যন্ত্রণা ভুলে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। মূর্ছনা এবার শাওকির দিকে ফিরে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে গেলো। ছেলেটিকে সে চিনতে পেরেছে। এই বয়সী ছেলে ঠিক কিভাবে বাইক চালায় তা মূর্ছনা জানে, চুপচাপ শ্বাস ফেলে বললো,“হাতটা এগিয়ে দিন। আর কোথায় কোথায় ছিলেছে?”

বলেই ক্ষতটা ধরতে নিলো মূর্ছনা। “আউচ” শব্দ করে হাতটা পিছিয়ে নিলো শাওকি। মূর্ছনা তবুও ধরে রেখে জবরুলের দিকে তাকিয়ে বললো,“কি হলো? গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন? ছয় নাম্বার রুমে আছে!”

জবরুল থমথমে মুখ নিয়ে চলে যেতেই সুপ্তি পাশ থেকে ফিসফিসিয়ে বললো,“ঠিক এ কারণেই তুই সবার চক্ষুশূল হয়ে যাস মূর্ছনা। জবরুল ভাই যখন বলেছেন রিজার্ভে নেই তার মানে নেই এটা বুঝিস না? এত বেশি বুঝিস কেনো?”

মৃদু শ্বাস ফেললো মূর্ছনা, মিনমিনে স্বরে বলল,“জানি না এতো কেন বেশি বুঝি আমি।”

শাওকি স্থির দৃষ্টিতে দেখেই চলেছিল মেয়েটাকে। নাম মূর্ছনা! । কিন্তু কিসের মূর্ছনা? সুরের মূর্ছনা? নাকি বেশি বুঝে তর্কের মূর্ছনা? তবে নামটা ভীষণ সুন্দর।

গ্লাভস আর ওষুধ এলে মূর্ছনা শাওকির ট্রিটমেন্ট করিয়ে দিতে দিতে আরো বার কয়েক তাকায়। ফর্সা ছেলেটার যন্ত্রণায় কাতর মুখটা ক্রমশ লাল নীল সবুজ হচ্ছে। একদম গিরগিটির মতো রং বদলাচ্ছে। হাসি চেপে রেখে মূর্ছনা নরম গলায় বলে,পায়ের গোড়ালিটা একটু উঁচু করে ধরুন। ভয় পাবেন না, আমি আস্তে ধরবো।

বলেই মূর্ছনা শাওকির পায়ের কাছে যেই না হাত বাড়াবে অমনি শাওকি আঁতকে উঠে বললো,“এই কি করছেন কি!”

_আপনার ট্রিটমেন্ট করছি!
অবাকের সুরে বলে মূর্ছনা।

শাওকি বলে,“পায়ে হাত দিচ্ছেন কেন?”

_তো আমি কিভাবে ট্রিটমেন্ট করবো?

_ঐ লোককে বলুন।

_উনি এগুলো পারেন না,আপনি ব্যাথা পাবেন।

শাওকির গাল দু'টো এবার যন্ত্রণায় নয়,লজ্জায় লাল নীল হয়। কোনো তরুণী তার পা ছুঁয়ে দেবে ট্রিটমেন্টের নামে এটা শাওকির হজম হবে কি করে! মূর্ছনা বেশ বিরক্ত হলেও চট করে তার সব বিরক্তি নাই হয়ে যায় লোকটার নত চোখ দেখে। ঠোঁটে আপনাআপনি চলে আসে অস্পষ্ট হাসি। ওর জীবনে এমন লাজুক তরুণ সচরাচর দেখে না। বরং নার্সরা সেবার নামে হাতের ওপর হাত রেখে সুঁই দিলে তারা খুশি হয়।

চুপচাপ পিছিয়ে গেল মূর্ছনা। জবরুলের দিকে তাকিয়ে ভদ্র মতন বললো,“আমি যেভাবে বলে দেবো সেভাবে ক্লিন করবেন, ওষুধ লাগাবেন, ইনজেকশন টা দিন আগে!”

