#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_৯
#ইসরাত_আরা_ইতি
🚫 প্রাপ্তবয়স্ক সংলাপ। মানসিক প্রস্তুতি নিয়ে পড়বেন।
“পাত্রের নাম সঞ্জীব রয়। ঢাকাতে হীরার ব্যাবসা আছে পাত্রের। অল্প বয়সেই বেশ নাম-কাম-অর্থ কড়ি জমিয়ে ফেলেছে। আমাদের সোনার দোকানের তিনটা দোকানের সমান তার আউটলেট। দেশের বাড়ি বামনায়। তোমার শিউলি পিসিদের পাশের বাড়ির। ছবিতে যতটা মোটা আর কালো দেখাচ্ছে,ততটা না। তবে একটু বেঁটে। লম্বা দিয়ে কি করবে এতো? তুমি নিজেও তো বেটে!”
গালে ময়েশ্চারাইজার লাগাতে লাগাতেই হাতের ছবিটা দেখছে মন্দিরা। পাশ থেকে ওর মা কমলিকা কর্মকার উঠে দাঁড়ায়, সান্ধ্য বাতি জ্বালতে হবে বলে। মেয়েকে পাত্রের বিবরণ দেয়ার দায়িত্বটুকু তার ঘাড়ে ছিল, পালন করেছেন। বাকিটা মন্দিরার বাপ আর তিন ভাই বুঝে নিক। ভবিষ্যতে যে এ বাড়িতে একটা কলহ সৃষ্টি হবে সেটার আঁচ এখুনি বেশ পাচ্ছেন কমলিকা। মেয়ের মনের খবর তো তিনি রেখেছেন।
মন্দিরার মুখটা রক্ত সরে সাদা হয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে বলে,“মা তোমার কি মনে হয়না বাবা আর দাদারা আমার ওপর অন্যায় করছেন? আমার বয়স ছাব্বিশ। বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা বিয়ে করার সময়?”
আজ কমলিকা কোনো রাখঢাক রাখলেন না। উপরন্তু মেয়ের শাক দিয়ে মাছ ঢাকার স্বভাবে রাগ ঢেলে বললেন,“কতবার বলেছি ঐ ছেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক রাখারও প্রয়োজন নেই। ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে এলে তোমার ক্ষতি হয়ে যাবে। শুনলে না।”
মন্দিরা বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ায়,“মা ক্ষতি হয়ে যাবে মানে? সুব্রত বাজে ছেলে?”
_কি জানি। তবে ফল তো গাছের থেকে আলাদা হয়না,তাইনা?
_তবে তো আমিও বাবা দাদাদের মতো ঠক,যোচ্চর তাইনা?
_মন্দিরা মাইন্ড ইয়র ল্যাঙ্গুয়েজ!
কমলিকার ধমকে মন্দিরা দমে না, তবে মেয়েটির চোখ দু'টো ঝাপসা হয়। দিন দিন এসব ভেবে ভেবে সে ডিপ্রেশনের রোগী হচ্ছে, রাত্তিরে ঠিকঠাক মতো ঘুম হয়না। মনের দহনে উত্তপ্ত দুনিয়া তার। কন্ঠে চাঁপা রাগ নিয়ে বললো,“তোমাদের ভাগ্য ভালো তোমাদের বাড়ির মেয়েকে অমন একটি ছেলে পাগলের মতো ভালোবাসে। দুই নাম্বারি ব্যবসা করে,লোক ঠকিয়ে এ পর্যন্ত এলে।”
_আর সুব্রতর বাবা বুঝি এক নম্বরি ব্যাবসা করে? ঠক যোচ্চর কি সে নয়? কে আবার লোক ঠকায়না?
মন্দিরা জবাব না দিয়ে পার্স তোলে হাতে। মোড়ের মাথায় সুব্রত এসে দাঁড়িয়ে আছে,একটু দেখা করবে। কমলিকা চোখ কপালে তুলে বললো,“এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছ?”
_পুড়ি খেতে। বন্ধুদের সাথে।
_তোমার বাবা আর দাদারা আজ রাতেই তোমার মত জানতে চেয়েছে কিন্তু, হ্যা-না তাদেরকে তুমিই জানিয়ে দিয়ো। আমাকে আর এর মাঝে টেনো না তোমরা। আর এই তুমি,শোনো, নিসা বলে ঐ পুঁচকে মেয়েটার মতো যদি পালিয়ে বিয়ে করার দুঃসাহস দেখাও তবে পস্তাবে। ওর বাপ মা নেই, অভিভাবক নেই, তাই শাদ পার পেয়েছে। তোমার ঐ সুব্রত রায় পার পাবে না। বিজন একদম শেষ করে ফেলবে। তোমাকে সাবধান করছি বারবার মন্দিরা। আবেগের বয়স তোমার নয়। এখনো সময় আছে সরে এসো।
মন্দিরার চোখ ভেজা দেখে সুব্রত শুরুতেই বলে ওঠে,“বিধবার মতো কাঁদছিস কেন? আমি তো দিব্যি এখানে দাঁড়িয়ে আছি। জীবিত,এই চিমটি কেটে দেখ।”
মন্দিরা আজ সুব্রতর সস্তা মশকরায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং সোডিয়াম আলোতে জ্বলজ্বল করতে থাকা তার প্রাণসখার নির্মল,সরল মুখটা দেখতে লাগলো ফ্যালফ্যাল করে। সুব্রত ঠোঁটের হাসি গুটিয়ে নিলো তৎক্ষণাৎ, দু'হাতে মন্দিরার দুই গাল চেপে ধরে বলল,“মেরেছে নাকি?”
_মা এখন আর ওসব করে না।
_তবে?
_তোকে একটা কথা বলি? একদম মশকরা করে উঠবি না শুনলে, এমনটা করলে কিন্তু আমি চলে যাবো এখান থেকে। তোকে ব্লক করে দেবো।
_হ্যা জানিস তো ঐ একটা কাজই,কথায় কথায় ব্লক করা। আচ্ছা মজা করবো না। বল, সিরিয়াস কিছু হয়েছে?
সুব্রতর মুখভঙ্গি গম্ভীর,কপালে উৎকণ্ঠার ভাঁজ। মন্দিরা হঠাৎ কেঁদে দিয়ে বলে,“তোকে আমি এক সপ্তাহ সময় দিলাম। এর মাঝে তুই কোনো ভাবে তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে ম্যানেজ কর। দাদারা পাত্র দেখছে কিন্তু।”
সুব্রত আকাশ থেকে পরার ভঙ্গিতে বলে উঠলো,“মগের মুল্লুক নাকি! তোর অনুমতি ছাড়া বিয়ে দেবে নাকি?”
_না জোর করেই দেবে। দাদাদের চিনিসনা তুই? পাত্রের নাম জানিস? এস.আর ডায়মন্ডের ঐ বুড়ো হাবড়াটা....!
এতক্ষণ বেশ সিরিয়াস থাকলেও সুব্রত এবার হেসে ফেলে। পর পর বলে,“বাহ রে মন্দিরা! তোর পরিবারের পছন্দ তো বেশ চমৎকার!”
মন্দিরার রাগ বাড়ে। টিস্যু দিয়ে নাকের সর্দি মুছে বলে,“আসলেই। আমার মতো বিশ্রী নয়। মুরোদ হীন এক অপদার্থই আমার রূচির দৌড়। যে কথায় কথায় ভ্যাটকাতে জানে শুধু। আর কোন মুরোদ তো নেই তার। শাদের বাইকের পিছে বসে শহর চষা, রাতে ফোনকলে একটু আমাকে জাদু সোনা বলে দু'টো গরম প্রেমের কথা বলে আমাকে আবেগী করা, এছাড়া আর কি মুরোদ তার? সত্যিই আমার পরিবারের পছন্দ বেশ দারুন। অন্তত আমার পছন্দের মতো নয়।”
কথাটা শেষ করে মন্দিরা আবার কাঁদে। একটু থেমে সুব্রতকে বলে,“দুদিন পরে আমার বিয়ে হয়ে গেলে,আমার ছেলেমেয়ে হয়ে গেলে তোকে বাড়িতে আনুষ্ঠানিকভাবে নেমন্তন্ন করে আমার বাচ্চাদের দিয়ে মামা ডাকাবো হতচ্ছাড়া। এটাই হবে তোর মতো আহাম্মকের উপযুক্ত শাস্তি।”
হা করে আছে সুব্রত। ওরা দাঁড়িয়ে আছে গলির ভেতরে একটু আড়াল হয়ে, মন্দিরা দেয়ালে পিঠ ঠেকিয়ে নাকে ওড়না চেপে কাঁদতে কাঁদতে বলে,“সব চিন্তা,সব দায় যেন আমার। কাপুরুষ একটা!”
আত্মসম্মানে আঘাত লাগায় সুব্রত তেড়ে আসে, মন্দিরার বেনী ধরে টান দিয়ে বলে,“এবার একটু বাড়াবাড়ি করে ফেললি না? সুপুরুষ কাকে বলে? এতদিন তো তুই স্টুডেন্ট ছিলিস। আমিও রিটেক খেয়ে বসেছিলাম। বিয়ের কথা তুলতাম কোন মুখে? এখন কথাটা কানে দিয়েছিস,একটু সময় দিবি না ভাবতে? তোরা মেয়েরা পারিসও বটে! শালা কে বলেছিল তখন প্রেম করতে!”
মন্দিরা শেষের কথাটা শুনে দ্বিগুণ রাগ, অভিমান নিয়ে ঘুরে দাড়ালো বাড়ি ফিরবে বলে, অমনি হাতে টান খেলো। পর পর টের পেলো শক্তপোক্ত বুকে ওর মাথা ঠেকেছে,কেউ খুব আলতো করে ওকে ধরেছে ক্ষণিকের জন্য,ওর কানের কাছে মুখ নিয়ে বলছে,“সর্বোচ্চ ক'দিন সময় নিয়ে পরিবারকে মানালে আমি কাপুরুষ থাকবো না তোর কাছে?”
মন্দিরা নিশ্চুপ। ওর শরীর ভেঙে আসছে এই মানুষটার আশ্লেষে। ঠিক প্রথম অনুভূতির মতো, হাইস্কুলে মানুষটার থেকে অংক বুঝে নিতে গিয়ে যেভাবে শরীর ভেঙে আসছিল,ঠিক সেভাবে ভেঙে আসছে। বলে না কথা ও, চুপচাপ কাঁদে। সুব্রত ওর কানের কাছে থেকে চুলের গোছা সরিয়ে দেয় আদরের সহিত, বলে,“রাতে ফোনকলে শুধু প্রেমের গরম আলাপ পারার মন্দিরা তুই নোস আমার। আমি তোকে কি ভাবি তোর মতো মন্দিরার গোবর ঠাসা মাথায় ঢুকবে না কখনো। বাড়িতে যা। চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যায়না। আমাকে দু'টো দিন ভেবে প্রস্তুতি নিতে দে। শাদের থেকে বুদ্ধি নিই আগে।”
মন্দিরা চোখ তোলে,কন্ঠে নিদারুণ আকুলতা নিয়ে বলে,
_কিছু না হলে কি করবো? পরে পালিয়ে যাবো?
_মাথা খারাপ? সবার সামনে দাঁড়িয়ে তোর সিঁথিতে দশ কেজি সিঁদুর ঢালবো আমি।
⚫
মসজিদের বাইরে পা রেখে মিনিটখানেক নিচে চামরার জুতো জোড়া খুঁজে আশেপাশে তাকায় শাদ। অনেক দূরে বাড়ির প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে সুব্রত, স্বপ্ন স্কয়ারের সামনের পুকুর পাড়ে। যেখানে সবসময় দাঁড়িয়ে থাকে বন্ধুর অপেক্ষায়। শাদের গাঁয়ে একটা সাদা পাঞ্জাবি, শুক্রবার মসজিদে আসা হয়, তাই এটা পরা হয়।
সুব্রতর সামনে এসে দাড়াতেই সুব্রত হাত বাড়িয়ে দেয় জিলিপি নিতে। শাদ পকেট থেকে কাগজে মোড়ানো জিলিপিটা দেবে তার আগেই সুব্রত হাত ফিরিয়ে নিয়ে হো হো করে হেসে উঠল,“আরে মজা করেছি,এটা এখন থেকে বাড়িতে গিয়ে নিসাকে দিস।”
শাদ সরু চোখে তাকিয়ে জিলিপিটা জোর করে সুব্রতর হাতে ধরিয়ে দিয়ে বলে,“দুটো এনেছি ইমাম সাহেবের থেকে চেয়ে। তুই একটা নে।”
সুব্রত হাসে। তবে ওর হাসিটা আজকে রোজকার মতো প্রাণোচ্ছল নয়, বেশ চিন্তিত মুখভঙ্গি। শাদ ওকে পড়ে ফেলে চট করেই, পর পর গাড়িতে উঠে বসে বলে,“মন্দিরার বাড়িতে না হয় আমি যাবো সব বলতে। তোর বাড়িতেও কি আমাকে গিয়ে বলতে হবে? প্যান্ট ভরে মুতে দিবি না তো বলতে গিয়ে?”
সুব্রত দাঁতে দাঁত পিষে ড্রাইভিং সিটে গিয়ে বসে বলে,“তুই আর মন্দিরা আমাকে একটু সম্মান দিয়ে কথা বলতে চাসনা কেন বলবি?”
_তুই সেটার যোগ্য না।
শ্বাস ফেলে সুব্রত, এবার বেশ মন খারাপ করে বলে,“ইট ইজ এ ম্যাটার অব হতাশা। ওকে কাল কথা দিয়ে এসেছি তিনদিনের ভেতরে সবটা ম্যানেজ করবো।”
সিটে গা এলিয়ে শাদ চোখ বুজে নেয়, মাথা ভর্তি হয়ে আছে রাজ্যের কথা। নিসা আজ শুক্রবার একটা স্পেশাল কোচিং ক্লাস করতে গিয়েছে,ও বাড়িতে এসেছে কিনা জানা হয়নি, আজ বিকেল নাগাদ শাদের ইন্টারভিউয়ের রেজাল্ট দেবে। এতো কিছু পাশে সরিয়ে রেখে ঠান্ডা গলায় বলে,“তো? কথা দিয়েছিস। সমস্যা কোথায়?”
_সমস্যা ওর তিনভাই। কাল বাড়িতে ফেরার পথে ব্যাংকলোনি হিন্দু পাড়ার নন্দিনী কাকিমার থেকে শুনলাম বিজন কোনোভাবে জেনে গেছে আমাদের কথা,তাই মন্দিরার বিয়ের এতো তোড়জোড়। আর একটা রামদায় শান দিয়ে রাখছে আমাকে কোপাবে বলে। নন্দিনী কাকিমা তো বিজনের বৌয়ের খুব ক্লোজ। সেখান থেকে জানলো সে।
বলতে বলতে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে সুব্রত। শাদের কোনো হেলদোল নেই,চোখ বুজিয়েই আছে। খানিক বাদে অবশ্য বলে,“একটু স্পিড বাড়া। বৌটাকে চার ঘন্টা হয় দেখিনি। ওদের কোচিংয়ে একটা ছিঁচকে ছেলে আছে বুঝলি, নাম তূর্য। নজর মোটেও ভালো না। নেহাত সামনে পরীক্ষা, এখন নিসামনির কোচিং যাওয়া অফ করে দিলে ভাববে আমি স্বৈরাচারী স্বামী, রেড ফ্ল্যাগ। বোরখা পরতেও বলতে পারছি না, তবেই তো খোঁচা মেরে উঠবে,“আপনি নিজে আমেরিকা হয়ে আমাকে আফগানিস্তান বানাতে চাইছেন?
এখন কিছুই বলছি না, চুপচাপ দেখছি। ক'দিন গেলে একটু আধটু শাসন শুরু করবো।
শুধু ঐ তূর্য ছেলেটাকে একদিন একটু চিপায় নিয়ে বোঝাতে হবে। অন্যের বৌয়ের দিকে চকচকে চোখে তাকানো ভীষণ ব্যাড কথা! তাও শাদের বৌ।”
_ইটস এ ম্যাটার অফ আশ্চর্যের! তুই এতো খবর কোথায় পাস?
শাদ অস্পষ্ট হেসে বলে,“দল ছেড়েছি। ছোটো ভাইগুলো আমায় ছাড়ে না। ওরাই দেয়।”
সুব্রত হোহো করে হেসে বলে,“তুই যা চিজ, আমি ভেবেছি বৌয়ের সাথে তুই ঠিকই ক্যামেরা ডিভাইস লাগিয়ে রেখেছিস। আচ্ছা আচ্ছা শোন,হাহাহাহ একটা কথা মনে পরে গেল, থানার ওসি স্যার তোকে হেব্বি ডরায় হিহিহিহি , সেদিন রাতে দেখলাম হোহোহো। ও ভাবছে কনস্টেবল রিনার সাথে তার লদকালদকির গোপন ভিডিও ক্লিপ তোর দলের ছেলেদের কারো কাছে রয়ে গিয়েছে। তাই তোকে এতো সমঝে চলে হারামজাদাটা,হেহেহেহে। মিনহাজও আতঙ্কে থাকে সারাদিন বিষয়টা নিয়ে।”
শাদ তৎক্ষণাৎ মুখ অন্ধকার করে ফেললো। সুব্রত নিজেকে সংযত করে বললো,“আচ্ছা এই চ্যাপ্টার বাদ। তোর চাকরির কি খবর?”
_আজ জানাবে।
গাড়ি ছুটে চলে আমতলার পাড় রোড অভিমূখে। সুব্রত বলে,“আরে এখন বল! আমি কি করবো? আগে একটা জিডি করে রাখবো?”
শাদ বলে,“ওর তিন ভাই থাকলে,তোরও এক ভাই আছে। এতো চাপ নিসনা। আব্বুর মেজাজটা একটু ঠান্ডা হোক,এর মাঝে কোনো ঝামেলা বাধাবো না আমি। তারপর তোর এই এক ভাই-ই যথেষ্ট মন্দিরার তিন ভাইকে সামলে নিতে।”
⚫
নিসা বাড়িতে ফিরে নাফিয়াকে দেখে বেশ অবাক হলো। কোচিং করেছে জিলা স্কুলের পেছনে ম্যাথ টিচারের কাছে। শুক্রবারের দুপুরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসে ঘর্মাক্ত মুখটা মুছে হাসে সে।
নাফিয়া বিছানার চাদর ঠিক করছে নিসাদের। ও বাড়ি থেকে শাহনাজ বেশ কিছু মালপত্র পাঠিয়েছে স্বামীকে লুকিয়ে। যেমন হাতে নকশি সেলাই করা বিছানার চাদর, বাড়ির ভাজা মুড়ি-খই, আচার, শাদের জন্য গোরুর মাংসের আচার আর কিছু ফুল গাছের টব।
নাফিয়া এসে রান্না করেছে। ঘর মুছেছে। মুখের ক্লান্তি হাসিতে বিলীন করে বলে,“তোদের জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয় জানিস? আব্বাকে বলে এসেছি আমি বান্ধবীর বাড়িতে যাই।”
নিসা ফ্যান ছেড়ে দিয়ে গা জুড়াতে বসে, গোসল করবে খানিক বাদে, এই বিধ্বস্ত বেশে ঐ লোক দেখে নিলে সেটাও লজ্জার নিসার কাছে। নাফিয়া এগিয়ে এসে ওর সম্মুখে বসে, মুখভরা দুষ্টু হাসি নিয়ে ফিসফিসিয়ে বলে,“তোকে ছোঁয়নি তাই না আহাম্মক টা এখনো?”
নিসা লজ্জায় আবার চোখ নামিয়ে নেয়। নাফিয়া হাসতে হাসতে গালি দেয় শাদকে,“গাধা একটা। আচ্ছা নিসা তুই ওঠ, যা শিগগির গোসল করে আয়।”
_কেন?
_আরে আগে আয় তারপর বলছি।
নিসা বাধ্য মেয়ের মতো গোসল সেরে এসে দাড়াতেই দেখলো নাফিয়ার হাতে একটা লাল শাড়ি। নিসা ওসব দেখে আঁতকে উঠে বলে,“ওসব কে পরবে?”
ওর হাত টেনে সামনে এনে দাড় করিয়ে নাফিয়া বলে,“তুই পরবি।”
_কিন্তু কেন?
_ওমা বিয়ে হয়েছে বৌ মানুষ শাড়ি পরবি না?
নিসা চুপ করে আছে। নাফিয়া ওর থুতনি ধরে বলে,“এসব না পরলে তোর বরের মনে হবে না সে বিয়ে করেছে, এটা আমি বুঝেছি। আচ্ছা শোন, একটা চুমুও খায়নি?”
নিসা হাসে নত মস্তকেই। নাফিয়া বলে,“খেলে ভালো, না খেলে আজ খাবে। ওরা তিনভাই দেখতে নাম্বা থাম্বা, এমনিতে লাজুক,তাই হয়তো সময় নিচ্ছে। শোন নিসা, একটুও ছাড় দিবি না শুরু থেকেই। শয়তান সুযোগ খোঁজে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে বসতে। আরে এতো স্পেস নিতে হয়নারে, স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো স্পেস থাকতে নেই। বিয়ে করেছিস দু'জনের মতে,এখন শুধু বাতি নিভিয়ে আদর করার পালা।”
নিসা কাঁপল, বড় ভাবী ভীষণ অমায়িক মানুষ কিন্তু মাঝে মাঝে ভীষণ লজ্জা দেয় নিসাকে। নাফিয়া খিলখিল করে হেসে ওঠে, নিসার গাল টেনে বলে,“আমাকে খারাপ ভাবছিস নাকি? আচ্ছা ভাব। তবুও সত্যিটা বলবো। তোকে তো শিখিয়ে পড়িয়ে নেয়া উচিত। শোন, বলি তোকে, শুরু থেকেই একদম নিজেকে ওর সামনে গোছানো হিসেবে প্রেজেন্ট করবি। আজকালকার ছেলেরা সংসার করতে সরল মেয়ে খুঁজলেও ঐ বেলাতে বুঝদার মেয়ে খোঁজে,যে ন্যাকামি কম করে। আর এরা ওপরে ওপরে যদিওবা বলে এরা সাদামাটা মেয়ে পছন্দ করে আসলে এরা সাজুগুজু করা নারীই পছন্দ করে। তুই সবসময় ওর সামনে চূড়ান্ত সেজেগুজে থাকবি। সাজা বলতে একটু সুগন্ধি মাখবি, খোলামেলা পোশাক পরবি, ওড়না একটু সরিয়ে রাখবি, লিপস্টিক লালটা দিবি না, লিপগ্লস দিবি।”
নাফিয়া বকবক করেই যাচ্ছে। নিসা শুনছে আর ক্ষণে ক্ষণে চমকে উঠছে,শিউরে উঠছে,তার কান দু'টো গরম হচ্ছে। হঠাৎ ওর দুকাধ ধরে নাফিয়া বলে,“তবে তবে তবে...একটা কথা মনে রাখবি। নিজে থেকে সেধে সেধে কখনো আদর নিতে যাবি না। এতে তোর দাম কমে যাবে। যদি টের পায় তুই একদম রেডি টু টাচ ওয়াইফ তবে পেয়ে বসবে। একটুও যত্ন নিয়ে রোম্যান্স করবে না আর, না তোর মন মুড বোঝার চেষ্টা করবে কখনো। আসবে,বিছানায় টানবে আর গল্প শেষ। এছাড়াও যে একটা নারী কত কি চায় স্বামীর থেকে, দু'টো আদরমাখা কথা, ছোঁয়ার জন্য একটু বায়না, কাছে টেনে মাথায় হাত বুলিয়ে নরম আদর করা। এগুলোর ধারই ধারবে না। তাই অতি আবেগী হয়ে বেশি লাই দিবি না। সে স্বামী,সে এসে তোকে কাছে টানবে,তোকে মানাবে, তুই যাবি না আগে।”
নাফিয়া আবার একটু থেমে নিসার মুখভঙ্গি লক্ষ্য করে খিলখিলিয়ে হেসে বলে,“তোর ভাসুরের গল্প শুনবি? বিয়ের পর দুই মাসে তো আমার দিকে ফিরেও তাকায়নি। তার একটা এক্স ছিলো অমৃতা না জানি অমৃত নাম। তার কষ্টে বেহুঁশ ছিলো।
আমি এতো কাঁদতাম একা একা। তারপর মন শক্ত করে নিজেকে সাজিয়েছি, শপথ নিয়েছি, এই ব্যাটার মন তো আমার প্রতি ফেরাবোই ফেরাবো।
উহুম,ওর কাছে ধর্না দিইনি গিয়ে। নিজেকে সাজিয়ে গুছিয়ে ওর সামনে চলাফেরা করেছি। সংসারের কাজ করে গিয়েছি। শেষটায় ও এসে ধরা দিয়েছে,আমি গিয়ে হ্যাংলার মতো ওর গাঁয়ে ঝাঁপিয়ে পরিনি। ও টেনেছে আমায় কাছে।”
নাফিয়া তার বক্তব্যের ইতি টানার আগে বলে,“আবার বেশি দম্ভও দেখাবি না। এই যে শাড়িটা পরিয়ে দিচ্ছি। ও কাছে আসলে, ভদ্রমতন ওর সব কথা শুনবি। মেনে নিবি।
পাবলিক ভার্সিটিতে পড়ে, দেশের হালচাল দেখে এটুকু বুঝেছি, তোদের মতো কমবয়সী মেয়েদের চোখ ফুটলে ফল খুব খারাপ হয়, আজকাল একটা অল্পবয়সী মেয়েকেও দেখিনা এক থালায় ভাত খেতে। বাবা মা অল্প বয়সে বিয়ে তো দিয়ে দেয়, কিন্তু এরা বিয়ের পরেও উরু উরু ভাব নিয়ে চলে। আগেই সাবধান করে দিচ্ছি নিসামনি, স্বামীর প্রতিই সব মনোযোগ রাখবি। ওকে নিয়েই মেতে থাকবি। এটাই আসল স্বর্গ। বাইরের দুনিয়ার মোহে স্বামীর প্রতি বেখেয়ালি হবি না কখনো খবরদার। মনে থাকবে?”
নিসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, তার মনে থাকবে।
দরজা খোলা পেয়ে শাদ চুপচাপ ভেতরে ঢুকে ওদের শোবার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পরলো,ভেতরে দুই জায়ের কথোপকথন শুনে স্তম্ভিত সে। নাফিয়া তখন নিসার আঁচল টা ঠিক করে দিতে দিতে বললো, “আমি এখন চলে যাবো। শাড়িটা যেমন করে পড়িয়ে দিয়েছি তেমনই রাখবি। পেট টা যেন এভাবে একটু বের হয়ে থাকে। আবার ওকে বুঝতে দিসনা তুই ওকে দেখাতে এটা করেছিস। এমন ভাব ধরে থাকবি তুই ভীষণ ব্যস্ত,কাজ করতে গিয়ে এটা হয়েছে। আর শোন,হুট করে আঁচলটা একবার ফেলে দিস তো,ভাব করবি অনেক বড় একটা দূর্ঘটনা ঘটে গিয়েছে আর তুই লজ্জায় শেষ.....”
একটু থেমে নাফিয়া বলে,“না তুই হাবাগোবা দেখতে,তুই এই চালাকি কাজ পারবি না,ধরা খেয়ে যাবি। তুই শুধু পেট বের রাখ। তবে খবরদার নিসা,বুঝতেই দিবি না তুই ওর অ্যাটেনশন পেতে চাস। ওকে?”
নিসা জবাব না দিয়ে তার মাথাটা আরো নিচু করে নেয় লজ্জায়। নাফিয়া ওর গায়ে সুগন্ধি মেখে দিয়ে বলে,“আমি আবার এসব ছল চাতুরি করতে করতে প্রো খেলোয়াড় হয়ে গিয়েছি। স্বামীর মন পেতে কম কষ্ট তো করিনি রে ভাই। পুরুষ কি চায়,কিসে পুরুষের মন পাওয়া যায়, এদের কিভাবে টালাতে হয় সব জানা আমার। বুদ্ধি লাগলে আমাকে কল করবি শুধু। আচ্ছা থাক আসছি।”
ঘরের বাইরে এসে নাফিয়া শাদকে দেখে থতমত খায়। চোরের মতো হেসে দেয়। শাদ কিছু না জানার ভান করে হাতের জিলিপিটা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে,“জিলিপি খাবে?”
_না ওটা যার জন্য এনেছো তাকেই দাও,আমি জিলিপি বরিশাল গিয়ে খাবো।
নাফিয়া চলে গেলে শাদ ঘরে ঢোকে, নিসা নিজের লম্বা চুল আঁচড়ে নিতে নিতে ঘুরে দাড়াতেই থমকায়। তার সম্মুখে লম্বা সাদা পাঞ্জাবি পরিহিত স্বামী নামক সুদর্শন পুরুষটাকে দেখে তার বুকের ভেতরটা মুচড়াতে থাকে। শ্যামলা হলেও এতো সুন্দর হবে কেন একটা পুরুষ? একে আজ থেকে সব বান্ধবীদের থেকে লুকিয়ে রাখতে হবে, বেহায়া গুলো তো আবার যাকে সুন্দর পায় তার ওপর পিছলে যায়।
শাদ মিনিট খানেক নিসাকে পা-মাথা দেখে খুব সহজ গলায় বলে,“কখন ফিরলে?”
_এসে গোসল করেছি মাত্র।
_হু,ভাত বাড়ো। আমি হাত ধুয়ে আসছি। আর এই জিলিপিটা খাও।
নিসা চুপচাপ ভাত বেড়ে দেয়। শাদ ওকে সেভাবে খেয়াল করেনি,এটা একদিক থেকে স্বস্তির। বড় ভাবীর শিখিয়ে দেয়া ওসব কাজ নিসা পারবেই না। নিসার অত শখ নেই স্বামীর সাহচর্যে যাওয়ার। সে যদি দূরত্ব রাখতে চায় রাখবে।
খেতে খেতে শ্বাস আটকে আসছে শাদের,নিসা খেয়াল করেনি। সে ঘুরে ঘুরে ব্যাগ থেকে বই পত্র বের করে কক্ষের একপাশে রাখছে। শাদ অল্প খেয়ে উঠে গিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে থম মেরে, নিজের মনযোগ বিচ্ছিন্ন রাখতে ক্রিকেট দেখে খানিক সময়। কিন্তু ঐ যে বেহায়া চোখ, পাশে বসে বই বের করে ওল্টাতে পাল্টাতে থাকা রমণীর খুব গোপন সৌন্দর্যই দেখতে চায়। এক পর্যায়ে যখন ধৈর্য্যের বাধ ভাঙে,তখন খুবই নিচুগলায় নিসাকে বলে,“তোমার কাল কি এক্সাম?”
_ম্যাথ। কিন্তু কেন?
বলতে না বলতেই নিসা হকচকিয়ে উঠলো যখন দেখলো মানুষটা তাকে নিচে ফেলে তার দিকে ঝুঁকেছে। হতবাক নিসা, দম বন্ধ করে তাকিয়ে আছে,ও কিছুটা ঘাবড়েছে। শাদ শ্বাস ফেলে, কন্ঠে সেই একই শীতলতা নিয়ে বলে,“তো আমাকে বিরক্ত না করে এক্সামের কদিন বই পত্র নিয়ে মনযোগী হও।”
নিসা অবাক গলায় অস্ফুট সুরে বলে,“আমি কিভাবে আপনাকে বিরক্ত করছি? কখন?”
শাদ জবাব না দিয়ে শুধু নিসার পেটটা ঢেকে দেয় শাড়ির অগ্রভাগ টেনে,শান্ত হাতে।
চলমান......