#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_১০
#ইসরাত_আরা_ইতি
নিসা চোখ মুখ খিচিয়ে নিয়েছে। শাদ ঠান্ডা গলায় বলে,“ভাবী যা-ই শিখিয়ে দিক,আমার ওপর ওসব এপ্লাই করতে হবে না। তোমার স্বামী আমি, কোনো আগন্তুক নই। অ্যাটেনশন চেয়ে নিতে হবে না। উল্টো অ্যাটেনশন দিতে শুরু করলে নিতে পারবে?”
_আ-আমি কি করেছি!
ধরা খেয়ে যাওয়ায় মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। তোতলাচ্ছে কথা ঘোরাতে। বেচারী নিসা ! নিজের প্রতি দুঃখ লাগছে খুব। লোকটা তাকে বেশরমা ভেবে বসে আছে নিশ্চয়ই? ভাবছে এই মেয়ে বয়সের তুলনায় আসলেই বেশি পাকা। আরো অনেক অনেক খারাপ কথা ভাবছে।
শাদ জবাব না দিয়ে চুপচাপ কিছুক্ষণ চেয়ে দেখে ছেড়ে দিল ওকে। উঠে বসে রইল গম্ভীর মুখ করে। কিছু ভাবছে সে। নিসা সুযোগ পেয়ে আবার উঠে শাড়ি সামলে ছুটে যায় ওয়াশ রুমে, ওটাই ওর একমাত্র যাওয়ার জায়গা, যেখানে গিয়ে ও কিছুক্ষণ হাঁপাতে পারে লাজসর্বস্ব অনুভূতির প্রকোপে।
বেড়িয়ে যখন এলো আবার,দেখলো শাদ কিছু টাকা বের করে গুনছে, আঙ্গুল ভারি চঞ্চল। নিসা হা করে তাকিয়ে থেকে জানতে চাইবে কিছু তার আগেই শাদ সহজ গলায় ডাকলো ওকে,“এসে বসো নিসামনি।”
কিছুক্ষণ আগের ঘটনা ভোলেনি নিসা, লাজুক ভঙ্গিতেই শাদের সম্মুখে বসলো। ওর দিকে একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে শাদ বলে যেতে লাগল,“এখানে পঞ্চাশ হাজার টাকা আছে। তোমার মোহরানা। ব্যাংক থেকে তুললাম। এটা কোথায় রাখবে?”
নিসা বিস্মিত হয়ে তাকিয়ে আছে পঞ্চাশ হাজারের বান্ডিলটার দিকে। এতো টাকা আবার সে রাখবে কই? অস্ফুটে জবাব দিলো,“আমার এটা লাগবে না!”
_এটা তোমার না লাগতে পারে। আমার এটা তোমাকে দিতেই হবে। সপ্তাহখানেক দেরী করে ফেললাম।
নিসা বিপাকে পরেছে। ওর চিন্তিত মুখটা অবলোকন করে শাদ শান্ত গলায় বলে ওঠে,“ম্যাথ করা হয়েছে? প্র্যাকটিস?”
_হু! কেন?
_চলো তবে তুমি এই টাকা দিয়ে সোনার কিছু কিনে নেবে, যেটা তুমি তোমার কাছে বছরের পর বছর যত্নে রাখতে পারবে। এই বুদ্ধিটা মন্দিরা দিয়েছিলো।
নিসা চুপ করে আছে। শাদ বলে যেতে থাকে,“এমনিতেও তোমাকে কোনো কেনাকাটা করে দিইনি। এই টাকা দিয়ে সোনার কিছু কিনবে । আর বাইরে পরার সুন্দর সুন্দর কয়েকটা সালোয়ার কামিজ কিনে দেবো, আর জুতাও। সাজনা গাজনা আছে? সেগুলো প্রয়োজন?”
নিসা চমকে চমকে উঠছে। ওর বেশ লজ্জাও লাগছে স্বামী নামক মানুষটা এভাবে এই প্রথম ওকে কিছু কিনে দিতে নিয়ে যাবে তাই। ওর তো “সাজনা গাজনা” নেই বললেই চলে। তবুও দুই পাশে মাথা নাড়িয়ে অস্ফুটে বললো,“আ-আপনি! এতো টাকা। না থাক যা আছে, অনেক খরচা!”
শাদ চেয়ে আছে বাক হারা হয়ে। এতটুকু মেয়েটা তার খরচার দুশ্চিন্তায় অস্থির দেখে বেশ মজাও পাচ্ছে। বললো,“বৌকে দুই তিনটা থ্রিপিস আর সাজনা গাজনা কিনে দেওয়ার টাকা আছে। অতটা বেকার নই। সেভিংস শেষ হবার আগেই চাকরি একটা পেয়ে যাবো আশা করছি। চলো রেডি হও।”
নিসা গাঁয়ের শাড়িটাতেই বেড়িয়েছিল। লাল টুকটুকে শাড়ি পরে বাইকে স্বামীর পেছনে বসে ষোড়শী শুধু জীবনের সরলতায় ডুবে ছিল। ও তো জীবন দেখেনি খুব ভালো করে, শুধু জন্ম থেকে এ পর্যন্ত কিছু বছর পেয়েছে অবহেলা আর অযত্নের, অভাব আর হতাশার। এখন যেটা পেয়েছে সেটা যদি একটা জীবন হয় তবে যেন এভাবেই থাকে সবকিছু। আর কিছু না বদলাক। লোকটা যেন শুধুমাত্র একটা চাকরি পায়। আর কিছু না বদলাক।
সুব্রতদের সোনার দোকান থেকে পঞ্চাশ হাজারে একটা ব্রেসলেট পছন্দ করেছে নিসা। ২২ সালে সোনার দামটা ভীষণ চড়েছে। ঐ একটাই পছন্দ করেছে নিসা। অবশ্য এটা শাদেরও পছন্দ, যেহেতু নিসা স্টুডেন্ট মানুষ,ওসব গিন্নী টাইপের গয়নাগাটি যায়না ওর সাথে। গয়নার দোকান থেকে বেড়িয়ে গার্মেন্টস পট্টি এসে তিনটা থ্রিপিসও নিয়েছে এগারোশ করে। জুতা কিনেছে। মানুষটা যখন বারবার মানিব্যাগ বের করে দোকানদারদের বিল মেটাচ্ছিলো,নিসামনি আড়চোখে স্বামীর পকেটের অবস্থাও দেখে নিচ্ছিল। শাদ টের পেয়ে বলেছে,“ওয়ালেট ছাড়াও আরো কিছু টাকা আছে। এগুলো তুমিই খরচা করতে পারো। নিঃসংকোচে।”
নিসা অবশ্য আর “সাজনা গাজনা” কিনতে চায়নি, শাদ তবুও জোর করে নিয়ে গিয়েছে তালুকদার কসমেটিকসেই। শাওকি হাত পায়ের ব্যান্ডেজ খুলেছে। ভাবীকে দেখে চওড়া হেঁসে বলেছে,“তুমি আজ আমার স্পেশাল কাস্টমার ভাবী। সবকিছুর ওপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয়া হবে। বলো কি লাগবে?”
নিসার দৃষ্টি দোকানের সর্বোত্র ঘূর্ণায়মান, আমতা আমতা করে বলল,“আমার না এসব সম্পর্কে ধারণা অতটা নেই ভাইয়া। ক্রিম, তেল, শ্যাম্পু। এসব প্রয়োজন।”
শাওকি দাঁত বের করে হাসলো,পর পর ভাবীর সাথে ফাজলামি করতে একটা বিখ্যাত ব্র্যান্ডের বেবি সোপ,বেবি অয়েল আর বেবি শ্যাম্পু এনে বললো,“নাও, তোমার বয়স অনুযায়ী এটা যায়।”
শাদ একটু চোখ লাল করলে হাসি থামিয়ে আবার বেশ ভালো কিছু প্রোডাক্ট এনে দিলো। শাদ টাকা দেয়ার আগে নিসাকে বললো,“আর কিছু?”
নিসা তার জীবনে কেনা এই প্রথম এতো শপিং দু'হাতে আগলে ধরে হাসি হাসি মাথা নাড়িয়ে বলেছে তার আর কিছু লাগবে না। কিন্তু তালুকদার কসমেটিকস থেকে বেড়িয়েই নিসা দাঁড়িয়ে পরলো, মুখটা অস্বস্তিতে ছেয়ে গেলো। শাদ ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই নিসা ইতস্তত করলো,“ঐ লেডিস কর্ণারে একটু কাজ ছিলো। যাবো?”
শাদ অতটা আন্দাজ করতে পারেনি। মেয়েলি বিষয়গুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সে দীর্ঘ সাতাশ বছর। পোশাক ছাড়াও মেয়েদের কিছু ব্যক্তিগত বস্ত্র নিতে হয়,অত খতিয়ে ভাবার স্বামী শাদ সপ্তাহখানেক সময়ে হয়ে ওঠেনি। তবুও নিসার মুখ দেখে ওর দরকারের বিষয়টা বুঝলো।
প্রজ্ঞা লেডিস কর্ণারে এক্সিট পয়েন্টে শাদ দাঁড়িয়ে আছে থমথমে মুখে। নিসাকে হাতে কিছু টাকা দিয়ে ভেতরে পাঠানো হয়েছে। এখানে এসেই শাদ বুঝতে পেরেছে নিসার কি প্রয়োজন, তীব্র সংকোচে শক্ত মুখটা অদ্ভুত লাগছে দেখতে। পাশ থেকে হঠাৎ একজন সেলস গার্ল বলে উঠলো,“ভাইয়া কি দরকার?”
নড়েচড়ে উঠলো শাদ, ইতস্তত করলো,“আসলে আমার ওয়াইফ...!”
এটুকু বলতেই মেয়েটি তাড়া লাগিয়ে বলে,“জি জি। আপু সাথে নেই? আচ্ছা অসুবিধা নেই, আপুর সাইজ বলুন আমরা হেল্প করছি!”
অবাক শাদ, বুদ্ধিমান মাথায় আপাতত এই বিষয়গুলো ঢুকছে না, অস্ফুটে জবাব দিলো,“সাইজ?”
_হ্যা?
শাদ আরো অবাক গলায় বলে যেতে লাগল,
_বেশি লম্বা না সে, পাঁচ ফুট এক মতন কিন্তু কেন?
সেলস গার্ল মেয়েটি মিনিট খানেক শাদের দিকে তাকিয়ে থেকে পর পর ঘুরে তার আরেক সহকর্মীর দিকে তাকায়। অতঃপর দু'জনেই মিটিমিটি হাসতে থাকে।
ঠিক তখনই শাদের একটা ফোনকল আসায় শাদ সরে যায় একপাশে। ওপাশ থেকে সানভীর তালুকদারের ভারি স্বরটা খুব বিনয় নিয়ে বলে ওঠে,“অভিনন্দন শাদ। মেসেজ গিয়েছে? চাকরিটা কনফার্ম তোমার।”
⚫
চাকরি পাওয়ার খবরটাতে নিসা খুশি হয়েছে ভীষণ। কিন্তু এই খুশি প্রকাশ করার সঠিক পদ্ধতি ষোড়শীর জানা নেই। শুধু চনমনে চিত্ত নিয়ে চঞ্চল পায়ে বাইকে স্বামীর পেছনে উঠে বসতে বসতে বলেছে,“ও বাড়িতে কি জানাবেন এ কথা?”
শাদের কন্ঠস্বর কেমন যেন গম্ভীর। যেখানে এখন খুশি থাকার কথা, লাগছেও ভীষণ চিন্তিত, কথার স্বরও তাই,“না একটু শিয়র হয়ে নেই!”
নিসা অবাক ভীষণ। শিয়র হবার কি আছে? কিন্তু জানতে চায়না কিছু,চমকে উঠলো বাইক যখন আবার লেকপাড়ে থামলো। আজ শুক্রবারেও এখানে রেডিমেড ফার্নিচারের হাট বসেছে। শাদ এটা দেখেই থামলো। গত দু'দিন থেকে ভাবছে এসব জায়গা থেকে একটা অল্প দামে আকাশমণি কাঠের খাট নেবে সেটাই হয়ে উঠছে না, ওদিকে মেঝেতে শুয়ে দু'জনের হাল বেহাল। সকালে ঘুম থেকে উঠলে গা নাড়ানো যায়না। বাইক থামিয়ে নিসাকে এক পাশে দাঁড় করিয়ে কিছুক্ষণ আশপাশটা দেখতেই চোখ গেলো সেদিনের সেই সেলস ম্যানের দিকে, আজো চিল্লিয়ে বিজ্ঞাপন দিচ্ছে,“ভাইয়েরা নিয়ে যান,নিয়ে যান। আমন ফার্নিচারের এই রেডিমেড আকাশমণি কাঠের খাটটি পাচ্ছেন কেবল চৌদ্দ হাজার টাকায়। ভারি মজবুত এবং চমৎকার বার্ণিশ। একমাত্র আমরাই কিস্তিতে বিক্রি করছি। এই সুযোগ বরগুনাতে আর নেই। কিনতে হলে চলে আসুন তিন দিন ব্যাপী রেডিমেড ফার্নিচার মেলাতে। বিবাহিত ভাইয়েরা নিয়ে যান, যারা নতুন বিবাহ করেছেন নিয়ে যান, খাট একটি অতি প্রয়োজনীয় বস্তু ভাইয়েরা। ক্যাচ ক্যাচ শব্দ হবে না সামান্য নড়াচড়া করলেও, আপনারা প্রয়োজনে লাফালাফিও করতে পারবেন ভাবীকে নিয়ে। বিবাহিত জীবনে একটি মজবুত খাটের গুরুত্ব অপরি....”
আশেপাশের মানুষ, জোয়ান থেকে বুড়োর দল হাসছে বিজ্ঞাপনের ধরন দেখে। লোকটা শাদকে দেখেই চিল্লাচিল্লি থামিয়ে চুপ করে গেলো হঠাৎ। শাদ গিয়ে ওর সম্মুখে দাড়াতেই ভীত গলায় বললো,“এভাবে না ডাকলে কাস্টমারের অ্যাটেনশন পাওয়া যায়না ভাই। আমাকে খারাপ বলেন আর গালিই দেন। মজায় মজায় আজ এ পর্যন্ত তিনটা খাট সেল দিয়েছি। কাস্টমার জাতের রূচি বড় অদ্ভুত,তারা একই জিনিস খাবে,অথচ দেখবে কোনটায় হাংতাং বেশি।”
শাদ এসব ব্যাপারে কিচ্ছুটি না বলে তাকায় শো করে রাখা খাটটার দিকে। শান্ত গলায় বলে,“কিস্তির প্রসেস?”
_ভাই সেলের সময় চার হাজার জমা দিয়ে নিবেন আর বাকি দশ পাচ কিস্তিতে,প্রতি সপ্তাহে। নগদে পাঠিয়ে দেবেন।
_হু,নিচ্ছি এটা। তোমাদের ডেলিভারি ম্যান আছে?
লোকটা খুশিতে গদগদ হয়ে বলে,“অবশ্যই। আপনার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি। ভাই শুনেন,ফেচবুকে আমাদের একটা পেজ আছে, আমন ফার্নিচার নাম, ওখানে একটু ফলো দিয়ে রাখবেন।”
⚫
ডেলিভারি ভ্যানের সাথে দু'জন মিস্ত্রী এসে খাটটা পেতে দিয়ে চলে গিয়েছে। নিসা তখন বসার ঘরে। বাড়িওয়ালি আন্টি এসেছিল নবদম্পতির খাট দেখতে,সংসারের সাজগোজ দেখতে, তাদের চা বানিয়ে খাওয়াচ্ছে নিসা। কিছুক্ষণ আলাপ করে তারা যখন বিদায় হলো তখন বই নিয়ে বসলো।
শাদ ব্যস্ততায় ফোন দেখেনি এতক্ষণ। এবার চাকরির মেসেজটা ভালো করে দেখে সে খুশি হলো কিনা বোঝা গেলো না,শুধু নিরব দাঁড়িয়ে রইল কিছু সময়। অতঃপর আবার কল করলো সানভীর তালুকদারকে। সানভীর বলতে থাকে,“দেখেছো? শোনো তোমার লাক ভালো বরিশালে পরেছো,বাকিদের তো গৌড় নদী পাঠানো হয়েছে, মহিলাদের বিশেষ বিবেচনায় বরগুনার আশেপাশে রাখা হয়েছে। আপাতত বরিশালে থাকো তুমি। ছয়মাস বাদে বরগুনা কিংবা পটুয়াখালীতে...”
_এর আগে পারা যাবে না ভাইয়া?
_না শাদ। সবাইকে একটা রুলস এ্যান্ড রেগুলেশানের মধ্যে থাকতে হয়। ছয় মাস অপেক্ষা করতে পারবে না?
শাদের অস্বস্তি হচ্ছিল, তবুও থেমে থেমে বললো,“না ভাইয়া। এক্সট্রিমলি স্যরি আমি তবে চাকরিটা করতে পারছি না আপনি নেক্সট ক্যান্ডিডেটকে কল করে নিন।”
_কিন্তু কেন?
_আগামী চারমাস আমি বরগুনা ছাড়তে পারব না। আমার অসুবিধা আছে।রাখছি ভাইয়া, বিরক্ত হয়ে থাকলে দুঃখিত, ভীষণ দুঃখিত।
কল কেটে জানালার বাইরে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে শাদ। নিসা দরজার কাছে দাঁড়িয়ে আছে বিমূঢ় হয়ে। পাকনি মেয়েটি কিছুটা আঁচ তো করে ফেলেছে ব্যাপারটিতে। তবুও বললো,“কেন ছাড়তে পারবেন না বরগুনা?”
ঘুরলো শাদ। শীতল স্বরে বললো,“সামনে তোমার বোর্ড পরিক্ষা। এ অবস্থায় অন্যত্র শিফট হওয়া সম্ভব?”
_তো মানুষ বুঝি নিজ জেলা থেকে দূরে গিয়ে চাকুরী করে না?
নিসার অবুঝের মতো আচরণে অবাক হয়না শাদ। বলে,“আমি বরিশাল চলে গেলে তোমার কোচিং, লেখাপড়ায় একটা বিরাট প্রভাব পরবে বুঝলে না? এটা সেই সময়? তুমি সাইন্সের, প্রতিটা মিনিট এখন গুরুত্বপূর্ণ।”
_কিভাবে? আমি তো কোচিং করতে থাকতাম।
এবার ভ্রু উচায় শাদ, গম্ভীর কন্ঠে বলে,“তুমি কোচিং করতে থাকতে মানে? একটা পরিবেশে খাপ খাওয়াতেও তো দিন পনেরো লাগে, তারপর বরিশাল টু বরগুনা ছোটাছুটি করে পরিক্ষা,পারতে তুমি?”
_আরে আমি তো এখানে থাকতাম।
_এখানে থাকতে মানে? এখানে কোথায় থাকতে আমি চলে গেলে? তোমার জায়গাটা কোথায় যাওয়ার?
নিসার বান্ধবী লুনার বাবা মায়ের ট্রান্সফার হয়েছে কুষ্টিয়া। তারা চলে গেলেও পরিক্ষার পূর্ববর্তী এই সময়টাতে মেয়েকে টানা হেচরা করবেন না বিধায় ছাত্রী হোস্টেলে রেখে গিয়েছে। সেসব কথা চিন্তা করে নিসাও ঝটপট বললো,“হোস্টেলে!”
শাদ চুপচাপ মিনিট খানেক চেয়ে থেকে শান্ত গলায় বলে,“হোস্টেলে?”
_হুম,আমার এক বান্ধবীও সেইম সমস্যায় পরে....
কথাটা আর শেষ করতে পারলো না নিসা। কাঁপল ওর ওপর আছড়ে পরা গর্জনের প্রকোপে। শাদ ওর দুঃস্বপ্নের বাইরে গিয়ে শক্ত গলায় বলে উঠলো,“থাপ্পড় চিনো?”
নিসা হা করে রইলো খানিক সময়, ভীষণ অপমানিত এবং স্তম্ভিত ও। থাপ্পড় খাওয়ার মতো ও কি বলেছে? আর লোকটা বৌয়ের গাঁয়ে হাত তুলবে? আপু যে বলেছিল কথায় বনিবনা না হলেই চড় মারবে, এই কি তবে শুরু নাকি! নিসা নামিয়ে নেয় চোখ, তার চোখ ভিজে উঠতে চাইছে। অথচ সেদিন রাতে নিসা কতটা আমোদিত হয়ে গিয়েছিল তার স্বামীর স্নেহময় রূপটা দেখে।
শাদ লম্বা পা ফেলে এগিয়ে এসে নিসার সামনে দাঁড়ায়, একটু ঝুঁকে বলে,“বৌ গার্লস হোস্টেলে, অভিভাবক ছাড়া শুধুমাত্র ঐ ওয়ার্ডেনের বেখেয়ালি দেখভালের আওতায় ফেলে রাখার জন্য বিয়ে করিনি আমি। আন্ডারস্ট্যান্ড?”
একটু থেমে আবার বলল,“মানুষ দূর জেলায় গিয়ে চাকরি করে, আমিও করবো। তবে চৌষট্টি জেলায় ঘুরলে বৌ সাথে নিয়েই ঘুরবো। যাও গিয়ে ম্যাথ করতে বসো। ও চাকরি বাদ। আমি অন্যত্র দেখবো চেষ্টা করে।”
নিসার গলা ব্যথা করছে, কান্না পেয়েছে তাই। এভাবে বকা দেয়ার মতো সে আসলেই কিছু বলেছে? সবচেয়ে বড় কথা লোকটা ধ'ম'ক দিয়েছে। এটা কখনো আশা করেনি নিসা।
শাদের মেজাজটা চট করে নেমে গেলো নিসার গুটিয়ে যাওয়া রূপটা দেখে, মেজাজ হারিয়ে ফেলেছিল হুট করে, এবার বুকটা ছেয়ে উঠলো অপরাধবোধে। তৎক্ষণাৎ নিসার দুই গাল ধরে উঁচু করে ওকে মানাতে দু'টো শব্দ ব্যায় করবে ঠিক তখন নিসাও মেজাজ হারিয়ে,জেদ ধরে ফিরিয়ে দেয় শাদের হাত, এক ঝটকায় !
শাদ অবাক হয়না,রাগে না। কারণ সে এইমাত্র অন্যায় করেছে তার বিপরীতে এটুকু নেয়া যেতেই পারে। শুধু শান্ত ভঙ্গিতে আবার নিসার হাত দুটো ধরে বলতে চাইলো,“হয়না নিসামনি ? আমাদের প্রত্যেকের কথাবলার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে? যেমন তুমি কথা বলার সময় মিনমিন করতে বেশি অভ্যস্ত ঠিক তেমন আমিও সবার সাথে রেগে ধমকে কথা বলি তো তাই চট করে তোমাকে ওভাবে বলে ফেলেছি, সুব্রত আমার এই অভ্যাসের ভুক্তভোগী সবচেয়ে বেশি...!”
নিসা শুনলো না কিছু, ষোড়শীর বুকটা বড্ড ভার হয়েছে । অভিমান আর রাগে শুরু করলো আবার হাত পা ছোড়াছুড়ি,তবে বিশেষ লাভ হলো না, শাদের শক্ত হাতের বাঁধনে বন্দি ওর নরম হাত। এবার নিসা গা মুচড়ে সরে আসতে চাইলো,বলতে লাগলো,“ওটা কখনোই আপনার কথা বলার প্যাটার্ন আর অভ্যাসের দোষ নয়, এটা আপনার মেল ইগো।”
_মেল ইগো?
এবার হেসে ফেললো শাদ। নিসা ঐ ঝকঝকে হাসিতে এবার মুগ্ধ নয় বরং নিজেকে ছাড়ানোর আপ্রান চেষ্টায়। শাদ বলে,“এবার একটু বাড়াবাড়িই করছো নিসামনি। আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ। শোনো! ”
নিসা থামলো না,উল্টো বলতে লাগলো,“সেদিন কি বলেছিলেন? বলেছিলেন এভরিথিং এক্সেস ইজ ব্যাড। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি ফেরত দিবেন। তো আপনি কেন এখন নিতে পারছেন না? এটাও তো মেল ইগোর কারণে।”
শাদ তক্ষুনি এক কাজ করলো, মেয়েটাকে ঘুরিয়ে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বিনম্র স্বরে বলে,“স্যরি!”
নিসা থমকায় ক্ষণিকের জন্য। শাদ বলে,“ইজ দিস এনাফ?”
নিসা তবুও যখন নিজের রাগ বজায় রাখে তখন ওর দুই গাল চেপে ধরে বলে,“যথেষ্ট নয় তবে?”
নিসা চুপ, তখনো ফোঁস ফোঁস করছে রাগে । শাদ শ্বাস ফেলল, হুট করে এক কাজ করলো,এবারো নিসার কল্পনার বাইরে গিয়ে।
নিসা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল,লতানো গাছের মতো হেলে পরেছিল শক্ত সাপোর্টটির গাঁয়ে,যার একটা হাত ওর কোমর চেপে রেখেছে আরেকটা হাত ওর গাল। অতঃপর, পেরিয়ে যায় কিছু শ্বাসরুদ্ধকর সময়। নিসার ঠোঁট স্বাধীন তো হলো, তবে ওর কান হলো বেদখল, লোকটার অস্থির শ্বাস,লোকটার ঠান্ডা স্বর বলতে লাগলো,“মেল ইগোটা আবার কি? ওটা একদমই নেই। তবে ভুল করলে একবার স্যরি বলার পরেও যদি না মানো তবে শাদ তালুকদার আর ত্যালাতে যাবে না। আমার একটা বাড়াবাড়ি ভুলের বিপরীতে বাড়াবাড়ি রিয়াকশনের বিপরীতে বাড়াবাড়ি রিয়াকশন পাবে। ঠিক এমন। এক্সেস এভরিথিং ইজ রিয়ালি ব্যাড। তাই এবার থেকে চিন্তা করবে,একটা স্যরিতেই নরম হবে নাকি আমাকে এ অবধি যেতে হবে।”
একটু থামলো শাদ, আবার বলে উঠলো,“আজ প্রথমবার তাই দুবার করে স্যরি বলছি। স্যরি। স্যরি নিসামনি। আই ডিন্ট মিন ইট। আমি সবাইকেই একটু এমন করে বলে ফেলি হঠাৎ হঠাৎ। এটা সেরে যাবে।”
নিসা জমে ছিল এতক্ষণ। এতকিছু বলে মানুষটা ওকে হুট করেই ছেড়ে দিতে আবার খানিকটা হেলে পরলো, পর পর নিজেকে সামলাল, অবাক বিস্ময়ে ডান হাতটা ছুঁয়ে দেখলো নিজের ঠোঁট, ছুঁয়ে ছুঁয়ে দেখলো ভেজা অংশটুকু। চোখ তুলে আবার দেখলো লোকটাকে, শাদ সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর চোখে চেয়ে। সময় গড়ায় পর পর নিসা দৌড়ে চলে গেল ওয়াশ রুমে, ওর লাজসর্বস্ব অনুভূতি লুকানোর মোক্ষম জায়গায়।
⚫
“আব্বা মাছের মাথাটা দেবো?”
_না,রাতে মাথা বেছে খেতে মন চায় না।
_তবে মাংস দেবো আরো দু পিস?
_না রে। লাগবে না।
_ডাল কি দেবো এক চামচ?
অসীম তালুকদার খেতে খেতে এবার পুত্রবধূকে দেখতে দেখলেন, বিরক্ত হবার ভান ধরে বললেন,“তুই ঘুমাতে যা তো। আর তোর শাশুড়ি কোথায়? পুত্রবধূ আসার পর থেকে তার বেশ উন্নতি হয়েছে, শরীর ছেড়ে দিয়েছে নাকি! ইদানিং রাতেও তো দেখিনা আমার জন্য অপেক্ষা করতে।”
নাফিয়া হেঁসে ফেলে,হাত থেকে ডালের বাটি রেখে মাথার ঘোমটাটা ভালো করে টেনে দিয়ে বলে,“আম্মা নামাজে দাঁড়িয়েছেন। রোজ আপনার জন্য অপেক্ষা তো করে, বরং আপনি ইদানিং বেশ অনিয়ম করছেন, এতো দেরি করে বাসায় আসেন কেন?”
অসীম লজ্জিত হয়ে বলে,“আসলে বন্ধুমহল ছাড়তে চায়না, তাছাড়া গুদামে বসানোর জন্য বিশ্বস্ত মানুষ পাইনা। ভাবলাম স্যালারি অন্যকে দেওয়ার থেকে বয়স থাকতে ঐ টাকা সেইভ করি নিজে পরিশ্রম দিয়ে।”
_এতো টাকা দিয়ে করবেন কি? কি হয় এতো টাকা জমিয়ে? পরে থাকে ব্যাংকে।
_কি হয় সেটা আমি মরে গেলে তোরা বুঝবি।
নাফিয়া আবার হাসে,অসীম বলে,“ হাসিস না। তোর লাট সাহেব মেজো দেওর তো এসব আড়ৎ টারতে বসার মানুষটি নয়। সে ঐসব বিদেশি সংস্থার চাকর গিরি করতে রাজি তবুও বাপের বাংলা ব্যাবসায় বসতে আগ্রহী নয়। রড সিমেন্টের দোকান, লোহা জালের দোকান, চাল ডালের দোকানে বসলে তার মান চলে যাবে...!”
_আব্বা আপনি অযথা রাগ করছেন। আপনি প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখবেন না? টপ সিজিপিএ ওর, পাস্ট যা-ই থাকুক, এখন একটা সভ্য লাইফ চাচ্ছে, এটা মানেন তো দোকানদারের সামাজিক অবস্থান একটা চল্লিশ হাজার আপ স্যালারি ধারী লোকের থেকে একটু নিচু। শুধু ও কেন? আপনার বাধ্যগত বড় ছেলেও এটাতে খুতখুত করে। ওর বিষয়টা দোষ হিসেবে না দেখে আপনি বরং খুশি হোন, হি ইজ ট্রাইং হিজ বেস্ট। আর চাকুরীজীবি হলে তো ওর জীবন আরেকটু ভালোই হবে, বিয়ে করে নিয়েছে, চাকরি পেয়েছে এখন হবে একটা শৃঙ্খল জীবন।
অসীম বরাবরের মতো তার পুত্রবধূ রূপে কন্যাটির কথায় থিতু হলো, গলা খাঁকারি দিয়ে বলে,“বড্ড বেশি কথা জানিস তুই। ভুলভাল যুক্তি দেখালেও সত্যি মনে হয় আমার,সবসময়। তোর বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে আইন নিয়ে পড়াশোনা করা উচিত ছিলো। যাই হোক,তা সে কি চল্লিশ হাজারের চাকরি পেয়েছে? জানিয়েছে কিছু?”
_চল্লিশ না আব্বা, বেতন ধরেছিল সাইত্রিশ শুরুতে। এরিয়া ম্যানেজার পোস্ট। হ্যা চাকরি হয়েছে,কিন্তু সে করবে না,মেসেজে বললো।
_কেন?
_পোস্টিং বরিশালে। নিসাকে রেখে যাবে না আপাতত কোথাও।
বলেই নাফিয়া টেবিল গোছাতে তৎপর হয়। অসীম চুপ করে রইলো। আপাতদৃষ্টিতে ছেলের সিদ্ধান্তটা বোকামির চূড়ান্ত মনে হতে পারে, বেতন বছর ঘুরতেই হয়ে যেতো পঞ্চাশ। এ তো রীতিমত বোকামিই। কিন্তু অসীম জানে তার এই মেজ ছেলে মস্তান হলেও বোকা নয়, যা সিদ্ধান্ত নিয়েছে ভেবে চিন্তেই নিয়েছে। সিদ্ধান্তটা যদি বৌয়ের জন্য হয়,তবে আসলেই অসীমের চোখে আপাতত এটি বোকামি নয়। ছেলের আত্মবিশ্বাস তুখোড়, ঠিক পেয়ে যাবে অন্য কোথাও চাকরি। নইলেও বৌ খাওয়ানোর মতো ব্যবস্থা ঠিক একটা করে ফেলবে। একথা অসীম মুখে মুখে কখনো স্বীকার না করলেও অন্তরে মানেন।
_আব্বা একটু দই দেবো শেষ পাতে?
_না তুই ঘুমাতে যা।
নাফিয়া তবুও দাঁড়িয়ে থাকে। অসীম শ্বাস ফেলে ওঠেন। এই মেয়ে সরবে না এত তাড়াতাড়ি তিনি যতক্ষণ পর্যন্ত না উঠবেন। মনটা বড্ড ঠান্ডা লাগে অসীমের সবসময়। কপাল করে তিনি একটা কন্যাসম মা পেয়েছে পুত্রবধূ রূপে। না তিনি একে জন্ম দিয়েছেন,না তিনি এর পেটে জন্ম নিয়েছেন। তবুও শুধু মায়া আর মায়া।
চলমান......