শাওকি চোখ তুলে তেরছা নজরে মূর্ছনার দিকে একপলক তাকায়। মূর্ছনা তৎক্ষণাৎ চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে।

⚫

কক্ষের চারিপাশে জন বিশেকের মতো ভদ্র সভ্য দেখতে তরুণ বসে আছে। ঠিক শাদের মতো সাদা শার্ট আর ফরমাল বেশে। হাতে প্রত্যেকের একটি করে ফাইল। দু'চোখ ভরা অস্থির চাউনি আর মুখে বিরাজমান উদ্বিগ্নতা,তাদের পালা কখন আসবে!

শাদ চোখ তুলে একপলক দেখলো সকলকে। তার মাঝে তেমন কোনো অস্থিরতা, দুশ্চিন্তা কাজ করছে না। যদিও সে মনে করে চাকরিটা পেয়ে যাবে কিন্তু না পেলেও ক্ষতি নেই। আবার আরেক জায়গায় আবেদন করার মতো নির্লজ্জ ধৈর্য্য তার আছে। এই জীবনে শাদ চূড়ান্ত ধৈর্য্য নিয়ে পা রেখেছে। অন্ধকার থেকে আলোতে পা রাখার সাথে সাথে সকল ধরণের হতাশাকে পিছে ছাড়িয়ে এসেছে। হাত ঘড়িতে সময় দেখলো শাদ।‌ সকাল এগারোটা বেজে বত্রিশ মিনিট। বরগুনা থেকে রওনা দিয়েছিল ভোর সাড়ে সাতটায়। এর মাঝে নিসার সাথে কথা হয়নি। আজ তার পরিক্ষা নেই।

শাদের পালা আসতে এখনো সম্ভবত দেরি। নিসাকে কল করবে ভেবে উঠে একবার এককোণে চলে গেলো ফোন হাতে। তিনবার রিং বাজতেই নিসা কলটা রিসিভ করে নিচুগলায় বলে,“বলুন। পৌঁছেছেন?”

_হ্যা। তুমি কি করছো?

_শিম বাছছি। রান্না করবো।

কথা খুঁজে পাচ্ছে না শাদ, কিছুক্ষণ ভেবে বলল,“সিমিন তরকারি নিয়ে যাবে দুপুরে ওসব রান্না করতে হবে না। পড়া থাকলে বই হাতে নাও।”

নিসা নীরব। শাদ বলে,“ফিরতে খুব সম্ভবত রাত হবে,সিমিনকে বলেছি ততক্ষণ তোমার কাছে থাকতে। কিছু কিনতে হলে ওকে নিয়ে বেরিয়ে কিনে মাগরিবের আগেই ঘরে ঢুকো।”

_জি।

_আচ্ছা।
চট করে কল কেটে দেয় শাদ। ওপাশে তার ডাক পরেছে ইন্টারভিউ বোর্ডে। এই সংস্থার পরিচালক একজন অবসরপ্রাপ্ত এয়ার ফোর্সের উইং কমান্ডার। সানভীর তালুকদার। অসীম তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। শাদকে দেখেই কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দু'টো দিয়ে হাসলেন, ভারি স্বরে বললেন,“এসো।”

শাদ ঢুকে সালাম দিলো বিনয়ী ভঙ্গিতে। সানভীর ওকে বসতে বললে বসে হাতের ফাইলটা টেবিলে রাখলো।

“এনেছো সব?”

_জি ভাইয়া।

শাদ খানিক বাদে আমতা আমতা করে বলল,“ভাইয়া আমি চাচ্ছিলাম কর্তৃপক্ষ আমার ইন্টারভিউ নিক!”

হাসলো সানভীর,“এতো কনফিডেন্ট? টিকতে পারবে?”

_না টিকলেও নিজের তৃপ্তির জন্য।

শাদের সোজা সাপ্টা জবাব শুনে সানভীর বেশ গম্ভীর ভঙ্গিতে কাগজপত্র গুলোতে চোখ বুলিয়ে নেয়। পর পর শাদকে বলে,“স্বজনপ্রীতি আমি এমনিতেও করতাম না। তোমার যথেষ্ট যোগ্যতা আছে শাদ, তবে এই সংস্থায় চাকরির ক্ষেত্রে একটা ক্লিন ইমেজ....”

_তবে আমি আগেই বাদ।
হালকা গলায় বলে ওঠে শাদ। সানভীর হেসে ফেলে,“না এখনো তোমাকে ফলাফল জানাইনি। যাও ভেতরে আমার ম্যানেজমেন্টের সবাই রয়েছে ‌। ইন্টারভিউ দিয়ে আমার বাসায় চলো। খাবে।”

_দুঃখিত ভাইয়া পরে কখনো। বড় ভাইয়ার বাসায় যাবো আমি এখন।

_ওহহ শাহেদ? হ্যা সময় করে আমিও যাবো একদিন। মেসেঞ্জারে প্রায়শই কথা হয়। ওয়াইফ নিয়ে বেলস পার্ক ঘুরতে দেখেছি গত মাসে।

শাদের ভ্রু কুঞ্চিত হয় কথাটি শুনে। ভাবী তো গতমাসে বরিশাল আসেইনি। কথাটা গভীর করে ভাবার আগেই তাকে ফাইল সহ ম্যানেজমেন্ট বোর্ডে পাঠিয়ে দিলো সানভীর তালুকদার।

ইন্টারভিউ বেশ স্বতঃস্ফূর্তভাবে দিয়েও ভাবলেশহীন শাদ। অফিস থেকে বেরুতে বেরুতে একটা বেজেছে। শাহেদের বাসায় যাওয়ার পথেই ভেবে নিয়েছে চাকরিটা ও পাচ্ছে না। বাড়িতে গিয়ে আবার খুঁজতে হবে বিজ্ঞাপন। নিজের অপরিষ্কার অতীত নিয়ে বেসরকারি কোন সংস্থায় চাকুরী পাওয়া যেতে পারে সেটা খুজে বের করতে হবে। চাকরি তাকে খুজে পেতেই হবে। তিন দিনের বিয়েতেই ছোটো খাটো বৌটা সকালে বেকার স্বামীর প্রতি যেই রূপ টা দেখালো, অনতিবিলম্বে চাকরি না পেলে এই মেয়ে থাকবে তার সাথে?
ভাবতে ভাবতে একদফা হেসে নেয় শাদ।

শাহেদ ছোট ভাই আসবে বলে রাজ্যের বাজার করে নাফিয়াকে দিয়ে রান্না করালো। ভাইয়ের সাথে আধা ঘন্টার মতো সময় কাটাতে পেরেছে, তারপর চলে গিয়েছে কোচিংয়ে। শাদ বিকেলে বেরিয়ে পপুলারে গিয়েছিলো শাহনাজের কিছু মেডিক্যাল রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞের সাথে আলাপ করতে। প্রতিমাসেই শাহনাজ একবার করে এসে দেখিয়ে যান ডক্টর। এবার রিপোর্ট নিয়ে শাদকে পাঠালেন।
পপুলার থেকে বেরুতে বেরুতে রাত আটটা প্রায়। শাহেদের বাসায় গিয়ে শাদ নাফিয়াকে বললো,“যাবে না বরগুনা? রেডি হওনি কেন?”

লজ্জায় লাল লাল হয়ে নাফিয়া হেসে মাথা নাড়ায়। বলে,“দুদিন থেকে যাবো। তারপর আবার সামনের মাসের পনেরো তারিখ আসবো।”

শাদ কপাল কুঁচকে ভাবীকে মিনিটখানেক দেখে হঠাৎ বলে ওঠে,“তো এখানে থেকে গেলেই পারো, ভাইয়ার কাছে।”

_আর আম্মা আব্বার কাছে তোমার বৌকে পাঠাবে নাকি?

_সিমিন আছে, বাড়িতে বুয়া আছে। তোমার ওখানে থাকার তো প্রয়োজন নেই।

_আব্বা আম্মার সঙ্গ বেশি ভালো লাগে আমার। বাবা মাকে পাইনি তো কখনো, ওখানে কেমন শান্তি শান্তি লাগে। ঐ তালুকদার ম্যানশনে। যেখানে আমি জীবনের প্রথম একটি পরিবার পেয়েছি। বাবা,মা, তোমাদের মতো ভাই, সিমিনের মতো বোন আর শাহেদের মতো স্বামী। জানো আমার না জীবনে জমিয়ে সংসার করার খুব সাধ। তাইতো চাকরিও করতে মন চায়না। আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে সবসময় তো থাকিই, ফোনকলে।

বলতে বলতে বাচ্চাদের মত খিকখিক করে হেঁসে দেয় নাফিয়া। শাদ ভাবীকে মুগ্ধ চোখে মিনিট খানেক দেখে সহজ গলায় বললো,“আমার বৌকেও তোমার মতো একটু মিশুক বানিয়ো তো ভাবী।”

_কেন ও অমিশুক নাকি?

_বলতে পারিনা তবে একটু জাঁদরেল টাইপের মনে হলো। অথচ এই মেয়ের মুখ দেখে আমি একে অবলা নরম কোমল ভেবেছি! আজ সকালে সে কি শাসন ! আকার ইঙ্গিতে বললো বেকার স্বামীকে পছন্দ করবে না সে।

নাফিয়া হাসতে থাকে খিলখিলিয়ে। বলে,“ঠিক হয়েছে। এমন কাউকেই দরকার ছিল তোমার।”

শাদ হেসে ফ্ল্যাট থেকে বের হয়ে বাইকে চেপে বসে। শরীরটা আজকের মতো ক্লান্ত, জার্নি করতে মন চাচ্ছে না একদমই। তবুও বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিয়ে ছোটে বরগুনার পথে।

⚫

নিসার সাথে সিমিন ছিলো,সারা বিকেল,সারা সন্ধ্যা। নিসা পড়েছে,সিমিন গল্প লিখেছে। রাতে দু'জন ভাত খাওয়ার পরে সিমিন বললো,“ভাইয়া এখনো আসছে না,আমি বাসায় যাবো কখন!”

নিসা হাতে এঁটো থালা নিয়ে রান্নাঘরে সিঙ্কের পাশে গিয়ে দাঁড়িয়ে পরলো। চিন্তিত মুখে দেখলো বেশ কিছুক্ষণ। ও ভাবছে, সত্যিই সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি। এখন ফোন বন্ধ, কি হতে পারে লোকটার?

হাত ধুয়ে এসে নিসা বলে,“একটু বড় ভাবীর কাছে কল করবে আপু?”

_আরে করেছিলাম, ভাবী দু'দিন পরে আসবে, মেজো ভাইয়া নাকি ফ্ল্যাট থেকে বেড়িয়ে গিয়েছে বহু আগে। এখন তো এসে পরার কথা।

নিসা উদ্বিগ্ন ভঙ্গিতে বসে থাকে, হাতের বাটন সেটের দিকে তাকিয়ে। পড়ায় মন বসছে না। সিমিন ওর মুখটা দেখে সামান্য হেসে পাশে এসে বসে বললো,“আরে এতো টেনশন নিয়ো নাতো। বরগুনা থেকে বরিশাল কম দূর নাকি? এসে পরবে।”

ওর উৎকণ্ঠা আরো বাড়াতে ঠিক তখনই একটা কল এলো ফোনে। নিসা রিসিভ করতেই ওপাশ থেকে সুব্রত বললো,“নিসা তুমি ঠিক আছো?”

_জি ভাইয়া।

_আচ্ছা শোনো, একটা কথা। আমরা একটু বরগুনা সদর থানায় আছি বুঝলে, শাদ এখানে। চলে যাবে খানিক বাদে। তুমি টেনশন করো না। শাদের ফোনে চার্জ নেই তাই বন্ধ।

পায়ের তলা থেকে মাটি সরলো নিসার। কাঁপা স্বরে বললো,“মানে? থানায় মানে? থানায় কি জন্য?”

_আরে একটা প্রবলেম হয়েছে। তুমি দরজা আটকে থাকো, সিমিনকে নিয়ে।

ওপাশে শাদের গলা শোনা যাচ্ছে। কারো সাথে সমানে তর্ক চালিয়ে যাচ্ছে। স্পষ্ট কিছু শুনতে পেলো না নিসা। বুকটা কাঁপছে। হঠাৎ করেই পানির তেষ্টা পেয়েছে খুব করে। সুব্রত কলটা কেটে দিলে আর তাকে ধরা গেলো না। বহুবার কল করার পরে সুব্রতও কলটা ধরলো না। এবার নিসার কান্নাই পেয়ে বসলো। আপুর গলাটা কানে বেজে উঠল,“তুই দু'দিন অপেক্ষা কর। এই ছেলেকে ছাড়াতে যখন রাত বিরেতে থানায় যেতে হবে তখন বুঝবি জীবন ঠিক কি।”

সিমিন নিসাকে কাঁপতে দেখে এসে ধরলো ওকে, উৎকণ্ঠা নিয়ে বললো,“ও ভাবী কি হয়েছে? সুব্রত দাদার ফোন? কি বললো?”

নিসা লম্বা একটা শ্বাস ফেলে ছোটাছুটি শুরু করে দিল তখনই, ব্যাগ থেকে একসেট বাইরে পরার থ্রিপিস বের করতে করতে বলল,“তোমার ভাই থানায়। আমি যাবো!”

_মানে? থানায় মানে?

_আমি জানিনা, সুব্রত ভাইয়া বলেছে বরগুনা থানায়। আমি যাবো।

সিমিন ভীষণ রকমের অবাক। তবে এখন নিসাকে সামলানো জরুরি, ও শান্ত করতে চাইলো মেয়েটিকে।
“ভাবী আমি দেখছি। তুমি একটু শান্ত হও। নিশ্চয়ই কোনো জরুরি কাজে...”

_থানায় আবার কি জরুরী কাজ? নিশ্চয়ই ধরে নিয়েছে।

হাঁপাতে হাঁপাতে বলেই নিসা চপ্পল জোড়া পায়ে পরে নিয়ে সিমিনকে ধরে টানলো।
“চলো আমার সাথে,আমাকে থানায় নিয়ে যাবে।”

_পাগল তুমি? ভাইয়া নির্ঘাত বকবে তোমায়। ভাইয়ার রাগ সম্পর্কে আদৌও ধারণা আছে মেয়ে? ক'দিন হয়েছে চেনো ভাইয়াকে? তোমার সাথে সাথে আমিও মা'র খাবো।

নিসা‌ সিমিনকে ঠেলেঠুলে বাইরে বের করে দরজায় তালা লাগিয়ে শক্ত গলায় বলল,“আমি তোমার ভাইয়াকে না চিনলেও তোমার ভাইয়াও আমাকে চেনে না। এবার চলো, আমার জানতে হবে ঠিক কি কারণে আটক হয়েছে উনি। জানতে হবে আমার।”

গলির মাথায় একটা খালি রিক্সা পাওয়া গেলো। নিসা সিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলো সেদিকে। আর সিমিন অবাক চোখে দেখতে লাগলো পিচ্চি একটা মেয়েকে। ঠিক একটা দেবী চৌধুরাণীর মতো ধারালো রূপে।

⚫

রিকশা গিয়ে থানার সামনে থামতেই নিসা অবাক। ও ভীষণ রকমের অবাক থানার গোল ঘরের সামনে টানটান হয়ে দাঁড়িয়ে দু'জন কনস্টেবলের সাথে কথা বলতে থাকা শাদকে দেখে। পাশে দাঁড়িয়ে আছে সুব্রত আর ওমর।

নিসা দাঁড়িয়ে রইল ওখানেই চুপচাপ। থানার ভেতরকার পরিবেশটা বড্ড অসুস্থ যেন। চারিদিকে হৈ হল্লা আর লোকজন। এই পরিবেশে অগোছালো শার্টে শাদকে দেখে ভেতরটা কাঁপল নিসার। তার মানুষটার ওপর রাগ বেড়েছে নাকি কান্না পাচ্ছে নিজের অসহায়ত্বে বুঝতে পারছে না। কি করেছে মানুষটা? মারামারি?

নিসাকে দেখে হতভম্ব সুব্রত,কনুই দিয়ে গুতো মারলো শাদকে। শাদ ঘুরে তাকায়। সাদা শার্টে ধুলো লেগেছে,গলার টাইয়ের নট আলগা হয়ে আছে। নিসা আতঙ্কিত চোখে ওসব দেখেই চলেছে। এমন অবস্থা কেন? পুলিশ তবে মারধর করেছে লোকটাকে? নিসার এবারও কান্না পেলো, রাগ বারলো দ্বিগুণ। নাক টেনে দাঁড়িয়ে রইল ঠায়।

শাদ নিসাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। সুব্রত আর ওমরকে কিছু একটা বলে এগিয়ে যায় সামনে। সিমিন ভাইয়াকে দেখে নিসার পেছনে লুকাতে চায়। শাদ গিয়ে বাইকে বসে ঠান্ডা গলায় বললো,“লুকাতে হবে না। বাইকে উঠে পর। তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে যাবো।”

_আপনি থানায় এলেন কেন? আপনি থানায় কেন?
সিমিনের সম্মুখে দাঁড়ানো রমনীর ঝাঁঝালো স্বরটা কানে যেতেই শাদ হেলমেট পরতে গিয়ে থামলো। শান্ত চোখ দু'টো তুলে রমণীর ঘর্মাক্ত মুখটা দেখে থমকে গেলো। আশপাশটা দেখে নিয়ে বললো,“বাইকে ওঠো আগে।”

নিসাও আশেপাশে তাকাল। বুঝলো এখানে সিনক্রিয়েট করা যাবে না। নিজেকে সামলাল অতিদ্রুত। চুপচাপ উঠে পরলো বাইকে।

সিমিনকে তালুকদার ম্যানশনের সামনে নামিয়ে দিয়ে গোটা রাস্তায় দু'জন নিরব। বাড়িতে ঢুকে শাদ কেবল মাত্র টাইয়ের নটে হাত দিয়েছিলো খুলবে বলে, দেখতে পেলো নিসার মুখচোখ ভারি কঠিন। সে গিয়ে দুমদাম করে জানালা গুলোর খিল আটছে। ওর মুখভঙ্গি বলে দিচ্ছে মেজাজ তুঙ্গে।

অবাক শাদ, এই মেয়ে এমন করছে কেন? পর পর থানার ব্যাপারটা মাথায় আসতেই “ওহ শীট” বলে এগিয়ে যায় নিসার সম্মুখে। ব্যগ্র কন্ঠে বলে,“নিসামনি? কি হয়েছে?”

নিসা রাগে কাঁপছে ভেতরে ভেতরে। হঠাৎ করে তার কি হয়েছে সে জানে না, চিবিয়ে চিবিয়ে বললো,“এরপর আবার কবে যাবেন? সপ্তাহে কবার যাবেন থানায়? সিমিন আপুকে তবে এ বাড়িতেই রাখুন। আপনার তো শিডিউল ফিক্স করতে হবে।”

হতভম্ব শাদ মেয়েটির রাগ দেখে। আচমকা একটা ফাঁকা ঢোক গিলেও চমকায়। চমকায় এটা টের পেয়ে,সে তার এতো পিচ্চি বৌকে হঠাৎ করে খুব ভয় পাচ্ছে!

গলা খাঁকারি দিয়ে সাহস যোগায় শাদ। নিসা কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ায়। ঠিক তখুনি হাতে টান খায়,শাদ ওকে ঘুরিয়ে নিয়ে নরম গলায় বলে,“আমাকে এক্সপ্লেইন করতে দিবা?”

নিসা সরে আসে পেছনে, চুপচাপ মেঝেতে পাটি বিছিয়ে খাবার বাড়তে থাকে। একবার অস্ফুটে বললো,“খেতে বসুন।”

বলেই ঝনঝন শব্দ তুলে ভাত তরকারির বাটি রাখে মেঝেতে। ক্রমশ কঠিন হচ্ছে শাদের মুখটা। এই মেয়ের দুঃসাহস দেখে। হুট করে শক্ত হাতে নিসার হাত টেনে ওপরে তুলে শক্ত করে ধরেই দুই চোখে চোখ রেখে বলে,“আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি তো! দিবা না?”

ওসব কথার ধার ধারছে না নিসা। আপাতত মেজাজ তুঙ্গে তাই দাঁতে দাঁত চেপে নিজেকে ছাড়াতে চায়। শাদ ছাড়ে না, এক হাতেই মেয়েটির পেলব হাত দু'টো ধরে রেখেছে, দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে, এই মেয়ের জোর দেখবে সে।

নিসার আবার কান্না পায়। কি জানি কোন অকাজ করে থানা মাড়িয়ে এসেছে আবার! সবাই শুনলে হাসাহাসির হিড়িক পরে যাবে। এ কথা ভাবতেই কান্না পায় ওর। এবার সে একটু শক্তি খাটিয়ে ঘুরে দাঁড়ায়, মুখ ফেরায়।

শাদের মেজাজ আর পায় কে। তুঙ্গে উঠতেই হ্যাঁচকা টানে মেয়েটার পিঠ ঠেকায় নিজের বুকে,হাত দু'টো তখনো ছাড়েনি, নিসার ব্যাথা লাগছে বুঝতে পেরেও ছাড়েনি। ওভাবে দাঁড়িয়েই শান্ত তবে শক্ত গলায় বললো,“সেদিন আরো একটা তথ্য দিইনি। আমি এধরণের অতিরঞ্জিত আচরণও প্রয়োজনের বেশি টলারেট করবো না নিসামনি। একটু সীমা টানো হ্যা?!”

নিসা একটু ভয় পেলেও এসব কথাও শুনলো না,ছাড়াতে চাইলো নিজেকে,শুধু বললো,“কিছু শুনতে চাইনা আমি। খেয়ে নিন আপনি। আমি পড়তে...”

কথাটা শেষ করার আগেই শাদ ধমকে উঠলো,“আবার কথা বলে! বলেছিনা এক্সপ্লেইন করতে দাও? বলেছিনা?”

_কি এক্সপ্লেইন করবেন? বলবেন সবাই একবারে ভালো হতে পারে না। ধীরে ধীরে হয়। আচ্ছা বুঝলাম।

গলা কাঁপছে নিসার। কিন্তু শুরু করে দেয় শাদের সাথে ধস্তাধস্তি। এবার একটু বেশিই জোর খাটালো। হাত দু'টো ছাড়াতে নিলে শাদ যখন আরো চেপে ধরলো হাত দু'টো। নিসা না পেরে কামড়ে দিলো শাদের হাত ওর দুঃস্বপ্নের বাইরে গিয়ে। শাদ আশা করেনি ওটা, হতভম্ব হয়েই মেয়েটিকে আবার ধরলো খপ করে। টাল সামলাতে না পেরে পরে গেলো নরম তোশকে দু'জন।

অভিমানী নাজুক শরীরটার ওপর শক্ত পাথুরে ওজনদার লোকটা পরায় আঁতকে উঠলো নিসা। পর পর চোখ মুখ খিচিয়ে নিলো। শাদ শ্বাস ফেলছে আর চুপচাপ দেখছে ওকে। সময় গড়ায় । শাদের কপালের ভাজ ক্রমশ বিলীন হয়। হুট করেই চলে যায় অদ্ভুত এক স্বপ্নীল ভুবনে। চোখ মুখ খিচিয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকা রমণীর চূড়ান্ত সৌন্দর্য ছিটকে পরছে কক্ষময়। বিঁধছে শাদের চোখে। শাদ হঠাৎ ওর কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বললো,“আরো একটা তথ্য তোমাকে দিইনি নিসামনি। আমি অতটাও ভালো হয়ে যাইনি। আমি ইট মারলে পাটকেল ফিরিয়ে দেয়া পুরুষ জানো?”

নিসা চোখ খুললো তৎক্ষণাৎ, কিন্তু আবারও চোখদুটো খিচিয়ে নিলো যখন দুঃসাহসী আর প্রতিশোধ পরায়ণ লোকটা ওর গলা থেকে ওড়না টেনে ছুঁড়ে মারলো দূরে। নিসা চমকায়, ছটফটিয়ে উঠবে যখন তখন শাদ ওর দুইহাতের কব্জি ধরে আটকে রাখলো তোশকেই। পর পর হুট করেই মুখটা এগিয়ে নিলো ফর্সা গলার কাছে। কাঁপতে থাকা রমণীর গলাতে আলতো করে একটা কামড় বসিয়েই আবার মুখ তুলে তাকাল নিসার মুখে।

সময় গড়াতেই নিসা যখন হতবাক দৃষ্টিতে তাকালো,শাদ দেখলো ডাগর ডাগর চোখ দু'টোর কার্নিশে চিকচিক করছে অস্পষ্ট পানি।

থিতিয়ে গেলো শাদ। আর ওভাবেই তাকিয়ে রইল। পাশের বাড়িতে বাড়িওয়ালার মেয়েটা আবার গান ছেড়ে দিয়েছে।

“আর এভাবেই নরম বালিশে,
তোমার ঐ চোখের নালিশে,
জেগে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।”

চলমান......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন