ফন্ট সাইজ:
থিম:
মেসার্স তালুকদার এ্যান্ড সন্স

পর্ব 8

লেখক: ইসরাত ইতি

#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৮
#ইসরাত_আরা_ইতি

জানালা থেকে আসা চাঁদের আলোতে নিসার চোখের কোণে জড়ো হওয়া তরুণী অভিমানের উষ্ণ তরল দ্বিগুণ চিকচিক করছে। নিসার গোল চোখ দুটি আরো গোল হয়ে চেয়ে আছে খুব নিকটে,ওর দিকে ঝুঁকে থাকা পুরুষটার গাঢ় বাদামী চোখে। যেন নিসা সম্মোহিত এখন,লোকটার দৃষ্টিতে।

বাইরে গানের আওয়াজ জোরালো হয়।

“আর এভাবেই নরম চাদরে,
পরিচিত হাতের আদরে,
জেগে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।”

নিসা হাঁসফাঁস করে উঠতে চাইলো আচানক,হাত দু'টো ছাড়াতে চাইলো। কিন্তু বুঝলো শাদের ইচ্ছে নেই আর ওকে ছাড়ার। শাদ রমণীর ছটফটানি খুব বুঝলো, কব্জি চেপে ধরে রেখেই ঘন স্বরে বলতে লাগলো,“আরো একটা তথ্য তোমাকে দিইনি নিসামনি।”

_কি?
নিসার গলা চিড়ে শব্দ বেরুলো,দম তো আটকে রেখেছে লোকটাই।

শ্বাদ সহজ ভঙ্গিতে বলে যেতে লাগল,“এভাবে যদি আমাকে কোনো কিছু এক্সপ্লেইন করার কোনো সুযোগ না দিয়েই সরাসরি দোষী ভেবে নিয়ে এতো বাড়াবাড়ি করা হয় না? তবে আমিও বাড়াবাড়ি করবো তোমাকে সীমার মধ্যে আনতে! বাট ইউ নো! এক্সেস এভরিথিং ইজ ব্যাড! বাস্তবিক ভাবে বুঝাবো? প্র্যাকটিক্যালি?”

নিসা বলে না কিছু, ওর যে শ্বাস আটকে আসছে তাও বলে না। শাদ ওর নিমেষহীন চোখ থেকে এবার সরিয়ে নেয় দৃষ্টি। এবার তাকায় নিসার গলার কাছটায়,একটা চিকন সোনার চেইন, দু'টো লাল তিল। তার কিছুটা নিচেই অপার্থিব সৌন্দর্যের ঝলকানি। রমণীর গোপন সৌন্দর্যের ছলনায় শাদ খেই হারায়। খুব শান্ত ভঙ্গিতেই চুমু খায় ডজনখানেক, গলায়, আরেকটু নিচে। খসখসে চোয়ালের পেষনে নরম ত্বক কাবু হয়। অদ্ভুত আতঙ্ক মিশ্রিত শিহরণে জমছে নিসা। হাতের মুঠি ছেড়ে দিয়ে পরে আছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে।
শাদ কিছুক্ষণ পর মুখ তুলে বলে,“এবার তোমাকে ক্লিয়ার করি, এইযে আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে অবুঝের মতো বাড়াবাড়ি একটা রিয়াকশন দিলে, কামড়াকামড়ি করে একশেষ করে দিলে, আমার মেজাজ হারাতে হলো। এই যে আমি মেজাজ হারিয়ে বাড়াবাড়ি ধরণের প্রতিশোধও নিলাম। দুটোই কি ভালো? না তো। সেজন্যই বলেছি এক্সেস এভরিথিং ইজ ব্যাড, যেকোনো পরিস্থিতিতে আগে আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এক্সপ্লানেশনের, তারপর এই হাত পা ছোড়াছুড়ি,বাসন কোসন ভাঙা ভাঙি করো, নিসামনি।”

নিসা বুজিয়ে নেয় চোখ তৎক্ষণাৎ, গুটিয়ে যায় সকল অস্থিরতা, নাসারন্ধ্র আচ্ছাদিত হয়ে আসছে খুব অদ্ভুত একটা ঘ্রাণে। সিগারেটের সাথে দামী কোনো পারফিউম মিশে এই ঘ্রাণটা তৈরি হয়েছে। নিসা এই দুনিয়ায় আছে নাকি নেই সেটাই বুঝতে চেষ্টা করছে। লোকটা কি তাকে মেরে দিল কামড়ে? ওর আত্মা কি শরীর ছেড়ে দিয়েছে? তাহলে তার এতো অদ্ভুত লাগছে কেন সব? এই পেট শিরশির করা অনুভূতি ওর জীবনে এই প্রথম, এই অনুভূতি ওর ধারণা মতে জাগতিক নয়। ও হয়তো মরেই গিয়েছে কামড় খেয়ে। ভাবছে নিসা।

শাদ কথা থামিয়ে চেয়ে রয়, ঘুরে ফিরে বেহায়া চোখ দু'টো বারবার আটকে যাচ্ছে শ্বেতপদ্মের রংয়ের অনুরূপ দেহসৌষ্টবে। স্বপ্নালু দৃষ্টি সেথায় স্থির রেখে ভারি স্বরটা বলে,“আর একটা বাস্তব, সত্যি কথা শুনবা নিসামনি?”

নিসার খুব ইচ্ছে করলো বলতে,“আমার ওপর থেকে সরেন আগে।” কিন্তু ওর কন্ঠে তো শব্দ নেই, শুধু বললো,“কি?”

শাদ অদ্ভুত ভঙ্গিতে হাসলো অস্পষ্ট,মুখটা আবার খানিকটা নামিয়ে নিসার কানের কাছে ধীরস্থির বলে,“তুমি অনেকটাই বড়! খুব একটা ছোটো নও।”

নিসা কিছু বুঝলো না,জানতে চাইবে কেন একথা? তার আগেই গানটা আবার বেজে উঠল,“আর আমি আমি জানি জানি,
চোরা বালি কতখানি,
গিলেছে আমাদের রোজ।”

পুব পাশের খোলা জানালা দিয়ে বাড়িওয়ালার ছোটো মেয়ের পোষা বিড়ালটা ঢুকলো তখন। এ কদিনেই নিসার খুব ন্যাওটা হয়েছে ওটা। আওয়াজ হতেই মনযোগ ভাঙে শাদের। এবার গলা খাঁকারি দিয়ে শান্ত গলায় বলে,“গৌরিচন্না পর্যন্ত যখন এসেছি তখন খুব বাজে একটা ঘটনা ঘটেছে। আমার বাইকের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় আরেকজন বাইক আরোহী জায়গায় গুরুতর আহত হয়। এতে প্রাইভেট কারের মালিকের কোনো দোষ ছিলো না। আমার একসময়ের ক্লাসমেট সে। প্রত্যক্ষদর্শী ছিলাম বিধায় থানায় আসতে হয়েছে তার সাথে,নয়তো বেচারা খুব ফাসতো। সুব্রতকে কল করার পরপরই ফোনটা অফ হয়,তাই তোমাকে পাইনি,জানাতে পারিনি।”
নিসা সবটা শুনতেই মুখ থেকে রক্ত সরে গেল ওর। গ্লানিতে ছেয়ে গেল মন। শাদ উঠে বসে চুপচাপ। নিসাও উঠে হাত বাড়িয়ে মেঝেতে পরে থাকা ওড়না টেনে তুলে চলে যায় ওয়াশ রুমে।

গলায় লাল লাল আভা, এক স্থানে দাঁতের চিহ্ন। নিসা আয়নার সামনে দাঁড়িয়ে নির্নিমেষ ওসব দেখে। পর পর দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেন সব দিক হারিয়েছে। সে আসলে জগতের উর্ধ্বে চলে গিয়েছে। ঠিক তখন দরজায় টোকা মারে শাদ,“নিসামনি?”

মৃদু কাঁপে নিসা, বুকে হাত চেপে রেখে বলে,“হু?”

_আমি গোসল করবো!

নিসা নড়েচড়ে উঠে মিনমিনে স্বরে বলল,“তো আমি কি করবো? আমাকে কেন বলছেন?”

_ওয়াশরুম থেকে বের হবা না?

নিসা লজ্জায় পরে যায়, দরজা খুলে পালাই পালাই করে ছুটে যায় বারান্দায়। শাদ ওকে দেখতে দেখতে টাই খুলে ফেলে মেঝের দিকে তাকিয়ে হাসে।

নিসা ঘুরে এসে নিজেকে সামলে নিয়ে মেঝেতে খাবার বেড়ে অপেক্ষা করে শাদের। শাদ সারাদিনের ক্লান্তি সাবান জলে ধুয়ে একটা ট্রাউজার পরে তোয়ালেতে মাথা মুছে নিতে নিতে আড়চোখে দেখে নিসাকে‌‌। সহজ গলায় বলে,“রাতে বেশি ভাত খাইনা নিসামনি স্রেফ দু চামচ।”

নিসা চোখ তুলে আবার চমকায়। স্নিগ্ধ এক সৌম্য পুরুষ তার সামনে সর্বোচ্চ কমনীয় রূপে দাঁড়িয়ে। নিসার মস্তিষ্কে এ বার্তা খুব দ্রুত পৌঁছায়। পর পর চোখ নামিয়ে উঠে পাশে সরে বসে। ভাত খেতে খেতে শাদ ইন্টারভিউয়ের কথা, বরিশালে নাফিয়া শাহেদের বাসায় যাওয়ার কথা, শাওকির এক্সিডেন্টের কথা বলে যাচ্ছে সহজ গলায়।‌ যেন দু'জন পুরোদস্তুর সংসারী মানুষ, যাদের জীবনে প্রেম সোহাগের কমতি নেই,এখন আরাম করে সাংসারিক আলাপ পারছে।

কিন্তু নিসা ওসব কিছু ঠিক শুনেও শুনছিলো না, ঢোক গিলতে গিলতে দেখছিলো মানুষটার চওড়া বুক, কাটা দাগ রয়েছে বেশ কয়েক জায়গায়। শার্ট তখনো পরেনি শাদ। তোয়ালেটা গলায় ঝুলিয়ে রাখা। ভেজা চুল বেয়ে টুপ টুপ পানি গড়িয়ে পরছে কপালে। খিদের তাড়াহুড়োতে শাদ মাথাটাও মোছেনি ঠিকভাবে। এবার নিসা নিজের কাণ্ডে নিজেই অবাক। সে এতো বিশ্রী আচরণ করছে কেন? সে তো তবে রুম্পাদের থেকেও খারাপ! কিন্তু নিসা উশখুশ করছে, সে ঐ কাটা দাগ গুলো ছুয়ে দেখবে। হাত নিশপিশ করছে তার।

খেয়ে দেয়ে অভ্যাস মতো শাদ সিগারেট ধরিয়ে বারান্দায় চলে যায়। বলে যায়,“আমি এতো তাড়াতাড়ি ঘুমাবো না। তুমি বাতি জ্বেলে পড়ো।”

নিসা ঘোরের রাজ্য থেকে ঝটপট বেড়িয়ে প্লেট বাটি পরিষ্কার করে যেই না জিরোতে বসবে অমনি একটা অসুবিধা হলো। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকেই পিঠ এলিয়ে দিলো দেয়ালে। ওর একটা সাংঘাতিক অসুবিধা আছে, যার নাম অ্যাজমা। নিয়মিত ইনহেলার নিতে হয়। খুব বেশি সময় থাকে না। হুট করে চলে এসে ইনহেলার পেয়ে চলে যায়,তবে স্বল্পসময়েই বারোটা বাজিয়ে দেয় নিসার। আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ও, বুকে হাত চেপে খুঁজতে লাগল জল। পাশেই কাঁচের বোতলটা,তুলতে অবশ্য পারলো না, আওয়াজ তুলে পরে গেল হাত থেকে কারণ নিসার হাত কাঁপছে। বুকটা ধড়ফড় করছে সবেগে।

শাদ শব্দ পেয়ে বারান্দা থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখেই থমকায়, ত্রস্ত কদমে এসে উদ্বিগ্ন স্বরে বলে,“নিসামনি? কি হয়েছে?”

নিসা শ্বাস নেবে কি, সিগারেটের গন্ধে মূর্ছা যাচ্ছে এখন। পেট মুচড়িয়ে উঠছে। কোনোমতে বললো,“ইনহেলার। আমার ব্যাগে।”

তাজ্জব শাদ। মিনিট খানেক হতবিহ্বল দৃষ্টিতে মেয়েটিকে দেখেই গেলো। শাদের নখদর্পণে থাকে মেয়েটির সবকিছু অথচ এটা শাদ জানতো না। তৎক্ষণাৎ শাদ শ্বাস ফেলে, শুরুতেই হাতের সিগারেটের দিকে তাকিয়ে ছুটে চলে যায় বারান্দায়, পাঁচ সেকেন্ড সময় নিয়ে সেটা বাইরে ফেলে এসে নিসার ব্যাগ হাতরে একটা আকাশী রঙের ইনহেলার নিয়ে এসে নিসাকে দেয়।

দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিল নিসা,হাত বাড়িয়ে ইনহেলারটা নিতেই শাদ শান্ত গলায় বললো,“কবে থেকে? খুব ছোটো থেকে? ডাক্তারের কাগজপত্র আছে?”

নিসা জবাব দিতে পারছে না, বস্তুটার ভেতর থেকে ওর নিঃশ্বাসের উপাদান টানছে মুখে,পাগলের মতো। থরথরিয়ে উঠছে নরম শরীর। শাদ এইবার এক কাজ করলো, বিধ্বস্ত মেয়েটিকে এমন ভাবে আগলে নিলো যেমন করে ছোটো লতানো চারাগাছকে সাপোর্ট দিয়ে রাখে শক্ত বাঁশকাঠি। নিসা হাঁপাতে হাঁপাতে এলিয়ে পরলো শাদের উন্মুক্ত বুকে, মিনিট খানেক মাথা ঠেকিয়ে রেখে ক্রমশ ধাতস্থ হতেই ঝাপসা চোখ দু'টো তুলে শাদের চোখে তাকাতেই দেখলো শাদের দৃষ্টিতে নিদারুণ উদ্বিগ্নতা, সবটা নিসার জন্য, সবটুকুই নিসার জন্য। নিসার হঠাৎ মনে হলো এই লোকটা সত্যি তার চমৎকার একটা স্বামী হবে। অত্যন্ত চমৎকার একটা স্বামী। এরপর থেকে পুরো পৃথিবীর মানুষ এসে ওর সামনে ঢাক পিটিয়ে,নেচেকুদেও যদি বলে তোর স্বামী রেড ফ্ল্যাগ, মানবে না নিসা। একদমই না।

এবার বেশ বুক ভরে শ্বাস নেয় নিসা। গুটিসুটি মেরে শাদের বুকেই লেপ্টে থেকে কাতর স্বরে বলে,“আ-আপনি ঠিক ধরেছেন। আমি অতটা ছোটো নই যতটা আপনি ভাবছেন।”

⚫

বেলস পার্কের পশ্চিমের রাস্তা ধরে হাতে হাত রেখে হাঁটছে নাফিয়া-শাহেদ ! শাহেদ কোচিং থেকে ফেরার পরে নাফিয়া ঠেলে ঠুলে বের হয়েছে এখানকার তন্দুরি চা খাবে বলে। রাত সাড়ে বারোটার সময়টাতেও পার্কে খুব ভিড়। নানা বয়সের মানুষ। নাফিয়া খুশি খুশি চোখে আশপাশ দেখতে দেখতে হাঁটছে। আর বকবক করছে জমানো সব কথা, যেগুলো ফোন কলে বলে না। বাড়ির কবুতরগুলোর কথাও বলে দিচ্ছে স্বামীকে। শাহেদ আড়চোখে ওকে খানিকসময় দেখে হঠাৎ বলে,“এবার কি খাবে? ওখানে বেশ ভালো কোল্ড কফি পাওয়া যায়। নিয়ে আসবো?”

হেসে মাথা নাড়ায় নাফিয়া। অদূরে খেলা করছে বারো থেকে তেরো জন ফুটফুটে বাচ্চা। বাবা মায়ের সাথে হাঁটতে নেমেছে তারাও এতো রাতে। নাফিয়া সেদিকে চকচকে দৃষ্টি স্থির রেখে শাহেদকে বলে,“তুমি গিয়ে নিয়ে আসো বরং, আমি এই আদরগুলোকে দেখি।”

শাহেদ নাফিয়াকে রেখে জুস কর্ণারে গিয়েই একটা ধাক্কার মত খায়। ফাতিমা শাহেদকে দেখে ওর কলিগদের এক্সকিউজ মি বলে চেয়ার ছেড়ে উঠে আসে। শাহেদ হতবাক হয়ে বলে,“তুমি এখানে কেন এতো রাতে?”

_রুবা আর তাবাসসুম আপাকে নিয়ে নাইট ওয়াকে বেরিয়েছি, কনসার্ট দেখার প্ল্যান ছিল। তুমি এখানে কেন? আর নাফিয়া কখন যাবে বরগুনা?

প্রশ্নটি করতে করতে শাহেদের অভিব্যক্তি লক্ষ্য করছে ফাতিমা। অদূরে সোডিয়াম আলোর নিচে বাচ্চাদের সাথে খেলতে থাকা নাফিয়ার দিকে তাকিয়ে আছে শাহেদ। মুখ জুড়ে আতঙ্ক খেলা করছে। ফিচেল হাসলো ফাতিমা, বললো,“এভাবে ঘামছো কেন? আমরা কলিগ বলে দিয়ো! আর এতো ভয় পেলে পরে সত্যিটা বলবে কি করে ওকে?”

শাহেদ ফাতিমার কথায় কোনো জবাব না দিয়ে কোল্ড কফি নিয়ে বিল মিটিয়ে বলে,“আমাকে না বলে বের হয়ে ঠিক করোনি এত রাতে! শিগগির বাড়িতে ফিরবে তুমি।”

বলেই শাহেদ গিয়ে দাঁড়ায় নাফিয়ার পেছনে। বাচ্চাদের সাথে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে রীতিমতো। শাড়ির আঁচল কোমরে গুজে লুকোচুরি খেলছে। বাচ্চাগুলোর গার্ডিয়ানরাও বেশ উপভোগ করছে নাফিয়ার সঙ্গ।

শাহেদ ওখানেই দাঁড়িয়ে থাকে। কোল্ড কফি খেতে আর ডাকে না নাফিয়াকে। নাফিয়ার খিলখিল বাচ্চা সুলভ হাসি ওর মাথা ধরিয়ে দিয়েছে, বুকের ভেতরে দামামা পেটাচ্ছে আবার। ও চুপচাপ কোল্ডকফির ক্যান ডাস্টবিনে ফেলে নাফিয়াকে ডাকে,“নাফিয়া বাড়িতে যাবো,মাথা ধরেছে। চলো।”

পুরো রাস্তায় চিন্তিত দৃষ্টিতে নাফিয়া শাহেদকে দেখেছে। এর আবার কি হলো? প্রফেসর শাহেদ তালুকদারের আজকাল ক্ষণে ক্ষণে মুড সুয়িং হয়। ফ্ল্যাটে ঢুকে শাহেদকে ঝাপটে ধরলো নাফিয়া। ওর মুড ঠিক করতে বেলস পার্কের ঐ বাচ্চাগুলোর গল্প করতে শুরু করলো। শাহেদের কোলে চেপে বসে দুই হাতে ওর দুই গাল চেপে নিজের দিকে ফিরিয়ে বলে,“তারপর শোনো কি হয়েছে.....”

_আচ্ছা পরে শুনবো। এখন ঘুমাই নাফিয়া?

ক্লান্ত ছিল শাহেদের গলা। নাফিয়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। পর পর দুষ্টুমি ভরা হাসি দিয়ে বললো,“কি ব্যাপার? তোমার এক্সের জন্য মন কেঁদে উঠলো নাকি?”

শাহেদ অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিয়া পেট চেপে কিছুক্ষণ হেসে পর পর দুঃসাহসীর মতো শাহেদের দুই গালে,ওর ঠোঁটে,ওর কপালে চুমু খেয়ে বলে,“মজা করেছি প্লিজ মাইন্ড করো না। আচ্ছা শোনো, সিরিয়াসলি বলছি, আমাদের দাম্পত্যটা কেমন বোবা আর পানসে হয়ে যাচ্ছে। এর কারণ একটা বেবি নেই। আমি কাল ডাক্তারের কাছে যাবো আমার চেকআপ করাতে, বুঝলে?”

শাহেদ চুপচাপ। নাফিয়া আদুরে হাতে ওর শার্টের বোতাম খুলে লোমশ বুকে ঠোঁট রেখে আদুরে স্বরে বলে,“তবে হ্যা,বলে দিচ্ছি আগে থেকেই, বাচ্চা এলে একদম যেন আমার প্রতি উদাসীন হতে না দেখি। ওদের ভালোবাসবে তবে আমার থেকে কম। এ জীবনে কম ভুগিনি আমি,বিয়ের পর তোমার এক্স ফেক্সের চক্করে আমি দিনরাত কেঁদেছি। জায়নামাজে বসে শুধু কেঁদেই গিয়েছি,বলেছি,“আল্লাহ আমার স্বামী যেন শুধু আমাকেই ভালোবাসে, তার মন যেন ঐ পরনারীর থেকে সরে আসে একেবারে।”
আমি আমার ভাগের ভালোবাসা,স্নেহ, অ্যাটেনশন কারো ভাগে চলে গেলে একদম সহ্য করবো না আর। খুন করে দেবো হুম! বলে দিলাম প্রফেসর!”

⚫

সাড়ে বারোটা নাগাদ অসীম তালুকদারের বকবকানি থামে। পা ভেঙে বাড়িতে ফেরা শাওকি কিছুতেই বাবাকে বিশ্বাস করাতে পারেনি তার বাইকের সামনে কুকুর পরেছিল। অসীম তালুকদার মেনেছেন তার ছেলে মেজো ভাইয়ের মতো বখাটে স্পিডে বাইক চালাতে গিয়ে এই অঘটন ঘটিয়েছে। কথা শোনাতে ছাড়েননি,তার ওপর তিন ঘণ্টা শাওকির কানের পোকা বের করে শেষটায় বলেছে,“যাও গিয়ে পরতে বসো। ছাল উঠেছে, পুরুষ মানুষের ওতে কিছু হয়না। বই তো আর হাত পা দিয়ে পড়বে না। পড়বে চোখ আর মাথা দিয়ে। সেটা ঠিক আছে না?”

শাহনাজ এসে স্বামীকে টেনে নিয়েছেন কক্ষে। শাওকি বই হাতে থমথমে মুখে ড্রয়িং রুমেই বসে আছে। এইমাত্র একটা ব্যাথা নাশক ক্যাপসুল গিলেছে তাই স্থির আছে।‌ সিমিন লটকানো মুখে ছোটো ভাইয়াকে বকা খেতে দেখেছে। মামাকে সেও খুব ভয় পায়। ছোটো ভাইয়া আজ কিছু করেনি তাতেই এতো কথা শোনালো,এখন যদি জানতে পারে মেজো ভাইয়া আজ কোনো কারণে থানায় ছিলো তবেই সেরেছে! ঝামেলা চায়না সিমিন,তাই ওসব কথা মামার থেকে চেপে গিয়েছে।

ফোন হাতে সিমিন এবার শাওকির সম্মুখে এসে বসে, ওকে সহজ করতে বলে ওঠে,“ভাইয়া! দুই পর্ব আপলোড দিয়েছি গল্পের। এরপর আর আগাতে পারছি না। কি লিখবো?’

কপাল কুঁচকে নেয় শাওকি, বিরক্ত গলায় বলে,“তুই রাইটার। সব যদি আমি বলে দিই তাহলে সেটা কেমন হলো?”

_তুমি তো শুধু আইডিয়া দেবে। লেখনী তো আমার। প্লিজ বলো কি লিখবো? নায়ক নায়িকার এর পরের দেখা কোথায় হয়?

শাওকি চুপ হয়ে যায়, খানিক বাদে বলে,“তুই শিয়র এই নার্সিং পড়ুয়া কালো মেয়েটিকেই গল্পের নায়কের নায়িকা বানাবি? পাঠকরা আগ্রহ পাচ্ছে?”

_আরে পাচ্ছে কি! সবাই তো শুধু পড়তেই চাইছে। শুধু আবদার করছে,“আপু নায়ক যেন একটু সাহসী আর মারদাঙ্গা হয়।” সবাই এমন নায়ক পছন্দ করে কি না! আচ্ছা সে না হয় নায়কের ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখাবো,ভীতু থেকে সাহসী বানাবো। তুমি ওদের দ্বিতীয় পরিচয়ের আইডিয়া দাও।

শাওকি ভীষণ আগ্রহবোধ করছে বোনের লেখালেখিতে। নড়েচড়ে বসে আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে, শ্বাস টেনে চোখ বোজে এবার। মনে করে নেয় সকালে,সেই হসপিটালের ঘটনা। নরম হাতে পেশেন্টদের ট্রিটমেন্ট করছে একটা কৃষ্ণবর্ণের রূপবতী, বিষন্ন মেয়ে। শাওকির হাত টেনে ড্রেসিং করিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ বুঝিয়ে দিচ্ছে। কন্ঠে অকৃত্রিম দরদ।”

সিমিনকে ওসব বলতেই সিমিন খুশি হয়ে বলে,“চমৎকার! এরপর লিখবো একদিন রাস্তায় নার্স মেয়েটাই মাথা ঘুরে পরে যায়। নায়ক তাকে কোলে তুলে রিক্সায় উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। ভীষণ রোমান্টিক হতে চলেছে গল্পটা। আচ্ছা নায়িকার নাম নিশি বাদ দিয়ে মূর্ছনা দেবো?”

_পাগল তুই?

_আচ্ছা দেবো না। তবে আমি নায়কের নাম দিয়েছি কিন্তু শুভ্র। পাঠকরা প্রথম পর্বেই শাওকি নামটা পছন্দ করেনি। পরে ভেবে দেখলাম,শুভ্র নামটা খুব যায় এই চরিত্রের ছেলেদের সাথে। হুমায়ূন আহমেদের শুভ্রর মতো।

শাওকি মুখ কালো করে বলে,“নামটাও বাদ দিয়েছিস আমার?”

_হুম। পাঠক নিচ্ছে না তো।

_আচ্ছা পাঠক যদি আমার ভীতু ভীতু চরিত্র না পছন্দ করে তবে এন্ডে আবার আমাকেই টপকে দিস না। মেরে দিস না শুভ্রকে।

_না না,তা দেবো না। আমি যাই লিখি গিয়ে,রাত একটার মধ্যে নেক্সট পর্ব আপলোড দিতে হবে। বাই।

সিমিন চলে যায়। ও ঘর থেকে তখন আবার খেকিয়ে ওঠেন অসীম তালুকদার,“বলছি সিমিনের কাছ থেকে কি তুমি পড়া বুঝে নিচ্ছো? এতো কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর?”

⚫

মূর্ছনা বই হাতে উপুড় হয়ে ছিলো তখন। দুই কাপ কড়া লিকার খেয়ে শরীরকে বুঝিয়ে নিয়েছে আজ সারা রাত জাগবে। প্রচুর পড়া জমে আছে। বড় ম্যাডামকে ঠান্ডা রাখতে তাকে বাড়তি তেল মালিশ দিতে গিয়ে পড়া হয়ে ওঠে না ঠিকঠাক।

এমন সময় সুপ্তি এলো। ওর অভ্যেস মতো দরজা প্রায় ভেঙে ভেতরে ঢুকলো, হাঁপাতে হাঁপাতে বললো,“মূর্ছনা। মূর্ছনা। কাহিনী ঘটে গিয়েছে ভাই!”

উঠে বসে মূর্ছনা। চোখ থেকে রিডিং চশমা খুলে অবাক গলায় বলল,“রাত দুটোর সময় কি কাহিনী ঘটলো আবার?”

সুপ্তি ওর পাশে বসে ফোনটা উঁচু করে ধরে রেখে ব্যতিব্যস্ত গলায় বলে,“ঘটেছে এই ফোনে।”

_ফোনে?

_হু। বলেছিলাম না লেখিকা সাহারা সুলতানা একটা নতুন গল্প শুরু করেছেন?

_হু।

_তো ঐ গল্পের প্রথম দু'টো পর্ব আজ সময় করে পড়লাম। এবং জানিস কি হলো? শুনলে তোর গা কাঁটা দেবে!

অধৈর্য মূর্ছনা,ধমক দিয়ে বললো,“বললে বল নয়তো যা এখান থেকে।”

তৎক্ষণাৎ ওর দুই কাঁধে হাত রাখে সুপ্তি। চাঁপা স্বরে চেঁচিয়ে বলে,“এই গল্পের নায়িকা নার্সিং স্টুডেন্ট। নায়ক কসমেটিকসের দোকানদার!”

_হতেই পারে! তো কি হয়েছে?

_গল্পের নায়িকা তোর মতো কালো,নায়ক অতি ফর্সা।

_হতেই পারে। তো কি হয়েছে?

_নায়ক নায়িকার প্রথম দেখা হয় কিভাবে জানিস? নায়িকা নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যায়।

এবার একটু থামলো মূর্ছনা। থেমে থেমে বললো,“এরপর কি হলো?”

সুপ্তি উত্তেজিত হয়ে বলে,“তারপর তাদের মাঝে সেটাই হয়েছে যেটা সেদিন তোর আর ঐ কসমেটিকসের দোকানদারের মধ্যে হয়েছে। তর্ক হয়েছে। বললি না এসে সেদিন?”

মূর্ছনা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে,পর পর বলে,“এমন হতেই পারে। তো কি হয়েছে!”

_তো কি হয়েছে? তৃতীয় পর্বে নায়ক বাইক এক্সিডেন্ট করে হসপিটালে এসে কালো নায়িকার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে। কালো নায়িকাকে নাকি লাজুক লতার মতো বলেছে,“প্লিজ ট্রিটমেন্টের নামে আমার পা ছুঁবেন না।”

মূর্ছনার চোখ থেকে বিস্ময় সরে না। সুপ্তি বেশ গম্ভীর ভঙ্গিতে ওর কাছ ঘেঁষে বলে,“এতোটাও কাকতালীয় হয়? সংলাপ থেকে শুরু করে ঘটনাপ্রবাহ,স্থানের বর্ণনা সব মিলেছে রে। শুধু বরগুনার স্থানে খুলনা বসিয়ে দিয়েছে।”

মূর্ছনা বিস্মিত ভঙ্গিতেই মাথা নেড়ে বলে,“এরপর?”

_এরপর জানতে তো পরের পর্ব পড়তে হবে।

অদ্ভুত লাগছে মূর্ছনার। বললো,“গল্পের নাম কি?”

_গল্পের নাম,“শ্রাবণের মেঘ গুলো জড়ো হলো আকাশে।” নায়ক শুভ্র,নায়িকা নিশি।

মূর্ছনা সুপ্তির কথার সত্যতা যাচাই করতে নিজেই পর্ব তিনটা পড়লো। পড়া শেষে চুপ করে বসে থাকলো। খানিক বাদে বললো,“লেখিকা কোথাকার?”

_তা তো জানি না।

_আচ্ছা তুই আমাকে গল্পের লিংক টা দে। এই গল্পটা আমি পড়বো এখন থেকে।

চলমান.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন